Home Blog Page 3291

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক নিবেদন

0

শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গার্ড অব অনার প্রদান করে তিন বাহিনীর একটি চৌকস দল।

আজ শনিবার সকাল সাতটা এক মিনিটে শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

মিরপুরের শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজে করুণ সুর। এরপর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শহীদ সমাধিতে ফুল দিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এরপর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় মানুষের ঢল নামে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে।

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

0

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বিনম্র শ্রদ্ধায় জাতি আজ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।

বুদ্ধিজীবী হত্যার এর ঠিক দুদিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয়ভাবে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এদিন সকাল ৭টা ৫ মিনিটে এবং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৭টা ৬ মিনিটে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

’৭১ সালে শহীদের বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে। তারা শহীদ হন এক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে। হানাদার পাকিস্তানী বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে।

চরম বিপর্যয় আসন্ন, পরাজয় একেবারেই সন্নিকটে- তখনই তারা সেই পরিকল্পনা কার্যকর করে। তালিকাভুক্ত বুদ্ধিজীবীদের চোখ বেঁধে নিয়ে হত্যা করে। তারা স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎকে এভাবেই অন্ধকার করার পাঁয়তারা করেছিল।

শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন- অধ্যাপক মুনির চৌধুরী, ডা. আলিম চৌধুরী, অধ্যাপক মুনিরুজ্জামান, ড. ফজলে রাব্বী, সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জিসি দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, সাংবাদিক খন্দকার আবু তাহের, নিজামউদ্দিন আহমেদ, এসএ মান্নান (লাডু ভাই), এ এন এম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক, সেলিনা পারভিনসহ আরো অনেকে।

একাত্তরের সেই বুদ্ধিজীবী হত্যার সঙ্গে সংশ্লিষ্ট অনেকের বিচারের রায় কার্যকর হয়েছে। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত অনেকের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষিত হয়েছে।

মানবতাবিরোধী হত্যা মামলায় দণ্ডিত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে। জামায়াতের অপর নেতা মো. কামারুজ্জামান এবং বুদ্ধিজীবী হত্যার অন্যতম হোতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হয়েছে।

২০১৬ সালের ১১ মে মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীলনকশা বাস্তবায়নকারী গুপ্তঘাতক আলবদর বাহিনীর প্রধান ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড কার্যকর হয়। তবে বুদ্ধিজীবী হত্যায় সরাসরি জড়িত চৌধুরী মইনুউদ্দীন ও আশরাফুজ্জামান খান পলাতক থাকায় বিচার এখনো কার্যকর করা সম্ভব হয়নি।

চৌধুরী মইনুদ্দীন যুক্তরাজ্য এবং আশরাফুজ্জামান খান যুক্তরাষ্ট্রে পলাতক রয়েছে। তাদেরকে ২০১৩ সালের ৩ নভেম্বর মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের এ দেশীয় দোসর আল-বদরের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিদের অপহরণ করা হয়। পরে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়েরবাজার ও মিরপুরে তাদের হত্যা করা হয়। এ দুটি স্থান এখন বধ্যভূমি হিসেবে সংরক্ষিত।

মুক্তিযুদ্ধের শেষ লগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে আল-বদর বাহিনী আরো অনেক বুদ্ধিজীবীকে ধরে নিয়ে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আল-বদর ঘাঁটিতে নির্যাতনের পর রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুর কবরস্থানে নিয়ে হত্যা করে।

শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।

আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে আছে সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ। সকাল ৭টা ১৫ মিনিটে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ।

সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন। ৮টা ৪৫ মিনিটে রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।

এছাড়াও দিবসটি উপলক্ষে এদিন বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলতনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অকাল প্রয়াত ক্রীড়া সাংবাদিকের প্রতি বিপিএলের শ্রদ্ধা

0

চলতি বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝেই ক্রীড়াঙ্গনে নেমে এল এক দুঃসংবাদ। বড্ড অকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ক্রীড়া সাংবাদিক দীপায়ন মজুমদার অর্ণব। এই খবর ছড়িয়ে পড়তেই ক্রীড়া সাংবাদিক, বিসিবির কর্মকর্তা এমনকী ক্রিকেটারদের মধ্যে শোকের আবহ নেমে আসে। অর্ণবের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শোক প্রকাশ করেছে। এরপর আজ শুক্রবার ঢাকা প্লাটুন বনাম সিলেট থান্ডার্সের ম্যাচ চলাকালীন সময়ে মাঠের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠে দীপায়ন অর্ণবের ছবি এবং শোকবার্তা।

অর্ণবের ঘনিষ্টজনেরা বলেছে, আজ শুক্রবার দুপুরে অসুস্থবোধ করায় ওষুধ কিনতে বাইরে গিয়েছিলেন অর্ণব। তখন তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। দক্ষিণখান থানার এসআই ইব্রাহিম বলেন, ‘ফার্মেসি মালিকের কাছ থেকে আমরা যতটুকু জেনেছি,ওষুধ কিনতে এসে রাস্তার ওপর পড়ে যায় অর্ণব। খবর পেয়ে আমরা এসে হাসপাতালে নিয়ে যাই।’ এরপর রাজধানীর দক্ষিণখানে কেসি হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৭ বছর।

হাসপাতালের ডাক্তাররা নিশ্চিত করেছেন যে, হাসপাতালে আনার আগেই মারা যান অর্ণব। তারা জানিয়েছেন, হার্ট অ্যাটকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। অর্ণবের বাবা দিলীপ কুমার মজুমদার মারা গেছেন আগেই।, মা ঝুনু রানী সরকার একজন অবসরপ্রাপ্ত নার্স। গ্রামের বাড়িতে থাকেন। একমাত্র বোন সুভদ্রা উর্মিলা মজুমদার পেশায় চিকিৎসক। তিনি বর্তমানে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য ভারতের চেন্নাইয়ে অবস্থান করছেন।

উল্লেখ্য, খেলাধুলার প্রতি ভালোবাসা থেকেই ক্রীড়া সাংবাদিকতা শুরু করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ুয়া অর্ণব। গত অক্টোবরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত সেখানে তিনি ক্রীড়া বিভাগের সহ সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ৩ বছর দৈনিক সমকালের ক্রীড়া বিভাগে কাজ করেছেন।

মুস্তাফিজের ভিত্তিমূল্য ১ কোটি; আছেন আরও ৪ ক্রিকেটার

0

২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের জন্য প্রাথমিকভাবে দেশি-বিদেশি মিলিয়ে ৯৯৭ জন ক্রিকেটারের নাম নিবন্ধন করলেও নিলামের জন্য আজ প্রকাশিত চূড়ান্ত তালিকায় ৩৩২ জনের নাম অন্তর্ভুক্ত করেছে আয়োজকরা। আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় হতে যাওয়া আইপিএল নিলামে উঠবে এই তালিকা। এই চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের ৫ ক্রিকেটার। তারা হলেন- মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তার ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। এছাড়া উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর ও মিডলঅর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহর ৭৫ লাখ এবং পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন ও স্পিন অলরাউন্ডার সাব্বিরের ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ৫০ লাখ রুপি। তবে তালিকায় থাকলেই যে তারা দল পাবেন তার কোন নিশ্চয়তা নেই। নিলাম শেষে সর্বোচ্চ ৭৩ জন খেলোয়াড় দল খুঁজে পাবেন। যার মধ্যে বিদেশি সর্বোচ্চ ২৯ জন।

৩৩২ জনের এই তালিকায় সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি ক্যাটাগরিতে আছেন ৭ জন বিদেশি খেলোয়াড়। তারা হলেন: অষ্ট্রেলিয়ার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, ক্রিস লিন, মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন এবং শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। দ্বিতীয় সর্বোচ্চ দেড় কোটি রুপি ক্যাটাগরিতে আছেন ভারতের রবিন উথাপ্পা সহ ৯ বিদেশি ক্রিকেটার। তৃতীয় সর্বোচ্চ ১ কোটি রুপি ক্যাটাগরিতে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও ভারতের পিযুষ চাওলা, ইউসুফ পাঠান এবং জয়দেব উনাদকত সহ স্থান পেয়েছে ২০ জন বিদেশি।

সব মিলিয়ে ১৮৬ জন ভারতীয়, ১৪৩ জন বিদেশি এবং ৩ জন সহযোগী সদস্য দেশের ক্রিকেটাদের নিয়ে হবে এবারের আইপিএলের নিলাম। আগামী ১৯ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টায় জমকালো আনুষ্ঠানিকতার মধ্যে শুরু হবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেট লিগের এই নিলাম। তবে উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি হচ্ছে আফগানিস্তানের টিনেজার নুর আহমেদ। কয়েক দিন আগে আফগানস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভারত সফরে নজর কাড়েন। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া আফগানিস্তানের এই চায়নাম্যান বোলারের ভিত্তি মূল্য ২০ লাখ রুপি!

বিজেপির হুঙ্কার পরিণত হয়েছে আইনে : জামিয়াত-এ-উলেমা-হিন্দ

0

এতদিন যা ছিল নেতাদের হুঙ্কার, বৃহস্পতিবার তা পরিণত হয়েছে আইনে। ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল পাসের প্রতিবাদে উত্তাল সে দেশ। আগুন জ্বলছে উত্তর-পূর্বাঞ্চলে। সেই আঁচ এবার এসে পড়ল পশ্চিমবঙ্গে। বিক্ষোভে উত্তাল হলো উত্তর ২৪ পরগনাও।

ওই জেলার গুমা এলাকায় এনআরসি ইস্যু ও নাগরিকত্ব সংশোধনী বিল পাসের বিরোধিতা করে এবার রাজপথে নামল জামিয়াত-এ-উলেমা-হিন্দের সদস্যরা। ওই দলের ওয়ার্কিং কমিটির সদস্য ও সমর্থকরা বিলের বিরোধিতা করতে শুক্রবার পথে নেমে বিক্ষোভ দেখায় এবং পথ অবরোধ করে।

ফলে দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ হয়ে পড়ে যশোর রোড। পরে অশোকনগর থানার পুলিশ এসে জামিয়েত উলেমার সমর্থকদের অবরোধ তুলে দেয় এবং যশোর রোডের যানজট নিয়ন্ত্রণ করে।

জানা গেছে, শুক্রবার দুপুর ৩টা থেকে জামিয়াত-এ-উলেমা-হিন্দের সদস্যরা প্রথমে গুমার খোঁজদেলপুরে আসে। সেখান থেকে গুমার চৌমাথায় পৌঁছায় তারা। সেখানে গিয়ে সিএবি বিলের বিরোধিতা করে নরেন্দ্র মোদির কুশ পুত্তলিকা পোড়ানো হয়।

তারপর যশোর রোডে ক্যাব বিরোধি কয়েক হাজার জামিয়াত সমর্থকরা বিক্ষোভ সমাবেশ করে। দীর্ঘক্ষণ যশোর রোড অবরোধ করে রাখেন। জামিয়াত-এ-উলেমা-হিন্দের পক্ষ থেকে জানানো হয়েছে, সিএবি বিল ও এনআরসি নিয়ে আগামিতে ভারতজুড়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে ।

এরদোয়ানের বিরুদ্ধে নতুন দল তারই সাবেক প্রধানমন্ত্রীর!

0

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের বিরুদ্ধে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন তার সরকারের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ দাভোগোগলু।

মাত্র তিন মাস আগে আহমেদ দাভোগোগলু তুরস্কের বর্তমান ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) থেকে প্রধানমন্ত্রী হিসেবে এরদোয়ানের অধীনে ক্ষমতায় ছিলেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দাভুতোগলু আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে বলেন, নতুন এই দলের নাম জেলেচেক পার্টি (ফিউচার পার্টি)। তিনি আরো বলেন, ‘আমরা এই দলটির প্রতিষ্ঠা করেছি আমাদের ভবিষ্যত জনগণের ও ভবিষ্যত তুরস্কের জন্য।’

গত মার্চে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের মধ্যে পরাজয়ের পর থেকেই দলের ভেতরের সমস্যাগুলো মাথাচাড়া দিয়ে উঠছিল। বিশেষ করে দেশটির বাণিজ্যিক ও বড় শহরগুলোতে তার প্রভাব সুস্পষ্ট ছিল।

এর জের ধরেই সমালোচনা করেছিলেন আহমেদ দাভুতোগলু। যারা দলের সমালোচনা করেছিলেন তাদের বহিষ্কারের জন্য বলা হচ্ছিল দলের ভেতর থেকেই। কিন্তু বহিষ্কারের আগেই দল থেকে পদত্যাগ করেছিলেন দাভুতোগলু।

সূত্র: আল জাজিরা

হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাজীব গান্ধীর নাম মুছে দেওয়ার প্রস্তাব

0

ভারতের উত্তরপ্রদেশে আবার নতুন কাণ্ড!‌ এবার ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম–নিশানা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে মুছে দেওয়ার প্রস্তাব উঠেছে। যোগির রাজ্যের মির্জাপুর জেলার বড়াকাছায় রয়েছে দক্ষিণ ক্যাম্পাস। সেখান থেকেই রাজীব গান্ধীর নাম মুছে দেওয়ার ছক কষা হয়েছে।

২০০৬ সালের ১৯ আগস্ট ওই ক্যাম্পাসের উদ্বোধন করেছিলেন তৎকালিন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী অর্জুন সিং। এ ঘটনায় কংগ্রেসের পক্ষ থেকে এরই মধ্যে কড়া ভাষায় বিরোধিতা করা হয়েছে। এমনকি সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের কোনো ঘটনা ঘটলে আন্দোলন আছড়ে পড়বে এখানে।

ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পানজাব সিং জানান, তিনি এই নাম পরিবর্তনের বিরুদ্ধে। এখানে বেশকিছু শীর্ষ অধ্যাপকদের নিয়ে তৈরি হয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কোর্ট। সেখানে গত ৯ ডিসেম্বর কোর্ট সদস্যদের নিয়ে বৈঠক করেন আচার্য তথা অবসরপ্রাপ্ত বিচারপতি গিরিধর মাল্যব্য। এখানেই কোর্ট সদস্যরা রাজীব গান্ধীর নামে থাকা ক্যাম্পাস, নাম পরিবর্তন করার প্রস্তাব দেয়। যা নিয়ে জলঘোলা শুরু হয়েছে।

ওই প্রস্তাব দিতে গিয়ে আবার অনেকে বলেন, তার কোনো অবদান নেই এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি। তাই তার নাম পরিবর্তন করা হোক। সেই প্রস্তাব এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে পৌঁছে দেওয়া হয়েছে। এ কথা চাউর হতেই কংগ্রেস নেতা অজয় রায় জানান, এমন কোনো প্রচেষ্টা করা হলে কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন করবে। আর সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত রাস্তায় থাকবে।

তরুণীর দগ্ধ দেহের নমুনায় মিলল চার ধর্ষকের ডিএনএ

0

ভারতের হায়দরাবাদে গণধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল হয়েছিল সারা ভারত। তারপর অভিযুক্ত চারজনকে এনকাউন্টারে মারার ঘটনায় অনেকেই বলেছিলেন, বেশ হয়েছে। আবার অনেকেরই আবার দাবি, বিচারে দোষী প্রমাণের আগেই কেন এই এনকাউন্টার?

ফরেনসিক রিপোর্ট মোতাবেক, হায়দরাবাদের গণধর্ষিতা তরুণীর দেহ থেকে সংগৃহিত স্যাম্পলের সঙ্গে মিলে গেছে এনকাউন্টারে মৃত চার অভিযুক্তের থেকে সংগৃহিত স্যাম্পেল। ফলে ফরেনসিক রিপোর্ট অনুসারে, হায়দরাবাদকাণ্ডে অভিযুক্ত মুহাম্মদ আরিফ, নবীন, শিবা ও চেন্নাকেসাভুলু দোষী।

ডিএনএ টেস্টেও মৃত তরুণীর সঙ্গে তার বাবা-মায়ের ডিএনএ-ও মিলে গেছে। এক তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তরুণীর অন্তর্বাসে মেলা বীর্য থেকেই অপরাধীদের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে ২০ থেকে ২৪ বছর বয়সী চার লরিচালককে পশু চিকিত্‍‌সককে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগে ২৯ নভেম্বর গ্রেপ্তার করে পুলিশ। গত শনিবার তাদের ১৪ দিনের বিচারবিভাগীয় আদালতে পাঠানো হয়েছিল। দ্রুত তাদের কড়া শাস্তির দাবিতে ভারতে দাবি উঠেছিল। ওই মামলার শুনানির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে তেলাঙ্গানা সরকার।

ঘটনার রাতের পর ভোর ৬টা নাগাদ মেয়েটির দেহ দেখতে পান দুধের ভেন্ডর এস সত্যম। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। একে একে খুনের ঘটনা বলে জানিয়ে সাইবেরাদাবাদ পুলিশ নিখোঁজ ডায়েরিগুলো খতিয়ে দেখে। পরিবারকে ডেকে পাঠানো হলে সম্পূর্ণ পুড়ে যাওয়া দেহের স্কার্ফ ও মৃতার গলায় গণেশের লকেট দেখে দেহ শনাক্ত করেন আত্মীয়-স্বজনরা।

পুলিশ জানিয়েছে, তরুণীর বাইকটি কোথুর থেকে পাওয়া গেছে, তবে তার পার্স ও মোবাইলের খোঁজ মেলেনি। বাইকের নম্বর প্লেটটিও পাওয়া যায়নি। দেহ যেখান থেকে মিলেছে, সেই টোল প্লাজা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কোথুরে বাইক চালিয়ে ফেলে আসার সময় নম্বর প্লেটটি খুলে রাখে অভিযুক্ত।

বিকেল ৫.৩০-এ বাড়ি থেকে বেরিয়ে ত্বকের ডাক্তারকে দেখাতে গিয়েছিলেন ওই তরুণী। শামশাবাদের একটি টোল প্লাজায় নিজের বাইকটি রেখে একটি ক্যাবে চড়ে সেই হাসপাতালে যান তিনি। জানা গেছে, কিছুক্ষণ পর ফিরে টোল প্লাজা থেকে বাইক নেওয়ার সময় তাকে দু’জন বলেন বাইকের চাকাটি পাংচার হয়ে গেছে। সারানোর জন্য কাছেরই একটি দোকানে নিয়ে যেতে হবে। সেই সময় কয়েক মিটার হেঁটে একটি নির্জন জায়গায় দাঁড়িয়ে মেয়েটি অপেক্ষা করতে থাকেন। সেখানে বেশ কয়েকটি ট্রাক পার্ক করা ছিল বলে পুলিশ জানিয়েছে।

তরুণীর বোন জানান, ৯ টা ২২ মিনিটে বোন ফোন করেছিল। সে বলেছে দু’জন টায়ার সারিয়ে দেবে বললেও না-সারিয়েই ফিরে এল। কাছেই কয়েকটি লরি নিয়ে বেশ কয়েকজন দাঁড়িয়েছিল বলে সে জানায়। সে বলে খুব ভয় পাচ্ছে। আমি ওকে বাইক রেখে দিয়েই চলে আসতে বলি।

এরপর মৃত তরুণীর বোন ৯.৪৪-এ আবারো ফোন করার চেষ্টা করলে শোনা যায় ফোন বন্ধ। রাতে বোন বাড়ি না-ফেরায় মিসিং ডায়েরি করা হয়। কখন কিভাবে মেয়েটিকে খুন করা হল, তা নিয়ে পুলিশ এখনো সন্দিহান। পুলিশের অনুমান, ওই পশু চিকিত্‍‌সককে ধর্ষণ করে খুন করে তার দেহ একটি ব্যাগে ভরে জ্বালিয়ে দেওয়া হয়েছে।

অবশেষে ফরেন্সিক রিপোর্টেও প্রমাণিত হলো, এনকাউন্টারে মৃত্যু হওয়া চার অভিযুক্তই ছিল ওই নৃশংস ঘটনার পেছনে।

ভারতের নতুন নাগরিকত্ব আইন মুসলিমদের প্রতি ‘বৈষম্যমূলক’ : জাতিসংঘ

0

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল ভারত। এই আইনের প্রতিবাদে সরব বিভিন্ন মহল। এবার মোদী সরকারের এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করল জাতিসংঘ। এই আইন মুসলিমদের প্রতি ‘বৈষম্যমূলক’ বলে জতিসংঘের মানবাধিকার সংক্রান্ত দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে।

শুক্রবার জেনেভায় এই সাংবাদিক বৈঠকে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত দপ্তরের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, ‘ভারতের নতুন নাগরিকত্ব সংশোধনী আইন চরিত্রগতভাবে বৈষম্যমূলক। এই আইন নিয়ে আমরা চিন্তিত।’

তিনি আরও বলেন, ‘ভারতের সুপ্রিম কোর্ট এই আইন খতিয়ে দেখতে চলেছে। এই আইন পর্যালোচনায় আন্তর্জাতিক মানবাধিকার রক্ষায় ভারতের দায়বদ্ধতার প্রসঙ্গটিও আদালত গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলে আমাদের প্রত্যাশা।’

নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে সারা ভারত উত্তাল। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে আসাম এবং ত্রিপুরায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। উত্তরপূর্বের আর এক রাজ্য মেঘালয়ের পরিস্থিতিও ক্রমশ ঘোরাল হচ্ছে। গোটা পরিস্থিতিতে এমনিতেই অস্বস্তিতে মোদী সরকার। এর মধ্যে কেন্দ্রের অস্বস্তি বাড়াল জাতিসংঘ।

ভারতের নাগরিকত্ব বিল নিয়ে ভারতের বাইরে এর আগে উদ্বেগ প্রকাশ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইল যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন। সম্প্রতি ইউএস কমিশন ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (USCIRF) এক বিবৃতিতে জানিয়েছিল, ‘যদি বিলটি সংসদের উভয় কক্ষে পাশ হয়ে যায়, তাহলে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রের প্রধান নেতৃ্ত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনা উচিত আমেরিকার।’

মোদী সরকারের বিতর্কিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে আসামে প্রথম বিক্ষোভ শুরু হয়েছিল। সেখান থেকে তা ছড়িয়ে পড়ে ত্রিপুরায়। উদ্ভূত পরিস্থিতিতে এই দুই রাজ্যে সেনাবাহিনীর সহায়তা নিচ্ছে প্রশাসন। এ দিকে, সময় যত বাড়ছে দেশের বিভিন্ন রাজ্যেও দাবানলের মতো ছড়িয়ে পড়ছে বিক্ষোভের আগুন।

শুক্রবার মেঘালয়ের রাজধানী শিলংয়ে বিশাল বিক্ষোভ সংগঠিত হয়েছে। ক্ষিপ্ত জনতাকে পুলিশ লাঠিচার্জও করে। শিলং থেকে ২৫০ কিলোমিটার দূরে বিক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। পাশাপাশি রাজধানী দিল্লিতেও এই বিলের প্রতিবাদে বিক্ষোভ সংঘটিত হয়েছে। জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই বিক্ষোভে নেতৃত্ব দেন।

পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকেও এদিন সকাল থেকে রেল অবরোধ-বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গাতেও আরপিএফ কর্মীদের মারধর করা, কেবিনম্যানকে পেটানো থেকে আগুনও লাগানো হয় স্টেশনে। ডায়মন্ড হারবার শাখার বাসুলডাঙাতেও এবং বারুইপুর-ডায়মন্ড হারবার শাখায় রেল অবরোধ করেন এই আইনের বিরোধীরা।

সূত্র: এই সময়

হজযাত্রীর কোটা ১০ হাজার বাড়ল যেভাবে

0

আগামী বছর থেকে বাংলাদেশি হজযাত্রীর কোটা ১০ হাজার বাড়িয়েছে সৌদি আরব সরকার। দীর্ঘদিন ধরে দাবি জানানোর ধারাবাহিকতায় এ বছর হজচুক্তির আগে ধর্মমন্ত্রী আলহাজ শেখ মো. আব্দুল্লাহ কোটা বাড়ানোর প্রস্তাব তুলে ধরেন। এরই প্রেক্ষিতে হজযাত্রীর কোটা ১০ হাজার বাড়ানোর ঘোষণা দেয় সৌদি সরকার। এর ফলে আগামী বছর বাংলাদেশ থেকে ১ লাখ ৩৭ হাজার জন পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। চলতি বছর এ কোটা ছিল এক লাখ ২৭ হাজার।

গত ৪ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ এবং সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ বিন সালেহ তাহের বেনতেন-এর মধ্যে এ চুক্তি সম্পাদিত হয়।

ধর্মমন্ত্রণালয় সূত্র জানায়, সম্পাদিত চুক্তি অনুযায়ী আগামী বছর ২০২০ সালের হজে বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা ১০হাজার বৃদ্ধি ছাড়াও এজেন্সিপ্রতি হজযাত্রীর সর্বনিম্ন সংখ্যা ১০০ এবং সর্বোচ্চ সংখ্যা ৩০০ বহাল থাকছে। চুক্তি অনুযায়ী (চট্টগ্রাম ও সিলেট বিমান বন্দর ব্যবহারকারী হজযাত্রী ছাড়া) শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন সৌদি আরবের পরিবর্তে ঢাকায় সম্পন্ন করা হবে। মদিনা থেকে হজ ফ্লাইটের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। হজ এজেন্সীগুলোর জন্য এআইটিএ সনদ থাকার শর্তারোপ করা হচ্ছে না। প্রত্যেক হজযাত্রীর ইনস্যুরেন্স কভারেজ দিবে সৌদি সরকার। রুট টু মক্কার ন্যায় ফিরতি হজযাত্রীদের জন্য রুট টু ঢাকার সুবিধা চালু করার বিষয় প্রস্তাব করা হয়েছে। এছাড়া পরিবহন সুবিধা উন্নত ও বৃদ্ধি করার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারও মিনায় দ্বিতল খাট না রাখার বিষয় উল্লেখ রয়েছে চুক্তিতে।

চুক্তির আগে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল এবং সৌদি আরবের হজ ও ওমরাহ প্রতিমন্ত্রী ডক্টর আব্দুল ফাত্তাহ বিন সোলায়মান মাশাতের নেতৃত্বে সৌদি প্রতিনিধি দলের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

হজ চুক্তি-২০২০-এর বৈঠকে বাংলাদেশের পক্ষে ধর্ম প্রতিমন্ত্রীর যত প্রস্তাব: হজ চুক্তিতে আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ যে সকল প্রস্তাব তুলে ধরেন সেগুলো হলো- বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়ানো, রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন করা এবং হজ শেষে দেশে ফেরার সময় জেদ্দা ও মদিনা এয়ারপোর্টে হাজি সাহেবদের ইমিগ্রেশন সহজ করা, হজযাত্রীদের হজের সফরকাল ৪২ দিনের পরিবর্তে ৩০ দিন বা আরো কম সময় নির্ধারণ করা, ভিসা প্রসেসিং সহজ করা, খাওয়া-থাকাসহ সৌদি আরবে বাংলাদেশী হাজিদের সুযোগ-সুবিধা বাড়ানো, কালো তালিকাভূক্ত বেসরকারি এজেন্সীর তালিকা দ্রুত প্রকাশ করা, হাজিগনের জন্য বাধ্যতামূলক খাবার সরবরাহের প্রথা বন্ধ করা এবং মিনায় উন্নতমানের বাংলাদেশী খাদ্য পরিবেশন ও উন্নতমানের আবাসনের ব্যবস্থা করা, হজের সময় বাংলাদেশের আইন লঙ্ঘন করে সৌদি এয়ারলাইন্সের টিকেট বিক্রির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, হজযাত্রী পরিবহনে বাস সার্ভিস উন্নত করা এবং বাংলাদেশী হাজিদের জন্য ট্রেন পরিবহন এর সুবিধা বৃদ্ধি করা।

চুক্তির সময় উপস্থিত বাংলাদেশ প্রতিনিধি দলের অন্য সদস্যগণ হলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো: আনিছুর রহমান, সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মিজানুর রহমান, কাউন্সিলর (হজ), জেদ্দার মোঃ মাকসুদুর রহমান, পরিচালক, ঢাকা হজ অফিসের পরিচালক মোঃ সাইফুল ইসলাম, হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম প্রমুখ।