Home Blog Page 3290

নাগরিকত্ব আইনকে মহুয়ার চ্যালেঞ্জ; সুপ্রিম কোর্টে মামলা দায়ের

0

ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলটি পাসের পর এখন তা আইনে পরিণত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে নাগরিকত্ব আইনের সংশোধনী নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নরেন্দ্র মোদি সরকার। এদিকে, নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ জানিয়ে এর বিরুদ্ধে মামলা করেছেন ভারতের তৃণমূল দলীয় সাংসদ মহুয়া মৈত্র। শুক্রবার সকালে সুপ্রিম কোর্টে তিনি এ মামলা দায়ের করেছেন।

জানা গেছে, আজ কংগ্রেসের রাজ্যসভা সাংসদ জয়রাম রমেশও সুপ্রিম কোর্টে নাগরিকত্ব আইন সংশোধনীকে অসাংবিধানিক বলে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছেন। এরপর ‘রিহাই মঞ্চ’ ও ‘সিটিজেনস এগেন্সট হেট’ নামক দুটি বেসরকারি সংগঠনও সুপ্রিম কোর্টে একসঙ্গে মামলা করেছে।

এর আগে, বৃহস্পতিবার ‘ইন্ডিয়ান ইউনিয়ন অব মুসলিম লিগ’ সুপ্রিম কোর্টে মামলা করে। বিল পাশের আগেই চলতি বছরের শুরুতে আসামের বিশিষ্টজনেরা নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে মামলা করেছিলেন। তখন সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এই বিল পাশের পরে শুনানি হবে।

প্রধান বিচারপতি শরদ এ বোবডের বেঞ্চে মহুয়ার আইনজীবী আর্জি জানান, দ্রুত এই মামলার শুনানি হওয়া দরকার। তাঁর আর্জি ছিল, শুক্রবারই শুনানি হোক। তা না হলে সোমবার।

কিন্তু প্রধান বিচারপতি জানান, দ্রুত শুনানির জন্য রেজিস্ট্রারের কাছে যেতে হবে।

তৃণমূল সাংসদের আইনজীবীরা মনে করছেন, আগামী সপ্তাহেই এর শুনানি হতে পারে।

এদিকে, সুপ্রিম কোর্টে মামলা করেছেন জয়রাম রমেশ। তাঁর পিটিশনে বলা হয়েছে, নাগরিকত্ব আইনে সংশোধন সংবিধানের মৌলিক অধিকারের ভিতে নির্লজ্জ হামলা।

জয়রাম রমেশের অভিযোগ, ভারতীয় সংবিধানের ১৪-তম অনুচ্ছেদ ও ২১-তম অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে। কারণ নাগরিকত্ব দেওয়ার প্রশ্নে ধর্ম ও ভূখণ্ডের ভিত্তিতে ভেদাভেদ করা হয়েছে।

সূত্র : আনন্দবাজার

ভারত ভ্রমণে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সতর্কতা

0

সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি বিতর্কিত নাগরিকত্ব বিল সংসদে উত্থাপন করার পর থেকেই উত্তরপূর্ব ভারতে বিক্ষোভ শুরু হয়। তবে দুই কক্ষে পাস হয়ে বিলটি এখন আইন। সবচেয়ে বেশি বিক্ষোভ হচ্ছে আসামের রাজধানী গোহাটিতে। বিক্ষোভ চলছে ত্রিপুরা, মেঘালয়, মণিপুর আর পশ্চিমবঙ্গেও। তাতে পাঁচজনের প্রাণহানিও ঘটেছে। এদিকে চলমান ব্যাপক বিক্ষোভের জেরে ওই অঞ্চলে ভ্রমণের জন্য নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার দেশ দুটি ভারতে অবস্থানরত তাদের নাগরিকদের জন্য এ সতর্কতা জারি করেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি-র বরাতে এ কথা জানা গেছে।

ব্রিটেনের ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দেশের (ভারতের) কিছু অংশে বিক্ষোভ চলছে। উত্তরপূর্ব ভারতে সহিংস বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে, বিশেষ করে আসাম ও ত্রিপুারায়। গোহাটিতে কারফিউ জারিকরাসহ আসামের ১০ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। যানবাহনেও হামলার ঘটনা ঘটছে।

এসব উল্লেখ করে বিবৃতিতে ব্রিটিশ নাগরিকদের নির্দেশনা দিয়ে বলা হয়, যদি কারও ওই অঞ্চলে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে তাদের উচিত হবে সেখানকার স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে সর্বশেষ অবস্থা জানতে হবে। এছাড়া স্থানীয় কর্তৃপক্ষ যেসব নির্দেশনা দেয় তা মানাসহ প্রয়োজনে অন্য সময় ভ্রমণের সময় ঠিক করা।

যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতাতেও ভারতে একই নির্দেশনা দেয়া হয়েছে। তবে তারা সাময়িকভাবে আসাম ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিক্ষোভের জেরে ভারত সফর বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও তার মেঘালয়-অরুণাচল সফর বাতিল করেছেন।

আসামসহ অন্য রাজ্যগুলোতে কারফিউ জারি করা ছাড়াও কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। পরিস্থিতি সামাল দিতে সেনা নামানো হয়েছে এবং প্রয়োজনে আরও সেনা মোতায়েনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে সেনাবাহিনীকে। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষের ঘটনাও ঘটছে।

আবারও আগুন দিল্লিতে!

0

ফের আগুন লেগেছে ভারতের দিল্লিতে। এবার আগুন লেগেছে দিল্লির মুন্ডকা এলাকায়। সংবাদ সংস্থা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ১২ টি ইঞ্জিন। ভোর রাতে কাঠের গুদামে আগুন লাগে। পরে তা ছড়ায় পাশের জুতা ও বাল্ব তৈরির কারখানায়। কয়েক দিন আগে দিল্লির আনাজ মান্ডির আগুন কেড়েছিল ৪৩ জনের প্রাণ।

গত রবিবার দিল্লির আনাজ মান্ডিতে আগুনে মারা যান ৪৩ জন। এই আগুন দিল্লির দুর্ঘটনাগুলির মধ্যে অন্যতম। সোমবার একই বাড়িতে ফের আগুন লাগে। যদিও দমকলের ৪ টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আনাজ মান্ডিতে আগুন লাগা বাড়িতেই ছিল ব্যাগ তৈরির কারখানা।

ছোট ছোট ঘরে ছিল আরও নানা জিনিস তৈরির কারখানা। তবে বেশিরভাগই অনুমতি বিহীন বলে জানিয়েছিল পুলিশ। জানা গিয়েছে, বাড়িটিতে কমপক্ষে ৭০ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। ১৯৯৭ সালের ১৩ জুন দিল্লিতে উপহার সিনেমার বেসমেন্টে থাকা ট্রান্সফর্মার থেকে আগুন ছড়ায়। সেই আগুনে মৃত্যু হয়েছিল ৫৯ জনের।

সূত্র : ওয়ান ইন্ডিয়া

ক্ষোভে ফুঁসছে পশ্চিমবঙ্গ-মেঘালয়; রেল-সড়ক অবরোধ-ভাঙ্চুর

0

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছেই। বিক্ষোভে ফুঁসছে পশ্চিমবঙ্গ ও মেঘালয়। এই রাজ্য দুটিতে রেল-সড়ক অবরোধ ও ভাঙ্চুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হতেই ক্ষোভে ফুঁসছে পশ্চিমবঙ্গবাসী। যার জেরে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। শনিবার সকাল থেকেই বসিরহাট, মুর্শিদাবাদের বিভিন্ন স্টেশন ও রাজ্য সড়কে চলছে অবরোধ। যার জেরে স্তব্ধ যান চলাচল। ভোগান্তির শিকার যাত্রীরা।

নাগরিকত্ব সংশোধনী বিলে সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপর থেকে ক্রমশই চড়ছে উত্তেজনার পারদ। রাজ্যের বিভিন্ন প্রান্তে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা সুর চড়াচ্ছেন স্থানীয়রা। শনিবার সকালে শিয়ালদহ-হাসনাবাদ শাখার হাড়োয়া স্টেশনে রেল লাইনে অবরোধ করেন স্থানীয়রা। বিক্ষোভ দেখানো হয় হাসনাবাদ শাখারও আরও বেশ কয়েকটি স্টেশনে। অবরোধের জেরে দীর্ঘক্ষণ ব্যাহত ট্রেন চলাচল।

একই ছবি মুর্শিদাবাদে। শনিবার সকাল থেকেই মুর্শিদাবাদের পোড়াডাঙা স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করে একদল। বিক্ষোভের জেরে লালগোলা থেকে কৃষ্ণনগর পর্যন্ত ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। জঙ্গিপুর স্টেশনে দাঁড়িয়ে ইন্টারসিটি এক্সপ্রেস। তবে শিয়ালদহ থেকে পলাশী পর্যন্ত স্বাভাবিক ট্রেন চলাচল। শনিবার সকালেও কার্যত থমথমে বেলডাঙা। এলাকায় ঢুকতে সাহস পাচ্ছে না কেউ। দেখা মিলছে না পুলিশেরও। সেই সঙ্গে রঘুনাথগঞ্জে অবরুদ্ধ জাতীয় সড়কও। সকাল হতেই রাস্তা আটকে বিক্ষোভ দেখায় একদল। জ্বালানো হয় টায়ার। স্বাভাবিকভাবে সড়ক পথেও গন্তব্যে পৌঁছতে পারছেন না যাত্রীরা। ফলে বিরক্ত নিত্যযাত্রীদের একাংশ।

এদিকে, মেঘালয়ের রাজধানী শিলংয়ে শুক্রবার পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে সেখানকার রাজ্যপাল তথাগত রায়ের একটি টুইট বার্তার পরে।

বিজেপির প্রাক্তন নেতা মি. রায় টুইট করে লেখেন, সাম্প্রতিক পরিস্থিতিতে দুটি বিষয় কখনই ভুলে যাওয়া উচিত নয়। এক, এই দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতেই। দুই, গণতন্ত্রে বিভাজন থাকবেই। কেউ যদি সেটা না চান, তাহলে উত্তর কোরিয়ায় চলে যেতে পারেন।”

হাজার হাজার মানুষ আজ মিছিল করছিলেন নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে। তার মধ্যেই এই টুইট বার্তার পরে মিছিল ঘুরে যায় রাজভবনের ফটকের দিকে।

মেঘালয় রাজ্যে আগেই মোবাইল ফোনে ইন্টারনেট আর এস এম এস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় শুক্রবার থেকেই রণক্ষেত্র চেহারা নিয়েছে রাজ্যের বিভিন্নপ্রান্ত। গতকাল আন্দোলনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদের বেলডাঙা স্টেশনে। রেল অবরোধে বাধা দিতে গেলে বেধড়ক মারধর করা হয় আরপিএফ কর্মীদের। তাতে গুরুতর জখম হন একজন। কেবিনম্যানকে মারধরের পাশাপাশি স্টেশনে ভাঙচুর এবং আগুনও লাগিয়ে দেওয়া হয়। দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন। বিক্ষোভের জেরে শুধু মুর্শিদাবাদ নয়, হাওড়া, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার-সহ একাধিক লানে দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে যায় রেল চলাচল। কয়েকঘণ্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে রাত পার হতেই ফের শুরু অশান্তি।

সূত্র : বিবিসি বাংলা, সংবাদ প্রতিদিন

জাপানি প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল

0

ভারতে বিতর্কিত নাগরিকত্ব বিল ঘিরে উত্তেজনা ও বিক্ষোভ চলছে। বিক্ষোভে ফুঁসছে আসাম, ত্রিপুরা রাজ্যসহ বেশ কয়েকটি রাজ্য। আর এমনই পরিস্থিতিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে-র ভারত সফর স্থগিত হয়ে গেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে দুই দেশের পারস্পারিক আলোচনার মাধ্যমে এই সফর স্থগিত করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার সকাল থেকেই সংবাদ মাধ্যমে জল্পনা তৈরি হয় ভারত সফর বাতিল করতে পারেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। নাগরিকত্ব সংশোধনী বিল বিল ও এনআরসির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল আসামের গুয়াহাটিতেই জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই সফর অনিশ্চিত বলে এ দিন সকালে জানায় জাপানের সংবাদ সংস্থা জিজি প্রেস।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বৃহস্পতিবার জানিয়েছিল, তাদের কাছে এই সংক্রান্ত কোনো খবর নেই।

কিন্তু শুক্রবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, দুই দেশের আলোচনার মাধ্যমে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সফর স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে দুই দেশের সুযোগমতো ফের নয়া দিনক্ষণ স্থির হবে।’

১৫ ডিসেম্বর রবিবার থেকে তিন দিনের ভারত সফরে আসার কথা ছিল জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের। গত সপ্তাহেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার ঘোষণা করেন, আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর ভারত সফর করবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকের কর্মসূচিও ঘোষণা করে পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও তখন বৈঠকের স্থান নির্দিষ্ট করে জানানো হয়নি মন্ত্রণালয়ের পক্ষে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, সেই বৈঠকের প্রস্তুতি চলছিল গুয়াহাটিতে। কিন্তু তার আগেই জিজি প্রেস দাবি করে, জাপানের প্রধানমন্ত্রী তার সফর বাতিলের কথা ভাবনাচিন্তা করছেন। যদিও শিনজো আবে ইতিমধ্যেই সফর বাতিল করে দিয়েছেন এমন খবর দেয়নি জিজি প্রেস। কিন্তু এই খবরেই সাউথ ব্লকের কর্তাদের দুশ্চিন্তা বাড়ে। তার পরেই দুপুরে টুইট করে সফর স্থগিতের কথা ঘোষণা করেন রবীশ কুমার।

সিএবি এবং এনআরসির প্রতিবাদে বিভিন্ন প্রান্তে প্রতিবাদ-বিক্ষোভে অগ্নিগর্ভ আসামের বিস্তীর্ণ এলাকা। অগ্নিসংযোগ, পুলিশের গুলি, কারফিউ, মোবাইল-ইন্টারনেট বন্ধের জেরে উত্তাল গোটা রাজ্য। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই ভারত সফর বাতিল করেছেন বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী। তার মধ্যে এবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সফর স্থগিতের জেরে উদ্বেগ বেড়েছে নয়া দিল্লির।

আসামে মুখ থুবড়ে পড়েছে রেল যোগাযোগ

0

সম্প্রতি ভারতে পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল-সিএবি)। এই বিলের জেরে জ্বলছে উত্তর-পূর্ব ভারত। বিশেষ করে আসামের একটি অংশ বিক্ষোভে ফেটে পড়েছে। শনিবার ফের আসাম জুড়ে বন্‌ধের ডাক দেওয়া হয়েছে। তাই পরিস্থিতি আরও খারাপ হতে পারে আশঙ্কা করছে বিভিন্ন মহল।

বিভিন্ন সংগঠন শুক্রবার আসামে বন্‌ধ ডেকেছিল। এর জেরে গোটা উত্তর-পূর্ব সীমান্ত রেলের পরিষেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে। সোমবার থেকেই একটানা ট্রেন বাতিলের ঘটনা ঘটছিল। শুক্রবার তা মারাত্মক আকার ধারণ করে। অনেক ট্রেন বাতিল করতে হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। অধিকাংশ ট্রেন চলছে অস্বাভাবিক দেরিতে। কোন ট্রেন কোথায় গিয়ে থমকে যাবে, কোনও নিশ্চয়তা নেই।

আসামের এই অস্থিরতার আঁচ পড়ছে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের ওপর। শুক্রবার সকাল থেকে পরপর আলিপুরদুয়ার ও গুয়াহাটির মধ্যে চলাচলকারী শিফং এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়। সবচেয়ে বিপাকে পড়েন শিয়ালদা–‌ডিব্রুগড় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা। ট্রেনটিকে বৃহস্পতিবার রাতেই আলিপুরদুয়ার স্টেশনে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়। শনিবার বিকেল চারটেয় ফের নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা যাওয়ার কথা। গত ৪ দিনের মতো শুক্রবারও হাজার হাজার রেলযাত্রী এর জেরে বিপাকে পড়েন। স্টেশনে আটকে যাওয়ায় বিপাকে পড়েন দূরপাল্লার ট্রেনের যাত্রীরা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আটকে রয়েছেন ত্রিপুরার বাসিন্দা ৫০ জনের একটি দল। এই দলের প্রতিনিধি অনুকূল বিশ্বাস, অজিত ভট্টাচার্যরা আতঙ্কিত।

তাঁরা বলেন, কীভাবে ১৫০০ কিমি দূরে বাড়ি পৌঁছতে পারব জানি না। হাতে টাকা শেষ হয়ে এসেছে।

জানা গেছে, উত্তরবঙ্গের বিভিন্ন মানুষ আটকে রয়েছেন আসামের বিভিন্ন এলাকায়। তাঁরা কীভাবে নিরাপদে ফিরে আসবেন, তা নিয়ে উদ্বিগ্ন পরিবারের লোকেরা।

এদিকে, সামগ্রিক পরিস্থিতির জেরে ট্রেনের টিকিট বাতিল করার হিড়িক পড়েছে সীমান্ত রেল জুড়ে। গত পাঁচ দিনে লাফিয়ে লাফিয়ে বেড়েছে রেলের ক্ষতি।

আলিপুরদুয়ার ডিভিশন সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে খাবারের স্টলগুলিতে খাবার, পানীয় জলের জোগান নিশ্চিত করতে চাইছে রেল। সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা শুভানন্দ চন্দা বলেন, ‌গুয়াহাটি থেকে উজান আসামে আটকে পড়া রেল যাত্রীদের নিয়ে যেতে দু‌টি স্পেশ্যাল ট্রেন চালানো হচ্ছে। রেল যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হচ্ছে ট্রেনে।

এদিকে, আসাম–বাংলা সীমান্তের পরিস্থিতি স্পর্শকাতর থাকায়, শুক্রবার কড়া পুলিশি নজরদারি ছিল রেলপথ জুড়ে। আইবি আইজি (‌বর্ডার)‌ দেবাশিস বড়াল, জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বারবিশায় সীমান্ত এলাকায় যান। নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা প্রতিবেশী রাজ্যের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। যে ট্রাকচালকরা বারবিশায় আটকে রয়েছেন, তাঁরা আসামের দিকে যেতে চাইছেন না। তবে তাঁদের যেন কোনও সমস্যা না হয়, সেজন্য থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাক চালকদের থানার সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

একদিকে ট্রেন পরিষেবা বন্ধ, অন্যদিকে সড়কপথেও আলিপুরদুয়ার ও আসামের কোকরাঝাড় জেলার মধ্যে কোনও যোগাযোগ ছিল না শুক্রবার। বাংলা–‌আসাম সীমান্ত এলাকায় চলছে কড়া নজরদারি। বারবিশা এলাকায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দূরপাল্লার ট্রাক। অশান্তির আশঙ্কায় বেশ কিছু এলাকায় দোকান বন্ধ ছিল। রাস্তায় যানবাহনও ছিল একেবারেই কম। আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ব্যবসা–‌বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে।

সূত্র : আজকাল

শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকাল সাতটা ৫০ মিনিটে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। এরপর দলের শীর্ষ নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করা হবে’

0

আগামী বছর বুদ্ধিজীবী দিবসের আগে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘ইতোমধ্যে আমাদের হাতে ৩০০ জনের তালিকা রয়েছে। যা যাচাই-বাছাই শেষ করে আগামী বছর প্রকাশ করা হবে।’

আজ শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন।

দৈনিক সংগ্রাম আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ লেখায় ঘৃণ্য কাজ করেছে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, একাত্তরে তারা যে ধৃষ্টতা দেখিয়েছিল তা অব্যাহত রেখেছে। রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে দৈনিক সংগ্রামে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তরে বুদ্ধিজীবী হত্যার হোতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, আইনের কারণে তাদের ফেরত নিয়ে আসা যাচ্ছে না। তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার চেষ্টা চলছে।

ফুলে ফুলে ছেয়ে গেছে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

0

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন সর্বস্তরের অসংখ্য মানুষ। সারিবদ্ধভাবে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করছেন তারা।

আজ শনিবার ভোর থেকেই সব শ্রেণি-পেশার মানুষেরা একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় জমান রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে রায়েরবাজারে আসতে শুরু করেন অসংখ্য মানুষ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলে ফুলে ছেয়ে গেছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ।

সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত : ওবায়দুল কাদের

0

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে ‘শহীদ’ সম্বোধন করায় সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এখনো যেসব অপশক্তি সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে তাদের মূলোৎপাটন করা হবে।

এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বর্ষপূর্তিতে একটি নিবন্ধ প্রকাশ করেছে পত্রিকাটি।

আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গার্ড অব অনার প্রদান করে তিন বাহিনীর একটি চৌকস দল। এরপর মন্ত্রীবর্গ ও শীর্ষস্থানীয় কর্মকর্তারা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও অসংখ্য সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে।