Home Blog Page 3280

সংগ্রাম সম্পাদক আবুল আসাদ কারাগারে

0

দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ তিন দিনের পুলিশ রিমান্ড শেষে আসামিকে আদালতে পাঠানো হয়। অন্যদিকে আসাদেও পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। মহানগর হাকিম বাকী বিল্লাহ শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল শনিবার আদালত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে গত শুক্রবার সংগ্রাম অফিস থেকে আবুল আসাদকে আটক করে হাতিরঝিল থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পুলিশ প্রতিবেদনে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হয়। গুরুতর অপরাধের দায়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হলেও সংগ্রাম পত্রিকায় একটি প্রতিবেদনে তাঁকে ‘শহীদ’ আখ্যায়িত করা হয়। এতে জনমনে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হওয়ার উপক্রম দেখা দেয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক রাখা প্রয়োজন।

গত ১২ ডিসেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে মনবতাবিরোধী অপরাধের দায়ে শাস্তিপ্রাপ্ত ’৭১-এর ঘাতক কাদের মোল্লাকে শহীদ হিসাবে উল্লেখ করা হয়। এমন খবরে শুক্রবার সন্ধ্যায় পত্রিকা কার্যালয়ের সামনে অবস্থান নেন মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা। তাঁরা সংগ্রাম কার্যালয়ে কার্যালয়ে ভাঙচুর ও তালা লগিয়ে দেন। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ পত্রিকার কার্যালয় থেকে আবুল আসাদকে হেফাজতে নেয়।

পরে ঢাকা সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ সাত-আটজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

কমান্ড মেনে চলুন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজিবিকে বিশ্বমানের সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভিশন ২০৪১’ পরিকল্পনা গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার এ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য বিজিবি পুনর্গঠনের আওতায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এবং বর্ডার গার্ড বাংলাদেশকে একটি বিশ্বমানের আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন ২০৪১ পরিকল্পনা গ্রহণ করেছে।’

প্রধানমন্ত্রী এ সময় বিজিবি’র সুনাম অক্ষুন্ন রাখার জন্য এই বাহিনীর সদস্যদের দেশপ্রেম এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখা এবং চেইন অব কমান্ড মেনে চলার আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশাকরি যে, আপনারা সব সময় দেশপ্রেম, সততা এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সব সময় এই বাহিনীর সুনাম ও মর্যাদা সমুন্বত রাখবেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

শৃঙ্খলা এবং চেইন অব কমান্ডকে একটি বাহিনীর অন্যতম চালিকা শক্তি আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার আবেদন থাকবে উর্ধ্বতন কতৃর্পক্ষের কমান্ড মেনে চলবেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন। আর আপনাদের কোন সমস্যা হলে সেটা দেখার জন্য আমরাতো আছিই।’

‘কাজেই আপনারা সবসময় সততার সাথে নিষ্ঠার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। যেন দেশ আজকে অর্থনৈতিকভাবে যেভাবে এগিয়ে যাচ্ছে সেই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে,’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘জাতির পিতার হাতে গড়া এই প্রতিষ্ঠান। অনেক ঘাত-প্রতিঘাত পার হতে হয়েছে। আগামী দিনে এই সীমান্তরক্ষী বাহিনী সারাবিশ্বের সর্বশ্রেষ্ট সীমান্তরক্ষী বাহিনীর মর্যাদা অর্জন করবে-সে বিশ্বাস আমার আছে।’

এরআগে, বিজিবি সদস্যরা মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায়।

কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। একটি সুসজ্জিত খোলা জিপে করে প্যারেড পরিদর্শনকালে বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম এবং প্যারেড কমান্ডার কর্নেল এ এম এম খায়রুল কবির প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

এছাড়া মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুল রউফ পাবলিক কলেজের প্রায় ৬শ’ শিক্ষার্থী ‘স্বাধীনতা ও উন্নয়নের আগ্রযাত্রায় বাংলাদেশ’শীর্ষক ডিসপ্লে প্রদর্শন করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজিবি দিবস উপলক্ষে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বিডিআর কর্মকর্তাদের মাঝে বর্ডার গার্ড পদক-২০১৯, রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-২০১৯, বর্ডার গার্ড পদক সেবা-২০১৯ এবং রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা-২০১৯ বিতরণ করেন।

প্রধানমন্ত্রী কুচকাওয়াজে অংশ গ্রহণকারী প্যারেড কমান্ডার এবং অন্যান্য কন্টিনজেন্ট কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কূটনৈতিক কোরের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী পিলখানায় বিজিবি সদর দফতরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন এবং বিজিবি মহাপরিচালক তাঁকে অভ্যর্থনা জানান।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর-উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি সদস্যদের বিশেষ দরবারে অংশগ্রহণ করেন

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা শেখ মুজিব এদেশের গরিব-দুঃখি মানুষের মুখে হাসি ফোটাবার জন্যই এই বাংলাদেশ সুখি ও সমৃদ্ধশালী করে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, ’৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মম ভাবে হত্যা করা হয়। তারপরেই থেমে যায় আমাদের অগ্রযাত্রা।’

তিনি উল্লেখ করেন, আবার ২১ বছর পর ’৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই কেবল দেশের উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়।

‘আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বিশ্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দারিদ্রের হার ২০ দশমিক ৫ ভাগে নামিয়ে এনেছি। মানুষের আয় মাথাপিছু বেড়েছে এবং সকলের বেতন-ভাতা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের আর কারো কাছে ভিক্ষে চেয়ে চলতে হয় না।’

অনেক চড়াই-উৎরাই অতিক্রম করেই আজকের এই অর্জন-এমন অভিমত ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, এটা আমাদের ধরে রেখেই এগিয়ে যেতে হবে। আমরা মাথা উঁচু করে চলবো এবং বিশ্বে একটি উন্নত-সমৃদ্ধ জাতি হিসেবে আমাদের অবস্থান আমরা করে নিতে সক্ষম হব।’

তিনি বিজিবি সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের কাছে এটাই আমরা চাই- আপনারা এদেশকে ভালবেসে সেদেশের মানুষের প্রতি কর্তব্য পালন করবেন।’

‘দেশ যদি উন্নত হয় তাহলে আপনাদের পরিবার-পরিজনরা এবং দেশের মানুষই উন্নত হবে। সে কথাটা সব সময় মনে রাখবেন,’ বলেন তিনি।

প্রধানমন্ত্রী ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিদ্রোহ ও হত্যাকা- বিজিবি’র (তৎকালিন বিডিআর) ইতিহাসের একটি কালো অধ্যায় হিসেবে উল্লেখ করেন। ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।

প্রধানমন্ত্রী ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘বাহিনীর তৎকালীন মহাপরিচালকসহ যে সকল অফিসার, অন্যান্য সদস্য ও বেসামরিক ব্যক্তি শহিদ হয়েছেন, আমি তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।’

তিনি বলেন, ‘বিডিআর বিদ্রোহের সঙ্গে সম্পৃক্ত উচ্ছৃঙ্খল ও বিপথগামী বিডিআর সদস্যদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে এ বাহিনী এখন সম্পূর্ণ কলঙ্কমুক্ত হয়েছে।’

জাতির পিতা দেশের স্বাধীনতা দিয়ে গেলেও দেশ স্বাধীনের মাত্র সাড়ে ৩ বছরের মাথায় নির্মম হত্যাকান্ডের শিকার হওয়ায় বাংলার জনগণকে তাঁর কাঙ্খিত অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেননি। সে লক্ষ্য বাস্তবায়ন করাই তাঁর এবং আওয়ামী লীগের লক্ষ্য ও উদ্দেশ্য বলেও প্রধানমন্ত্রী অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেলে দেশকে উন্নত-সমৃদ্ধ করে তোলার সুযোগ না পাওয়ায় এটা তাঁর দায়িত্ব মনে করে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এই কাজটি এগিয়ে নেয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন।’

প্রধানমন্ত্রী এ সময় জাতির পিতার ১৯৭৪ সালে সম্পাদিত মুজিব-ইন্দিরা চুক্তির আওতায় ভারতের সঙ্গে শান্তিপূর্ণ ছিটমহল বিনিময় এবং সীমান্ত সুরক্ষা এবং বিজিবির আধুনিকায়ন ও যুগোপযোগীকরনে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য সীমান্তের নিরাপত্তা বৃদ্ধি, দুর্গম এলাকায় বসবাসকারী জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় প্রথম পর্যায়ে ৩১৭ কিমি সীমান্তবর্তী রিং সড়ক নির্মাণ কাজ শুরু করা হয়েছে। ভারত ও মায়ানমার সীমান্তে ব্যাটালিয়ন সৃজনের মাধ্যমে ৫৩৯ কি. মি. অরক্ষিত সীমান্তের মধ্যে ৪৪২ কি. মি. সীমান্ত নজরদারীর আওতায় আনা হয়েছে।

জানুয়ারি মাসে অত্যাধুনিক ২টি হেলিকপ্টার বিজিবিতে যুক্ত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ৩২৮ কি.মি. সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভিল্যান্স এন্ড ট্যাকটিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, আধুনিক, যুগোপযোগী ও কার্যকর ট্যাংক বিধ্বংসী অস্ত্র ক্রয় করা হচ্ছে। ১২টি আর্মাড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) এবং ১০টি রায়ট কন্ট্রোল ভেহিক্যাল ক্রয় করা হচ্ছে। সীমান্তের স্পর্শকাতর আইসিপি/এলসিপি সমূহে ভেহিক্যাল এক্স-রে স্ক্যানার মেশিন স্থাপন এবং ‘বিজিবি ডগ স্কোয়াড’ গঠন করা হয়েছে।

এছাড়াও তল্লাশী কার্যক্রম জোরদার করার জন্য ৬টি মেকানাইজড ইনস্পেকশন সিস্টেম ক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘সীমান্ত ডাটা সেন্টার’ স্থাপন করা হয়েছে। ডিজিটাল মোবাইল রেডিও (ডিএমআর) নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে সদর দপ্তর থেকে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বিওপি’র সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ভূমিকম্পের বিষয়টি গুরুত্ব দিয়ে বিজিবি যশোর অঞ্চলে ডিজেস্টার রিকভারি সাইট নির্মাণ করছে।

শেখ হাসিনা বলেন, বিজিবি সদস্যদের উন্নত প্রশিক্ষণের জন্য সাতকানিয়ার ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ’ এর পাশাপাশি চুয়াডাঙ্গায় আরও একটি প্রশিক্ষণ সেন্টার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, বিজিবি সদস্যদের জন্য নতুন র‌্যাংক ব্যাজ প্রবর্তন, জেসিওদের পদমর্যাদা বৃদ্ধি,বিজিবি’র সকল স্তরে বেতন-ভাতার বৈষম্য দূর, যোগ্যতার ভিত্তিতে বিভাগীয় অফিসার পদে পদোন্নতি এবং সীমান্ত ভাতা প্রদান করা হচ্ছে।

এছাড়া ২ মাসের বাৎসরিক ছুটি ও অগ্রিম বেতন প্রদান, পারিবারিক রেশন, ৩ বছরের নীচের সন্তানদের পূর্ণ স্কেল রেশন প্রদানসহ বিজিবি সদস্যের প্রতিবন্ধী সন্তানদের অবসরের পূর্ব পর্যন্ত নগদ মূল্যে রেশন প্রদান করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, বিজিবিতে বিদ্যমান ৫টি হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে এবং ২০৫ জন কর্মচারীর দেশে-বিদেশে চিকিৎসার জন্য বিজিবি স্বাস্থ্য সহায়তা প্রকল্প তহবিল থেকে ৩ কোটি ৫৬ লাখ টাকার বেশি অনুদান হিসেবে দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে এই বিজিবি তথা তৎকালিন বিডিআর সদস্যদের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি বলেন, ‘১৯৭১ সালের ২৬-এ মার্চের প্রথম প্রহরে তৎকালীন ইপিআর-এর বেতারকর্মীরা এই পিলখানা থেকেই বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সমগ্র দেশে ওয়্যারলেস যোগে প্রচার করায় ইপিআরের (তৎকালিন) সুবেদার মেজর শওকত আলীকে পাক হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে।’

অনুষ্ঠানে ১৯৭৪ সালে বিডিআর সদর দপ্তর পিলখানায় বঙ্গবন্ধুর প্রদত্ত ভাষণ বাজিয়ে শোনানো হয়। সেই ভাষণের আলোকে এই বাংলার মাটি থেকে চোরাকারবারী, দুর্নীতি এবং সমাজ বিরোধীদের উৎখাতে এই বাহিনীর সদস্যদের প্রতি বঙ্গবন্ধুর উদাত্ত আহবানের সঙ্গেও একাত্মতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সেইসাথে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী প্রায় ১১ লাখ রোহিঙ্গার পুনর্বাসনে বিজিবি’র ভূমিকার প্রশংসা করেন।

আগামী দুয়েকদিনের মধ্যেই শৈত্যপ্রবাহ শুরু হবে

0

হঠাৎ করেই জেঁকে বসেছে শীত। মঙ্গলবার রাত থেকেই দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা নামছে হুহু করে। আগামী দুয়েকদিনের মধ্যেই ২টি শৈত্যপ্রবাহ আসছে বলে খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুয়েকদিনের মধ্যে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬, ময়মনসিংহে ১৪ দশমিক ৬, চট্টগ্রামে ১৭ দশমিক ৩, সিলেটে ১৫ দশমিক ৪, রাজশাহীতে ১৪ দশমিক ৩, রংপুরে ১৩, খুলনায় ১৭ দশমিক ৪ এবং বরিশালে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘শীতের এই সময়ে তাপমাত্রা কমে যেতে শুরু করে। এরইমধ্যে কমতে শুরুও করেছে।’

তিনি বলেন, ‘তাপমাত্রা কমে গিয়ে দেশের সব অঞ্চলে নয়, বিশেষ করে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ দুই একদিনের মধ্যেই শুরু হতে পারে। সেই সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলেও কিছুটা শৈত্যপ্রবাহ হতে পারে। এছাড়া অন্য এলাকার তাপমাত্রা কমবে।’

আওয়ামী লীগের আগামী কমিটি হবে আধুনিক ও সুসংগঠিত

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন ও পুরনোদের নিয়ে দলের আগামী কমিটি হবে আধুনিক ও সুসংগঠিত।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি পরিবার। আমাদের অবিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের কাজে-কর্মে এবং ব্যবহারের মাধ্যমে প্রমাণ করতে হবে আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল।

ওবায়দুল কাদের আজ বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহযোগী সংগঠন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ ও উত্তরের সঙ্গে যৌথ সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন জনগণই আমাদের শক্তি এবং ক্ষমতার উৎস। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে।

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন উল্লেখ করে তিনি বলেন, এবারের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। এই দলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাড়া অন্য কেউ অপরিহার্য নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে এবং তাঁর শুদ্ধি অভিযানের প্রতি সমর্থন জানিয়ে এগিয়ে যেতে হবে।

দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কোনো নেতার ছবির সঙ্গে অন্যের ছবি দিয়ে পোস্টার টাঙাবেন না। যারা এটি করেছেন আজই তা সরিয়ে ফেলবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সবাই বড় হতে চায়, প্রতিযোগিতা থাকবে তবে নেতা হওয়ার জন্য একজন আরেকজনের সমালোচনা করা নোংরামি। এটি যারা করবেন তাদেরকে চিহ্নিত করে রাখা হবে। কাউন্সিলে শৃঙ্খলা বজায় রাখতে হবে। নির্ধারিত আসনে বসতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, রাজাকারদের তালিকায় যে ভুল হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেটি সংশোধন করবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এতে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, এনামুল হক শামিম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ উপস্থিত ছিলেন।

তালিকাটি স্বাধীনতাবিরোধীদের নয়, দালাল আইনে অভিযুক্তদের : স্বরাষ্ট্রমন্ত্রী

0

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি স্বাধীনতাবিরোধীদের তালিকা নামে যে তালিকা প্রকাশ করেছে সেটি আসলে রাজাকারের তালিকা নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এটি কোনো স্বাধীনতাবিরোধীদের তালিকা নয়, আলবদর, আলশামস এর তালিকা নয়। দালাল আইনে অভিযুক্তদের তালিকা এটি। নোট দেয়া সত্ত্বেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সবার নাম প্রকাশ করায় এর পুরো দায় ওই মন্ত্রণালয়ের।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

গত ১৫ ডিসেম্বর, রবিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ ব্যক্তির নাম প্রকাশ করে সেটিকে স্বাধীনতাবিরোধীদের তালিকা বলে উল্লেখ করে। ওই তালিকায় গেজেটেড মুক্তিযোদ্ধাদের নামও রয়েছে। বিষয়টি প্রকাশে আসার পরই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপর দুই মন্ত্রণালয় একে অপরের দিকে আঙুল তোলা শুরু করে।

পথশিশুদের পুনর্বাসনে কি ব্যবস্থা জানতে চেয়েছেন হাইকোর্ট

0

সারাদেশে পথশিশুদের পুনর্বাসনে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এবিষয়ে ৪০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে রাজধানীর ফকিরাপুল এলাকায় গত ১৬ ডিসেম্বর ১০ বছর বয়সী পথশিশু সেলিমের গায়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগুন দেওয়ার ঘটনায় মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে(ওসি) মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামানের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। রিট আবেদনকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

পথশিশু সেলিমের গায়ে আগুন দেওয়ার ঘটনা নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদন করা হয়। আবেদনে সারাদেশে পথশিশুদের পুনর্বাসনে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আগুনে দগ্ধ সেলিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তার শরীরের ২৭ শতাংশ পুড়ে গেছে। সেলিম নিজের নাম ছাড়া অন্য পরিচয় বলতে পারেনি। বাবা-মার নাম বা বাড়ির ঠিকানা বলতে পারে না। সে কমলাপুর রেল স্টেশন এলাকায় থাকতো। শিশুটি জানায়, একজন রিকসা চালক ম্যাচের কাঠি দিয়ে তার আগে আগুন দিয়েছে।

কুড়িয়ে পাওয়া প্রায় ১২ লাখ টাকা ফেরত দিলেন সেন্টু

0

কুড়িয়ে পাওয়া প্রায় ১২ লাখ টাকা পুলিশের সহায়তায় প্রকৃত মালিককে খুঁজে বের করে সেই টাকা মালিকের হাতে বুঝিয়ে দিয়েছেন সেন্টু হোসেন নামের এক ব্যক্তি।

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর রাত অনুমান সাতটার সময় জনৈক সেন্টু হোসেন রায়েরবাজার হাইস্কুলের সামনে রাস্তার ওপর একটি শপিং ব্যাগ কুঁড়িয়ে পান। সেই ব্যাগের ভেতর জুতার বাক্সে ৫০০ টাকার ২৩টি বান্ডিলে মোট সাড়ে এগারো লাখ টাকা দেখে সেন্টু হোসেন নিউমার্কেট থানায় এসে অফিসার ইনচার্জের নিকট জমা দেন।

পরবর্তীতে অফিসার ইনচার্জ নিউমার্কেট উক্ত টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য ঢাকার সকল থানায় বেতার বার্তা দেন এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন লোকজনদের সাথে যোগাযোগ করেন। যোগাযোগের একপর্যায়ে জানা যায় জনৈক মো. হারুন অর রশিদ গত ১২ ডিসেম্বর, ১১ লাখ ৫০ হাজার টাকা হারিয়ে গেছে মর্মে হাজারীবাগ থানায় একটি জিডি করেন।

এভাবে টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করে অনুসন্ধান পূর্বক নিশ্চিত হয়ে ১৭ ডিসেম্বর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমানের উপস্থিতিতে টাকার প্রকৃত মালিক হারুন অর রশিদকে ১১ লাখ ৫০ হাজার টাকা বুঝিয়ে দেয় নিউমার্কেট থানা পুলিশ।

এ ব্যাপারে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, সেন্টু হোসেনের সততায় আমরা মুগ্ধ। তার মহানুভবতার পুরস্কার আর্থিক মুল্যমানে না হলেও আল্লাহর কাছে বড় কিছু পাবেন।

এ ব্যাপারে সেন্টু হোসেন বলেন, টাকার প্রকৃত মালিক আমি নই। ওই টাকা আমার জন্য হালালও নয়। বরং প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়া ছিল আমার নৈতিক দায়িত্ব।

৯৯৯ কল, স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেলেন গৃহবধূ

0

৯৯৯ নম্বরে কল দিয়ে স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেলেন অসহায় গৃহবধূ সাথী বেগম (২৮)। স্বামী সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি বরিশাল জেলার হিজলা উপজেলার চরপত্তনী ভাঙ্গা গ্রামের।

ওই গ্রামের মৃত সেকান্দার আলীর পুত্র সুজন মিয়ার সাথে বিয়ে হয় সাথী বেগমের। বিয়ের পর তার স্বামী সুজনকে ব্যবসার জন্য দুই লাখ টাকা যৌতুক দেয়া হয়। কয়েক বছর পর সুজন বিদেশে যাওয়ার জন্য আরও তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। এজন্য তাকে প্রায়ই শারীরিক নির্যাতন করা হতো। একপর্যায়ে নির্যাতনের হাত থেকে রেহাই পেতে তার পরিবার পুনরায় সুজনকে তিন লাখ টাকা পরিশোধ করেন। ওই টাকা দিয়ে সুজন ওমান গিয়ে তার খোঁজখবর রাখা বন্ধ করে দেয়।

সম্প্রতি সময়ে তার স্বামী সুজন শুন্য হাতে ওমান থেকে দেশে ফিরে আসেন। দেশে ফিরে আসার পর পুনরায় তার বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক আনার জন্য শারীরিক নির্যাতন শুরু করেন সুজন। এ ঘটনার জেরধরে সোমবার দুপুরে নির্যাতনের একপর্যায়ে তার সকল কাপর চোপর পুরিয়ে ফেলে এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। হুমকি ও নির্যাতনের বিষয়টি সাথী বেগম ৯৯৯ নম্বরে কল করে অবগত করেন।

হিজলা থানার এএসআই আমিনুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বর থেকে কল করে বিষয়টি আমাদের জানানোর পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে একটি ধারালো দাসহ মোঃ সুজনকে গ্রেপ্তার করেছি।

তিন বলেন, এ ঘটনায় সোমবার রাতে থানায় মামলা রুজুর পর মঙ্গলবার দুপুরে সুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দারিদ্র্যতার প্রেক্ষাপটে বাড়ছে অবৈধভাবে বিদেশে যাওয়া : পরিকল্পনামন্ত্রী

0

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের প্রায় ২০ দশমিক ৫ ভাগ বা প্রতি পাঁচজনে একজন মানুষ দরিদ্র। আর দারিদ্র্যতার এমন প্রেক্ষাপটে বাড়ছে অবৈধভাবে বিদেশ পাড়ি দেওয়ার ঘটনা।

আজ বুধবার আন্তর্জাতিক অভিবাসন দিবস-২০১৯ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর বাংলাদেশ। সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এম এ মান্নান বলেন, ‘দেশে এখন প্রায় ২০ দশমিক ৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। যার অর্থ, প্রতি পাঁচজনে প্রায় একজন দরিদ্র। এই তথ্য বিশ্বব্যাংক তাদের স্ট্যান্ডার্ডে দিয়েছে। এই দারিদ্র্যের সুযোগে দেশ থেকে অবৈধপথে বিদেশে পাড়ি দেওয়ার ঘটনা বাড়ছে।’

তিনি বলেন, ২০০৯ সালে যখন সরকার গঠন করা হয় তখন প্রায় ৪৪ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে ছিল। অর্থাৎ প্রতি দুইজনে একজন দরিদ্র ছিল। আর এই অর্থনৈতিক উন্নয়নে অন্যতম কৃতিত্বের দাবিদার এদেশের শ্রমজীবী মানুষেরা। যারা মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে অমানবিক পরিবেশে কাজ করে যাচ্ছেন।

সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অভিবাসন ব্যয়, বেতন, কর্মপরিবেশ, কাজের ধরন প্রভৃতি সম্পর্কে জেনে-শুনে-বুঝে বিদেশ গেলে প্রতারিত হওয়ার আশঙ্কা কম থাকে। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা যত বেশি বাড়বে, নিরাপদ অভিবাসন তত বেশি নিশ্চিত হবে।

বসিলায় জঙ্গি আস্তানায় অভিযান : প্রতিবেদন ১৯ জানুয়ারি

0

রাজধানীর বসিলার মেট্রো হাউজিংয়ে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই তারিখ ধার্য করেন।

আজ প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু তদন্ত শেষ না হওয়ায় প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্ত সংস্থা। এ কারণে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম নতুন তারিখ ধার্য করেন।

জঙ্গি আস্তানা রয়েছে- এমন খবরের ভিত্তিতে গত ২৯ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের বসিলার মেট্রো হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা সেখানে বিস্ফোরণ ঘটায়। ভোর ৫টার দিকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরদিন সকালে বাড়িতে ঢুকে ছিন্নভিন্ন লাশ দেখা যায়।

পরে ঘটনাস্থল থেকে বাড়ির কেয়ারটেকারসহ তিনজনকে আটক করে র‌্যাব। এরা হলেন কেয়ারটেকার সোহাগ, সোহাগের স্ত্রী মৌসুমী ও স্থানীয় মসজিদেও ইমাম ইউসুফ।

ওইদিন রাতেই মোহাম্মদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি করেন র‌্যাব-২-এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল্লাহ। মামলায় অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করা হয়।