Home Blog Page 3287

ঢাকার দুই সিটি নির্বাচনে একক প্রার্থী দেবে জাতীয় পার্টি

0

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে এককভাবে প্রার্থী দেবে জাতীয় পার্টি। এজন্য দলের পক্ষ থেকে নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা চলছে।

রবিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, আরডিজেএ সভাপতি মোকছুদার রহমান মাকসুদ, সহসভাপতি হিলালী ওয়াদুদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমরুল কাওসার ইমন, অর্থ সম্পাদক সিরাজুস সালেকিন, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক আরিফ চৌধুরী পলাশ, কার্যনিবাহী সদস্য মাহবুব মমতাজী ও শাফিউল আল ইমরান।

জিএম কাদের বলেন, আসন্ন দুই ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে পার্টির নেতাদের সাথে কথা বলে আমাদের প্রার্থী ঠিক করা হবে। তবে এখনও অনেক সময়ে আছে। প্রাথমিকভাবে নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা চলছে।

বর্তমানে মিডিয়ার সমস্যা নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দেশে অনেক মিডিয়া হয়েছে। আর মিডিয়ার আয়ের প্রধান উৎস হচ্ছে বিজ্ঞাপন। মিডিয়া যে হারে বাড়ছে বিজ্ঞাপন সেই হারে বাড়েনি। তাই সরকারের উচিৎ মিডিয়াগুলোকে আরো বেশি বিজ্ঞাপন দিয়ে সহায়তা করা। সেই সাথে বিজ্ঞাপনের পরিধি বৃদ্ধি করা। আর এটা করলে মিডিগুলো সংকট থেকে বেরিয়ে আসবে। সেই সাথে নতুন করে মিডিয়ার অনুমোদন দেয়ার বিষয়ে সরকারকে ভাবতে হবে।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, জাতীয় পার্টি রংপুর বিভাগের উন্নয়নে কাজ করে যাচ্ছে। জাতীয় সংসদের আসছে অধিবেশনে রংপুরের বেশ কিছু সমস্যা তুলে ধরা হবে। ঢাকা টাঙ্গাইল হাইওয়ের চারলেনের কাজ দীর্ঘদিন ধরে চলছে। এটির কাজ দ্রুত শেষ করতে হবে। এ কাজটা শেষ হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেক কমবে বলেও মনে করেন তিনি।

আরডিজেএ সভাপতি বলেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠকে পাশ হওয়ার পরও দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ হয়ে বগুড়া পর্যন্ত রেললাইন প্রকল্পের কাজ শুরু হচ্ছে না। এ ব্যাপারে সরকারের দৃষ্টিতে আনার জন্য জাতীয় সংসদসহ বিভিন্ন ফোরামে আলোচনা করার আহ্বান জানান তিনি।

আরডিজেএ সাধারণ সম্পাদক বলেন, রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো জনগণের সামনে উপস্থাপন করছে আরডিজেএ। সেই সমসাগুলো কিভাবে সমাধান করা যায় সেজন্য সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেতাদের সাথে আলোচনা করছে। এছাড়া একই ইস্যুতে বিভিন্ন সভা সেমিনার ও মানবন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে আরডিজেএ।

রাতের তাপমাত্রা আরো কমবে

0

দ্রুতই কমছে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

অবশ্য শনিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে তেঁতুলিয়ায় এ বছরের ৮ ডিসেম্বর প্রথমবারের মতো সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রিতে এসেছিল।

রাজধানীতে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা অবস্থান করবে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতে দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ শেষরাত থেকে সোমবার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামী তিন দিনে রাতের তাপমাত্রা আরো কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

বাংলাদেশের ক্ষতি হবে ভারত এমন কিছু করবে না

0

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভারত থেকে ফড়িয়া ধরে বাংলাদেশে লোক আসছে। তবে বাংলাদেশের লোক ছাড়া অন্য কেউ বাংলাদেশে ঢুকলে তাদের বিদায় করে দেওয়া হবে।

আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের নাগরিক তালিকা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। তারা আমাদের আশ্বস্ত করেছে। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়

তিনি বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন- বাংলাদেশের ক্ষতি হবে, এমন কোনো কিছু ভারত করবে না।

ভারত সফর বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার ভারত সফরে যাওয়ার সময় প্রতিমন্ত্রী-সচিব বিদেশে অবস্থান করছেন। সে কারণে সফর বাতিল করা হয়েছে। ভারতের উত্তর-পূর্ব রাজ্যে বাংলাদেশের ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই বলেও তিনি জানান।

সম্রাট-আরমানের মাদক মামলা বিচারের জন্য প্রস্তুত

0

ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত যুবলীগ ঢাকা দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও তাঁর সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে করা মাদক মামলা বিচারের জন্য প্রস্তুত হয়েছে।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত আজ রবিবার (১৫ ডিসেম্বর) মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। আজ মামলার ধার্য তারিখ ছিল।

এর আগে গত ৯ ডিসেম্বর এই মামলায় দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় র‌্যাব। আজ নথি মহানগর হাকিম মাসুদ উর রহমানের আদালতে উপস্থাপন করা হয়। তিনি চার্জশিট গ্রহণ করে মামলা বিচারের জন্য স্থানান্তরের নির্দেশ দেন।

এর আগে গত ৬ নভেম্বর সম্রাটের বিরদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলায় অভিযোগপত্র দেয় র‌্যাব। মামলাটি মহানগর বিশেষ ট্রাইব্যুনালে বিচারের জন্য স্থানান্তরিত হয়েছে।

মামলার চার্জশিটে সম্রাটের হেফাজত থেকে অস্ত্র, মাদকদ্রব্য, বৈদ্যুতিক শকড যন্ত্র উদ্ধার করা হয়েছে বলে আলামত কলামে উল্লেখ করা হয়েছে। চার্জশিটে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সরেজমিনে, প্রকাশ্য ও গোপনে ব্যাপক তদন্ত করে সাক্ষ্য-প্রমাণে প্রাপ্ত তথ্যাদির আলোকে, আলামতদৃষ্টে, ঘটনার পারিপার্শ্বিকতায় আসামি ইসমাইল চৌধুরী সম্রাট ও এনামুল হক আরমানের হেফাজত থেকে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এই চার্জশিট দাখিল করা হলো।

গত ১৮ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোবিরোধী অভিযান পর সম্রাটের নাম আলোচিত হয়। তাঁকে নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। পরে গত ৬ অক্টোবর ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাট ও তাঁর সহযোগী আরমানকে গ্রেপ্তার করা হয়।

আরমান মদ্যপ অবস্থায় থাকায় তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কুমিল্লা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। সম্রাটকে ঢাকায় নিয়ে আসা হয়। ওইদিন সন্ধ্যায় সম্রাটের কার্যালয় রাজধানীর কাকরাইলের ভূঁইয়া ট্রেড সেন্টারে অভিযান চালায় র‌্যাব।

ভবনটির চারতলায় সম্রাটের বিশ্রাম কক্ষ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। সম্রাটের কক্ষে একটি লাগেজ থেকে ১৯ বোতল মদও উদ্ধার করা হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

ওইদিনই সন্ধ্যায় র‌্যাব-১-এর ডিএডি আবদুল খালেক বাদী হয়ে রমনা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করেন। পরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও আরেকটি মামলা হয় সম্রাটের বিরুদ্ধে।

১ জানুয়ারি থেকে অবৈধ ডিটিএইচের বিরুদ্ধে অভিযান

0

অবৈধ ক্যাবলবিহীন স্যাটেলাইট চ্যানেল সংযোগের (ডিরেক্ট টু হোম- ডিটিএইচ) বিরুদ্ধে অভিযান ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ রবিবার সচিবালয়ে বিশ্বের বিভিন্ন দেশের ৩৬ গণমাধ্যমকর্মীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আগের ঘোষণায় এ অভিযান ১৫ ডিসেম্বর শুরু হবে জানালেও বিজয়ের মাস বিবেচনায় তা পিছিয়ে ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ‘অবৈধ ডিটিএইচের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতিবছর ৭০০ থেকে এক হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে।’

অবৈধ ডিটিএইচ চালানোর শাস্তি সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা, দ্বিতীয়বার একই অপরাধ করলে তিন বছরের জেল বা এক লাখ থেকে দুই লাখ জরিমানা বলেও জানান তথ্যমন্ত্রী।

মরুশহরে তুষারপাত! ভাইরাল ভিডিও

0

ভারতের রাজস্থান শহরকে মরুশহর বলা যেতে পারে। শীতে তুষারপাতের টানে পাহাড়ে যাওয়া পর্যটকরা এবার রাজস্থানেও যেতে পারেন। এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। কী অবাক হচ্ছেন? না, ঠিকই পড়ছেন, মরুশহরে তুষারপাত হয়েছে।

রাজস্থানের নাগৌড়ের অস্বাভাবিক এমন ঘটনায় অনেকেই বাকরুদ্ধ। ভারী শিলাবৃষ্টির ফলে বরফের স্তরে ঢাকা পড়েছে শহর। মরুভূমির এই রাজ্য যেন নিমেষে বদলে যায় শৈল শহরে। ছবিতে রাস্তা, বাড়ির ছাদ পুরোপুরি বরফের চাদরে ঢাকা। যানবাহন দেখে একনজরে কাশ্মীর বলে ভুল হওয়াও অস্বাভাবিক নয়। স্থানীয়রা এর আগে এমন অদ্ভুত ঘটনা দেখেননি।

নাগৌড়ের ছাপরি, মৌলাসার, কীচক গ্রামে ভারী শিলাবৃষ্টি হয়েছে। ফলে ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ার কারণে স্থানীয় যান চলাচলও বিঘ্নিত হয়। অনেকেই এই অকাল শিলাবৃষ্টিতে বিস্মিত।

টুইটারে সৈয়দ আহমদ আফজাল লিখেছেন, তুষারপাতে সবকিছুই ‘দুধ-সাদা’ হয়ে গেছে। তবে, কাশ্মীর নয়, এ হলো রাজস্থানের নাগৌড়। শিলাবৃষ্টিতে সব কিছুই এখন দুধ-সাদা।’

আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজস্থানে ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির কারণ ‘পশ্চিমি ঝঞ্ঝা’। রাজস্থানের গঙ্গানগর জেলায় শুক্রবার সর্বোচ্চ ১৫.৮ মিমি বৃষ্টিপাত হয়েছে, রাজ্যে রাতের তাপমাত্রা আট ডিগ্রিতে নেমেছিল। সিকার জেলায় রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট ডিগ্রি।

আবহাওয়া দপ্তর বলছে, সপ্তাহান্তে রাজ্যে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি মরুশহরে আচমকা তুষারপাতে চিন্তার ভাঁজ পড়েছে আবহাওয়াবিদদের কপালেও।

‘গুলি চালানোর নির্দেশ দিন’

0

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতের কয়েকটি রাজ্যে তুমুল বিক্ষোভ চলছে। আসাম, ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গ রাজ্যেও বিক্ষোভ চলছে। পশ্চিমবঙ্গে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আন্দোলন বন্ধ করতে তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি চালানোর নির্দেশ দেওয়ার আহবান জানিয়েছেন।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গত দুদিনে বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছেছে। চলন্ত ট্রেন লক্ষ্য করে এলাপাথাড়ি পাথর ছোড়ার পাশাপাশি একাধিক স্টেশনে ব্যাপক ভাঙচুর, রাস্তা অবরোধের সঙ্গে বাস এবং গাড়িতে আগুন লাগানোর ঘটনাও ঘটছে।

পশ্চিমবঙ্গ রাজ্যের এমন পরিস্থিতিতে এবার বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানিয়েছেন, বিক্ষোভের নামে বাসে আগুন ধরানো, ট্রেনে পাথর ছোড়া এবং সরকারি সম্পত্তি নষ্ট করা একেবারেই বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিষয়ে বিজেপি নেতা রাহুল সিনহার মন্তব্য, যে অশান্তির ঘটনা ঘটছে তাতে বিজেপির বসে বসে প্রচার হবে। অনুকূলে হাওয়া আসবে। কিন্তু এভাবে আমরা রাজনৈতিক ফায়দা চাই না।

তিনি বলেন, যে ঘটনা ঘটছে তার জন্য মুখ্যমন্ত্রী কড়া বিবৃতি দিন। মুখ্যমন্ত্রী এই আন্দোলন বন্ধ করার জন্য দেখামাত্র গুলির আদেশ দিন।

রাজ্য সরকার পরিস্থিতি সামলাতে না পারলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা।

তিনি বলেন, আমরা নির্বাচিত সরকারকে ফেলতে চাই না। কিন্তু এই অগ্নিগর্ভ অবস্থা যদি আর কয়েকদিন চলে, তবে রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই। ২০২০ শুরুতেই বিদায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার থেকেই পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ শুরু হয়। শনিবারও পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও খারাপ হতে থাকে। বিক্ষোভের জেরে শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ভোর থেকেই ট্রেন চলাচল বন্ধ। লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় রেলের ওভারহেড তারে বিক্ষোভকারীরা কলাপাতা ফেলে রাখে বলে অভিযোগ। মালদহ-বীরভূম-সহ বিক্ষোভ ছড়িয়ে পড়ে খাস কলকাতাতেও। নিউটাউনের একাধিক জায়গায় পথ অবরোধ করা হয়। প্রধানমন্ত্রীর কুশপুতুলও পোড়ান বিক্ষোভকারীরা।

এদিকে, এই অবস্থার প্রতিবাদে পাল্টা মিছিলের ডাক দিয়েছে বিজেপি। আগামী ২৩ ডিসেম্বর শান্তি মিছিলের ডাক দিয়েছে গেরুয়া শিবির।

বিজেপির পক্ষ থেকে এক আবেদন বার্তায় বলা হয়েছে, আত্মরক্ষার অধিকার প্রয়োজনে প্রয়োগ করুন। তবে শান্তি বজায় রাখার চেষ্টা করুন।

ফের সৌদিতে ইমরান খান; উদ্দেশ্য কী?

0

সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল শনিবার তিনি সৌদি আরবে পৌঁছেছেন। ইমরান খান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

গত আট মাসে এটি ইমরান খানের চতুর্থ সৌদি সফর। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি সৌদি আরব সফর শেষে দেশে ফেরার পরপরই তিনি সফরে গেলেন।

জানা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরব পৌঁছে মদিনায় মহানবী হজরত মোহাম্মদ (স.)-এর রওজা মুবারক জিয়ারত করেছেন ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত সফরের অংশ হিসেবেই ইমরান খান সৌদিতে গেছেন। আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে তিনি সৌদি নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে, আরব সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি পত্রিকা ডন জানিয়েছে, ইমরান খান আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে রাজি হওয়ায় সৌদি আরব অসন্তুষ্ট হয়েছে। আর বিষয়টি অবহিত হওয়ার পরই সৌদি সফরের সিদ্ধান্ত নেন ইমরান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের আহ্বানে কুয়ালালামপুর সামিট নামের যে আন্তর্জাতিক সম্মেলন হতে যাচ্ছে তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছাড়াও তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেব এরদোগান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি অংশ নেবেন। এছাড়া ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও ইন্দোনেশিয়ার জুকো উইদোদো অংশ নিতে পারেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

জানা গেছে, সৌদি সরকার কুয়ালালামপুর সামিট-কে ভালোভাবে দেখছে না। সৌদি আরব মনে করছে, এই সামিট মুসলিম বিশ্বে রিয়াদের প্রভাব আরও হ্রাস করবে।

সূত্র : আরব নিউজ, পার্সটুডে

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কেড়ে নিতে হবে

0

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কেড়ে নিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এ কথা বলেছেন। তিনি এমন সময় এ বক্তব্য দিলেন যখন আন্তর্জাতিক আইনে বেসামরিক কাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার প্রতিটি দেশের জন্য স্বীকৃত।

কাতার সফররত গ্রাহাম শনিবার দোহায় এক বক্তব্যে এ কথা বলেছেন।

ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার সমালোচনা করে লিন্ডসে গ্রাহাম জানান, তিনি একজন ডেমোক্র্যাট সিনেটরকে সঙ্গে নিয়ে পরমাণু সমঝোতার বিকল্প তৈরির চেষ্টা করছেন যেটি হবে একটি আঞ্চলিক চুক্তি।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, ইরানকে কোনো মাত্রায়ই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেয়া উচিত হবে না।

এমন সময় শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তারা এ বক্তব্য দিচ্ছেন যখন পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি অনুযায়ী এর সবগুলো সদস্যদেশ বেসামরিক কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রাখে। ইরান ১৯৬৮ সালে এই চুক্তিতে সই করেছে।

ছাড়া, আন্তর্জাতিক সমাজের সঙ্গে সই করা পরমাণু সমঝোতায়ও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার স্বীকৃত।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ সম্প্রতি মার্কিন কর্মকর্তাদের ইরান সংক্রান্ত এ ধরনের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেছেন, সকল আন্তর্জাতিক চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারকে স্বীকৃতি দেয়া হয়েছে এবং তা কেড়ে নেয়ার অধিকার কারো নেই।

সূত্র : পার্সটুডে

হিংসার পথ পরিহারের আহবান ভারতীয় মুসলিম সমাজের

0

ভারতে নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে আসাম ও ত্রিপুরা রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এদিকে শুক্রবার থেকে পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে বিক্ষোভ চলছে। বেশ কয়েকটি যানবাহনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। যে প্রক্রিয়ায় আন্দোলন চলছে তার তীব্র বিরোধিতা করছেন ভারতের মুসলিম বিশিষ্টজন ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা বলছেন, ক্ষোভের জায়গা যা-ই থাকুক, আইন নিজের হাতে তুলে নেওয়া অন্যায়। গণতান্ত্রিক উপায়ে বিরোধিতা নিশ্চয়ই করতে হবে। কিন্তু হিংসার পথ বেছে নেওয়া চলবে না।

ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী বলেছেন, কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব আইন মানুষ মেনে নিতে পারছেন না। তাই স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে তাঁরা প্রতিবাদ করছেন। কিন্তু শুক্রবার থেকে রাজ্যের বেশ কিছু জায়গায় যে পদ্ধতিতে ট্রেনে পাথর ছোড়া, স্টেশন মাস্টারের ঘরে আগুন জ্বালানো থেকে শুরু করে বাসে আগুন জ্বালানো হয়েছে তা মেনে নেওয়া যায় না।

ত্বহার আবেদন, আন্দোলন অবশ্যই করুন। কিন্তু দয়া করে কেউ আইন হাতে তুলে নেবেন না। এমন হিংসাত্মক আন্দোলন করলে যাদের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে সেই রাজনৈতিক দলই সুবিধা পাবে।

রাজ্যের সমস্ত মানুষের প্রতি অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের রাজ্য সভাপতি ফজলুর রহমানের আবেদন, কারও প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করুন। নচেৎ আন্দোলনের গতিমুখ নষ্ট হবে।

জামাতে ইসলামি হিন্দের রাজ্য সভাপতি মৌলানা আবদুর রফিকের কথায়, এই আইনের বিরুদ্ধে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করতে হবে। দীর্ঘমেয়াদি আন্দোলনে হিংসার আশ্রয় নিলে কখনও ভালো ফল আসতে পারে না।

বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া বলছেন,বিজেপি সরকারের ধর্মীয় বিভাজনের নয়া আইনের বিরোধিতা করে মানুষ রাস্তায় নেমেছেন। কিন্তু আন্দোলন করতে গিয়ে অপ্রীতিকর ঘটনা আন্দোলনের গতিমুখটাই বদলে দেবে। আমাদের সতর্ক থাকতে হবে।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন-এর রাজ্য কমিটির সদস্য মৌলানা নিজামুদ্দিম কাশেমি বলেন, নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে যাঁরা হিংসাত্মক ঘটনা ঘটাচ্ছেন, তাঁরা ঠিক করছেন না। আমাদের দল এই ধরনের আন্দোলনের অনুমতি দেয়নি। আইন নিজের হাতে তুলে নিয়ে আন্দোলন করবেন না কেউ।

প্রবীণ অধ্যাপক ওসমান গনির পর্যবেক্ষণ, ভারতীয় মুসলিমদের এই করুণ পরিণতি দেখে আমার ঘুম নষ্ট হয়েছে। মানুষ অনেক কষ্টে যন্ত্রণায় নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন। কিন্তু আন্দোলনকারীদের প্রতি আবেদন, শান্তির সঙ্গে গঠনমূলক আন্দোলনের পথ বেছে নিন। আন্দোলনের গতিমুখ নষ্ট হলে আন্দোলনকারীদেরই ক্ষতি হবে।

অবসরপ্রাপ্ত অধ্যাপক মীরাতুন নাহার বলেন, ব্যক্তিগতভাবে নতুন নাগরিকত্ব আইনের বিরোধী। কিন্তু গত শুক্রবার থেকে এই নয়া আইনের প্রতিবাদ-আন্দোলন আত্মঘাতী আন্দোলনে পরিণত হচ্ছে। স্বতঃস্ফূর্ত, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন না হলে কেন্দ্রীয় সরকার এই আন্দোলনকে নিজেদের স্বার্থসিদ্ধির কাজে লাগাবে।

সূত্র : আনন্দবাজার