Home Blog Page 3294

‘মানুষের জন্য যদি হিরো থেকে জিরো হতে হয় তাই হবো’

0

মানুষের জন্য যদি হিরো থেকে জিরো হতে হয় তবে আমি তাই হবো বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সর্বজনীন স্বাস্থ্যসুরক্ষা দিবস-২০১৯ উপলক্ষে পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের (পিএইচএফবিডি) আয়োজিত মুক্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, কোনো কিছুর পেছনে লেগে থাকলে সফলতা আসবেই। আমি দীর্ঘ ২০ বছর ধরে নিসচা আন্দোলন চালিয়ে যাচ্ছি‌‌। অনেকেই আমাকে বলেছিলেন আন্দোলন না করার জন্য। তবুও আমি আন্দোলন চালিয়ে যাচ্ছি। অনেকে আবার আমাকে বলেছিলেন তুমি আন্দোলনে গেলে হিরো থেকে জিরো হয়ে যাবে। তখন আমি তাদের বলেছিলাম মানুষের জন্য যদি জিরো হতে হয় তাহলে আমি তাই হবো।

তিনি আরও বলেন, নিসচা আন্দোলন করতে গিয়ে অনেক বাধা অতিক্রম করেছি। নিজের লক্ষ্যের পেছনে লেগে থাকা মানে প্রমিসকে রক্ষা করা।

পিএইচএফবিডির চেয়ারম্যান প্রফেসর ড. শারমিন ইয়াসমিনের সভাপতিত্বে মুক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিভাগ প্রফেসর ড. হাফিজা, আরজুমান, ড. মেহেদি হাসান ওয়ালি প্রমুখ।

৬ ডিগ্রিতে নামবে তাপমাত্রা, আসছে তীব্র শৈত্যপ্রবাহ

0

চলতি মাসের শেষের দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। ডিসেম্বর মাসের দীর্ঘ মেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছেন আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ।

এতে বলা হয়, এ মাসের প্রথমার্ধে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। কিন্তু মাসের শেষার্ধে রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কম থাকতে পারে।

ডিসেম্বর মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক-দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

চলতি মাসে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ নদী অববাহিকায় ঘন অথবা মাঝারি কুয়াশা এবং দেশের অন্যত্র মাঝারি অথবা হালকা ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া ডিসেম্বর মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যা নিম্নচাপে পরিণত হতে পারে।

শুরু হলো দেশের বৃহত্তম এইচ আর প্রতিযোগিতা

0

নর্থসাউথ বিশ্ববিদ্যালয় এইচ আর ক্লাবের উদ্যোগে এবছর তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ক্লাবটির প্রধান ইভেন্ট এইচআর কোলাবরেশন ৩.০।

প্রতিযোগিতামূলক এই ইভেন্টটি এখন পর্যন্ত বাংলাদেশর একমাত্র এবং সর্ববৃহৎ এইচআর মডেল মেকিং প্রতিযোগিতা। নতুন আঙ্গিকে আয়োজনপ্রিয় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবে সাড়া জাগানো এই প্রতিযোগিতাটির এবারের পর্বটি গত দুবারের তুলনায় এ বছরে আরো বড় পরিসরে আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই ২৪ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত ছিলো। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতিযোগিতাটিতে অংশগ্রহণের জন্য আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা ছিলো অপ্রত্যাশিত এবং অসাধারণ। সর্বমোট ৩৮৬টি টিম অংশগ্রহণকারী হিসেবে রেজিস্ট্রেশন করেছে।

৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতাটির প্রথম পর্ব সুষ্ঠু ও সফলভাবে শেষ হয়েছে। অংশগ্রহণকারী প্রতিটি টিমকে প্রথম রাউন্ডের কেইস অনলাইনে পাঠানো হয়েছে, যেটি তারা ২৪ ঘণ্টার মধ্যে সমাধান করে অনলাইনে জমা দিয়েছে।

প্রতিযোগিতাটির দ্বিতীয় পর্ব হবে ১৩ ডিসেম্বর। সেদিন, প্রতিযোগীদের দ্বিতীয় রাউন্ডের কেস প্রদান করার আগে তাদের জন্য একটি কর্মশালা আয়োজিত হবে, যেটি পরিচালনা করবেন, কর্পোরেট দুনিয়ার বিভিন্ন কর্মক্ষেত্রে বিশেষত্বধারী, এবং অভিজ্ঞ ব্যক্তিবর্গ। কর্মশালাটিতে তারা উত্তীর্ণ প্রতিযোগিদের সঙ্গে তাদের নিজেদের জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

মিডিয়া পার্টনার হিসেবে আছে কালের কণ্ঠ।

সেনাবাহিনীতে ৪টি প্রশিক্ষণ বিমান সংযোজন

0

বাংলাদেশ সেনাবাহিনীর বিমান বহরে নতুনভাবে চারটি ডায়মন্ড ডিএ৪০এনজি প্রশিক্ষণ বিমান সংযোজিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ আর্মি এভিয়েশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও অন্যান্য বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আর্মি এভিয়েশন গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য সেনাবাহিনীর আভিযানিক কার্যক্রমে প্রত্যক্ষভাবে বিমান সহায়তা প্রদান করা। আধুনিক সেনাবাহিনীর সাথে সামঞ্জস্যতা রেখে আর্মি এভিয়েশনে সংযোজিত হয়েছে আধুনিক হেলিকপ্টার ও সামরিক বিমান। এই প্রতিষ্ঠান ১৯৭৮ সাল থেকে তেজগাঁও পুরাতন বিমান বন্দর এলাকা হতে কর্মকাণ্ড পরিচালনা করছে। বর্তমানে আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বহরে রয়েছে সেসনা-১৫২ এ্যারোব্যাট, সেসনা গ্রান্ড ক্যারাভান সিই-২০৮বি বিমান, বেল-২০৬ এল ৪ হেলিকপ্টার, ইউরোকপ্টার ডফিন এএস ৩৬৫ এন৩+, এমআই ১৭১ এস এইচ হেলিকপ্টার এবং কাসা সি-২৯৫ ডাব্লিউ বিমান।

শান্তিকালীন সময়ে আর্মি এভিয়েশন সেনা বৈমানিকদের প্রশিক্ষণ, বিভিন্ন অনুশীলন ও মহড়ায় অংশগ্রহণ, জরুরি চিকিৎসার জন্য রোগী স্থানান্তর, সেনাবাহিনীর প্রয়োজনীয় মালামাল পরিবহন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন ও প্রশাসনিক কর্মকাণ্ডে জরুরি প্রয়োজনে সহযোগিতা প্রদান করে থাকে। উপরোক্ত কর্মকান্ডের পাশাপাশি যুদ্ধকালীন সময়ের পূর্ব প্রস্তুতি হিসেবে সম্মুখ সমরে অংশগ্রহণ ও ফায়ার সহায়তা প্রদান, বিশেষ বিশেষ জায়গায় ভূমির স্বরূপ পর্যবেক্ষণ, আকাশ পর্যবেক্ষক হিসেবে গোলা নিয়ন্ত্রণ, জরুরি রিইনফোর্সমেন্ট সহায়তা, কমান্ডো অপারেশনে সহায়তা, জরুরি রশদ সরবরাহ ও যুদ্ধক্ষেত্রে রোগী স্থানান্তরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ যুদ্ধকালীন দায়িত্ব পালনের সক্ষমতা প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে রপ্ত করে থাকে।

তথ্য-প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে : স্পিকার

0

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্বল্প সময়ের পথচলায় তথ্য-প্রযুক্তি খাতে আমাদের ব্যাপক অর্জন ও সফলতা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সমগ্র বিশ্বের নিকট উন্নয়ন বিস্ময়। এই উন্নয়নকে তরান্বিত করতে তথ্য প্রযুক্তির ব্যবহার ব্যাপক ও ফলপ্রসূ ভূমিকা রাখছে। তবে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে তথ্য-প্রযুক্তি ব্যবহারে আমাদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে ‘৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত র‌্যালির উদ্বোধন করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ প্রমূখ।

আলোচনায় স্পিকার বলেন, এমন আয়োজন টেকসই ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ নির্মাণে সকলকে অনুপ্রাণিত করবে। আজকের প্রতিপাদ্য ‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ আমাদের সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।

তিনি আরো বলেন, যে কোন কিছু ব্যবহারের ক্ষেত্রে একটি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোন লেখা বা পোস্ট সোশাল মিডিয়ায় পরিবেশনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অস্থিতিশীলতা যেন সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকতে হবে। কোন তথ্য সত্যতা যাচাইয়ের মাধ্যমে পরিবেশন করতে হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ পরিকল্পনার মাধ্যমে সরকারি ও বেসরকারি খাতে আধুনিকায়ন, সারা দেশে ইন্টারনেট সংযোগ, মোবাইল ফোনের যুগান্তকারী ব্যবহার, আইটি পণ্য উৎপাদন ও রপ্তানি, জাতীয় শিক্ষাক্রমে আইসিটি শিক্ষা সংযোজন, আইসিটি প্রশিক্ষণসহ ব্যাপক কর্মসূচি সারা বাংলাদেশে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ মহাকাশে সফলভাবে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপনে সক্ষম হয়েছে। শ্রমশক্তির জন্য সুযোগ ও কর্মসংস্থান তৈরিতে আইসিটি ব্যাপক ভূমিকা রাখছে। প্রযুক্তিনির্ভর শ্রমশক্তি তৈরিতে নানা প্রশিক্ষণের মাধ্যমে তরুণশক্তিকে কাজে লাগানোর কর্মযজ্ঞ চলমান রয়েছে। নাগরিকদের কাছে ডিজিটাল সেবা প্রদান ও তাদের কাছে সকল রকম সুবিধা এখন শুধু শহরভিত্তিক নয়, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গ্রামে শহরের সকল সুবিধা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে সহযোগী ও সহায়ক হিসেবে ৫ হাজারের অধিক ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। সেখান থেকে মানুষ তথ্য প্রযুক্তির সকল সেবা গ্রহণ করছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন তখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৫৬ লাখ। আর মাত্র ৪০ শতাংশ মানুষের ঘরে বিদ্যুতের সংযোগ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব ও প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের পরামর্শে মাত্র ১১ বছরের মধ্যে ডিজিটাল বাংলাদেশে ১০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী এবং ৯৫ ভাগ মানুষের ঘর বিদ্যুতায়িত। এখন সারাদেশে ৫ হাজার ৮৬৫টি ডিজিটাল সেন্টারে প্রতিদিন ৬৯ লাখ মানুষ ১৫০ রকমের সেবা গ্রহণ করছে। ফলে সময় ও অর্থ অপচয় রোধ হয়েছে ও হয়রানি দুর্নীতি কমেছে।

‘খালেদার মামলা দুর্নীতির, সরকারের কিছু করার নেই’

0

‘খালেদা জিয়ার মামলা দুর্নীতির মামলা। এখানে সরকারের করার কিছু নেই। এটা আদালতের এখতিয়ার। শেখ হাসিনার আমলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।’

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রায়ের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মামলা দুর্নীতির মামলা। এখানে সরকারের করার কিছু নেই। খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদালতের ওপর সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ নেই। তাঁর জামিন আদালতের বিষয়। শেখ হাসিনা সরকারের আমলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা ভোগ করছে বলে উল্লেখ করেন তিনি।

চলমান শুদ্ধি অভিযান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শুদ্ধি অভিযান চলছে, তৃণমূলেও তা অব্যাহত থাকবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) কাজ করছে। সারা দেশের দুর্নীতিবাজদের তালিকাও তাঁরা করেছেন। তালিকা ধরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে আজ বৃহস্পতিবার সকাল ১০টার কিছু সময় পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চে খালেদা জিয়ার জামিন শুনানি শুরু হয়। শুনানি শেষে তাঁর জামিন আবেদন খারিজ করেন আপিল বেঞ্চ।

নাগরিকত্ব বিলের প্রতিবাদ : পুলিশের আইজির পদত্যাগ

0

গতকাল ভারতে রাজ্যসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল-২০১৯ (সিএবি) পাস হয়েছে। এই বিলের বিরোধিতায় উত্তাল পুরো ভারত। সেই বিলের বিরোধিতা করে পদত্যাগ করলেন এক পদস্থ পুলিশ কর্মকর্তা। তিনি মুম্বাইয়ের আইজিপি আবদুর রহমান। তাঁর অভিযোগ, পাস হওয়া সেই নাগরিকত্ব বিল অসংবিধানিক এবং সম্পূর্ণ সাম্প্রদায়িক। মুম্বাইয়ের আইজিপি আবদুর রহমান আজ বৃহস্পতিবার থেকেই আর কার্যালয়ে আসবেন না জানান।

বুধবার সন্ধ্যায় রাজ্যসভায় পাশ হয়েছে বিতর্কিত নাগরিকত্ব বিল। রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে এই বিল। বিলে বলা হয়েছে, আফগানিস্তান পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় পীড়নের কারণে এ দেশে শরণার্থী হিসেবে হিন্দু, পার্সি, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীরা আশ্রয় নিতে বাধ্য হলে, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। সেখানে প্রতিবেশী দেশ থেকে আসা মুসলিমদের বিষয়ে কোনও উল্লেখ নেই। এই বিলকে সাম্প্রদায়িক ও সংবিধান পরিপন্থী বলেও সরব হয়েছেন বিরোধীরা। এবার সেই একই সুর মুম্বইয়ের পদত্যাগী আইজির গলাতেও।

এ বিষয়ে ওই পুলিশ কর্মকর্তার দাবি, এই বিল দেশের ধর্মীয় বহুত্ববাদ বিরোধী। আমি দেশবাসীর কাছে গণতান্ত্রিক উপায়ে এই বিলের প্রতিবাদ করার আর্জি জানাচ্ছি। এটি সংবিধানের কাঠামো বিরোধীও বটে।

পুলিশ কর্মকর্তা আবদুর রহমান বলেন, আমি বিলের তীব্র বিরোধিতা করছি। এটি আমাদের সংবিধান পরিপন্থী। এই বিল পাশের প্রতিবাদে আমি চাকরি থেকে ইস্তফা দিচ্ছি।

তবে এখানেই শেষ নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সরাসরি মিথ্যাচারেরও অভিযোগ এনেছেন রহমান ।

তিনি বলেছেন,সংসদে বিল পেশ ও বির্তকের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একের পর এক ভ্রান্ত তথ্য, পরিসংখ্যান দিয়েছে। এমনকি ইতিহাসও বিকৃত করেছেন তিনি।

ওই শীর্ষ পুলিশ কর্মকর্তার অভিযোগ, ভারতের মুসলিমদের মনে ভয় ধরাতেই এই বিল আনছে সরকার। দেশের মধ্যে বিভেদ তৈরি করাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য।

এ প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের ১৪ নম্বর ধারার পরিপন্থী এই বিল।

এদিকে, পুলিশ সূত্র বলছে, গত আগস্ট মাসেই ভিআরএস বা ভলান্টিয়ারি রিটায়ারমেন্টের জন্য আবেদন করেছিল আবদুর রহমান। এই কয়েক মাস সেই আবেদন মঞ্জুরির অপেক্ষাই ছিলেন তিনি।

সূত্র : সংবাদ প্রতিদিন

নাগরিকত্ব পাবে না মুসলিমরা : অমিত শাহ

0

গতকাল বুধবার ভারতের রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)পাস হয়েছে। এ সময় মুসলিমদের নাগরিকত্ব দেয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) উত্থাপনকালে তিনি ‘মুসলিমদের কেন নাগরিকত্ব দেয়া হবে’ এই প্রশ্ন তুলেন।

বিরোধী শিবিরের তীব্র প্রতিবাদ, হাড্ডাহাড্ডি লড়াই সত্ত্বেও রাজ্যসভায় পাস হয় নাগরিকত্ব স‌ংশোধনী বিল (সিএবি)। রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে।

এই বিলে কেবল অমুসলিমদের (হিন্দু, শিখ, পার্সি, খ্রিস্টান, জৈন ও বৌদ্ধ) কেন সুবিধা দেয়া হলো, তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলে আসছেন বিরোধীরা। তাদের অভিযোগ, মুসলিমদের সঙ্গে বিভাজনের রাজনীতি করার উদ্দেশ্যেই বিলটি আনা হয়েছে।

পাল্টা প্রশ্ন করে অমিত শাহ বলেন, গোটা দুনিয়া থেকেই যদি মুসলিমরা এসে এ দেশে নাগরিকত্ব চান, তাদের সবাইকে কি নাগরিকত্ব দিয়ে দেব? কী করে দেব। দেশ কী ভাবে চলবে, এ ভাবে চলতে পারে না।’

তার যুক্তি, ‘প্রতিবেশী তিন দেশের রাষ্ট্রধর্ম হল ইসলাম। সেই কারণে শরণার্থী হিসেবে আসা তিন দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেয়া হবে। না হলে উৎপীড়নের শিকার ওই মানুষেরা কোথায় যাবেন।’

এই বিলে কেন কেবল অমুসলিমদের (হিন্দু, শিখ, পার্সি, খ্রিস্টান, জৈন ও বৌদ্ধ) কেন সুবিধা দেয়া হলো, তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলে আসছেন বিরোধীরা। তাদের অভিযোগ, মুসলিমদের সঙ্গে বিভাজনের রাজনীতি করার উদ্দেশ্যেই বিলটি আনা হয়েছে।বিলটি নিয়ে মুসলিম সমাজ আতঙ্কিত বলে উদ্বেগ প্রকাশ করেছে বহু বিরোধী সংসদ সদস্য।

তারা বলছেন, এনআরসি থেকে নাগরিকত্ব বিল কিংবা ৩৭০ অনুচ্ছেদ রদ-কী কারণে ওই বিলগুলো সরকার আনছে তা সবাই বুঝতে পারছেন। সরকারের পদক্ষেপ দেখে মুসলিম সমাজ ভয়ে রয়েছে।

কংগ্রেসের কপিল সিব্বল প্রশ্ন তোলেন, কোনো অমুসলিম যে ধর্মীয় অত্যাচারের শিকার হয়েছেন, তা কীভাবে প্রমাণ হবে? কারণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি বলেছিলেন যে কোনো অনুপ্রবেশকারী, তিনি যে ধর্মেরই হন, আসলে তিনি অবৈধ।

সূত্র : আনন্দবাজার

অগ্নিগর্ভ আসামে সেনা মোতায়েন

0

গতকাল বুধবার বিরোধীদের তীব্র আপত্তির মধ্যেই ভারতের সংসদের ছাড়পত্র পেয়েছে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল। লোকসভার ছাড়পত্র পাওয়ার দু’দিন পরে এ দিন রাতে রাজ্য়সভায় বিলটি পাশ হয়ে যাওয়ার পরে উত্তরপূর্বের রাজ্যগুলিতে নতুন করে উত্তেজনা ছড়ায়। বিশেষত আসামের বিভিন্ন এলাকা থেকে একের পর এক হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গিয়েছে। গোটা উত্তরপূর্ব ভারতের পরিস্থিতির ওপরে সেনাবাহিনীর সদর দফতর থেকে কড়া নজর রাখা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে আসামের ৪ জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, দু-কলাম জওয়ান মোতায়েন করা হয়েছে গুয়াহাটিতে। এ ছাড়া জোরহাট শহর ও তিনসুকিয়া এবং ডিব্রুগড় জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। শান্তি ফিরিয়ে আনতে জওয়ানরা ফ্ল্যাগমার্চ শুরু করেছেন। গুয়াহাটি এবং ডিব্রুগড়ে ইতোমধ্যে জারি হয়েছে ১৪৪ ধারা। যে কোনও ধরনের জমায়েত, মিটিং, মিছিল নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে ১০ জেলায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে একাধিক বিশ্ববিদ্যালয় তাদের পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করে দিয়েছে। বিপর্যস্ত সড়ক ও রেল পরিষেবা। অবরোধের জেরে অন্তত ১০টি ট্রেন বাতিল করা হয়েছে।

বিক্ষোভকারীরা এর আগে জোড়হাট, গোলাঘাট, নগাঁও-সহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সেই সময় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আটকে পড়ায় মৃত্যু হয় দু মাসের এক শিশুর। যার জেরে সন্ধ্যা ৭টা থেকে টানা ২৪ ঘণ্টা তিনসুকিয়া, ধীমাজি, ডিব্রুগড়, চড়াইদেউ, শিবসাগর, জোরহাট, গোলাঘাট, কামরুপ (মেট্রো) এবং কামরুপ এবংলখিমপুর জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে প্রশাসন। এ ছাড়া ডিব্রুগড়ে সমস্ত মদের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

সূত্র : এই সময়

ঈশ্বরগঞ্জে কথিত বন্দুকযুদ্ধ, ‘মাদক কারবারি’ নিহত

0

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুর রশিদ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের নারায়ণপুর বাজারের কাছে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ঘাগড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। গোয়েন্দা পুলিশের দাবি, তিনি মাদক কারবারি ছিলেন। তার বিরুদ্ধে ১৩টি মাদক মামলা রয়েছে বলে দাবি করেন তিনি।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দের ভাষ্যমতে, ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের নারায়ণপুর বাজারের কাছে কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছে-বুধবার রাত পৌনে ১টার দিকে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের দুটি দলে সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিতে হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়।

সহযোগীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় রশিদ নামের একজনকে আটক করে পুলিশ। আহত রশিদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, এ ঘটনায় শামীম আল মামুন নাম পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা, বেশ কিছু কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন ওসি।