Home Blog Page 3297

রাজধানীতে নবজাতকের লাশ উদ্ধার

0

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে নাখালপাড়ায় বাবুলবাগ রেললাইনের পাশের একটি ময়লার স্তূপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

তেজগাঁও থানার এসআই আবদুল মান্নান জানান, গতকাল নাখালপাড়া বাবুলবাগ রেললাইনের পাশের একটি ময়লার স্তূপে ওড়না দিয়ে মোড়ানো অবস্থায় নবজাতকটির লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ মৃত অবস্থায় নাবজাতকটিকে ওই স্থানে ফেলে গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের এক কর্মকর্তাকে হাইকোর্টে হাজিরের নির্দেশ

0

ভুয়া গ্রেপ্তারি পরোয়ানায় শেরপুর কারাগারে বন্দি গণস্বাস্থ্য কেন্দ্রের কৃষি বিভাগের কর্মকর্তা মো. আওলাদ হোসেনকে আগামী ১৫ জানুয়ারি হাইকোর্টে হাজির করাতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ভুয়া পরোয়ানার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। কারাবন্দি আওলাদ হোসেনের স্ত্রী শাহনাজ পারভীনের করা এক রিট আবদেনে এ আদেশ দেন আদালত। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকটে জয়নুল আবেদীন ও এমাদুল হক বশির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আদেশে শেরপুর আদালতের মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা সঠিক কিনা তা যাচাই করে তাকে জামিন দিতে শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। এর বাইরে আর কোনো পরোয়ানা থাকলে তা যাচাই সাপেক্ষে মুক্তির বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আদালত অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন। রুলে মো. আওলাদ হোসেন আইন বহির্ভূতভাবে আটক রাখা হয়নি, নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষসহ ১৩ বিবাদিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আশুলিয়ার মির্জানগর এলাকার টাকসুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. আওলাদ হোসেন। তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের কৃষি বিভাগের প্রোগ্রাম কর্মকর্তা। পুলিশ তাকে ৩০ অক্টোবর গ্রেপ্তার করে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন আইনের এক মামলায়। কিন্তু কক্সবাজার আদালত থেকে গত ১৩ নভেম্বর দেওয়া এক আদেশে বলা হয়, ওই গ্রেপ্তারি পরোয়ানা ভুয়া। এরপর ওই আদালত তাকে জামিন দেয়। এরপর একই ধরণের এক পরোয়ানায় তাকে গত ২৪ নভেম্বর রাজশাহী আদালতে হাজির করা হলে ওই আদালত তাকে জামিন দেয়।

দেখা যায়, ওই গ্রেপ্তারি পরোয়ানাও ভুয়া। বাগেরহাট আদালতের এক গ্রেপ্তারি পরোয়ানা কারা কর্তৃপক্ষের হাতে আসে। কিন্তু গত পহেলা ডিসেম্বর বাগেরহাট আদালত থেকে দেওয়া এক আদেশে বলা হয়, ওই আদেশ তাদের নয়। এরপর কারা কর্তৃপক্ষ আওলাদ হোসেনকে শেরপুরের এক মামলায় গ্রেপ্তার দেখায়। আগামী ১৬ জানুয়ারি তাকে শেরপুর মূখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করার জন্য দিন ধার্য রয়েছে। এ কারণে তাকে শেরপুর কারাগারে নেওয়া হয়েছে।

আইনজীবী জানান, প্রতিটি ক্ষেত্রেই যখন কারাগারে জামিনের আদেশ পৌঁছানো হয়, কারা কর্তৃপক্ষ তাকে মুক্তির প্রক্রিয়া শুরু করে, তখনই কারাগারে অন্য একটি গ্রেপ্তারি পরোয়ানা পৌছে যায়। একারণে হয়রানি বন্ধে রিট আবেদন করা হয়েছে।

বাংলাদেশিদের সঙ্গে ‘ধর্মের ভিত্তিতে বৈষম্য’ করছে ভারত!

0

ভারতের নতুন ভিসা নীতিতে নির্ধারিত মেয়াদের বেশি সময় ভারতে থাকার সাজা হিসেবে বাংলাদেশের মুসলিম নাগরিককে অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় অন্তত ২০০ গুণ বেশি জরিমানা গুনতে হচ্ছে। বছরখানেক আগে প্রথম ওই ভিসানীতি চালু করে ভারত। ভারতের ভিসা সংক্রান্ত এই নীতিমালা সম্প্রতি বাংলাদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

এই জরিমানার কাঠামোকে ‘ধর্মের ভিত্তিতে বৈষম্য’ বলে উল্লেখ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আসন্ন দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়টি তোলা হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টম্যাচ দেখতে একদিনের সরকারি সফরে গত ২২ নভেম্বর কলকাতায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনকার একটি ঘটনাতেই ইস্যুটি সামনে আসে।

বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের নবীন সদস্য সাইফ হাসান তার ভিসা মেয়াদের চেয়ে বেশি সময় থেকেছিলেন ভারতে। বিষয়টি তিনি কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কার্যালয়ে জানালে সেখান থেকে এফআরআরও’র সঙ্গে যোগাযোগ করা হয়।

এফআরআরও’র নীতিমালা
এফআরআরও’র (ফরেইনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসেস) ওয়েবসাইটে উল্লিখিত নিয়মানুসারে, ‘বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু জনগোষ্ঠী’র জন্য ভিসা মেয়াদের অতিরিক্ত সময় ভারতে অবস্থান করার জরিমানা ২ বছরের বেশি সময়ের জন্য ৫০০ ভারতীয় রুপি, ৯১ দিন থেকে ২ বছর পর্যন্ত ২০০ রুপি এবং ৯০ দিন পর্যন্ত সময়ের জন্য ১০০ রুপি।

অন্যদিকে, ভিসা মেয়াদের বেশি সময় অবস্থান করা ব্যক্তিটি যদি ‘সংখ্যালঘু জনগোষ্ঠী’র সদস্য না হন (সংখ্যালঘু জনগোষ্ঠী বলতে সেখানে মুসলিম বাদে অন্যান্য ধর্মাবলম্বী ও নৃতাত্ত্বিক গোষ্ঠীদের বোঝানো হয়েছে), তখন জরিমানার অর্থ হিসাব করা হচ্ছে রুপির বদলে মার্কিন ডলারে। এক্ষেত্রে ২ বছরের বেশি সময়ের জন্য ৫০০ ডলার (৩৫ হাজার রুপি), ৯১ দিন থেকে ২ বছর পর্যন্ত ৪০০ ডলার (২৮ হাজার রুপি) এবং ৯০ দিন পর্যন্ত সময়ের জন্য ৩০০ ডলার (২১ হাজার রুপি) জরিমানা গুনতে হচ্ছে।

সম্প্রতি একজন দরিদ্র বাংলাদেশি নারীকে দেশে ফেরত পাঠানোর জন্য তহবিল সংগ্রহ করতে হয়েছিল বলে জানিয়েছেন ডেপুটি হাইকমিশনের একজন কর্মকর্তা।

‘তিনি ভিসার মেয়াদের চেয়ে একদিন বেশি থেকেছিলেন। তাই তাকে ২১ হাজার রুপি দিতে বলা হয়েছিল। তার কাছে এত অর্থ না থাকায় আমরা টাকা তুলে তাকে ফেরত পাঠিয়েছিলাম। ধর্মের ওপর ভিত্তি করে কেন এমন বৈষম্য হবে?’ দ্য হিন্দু’কে বলেন তিনি।

ন’ ডরাই ছবির সেন্সর বাতিল নিয়ে হাইকোর্টের রুল

0

আদেশের পর রিটের পক্ষের আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর সহধর্মিণীর নাম আয়েশা (রা.)। সিনেমায় এই নাম ব্যবহারের মধ্যদিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে’

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে ‘সার্ফিং’ নিয়ে দেশের প্রথম চলচ্চিত্র ন’ডরাই এর সেন্সর বাতিল ও প্রদর্শনী বন্ধে একটি আইনি নোটিস পাঠানো হয়েছে। নোটিসে বলা হয়, এই চলচ্চিত্রে এমন কিছুর বর্ণনা করা হয়েছে যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করে।

ন’ ডরাই সিনেমার সেন্সর সার্টিফিকেট বাতিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই রুল জারি করেন।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত সার্ফিং নিয়ে দেশের প্রথম চলচ্চিত্র “ন’ ডরাই”। ছবিটির মূল চরিত্রের নাম আয়শা। যিনি শত প্রতিকূলতা অতিক্রম করে সার্ফিং করেন। এতে আয়শা চরিত্রে অভিনয় করেন সুনেরাহ্ বিনতে কামাল। মূলত এই নামটি নিয়েই আপত্তি তোলেন আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম।

একইসঙ্গে ন’ ডরাই-অ্যাডভেঞ্চার অব আয়েশা; নামের কমিকবুক ও অ্যানিমেটেড ভিডিও বাজার থেকে প্রত্যাহার করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে (বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের চেয়ারম্যান ও তথ্যসচিব, আইন সচিব, সিনেমাটির প্রযোজক মাহবুব রহমান, পরিচালক তানিম রহমানসহ পাঁচ বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদেশের পর জুলহাস উদ্দীন আহমাদ সাংবাদিকদের বলেন, ন’ ডরাই সিনেমার মূল চরিত্রের নাম আয়েশা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর সহধর্মিণীর নাম আয়েশা (রা.)। সিনেমায় এই নাম ব্যবহারের মধ্যদিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের নিয়ে এই সিনেমা দেখা যাবে না বলে গণমাধ্যমে খবর এসেছে। এই যুক্তিতে রিটটি করা হয়েছে।

সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান ওই সিনেমাটির সেন্সর সার্টিফিকেট বাতিলের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ৮ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জুলহাস উদ্দীন আহমাদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

প্রসঙ্গত, ন’ ডরাই একটি বাংলাদেশি চলচ্চিত্র যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও শরিফুল রাজ। চিত্রনাট্য লিখেছেন শ্যামল সেনগুপ্ত, প্রযোজনা করেছেন মাহবুব রহমান ও পরিচালনায় তানিম রহমান অংশু। সার্ফিং নিয়ে নির্মিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্রটি ২৫ নভেম্বর সেন্সর বোর্ডের অনুমতি পাওয়ার পর ২৯ নভেম্বর মুক্তি পায়।

জাবিতে ছাত্রীকে চড়-থাপ্পড় ছাত্রলীগ কর্মীর

0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে চড়-থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে একই বর্ষের ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগকর্মীর নাম আরেফিন আলম সানী। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৭তম ব্যাচের (দ্বিতীয় বর্ষ) আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

এ ঘটনার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ওই ছাত্রী।

লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাস থেকে নেমে বিভাগে যাচ্ছিলেন ওই ছাত্রী। এ সময় পূর্ব সম্পর্ক থাকায় তার রিকশা দাড় করিয়ে কথা বলতে চান আরেফিন আলম। ওই ছাত্রী কথা না বলে রিকশা থেকে নেমে হাঁটতে শুরু করলে তার ব্যাগ ধরে টানাটানি করেন আরেফিন। পরে মুঠোফোন বের করে ওই ছাত্রী তাঁর বন্ধুদেরকে ফোন দিতে চাইলে ফোন কেড়ে নিয়ে কেন্দ্রীয় খেলার মাঠে দৌড় দেন আরেফিন। সেখানে তাঁদের দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ওই ছাত্রীকে চড়-থাপ্পড় দেন আরেফিন। পরে ওই ছাত্রী মুঠোফোন কেড়ে নিয়ে কয়েকজন বন্ধুকে সেখানে ডাকেন। তার বন্ধুরা সেখানে গেলে তাদেরকে ব্লেড বের করে হুমকি দেন আরেফিন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কয়েকজন সদস্য ও সাংবাদিকতা বিভাগের সভাপতি শেখ আদনান ফাহাদ সেখানে উপস্থিত হয়ে আরেফিন আলম ও ওই ছাত্রীকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আরেফিন আলম কালের কণ্ঠকে বলেন, ‘ওই ছাত্রীর সঙ্গে আমার সম্পর্ক ছিল। গত কয়েকদিন ধরে আমাদের ঝামেলা চলছিল। সে আমার সঙ্গে কথা বলছিল না। এর কারণ জানার জন্য ওকে ডেকেছিলাম। কথা বলতে বলতে এক পর্যায়ে সে আমাকে চড়-থাপ্পড় দেয়। আমিও সেসময় দুয়েকটা চড় দিয়েছি। পরে তার বন্ধুরাও আমাকে মারতে গিয়েছিল।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত ছাত্রও মুচলেকা দিয়েছে। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেই জায়গা থেকে তারা নিজেদের মধ্যে সমঝোতা করলে ভালো, না করলে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেবো।’

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৪ জানুয়ারি শুরু

0

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হবে। আবশ্যিক বিষয়ে লিখিত পরীক্ষা ৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বিসিএসের আবশ্যিক লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রন্ত বিস্তারিত নির্দেশনাবলি যথাসময়ে সংবাদ মাধ্যমে ও কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে।

চলতি বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। এদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

‘ন ডরাই’ সিনেমা প্রদর্শনী কেন বন্ধ নয় : হাইকোর্টের রুল

0

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অনৈতিকতার অভিযোগ এনে ‘ন ডরাই’ নামের চলচ্চিত্রের সেন্সর সনদ কেন বাতিল এবং প্রদর্শনী কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এবিষয়ে বাজারে থাকা কমিক বই এবং ভিডিও প্রত্যাহারের কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রুল জারি করেন। তথ্য ও আইন সচিব এবং সিনেমাটির প্রযোজক মাহবুব রহমান, পরিচালক তানিম রহমান ও সংলাপ লেখক শ্যামল সেন গুপ্তকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম খানের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জুলহাস উদ্দিন আহমাদ ও মো. গিয়াস উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে সংশ্লিষ্টদের ৪৮ ঘণ্টার মধ্যে সিনেমাটির প্রদর্শনী বন্ধ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ৪ ডিসেম্বর রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠান ওই আইনজীবী। নোটিশের জবাব না পেয়ে রিট আবেদন করেন। রিট আবেদনে হযরত আয়শাকে (রা.) অপমান করায় নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়।

আইনে নোটিশে বলা হয়, সিনেমাটির প্রধান চরিত্রের সঙ্গে হযরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রী হযরত আয়শা (রা.)-র মিল রাখা হয়েছে। হযরত আয়শা (রা.) ইসলাম ধর্মের অনুসারীদের কাছে পবিত্র ও সম্মানীয়। তাকে নিয়ে কোরআনে বলা হয়েছে, তিনি বিশ্বাসীদের মা। সিনেমার মূল নায়িকার সঙ্গে হযরত আয়শার (রা.) নাম ব্যবহার করে অশ্লীল দৃশ্য ধারণ করা হয়েছে যা মুসলমানদের ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাতের শামিল। শুধু তাই নয়, কমিক বই ও এনিমেটেড ভিডিও থেকে এ সিনেমাটি তৈরি করা খুবই আপত্তিকর। এই সিনেমার মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করা হয়েছে। যা ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া চলচ্চিত্র সেন্সরবোর্ডও সিনেমাটি প্রদর্শনের অনুমতি দিয়ে আইন লঙ্গন করেছে।

উল্লেখ্য, ২৮ নভেম্বর ‘ন ডরাই’ ছবির প্রিমিয়ার শো’-এর আয়োজন করে স্টার সিনেপ্লেক্স। এরপরদিন দেশের ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

আদালতে পাথরের মতো মুখ করে বসে ছিলেন সু চি

0

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে শুনানির প্রথম দিনে যখন রোহিঙ্গাদের ওপর সে দেশের সামরিক বাহিনীর একের পর এক নৃশংসতার ঘটনা তুলে ধরা হচ্ছিল তখন সেখানে পাথরের মত মুখ করে বসে ছিলেন নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী অং সান সু চি।

এসব অভিযোগের জবাব দেয়ার জন্য মিয়ানমার যে প্রতিনিধিদল পাঠিয়েছে ফার্স্ট মিনিস্টার মিজ সু চি নিজেই তার নেতৃত্ব দিচ্ছেন।

দ্য হেগ শহরের আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে পশ্চিম আফ্রিকার দেশ গ্যাম্বিয়া।

সে দেশের বিচার-মন্ত্রী আবুবাকার তাম্বাদু শুনানির শুরুতে বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের নির্বিচার হত্যার প্রশ্নে বিশ্ব বিবেককে জাগ্রত করতেই তার দেশ আইসিজেতে এই অভিযোগ এনেছে।

তিনি বলেন, সারা বিশ্ব কেন এখন নীরব দর্শক? কেন আমাদের জীবদ্দশাতে এটা আমরা ঘটতে দিচ্ছি?

তিনি আরও বলেন, সবাই মনে করে এখানে মিয়ানমারের বিচার হচ্ছে। আসলে এখানে বিচার চলছে আমাদের সামগ্রিক মানবিকতার।

শুনানির প্রথম দিনে বাদীপক্ষের বক্তব্য শোনা হচ্ছে।

মিয়ানমার এসব অভিযোগের জবাব দেবে বুধবার। এরপর বৃহস্পতিবার দু’পক্ষের মধ্যে যুক্তি-তর্ক হবে।

দ্য হেগ থেকে বিবিসি সংবাদদাতারা খবর দিচ্ছেন, প্রতিনিধিদলের নেতা হিসেবে মিজ সু চি যুক্তি দেখাবেন যে এই বিষয়ে বিচার করার অধিকার আইসিজের নেই।

শুনানিতে বক্তব্য রাখার সময় গ্যাম্বিয়ার নিযুক্ত একজন কৌঁসুলি অ্যান্ড্রু লোয়েনস্টিন রাখাইনের মংডু শহরে বেশ কয়েকটি পাইকারি খুনের বিবরণ পেশ করেন।

মিয়ানমারের সেনাবাহিনী, যাকে টাটমাডাও নামেও ডাকা হয়, ঐ শহরের শত শত রোহিঙ্গা বেসামরিক পুরুষকে হত্যা করে এবং নারীদের ধর্ষণ করে।

আইসিজের ওয়েবসাইট থেকে লাইভ স্ট্রিম করা শুনানিতে এসব বিবরণ যখন পড়ে শোনানো হচ্ছিল তখন অং সান সু চির মুখে কোন অভিব্যক্তি লক্ষ্য করা যায় নি।

কখনও সোজা সামনে তাকিয়ে, কখনও মাটির দিকে তাকিয়ে তাকে বাদী পক্ষের বক্তব্য শুনতে দেখা যায়।

শুনানির প্রথম দিকে গ্যাম্বিয়ার লক্ষ্য হচ্ছে, আদালতের কাছ থেকে অন্তর্বর্তীকালীন আদেশ লাভ করা।

উদ্দেশ্য, মিয়ানমারের অভ্যন্তরে যে প্রায় ছয় লক্ষ রোহিঙ্গা রয়ে গেছেন তাদের ওপর যে কোন ধরনের নির্যাতন না চলে, তা সুনিশ্চিত করা।

পাশাপাশি, সাক্ষ্য-প্রমাণ ধ্বংস করার বিরুদ্ধেও ঐ আদেশ কার্যকরী হবে বলে বাদী পক্ষ আশা করছে।

“আদালত এই রায় দেবে কি দেবে না, সেটা নতুন বছরের শুরুর দিকেই জানা যাবে,” বলছেন অক্সফোর্ডের ট্রিনিটি কলেজের আইনের অধ্যাপক মাইকেল বেকার।

“এটা এক দীর্ঘ প্রক্রিয়ার সূচনা মাত্র। এই মামলাটির নিষ্পত্তি হতে কয়েক বছর লেগে যাবে। কিন্তু গোড়ার দিকেই মিয়ানমারের অভ্যন্তরের রোহিঙ্গাদের জন্য নিরাপত্তা বিধানের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ।”

– বিবিসি বাংলা

এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

0

ক্ষমতার অপব্যবহার করে ফারমার্স ব্যাংকের ৪ কোটি আত্মসাৎ করার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এসকে সিনহা) ১১ জনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে।

আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউশন থেকে জানানো হয়েছে সোমবার আদালতে চার্জশিট দাখিলের পর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ চার্জশিট গ্রহণ পূর্বক স্বাক্ষর করেন।

মামলার প্রতিবেদন দাখিলের জন্য ধার্য আগামী ৫ জানুয়ারি তা সংশ্লিষ্ট আদালতে উপস্থাপনের পর বিচারকের আদেশপ্রাপ্তি সাপেক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক বেনজীর আহমেদ আদালতে চার্জশিটটি দাখিল করেন।

চার্জশিটভুক্ত অন্যরা হলেন ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) সাবেক এমডি এ কে এম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান, একই এলাকার বাসিন্দা নিরঞ্জন চন্দ্র সাহা, রনজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায় এবং দি ফারমার্স ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী) ।

অন্যদিকে মামলার এজাহারভুক্ত আসামি মো. জিয়া উদ্দিন আহমেদ তদন্ত চলাকালীন সময়ে মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।

চলতি বছরের গত ১০ জুলাই দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে কমিশনের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ এই মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, ফারমার্স ব্যাংকে শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহার নামে মঞ্জুরকৃত ঋণের ৪ কোটি টাকা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সুপ্রিমকোর্ট সোনালী ব্যাংক শাখার হিসাবে জমা হয়। সঞ্চয়ী হিসাব নং ৪৪৩৫৪৩৪০০৪৪৭৫-এ জমা হওয়ার পর ওই টাকা বিভিন্নভাবে স্থানান্তর করে উত্তোলন করা হয়।

আরও বলা হয়, পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে আসামিরা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রভাব বিস্তার করে নিজেরা লাভবান হওয়াসহ অন্যদের লাভবান করতে এ অপরাধ করেন। অবৈধভাবে ভুয়া ঋণ সৃষ্টির মাধ্যমে তারা চার কোটি টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করে নগদে উত্তোলন ও বিভিন্ন পে-অর্ডারের মাধ্যমে স্থানান্তর করেন। তারা অর্জিত অপরাধলব্ধ আয় ও অর্থ উত্তোলন, স্থানান্তর বা রূপান্তর ও নিজ আত্মীয়ের নামে করা ব্যাংক হিসাবে হস্তান্তরের মাধ্যমে আত্মসাৎ করেন। পরে সেই অর্থ নিজেদের ভোগদখলে রেখে তার অবৈধ প্রকৃতি, উৎস অবস্থান গোপন বা এর ছদ্মাবরণে পাচার করেছেন বলে তদন্তে প্রমানিত হয় যা দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২)(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনটি ধারায় একমাত্র শাস্তি কেন অসাংবিধানিক নয়

0

ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যার চেষ্টা অথবা আহত করার চেষ্টার দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান কেন অসাংবিধানিক ও বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর দায়ে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের বিধানও কেন অসংবিধানিক ও বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১), ৯(৪) (ক) ও ১১(ক) নম্বর ধারায় একমাত্র শাস্তির বিধান কেন অসংবিধানিক ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রুল জারি করেন। আইন সচিব, নারী ও শিশু বিষয়ক সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, মো. আসাদ উদ্দিনসহ সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। রিট আবেদনকারী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

রিট আবেদনে বলা হয়, নারী ও শিশু নির্যাতম দমন আইন-২০০০ এর ৯(১) ধারায় ধর্ষণের জন্য একমাত্র শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। এছাড়া ধারা ৯(৪)(ক) ধারায় ধর্ষণ করে মৃত্যু ঘটনানোর চেষ্টা বা আহত করার চেষ্টা জন্য একমাত্র শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। এছাড়া ১১(ক) ধারায় যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ও মৃত্যু ঘটানোর চেষ্টার জন্য যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। যা সংবিধান পরিপন্থী। একমাত্র সাজা নির্ধারণ করার মাধ্যমে আদালতের বিচারিক এখতিয়ারকে খর্ব করা হয়েছে। এটা বিচার বিভাগের স্বাধীনতা ও সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী।