Home Blog Page 3279

অপরাধ না করেও অভিশংসিত হয়েছি

0

সংখ্যাগরিষ্ঠের ভোটে তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠের ভোটে এ অভিশংসন প্রস্তাব পাস হয়েছে। তবে চূড়ান্ত অভিশংসনের জন্য দেশটির উচ্চকক্ষ সিনেটে প্রস্তাব উঠবে। সেখানে দুই তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে। এদিকে, ট্রাম্প দাবি করেছেন যে, কোনও অপরাধ না করেও অভিশংসিত হয়েছেন তিনি।

মিশিগানে এক সভায় ট্রাম্প এই কথা বলেছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইতিহাসে আমিই প্রথম ব্যক্তি যাকে কোনও অপরাধ না করেও অভিশংসিত হতে হলো। রিচার্ড নিক্সনের সময়টাকে অন্ধকার যুগ মনে করি আমি।

ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্রেটরা অভিশংসন প্রক্রিয়াকে ‘সস্তা’ বানিয়ে ফেলেছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট খুবই পবিত্র পদ। আমাদের পূর্বপুরুষরা এমনটা চাননি।

ট্রাম্প বলেন, নভেম্বরের ভোটে পেলোসেকে প্রতিনিধি পরিষদ থেকে হটিয়ে দিবে মার্কিনিরা।

ইমপিচমেন্ট ভোট প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হচ্ছে দারুণ এক ভোট হয়েছে। প্রত্যেক রিপাবলিকান আমাদের পক্ষে ভোট দিয়েছেন। এমনকি তিনজন ডেমোক্রেটও ভোট দিয়েছেন। দলে এখন সবচেয়ে বেশি ঐক্য বিরাজ করছে।

প্রসঙ্গত, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফাঁস হওয়া ফোনালাপে দেখা যায়, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে রীতিমতো চাপ দিচ্ছেন ট্রাম্প। ওই ফোনালাপের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার একজন সদস্য আনুষ্ঠানিক অভিযোগ করার পর ট্রাম্পের অভিশংসনের দাবি সামনে আসে।

ক্রমাগত গুলি চালাচ্ছে পাকিস্তান

0

পাকিস্তান চুক্তি ভেঙে বিনা প্ররোচনায় ক্রমাগত গুলি চালাচ্ছে। এর জেরে যে কোনও মুহূর্তে নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতির অবনতি হতে পারে। এর জেরে দুই দেশের মধ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনা।

ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বুধবার এ মন্তব্য করেছেন। তবে সমস্ত পরিস্থিতির মোকাবিলার জন্য ভারতীয় বাহিনী প্রস্তুত বলেও অভয় দিয়েছেন তিনি।

ভারতের কেন্দ্রীয় সরকার গত আগস্টে ৩৭০ ধারা বাতিল করে। বিষয়টি নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক স্তরে জলঘোলা করে ভারতকে বিপদে ফেলার চেষ্টা করলেও তাদের সমস্ত চেষ্টা মাঠে মারা গেছে। প্রায় কোনও দেশ তাদের কথা কানে তোলেনি।

ভারতের অভিযোগ, এরপর থেকেই নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনাবাহিনী সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা বহুগুন বেড়েছে। এর জেরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ।

মঙ্গলবার সুন্দরবেনি সেক্টরে পাকিস্তানের এলিট বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) আক্রমণ প্রতিহত করেছে ভারতীয় সেনাবাহিনী। এনকাউন্টারে মৃত্যু হয় পাকিস্তানি স্পেশ্যাল ফোর্স, এসএসজি-র ২ কমান্ডোর। অন্যদিকে, পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় জওয়ানও এদিন নিহত হয়েছেন।

পড়শি দেশের এই প্ররোচনামূলক কার্যকলাপের প্রেক্ষাপটে সেনাপ্রধানের ওই মন্তব্য।

জেনারেল রাওয়াত বলেন, যে কোনও মুহূর্তে নিয়ন্ত্রণরেখার পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে। আমাদের প্রস্তুত থাকতে হবে।

সূত্র : এই সময়

তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হলেন ট্রাম্প

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব দেশটির প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হয়েছে। এতে করে দেশটির তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এতে তিনি এখনই ক্ষমতা হারাচ্ছেন না। ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এটি পাস হওয়া প্রয়োজন। তবে সিনেট যেহেতু রিপাবলিকান নিয়ন্ত্রিত তাই সেখানে এটি পাস হবার সম্ভাবনা নেই বললেই চলে।

সর্বশেষ খবর অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করতে যে পরিমাণ ভোট প্রয়োজন, হাউজ অব রিপ্রেজেন্টেটিভে প্রথম দুই অভিযোগের ভোট গণনায় ওই পরিমাণ ভোট পড়েছে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের চেয়ারের অনুমোদন দেয়ার পর।

ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগের ক্ষেত্রেই অভিশংসনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট পড়েছে প্রতিনিধি পরিষদে। প্রথম অভিযোগের ক্ষেত্রে ২৩০ ভোট পড়েছে অভিশংসনের পক্ষে এবং ১৯৭ ভোট পড়েছে বিপক্ষে।

দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রেও প্রয়োজনীয় ২১৬ ভোটের বেশি সংখ্যক ভোট পড়েছে। ওই অভিযোগে অভিশংসনের পক্ষে পড়েছে ২২৯ ভোট ও বিপক্ষে ১৯৮ ভোট।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প হলেন অভিশংসিত হওয়া তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুজন প্রেসিডেন্ট ইমপিচমেন্টের মুখোমুখি হয়েছিলেন। তারা হলেন অ্যান্ড্রু জনসন ও বিল ক্লিনটন। তবে তাদের কাউকেই ক্ষমতাচ্যুত করা যায়নি।

এ দুটি অভিযোগে এবার সিনেটে ট্রাম্পের বিচার হবে। তবে সেনেটে যেহেতু রিপাবলিকান নিয়ন্ত্রিত তাই সেখানে এটি পাস হবার সম্ভাবনা প্রায় নেই। সিনেটে ট্রাম্পের বিচার অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দুটি হলো- (১) তিনি তার পদ ব্যবহার করে তার ডেমোক্র্যাট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করতে চেষ্টা করেছিলেন, এবং (২) অভিশংসনের তদন্তকাজে সহায়তা করতে অস্বীকার করে তিনি কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করেছেন।

সূত্র : বিবিসি

জনগণের কল্যাণে ক্ষমতাকে ব্যবহার করতে হবে : রাষ্ট্রপতি

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ক্ষমতা প্রদর্শনের বিষয় নয়। নাগরিকদের কল্যাণে ক্ষমতা ব্যবহারের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস ২০১৯ উপলক্ষে আজ রাজধানীতে সুপ্রিম কোর্ট জাজেস কমপ্লেক্সে এক অনুষ্ঠানে বলেন, ‘ক্ষমতা দেখানোর বিষয় নয়, এটিকে একমাত্র জনগণের কল্যাণেই ব্যবহার করতে হবে।’

রাষ্ট্রপতি বলেন, ‘সর্বস্তরের প্রত্যেক ব্যক্তি অথবা বিভাগকে সাধারণ মানুষের সেবা করতে ক্ষমতা প্রদান করা হয়। আমার বিশ্বাস আমরা যদি যথাযথভাবে এটি করতে পারি তাহলে দেশ সোনার বাংলায় পরিণত হবে।’

তিনি বলেন, দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারকগণ তাদের মেধা, মনন প্রয়োগের মাধ্যমে আইনের শাসন এবং ন্যায় বিচার নিশ্চিত করবেন, দেশবাসী তা প্রত্যাশা করে।

রাষ্ট্রপতি হামিদ বলেন, মামলার পরিমাণ দিন দিন যে হারে বাড়ছে সেটাকে আয়ত্তের মধ্যে আনতে হলে বিচারকদের আরও বেশি কাজ করতে হবে। মামলার রাশ টেনে ধরতে বিকল্প নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।

আবদুল হামিদ আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জ্ঞানের চর্চায় তারা আগের চেয়ে আরও এগিয়ে যাবেন এবং মেধা, প্রজ্ঞা, সততা এবং আন্তরিকতা দিয়ে বিচার প্রার্থীদের দ্রুত ন্যায় বিচার প্রাপ্তিতে সাহায্য করবেন বলে আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বলেন, বিচার প্রার্থীরা যাতে আদালতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে বিচারকদের প্রতি সতর্ক থাকতে হবে। পাশাপাশি রায় ঘোষণার পর পরই তারা যাতে কপি পেতে পারে সেটা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট যেহেতু কোর্ট অব রেকর্ড সেহেতু এর সকল নথিতে ডিজিটাল নথিতে পরিণত করার উদ্যোগ গ্রহণ এবং মামলা দায়ের থেকে রায় ঘোষণা পর্যন্ত সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলখানা থেকে আদালতে আসামীদের উপস্থিত করা এবং একই পদ্ধতিতে দূর হতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা করা যায় কিনা তা ভেবে দেখতে হবে। সরকার এ সব বিষয় অত্যন্ত আন্তরিক। ইতোমধ্যে সরকার ই-জুডিসিয়ারি প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নিয়েছে।

সুপ্রিম কোর্টের জুডিসিয়াল রিভিউ ক্ষমতার কথা উল্লেখ করে তিনি সর্বাত্মক সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই দেশ ও জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন এবং জাজেস কমিটি সভাপতি বিচারপতি মির্জা হোসেন হায়দারও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি, সিনিয়র বিচারক, আইনজীবী, রাষ্ট্রপতির সচিব, পদস্থ বেসামরিক এবং সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জড়িতদের শাস্তি দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

0

মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় থাকা অসম্ভব মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রকাশিত তালিকা রাজাকারের তালিকা নয়। অনভিজ্ঞতার কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এরকম তালগোল পাকিয়েছে।’

এ তালিকার কারণে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে এর সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।

বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সবশেষ সভায় তিনি আরও জানান, বিজয় দিবসের আগে ভালোভাবে যাচাই বাছাই না করে, তাড়াহুড়ো করে রাজাকারের তালিকা প্রকাশ করার ব্যাপারে সতর্ক করেছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীকে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মুক্তিযোদ্ধামন্ত্রীকে বলেছিলাম, আপনি এখন তাড়াহুড়ো করে এটা করতে যাইয়েন না। কারণ, এই তালিকার মধ্যে কি আছে না আছে দেখে নিতে হবে। আমি বলেছিলাম, তালিকায় অনেক ঝামেলা মিলিটারি ডিক্টেটররা করে রেখে গেছে।’

মহান বিজয় দিবসের একদিন আগে প্রথমবারের মত মুক্তিযুদ্ধে বিরোধিতা করা রাজাকারের তালিকা প্রকাশ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রকাশের সময় এ তালিকা যাচাই বাছাই শেষে প্রণয়ন করা হয়েছে দাবি করলেও, বস্তুত এ তালিকা ভুলে ভরা। রাজাকারের তালিকায় নাম আসতে দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় মুক্তিযোদ্ধারা ও তাদের পরিবার।

দলের কাউন্সিলকে সামনে রেখে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে এ তালিকা। প্রধানমন্ত্রী বলেন, একজন মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় আসা অসম্ভব। খুবই খারাপ কাজ।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে হঠাৎ একটা তালিকা বের করা হল। মুক্তিযুদ্ধ চলাকালীন আমাদের আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধে যারা গিয়েছিলো তাদের সকলের একটা তালিকা করে তাদের সন্ত্রাসী, দুর্বৃত্ত হিসেবে চিহ্নিত করে পাকিস্তান সরকার সেই সময় অনেকের বিরুদ্ধে মামলা দেয়। যেটা পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতায় এসে ওই তালিকা ধরে ধরে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা করেছে বা শাস্তি দিয়েছে। আবার এরশাদের সময়ও সেটা ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে কোলাবরেটর হিসেবে যাদের বিরুদ্ধে মামলা তাদেরটা নিতে গিয়ে সেখানে সব মিলিয়ে একটা গোলমাল করে ফেলেছে। সেখানে অনেকের নাম চলে এসেছে যারা মুক্তিযোদ্ধা। এ তালিকাকে রহস্যজনক আখ্যা দিয়ে জড়িতদের শাস্তি দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, কীভাবে এটা ওয়েবসাইটে চলে গেলো সেটা রহস্য বটে। আসলে রাজাকারদের যে তালিকা তার কিন্তু আলাদা গেজেট করা আছে।

তিনি বলেন, আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, কোনো মুক্তিযোদ্ধাকে রাজাকার খেতাব দেয়া হবে না, হতে পারে না। এটা অসম্ভব। অন্তত আমার সময়ে না। কোনোমতেই এটা রাজাকারের তালিকা না।

তিনি বলেন, এটা চলে আসাতে খুব স্বাভাবিকভাবে একটা মানুষের কষ্ট লাগবে। যে পরিবারের মানুষ শহীদ হলো, যারা মুক্তিযুদ্ধ করলো তাদের যদি রাজাকার বলা হয় তাহলে এর থেকে আর বেশি দুঃখের কিছু থাকে না। যারা এই দুঃখ পেয়েছেন তাদের আমি বলবো, তারা যেন শান্ত হন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সরকারপ্রধান হিসেবে আমারও আরেকটু শক্ত হয়ে বোধহয় বলা উচিৎ ছিলো। আমিও বলেছিলাম, এটা দিয়েন না। কিন্তু উনি যে কেনো দিয়ে দিলেন জানি না। এটা দেয়ার কথা ছিলো না।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায়ই দেশ চলবে। যারা এ তালিকা প্রকাশের সঙ্গে জড়িত তাদের শাস্তি দেয়া হবে।

এবার স্থগিত হলো ভারতের সঙ্গে যৌথ নদী কমিশন বৈঠক

0

স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সফর বাতিলের পর, এবার স্থগিত হলো ভারতের সঙ্গে যৌথ নদী কমিশন জেআরসির বৈঠক।

কারিগরি কমিটির প্রস্তুতি না থাকায় বৈঠক স্থগিত হয়েছে বলে জানিয়ে যৌথ নদী কমিশন কর্তৃপক্ষ।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, ভারতের নাগরিকপঞ্জী বা সংশোধিত নতুন নাগরিকত্ব আইনের সাথে এই সফর স্থগিতের কোনো সম্পর্ক নেই।

বুধ ও বৃহস্পতি এ দুদিন দিল্লীতে দুদেশের সচিব পর্যায়ের পূর্ব নির্ধারিত বৈঠকে ছয়টি নদীর হালনাগাদ তথ্য-উপাত্ত বিনিময়ের কথা ছিল ঢাকা ও দিল্লির, যা ইতিমধ্যে বাতিল করা হয়েছে। ধারণা করা হচ্ছে এনআরসি নিয়ে ভারতে চলমান অস্থিরতার জেরে বৈঠকটি বাতিল হয়ে থাকতে পারে।

ভারতে যৌথ নদী কমিশনের বৈঠক পেছানোর সাথে এনআরসি বা নতুন নাগরিকত্ব আইনের কোনো সম্পর্ক নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের তথ্যগুলো সংগ্রহ করেছিলাম, পরবর্তীতে মনে হয়েছে কোথাও কোথাও দুর্বলতা রয়েছে।

এ সময় অবৈধভাবে বাংলাদেশের কেউ ভারতে থাকলে আইনীভাবে ফিরিয়ে আনার কথাও বলেছেন তিনি।

তিনি বলেন, আমাদের কোনো অবৈধ কেউ থাকলে জানাবেন, তাহলে আমরা সুন্দর একটি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করবো।

এসময় এনআরসি নিয়ে বাংলাদেশের দুঃশ্চিন্তার কোনো কারণ নেই বলে ভারত সরকারে পক্ষ থেকে একাধিকবার অঙ্গীকার করা হয়েছে বলেও জানান তিনি।

‘স্বাধীনতা দিবসের আগেই সংশোধিত তালিকা’

0

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে স্বাধীনতাবিরোধী ঘাতক-দালালদের বিতর্কিত তালিকা প্রত্যাহার করে নেওয়ার পর মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, আগামী স্বাধীনতা দিবসের আগে রাজাকারের নতুন তালিকা প্রকাশ করা হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় একটি গণমাধ্যমকে আ ক ম মোজাম্মেল হক বলেন, বুধবার বিকেল থেকে ওয়েবসাইটে রাজাকারের প্রকাশিত তালিকা সরিয়ে নেওয়া হয়েছে। বিস্তারিত যাচাই-বাছাই শেষে আগামী স্বাধীনতা দিবসের আগে নতুন তালিকা প্রকাশ করা হবে। সে তালিকা বড় আকারের হবে। সেইসঙ্গে ভুলত্রুটি সংশোধন করা হবে।

এর আগে বিকেলে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের প্রকাশিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। তালিকা স্থগিত করার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এসএম আরিফ-উর-রহমান।

সচিব বলেন, প্রকাশিত এই তালিকা নিয়ে মুক্তিযোদ্ধাসহ সবার মাঝেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমি নিজেও বিব্রত হচ্ছি। এজন্য তালিকা স্থগিত করা হয়েছে। পরে যাচাই-বাছাই করে তালিকা প্রকাশ করা হবে। হুটহাট করে তালিকা প্রকাশ করলেতো ভুল হবেই।

‘কীভাবে এমন ভুল হলো তা খুবই রহস্যজনক’

0

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকা দুঃখজনক মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তালিকা গোলমাল করে ফেলেছে, তবে কীভাবে এমন ভুল হলো তা রহস্যজনক। বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।

রাজাকারের তালিকায় কোনোভাবেই মুক্তিযোদ্ধাদের নাম আসবে না বলেও সাফ জানিয়ে দেন সরকার প্রধান।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জিয়া কিংবা এরশাদ ব্যবহার না করলে পাকিস্তানের করা তালিকা নিয়ে গোলমাল হতো না বলেও এসময় মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কোনো মুক্তিযোদ্ধাকে রাজাকারের তালিকায় রাখা যাবে না, এটা অসম্ভব। যার পরিবারের মানুষ শহীদ হলো, তাদের পরিবারের মানুষের দুঃখের সীমা থাকার কথা না।

প্রকাশিত তালিকা নিয়ে তিনি বলেন, সরকারের প্রধান হিসেবে এ ঘটনায় আমারও দায় আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এ ঘটনায় সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই তালিকা রাজাকারের না।

এর পুরো দায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের : স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তালিকাটি রাজাকার, আলবদর, আল শামসের তালিকা নয় বলে নোট দেয়ার পরও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তা আমলে নেয়নি বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিতর্কিত রাজাকারের তালিকা প্রকাশের পুরো দায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের।

এদিকে, আবেদন ছাড়াই যাচাই বাছাই করে রাজাকারের তালিকা থেকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আলাদা অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন।

ওদিকে, আজ সন্ধ্যায় মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে তালিকাটি সরিয়ে নেয়া হয়েছে।

স্বাধীনতার ৪৮ বছর পর প্রকাশিত রাজাকার তালিকায় বেশ কয়েকজন প্রকৃত মুক্তিযোদ্ধার নাম থাকায় ঝড় উঠেছে আলোচনা-সমালোচনার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় শুরু থেকেই বলে আসছে তালিকাটি তারা প্রস্তুত করেনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া তালিকা শুধু তারা প্রকাশ করেছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে নিজ মন্ত্রণালয়ে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিতর্কিত তালিকা প্রকাশের পুরো দায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওপর দিয়ে তিনি বলেন, দালাল আইনে অভিযুক্তদের তালিকা দেয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে। তালিকার ১০ হাজারের মধ্যে মামলা থাকায় ৯৯৬ জনের নাম বাদ দেয়ার জন্য নোট লিখে দেয়া হয়েছিলো বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, মন্ত্রণালয়কে তালিকা দেয়া হয়েছে, প্রকাশ তো করতে বলা হয়নি। আমাদের কাছে যা ছিল তা সব দিয়ে দিয়েছি। এটি কোনো রাজাকারের তালিকা নয়, আলবদর, আলশামস এর তালিকা নয়। দালাল আইনে অভিযুক্তদের তালিকা এটি। নোট দেয়া সত্ত্বেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সবার নাম প্রকাশ করায় এর পুরো দায় ওই মন্ত্রণালয়ের।

এদিকে, মানিকগঞ্জে বিজয় মেলা মাঠে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আবেদন ছাড়াই যাচাই বাছাই করে রাজাকারের তালিকা থেকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেয়া হবে।

এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, যে ৫-৬ জনের নাম আমরা পেয়েছি, এছাড়াও যদি আরো কারো মুক্তিযোদ্ধাদের নাম থাকে, রাজাকারের তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া হবে। সারাদেশের সবাইকে তো আমরা চিনি না। আমরা আমাদের স্ব উদ্যোগেই যাচাই-বাছাই করবো।

রাজাকারের তালিকা নিয়ে বিএনপি অপরাজনীতি করতে চায় বলেও মন্তব্য করেন মন্ত্রী।

দ্বিতীয়বারের মতো আ’লীগের সাধারণ সম্পাদক হচ্ছেন ওবায়দুল কাদের

0

আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) শুরু হবে দুই দিনব্যাপী ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল। কাউন্সিল উপলক্ষে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ। বর্ণিল সাজে সাজানো হয়েছে কাউন্সিলস্থল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। পদ্মা সেতুর আদলে তৈরি করা হয়েছে সম্মেলন মঞ্চ। মঞ্চ সাজসজ্জা উপকমিটির নেতারা নিয়মিত সম্মেলনস্থল পরিদর্শন করছেন।

আওয়ামী লীগের বিভিন্ন পদে নেতৃত্বে কারা আসছে তা নিয়ে নানা কৌতূহল থাকলেও দলটির সভাপতি পদ নিয়ে কোনো প্রশ্ন নেই। কারণ এই পদটিতে বরাবরের মতো বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকছেন তা নিশ্চিত।

তবে দল-মত নির্বিশেষে সবার কৌতূহল- কে হচ্ছেন আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক? ওবায়দুল কাদেরই থাকছেন, নাকি নতুন কেউ? এই পদটিতে এখনও কেউ নিশ্চিত নন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে চাইবেন তিনিই হবেন আগামী দিনের সাধারণ সম্পাদক। এই পদে কে আসছেন তা জানতে হলে অপেক্ষা করতে হবে শনিবার দলটির ২য় কাউন্সিল অধিবেশন পর্যন্ত।

দলীয় সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়া এই মুহূর্তে সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তবে পুরো বিষয়টি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে।

আলোচনায় যারাই থাকুক না কেন, টানা দ্বিতীয়বারের মতো ওবায়দুল কাদেরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন সে বিষয়ে আভাস দিয়েছেন দলটির একাধিক নীতিনির্ধারক।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ সোমবার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন পাঁচবার। অন্যান্য কাউন্সিল ঘেঁটে দেখা যাবে সবাই দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সৈয়দ আশরাফুল ইসলামও দুই মেয়াদে ছিলেন। তাছাড়া বর্তমান সাধারণ সম্পাদক ভালো কাজ করছেন। তিনি আরেকটি মেয়াদ থাকবেন এটাই স্বাভাবিক। তিনি এখন পুরোদমে সুস্থ। কাউন্সিলে এ পদে নতুন কাউকে দেখব বলে মনে হয় না।

আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান বলেন, যেসব কারণে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসার কথা তেমন কিছু ঘটেনি। একটা সময় বর্তমান সাধারণ সম্পাদক অসুস্থ থাকলেও তিনি এখন সুস্থ। কাজও করছেন স্বাভাবিকভাবে। এ পদে পরিবর্তন হওয়ার মতো কিছু দেখছি না।

আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতা বলেন, এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক অপরিবর্তিতই থাকছে। সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম উঠে এলেও রীতি অনুযায়ী কাউন্সিল অধিবেশনে কেউ প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেন না।

তারা আরও বলেন, সাধারণত তৃণমূলের নানা অভিযোগের কারণেই সাধারণ সম্পাদক পদে পরিবর্তনে গুরুত্ব দেন দলের হাইকমান্ড। বর্তমান সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই। তিনি সারা দেশে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন। দলীয় কাজে তার প্রতি অনেকটাই সন্তুষ্ট আওয়ামী লীগের হাইকমান্ড। সে হিসেবে ধরেই নেয়া যায়, ওবায়দুল কাদেরই ফের সাধারণ সম্পাদক থাকছেন।

এ বিষয়ে সম্প্রতি ওবায়দুল কাদের বলেন, আমি দ্বিতীয়বার পার্টির সাধারণ সম্পাদক থাকব কিনা, তা নেত্রীর (শেখ হাসিনা) সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি বলেন, আমি নিজে প্রার্থী হব না। নেত্রী দায়িত্ব দিলে অমত করব না। তিনি চাইলে আবার দায়িত্ব দেবেন, না চাইলে অন্য কাউকে দায়িত্ব দেবেন। ওনার (শেখ হাসিনা) সিদ্ধান্ত আমরা সবাই মেনে চলব।

আওয়ামী লীগের কেন্দ্রীয় ও তৃণমূল নেতাদের ভাষ্যমতে, দলের প্রেসিডিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ও সম্পাদকীয় পদে চমক আসতে পারে। অন্য পদগুলোতে কারা আসছেন তা নিয়েও চলছে আলোচনা। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই চান শুদ্ধি অভিযানের ভেতর দিয়ে হতে যাওয়া কাউন্সিলে স্বচ্ছ ভাবমূর্তি ও ত্যাগীদের মূল্যায়ন। বিশেষ করে ১৯৮১ সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার পর যারা ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতিতে দুঃসময়ে মাঠে ছিলেন তারা কেন্দ্রীয় রাজনীতিতে আসুক- এ রকম চাওয়া নেতাকর্মীদের।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এদিকে পদ পেতে বিভিন্ন মাধ্যমে লবিং করছেন পদপ্রত্যাশী নেতারা। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে প্রভাবশালী নেতাদের কাছেও ছুটছেন অনেকে। কেন্দ্রীয় নেতাদের বাসা, অফিস, বিভিন্ন অনুষ্ঠানেও হাজির হচ্ছেন পদপ্রত্যাশী নেতারা।

আরও জানা গেছে, ‘নতুন মুখ, নতুন নেতৃত্বের’ যে প্রত্যাশা আওয়ামী লীগের হাইকমান্ড করছে, এর প্রতিফলন ঘটবে এবারের কাউন্সিলে। এ লক্ষ্যে দলের নবীন-প্রবীণ নেতাদের আমলনামায় চুলচেরা বিশ্লেষণ চলছে।