Home Blog Page 3286

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0

মহান বিজয় দিবসের ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকাল ৬টা ৩৪ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিউগলে বাজানো হয় করুণ সুর।

শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।

এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা এবং শহীদ সন্তানরা। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। শ্রদ্ধা জানাতে শুরু করেন সব শ্রেণী-পেশার অসংখ্য মানুষ। সবার শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ছেয়ে গেছে স্মৃতিসৌধ।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ৩৫ মিনিটে রাজধানী ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবারো পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা।

এর আগে সকাল ৬টা ৩৫ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা উচিত : জিএম কাদের

0

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, স্বাধীন বাংলাদেশে রাজাকারদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা জরুরি ছিল। দীর্ঘদিন পর সরকার রাজাকারদের একটি আংশিক তালিকা প্রকাশ করেছে, আমরা একে স্বাগত জানাই।

আজ সোমবার সকালে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, রাজাকারদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা উচিত। তাই আমরা দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার দাবি জানাব। কারণ এটা প্রকাশ করলে ভালো হবে, দেশের জন্য মঙ্গলজনক হবে।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ দলের প্রেসিডিয়াম সদস্যরা উপস্থিত ছিলেন।

শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

0

মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদনের সময় পুলিশের পক্ষ থেকে শহীদদের উদ্দেশ্যে সশস্ত্র সালাম প্রদর্শন করা হয় এবং এ সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে। এরপর পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এছাড়া, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এবং র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন।

পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল

0

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন লাখো জনতা। দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনে ফুলে ফুলে ঢেকে গেছে স্মৃতিসৌধের মূল বেদী।

আজ সোমবার সকাল থেকেই স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে সকাল ৬টা ৩৪ মিনিটে স্মৃতিসৌধে ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজয় দিবসে কুয়াশা ও ঠাণ্ডাকে উপেক্ষা করে একাত্তরে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন ছেলে-বুড়ো থেকে শুরু করে সব বয়সী মানুষ। রাত থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন লাখো মানুষ। এসেছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও। সবার চোখে-মুখে ছিল মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা বিনির্মাণের অবিচল আস্থার ছাপ। বিজয় দিবসের আনন্দ ও উচ্ছ্বাসে স্মৃতিসৌধকে ঘিরে গোটা সাভার যেন পরিণত হয়েছে উৎসবের নগরীতে।

এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে এবং সব বয়সী মানুষকে স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।

অশান্ত পশ্চিমবঙ্গ, কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠকে মমতা

0

ভারতে নাগরিকত্ব সংশোধনী বিলের জেরে অশান্ত হয়ে উঠছে পশ্চিমবঙ্গ। বিষয়টি নিয়ে আলোচনার জন্য কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত কর পুরকায়স্ত। এছাড়াও ছিলেন স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি। পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত থাকার কথা জানা গেছে।

বৈঠকে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সার্বিক আলোচনা করা হয়েছে বলে জানা গেছে। সেখানে মমতা ব্যানার্জি রাজ্য পুলিশকে সতর্ক এবং সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন। এছাড়াও হাঙ্গামা হলেই কড়া হাতে মোকাবিলা করার জন্য পুলিশ-প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

পাশাপাশি কলকাতা পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের প্রশাসনিক প্রধান নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গত শুক্রবার থেকে প্রতিবাদের নামে তাণ্ডব চলছে। পুরো রাজ্যজুড়ে রাস্তা অবরোধ করা থেকে ট্রেনে হামলা, স্টেশনে আগুন ধরিয়ে দেওয়ার মতো মারাত্মক ঘটনা ঘটেই চলেছে।

আজ রবিবার সকাল থেকে একই ঘটনা অব্যাহত রয়েছে। উত্তেজনা কমার কোনো লক্ষণই নেই। এ অবস্থায় আজ রবিবার কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক ডাকেন মমতা। সেখানে উপস্থিত প্রশাসন-পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে গোটা রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির খোঁজ নেন মমতা। কোথায় কী অবস্থা, সে বিষয়ে বিস্তারিত তথ্য নেন তিনি।

দিল্লিতে পরপর গাড়ি-বাসে আগুন, গুয়াহাটিতে নিহত আরো দুই

0

ভারতের নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে রণক্ষেত্রে রূপ নিয়েছে দিল্লি। পরপর বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এরপর ভাঙচুরও চালানো হয়। বিক্ষোভে যোগ দেন জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।

অন্যদিকে গুয়াহাটির বিক্ষোভে গুলিবিদ্ধ আরো দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আসামে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হলো মোট চারজনের।

গুয়াহাটি মেডিক্যাল কলেজের সুপার রমেন তালুকদার জানান, শনিবার রাতেই একজন গুলিবিদ্ধের মৃত্যু হয়। আরেকজনের মৃত্যু হয় রবিবার সকালে। আজ মুম্বাইয়ে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন বলিউডের চিত্রনির্মাতা মহেশ ভাট।

মহেশ বলেন, এই দেশটা যে সবার, সেই বার্তা দেওয়ার সময় এসেছে। সবাইকে জোটবদ্ধ হতে হবে।

বিভিন্ন জায়গায় বিক্ষোভের মাঝেই আজ অগ্নিগর্ভ হয়ে ওঠে রাজধানী। দক্ষিণ-পূর্ব দিল্লির মথুরা রোড এলাকায় পরপর গাড়ি ও বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।

জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্ররা বিক্ষোভে অংশ নিলেও তারা বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, আমাদের প্রতিবাদ যাতে অহিংস ও শান্তিপূর্ণ থাকে আমরা বরাবর সেই চেষ্টা করি। এ ঘটনার পর ডিএনডি থেকে মহারানিবাগ ফ্লাইওভার ও কালিন্দী কুঞ্জ যাওয়ার পথে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বিলের প্রতিবাদে সুখদেব বিহার, জামিয়া মিলিয়া ইসলামিয়া, ওখলা বিহার ও যশোলা বিহার শাহিন বাগ মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থানদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লি মেট্রোর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত এই স্টেশনগুলোতে ট্রেন দাঁড়াবে না।

একটি কলমের জন্য সহপাঠীকে খুন করলো ১০ বছরের শিশু!

0

একটি কলম ছিনিয়ে নেয়ার ঘটনাকে কেন্দ্র করে নিজের এক সহপাঠীকে খুন করেছে ১০ বছরের এক শিক্ষার্থী। শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভারতের রাজস্থানের জয়পুরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।

রাজস্থান পুলিশ জানায়, শিশুটির বাড়িতে এক সহপাঠী তার কলম ফেরত চাইতে এসেছিল। বুধবার স্কুল থেকে অভিযুক্ত শিশুটি তার সহপাঠীর কলম নিয়েছিল। কলমটি সে আর ফিরিয়ে দেয়নি। কলমের মালিক শিশুটি অভিযুক্ত শিশুটির বাড়ি গেলে দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। সে সময় অভিযুক্ত শিশুর বাড়িতে তার বাবা-মা ছিল না।

জানা যায়, অভিযুক্ত শিশুটি তার সহপাঠীর ওপর লোহার রড দিয়ে আক্রমণ চালায়। শিশুটি মাথা, পাঁজর এবং পেটে আঘাত পায়। রডের আঘাত থেকেই পরে তার মৃত্যু হয়।

পরে অভিযুক্ত শিশুটির বাবা-মা বাড়ি ফেরার পর শিশুটি তার মাকে সবকিছু জানায়। এরপর তার বাবা-মা সব প্রমাণ নষ্ট করে ফেলে এবং মরদেহের সঙ্গে পাথর বেঁধে একটি পুকুরে ফেলে দেয়।

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

0

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের বিচারপতিদের একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান,বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় ‘ সুপ্রিম কোর্ট ডে ২০১৯’ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।

এ সময় রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, ‘১৯৭২ সালের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই সুপ্রিম কোর্ট ন্যায় বিচার নিশ্চিত করা,মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’

ভবিষ্যতে মৌলিক মানবাধিকার নিশ্চিতে সুপ্রিম কোর্ট তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
সাক্ষাতকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী স্বপ্ন বাস্তবায়নের সারথি : গণপূর্তমন্ত্রী

0

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ আজ একটি স্বর্ণালী অধ্যায়ে আছে। এই স্বর্ণোজ্জ্বল অধ্যায়ের রচনা শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে। তিনি স্বপ্নকে বাস্তবায়ন করার সারথি। অনন্য, অসাধারণ শেখ হাসিনা গোটা বাংলাদেশের সকলের অভিভাবকের স্থানে অধিষ্ঠিত। তিনি বিশ্ব নেতৃত্বের আসনে আসীন। আসুন আমরা তার নেতৃত্বে অপার সম্ভাবনার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই, যেখানে ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য থাকবে না। থাকবে না নারী-পুরুষ কিংবা ধনী-দরিদ্যের বিভেদ।

আজ রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘শেখ হাসিনা : বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক আলোকচিত্র ও শিল্পকর্ম প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গণপূর্তমন্ত্রী আরো বলেন, নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করতে না করে অর্থনৈতিক সমৃদ্ধি, দালান-কোঠা, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট করলে হবে না। নৈতিকতার অবক্ষয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী দুর্নীতি, অনৈতিকতা, মাদক, সন্ত্রাস ও ক্যাডার রাজনীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন। কে তার আত্মীয়, কে তার দলের নেতা সেটা তার কাছে মুখ্য নয়। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, অপরাধ যিনি করবেন তিনি অপরাধী। এটা একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব।

তিনি আরো বলেন, শেখ হাসিনা রাজনীতিতে পরিপক্ক, প্রশাসনে অসাধারণ অভিজ্ঞ, রাষ্ট্র পরিচালনায় সুদক্ষ রাষ্ট্র নায়ক, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ব নেতৃত্বের আসনে আসীন এবং বাঙালি জাতির জন্য ভালোবাসা ছড়িয়ে দিয়ে মায়ের আসনে অধিষ্ঠিত একজন মানুষ। তিনি বঙ্গবন্ধুর রক্ত ও আদর্শের উত্তরাধিকার। বাংলাদেশকে আজকে অনন্য উচ্চতায় যিনি নিয়ে এসেছেন, তিনি আমাদের কাছে মহামানবী। তিনিই শেখ হাসিনা।

প্রধান অতিথি আরো যোগ করেন, আমি সকলকে আহ্বান জানাচ্ছি, রাজনীতির ঊর্ধ্বে একবার শেখ হাসিনাকে বিবেচনা করে দেখুন। বাংলাদেশকে অর্থনীতি, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, জিডিপি প্রবৃদ্ধির হার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রভৃতি ক্ষেত্রে শেখ হাসিনা কতটা উঁচুতে নিয়ে গেছেন। তিনি বিশ্ব পরিমণ্ডলে শ্রেষ্ঠতম সৎ ও পরিশ্রমী প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হয়েছেন। কতটা যোগ্যতা থাকলে সেখানে পৌঁছানো সম্ভব।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, এমপি এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন ও আইটিআই বিশ্বকেন্দ্রের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী জামাল আহমেদ।