Home Blog Page 3288

রাজধানীতে ভবন থেকে পড়ে স্যানিটারি মিস্ত্রির মৃত্যু

0

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গতকাল শনিবার বিকেলে একটি ভবনের চতুর্থ তলা থেকে নিচে পড়ে লিটন বেপারী (৫২) নামের এক স্যানিটারি মিস্ত্রি মারা গেছেন।

লিটনের সহকর্মী সাইদুল ইসলাম জানান, মোহাম্মদপুরের পুলপারের বটতলা এলাকায় একটি ভবনের চার তলায় স্যানিটারি পাইপ ফিটিংয়ের কাজ করছিলেন লিটন।

এ সময় তিনি অসাবধানতাবশত পাশের ভবনের টিনের চালের ওপর পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লিটনের লাশ মর্গে রাখা হয়েছে।

লিটন মাদারীপুরের শিবচর থানার মৃত আব্দুল খালেক বেপারীর ছেলে। পুলপার বটতলা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।

বিজয় দিবসে আওয়ামী লীগের নানা কর্মসূচি

0

আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

বিজয় দিবসে সোমবার সূর্যোদয়ের সময় দলের কেন্দ্রীয় কার্যালয়ে, বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৬টা ৩৪ মিনিট সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন করা হবে।

সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

টুঙ্গিপাড়ায় নানা কর্মসূচি

বেলা ১১টায় গোপালগঞ্জের ঐতিহাসিক টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ নেতারা অংশগ্রহণ করবেন।

বিজয় দিবসের পরদিন ১৭ ডিসেম্বর, মঙ্গলবার

১৭ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা সভায় জাতীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে সারাদেশে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের জন্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

জবির প্রথম উপাচার্য সিরাজুল ইসলাম মারা গেছেন

0

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. এ কে এম সিরাজুল ইসলাম খান (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের মাঠে অধ্যাপক সিরাজুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে তাঁকে ঢাকার দোহারে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

অধ্যাপক সিরাজুল ইসলাম ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ২০০৮ সালের ২৬ জুলাই পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন, অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ অণুজীব বিজ্ঞানী সমিতির সভাপতি ছিলেন। সিরাজুল ইসলাম সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক এবং বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিনেরও দায়িত্ব পালন করেছেন।

পশ্চিমবঙ্গে দাঙ্গা সৃষ্টির চক্রান্ত চলছে, শান্তি রক্ষার আবেদন মমতার

0

ভারতের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের আইন হাতে তুলে নিতে আগেই নিষেধ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। এবার পুরো ঘটনার পেছনে চক্রান্তের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

এই ইস্যুকে সামনে রেখে কিছু ধর্মীয় কট্টরপন্থী রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে দাঙ্গা তৈরি সৃষ্টির চেষ্টা করছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, রাজ্যের মানুষকে হিংসাত্মক কাজকর্ম থেকেও বিরত থাকার পাশাপাশি সম্প্রীতি ও শান্তি বজায় রাখার আবেদন করেছেন তিনি।

পশ্চিমবঙ্গে চলতি অসন্তোষ নিয়ে এরই মধ্যে রাজ্য সরকারকে আক্রমণ শুরু করেছে বিজেপি। অশান্তির ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূল নেতাদের দায়ী করেছে তারা। এমন পরিস্থিতি চলতে থাকলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন ছাড়া অন্য পথ খোলা থাকবে না বলে মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

এমন এক চাপানউতরের মধ্যে রাজ্যজুড়ে সম্প্রীতি ও শান্তি বজায় রাখার জন্য আবারো আবেদন জানিয়েছেন মমতা। এক বিবৃতিতে তিনি বলেছেন, কোনো হিংসাত্মক কাজকর্মে লিপ্ত হবেন না এবং রাজ্যজুড়ে সম্প্রীতি ও শান্তি বজায় রাখুন।

তিনি আরো বলেন, রাজ্য সরকার নাগরিকত্ব সংশোধনী বিল এবং এনআরসি-র বিরুদ্ধে। রাজ্য সরকার শান্তি নষ্ট করার যাবতীয় প্রচেষ্টারও ঘোর বিরোধী। যে কোনো ধরনের সম্পত্তির কোনো রকম ক্ষতি হলে তা রাজ্য সরকার কোনো মতেই মেনে নেওয়া হবে না। আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ উপায়ে আমরা নাগরিকত্ব সংশোধনী বিল এবং এনআরসির বিরুদ্ধে যাবতীয় বিরোধিতা করতে চাই।

এর রেশ ধরে চক্রান্তের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে রাজ্যজুড়ে অশান্তির আবহ ও দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে। এই অসাধু উদ্দেশ্যে কর্ণপাত না করার জন্য আমি সকলকে অনুরোধ করছি।

আসামে সংঘর্ষ চলছেই; বাড়ছে মৃতের সংখ্যা

0

সম্প্রতি ভারতে বিতর্কিত নাগরিকত্ব বিল পাস হয়েছে। এই বিলের প্রতিবাদে এখনও অগ্নিগর্ভ আসাম। শনিবার ডিব্রুগড় এবং গুয়াহাটিতে কারফিউ শিথিল করা হয়েছিল। যদিও সংবেদনশীল এলাকাগুলিতে সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীর টহল অব্যাহত রয়েছে। এদিকে, রাজ্যের বিভিন্ন এলাকা থেকে এখনও সংঘর্ষ খবর পাওয়া যাচ্ছে। বাড়ছে মৃতের সংখ্যাও।

শনিবার রাত পর্যন্ত সরকারি হিসাব অনুসারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩। যদিও বেসরকারি মতে সংখ্যাটা আরও বেশি। অশান্তি ছড়ানোর অভিযোগে শতাধিক ব্য়ক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার মধ্যরাতে কারফিউ উপেক্ষা করে সোনিতপুর জেলার ধেকিয়াজুলিতে একটি তেলের ট্যাংকারে আগুন ধরিয়ে দেয় মারমুখী বিক্ষোভকারীরা। এর জেরে ট্যাংকারের চালকের মৃত্যু হয়। এ ছাড়া চলতি সপ্তাহের প্রথম দিকে গুয়াহাটিতে নয়া নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে প্রাণ হারান ২ জন। আর এই তথ্যের ভিত্তিতে মৃতের সংখ্যা তিন বলে সরকারিভাবে জানানো হয়েছে।

গত কয়েকদিনের মতো শনিবারও গুয়াহাটির সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং দফতর বন্ধ ছিল। ভুয়া এবং প্ররোচনামূলক প্রচার রুখতে আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত আসামজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু), আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এবং আরও অন্তত ৩০টি সংগঠন ব্রহ্মপুত্র উপত্যকার জেলাগুলিতে বিক্ষোভ করছে। এই বিক্ষোভে যোগ দিয়েছে ছাত্র, শিক্ষক, প্রবীণ নাগরিক, শিল্পী-সহ সমাজের সমস্ত অংশের মানুষ।

আসামে ইনার লাইন পারমিট ব্যবস্থা কার্যকরের দাবিতে শনিবারও এজেওয়াইসিপি-র নেতৃত্বে রেল অবরোধের ঘটনা ঘটেছে। এর জেরে উত্তরপূর্বাঞ্চলের সঙ্গে ভারতের বাকি অংশের ট্রেন যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ে।

ভারতের উত্তর সীমান্ত রেলের মুখপাত্র জানিয়েছেন, উজান আসামগামী সমস্ত ট্রেন গুয়াহাটিতে থামিয়ে দেওয়া হয়। সন্ধ্যা ৫টায় অবরোধ উঠে যাওয়ার পরে ট্রেনগুলি ফের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনকে শেখ হাসিনার অভিনন্দন

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে কনজারভেটিভ পার্টির আকর্ষণীয় বিজয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন। তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে তার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই বিজয় দলটির নেতৃত্বের প্রতি যুক্তরাজ্যের জনগণের ব্যাপক আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। এই বিজয় ঢাকা-লন্ডনের বিদ্যমান সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের বিচার নিশ্চিত করতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপের কামনা করছে।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাজ্যের নেতৃত্বের সহায়তায় রোহিঙ্গাদের ওপর চালানো মিয়ানমারের বর্বরতার জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। আর এটা সম্ভব হলেই রোহিঙ্গারা পূর্ণ অধিকার, সম্মান, নিরাপত্তা ও টেকসই পরিবেশে তাদের নিজ ভূমিতে ফিরে যেতে পারবে।

এই ব্যাপারে প্রধানমন্ত্রী ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে জনসনের বাংলাদেশ সফর ও রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন, দেশ দুটির সম্পর্ক গণতন্ত্র ও সহনশীলতার অভিন্ন মূল্যবোধের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এছাড়াও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবেলার মতো ইস্যুতে আমরা একই অবস্থানে রয়েছি। আমরা অধিকতর সমৃদ্ধির আকাক্সক্ষার অংশীদার।

তিনি পুনরুল্লেখ করেন যে, ঐতিহাসিকভাবে বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের নিবিড় সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য সরকার ও জনগণ বাংলাদেশকে সমর্থন দিয়েছিল।
তিনি বলেন, কোন হয়রানি ছাড়াই পাকিস্তানি কারাগার থেকে বঙ্গবন্ধুর মুক্তি নিশ্চিত করার জন্য যুক্তরাজ্যের দৃঢ় অঙ্গীকার ছিল দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও মূল ভিত্তি।

শেখ হাসিনা, এই বন্ধুত্ব এবং পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ জানুয়ারি লন্ডনে পৌঁছালে কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী স্যার এডওয়ার্ড হিথ তাঁকে উষ্ণ অভ্যর্থনা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাণিজ্য, বিনিয়োগ, টেকসই উন্নয়নের লক্ষ অর্জনের ক্ষেত্রে সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বহুমুখী সম্পর্কের জন্য প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

তিনি বিশ্বাস করেন, নির্বাচনে বিজয়ী হয়ে বরিস জনসন নতুন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ায় যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশ-বৃটিশ নাগরিকসহ আমাদের জনগণের পারস্পরিক স্বার্থের জন্য ঢাকা-লন্ডন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।

তিনি বলেন, অভিন্ন স্বার্থ এবং মানবতার জন্য অংশীদারিত্বের সম্পর্ক আরো জোরদারে বৃটিশ সরকারের সঙ্গে অব্যাহতভাবে কাজ করার জন্য আমি তাকিয়ে আছি।

শেখ হাসিনা ২০২০ সালে বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে বরিস জনসনকে আন্তরিকভাবে বাংলাদেশে আসার আমন্ত্রন জানান।

বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করেন, তাঁর দল কনজারভেটিভ পার্টি হাউস অব কমন্সসে’র ৬৫০ আসনের মধ্যে ৩৫৬ আসন লাভ করে। আশির দশকে মার্গারেট থ্যাচারের পরে এটি বৃহৎ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়।

জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ক্ষণগণনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ জানুয়ারি, ২০২০ রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা উদ্বোধন করবেন। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু সদ্য স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জাতীয় প্যারেড গ্রাউন্ডে (পুরাতন বিমানবন্দর) অবতরণ করেছিলেন।

উদ্বোধনের মাধ্যমে ক্ষণগণনা একযোগে প্রতিটি জেলা, উপজেলা এবং সারাদেশে সমস্ত জনসমাগম স্থলে শুরু হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ড. কামাল আবদুল নাসের চৌধুরী আজ মানিক মিয়া অ্যাভিনিউ-এ জাতীয় সংসদের সামনে বিশাল একটি ক্ষনগণনা ডিভাইস স্থাপন পরিদর্শনকালে এ কথা জানান।

মানিক মিয়া অ্যাভিনিউ পরিদর্শন করার পরে, তারা ক্ষণগণনা ডিভাইস স্থাপনের জন্য জায়গা বাছাই করতে হাতিরঝিল এবং উত্তরা অঞ্চলও পরিদর্শন করেন।

আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ১০ জানুয়ারি, ২০২০ সালে থেকে ক্ষনগণনা উদ্বোধন করবেন।

ডিএনসিসি জাতীয় সংসদ, হাতিরঝিল এবং উত্তরা এলাকায় ক্ষনগণনার ডিভাইস স্থাপন করবে। তিনি আরও বলেন, প্রয়োজনে সিটি কর্পোরেশন আরও বেশি ডিভাইসও স্থাপন করবে।

কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ক্ষণগণনার জন্য একটি বড় ডিভাইস জাতীয় সংসদের সামনে স্থাপন করা হবে এবং বঙ্গবন্ধু সম্পর্কে সকল তথ্য পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হবে যাতে জনগণ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান সংগ্রহ করতে পারে।

তিনি আরও জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডন ও দিল্লি হয়ে স্বাধীন বাংলাদেশের পবিত্র মাটিতে ফিরে আসার ঐতিহাসিক দিন ১০ জানুয়ারি থেকে আমরা ক্ষনগণনা শুরু করব।

তিনি বলেন, পুরো জাতি ঐতিহাসিক মুহূর্তটির জন্য অপেক্ষা করছে এবং তাই প্রত্যেকেই মুজিব বর্ষ সফলভাবে উদযাপনের জন্য কাজ করছে।

বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধাঞ্জলি

0

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্যসন্তানদের প্রতি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারন সম্পাদক তারেক সাইদের নেতৃত্বে শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। আজ সকাল ৮টায় সংগঠনটির নেতাকর্মীরা জয়-জয়বঙ্গবন্ধু স্লোগান দিয়ে শহীদের মর্যাদা জানিয়ে পুষ্প অপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাতলীগের সাবেক সহ সভাপতি মাসুদ রানা, সাবেক ছাতলীগের নেতা আমিনুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, কেন্দ্রীয় ছাতলীগে সাবেক নেতা নাজমুল হাসান সোহাগসহ প্রমূখ।

সংগঠনের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, ‌বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন স্বাধীন হওয়া পথে ঠিক সেই মুহুর্তে বাংলার বীর সন্তানদের হত্যা করে ওই পাকিস্তানের হায়নাদের দল। এই বীর সন্তানের জন্যই আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।

জিয়ার মতো মীরজাফররা আর যেন ক্ষমতায় আসতে না পারে

0

বাংলাদেশের মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মোশতাক-জিয়ার মতো মীরজাফররা আর যেন কোনো দিন এ দেশে ক্ষমতায় আসতে না পারে, দেশের উন্নয়ন আর যেন বাধাগ্রস্ত না হয়- সে দায়িত্বটা বাংলাদেশের জনগণকে নিতে হবে। আমাদের তরুণ সমাজকে নিতে হবে। প্রজন্মের পর প্রজন্মকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, বাংলার মাটিতে বার বার মীরজাফরদের জন্ম হয়েছে এবং তারা দেশকে ধ্বংস করতে চেয়েছে। কিন্তু পারেনি। এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে তারাই জয়ী হয়েছে।

আজ শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ সভার আয়োজন করে।

একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী শহীদ বুদ্ধিজীবীদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এদেশের জন্য বুদ্ধিজীবীরা জীবন দিয়ে গেছেন, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এমনকি নামটাও তো মুছে ফেলা হয়েছিল। কিন্তু সেটা তো মুছে ফেলতে পারেনি। কারণ আত্মত্যাগ কখনো বৃথা যায় না। কখনো বৃথা যায় নাই।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর একটাই স্বপ্ন ছিল। সেটা হলো দুঃখি মানুষের মুখে হাসি ফোটানো। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। দেশের একজন মানুষও যেন খাদ্যে কষ্ট না পায় সে লক্ষ্যে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের ওপর কালো মেঘের ছায়া ছিল। সে মেঘ কেটে গেছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

জিয়াউর রহমানের সমালোচনা করে তিনি বলেন, যারা এ দেশের স্বাধীনতা চায়নি, স্বাধীনতার বিরোধিতা করেছে, হত্যা, খুন, সন্ত্রাস আর লুটপাট করেছে তাদের রাজনীতি করার অধিকার দিয়েছেন জিয়া। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা পালিয়েছিল তাদের ধরে এনে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছেন। বেগম খালেদা জিয়া আরও এক ধাপ এগিয়ে যুদ্ধাপরাধী ও বুদ্ধিজীবী হত্যাকারীদের মন্ত্রী বানিয়েছেন। তাদের গাড়িতে লাখো শহীদের রক্তে রঞ্জিত পতাকা লাগিয়ে দিয়েছেন। ভোট চুরি করে বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদকে বিরোধী দলের নেতা বানিয়েছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, শহীদ বুদ্ধিজীবী আলতাব মাহমুদের কন্যা শাওন মাহমুদ, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস, মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফি ও উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান।

বিএনপি অপশক্তিকে উসকানি দিতে চক্রান্ত শুরু করেছে

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি আজকে অপশক্তিকে উসকানি দিতে নতুন করে চক্রান্ত শুরু করেছে।

আজ শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘তোমাদের যা বলার ছিল, বলছে তা আজ বাংলাদেশ’ শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন যৌথভাবে সভা পরিচালনা করেন।

ওবায়দুল কাদের বলেন, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি আজকে এই অপশক্তিকে উসকানি দিচ্ছে, ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তাই আমাদের সতর্ক থাকতে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি, অশুভ শক্তি একাত্তরের বর্বর হত্যাকাণ্ড সংঘটিত করেছিল। তাদের দোসরদের প্রেতাত্মারা আজও বাংলাদেশে আছে। তাদের সেই অনুসারীরা পাকিস্তানী চেতনার মানসিকতায় আজও বাংলার মাটিতে বেঁচে আছে। এরা ষড়যন্ত্র করছে। এদের পৃষ্ঠপোষকতা করছে সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক।

ওবায়দুল কাদের বলেন, আমাদের স্মরণ রাখতে হবে, এই দেশে যদি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতার মঞ্চে না আসতেন, তাহলে কী হতো? তিনি যদি ক্ষমতায় না আসতেন তাহলে এদেশে কি যুদ্ধাপরাধীদের বিচার হতো? এদেশে কি বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার হতো? জেল হত্যার বিচার হতো?

প্রধানমন্ত্রী শেখ হাসিনাই জাতিকে কলঙ্কমুক্ত ও পাপমুক্ত করেছেন উল্লেখ করে তিনি বলেন, আমাদের বারবার মনে করতে হবে, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই স্বাধীনতার মূল্যবোধ বেঁচে আছে। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার পুষ্পিত আদর্শ আজকে বেঁচে আছে। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এই দেশে এখনও আশার আলো আছে, স্বপ্ন আছে। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এই দেশের উজ্জ্বল সম্ভাবনা আছে।

সভার শুরুতে শোকাবহ ১৫ আগস্টে নিহত সকল শহীদ, জেল খানায় নিহত জাতীয় চার নেতা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ও অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস, মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফি ও উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, শহীদ বুদ্ধিজীবী আলতাব মাহমুদের কন্যা শাওন মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।