Home Blog Page 3295

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৮

0

কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া এলাকায় অবস্থিত ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত আট শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত সাত জনের মৃত্যু হয়। এছাড়া গতকাল ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে ইমরান, বাবুল, রায়হান, খালেক ও সালাউদ্দিনের নাম জানা গেছে।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন (আরএস) ডা. আরিফুল ইসলাম নবীন মৃতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বছর না ঘুরতেই কেরানীগঞ্জের সেই প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সেখান থেকে একজনের মৃতদেহসহ ৩৫ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। দগ্ধদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে তাদের মধ্যে মৃতের সংখ্যা আট জনে পৌঁছায়।

বুধবার বিকালে কারখানাটিতে আগুন লাগলে শ্রমিকরা পানি ও কারখানায় থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে তখনই তারা দগ্ধ হয়।

এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ হাজার স্কয়ার ফিট কারখানাটির ভেতরের সব মালামাল ও যন্ত্রাংশ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ধ্বংসস্তুপের ভেতর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা জাকির হোসেন (২২) নামে একজনের মরদেহ উদ্ধার করে।

আগুন নিয়ন্ত্রণে কেরানীগঞ্জ, সদরঘাট, পোস্তগোলা ও সদর ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসেছেন। এ ছাড়া স্থানীয় র‌্যাব পুলিশসহ প্রশাসনিক কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ চালায়।

ফায়ার সার্ভিস (ঢাকা জোন-৬) এর উপপরিচালক কাজী নজমুজ্জামান জানান, বিকেল সোয়া ৪টার দিকে আগুন লাগার পর আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা পর্যন্ত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করছি খুব দ্রুত আগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।

বিকাল সোয়া ৪টায় কেরানীগঞ্জের চুনকুটিয়া হিজলতলায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ড্রাস্ট্রিস লি. এর কারখানার ভিতর গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে এলাকাবাসীর ধারনা। কারখানাটিতে ওয়ান টাইম খাবার প্লেট, গ্লাসসহ বিভিন্ন আইটেম তৈরি হতো। আশপাশের মানুষ কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে।

মতিঝিলে পানির ট্যাংকিতে মিলল দুজনের লাশ

0

রাজধানীর মতিঝিল থানাধীন পল্টন টাওয়ারের পাশের একটি পাঁচ তলা ভবনের ছাদের পানির ট্যাংকি থেকে আজ বুধবার রাতে দুইজনের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

তাদের একজন নারী অন্যজন পুরুষ। ধারণা করা হচ্ছে তারা স্বামী-স্ত্রী। কিন্তু কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

0

মানব উন্নয়ন সূচক-২০১৯ এ বিশ্বের ১৮৯ দেশের মধ্যে বাংলাদেশ এক ধাপ এগিয়ে ১৩৫তম অবস্থানে উঠে এসেছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আজ এই প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেশি দেশ মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও আফগানিস্তানে চেয়ে উচ্চতর অবস্থানে থাকলেও শ্রীলংকা, ভারত ও ভুটানের চেয়ে নিচে রয়েছে বাংলাদেশ। গত বছরে বাংলাদেশের অবস্থান ছিলো ১৩৬।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব মুহাম্মাদ নুরুল আমিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমেদ, ড. হোসেন জিল্লুর রহমান ও ড. ফাহমিদা খাতুন প্রমুখ যৌথভাবে প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন।

রাজধানীর শের-ই-বাংলানগরস্থ এনইসি সম্মেলন কক্ষে প্রতিবেদনটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার দেশ থেকে দারিদ্র্য বিমোচন করতে চায়। দারিদ্র্যের হার ৪২ শতাংশ থেকে কমে ২০ শতাংশ হয়েছে। এতে মনে হচ্ছে, আমরা তা করতে সক্ষম।

বৃহস্পতিবারও শাহজালালে দুই ঘণ্টা ফ্লাইট বন্ধ

0

বাংলাদেশ বিমান বাহিনীর মহড়ার কারণে দ্বিতীয়দিনের মতো আগামীকাল বৃহস্পতিবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘণ্টা সব ধরনের ফ্লাইট উন্নয়ন ও অবতরণ বন্ধ থাকবে।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান।

তিনি বলেন, ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানের প্রস্তুতির জন্য বুধবার ও বৃহস্পতিবার দুই ঘণ্টা করে বিমান বাহিনীর মহড়া হবে। সেজন্য এই দু’দিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন-অবতরণ বন্ধ থাকছে।

এই দু’দিন নির্দিষ্ট সময় ফ্লাইট ওঠা-নামা বন্ধ রাখতে ইতোমধ্যে সব এয়ারলাইন্সকে নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় প্যারেডে যে এয়ার শো হবে, তার প্রস্তুতিমূলক মহড়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট উন্নয়ন ও অবতরণ বন্ধ থাকছে নির্দিষ্ট সময়ের জন্য। আজ বুধবারও দুই ঘণ্টা ফ্লাইট বন্ধ ছিল।

প্লাস্টিক কারখানায় ফের আগুন : নিহত ১, দগ্ধ ৩৫

0

কেরানীগঞ্জের সেই প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখান থেকে একজনের মৃতদেহসহ ৩৫ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে। দগ্ধদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ ও আহতদের মধ্যে রয়েছে, মো. ফায়সাল (২৯), জাহাঙ্গীর হোসেন (৫২), শফিকুল ইসলাম(২৭), মো. বসির (২০), ফয়সাল মিয়া (৩৫), দুর্জয় সরকার (১৭), সুমন ইসলাম (২৫), মেহেদী (২০), আসাদ (২৩), মো. সিরাজ (৫০), মো. সাজিদ (২৯), জিনারুল ইসলাম (৩২), শাখায়াত (৩০), আবু সাইদ (১৬), সোহান (২২), বাবুল (২৫), জাকির হোসেন মাদবর (২২), মো. আলম (২২), আ. রাজ্জাক (৪২), লাল মিয়া (৪২)।

আগুন নিয়ন্ত্রণে কেরানীগঞ্জ, সদরঘাট, পোস্তগোলা ও সদর ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসেছেন। এ ছাড়া স্থানীয় র‌্যাব পুলিশসহ প্রশাসনিক কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, বিকাল সোয়া ৪টায় কেরানীগঞ্জের চুনকুটিয়া হিজলতলায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ড্রাস্ট্রিস লি. এর কারখানার ভিতর গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে এলাকাবাসীর ধারনা। কারখানাটিতে ওয়ান টাইম খাবার প্লেট, গ্লাসসহ বিভিন্ন আইটেম তৈরি হতো। আশপাশের মানুষ কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় ফায়ার সার্ভিস (ঢাকা জোন-৬) এর উপপরিচালক কাজী নজমুজ্জামান জানান, বিকেল সোয়া ৪টার দিকে আগুন লাগার পর আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা পর্যন্ত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করছি খুব দ্রুত আগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় মালিক নজরুল ইসলাম ও ম্যানেজার আল আমিনকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

র‌্যাব ১০ সিপিসি ২ মেজর মো. শাহরিয়ার হোসেন অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৫ এপ্রিল কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আপন জুয়েলার্সের মালিকের পুত্রবধূ পিয়াসার জামিন

0

চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় বনানী রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসাকে জামিন দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাকে জামিন দেন।

শ্বশুর আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের করা মামলায় বুধবার আত্মসমর্পণ করেন পিয়াসা। একই সঙ্গে জামিনের আবেদন করেন। মহানগর হাকিম তোফাজ্জল হোসেন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

আদালতে পিয়াসার পক্ষে অ্যাডভোকেট নজরুল ইসলাম ও সানাউল ইসলাম টিপু শুনানি করেন। শুনানিতে তারা বলেন, মিথ্যা অভিযোগ দায়ের করে আসামিকে হয়রানি করা হচ্ছে।

গত ৫ মার্চ ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দিলদার আহমেদ। আদালত গুলশান থানা পুলিশকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম গত ১ আগস্ট ফারিয়া মাহবুব পিয়াসাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত ওই প্রতিবেদন আমলে নিয়ে পিয়াসাকে আদালতে হাজির হতে সমন জারি করেন। বুধবার হাজির হওয়ার তারিখ ধার্য ছিল। পিয়াসা আদালতে হাজির হন।

মামলার অভিযোগে বলা হয়, পিয়াসা ফাঁদে ফেলে সাফাত আহমেদকে ২০১৫ সালের ১ জানুয়ারি বিয়ে করেন। পরে তিনি জানতে পারেন পিয়াসা মাদকাসক্ত এবং উশৃঙ্খল চলাফেরা ও জীবন-যাপনে অভ্যস্ত। পরে সাফাত আহমেদ ২০১৭ সালের ৮ মার্চ পিয়াসাকে তালাক দেন। সাফাত রেইনট্রি ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকার পর গত বছরের ২৯ নভেম্বর জামিন পান। সাফাত জামিন পাওয়ার পর পিয়াসা বাড়িতে যান এবং পরিবারের লোকজনের সঙ্গে অশালীন আচরণ ও অনৈতিক কার্যকলাপ শুরু করেন। দিলদার আহমেদ পিয়াসা ও তার বন্ধুদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। পিয়াসা তাতে অস্বীকৃতি জানান।

গত ১০ ফেব্রুয়ারি পিয়াসাকে সাফাতের ছোট ভাই ও মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে দেখে বাদী বাধা দেন। পরে পিয়াসা দিলদার আহমেদ ও তার পরিবারের লোকজনের প্রাণনাশের হুমকি দেন ও পাঁচ কোটি টাকা চাদা দাবি করেন।

উল্লেখ্য, পিয়াসাকে মারধর করার অভিযোগে দিলদার আহমেদের বিরুদ্ধে একটি মামলা চলমান আছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধের নির্দেশ

0

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে নির্দেশ দেয়া হয়েছে। ইউজিসির পক্ষ থেকে আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম সাক্ষরিত নির্দেশনা সম্বলিত একটি চিঠি বুধবার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে পাঠানো হয়েছে।

সান্ধ্য কোর্স বন্ধের কারণ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সান্ধ্য কোর্স পাবলিক বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে বিধায় এই ধরনের কোর্সগুলো বন্ধ হওয়া দরকার। সেই সঙ্গে ইউজিসির অনুমোদন না নিয়েই দেশের কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ, প্রোগ্রাম ও ইনস্টিউট খুলে শিক্ষার্থী ভর্তি করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে যা বাঞ্ছনীয় নয়।

বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ ও পদ সৃষ্টিতে ইউজিসির পূর্বানুমোদন, পদোন্নতি ও নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইন অনুসরণসহ মোট ১৩ দফা নির্দেশনার কথা বলেছে ইউজিসি।

প্রসঙ্গত, গত সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে রাষ্ট্রপতি ও আচার্য মো. আবদুল হামিদ সভাপতির বক্তব্যে সান্ধ্য কোর্স পরিচালনার সমালোচনা করে বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় সকালে সরকারি এবং বিকালে বেসরকারি।’

এরপরই এই চিঠি পাঠালো ইউজিসি।

হাইকোর্ট এলাকায় মোটরসাইকেলে আগুন

0

রাজধানীর হাইকোর্ট এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে হাইকোর্টের মাজার, ঈদগাহ মাঠের ও বার কাউন্সিলের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে।

কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে নিশ্চিত নয় পুলিশ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গেছে।

পেশাগত দক্ষতা উন্নয়নে জ্ঞান অর্জনের বিকল্প নেই

0

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় পেশাগত জ্ঞান অর্জনের বিকল্প নেই। আর পেশাগত দক্ষতা উন্নয়নে এনডিসি ও এএফডাব্লিউসি কোর্স খুবই গুরুত্বপূর্ণ। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় ও দেশের উন্নয়নে এনডিসি কোর্সের সকল গ্র্যাজুয়েটদের কাজ করার আহবান জানান তিনি।

রাজধানীতে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), বাংলাদেশ আয়োজিত ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৯ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৯’ -এর গ্র্যাজুয়েশন নৈশভোজে প্রধান অতিথির বক্তৃতায় এসকল কথা বলেন তিনি। মঙ্গলবার রাতে ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ।

অনুষ্ঠানে স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন মানচিত্র, পতাকা, ভূখণ্ড ও অনন্য সংবিধান পেয়েছে। যা লক্ষ প্রাণের আত্মত্যাগে রক্তের বিনিময়ে অর্জিত। তিনি জাতীয় উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে সকল পেশাজীবীদের মধ্যে একটি সুসংহত ঐক্যমত্য ও একাগ্র থাকার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

স্পিকার এনডিসি কোর্সে বিদেশি প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ খুবই ইতিবাচক উল্লেখ করে বলেন, এতে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরী হয়। এসময় তিনি কোর্সে অংশগ্রহণকারী সকল গ্র্যাজুয়েটদের পেশাগত জীবনের সার্বিক সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কোর্সে ৩১জন বিদেশি প্রশিক্ষণার্থীসহ মোট ৮৫ জন, আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের ৩৭জন প্রশিক্ষণার্থী, ফ্যাকালটি মেম্বার ও স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।

বনানীতে মাটিচাপা দেওয়া চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

0

রাজধানীর বনানীতে মাটিচাপা দেওয়া অবস্থায় এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জিয়াং ফ্রি। তিনি বাংলাদেশে বাংলাদেশে কাপড়ের ব্যবসা করতেন বলে জানা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।

আজ বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১টার দিকে বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

বনানী থানার ওসি নূর এ আজম সাংবাদিকদের জানান, খবর পেয়ে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আমরা লাশটি উদ্ধার করেছি। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি একজন চীনা নগরিক। তার যে পরিচয় পাওয়া গেছে সে বিষয়ে আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই চীনা নাগরিক বনানীর ২৩ নম্বর রোডের ৮২ নম্বর বাসার ষষ্ঠ তলায় তিনি পরিবার নিয়ে থাকতেন। সেই ভবনের পাশেই মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার লাশ পাওয়া যায়।