Home Blog Page 3302

নওশাবার বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিতের আদেশ বহাল

0

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আজ রবিবার এ আদেশ দেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে আপিল বিভাগ ‘নো-অর্ডার’ বলে আদেশে দেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ। নওশাবার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ এফ হাসান আরিফ ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

হাইকোর্ট গত ২০ নভেম্বর এক আদেশে নওশাবার বিরুদ্ধে মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেন। একইসঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

গতবছর ৪ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনায় কাজী নওশাবা নিজের ফেসবুক থেকে একটি লাইভ ভিডিও সম্প্রচার করেন। এতে বলা হয়, ‘জিগাতলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে একজনের চোখ উঠিয়ে ফেলেছে এবং চারজনকে মেরে ফেলেছে। আপনারা যে যেখানে আছেন কিছু একটা করুন।’

এই ভিডিও ভাইরাল হবার পর ওইদিনই তাকে উত্তরার বাসা থেকে তাকে আটক করে র‌্যাব। এর পরদিন ৫ আগস্ট নওশাবার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়। এ মামলায় চলতি বছরের ১৯ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনাল নওশাবাকে জামিন দেয়। তবে গত ৩০ এপ্রিল নওশাবার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ অবস্থায় সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

তথ্য-প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন সমস্যার সমাধান করতে হবে : পলক

0

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রযুক্তিনির্ভর দেশ গড়ার কাজে মনযোগী হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, তথ্য-প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন সমস্যার সমাধান করতে হবে।

জুনাইদ আহমেদ পলক আজ রবিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে বহুল প্রতীক্ষিত দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে সর্বপ্রথম ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’ স্থাপন প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত ‘সোশ্যাল মিডিয়া প্যারেড’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

২০০৮ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকল্প ঘোষণা করেন উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, মাত্র ১১ বছরের ব্যবধানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৭০ লাখ থেকে বর্তমানে প্রায় ১০ কোটিতে উন্নীত হয়েছে। এরমধ্যে প্রায় ২০ শতাংশ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী।

তিনি বলেন, আমরা ২০২৪ সালের মধ্যে ৫জি নেটওয়ার্ক চালু করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেগা-প্রজেক্ট শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেশন সেন্টার ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনকে আরো সমৃদ্ধ করবে।

চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ও ইনকিউবেটরের নির্বাহী প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম. ফজলে করিম চৌধুরী ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

জুনাইদ আহ্মেদ পলক বলেন, সত্য-মিথ্যা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা পোস্ট শেয়ার করলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেজন্য ডিজিটাল স্পেসকে নিরাপদ রাখতে হবে। এক্ষেত্রে শুধু নিজে জেনে চুপ থাকলে হবে না। আশেপাশের সবাইকে সচেতন করতে হবে।

তিনি বলেন, একটা ফেইক নিউজের কারণে কোন দুর্ঘটনা ঘটে গেলে তার ক্ষয়ক্ষতি থেকে আমি-আপনি কেউই নিরাপদ থাকতে পারবো না।

উল্লেখ্য, তথ্যপ্রযুক্তি খাতে উদ্যোক্তা সৃষ্টি, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে চুয়েটে “শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর” স্থাপন করা হচ্ছে।

প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে চুয়েট ক্যাম্পাসে ৫ একর জমির উপর ১০ তলা ভবন বিশিষ্ট ইনকিউবেটরটি নির্মিত হচ্ছে। ২০২০ সালের জুলাই মাসের মধ্যে এর নির্মাণকাজ সম্পন্ন করার কথা রয়েছে।

এর আগে সকালে চুয়েট রোবটিকস ল্যাব এবং মোবাইল গেইম্স এন্ড অ্যাপ্স ডেভেলেপমেন্ট সেন্টারের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী।

পরে চুয়েট কাউন্সিল কক্ষে আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প আয়োজিত চলমান “সোশ্যাল মিডিয়া প্যারেড” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

অর্জিত জ্ঞান উন্নয়নের কাজে লাগান : এনডিসি গ্রাজুয়েটদের রাষ্ট্রপতি

0

ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে (এএফডাব্লিউসি) অংশগ্রহণকারীদের প্রতি নেতৃত্বের বিষয়ে তাদের অর্জিত জ্ঞান উন্নয়নের কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

আজ রবিবার বঙ্গভবনের দরবার হলে এনডিসি ও এএফডাব্লিউসি কোর্স-২০১৯ এর গ্রাজুয়েটদের বলেন, এনডিসির বছরব্যাপী কোর্স আপনার দূরদর্শিতা ও নেতৃত্বের মাধ্যমে আপনাকে অনেক দূর এগিয়ে দেবে এবং অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে … এটি উন্নয়ন অভিযাত্রায় নতুন শক্তি যোগাবে।

সফলভাবে কোর্স সম্পন্ন করায় কোর্স সদস্যদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আমার বিশ্বাস যে জাতীয় নিরাপত্তা থেকে জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়নে নেতৃত্বের ক্ষেত্রে এটি একটি অনন্য সাধারণ কোর্স যা আপনার পেশাগত জ্ঞান সমৃদ্ধ করবে এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাকে আরো আস্থাবান করে তুলবে।

রাষ্ট্র প্রধান সশস্ত্র বাহিনীর এই মর্যাদাবান ইনস্টিটিউশনে এনডিসির গুরুত্বপূর্ণ কোর্সটিতে অংশগ্রহণ ও সাফল্যের সম্পন্ন করার জন্য ১৬টি দেশের ৩১ জন বিদেশি অংশগ্রহণকারীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, আমি বিশ্বাস করি দীর্ঘ এক বছর বাংলাদেশে অবস্থানকালে আপনারা অনেক মূল্যবান জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছেন যা আগামী দিনে আপনাকে সমৃদ্ধ করবে।

তিনি আশা প্রকাশ করেণ যে কোর্সে অংশগ্রহণকারীরা এখান থেকে নিজ নিজ দেশে ফিরে গিয়ে বাংলাদেশের ‘শুভেচ্ছা দূত’ হবেন।

উল্লেখ্য, এ বছর এখানে এনডিসিতে বছরব্যাপী কোর্সে ১৬টি দেশের ৩১ জনসহ মোট ১৫৯ জন অংশগ্রহণ করেন।

বক্তৃতার শুরুতে রাষ্ট্রপতি দেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা গভীর শ্রদ্ধাসহকারে স্মরণ করেন। তিনি স্বাধীনতা সংগ্রমে জীবন উৎসর্গকারী এ মাটির শহীদ বীর সন্তানদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উদযাপন প্রসঙ্গে আব্দুল হামিদ এ দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে উদযাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে এনডিসির কমান্ডেন্ট লে. জেনারেল শেখ মামুন খালেদও বক্তৃতা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ, উচ্চপদস্ত বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ, স্টাফ অফিসারগণ এবং এনডিসি ও এএফডাব্লিউসির কোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্মাননা পেলেন অর্থনীতিবিদ আকবর আলি খান

0

অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খানকে সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) কাউন্সিল হলে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সম্মাননা স্মারক ও সম্মানী তুলে দেয়া হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক সৈয়দ আবুল মকসুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম।

সম্মাননার জবাবে ড. আকবর আলি খান বলেন, আপনারা আমাকে যে সংবর্ধনা দিয়েছেন তাতে আমি আবেগাপ্লুত। এর দ্বারাই প্রমাণ করে, আপনারা আমাকে কতটা ভালোবাসেন। আসলে আমাকে যখন কেউ গালি দেয় তখন আমার বেঁচে থাকার ইচ্ছা করে। কারণ এর জবাব আমাকে দিতে হবে, এটার মোকাবিলা করতে হবে। আবার যখন সবাই প্রশংসা করেন তখন মনে হয়, আমার দিন বোধহয় ফুরিয়ে এসেছে; আমার বোধহয় আর কিছু করার নেই।

সৈয়দ আবুল মকসুদ বলেন, ব্রাহ্মণবাড়িয়া একটি সাংস্কৃতিক জেলা। বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বললে ব্রাহ্মণবাড়িয়াকেই বলে মানুষ। সারা পৃথিবীর মানুষ ব্রাহ্মণবাড়িয়াকে আলাদাভাবে চেনে। কারণ সেখান থেকে এমন কৃতী সন্তান বেরিয়েছেন, যারা শুধু দেশের ভেতরেই খ্যাতি অর্জন করেননি, সারা পৃথিবীতে বাংলাদেশকে এবং ভারতবর্ষকে উজ্জ্বল করেছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল নূর। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত সাধারণ সম্পাদক মঈনউদ্দীন মঈন।

বিমসটেকের সঙ্গে কাজ করবে জাতীয় সংসদ : স্পিকার

0

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বিমসটেক খুবই গুরুত্বপূর্ণ। জনগণের সাথে জনগণের সংযোগ বৃদ্ধিতে এ সংস্থা বিশেষ অবদান রাখতে পারে। তাই বিমসটেকের সঙ্গে জাতীয় সংসদও কাজ করবে।

আজ রবিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকারের দপ্তরে বিমসটেক সেক্রেটারী জেনারেল এম. শহীদুল ইসলামের সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন। সংক্ষিপ্ত ওই বৈঠকে তাঁরা বিমসটেকের কার্যক্রম ও সদর দপ্তর স্থাপন, সদস্যভূক্ত দেশসমূহের মাঝে সম্পর্ক উন্নয়ন এবং সংসদীয় চর্চাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন।

এ সময় স্পিকার বলেন, সংসদগুলো বিমসটেকের ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করতে পারে। বাংলাদেশ জাতীয় সংসদ সিপিএ, আইপিইউ, পিইউআইসি’র মতো আন্তর্জাতিক সংস্থার সাথে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। বিমসটেকের সাথেও জাতীয় সংসদের কাজ করার সুযোগ রয়েছে।

তিনি আরো বলেন, সংসদসমূহকে নিয়ে বিমসটেকের কর্মপরিকল্পনা জরুরি। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) পূরণে দক্ষিণ এশীয় দেশসমূহের স্পিকার্স সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিসমটেকও এ ধরনের সম্মেলনের আয়োজন করতে পারে। বিমসটেক ফোরাম সংসদীয় কূটনীতিতে ভূমিকা রাখতে পারে। বিমসটেককে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বিমসটেক সেক্রেটারি শহীদুল ইসলাম বলেন, বিমসটেক শক্তিশালী করার মাধ্যমে সদস্যভূক্ত সংসদসূহের মাঝে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। শুধু সরকার নয়, জনগণের সাথে জনগণের সংযোগ ঘটাতে পারলে উন্নয়ন সম্ভব হবে।

তিনি স্পিকারের নিকট বিমসটেকের কার্যক্রম উপস্থাপন করে সহযোগিতা কামনা করেন। বিমসটেকের সদর দপ্তর বাংলাদেশে স্থাপন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপি জনসমর্থন হারিয়ে ফেলেছে : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতিবাচক রাজনীতি করতে করতে আজকে জনসমর্থন হারিয়ে ফেলেছে।

আজ রবিবার বরিশাল শহরের বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের ডাকে জনগণ সাড়া দেয় না। আন্দোলনে মরা গাঙে জোয়ার আর আসে না।নেতিবাচক রাজনীতি করতে করতে আজকে তারা জনসমর্থন হারিয়ে ফেলেছে।

তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। এখন তারা শুধু নালিশ করে বেড়ায়, তাদের অপর নাম নালিশ দল।

দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সুন্দর ছবি, ব্যানার-ফ্যাস্টুন দিয়ে নেতা হওয়া যাবে না। নেতা হতে হলে মানুষের হৃদয় জয় করতে হবে, নেতা হতে হলে মানুষকে ভালবাসতে হবে, সৎ হতে হবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম আব্বাছ চৌধুরী দুলালের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বক্তব্য রাখেন।

এছাড়াও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, উপদপ্তর সম্পাদক ব্যারেস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন ও গোলাম রাব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।

আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই, দেশের ষোল কোটি জনতা দু বেলা তিন বেলা পেট পুড়ে ভাত খেতে পারছে।

আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ আসার আগে দীর্ঘ ২১ বছর বরিশালের মানুষ অবহেলিত ছিল। ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বরিশালের উন্নয়ন শুরু হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে শক্তিশালী করুন।

বাহাউদ্দিন নাসিম বলেন, আমাদেরকে স্বাধীনতা বিরোধীদের রুখতে হলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। কোন ষড়যন্ত্রই শেখ হাসিনাকে রুখতে পারবে না।

তিনি বলেন, আজ বরিশাল মুক্ত দিবস। যে কারণে আজকের বরিশাল মহানগর-এর ত্রি-বার্ষিক সম্মেলন ঐতিহাসিক সম্মেলন।

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় ডেপুটি স্পিকার

0

পরিবেশ ও উন্নয়ন বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। তার নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ওই সম্মেলনে অংশ নেবেন।

আজ রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা প্রতিনিধি দলকে বিদায় জানান।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদলে আছেন সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ ও এ কে এম ফজলুল হক এবং ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব তৌফিকুল ইসলাম ও সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব আমিনুল ইসলাম।

কাল থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে ১৪ ডিসেম্বর প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

সচিবালয়ের চারপাশ হর্ন বিহীন এলাকা হিসেবে ঘোষণা

0

সরকার সচিবালয়ের চারপাশের এলাকাকে হর্ন বিহীন এলাকা হিসেবে ঘোষণা করেছে। আগামী ১৭ ডিসেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে।

১৭ ডিসেম্বর থেকে সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব জোন বা হর্ন বিহীন এলাকা হিসেবে কার্যকর করা হবে।

আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব এলাকায় চলাচলকারী যানবাহনসমূহকে কোনো প্রকার হর্ন না বাজানোর অনুরোধ জানানো হয়েছে।

আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে এবিষয়ে করণীয় নির্ধারণী এক এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিষয়টি কার্যকর করতে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সকল সরকারি ও বেসরকারি সংস্থা, সকল শ্রেণির জনগণ বিশেষ করে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাওয়া হয়েছে। সংশ্লিষ্টদের এ বিষয়ে সচেতন করতে প্রয়োজনীয় সংখ্যক বিলবোর্ড, ব্যানার স্থাপন, লিফলেট বিলি এবং মাইকিং করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় জানানো হয়, অপ্রয়োজনীয়ভাবে হর্ন বাজানোসহ শব্দ দূষণ নিয়ন্ত্রের অংশ হিসেবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইন অনুযায়ী প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোন প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যস্ত হলে প্রথম অপরাধের জন্য অনধিক ১ মাস কারাদণ্ডে বা অনধিক ৫ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে এবং পরবর্তী অপরাধের জন্য অনধিক ৬ মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে ২৫ নভেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় আগামী ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব জোন বা হর্ন বিহীন এলাকা হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়।

রুম্পাকে ছাদ থেকে ফেলে দেন প্রেমিক, সন্দেহ গোয়েন্দা পুলিশের

0

রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পাকে ১২ তলা ভবনের ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হত্যা করেন তার প্রেমিক আবদুর রহমান সৈকত। সৈকতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এমন সন্দেহ হচ্ছে গোয়েন্দা পুলিশের (ডিবি)। এ কারণে সৈকতকে আরো জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড চেয়েছিল ডিবি। তবে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গোয়েন্দা পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, রুম্পার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আবদুর রহমান সৈকতের। এই সম্পর্কের ইতি টানতে চেয়েছিলেন সৈকত। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হলে সৈকত তার সহযোগীদের নিয়ে রুম্পাকে সিদ্ধেশ্বরীর সেই বাসার ছাদে নিয়ে যান। এক পর্যায়ে তাকে ওই ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

রুম্পার রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্ত কর্মকর্তা ডিবির রমনার জোনাল টিমের পরিদর্শক শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস ঘটনার প্রাথমিক তদন্তের বিষয়ে আদালতকে জানান, রুম্পা ও সৈকতের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু দিন দিন তাদের সম্পর্কের অবনতি ঘটে। ৪ ডিসেম্বর বিকেলে তারা স্টামফোর্ড ইউনিভার্সিটির বাইরে দেখা করেন। তখন কোনো যৌক্তিক কারণ ছাড়াই সম্পর্ক ছিন্ন করার কথা বলেন সৈকত। রুম্পা বারবার অনুরোধ করলেও সৈকত সম্পর্ক রাখতে রাজি হচ্ছিলেন না। এ নিয়ে দুজনের মনোমালিন্য ও বিরোধ চরম আকার ধারণ করে। এর জের ধরে ওই দিন রাত পৌনে ১১টায় সৈকত তার কয়েকজন সহযোগীকে নিয়ে রুম্পাকে ৬৪/৪ সিদ্ধেশ্বরীর বাড়িটির ছাদে নিয়ে যান। এক পর্যায়ে রুম্পাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এটাই প্রাথমিকভাবে জোর সন্দেহ করা হচ্ছে।

গত ৪ ডিসেম্বর, বুধবার রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরীর সার্কুলার রোডের ৬৪/৪ নম্বর বাসার নিচে অজ্ঞাত মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘটনার পরপরই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আলামত সংগ্রহ করেন। সুরতহালে পুলিশ গুরুতর কিছু ইনজুরি পায়। সংগৃহীত আলামত ফরেনসিকে পাঠানো হয়। ওই ঘটনার পরদিন পুলিশ বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে।

মরদেহ উদ্ধার হওয়ার পর রুম্পার পরিচয় জানা গেলে তার সতীর্থ স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি করেন, রুম্পা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যায় জড়িতদের বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনও করছেন শিক্ষার্থীরা।

শনিবার রাতে সৈকতকে আটক করে ডিবিতে নেয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে রবিবার তাকে রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২২ বছর বয়সী সৈকত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিবিএর শিক্ষার্থী। আর রুম্পা হবিগঞ্জে কর্মরত পুলিশ পরিদর্শক রোকনউদ্দিনের মেয়ে।

‘রুম্পার সঙ্গে সিদ্ধেশ্বরীর সেই ভবনে ঢুকেছিল তার প্রেমিক’

0

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পাকে ‘ধর্ষণের পর হত্যা’র সঙ্গে তার সাবেক প্রেমিক সৈকতের যোগসূত্র খুঁজে পেয়েছে পুলিশ। ঘটনার দিন রুম্পার সাথে সিদ্ধেশ্বরীর সেই ভবনটিতে তাকে ঢুকতে দেখা গেছে বলে জানায় পুলিশ। সিসিটিভি ফুটেজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটকের পর আজ রবিবার সৈকতকে গ্রেপ্তার দেখানো হয়।

জানা যায়, বেশ কয়েক মাস ধরেই প্রেমিক সৈকতের সঙ্গে মনোমালিন্য চলছিলো স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্রী রুম্পার। বিভিন্নভাবে তাকে এড়িয়ে চলতো সৈকত। ঘটনার দিন তিনি রুম্পার সঙ্গে যোগাযোগ করেন। এরপর তারা সিদ্ধেশ্বরীর ৬৪/৪ নম্বর বাসায় দেখা করার সিদ্ধান্ত নেন।

বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে ঘটনার দিন গত ৪ নভেম্বর সন্ধ্যার দিকে সৈকতসহ রুম্পা ওই ভবনে প্রবেশ করেন।

ঘটনা তদন্তে রুম্পার মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান গোয়েন্দারা। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চিকিসকদের ধারণা রুম্পাকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।

৪ ডিসেম্বর, বুধবার রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের আয়েশা শপিং কমপ্লেক্সের পেছনের দুই ভবনের মাঝে রুম্পার মরদেহ উদ্ধার করে পুলিশ।