Home Blog Page 3303

রুম্পার কথিত প্রেমিক সৈকত চার দিনের রিমান্ডে

0

রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যা মামলার সন্ধিগ্ধ আসামি সৈকতের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সৈকতকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলে গোয়েন্দা পুলিশ। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করেন। আর ন্যায় বিচারের স্বার্থে রিমান্ডে পক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্র পক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল শনিবার রাতে সৈকতকে আটক করে ডিবিতে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ২২ বছর বয়সী সৈকত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিবিএ ক্লাসের ছাত্র। সৈকত স্বীকার করেছে, রুম্পা তার প্রেমিকা।

এর আগে বুধবার রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরীর সার্কুলার রোডের একটি বাসার নিচে অজ্ঞাত মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পরদিন পুলিশ বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা করে। পরে জানা যায় তিনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্পা।

এনটিভির আতিক হত্যা: আসামি শাকিলের মৃত্যুদণ্ড বহাল

0

টেলিভিশন চ্যানেল এনটিভির ভিডিও এডিটর আতিকুল ইসলাম আতিক হত্যা মামলায় এক আসামি শাকিল সিকদারের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

আজ রোববার (৮ ডিসেম্বর) বিচারপতি শহিদুল করিম ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

রায়ে দুই আসামির যাবজ্জীবনও বহাল রাখা হয়েছে। এরা হলেন আবদুল্লাহ মো. ইবনে আলী সরকার ওরফে নাহিদ ও মো. ফোরকান। পলাতক বরগুনার আমতলি উপজেলার কলাগাছি গ্রামের মো. খোকনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ সাজাও বহাল রাখা হয়েছে।

আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী জহিরুল হক জহির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মেহেদী হাসান।

গত ৪ ডিসেম্বর এনটিভির ভিডিও এডিটর আতিকুল ইসলাম আতিক হত্যা মামলায় আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। এ সময় রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করা হয়।

২০১৪ সালের ২৪ জুন আতিকুল ইসলাম আতিক হত্যা মামলায় রায় দেন নিম্ন আদালত। রায়ে শাকিল সিকদারকে ফাঁসি দেন নিম্ন আদালত। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি থানার সরমহল গ্রামে। এছাড়া, আবদুল্লাহ মো. ইবনে আলী সরকার ওরফে নাহিদ ও মো. ফোরকানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

নাহিদের বাড়ি নরসিংদীর রায়পুর উপজেলার রামনগরহাটি গ্রামে এবং ফোরকানের বাড়ি পটুয়াখালীর কেউরাবুনিয়া গ্রামে। বরগুনার আমতলি উপজেলার কলাগাছি গ্রামের মো. খোকনকে তিন বছরের দণ্ড দেয়া হয়। পরে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে আসামিরা।

২০০৯ বছরের ১৩ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফিরছিলেন আতিক। বড় মগবাজারের ১৮০/৩ নয়াতলায় থাকতেন তিনি। পথে ঢাকা-টঙ্গী ডাইভারশন রোডের মগবাজার রেল ক্রসিং মোড়ে কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করে। সন্ত্রাসীরা আতিকের পেটে দুটি গুলি করে। পরে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান আতিক।

পরদিন ১৪ ফেব্রুয়ারি আতিকের বড় ভাই আবু বকর সিদ্দিক রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ পরিদর্শক (ডিবি) আবুল খায়ের ৯ আগস্ট ২০০৯ সালে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১০ সালের ৬ অক্টোবর আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

নতুন নিয়োগপ্রাপ্ত ৪৪৪৩ চিকিৎসক সরকারি চাকরিতে যোগ দিলেন

0

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের আওতায় নিয়োগপ্রাপ্ত নতুন চার হাজার ৪৪৩ জন চিকিৎসক আজ কাজে যোগ দিচ্ছেন।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ উপলক্ষে শুরু হয়েছে যোগদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোদাচ্ছের আলী, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপের সভাপতি ইকবাল আর্সেনাল,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর সচিব মোঃ হাবিবুর রহমান খান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডাক্তার এহতেশামুল হক চৌধুরী, স্বাচিপের মহাসচিব ডাক্তার এম এ আজিজ সহ অন্যরা।

আজ আনুষ্ঠানিকভাবে নতুন চিকিৎসকরা যোগদান পত্র জমা দিয়ে সারাদেশে নিজ নিজ কর্মস্থলে ছড়িয়ে যাবেন।

নিজ কার্যালয়ে দুদকের এজাহার নিয়ে রিট শুনানি মুলতবি

0

দুর্নীতির বিষয়ে থানায় মামলা না করে দুদকের নিজ কার্যালয়ে এজাহার দাখিল ও ওই এজাহারের ভিত্তিতে তদন্ত করার ক্ষমতা চ্যালেঞ্জ করে দাখিল করা রিট আবেদনের ওপর শুনানি ১৫ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

আজ রবিবার (৮ ডিসেম্বর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল কাইয়ুম।

গত ১৩ নভেম্বর করা রিট আবেদনে দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ (সংশোধনী ২০১৯) এর ১(২)(ঘঘ)(ছ), ৪, ৯ (ক), ১০ নম্বর বিধি ও ফরম-২খ কেন বেআইনি ঘোষনা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। রিট আবেদনে আইন, স্বরাষ্ট্র ও সংসদ সচিবালয়ের সচিব, দুদক চেয়ারম্যান, পুলিশের আইজি ও দুদক সচিবকে বিবাদী করা হয়েছে।

দুদক নিজেই মামলা করার ক্ষমতা সংক্রান্ত বিষয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ সংশোধন করে গত ২০ জুন গেজেট জারি করে। এই বিধিমালার ৪ নম্বর বিধিতে বলা হয়েছে, কোনো নাগরিক থানায় অভিযোগ দায়ের করতে পারবে। সংশ্লিষ্ট থানা ওই অভিযোগ পাওয়ার পর তা জিডি হিসেবে গ্রহণ করে দুদকে পাঠিয়ে দেবে। এর ভিত্তিতে দুদক নিজ কার্যালয়ে মামলা করতে পারবে।

এছাড়া ১০ নম্বর বিধিতে দুদককে তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে। গত জুন মাসে এই বিধিমালা অনুমোদনের পর থেকে দুদক থানায় না যেয়ে নিজ কার্যালয়েই মামলা দায়ের করছে। এ প্রেক্ষাপটে ওই গেজেট চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়।

৮ বছর পর আজ হাতীবান্ধা উপজেলা আ. লীগের সম্মেলন

0

দীর্ঘ ৮ বছর পর আজ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আ. লীগের সম্মেলন হতে যাচ্ছে। এ সম্মেলন ঘিরে দুটি পক্ষের দ্বন্দ্ব ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। কেননা ইউনিয়ন কমিটি গঠন করতে গিয়ে দুইপক্ষের পাল্টাপাল্টি কমিটি গঠনেরও খবর শোনা যাচ্ছে। ফলে আজ রবিবার উপজেলা আ,লীগের সম্মেলন ঘিরে চলছে নানা সমীকরণ।

জানা গেছে, রবিবার বিকেলে হাতীবান্ধা সরকারি এসএস উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আ. লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ গুরুত্বপূর্ণ দুটি পদের (সভাপতি/সম্পাদক) একটি পাচ্ছেন বলে অনেকটাই নিশ্চিত হওয়া গেলেও অপরটিতে কে আসছেন তা হয়তো সম্মেলন শেষে স্পষ্ট হবে।

এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আ. লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ মোতাহার হোসেন এমপি। এতে সভাপতিত্ব করবেন হাতীবান্ধা উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্বাস আলী।

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১১ সালের ৪ ডিসেম্বর এই উপজেলার আ. লীগের কমিটি গঠন করা হয়।

তবে এবারের কমিটি গঠন ঘিরে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ প্রকাশ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এর একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন ও তার বড় ছেলে উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সোহাগ আর অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা আ. লীগের যুগ্ম সম্পাদক সারয়ার হায়াত খান ও উপজেলা আ. লীগের ‘সভাপতি’ বদিউজ্জামান ভেলু।

এদিকে হাতীবান্ধা উপজেলা আ. লীগ সভাপতি বদিউজ্জামান ভেলু বিগত উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোট করায় তার পরিবর্তে আব্বাস আলীকে হাতীবান্ধা উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

তবে কেন্দ্র থেকে চিঠি দিয়ে সকল বিদ্রোহী প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সে অনুযায়ী বিদ্রোহী প্রার্থীরা ওই নোটিশের লিখিত জবাবও দিয়েছেন ঠিকই। এরপর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বিদ্রোহী প্রার্থীকে ক্ষমা করে দিয়েছেন। সে কারণে বদিউজ্জামান ভেলু এখনো উপজেলা আ. লীগের সভাপতি রয়েছেন বলে দাবি একাংশের।

তবে বদিউজ্জামান ভেলুকে উপজেলা আ. লীগের সভাপতি হিসেবে মানতে নারাজ কেউ কেউ। এ জন্য তাকে বাদ দিয়ে আ. লীগের অপর একটি একাংশ ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করেছেন।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সোহাগ সাংবাদিকদের বলেন, ‘যারা এ কাজটি (পাল্টাপাল্টি কমিটি) করতে চাচ্ছেন, তাদের কিছুদিন আগেই প্রধানমন্ত্রী শর্তযুক্ত মাফ করেছেন। যারা একবার মাফ পায় তারা আবার ষড়যন্ত্র করে এটাই তার প্রমাণ’।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা আ. লীগের ‘সভাপতি’ বদিউজ্জামান ভেলু বলেন, ‘উপজেলা নির্বাচন করার পর থেকেই একটি পক্ষ আমাদের দলের কার্যক্রম চালাতে দিতেন না। দলীয় প্রধান আমাদের ক্ষমা করার পরও ওই পক্ষটি পাশ কাটিয়ে ইউনিয়ন কমিটি গঠন করতে থাকে। তাই আমরাও পাল্টা কমিটি করেছি’।

একই কথা বলেন, উপজেলা আ. লীগের সাবেক সভাপতি ও জেলা আ. লীগের যুগ্ম সম্পাদক সরওয়ার হায়াত খান বলেন, ‘আমরা কয়েক জন বিদ্রোহী প্রার্থী হওয়ায় আমাদেরকে দলীয় কাজ থেকে বাইরে রাখা হচ্ছে। কিন্তু ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরাও কমিটি গঠন করছি’।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন হাবিব খাঁন মানিক কালের কণ্ঠকে বলেন, ইতিমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। রাত পোহালে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের সকল সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।

জিজ্ঞাসাবাদের জন্য রুম্পার সহপাঠী সৈকত আটক

0

রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পার সহপাঠী সৈকতকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার সৈকতকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনারের কার্যালয়ে নেওয়া হয়।

ডিএমপির উপকমিশনার (ডিবি দক্ষিণ বিভাগ) রাজীব আল মাসুদ সাংবাদিকদের জানান, সৈকতকে আটক করা হয়নি। রুবাইয়াত শারমিন রুম্পার মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পাকে ‘ধর্ষণের পর হত্যা করা হয়েছে’—এমন অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা।

পরিবারের সদস্যরাও তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলতে রাজি নয়। রুম্পার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে ডিএমপির ডিবিসহ কয়েকটি টিম। পুলিশ সূত্রে জানা যায়, রুম্পার মোবাইল ফোনের কললিস্ট এবং কয়েকটি সিসিটিভি ফুটেজ ধরে কাজ করা হচ্ছে। এ ছাড়া ১২ তলা ভবনের ছাদে পাওয়া সেন্ডেলের চিহ্ন পরীক্ষা করা হচ্ছে। এটি কি হত্যা, নাকি আত্মহত্যা তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ কারণে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা। পাশাপাশি রুম্পার ব্যক্তিগত জীবন ও যোগাযোগের তথ্যও খতিয়ে দেখছেন তাঁরা।

রমনা মডেল থানার ওসি মনিরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন এখনো আমরা হাতে পাইনি। আগামীকাল (আজ রবিবার) পেতে পারি। প্রতিবেদনটি হাতে পেলে হয়তো কিছু বিষয় সামনে আসবে। নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ করেনি। তবে আমরা তদন্তের স্বার্থে যোগাযোগ করছি। সহপাঠীর বিষয়টি আমাদের নজরে আছে। এ ঘটনার শুরু থেকেই আমরা হত্যা ধরেই তদন্তকাজ চালাচ্ছি।’

পুলিশ সূত্র জানায়, যেখানে ঘটনাটি ঘটেছে ওই গলিতে পাশাপাশি তিনটি ভবনের একটি ১২ তলা। আর বাকি দুটির একটি তিনতলা, অন্যটি পাঁচতলা। ভবনগুলোর কোনোটিতেই সিসিটিভি ক্যামেরা না থাকায় কোন ভবনে রুম্পা গিয়েছিলেন তা বোঝা যাচ্ছে না। তবে রুম্পার লাশ ১২ তলা ভবনের পেছনের অংশে পড়ে ছিল। নিহত রুম্পার ছোট ভাই আশরাফুল আলম বলেন, ‘আপু আত্মহত্যা করতে পারে না। তাকে যারা মেরেছে তাদের বিচার করতে হবে। ঘটনার আগের কয়েক দিন আপুর মন খারাপ ছিল। কী কারণে মন খারাপ ছিল সে বিষয়ে আমাদের কিছু বলেনি।’

এদিকে রুম্পার সহপাঠী সূত্রে জানা যায়, স্টামফোর্ড ইউনিভার্সিটির এক সহপাঠীর সঙ্গে রুম্পার ব্যক্তিগত সম্পর্ক ছিল। সেই সহপাঠী এখন আর এই বিশ্ববিদ্যালয়ে পড়েন না। তবে কয়েক মাস আগে তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। কয়েক দিন ধরে তাঁদের মধ্যে টানাপড়েন চলছিল। মানববন্ধনের সমন্বয়ক রাখিল খন্দকার নিশান বলেন, ‘আমরা রুম্পার মৃত্যুর সঠিক কারণ জানতে চাই। তার মৃত্যুতে কারো হাত থাকলে তাদের শাস্তির আওতায় আনতে হবে।’

রুম্পার লাশ উদ্ধারের পর পুলিশের করা সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রুম্পার মেরুদণ্ড, বাম হাতের কনুই ও ডান পায়ের গোড়ালি ভাঙা ছিল। মাথা, নাক, মুখে জখম এবং বুকের ডান দিকে ক্ষতচিহ্ন ছিল। যা দেখে তখন চিকিৎসক এবং পুলিশ সূত্র ওপর থেকে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তবে মৃত্যুর আগে ধর্ষণ করা হতে পারে সন্দেহ থেকে আলামত সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। যার প্রতিবেদন আজ দেওয়ার সম্ভাবনা আছে।

পুলিশের একটি সূত্র জানায়, এই মামলার সঠিক ঘটনা উদ্ঘাটনে যাদের সঙ্গে কথা বলা দরকার মনে হচ্ছে পুলিশ তাদের সঙ্গে কথা বলছে। এই তালিকায় রুম্পার সহপাঠী এবং যাঁদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল তাঁরাও রয়েছেন। উল্লেখ্য, গত বুধবার রাত ১১টার দিকে সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের ৬৪/৪ নম্বর ভবনের সামনে থেকে রুম্পার লাশ উদ্ধার করে রমনা থানা পুলিশ। এ ঘটনায় রমনা থানায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

স্টাম্পফোর্ডে মানববন্ধন : গতকাল সকাল ১০টায় স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সিদ্ধেশ্বরী ও ধানমণ্ডি ক্যাম্পাসের সামনে একই সময় অবস্থান নেন। এ সময় তাঁরা রুম্পার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে তাঁর সহপাঠীরা হত্যার বিচার চেয়ে স্লোগান দেন। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা রুম্পার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, আগামীকালের (আজ) মধ্যে একটা ফলাফল দেখতে চাই। ‘অপরাধীদের’ শাস্তি দাবিতে গত শুক্রবারও বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের শিক্ষার্থীরা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে মানববন্ধন করেন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তাঁরা।

ছাত্র অধিকার সংরক্ষণের মানববন্ধন : ডাকসু ভিপি নুরুল হক নুর রুম্পা হত্যার রহস্য উন্মোচন করে খুনিদের বিচারের দাবি জানিয়েছেন। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান।

দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে উল্লেখ করে ভিপি নুর বলেন, ‘আপনারা জানেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, যে একজন পুলিশ অফিসারের মেয়ে, তাঁকে সম্ভবত ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমরা রাষ্ট্রের কাছে বলতে চাই, ওই ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করেছে নাকি অন্যভাবে হত্যা করা হয়েছে সে রহস্য উন্মোচন করে খুনিদের বিচার করুন।’ মানববন্ধনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লার সঞ্চালনায় আরো বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, রাশেদ খান প্রমুখ।

আগারগাঁওয়ে গ্যাস লাইনে বিস্ফোরণ, চার শ্রমিক দগ্ধ

0

রাজধানীর আগারগাঁও এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় ওয়াসার লাইনের কাজ করার সময় গ্যাস লাইনের বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- জোনায়েদ (২২), নিলু (২৮) কবির আহমেদ (২৫) ও রুবেল (২৮)।

দগ্ধ নিলু মিয়া জানান, তারা বেশ ক’জন শ্রমিক কয়েকদিন ধরে আগারগাঁওয়ের ষাট ফিট রাস্তায় ওয়াসা কাজ করছিলেন। সেখান দিয়ে নতুন ওয়াসার পাইপ বসানোর জন্য মাটি খনন করেন তারা। এর মধ্যে একটি গর্তে গ্যাসের পাইপ থেকে গ্যাস লিকেজ হচ্ছিল। তিনি বলেন, আমরা সাবধানেই কাজ করছিলাম। রাস্তা খননের জন্য বড় হাতুড়ি দিয়ে রাস্তায় আঘাত করার সঙ্গে সঙ্গেই বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। এতে সবাই কম বেশি দগ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে, পাকা রাস্তায় হাতুড়ির দিয়ে আঘাত করায় এ ঘটনা ঘটেছে।

তিনি আরো জানান, দগ্ধ হওয়ার পর অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়। বর্তমানে চারজনই জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধদের মধ্যে তিনজনের গ্রামের বাড়ি পাবনায়। একজনের বাড়ি ময়মনসিংহে। কাজের সুবাদে শ্রমিকরা আগারগাঁওয়ের তালতলা এলাকায় থাকেন।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, চার শ্রমিক দগ্ধ হয়ে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, চার জনের হাতে পায়ে ও মুখমন্ডল দগ্ধ হয়েছে। তবে অবস্থা গুরুতর নয়।

চাকরি ও ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে

0

মাদকাসক্ত চিহ্নিত করতে চাকরির নিয়োগ পরীক্ষায় ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও এ ব্যবস্থা চালুর প্রস্তাব করা হয়েছে। এতে মাদকাসক্তের সংখ্যা কমবে বলে আশা করছে সংসদীয় কমিটি। কমিটির সুপারিশ অনুযায়ী এরই মধ্যে সংশ্লিষ্টদের এসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যমান আইনের আলোকে বিধিমালা প্রণয়নের কাজ শুরু করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্র মতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকাসক্তদের চিহ্নিত করতে ডোপ টেস্ট ব্যবস্থা চালুর বিধানের কথা বলা হয়েছে। কিন্তু তা চালু না হওয়ায় অনেক গুরুত্বপূর্ণ পদে মাদকাসক্তরা আসীন হচ্ছে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একাধিক বৈঠকে আলোচনা হয়। আলোচনায় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মাদকাসক্তদের বাদ দিতে ডোপ টেস্ট ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ পুলিশে এ সুপারিশ কার্যকর করা হয়েছে। চলতি বছরে দুটি নিয়োগ পরীক্ষায় ২৪ জনকে চিহ্নিত করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদের নিয়োগ দেওয়া হয়নি বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতীয় সংসদ ভবনে গত ১ ডিসেম্বর সংসদীয় কমিটির বৈঠকে জানানো হয়, কমিটির পঞ্চম বৈঠকের সুপারিশ অনুযায়ী ডোপ টেস্টকে অধিকতর গুরুত্ব দিয়ে সর্বক্ষেত্রে কার্যকর করার ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে গত ১৭ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন সব দপ্তর ও বিভাগের কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষায় ডোপ টেস্ট অন্তর্ভুক্ত করার জন্য বলা হয়েছে। এর আগে গত বছরের ৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব শ্রেণির চাকরির ক্ষেত্রে প্রবেশের সময় বিদ্যমান ব্যবস্থার সঙ্গে ডোপ টেস্ট অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়।

সংসদীয় কমিটিকে পুলিশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ পুলিশে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আবশ্যিকভাবে ডোপ টেস্ট করানো হয়ে থাকে। এ ক্ষেত্রে কোনো প্রার্থী ডোপ টেস্টে মাদকাসক্ত মর্মে ‘পজিটিভ’ রিপোর্ট হলে তাকে নিয়োগের অযোগ্য ঘোষণা করা হয়। ২০১৮ সালের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত দুই হাজার প্রার্থীর ডোপ টেস্ট পরীক্ষায় তিনজনের পজিটিভ ধরা পড়ে।

এ ছাড়া চলতি বছরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় ৯ হাজার ৬২৮ জনের ডোপ টেস্ট করানো হয়। যার মধ্যে ২১ জনের পজিটিভ ধরা পড়ে। আরো জানানো হয়েছে, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যাওয়ার আগে পুলিশ সদস্যদের মেডিক্যাল পরীক্ষার পাশাপাশি ডোপ টেস্ট করানো হয়। গত তিন বছরে এক হাজার ৭৬৩ জনের ডোপ টেস্ট করানো হয়েছে। এ ছাড়া বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্টসহ পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

এ বিষয়ে সংসদীয় কমিটির সভাপতি শামসুল হক টুকু কালের কণ্ঠকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলছে। এ যুদ্ধ অব্যাহত থাকবে। চাকরিতে নিয়োগের পাশাপাশি বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে ডোপ টেস্ট চালুর প্রক্রিয়া শুরু হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই সব নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট চালু করেছে। সব প্রতিষ্ঠানে ডোপ টেস্ট চালু হলে মাদকাসক্ত মানুষের সংখ্যা কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, ১ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের দেওয়া প্রতিবেদন নিয়ে আলোচনা শেষে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করার আগে এবং চূড়ান্ত (ফাইনাল) পরীক্ষার আগে ডোপ টেস্ট সিস্টেম চালু করার সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ ও অন্য সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে দেশকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে এবং একটি শিক্ষিত ও সুস্থ জাতি উপহার দিতে এ সুপারিশ করা হয়েছে।

এদিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যমান আইনের আলোকে ডোপ টেস্ট বিধিমালার একটি খসড়া প্রণয়নের কাজ চলছে। এরই মধ্যে এ বিষয়ে ‘মাদকাসক্ত শনাক্তকরণ ডোপ টেস্ট প্রবর্তন’ শীর্ষক একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। চলতি বছরে ১০২ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি ওই প্রকল্প গ্রহণ করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ জানান, ডোপ টেস্ট বিধিমালার খসড়া তৈরির প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় ডোপ টেস্টের জন্য উন্নত মানের ল্যাবরেটরি তৈরি করা হচ্ছে। এ ছাড়া সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে জনবল তৈরির প্রশিক্ষণ চলছে।

দিল্লিতে বিধ্বংসী আগুন : নিহত বেড়ে ৪৩

0

আজ রবিবার ভোরে ভারতের দিল্লিতে একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন। ওই কারখানাটি দিল্লির রানি ঝানসি সড়কের অনজ মান্দি নামক এলাকায় অবস্থিত।

জানা গেছে, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে সেখানে ভয়াবহ ওই আগুনের সূত্রপাত ঘটে। সে সময় কারখানার ভেতরে শ্রমিকরা ঘুমাচ্ছিলেন।

নিহতদের অধিকাংশই কারখানাটির শ্রমিক।

কর্মকর্তারা জানান, ওই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নেভাতে ঘটনাস্থলে ত্রিশটি অগ্নিনির্বাপণকারী ট্রাক পাঠানো হয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।

সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে, ইটিভি ভারত

ভারতে ভয়াবহ অগ্নিকাণ্ড; নিহত ৩৫

0

ভারতের দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার ভোরে দিল্লির রানি ঝাঁসি রোডে এ ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫ জনের প্রাণহানির খবর মিলেছে। এতে আহত হয়ে আরো বেশ কয়েকজন।

জানা গেছে, ঘটনাস্থানে দমকলের ৩০টি গাড়ি পৌঁছেছে। আজ ভোরে আগুন লাগে রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডিতে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : ইন্ডিয়া টুডে, ইটিভি ভারত