Home Blog Page 3292

‘বাঙালিগে ধরায় দিচ্ছে, রাখতি চাচ্ছে না’

0

বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বহু মানুষ বাংলাদেশে ঢুকে পড়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। গত এক মাসে শুধু ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত থেকে তিন শতাধিক মানুষকে আটক করেছে বিজিবি।

তবে স্থানীয় লোকজন বলছেন, যে সংখ্যায় মানুষ আটক হচ্ছে তার চেয়ে কয়েকগুণ বেশি মানুষ প্রতিদিন বাংলাদেশে ঢুকে পড়ছে।

অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়া বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে বিবিসি জানার চেষ্টা করেছে এদের পরিচয় কী এবং কেন এই অনুপ্রবেশ?

গত ৯ই ডিসেম্বর রাতে মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ঢোকার সময় ৫৮ বিজিবি সদস্যদের হাতে আটক হয় ১২ জন।

এর মধ্যে রবু নামের একজন ছোট ছেলেকে নিয়ে বাংলাদেশে ঢুকেছেন। সপরিবারে থাকতেন ভারতের মুম্বাই শহরে।

তার দাবি, ভাল কাজের সুযোগ পেতে বাংলাদেশ থেকে তিনি কয়েক বছর আগে ভারতে গিয়েছিলেন। অবৈধ নাগরিক হিসেবে আটক হয়ে তার স্ত্রী ছয় মাস ধরে এখন ভারতের কারাগারে রয়েছেন।

‘ওখানে ধরা পড়ে যাচ্ছে, বাঙালিগে ধরায় দিচ্ছে, রাখতি চাচ্ছে না। এজন্য মানুষজন ওদেশে থাকতি চায় না কেউ। ওদেশে যে কামাই এদেশেও সেই কামাই। এদেশেও এহন রুজি রোজগার করে খাওয়া যাবে,’ বলছেন রবু।

দুই সন্তান নিয়ে আটক হয়েছেন রাবেয়া হাওলাদার। আট বছর ধরে ভারতের পশ্চিমবঙ্গে পুরো পরিবার নিয়ে বসবাস করতেন। তার ছেলের জন্ম হয়েছে ভারতে। বাংলাদেশে নড়াইল জেলার কালিয়াতে তার বাড়ি বলে দাবি করলেন।

স্বেচ্ছায় এসেছেন নাকি কেউ আসতে বাধ্য করেছে এ প্রশ্নে রাবেয়া বলেন, ‘আমি নিজের ইচ্ছায় চলে আসছি। এখন সবকিছু হয়ে গেছে। এখানে বাড়ি করেছি। স্বামীকে বিদেশে পাঠিয়েছি।’

বিজিবি’র হাতে আটক ক্ষিতীশ বসু ভারতের নাগরিক। তার কাছে পাওয়া গেল ভারতীয় পরিচয়পত্র। পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস ভারতের নদীয়া জেলায়।

তার দাবি, ১৯৮৮ সালে তিনি দেশান্তরী হয়েছেন বাংলাদেশের গোপালগঞ্জ থেকে। এবার অসুস্থ ভাইকে দেখতে এসেছেন অবৈধ পথে।

‘এখানে আসছি বেড়াতে। বেড়ায়ে আবার চলে যাব। ওখানে আমার পরিবার আছে, ছেলে, মেয়ে আছে।’

বিজিবি সূত্র জানাচ্ছে, এরা অনুপ্রবেশকারী। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে মহেশপুর সীমান্ত থেকে ৪৭ জনকে আটক করা হয়েছে।

তবে সীমান্তবর্তী গ্রামে ঘুরে জানা যায়, এরকম প্রতিদিনই বহু মানুষ ঢুকছে যাদের ধরা যাচ্ছে না।

সীমান্তবর্তী এলাকার নেপা বাজারে এমন একজনকে পাওয়া গেল যার পরিচয় উদ্ঘাটনে ভিড় জমিয়েছে স্থানীয় গ্রামবাসী। তার দাবি, ভারতে দালালকে ১০ হাজার রুপি দিয়ে তিনি বাংলাদেশে ঢুকেছেন।

বাংলাদেশে ঢোকার পর এপারের দালালরা তার মোবাইল ও টাকাপয়সা সব ছিনিয়ে নিয়েছেন বলে তিনি জানালেন।

সবুজ নামের ওই তরুণ জানান তিনি ব্যাঙ্গালুরু থেকে এসেছেন। আট-নয় মাস আগে কাজের সন্ধানে তিনি ভারতে গিয়েছিলেন।

তার মতো আরো অনেকেই ১০ই ডিসেম্বর রাতে সীমান্ত পার হয়েছেন। কিন্তু ঐ দিন বিজিবির হাতে কেউ আটক হওয়ার খবর পাওয়া যায়নি।

‘আমরা একসাথে ঢুকছি চারজন। অন্য লাইনেও দেখছি ঢুকতে। পঞ্চাশ জনের মতো,’ বলেন সবুজ।

মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গ্রামের মানুষের কথায় পরিস্থিতি অস্বাভাবিক, এবং আগে কখনোই ভারত থেকে এরকম মানুষকে বাংলাদেশে প্রবেশ করতে দেখেননি তারা।

সীমান্তবর্তী নেপা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বাবু শেখ বলেন, প্রতিদিনই মানুষ ঢুকছে। একশ্রেণীর দালাল চক্র এখন খুবই তৎপর বলেও তিনি দাবি করেন।

‘পঞ্চাশ-একশ প্রত্যেক দিনই আসতেছে। এ এলাকারই লোকজন আছে তারাই শেল্টার দেয়,’ বলছেন তিনি, ‘এজন্যই মনে করেন, আমাদের আইনরক্ষকরা ব্যর্থ হয়। কারণ এদের ধরার জন্য বিজিবি বসে থাকে,আর বিজিবিকে পাহারা দেয়ার জন্য থাকে আমাদের লোকজন।’

মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের বিষয়টি শুরু থেকে পর্যবেক্ষণ করছেন স্থানীয় সাংবাদিক ও মানবাধিকারকর্মী আব্দুর রহমান।

বিজিবির হাতে আটক অনেকের সঙ্গেই তার কথা হয়েছে। তিনি বলেন, এমন অনেকেও এসেছে যারা এক যুগেরও বেশি সময় ধরে ভারতে বসবাস করছিলেন।

‘যারা ধরা পড়ছে তার তিনগুণ বেশি ধরা পড়েনি। তারা যে বর্ণনা দিচ্ছে তাদের নাম ঠিকানায় যা জানা যাচ্ছে তারা বেশিরভাগই মুসলিম। তারা আতঙ্কগ্রস্ত। এবং আমার যেটা মনে হচ্ছে যে ভারতের এনআরসির প্রভাবেই তারা এখন সেখান থেকে বিতাড়িত হয়ে ফিরে আসছে।’

‘আমরা যেটা খবর পাচ্ছি আমাদের সোর্সের মাধ্যমে সেটা হচ্ছে যে বিএসএফ এই সমস্ত মানুষদের বর্ডার ক্রস করার জন্য সহযোগিতাও করছে।’

ভারত থেকে বাংলাদেশে গোপনে জোরপূর্বক ‘পুশব্যাক’ চলছে এমন অভিযোগ নিয়ে ভারতের মানবাধিকার কর্মীরাই সোচ্চার হয়েছে বলে খবর বেরিয়েছে।

বাংলাদেশে সীমান্তবর্তী অন্যান্য জেলায়ও অনুপ্রবেশের খবর আসছে। মাঠ পর্যায়ে বিজিবি এসব তথ্য জানালেও আনুষ্ঠানিকভাবে তারা কোনো কথাই বলতে রাজি না।

বিজিবি সদরদপ্তরে যোগাযোগ করেও এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনও বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।

ওদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী বিবিসিকে বলেছেন, বিষয়টি নিয়ে উদ্বেগের কিছু নেই। এবং সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

ধর্ষণ নিয়ে মন্তব্যে রাহুলকে ক্ষমা চাইতে বললেন বিজেপি সাংসদরা

0

ধর্ষণ নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের জেরে শুক্রবার উত্তপ্ত হয়েছে ভারতের লোকসভা। লোকসভায় বিক্ষোভ দেখিয়েছেন ক্ষমতাসীন বিজেপি সাংসদরা। অবিলম্বে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানান তারা।

জানা গেছে, স্মৃতি ইরানি, লকেট চট্টোপাধ্যায়সহ বিজেপি সাংসদরা সেই দাবি করেছেন। বিজেপির বিক্ষোভের জেরে ব্যাপক হট্টগোল হয়েছে লোকসভায়।

এদিকে গত বৃহস্পতিবার ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধী মন্তব্য করেছেন, মেক ইন ইন্ডিয়া’র কথা বলেন প্রধানমন্ত্রী। কিন্তু এখন সব জায়গায় ‘রেপ ইন ইন্ডিয়া’ হচ্ছে। উত্তরপ্রদেশে মোদিরই বিধায়ক ধর্ষণ করেছে এক নারীকে।

তিনি আরো বলেন, নির্যাতিতাকে গাড়ি দুর্ঘটনায় হত্যার চেষ্টা করা হয়। কিন্তু তখন মোদি একটি শব্দও খরচ করেননি। বেটি বাঁচাও, বেটি পড়াও বার্তা দিলেও কাদের হাত থেকে মেয়েদের বাঁচা উচিত তা মোদি বলেননি। বিজেপি বিধায়কের হাত থেকে মেয়েদের বাঁচা উচিত বলে মনে করেন কংগ্রেস সাংসদ।

রাহুলের ওই মন্তব্য ঘিরেই উত্তাল হয় লোকসভার অধিবেশন। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, দেশের নারীদের ধর্ষণ করার কথা কোনো নেতা প্রকাশ্যে বলছেন, দেশের ইতিহাসে প্রথম। ধর্ষণের মতো পাশবিক বিষয় নিয়ে রাজনীতি করছেন রাহুল। অবিলম্বে রাহুলকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি তার।

এবার মেঘালয়ে কারফিউ জারি, বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ

0

নাগরিকত্ব (সংশোধনী) বিলের বিরুদ্ধে বিক্ষোভ সামাল দিতে এবার ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট ও এসএমএস সেবা।

মেঘালয়ের রাজধানী শিলংয়ে মোবাইল ফোন থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, অন্তত দুটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। শহরের প্রধান বাণিজ্যিক এলাকা পুলিশ বাজার বন্ধ করে দেওয়া হচ্ছে।

টুইটারে পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা গেছে, বৃহস্পতিবার রাতে শহরের প্রধান সড়কে বিশাল টর্চলাইট মিছিল বের করা হয়েছে।

রাজধানী থেকে ২৫০ কিলোমিটার দূরে উইলিয়ামনগরে মুখ্যমন্ত্রী কনরাড সাংমা হেলিকপ্টার থেকে নামার পর তাকে ধুয়োধ্বনি দিয়েছে নাগরিকত্ব (সংশোধনী) বিলের বিরোধীরা। প্রধানমন্ত্রীর গাড়িবহরের সামনেই তরুণ-তরুণীরা ‘কনরাড ফিরে যাও’ স্লোগান দেয়।

টুইটবার্তায় মেঘালয় পুলিশ জনগণকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে। একইসঙ্গে শিলংয়ের কিছু এলাকায় কারফিউ জারি ও এসএমএস সেবা বন্ধের বিষয়টি জানানো হয়েছে।

নাগরিকত্ব (সংশোধনী) বিলের প্রতিবাদে প্রতিবেশী আসাম গত দুদিন ধরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। পুলিশের সঙ্গে সংঘাতে রাজ্যে এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে মেঘালয় রাজ্যে কারফিউ জারির কারণে বন্ধ রয়েছে বাংলাদেশের সিলেট সীমান্ত। বিশেষ করে তামাবিল-ডাউকি শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশিদের যাতায়াত ও পণ্য রফতানি বন্ধ করে দিয়েছে ভারতের ইমিগ্রেশন।

তামাবিল স্থল বন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ গণমাধ্যমকে বলেন, ডাউকি সীমান্ত দিয়ে বাংলাদেশিদের ভারতে ঢুকতে দিচ্ছেন না সে দেশের ইমিগ্রেশন কর্মকর্তারা। ফলে ভারতে বেড়াতে কিংবা ব্যবসার কাজে বাংলাদেশিদের যাওয়া বন্ধ রয়েছে। তাছাড়া শুক্রবার (১৩ ডিসেম্বর) কোনো পণ্য রফতানি হয়নি। তবে আমদানি অব্যাহত আছে।

ডাউকি কাস্টমস কর্মকর্তা ডেকলিন রেনজা বলেন, কারফিউর কারণে শিলংয়ে হোটেল-দোকানপাট সব বন্ধ আছে। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবেই তাদের যেতে দেওয়া হচ্ছে না। অবশ্য পরিস্থিতি শান্ত হলে পর্যটকরা যেতে পারবেন।

এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বাংলাদেশি পর্যটকেরাও।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ছুটির দিন হওয়ায় পর্যটকদের ভিড়ও ছিল তুলনামূলক বেশি। কিন্তু পর্যটকরা তামাবিল গিয়ে ফিরে আসেন।

পর্যটকদের অনেকে জানান, বাংলাদেশের ইমিগ্রেশন থেকে ছেড়ে দেওয়া হলেও ভারতীয় ইমিগ্রেশন তাদের আটকে দেয়।

পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল, যা বলছে আনন্দবাজার

0

গতকাল পূর্বনির্ধারিত ভারত সফর বাতিল করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান ডায়ালগে অংশ নিতে ভারত যাওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রীর। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও তার সফর স্থগিত করেছেন। ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রীর সেখানে যাওয়ার কথা ছিল।

হঠাৎ করে বাংলাদেশের দুই মন্ত্রীর এভাবে সফরসূচিতে পরিবর্তন আনার বিষয়টিতে একটি বার্তা রয়েছে বলে মন্তব্য করা হয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে। তারা ওই প্রতিবেদনের শিরোনাম করেছে : বিদেশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর আটকে বার্তা হাসিনার। প্রতিবেদনটি পাঠকদের জন্য তুলে ধরা হলো…

“নয়াদিল্লির বিমানে ওঠার কয়েক ঘণ্টা আগে আজ সফর বাতিল করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভারত ওশিয়ান সংলাপে যোগ দিতে তিন দিনের এই সফর বাতিলের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, বাংলাদেশে বিজয় দিবস (১৬ ডিসেম্বর) এবং বুদ্ধিজীবী হত্যা দিবস (১৪ ডিসেম্বর) সামনেই। সেই অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকতে হবে তাকে। একই সময়ে ওশিয়ান সংলাপের তারিখ পড়ায় তার আসা হল না। শুক্রবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার আমন্ত্রণে শিলংয়ে যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। রাতে তার মন্ত্রণালয় জানিয়েছে, পরে ‘উপযুক্ত সময়ে’ মন্ত্রী এই সফরে যাবেন।

প্রশ্ন উঠেছে, যে-সব অনুষ্ঠানের কারণ দেখিয়ে বিদেশমন্ত্রীর সফর বাতিল করা হল, সেগুলি বহু বছর ধরে ওই দিনেই হয়! ওশিয়ান সংলাপের দিনও স্থির হয়েছে মাসখানেক আগে। তা হলে সম্মতি দিয়েও শেষ মুহূর্তে কেন বিমানে উঠলেন না মোমেন? কূটনৈতিক সূত্রের বক্তব্য, এই সিদ্ধান্ত সে-দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বুধবার রাতে মোমেন হাসিনার বাসভবনে দেখা করতে গিয়েই এই নির্দেশ নিয়ে ফিরেছেন। সম্প্রতি সংসদে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলটি যে ঢাকার রাজনৈতিক এবং সামাজিক পরিসরে গভীর অসন্তোষ তৈরি করেছে তা, এই সিদ্ধান্তে স্পষ্ট হয়ে গেল। মোদি সরকারকে এতটা কড়া বার্তা দিতে সাম্প্রতিক কালে দেখা যায়নি বলে মনে করছেন কূটনীতিকেরা।

আজ অবশ্য সাংবাদিক বৈঠক করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবীশ কুমার বিশদভাবে বুঝিয়েছেন, কেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর সফর বাতিল করা এবং সিএবি পাশের বিষয়টিকে পৃথক ভাবে দেখা উচিত। সংসদের দুই কক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতা উদ্ধৃত করে রাবীশ আজ তার সবিস্তার ব্যাখ্যা দিয়েছেন। তার বক্তব্য, অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন যে ভারত সরকার মনে করে সামরিক শাসন এবং খালেদা জিয়ার সময়েই সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছিল। এই প্রসঙ্গে বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনার ভূমিকার প্রশংসাই করেছেন শাহ।

কিন্তু ঘটনার গতি থেকে স্পষ্ট যে বাংলাদেশের অসন্তোষ গভীরে। গতকাল রাতে সিএবি পাশ হওয়ার পর এই মোমেনই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, ভারতের নিজের দেশে অনেক সমস্যা রয়েছে। ওরা নিজেদের মধ্যে লড়াই করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। বন্ধু দেশ হিসাবে আমরা আশা করছি ভারত এমন কিছু করবে না, যাতে বন্ধুত্ব নষ্ট হয়।

তাঁর কথায়, বাংলাদেশের মতো খুব কম দেশই রয়েছে যেখানে এত সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। উনি (অমিত শাহ) আমাদের দেশে কয়েক মাস থাকলেই দেখতে পাবেন, এখানকার সম্প্রীতি নজির হতে পারে।

বাংলাদেশ সূত্রের বক্তব্য, বিল পাশের সময় যে ভাবে বার বার পাকিস্তানের সঙ্গে একই বন্ধনীতে বাংলাদেশকে রেখে সংখ্যালঘু নিপীড়নের দিকটি তুলে ধরা হয়েছে, তা হাসিনা সরকারের জন্য বিড়ম্বনার।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আজ সফর বাতিল করার পরে সাংবাদিক বৈঠকে রাবীশ বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ এবং মজবুত। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল এবং নাগরিকত্ব বিল পাশ হওয়া, দু’টি আলাদা ঘটনা। নয়াদিল্লি না আসতে পারার কারণ হিসাবে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী নির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছেন। সেটিকেই মানা উচিত।

পাশাপাশি রাবীশ বাংলাদেশকে বার্তা দিতে চেয়ে বলেছেন, সত্যি কথা বলতে কি, কিছু বিভ্রান্তি হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সাফ ব্যাখ্যা করেছেন যে সংখ্যালঘুদের উপর ধর্মীয় উৎপীড়ন বর্তমান সরকারের সময় হয়নি। সে দেশে পূর্ববর্তী সরকার এবং সামরিক শাসনের সময় এটা হয়েছে। বরং বর্তমান হাসিনা সরকার সংখ্যালঘুদের স্বার্থরক্ষায় বেশ কিছু পদক্ষেপ করেছেন।

ঢাকা সূত্রের বক্তব্য, বঙ্গবন্ধু ও হাসিনার প্রশংসা করার পাশাপাশি অমিত শাহ এ কথাও বলেছেন, একাত্তরের পরেও সে-দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ঘটনা ঘটছে।

ঢাকা মনে করে, কার সময়ে কী ঘটেছে সেই কাদা বার বার ছোঁড়ায় সংখ্যালঘু নির্যাতন নিয়ে সার্বিকভাবে একটি বার্তা গিয়েছে। আওয়ামি লিগের কট্টর ইসলামি অংশকে ভারত-বিরোধিতার জিগির তোলায় উদ্বুদ্ধ করার পক্ষে তা যথেষ্ট। ভারত-বিদ্বেষী প্রচারের ইন্ধন জোগাতে শুরু করেছে বিএনপি-ও। গত অক্টোবরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে কূটনৈতিক কর্তারা ভারতে এসেছিলেন, তাদের মতে- অসম ও পশ্চিমবঙ্গ থেকে মুসলিমদের বাংলাদেশে ফেরত পাঠানোর আতঙ্ক তৈরি হয়েছে বাংলাদেশের জনমানসে। ঘরোয়া রাজনীতিতে তা হাসিনার পক্ষে অনুকূল নয়। আওয়ামী লিগের ইসলামপন্থী অংশ ভারত-বিরোধী প্রচার শুরু করলে ভারত-বাংলাদেশ কৌশলগত ও বাণিজ্যিক আদানপ্রদান বাধার মুখে পড়তে পারে বলে তাদের আশঙ্কা। মাঝখান থেকে চীনের প্রতি নির্ভরতা বাড়বে ঢাকার।”

তবে এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল, বয়কটের কোনো বিষয় নয়। এটা আমি যতটুকু জানি, বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস একদম আমাদের দুয়ারে সমাগত। রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে তারা ভারত সফরে না-ও যেতে পারেন। তবে পরবর্তীতে যাবেন।’

‘সফর চিরতরে বাতিল হয়নি। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, গঠনমূলক বন্ধুত্ব রয়েছে। কোনো বিষয়ে সমস্যা হলে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।’

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে মন্ত্রী বলেন, ‘ভারত একটি স্বাধীন-স্বার্বভৌম দেশ। তাদের পার্লামেন্টে যদি কোনো আইন পাস হয় সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের সেখানে মন্তব্য করা সমীচীন নয়। তবে যে বিষয়গুলো আমাদের এফেক্ট করে বা প্রতিক্রিয়াটা আমাদের কাছে আসে বা আমরা এফেক্টেড হই, অব্যশই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে। সেখান থেকে অলরেডি বক্তব্য রাখা হয়েছে।’

`দুই মন্ত্রীর ভারত সফর বাতিল, বয়কটের বিষয় নয়’

0

গতকাল দুপুরে ভারত সফর বাতিল করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের আমন্ত্রণে বৃহস্পতিবার বিকালেই দিল্লি যাওয়ার কথা ছিল তার। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও ভারত সফর স্থগিত করেন। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল, বয়কটের কোনো বিষয় নয়। এটা আমি যতটুকু জানি, বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস একদম আমাদের দুয়ারে সমাগত। রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে তারা ভারত সফরে না-ও যেতে পারেন। তবে পরবর্তীতে যাবেন।

ভারত সফর বাতিলের বিষয়টি নিয়ে অনেকেই মনে করছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবনতি হয়েছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সফর চিরতরে বাতিল হয়নি। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, গঠনমূলক বন্ধুত্ব রয়েছে। কোনো বিষয়ে সমস্যা হলে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে মন্ত্রী বলেন, ভারত একটি স্বাধীন-স্বার্বভৌম দেশ। তাদের পার্লামেন্টে যদি কোনো আইন পাস হয় সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের সেখানে মন্তব্য করা সমীচীন নয়। তবে যে বিষয়গুলো আমাদের এফেক্ট করে বা প্রতিক্রিয়াটা আমাদের কাছে আসে বা আমরা এফেক্টেড হই, অব্যশই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে। সেখান থেকে অলরেডি বক্তব্য রাখা হয়েছে। পররাষ্ট্র থেকে যে বক্তব্য রাখা হয়েছে এর বাইরে আমার কোনো ভিন্ন বক্তব্য নেই।

লাইনের তুলনায় ট্রেন বাড়ায় শিডিউল বিপর্যয় : রেলমন্ত্রী

0

উত্তরবঙ্গের ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণ ব্যাখা করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগে ১১টি ট্রেন দৈনিক আপ-ডাউন করতো। সেখানে এখন ২১টি ট্রেন আপ-ডাউন করে। কিন্তু রেল লাইন বৃদ্ধি পায়নি। শুধুমাত্র টঙ্গী থেকে ঈশ্বরদী পর্যন্ত একটি রেললাইন ব্যবহার করতে হচ্ছে। সেখানে অন্যান্য ট্রেনও চলাচল করে। এ কারণেই উত্তরাঞ্চলের ট্রেনে শিডিউল বিপর্যয় ঘটে।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নর্থবেঙ্গল জার্নালিস্ট ফোরামের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, লোকবল সংকটের কারণে সারা দেশে ১০৪টি রেলস্টেশন বন্ধ রয়েছে। তিনি বলেন, সত্তরের দশকে রেলের লোকবল ছিল ৭০ হাজারের ওপরে। কমতে কমতে এখন তা দাঁড়িয়েছে ২৭ হাজারে। যার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে শতাধিক রেলস্টেশন।

রেলের নাজুক অবস্থা দূর করার জন্য ঢাকা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর সঙ্গে ব্রডগেজ ও ডুয়েল গেজ লাইন বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

‘খালেদার জামিন নিয়ে বিতর্কের সুযোগ আছে বলে মনে হয় না’

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নাকচের ব্যাপারে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সকল কাগজপত্র দেখার পর এই জামিন আবেদন নাকচ করা হয়েছে। এখানে বিতর্কের কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না।’

আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের পাশে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের খালেদার জামিন প্রসঙ্গে বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, তারা দলে নিজেদের নেতৃত্ব বজায় রাখার জন্য আজেবাজে কথা বলছেন।

বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা মনে আছে। সেই সময়ে তারা আর ফিরে যেতে চায় না। দেশে এখন সেই পরিস্থিতি নেই।’

এ সময় মন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা প্রমুখ উপস্থিত ছিলেন।

শাহজালাল বিমানবন্দরে দুই কেজি স্বর্ণসহ একজন আটক

0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আগত এক যাত্রীকে তল্লাশি করে দুই কেজি ১২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সৈয়দ আহমেদ মল্লিক নামে ওই যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে আটক করা হয়। কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি মদিনা থেকে ঢাকায় অবতরণ করেন। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে তাকে স্বর্ণসহ আটক করা হয় বলে জানিয়েছে কাস্টমস সূত্র।

আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় এক কোটি ৬ লাখ টাকা।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। এরপর ওই যাত্রীর জ্যাকেট ও পাঞ্জাবির পকেটে স্বর্ণের ১৭টি চুড়ি পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি ১২০ গ্রাম।

ওই যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

সামাজিক-সাংস্কৃতিক বিষয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান রাষ্ট্রপতির

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য দেশের সাংস্কৃতিক কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের (বিএসজে) একটি প্রতিনিধি দল সংগঠনের সভাপতি অভিনেত্রী তারানা হালিমের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে রাষ্ট্রপ্রধান এ আহ্বান জানান।

তিনি বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান সূচক হচ্ছে শিল্প ও সংস্কৃতি। সমাজের অনিয়ম, নিপীড়ন ও নির্যাতনসহ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে শিল্প ও সংস্কৃতির মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা সম্ভব।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, তারা (সাংস্কৃতিক ব্যক্তিত্বরা) আগামীতে বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতনতা সৃষ্টিতে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, সাক্ষাতকালে বিএসজের প্রতিনিধি দলটি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। রাষ্ট্রপতিকে পথ নাটক ও ইস্যুভিত্তিক নাটক এবং অতীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিএসজের ভূমিকাসহ জোটের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড সর্ম্পকেও অবহিত করা হয়।

আবদুলল হামিদ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের আইটি সেক্টরে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

0

বাংলাদেশি-ব্রিটিশদের বাংলাদেশের আইটি সেক্টরে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম।

বৃহস্পতিবার লন্ডন মিশনে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯‘ উদযাপনে আয়োজিত এক অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৬ লাখ আইটি ভিত্তিক ফ্রিল্যান্সার রয়েছে। ব্রিটিশ-বাংলাদেশিরা এই ফ্রিল্যান্সারদের কাজে লাগিয়ে বাংলাদেশের সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক অনেক জোরদার করতে পারেন।

তিনি বলেন, বাংলাদেশ হাইকমিশন আগামী বছরের মধ্যে যুক্তরাজ্যের সাথে আইটি সেক্টরে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে। এ সমঝোতা স্মারকের জন্য বাংলাদেশি-ব্রিটিশ আইটি পেশাজিবীদের কাছ থেকে তিনি পরামর্শ আহ্বান করেন। হাইকমিশনার আশা করেন সমঝোতা স্মারক স্বাক্ষরের পর দু‘দেশের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে আরো গভীর ও সুদৃঢ় সম্পর্ক স্থাপনের দ্বার উম্মেচিত হবে।

তিনি বলেন, বাংলাদেশ সরকার আইটি ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করে এসব প্রণোদনা নিয়ে তাদের ব্যবসায়ের লাভ ও প্রবৃদ্ধি দ্রুত বাড়াতে পারেন।

এ বছরে আইটি দিবসের মূল প্রতিপাদ্য ‘সত্য-মিথা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ -এর ওপর আলোকপাত করে তিনি বলেন, বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তথ্য ও খবরা-খবর আদান-প্রদান করা হচ্ছে তার প্রায় অর্ধেকই ভিত্তিহীন। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনোকিছু শেয়ার করার আগে তার সত্য-মিথা যাচাই করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশি-ব্রিটিশ আইটি পেশাজীবী ও আইটি কম্পানির প্রতিনিধিরা অংশ নেন। তারা বাংলাদেশের তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার বিষয়ে মতামত ও পরামর্শ দেন। যুক্তরাজ্য মিশনের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে বাংলাদেশের তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও অর্জনের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।