Home Blog Page 3281

বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে

0

পদ্মা সেতুতে সফলভাবে বসানো হয়েছে ১৯তম স্প্যান। আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শরিয়তপুরের জাজিরা ও মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের মাঝখানে পদ্মা সেতুর ২১ ও ২২ নম্বর পিলারের ওপর বসানো হয় স্প্যানটি।

এর আগে সকাল সাড়ে ৮টায় দিকে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ২১ ও ২২ নম্বর পিলারের কাছে নেওয়া হয় ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের ধূসর রঙের স্প্যানটি। এরপর তা বসানো হয় স্থায়ীভাবে।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ন কবীর জানান, গত এক মাসেরও কম সময়ের ব্যবধানে বসনো হলো তিনটি স্প্যান। তিনি বলেন, পদ্মাসেতুতে মোট ৪২টি পিলারের মধ্যে কাজ শেষ হয়েছে ৩৫টির। সেতুতে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব ও ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসবে। পদ্মাসেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসেছে ৩৩টি স্প্যান। এর মধ্যে ১৮টি স্প্যান স্থায়ীভাবে বসে গেছে। ৬ দশমিক ১৫ দৈর্ঘ্যের সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে।

এর আগে গত ১১ ডিসেম্বর বসানো হয়েছিল সেতুর ১৮তম স্প্যানটি।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।

২০২১ সালের জুন মাসের মধ্যে এই সেতুর কাজ সম্পন্ন হবে বলে ইতিপূর্বে সড়ক ও সেতু পরিপবন মন্ত্রী ওবায়েদুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন।

আওয়ামী লীগের সম্মেলনের জন্য প্রস্তুত হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান

0

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামৗ ২০ ও ২১ ডিসেম্বর। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য প্রস্তুত হচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান।

আজ বুধবার সম্মেলনস্থলে ব্যাপক প্রস্তুতি নেওয়ার দৃশ্য দেখা যায়। সম্মেলনকে ঘিরে গত বেশ কিছুদিন যাবত ক্ষমতাসীন আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এবারের সম্মেলন ব্যাপক জাঁকজমকভাবে অনুষ্ঠিত হবে। ত্রিবার্ষিক এ সম্মেলনে সারাদেশ থেকে আসা কাউন্সিলর, ডেলিগেটসহ ৫০ হাজার নেতাকর্মীর জন্য খাবারের ব্যবস্থা করা হবে।

আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে মুজিববর্ষের কাউন্টডাউন। মুজিববর্ষকে সামনে রেখে ২১তম সম্মেলন শেষে নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে সবার মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, আলোচনা ও কানাঘোষা চলছে। ২০২১ সালের ১৭ মার্চ থেকে পালিত হবে মুজিববর্ষ।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয় তিন বছর পর পর। ২০ ডিসেম্বর বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করা হবে।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে সম্মেলন উপলক্ষে আকর্ষণীয় রূপে সাজানো হচ্ছে। মূল মঞ্চটি দলীয় নির্বাচনী প্রতীক নৌকার আদলে করা হয়েছে। এতে ফুটিয়ে তোলা হচ্ছে পদ্মার বুকে ৪০টি স্প্যানের ওপর দাঁড়িয়ে থাকা স্বপ্নের পদ্মা সেতু। গেট দিয়ে প্রবেশ করতেই একদিকে চোখে পড়ে বঙ্গবন্ধুর বিশাল আকারের ছবি, তাতে লেখা রয়েছে ‘A POET OF POLITICS’, আরেক দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, তাতে লেখা রয়েছে ‘THE PRIME MOVER IN THE CHANGE’।

উদ্যানের ভেতর বেশ কয়েকটি স্থানে দলীয় প্রতীক বিশাল আকারের নৌকা সাজানো হয়েছে। ১৯৪৯ সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আওয়ামী লীগের নানা সাফল্য ও চড়াই উৎরাইয়ের খবর চিত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে সম্মেলন এলাকায়।

‘রাজাকার তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’

0

সদ্য প্রকাশিত রাজাকার তালিকা সংশোধনের পর পুনরায় প্রকাশের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় এ তথ্য জানান তিনি।

গত ১৫ ডিসেম্বর ‘একাত্তরের রাজাকার, আলবদর, আলশামস ও স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রকাশ (প্রথম পর্ব)’ শীর্ষক তালিকাটি মন্ত্রণালয়ের https://molwa.gov.bd/ ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এতে ১০ হাজার ৭৮৯ জনের নাম রয়েছে বলে জানানো হয়েছে। তবে ওই তালিকায় মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতার পক্ষের অনেকের নাম থাকায় তালিকা নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে গতকাল বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে নতুন কোনো তালিকা প্রণয়ন করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তালিকা যেভাবে পাওয়া গেছে, সেভাবেই প্রকাশ করা হয়েছে। অভিযোগ পাওয়া যাচ্ছে, এ তালিকায় বেশ কিছু নাম এসেছে, যাঁরা রাজাকার, আলবদর, আলশামস, শান্তি কমিটি বা স্বাধীনতাবিরোধী নন, বরং মুক্তিযুদ্ধের সপক্ষের বা মুক্তিযোদ্ধা। এ ধরনের কোনো ব্যক্তির নাম তালিকায় কিভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে । প্রকাশিত তালিকায় ভুলভাবে যদি কারো নাম এসে থাকে, আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই করে তাঁর/তাঁদের নাম এ তালিকা থেকে বাদ দেওয়া হবে। প্রকাশিত তালিকায় অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত।

গতকাল সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রকাশিত তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম প্রকাশিত হওয়ায় দুঃখ প্রকাশ করেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আমার নাম আসলে আমি যেভাবে কষ্ট পেতাম, উনারাও সেভাবে কষ্ট পেয়েছেন। সে জন্য আমি ব্যথিত।’ এই ভুলের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায় অস্বীকার করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তালিকা হুবহু তাঁরা প্রকাশ করেছেন, কোনো পরিবর্তন করা হয়নি।’ কী উদ্দেশ্যে, কিভাবে এই তালিকায় মুক্তিযোদ্ধার নাম এলো জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এই তালিকা আগেই করে রেখে গেছে। সেখানে কোনো ইল মোটিভ থাকতে পারে।’

আসবাবভর্তি পিকআপে ১১৫৬ বোতল ফেনসিডিল

0

ফেনসিডিলের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ থেকে পিকআপযোগে রাজধানী ঢাকা নিয়ে আসছে একটি মাদক কারবারি চক্রের সদস্যরা- এমন একটি গোয়েন্দাতথ্য আসে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১ এর কাছে। এরই প্রেক্ষিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা ও মাদক কারবারি চক্রটিকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব ১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং মাদকদ্রব্যের চালানটির গতিবিধি অনুসরণ করা শুরু করে।

এরই ধারাবাহিকতায় আজ ১৮ ডিসেম্বর ২০১৯ সকাল সাড়ে ৭টায় উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর মাছ বাজারের সামনের রাস্তায় অভিযান চালায় র‍্যাব ১, ক্রাইম প্রভেনশন কম্পানি ১ এর ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল। এ সময় তারা আন্তজেলা মাদক কারবারি চক্রের সদস্য মো. মিঠুন (২৫) ও মো. আসারুল (২৬)-কে গ্রেপ্তার করে। আটককৃতদের দখলে থাকা পিকআপটি তল্লাশি করে ১১৫৬ বোতল ফেনসিডিল, নগদ ১,০৪০/- টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকা রহনপুর দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিল নিয়ে আসে। পরবর্তীতে ফেনসিডিলের চালানগুলো ট্রাক/পিকআপে করে রাজধানী ঢাকাসহ সারা দেশে মাদক কারবারিদের নিকট সরবরাহ করে থাকে। বর্ণিত ফেনসিডিলের চালানটি তারা পুরনো আসবাবপত্রভর্তি পিকআপের মধ্যে বিশেষ কৌশলে রাজধানী ঢাকায় নিয়ে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পথশিশুর গায়ে আগুন, জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ

0

রাজধানীর ফকিরাপুল এলাকায় ১০ বছর বয়সী এক পথশিশুর গায়ে আগুন দেওয়ার ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে শিশুটি। এ ঘটনায় মামলা করে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার এক আইনজীবীর করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ আদেশ পালন করতে হবে বলে জানানো হয়েছে আদেশে। এছাড়া পথশিশুদের রক্ষায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে ৪০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে জানাতে বলেছেন আদালত।

আদালতে আবেদনটি দায়ের করেন আইনজীবী মো. মনিরুজ্জমান।

এর আগে সোমবার বিকেলে রাজধানীর ফকিরাপুল এলাকায় ১০ বছর বয়সী পথশিশু সেলিমের গায়ে আগুন দেওয়া হয়। মাথা বাদে শিশুটির শরীরের নিচের অংশ আগুনে পুড়ে গেছে। আগুনে পোড়া শিশুটির দেহের শতকরা ২৭ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আহত অবস্থায় একজন প্রত্যক্ষদর্শী তাকে হাসপাতালে নিলে শিশুটি শুধু নিজের নাম পুলিশকে বলতে পেরেছে। বাবা-মা কিংবা বাড়ির কোনো ঠিকানা, কিছুই জানাতে পারেনি। শিশুটি কমলাপুর রেল স্টেশন এলাকায় থাকত। যে লোক শিশু সেলিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে তাঁরও খোঁজ মেলেনি।

তবে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, সেলিম নামে শিশুটি বলেছে অজ্ঞাত এক রিকশাওয়ালা তার গায়ে আগুন দিয়েছে। এর সত্যতা যাচাইয়ে কমলাপুর ও ফকিরাপুল এলাকার প্রত্যক্ষদর্শীদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ৩

0

স্ট ওয়ার্ল্ড টেকনোলজি প্রাইভেট লিমিটেড কম্পানি নামে একটি প্রতিষ্ঠান বিভিন্ন সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৪ এর একটি বিশেষ আভিযানিক দল।

র‌্যাব ৪, ক্রাইম প্রিভেনশন স্পেশাল কম্পানির ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং এর নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতারকচক্রের সদস্য মো. রাজু আহম্মেদ (স্বপন) (২৪), মো. কাওছার আলম (২২) ও মো. আলমগীর হোসাইন (২৪)-কে আটক করা হয়।

সেই সঙ্গে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত প্রতিষ্ঠানের মানি রিসিট, খালি ফরম, ফ্রি সদস্য ফরম, ভর্তি ফরম, সাপ্তাহিক কমিশন ফরম, আপসনামা, আবদেনকারী নামের ফরম, জয়েনিং ও শর্তাবলী ফরম, আবেদন ফরম, অঙ্গীকারনামা, পরিচিতি ব্যক্তিদের পূরণ করা তালিকা ফরম, বিভিন্ন ধরনের রেজিস্ট্রার, ভিজিটিং ও কম্পিউটার জব্দসহ উক্ত কম্পানির প্রতারণার শিকার ৬১ জনকে উদ্ধার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে কম্পানির ম্যানেজিং ডিরেক্টর তাপস কুমার মালু, ফিন্যান্স ডিরেক্টর মো. শরিফ খাঁ, চেয়ারম্যান রবিন দাস রবি ও মাকেটিং ডিরেক্টর জন্টু চন্দ্র দাসদের নাম প্রকাশ করে। গ্রেপ্তারকৃত আসামিগণ আরো জানায় যে, তারা বিভিন্ন সময় প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে তাদের অফিস পরিচালনা করে থাকে। আসামি ও চাকরিপ্রার্থীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আসামিরা চাকরিপ্রার্থীদের নিকট থেকে প্রার্থিভেদে ৪০/৫০ হাজার টাকা করে শতাধিক চাকরিপ্রার্থীদের নিকট হতে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ভবিষ্যতেও এমন অসাধুচক্রের বিরুদ্ধে র‌্যাব ৪ অভিযান অব্যাহত রাখবে।

বিচারপতির ছেলেকে আইনজীবী করে গেজেট কার্যক্রম স্থগিত

0

বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও এক বিচারপতির ছেলেকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করে প্রকাশ করা গেজেট কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে বিচারপতির ছেলেকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে গেজেট প্রকাশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার (১৮ ডিসেম্বর) এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসান। আর বিচারপতির ছেলের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এম আমির-উল ইসলাম।

এর আগে এ বিষয়টি নিয়ে শুনানি করতে অপরাগতা প্রকাশ করেন হাইকোর্টের চারটি বেঞ্চ। সর্বশেষ গত ১৫ ডিসেম্বর বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বিভাগ রিটটি শুনতে সম্মতি প্রকাশ করেন।

গত ২১ নভেম্বর আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় বারবার অনুত্তীর্ণ হওয়ার পরও হাইকোর্টের এক বিচারপতির ছেলেকে সরাসরি হাইকোর্টের আইনজীবী ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন ও ইশরাত হাসান বাদী হয়ে রিটটি করেন।

রিটে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় কয়েকবার অংশ নিয়েও কৃতকার্য হতে পারেননি হাইকোর্টের বিচারপতির ছেলে জুম্মান সিদ্দিকী। অথচ ১৯ সেপ্টেম্বর জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করে গত ৩১ অক্টোবর গেজেট প্রকাশ করা হয়েছে।

বার কাউন্সিলের পরীক্ষায় অনুত্তীর্ণ জুম্মান সিদ্দিকীসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয় রিটে।

সৌদিতে নারী কর্মীদের নির্যাতন রোধে নতুন চুক্তি

0

সৌদি আরবে বাংলাদেশি নারী শ্রমিকদের ওপর নির্যাতন প্রতিরোধে দেশটির সঙ্গে নতুন চুক্তি হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ।

আন্তর্জাতিক অভিবাসন দিবসকে সামনে রেখে মঙ্গলবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এছাড়া শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হওয়ার আশাবাদ ব্যক্ত করে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, কম খরচে কর্মী পাঠানো ও নিরাপদ অভিবাসনই সরকারের প্রধান লক্ষ্য।

মন্ত্রী বলেন, গত মাসের ২৭ তারিখে সৌদি সরকার নারী শ্রমিক নির্যাতন প্রতিরোধে তাদের দেশে সেল খোলার কথা জানিয়েছে। এখন থেকে কোনো নারী অভিযোগ না করলেও তার পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেবে সৌদি সরকার। নারী শ্রমিকদের কম মজুরি, চুক্তি অনুযায়ী নিয়োগ না দিলে এবং অভিবাসন ব্যয় বেশি নিলে ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার।

বাংলাদেশি শ্রমিকদের জন্য দ্রুত মালয়েশিয়া তাদের বাজার উন্মুক্ত করবে। ইউক্রেন, মরিশাস, উগান্ডার মতো অনেক দেশেও শ্রমিক পাঠানোর ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান মন্ত্রী।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরও জানান, এখন থেকে নির্যাতনের দায়ে চাকরিদাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া যাবে।

সংবাদ সম্মেলনে সৌদি আরবে নারী কর্মী সুরক্ষায় নতুন উদ্যোগ নেয়ার কথা জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। নতুন চুক্তি অনুযায়ী নির্যাতনকারী চাকরিদাতার বিরুদ্ধে নেয়া যাবে আইনগত ব্যবস্থা। ফলে নির্যাতিত হয়ে কর্মীদের দেশে ফেরার হার কমবে বলে মনে করছে মন্ত্রণালয়।

বাঁচার আকুতি জানিয়ে সৌদি আরব থেকে বার বার আসছে বার্তা। কেউ ফিরতে পেরেছেন। কেউ ফিরেছেন কফিনবন্দি হয়ে।

১৯৯১ সালের পর থেকে বিভিন্ন দেশে নারী কর্মী গেছে প্রায় ৯ লাখ। এরমধ্যে সৌদি আরবেই অভিবাসী নারীর সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ।

জানানো হয়, নারী কর্মীদের নির্যাতন রোধে সৌদি সরকারের সঙ্গে নতুন চুক্তি হয়েছে। নির্যাতিতাদের আর্থিক সহায়তাসহ পুনর্বাসনের উদ্যোগ নেয়ার কথা জানান প্রবাসীকল্যাণ সচিব।

সামরিক সচিবের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

0

সিঙ্গাপুরে চিকিৎসারত প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আজ পররাষ্ট্রমন্ত্রী এক শোক বার্তায় বলেন, মেজর জেনারেল জয়নাল আবেদীনের সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় দীর্ঘদিনের। তিনি অত্যন্ত সৎ, বিনয়ী ও দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।

ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

ইতিহাস বিকৃতিকারীদের কোনো ক্ষমা নেই : কৃষিমন্ত্রী

0

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের কোনো ক্ষমা নেই, ১৫ আগস্টের খুনিদের কোনো ক্ষমা নেই। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে দেশ ও গণতন্ত্রবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাব আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর ‘তলাবিহীন ঝুড়ি’ আখ্যায়িত করে যারা অপমান করেছিল, সেই তাদের কণ্ঠেই এখন বাংলাদেশের অগ্রগতির প্রশংসা। দারিদ্র্য আর দুর্যোগের বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পথে।

বিজয় দিবসকে বাঙালির গৌরবের দিন ও শ্রেষ্ঠতম অর্জনের দিন হিসেবে উল্লেখ করে ড. রাজ্জাক বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয় বৃদ্ধিসহ আর্থসামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ যে অগ্রগতি গত কয়েক বছরে অর্জন করেছে, উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের মধ্যদিয়ে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাব।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে শান্তি ও সমৃদ্ধশালী একটি সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বপালনের আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরের ৭ মার্চ রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে ঐতিহাসিক ভাষণেই স্বাধীনতার ঘোষণা দেন। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধিকারের চেতনার যে স্ফুরণ ঘটেছিল, কালক্রমে তা সশস্ত্র মুক্তিযুদ্ধে রূপ নেয়। লাখো শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন খান।