Home Blog Page 3299

৩৮ আরোহী নিয়ে চিলির সামরিক বিমান ‘নিখোঁজ’

0

অ্যান্টার্কটিকার পথে থাকা চিলির একটি সামরিক উড়োজাহাজের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
চিলির বিমানবাহিনীর বরাতে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ওই পরিবহন বিমানে ৩৮ জন আরোহী ছিলেন।

রয়টার্স জানিয়েছে, চিলির দক্ষিণের শহর পুনটা অ্যারেনাস থেকে স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ৫৫ মিনিটে অ্যান্টার্কটিকার পথে রওনা হয় সি-১৩০ হারকিউলিস উড়োজাহাজটি। সন্ধ্যা ৬টার দিকে উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

উড়োজাহাজের আরোহীদের মধ্যে ২১ জন ছিলেন যাত্রী, বাকিরা ক্রু। তাদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিকও ছিলেন। অ্যান্টার্কটিকায় চিলির ঘাঁটিতে রসদ নিয়ে যাওয়া হচ্ছিল ওই বিমানে করে।

উড়োজাহাজের আরোহীদের মধ্যে ২১ জন ছিলেন যাত্রী, বাকিরা ক্রু। তারা অ্যান্টার্কটিকায় চিলির ঘাঁটিতে রসদ নিয়ে যাচ্ছিলেন।

চিলির বিমানবাহিনীর জেনারেল এদুয়ার্দো মোকেইরা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে উড়োজাহাজের পাইলট কোনো ধরনের বিপদ সংকেত দেননি।

উড়োজাহাজটির খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে চিলির বিমানবাহিনী।

নারায়ণগঞ্জে নারী শ্রমিককে ‘দলবেঁধে ধর্ষণ’: আটক ৪

0

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় বটতলা এলাকায় শাহাজালাল রোলিং মিল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আটককরা হলেন- ওই এলাকার রাসেল, আলামিন, রবিন ও সুমন।

ষোল বছরের ওই কিশোরী সদর থানার গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি কয়েল কারখানায় শ্রমিকের কাজ করে।

পরিদর্শক মিজানুর বলেন, সোমবার সন্ধ্যায় কারখানা ছুটির পর মালিকের সঙ্গে মেয়েটি বাড়ি ফিরছিল।এ সময় রাসেল ও তার তিন সহযোগী তাদের পথরোধ করে।

“পরে আলামিন কয়েল কারখানার মালিককে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দিয়ে মেয়েটিকে রবিন ও সুমনের হাতে টাকার বিনিময়ে তুলে দেয়। এরপর রবিন, রাসেল ও সুমন ওই কিশোরীকে একটি বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।”

পরে কয়েল কারখানার মালিক বিষয়টি থানায় জানালে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে বলে জানান মিজানুর।

টাঙ্গাইলের বাজারে পুড়ল ১৪ দোকান

0

মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার পাথাইলকান্দি বাজারের হাজী কোরবান আলী মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে বাজার কমিটির দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানান।

খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার লিডার মহিদুর রহমান জানান।

ওই মার্কেটের স্বত্বাধিকারী হাজী কোরবান আলীর দাবি, অগ্নিকাণ্ডে সব মিলিয়ে অন্তত তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
তিনি বলেন, মার্কেটের নিরাপত্তাকর্মী আব্দুল বারেক ভোরে ফোন করে আগুন লাগার খবর দেয়। বাজার কমিটির সাধারণ সম্পাদক ইলিয়াছ আখন্দ তখন বাজারের মসজিদের মাইকের মাধ্যমে এলাকাবাসীর সহযোগিতা চান।

সেই ডাকে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই ১৪টি দোকান পুড়ে যায়।

ভূঞাপুর ফায়ার স্টেশনের ফায়ার লিডার মহিদুর রহমান বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই বাজারে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
আগুন নেভাতে গিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

থানায় জিডি করলেই আসবে ফোন

0

আপনি কি থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছেন? জিডি করতে কি আপনার কাছে টাকা দাবি করেছে পুলিশ? কত সময় লেগেছে? ফোনে কেউ এ রকম প্রশ্ন করলে অবাক হওয়ার কিছু নেই। আপনি যদি ঢাকা রেঞ্জের কোনো থানায় জিডি করে থাকেন, তাহলে এমন ফোন আপনার কাছে আসবেই।

থানায় জিডি করলেই ফোনে মতামত নেওয়ার এই ব্যবস্থা চালু করেছে ঢাকা রেঞ্জ পুলিশ। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর—এই ১৩ জেলা নিয়ে ঢাকা রেঞ্জ। এতে থানার সংখ্যা ৯৬টি। তবে ঢাকা মহানগর ও গাজীপুর মহানগর এলাকা ঢাকা রেঞ্জের বাইরে। কাজেই ফোনের সুবিধা আপাতত পাচ্ছেন শুধুমাত্র ১৩ জেলার বাসিন্দারা।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, থানা পুলিশের আচরণ নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। সামান্য জিডি করতে গেলেও হয়রানি। সে কারণে পুরো ব্যবস্থাটি ঢেলে সাজানো হয়েছে। জিডির সব তথ্য নজরদারি (মনিটর) করা হচ্ছে। কেউ জিডি করলেই তার মতামত চাওয়া হচ্ছে। শুধু মতামত চেয়েও ক্ষান্ত থাকছে না পুলিশ। জিডির অগ্রগতির কথাও জানতে চাওয়া হচ্ছে। পুলিশের এই সেবা পেয়ে মানুষ খুশি।

রেঞ্জের অতিরিক্তি ডিআইজি মো. আসাদুজ্জামান জানান, ঢাকা রেঞ্জের ৯৬টি থানায় মাসে পাঁচ হাজারের মতো জিডি হয়। এর মধ্যে অর্ধেক জিডি হয় হুমকি, জমি দখল ও নিখোঁজের। হুমকি, জমি দখল ও নিখোঁজের জিডি যাঁরা করেন তাঁদের কাছে এসব তথ্য জানতে চাওয়া হয়।

কাল জাতীয় ভ্যাট দিবস

0

আগামীকাল জাতীয় ভ্যাট দিবস। এবারের ভ্যাট দিবসের শ্লোগান হচ্ছে ‘ভ্যাট দিচ্ছে জনগন, দেশের হচ্ছে উন্নয়ন’। ঢাকাসহ সকল বিভাগীয় শহরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে নান কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্যবসায়ী, ভোক্তাসাধারণ ও ভ্যাট আহরণ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন। একইসাথে তারা অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়াতে ভ্যাট কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পারিক আস্থা ও যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আগামীকাল সকালে সেগুনবাগিচা রাজস্ব ভবন থেকে ভ্যাট দিবসের শোভাযাত্রা বের হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শোভাযাত্রার নেতৃত্ব দেবেন। এসময় এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া উপস্থিত থাকবেন। এছাড়া সকালে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করবেন।

আগামীকাল বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারিদের সম্মাননা দেয়া হবে।

এদিকে, ভ্যাট সপ্তাহ উদযাপনের জন্য আগামীকাল থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া বৃহস্পতিবার বাসস’কে এসব তথ্য জানান।

এছাড়া ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহকে সামনে রেখে গণসচেতনতা বৃদ্ধিতে পোস্টার,উৎসাহব্যঞ্জক শ্লোগান সম্বলিত স্টিকার, বিলবোর্ড, বেলুন, বর্ণিল ফেস্টুন ও ব্যানার থাকবে। রেডিও, টেলিভিশন, প্রিন্ট এবং অনলাইনভিত্তিক মিডিয়ায় তথ্যভিত্তিক ডকুমেন্টরিসহ বিভিন্ন বিজ্ঞাপন প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে।

প্রধান শিক্ষকদের বেতন কেন ১০ম গ্রেডে নয়

0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন কাঠামো ১০ম গ্রেডে উন্নীত করে সে অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রশিক্ষণপ্রাপ্তসহ সকল প্রধান শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করে ১১ ও ১২ তম গ্রেড দিয়ে জারি করা প্রজ্ঞাপন কেন বেআইনি ও বাতিল করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। জনপ্রশাসন, অর্থ এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব, সরকারি কর্ম কমিশনসহ (পিএসসি) সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলে জবাব দিতে বলা হয়েছে। টাঙ্গাইলের আতাবারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা খাতুনসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৭৭ জন প্রধান শিক্ষকের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাম্মী আক্তার ও মো. জে আর খান রবিন।

রিট আবেদনে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১৪ সালের ৯ মার্চ একটি প্রজ্ঞাপন জারি করে। এতে প্রশিক্ষনপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকের পদমর্যাদা তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়। একইসঙ্গে তাদের বেতন স্কেল ১১ ও ১২তম গ্রেডে রাখা হয়। কিন্তু ২০১৭ সালের ২০ এপ্রিল অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদমর্যাদার কর্মচারিদের বেতন কাঠামো রাখা হয়েছে ১১তম থেকে ২০তম গ্রেডে। একারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন স্কেল ১১ ও ১২তম গ্রেডে রাখা অবৈধ, বেআইনি ও অসাংবিধানিক।

জাতিসংঘের সিএফসি’র নতুন প্রধান বাংলাদেশ

0

জাতিসংঘের কমন ফান্ড ফর কমোডিটিজ-সিএফসি’র পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

গত সিএফসি’র গভর্নিং কাউন্সিলের ৩১তম বার্ষিক সভায় অনুষ্ঠিত নির্বাচনে অপর ৫ প্রতিযোগীকে পেছনে ফেলে নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল আগামী ৪ বছরের জন্য এ পদে নির্বাচিত হন।

বর্তমানে বাংলাদেশ, নেদারল্যান্ড, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, জার্মানি, ইতালী, ব্রাজিল, আর্জেন্টিনা, ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ ১০১টি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়নসহ ৯টি সংস্থা এই সংগঠনের সদস্য এবং এর সদর দপ্তর নেদারল্যান্ডের অ্যামস্টারডামে।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের কমন ফান্ড ফর কমোডিটিজ তার নিজস্ব অর্থায়নে জাতিসংঘভুক্ত রাষ্ট্রগুলোর ভোগ্যপণ্য উৎপাদনকারীদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রকল্প সহায়তা দিয়ে থাকে।

‘রাজস্ব ব্যবস্থাপনাকে যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার’

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নে রাজস্বের গুরুত্ব অনুধাবন করে রাজস্ব আইনসমূহ সংস্কার ও প্রশাসনিক পুনর্বিন্যাসের কার্যক্রম চলমান রয়েছে।

আগামীকাল ১০ ডিসেম্বর ‘জাতীয় ভ্যাট দিবস-২০১৯’ ও ‘জাতীয় ভ্যাট সপ্তাহ, ২০১৯’ উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

জাতীয় ভ্যাট দিবস ও জাতীয় ভ্যাট সপ্তাহ উপলক্ষে দেশের আপামর জনগণ, ব্যবসায়ী এবং ভ্যাট আহরণ ও ব্যবস্থাপনা কার্যক্রমের সঙ্গে জড়িত রাজস্ব কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের সরকার রাজস্ব ব্যবস্থাপনাকে যুগোপযোগী ও শক্তিশালী করার যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছে। সময় ও অর্থ সাশ্রয়ী আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর মূল্য সংযোজন কর ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে ১ জুলাই ২০১৯ থেকে নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ কার্যকর হয়েছে।

তিনি বলেন, অনলাইনের মাধ্যমে ভ্যাট প্রদানের প্রক্রিয়া সহজতর হওয়ার পাশাপাশি রাজস্ব আহরণও বহুলাংশে বৃদ্ধি পাবে। ফলে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করাসহ রাষ্ট্রের রাজস্ব ভান্ডারকে সমৃদ্ধ করার মাধ্যমে সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়ন আরো বেগবান হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জন এবং জাতির পিতার আজন্ম লালিত স্বপ্ন-ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড ১৯৭২ সাল থেকে অভ্যন্তরীণ সম্পদ আহরণের মাধ্যমে দেশকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, ভ্যাট দেশের অভ্যন্তরীণ রাজস্বের অন্যতম প্রধান উৎস। রাজস্ব আয় থেকে প্রাপ্ত অর্থ দিয়েই সরকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও সেবা প্রদানের ব্যয় নির্বাহ করে থাকে। এই অভ্যন্তরীণ সম্পদ আহরণ নিশ্চিত করার মাধ্যমে বর্তমান সরকার মজবুত ও টেকসই অর্থনৈতিক ভিত্তি বিনির্মাণ করছে।

বাণীতে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ‘জাতীয় ভ্যাট দিবস, ২০১৯’ ও ‘জাতীয় ভ্যাট সপ্তাহ, ২০১৯’ পালিত হচ্ছে জেনে আনন্দ প্রকাশ এবং দিবসের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

সরকার জনকল্যাণমুখী রাজস্ব নীতি গ্রহণ করেছে : রাষ্ট্রপতি

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সরকার রাজস্ব প্রবৃদ্ধির ধারাকে আরো গতিশীল করার উদ্যোগ হিসাবে জনকল্যাণমুখী রাজস্ব নীতি গ্রহণ করেছে।

আগামীকাল ১০ ডিসেম্বর ‘জাতীয় ভ্যাট দিবস, ২০১৯’ ও ‘জাতীয় ভ্যাট সপ্তাহ, ২০১৯’ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন।

জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে আগামীকাল ১০ ডিসেম্বর ‘জাতীয় ভ্যাট দিবস’ এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর ‘জাতীয় ভ্যাট সপ্তাহ’ পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বলেন, ভ্যাটদাতা ও ব্যবসায়ীবৃন্দকে উৎসাহ প্রদানের পাশাপাশি ভ্যাট বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ সহায়ক হবে। জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে তিনি ব্যবসায়ী, ভোক্তাসাধারণ ও ভ্যাট আহরণ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা জানান।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনাসহ রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডকে অব্যাহত রাখতে রাজস্ব অপরিহার্য উপাদান। রাজস্ব বৃদ্ধির মাধ্যমে আত্মনির্ভরশীলতা যেমন অর্জন হচ্ছে তেমনি বিশ্ব দরবারে উন্নত জাতি হিসাবে নিজেদের পরিচয় তুলে ধরাও সম্ভব হচ্ছে। বর্তমান সরকার রাজস্ব প্রবৃদ্ধির এই ধারাকে আরো গতিশীল করার উদ্যোগ হিসাবে জনকল্যাণমুখী রাজস্ব নীতি গ্রহণ করেছে।

আবদুল হামিদ বলেন, ভ্যাট ব্যবস্থাকে সময়োপযোগী, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার প্রয়াসে জাতীয় রাজস্ব বোর্ড নতুন ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ বাস্তবায়ন করছে। এর ফলে অভ্যন্তরীণ রাজস্ব আহরণে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি বলেন, রাজস্বের প্রধান উৎস হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট। যথাযথভাবে ভ্যাট আদায়ে রাজস্ব আহরণকারী কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক আস্থা ও যোগাযোগ বৃদ্ধি খুবই জরুরি।

রাষ্ট্রপতি প্রত্যাশা করেন, ‘জাতীয় ভ্যাট দিবস’ ও ‘জাতীয় ভ্যাট সপ্তাহ’ পালনের মাধ্যমে ব্যবসায়ী ও ভোক্তা সাধারণের মধ্যে ভ্যাট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রের রাজস্ব ভান্ডার সমৃদ্ধ হবে।

তিনি ‘জাতীয় ভ্যাট দিবস, ২০১৯’ ও ‘জাতীয় ভ্যাট সপ্তাহ, ২০১৯’ এর সার্বিক সফলতা কামনা করেন।

চট্টগ্রামে বিমানযাত্রীদের জন্য ওয়াটার বাস চালু

0

চট্টগ্রামে বিমানযাত্রীদের সঠিক সময়ে এয়ারপোর্টে পৌঁছে দিতে কর্ণফুলী নদীতে গতকাল চালু হয়েছে ওয়াটার বাস সার্ভিস। আজ সোমবার সকাল ৯টায় সদরঘাট টার্মিনাল থেকে একজন যাত্রী নিয়ে বিমানবন্দর যায় দ্রুতগতির আধুনিক এ নৌযানটি।

মূলত বিমানবন্দর সড়কে অসহনীয় যানজটের কথা বিবেচনায় নিয়ে এসএস ট্রেডিং নামে একটি বেসরকারি সংস্থা এ নৌ-সার্ভিস চালু করেছে।

এদিকে, গত কয়েকদিন ধরে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ পরীক্ষামূলকভাবে এ সার্ভিস পরিদর্শন করেছেন। তাদের কেউ কেউ ওয়াটার বাসে ওয়ান-ওয়ে ভাড়া ৪০০ টাকা বেশি মন্তব্য করে এটিকে আরো কমিয়ে আনার প্রস্তাব করেছিলেন। এসএস ট্রেডিং-এর কর্ণধার সাব্বাব জানান, আমরা সামগ্রিকভাবে চিন্তা করে প্রথম দিনেই ভাড়া কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণ করেছি।

জানা গেছে, আজ সকাল ৮টায় ও সাড়ে বারোটায় দুই ট্রিপে ২ জন করে যাত্রী ছিলেন। তবে, সাড়ে চারটায় বিমানবন্দর থেকে ১২ জন যাত্রী সদরঘাট আসেন।

উল্লেখ্য, এ সার্ভিসের মাধ্যমে ২৩ মিনিটে পতেঙ্গা টার্মিনাল হয়ে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানো সম্ভব হচ্ছে। ২৫ জন যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রিত এ ওয়াটার বাসে রয়েছে লাগেজ রাখার ও ওয়াইফাই সুবিধা। পতেঙ্গা টার্মিনাল থেকে শাটল বাসে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছে দেয়া হচ্ছে। কোনো বিমানযাত্রী সদরঘাট বা পতেঙ্গা টার্মিনালে এসে তাদের মালামাল এসএস ট্রেডিং স্টাফদের বুঝিয়ে দিলে তারা নিজ দায়িত্বে এসব গন্তব্যে পৌঁছে দেবেন।