Home Blog Page 3305

মার্কিন কারাগার থেকে ইরানি বিজ্ঞানীর মুক্তি লাভ

0

ইরানের বিশিষ্ট বিজ্ঞানী মাসুদ সুলাইমানি। তিনি এক বছর যুক্তরাষ্ট্রের কারাগারে আটক ছিলেন। অবশেষে মুক্তি পেয়েছেন তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের কর্তৃপক্ষ বলছে, অবৈধভাবে এক বছর আটক রাখার পর সুলাইমানিকে মুক্তি দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। আজ রাতেই তার ইরানে পৌঁছার কথা রয়েছে।

তেহরান জানিয়েছে, সুইজারল্যান্ডের সহযোগিতায় এই বিজ্ঞানীকে মুক্ত করা সম্ভব হয়েছে।

সূত্র : বিবিসি, পার্স টুডে

বন্ধ ঘরে যৌনদাসী বানিয়ে রাখা হয়েছিল সেই তরুণীকে!

0

সম্প্রতি ভারতের হায়দরাবাদে তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে হত্যা করা হয়। একইভাবে উত্তরপ্রদেশে এক তরুণীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ সামনে আসে। ২৩ বছর বয়সী এক তরুণীকে পুড়িয়ে হত্যা করার চেষ্টার অভিযোগ উঠেছে গণধর্ষণে অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে। শুক্রবার রাত ১১ টা ৪০ মিনিটে সেই তরুণী মারা গেছে। বন্ধ ঘরে যৌনদাসী বানিয়ে রাখা হয়েছিল এই তরুণীকে।

জানা গেছে, সেই তরুণীকে একটি অন্ধকার কুঠুরিতেই আটকে রাখা হয়েছিল। সেই ছোটো বন্ধ ঘরটায় এক চিলতে আলোও ঢুকত না ৷ ছিল না আকাশ দেখার অনুমতি ৷ অন্ধকার কুঠুরিতেই দিনের পর দিন চলত ধর্ষণ৷ কথা না শুনলেই শারীরিক নির্যাতন করা হত ৷ রায়বারেলির সেই বন্ধ ঘর থেকে যে যন্ত্রণার শুরু হয়েছিল। তার ইতি ঘটে শুক্রবার রাত ১১ টা ৪০ মিনিটে ৷ দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে মৃত্যু হয় উন্নাওয়ের নির্যাতিতার।

২০১৮ সাল, ডিসেম্বর মাস ৷ আজ থেকে দুই বছর আগে প্রথমবার ধর্ষণের শিকার হন সেই তরুণী। মাথায় বন্দুক রেখে শিবম (ঘটনায় যে অভিযুক্তের নাম বারবার উঠে এসেছে ) ও তার ভাই ধর্ষণ করে তাঁকে ৷ এই ঘটনার অভিযোগ জানিয়ে ৫ ও ৬ মার্চ দুটি এফআইআর করেন নির্যাতিতা ৷ সেই বয়ানে রয়েছে তাঁর দীর্ঘমেয়াদি যন্ত্রণা ও অত্যাচারের কথা। রায়বারেলির একটি ঘরে তাঁকে ‘যৌনদাসী’ বানিয়ে রাখা হয়েছিল ৷ প্রতিদিন চলত গণধর্ষণ ৷ আকাশ দেখার অনুমতি ছিল না তাঁর ৷ রায়বারেলির ওই ঘর থেকে বাইরে তাকালেই মারধর করা হতো ৷ পাশাপাশি চলত অন্যান্য শারীরিক অত্যাচার ৷ তারপর গণধর্ষণ ৷ ধর্ষণের ভিডিয়ো বানিয়ে রেখেছিল শিবম ৷ সেই ভিডিয়োর হুমকি দিয়ে আবার ধর্ষণ করা হত তাঁকে ৷ বলা হয়েছিল, পুলিশে খবর দিলে আবার ধর্ষণ করা হবে ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে সেইসব ভিডিও ৷ বিয়ের প্রস্তাব দিয়ে দিনের পর দিন তাঁর উপর নির্যাতন চালিয়ে গেছে শিবম ৷ রায়বারেলির লালগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছিলেন যুবতি ৷ ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

সম্প্রতি তারা জেল থেকে ছাড়া পায় ৷ রায়বারেলির আদালতে ধর্ষণ মামলার শুনানি ছিল৷ 5 ডিসেম্বর সাক্ষ্য দিতেই যাচ্ছিলেন নির্যাতিতা ৷ আদালতে যাওয়ার পথে তার উপর হামলা হয় ৷ শিবম ও আরও চারজন আঘাত আনে তার উপর ৷ রাস্তাতেই মারধর শুরু করা হয় তাকে ৷ শুরু হয় কোপানো ৷ চাকু দিয়ে প্রথমে তাঁর গলায় আঘাত করা হয় ৷ তারপর শরীরের অন্যান্য অংশেও ৷ তারপরই চূড়ান্ত আঘাত ৷ গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ অভিযুক্তরা পালিয়ে যায় ঘটনাস্থান থেকে ৷ শরীরের উপরের অধিকাংশই পুড়ে যায় ৷ সেই সময়ে সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউ ৷ দগ্ধ শরীর নিয়ে ছুটতে থাকেন তিনি ৷ শেষ পর্যন্ত এক পথচারীর থেকে ফোন নিয়ে অ্যাম্বুলেন্সে ফোন করে সাহায্য চান নির্যাতিতা ৷ স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ সেখানে অবস্থার অবনতি ঘটলে সেদিনই দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে ৷ ভেন্টিলেটশনে রাখা হয়েছিল তাঁকে ৷ গতরাতে ১১ টা ৪০ মিনিটে শেষ হয় লড়াই, ইতি ঘটে এক যন্ত্রণাদগ্ধ জীবনের।

সূত্র : ওয়ান ইন্ডিয়া

মার্কিন ঘাঁটিতে হামলা : সৌদি বাদশাহর নিন্দা

0

গতকাল শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি নৌঘাঁটিতে হামলা চালানো হয়। সৌদি বিমানবাহিনীর একজন প্রশিক্ষণ গ্রহণকারী কর্মকর্তা গুলি চালিয়ে অন্তত তিনজনকে হত্যা করেছে। এ ঘটনায় হামলাকারীসহ চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে, এ ঘটনার নিন্দা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

ওই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এরপর ট্রাম্প এক টুইটার বার্তায় জানান, সৌদি বাদশাহ সালমান হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবার ও স্বজনদের জন্য গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। সৌদি বাদশাহ সালমান বলেছেন, হত্যাকারী কোনোভাবেই সৌদি আরবের জনগণের প্রতিনিধিত্ব করে না; মার্কিন জনগণের প্রতি সৌদি আরবের জনগণের যে ভালোবাসা রয়েছে তার সঙ্গেও এই ব্যক্তির সম্পর্ক নেই।

ফ্লোরিডার এয়ার স্টেশন পেনসাকোলা ঘাঁটিতে হামলা চালানো সৌদি কর্মকর্তা সেখানে পাইলট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিলেন। শুক্রবার নৌঘাঁটিতে হামলার একপর্যায়ে সৌদি পাইলট পুলিশের গুলিতে নিহত হন।

গোলাগুলির পর ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, হামলাকারী একজন সৌদি নাগরিক এবং এ ব্যাপারে সৌদি সরকারকে দায় পরিশোধ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে ‘বর্বরোচিত’ হিসেবে অভিহিত করেছেন।

মার্কিন নৌবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার মেগান ইজাক জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর নৌ-ঘাঁটিটি বন্ধ রয়েছে। তিনি বলেন, গোলাগুলির ঘটনায় আহত বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র : মিডলইস্ট মনিটর

একই তরুণীকে ফের গণধর্ষণ করল সেই চারজন!

0

ভারতে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। সম্প্রতি হায়দরাবাদে এক তরুণী ডাক্তারকে ধর্ষণ করে পুড়িয়ে ফেলে চার ব্যক্তি। এই চারজন গতকাল পুলিশের গুলিতে নিহত হন। এদিকে, গণধর্ষণের শিকার হয়েছেন ১৭ বছর বয়সী এক তরুণী। বছর ঘুরতে না ঘুরতেই ফের গণধর্ষণের শিকার হয়েছেন তিনি। অভিযুক্ত সেই একই চার ব্যক্তি মেয়েটিকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে

হরিয়ানার পালওয়াল জেলায়।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার ধর্ষণে অভিযুক্ত ওই চার ব্যক্তি ফের ওই তরুণীকে অপহরণ করে গণধর্ষণ করে।

নির্যাতিতা নিজে পুলিশকে জানিয়েছেন, গত ৪ ডিসেম্বর বাড়ি থেকে যখন তিনি বেরিয়েছিলেন তখন ওই চার অভিযুক্ত তাকে ফের অপহরণ করে, গ্রামেরই এক জনশূন্য স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পুলিশ বলছে, অভিযুক্তদের মধ্যে দুজনের বয়স ৩০ বছরের বেশি। এক জনের বয়স ৪৫ বছর ও চতুর্থ অভিযুক্ত বয়সে তরুণ। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে ইতোমধ্যে মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেপ্তার কেরা হয়েছে চার অভিযুক্তকে।

পশ্চিমবঙ্গের পেঁয়াজ আসে বাংলাদেশে, আর তাদের কিনতে হয় বেশি দামে!

0

পুরো ভারতে পেঁয়াজের যে চাহিদা, তার একটা বড় অংশ আসে মহারাষ্ট্র থেকে। আর পশ্চিমবঙ্গের ৭০ শতাংশ পেঁয়াজ আসে মহারাষ্ট্রের নাশিক থেকে। বাকি ৩০ শতাংশ দক্ষিণ ভারত থেকে আসে। কিন্তু এ রাজ্যেও তো পেঁয়াজ উৎপাদন হয়। রাজ্যের চাহিদা মেটাতে তার ভূমিকা কী? সরকারি টাস্ক ফোর্সের এক সদস্য জানাচ্ছেন, প্রতি বছর এ রাজ্যে ৮ লক্ষ মেট্রিক টনের কাছাকাছি পেঁয়াজ লাগে। এখন বিভিন্ন জেলায় পেঁয়াজ উৎপাদন হয় প্রায় ৫ লক্ষ মেট্রিক টন। অর্থাৎ রাজ্যে তিন লক্ষ মেট্রিক টন ঘাটতি। সেই ঘাটতির অংশটুকুই তো আমদানি করলে হয়ে যাওয়া উচিত? তা হলেই তো পেঁয়াজের দাম সারা বছর নিয়ন্ত্রণে থাকার কথা?

কিন্তু পেঁয়াজ চাষিদের একাংশ জানাচ্ছেন, রাজ্যের যা চাহিদার প্রায় সবটাই ভিন্‌রাজ্য থেকে আমদানি করা হয়। কারণ, এ রাজ্যের সিংহ ভাগ পেঁয়াজই রফতানি করা হয় বাংলাদেশে। তাঁদের দাবি, আগে হুগলি, নদিয়া, বাঁকুড়া ও মুর্শিদাবাদ জেলায় পেঁয়াজ চাষ হত। এখন প্রায় সব জেলাতেই কম-বেশি পেঁয়াজ চাষ হচ্ছে। সে কারণে উৎপাদনের পরিমাণও বেড়েছে। কিন্তু চাষ করলেই তো হল না, ওই পেঁয়াজ সংরক্ষণও তো করতে হবে!

সনাদন দাস নামে নদিয়ার এক চাষি জানালেন, আড়তদাররা সেই সুযোগটা নেয়। কম পয়সায় পেঁয়াজ কিনে তাঁরা মজুত করে বাংলাদেশে রফতানি করে। সনাতনের কথায়, ‘ফলে আমাদের পেঁয়াজের বেশির ভাগটাই চলে যায় অন্য দেশে। মুনাফা লোটেন এক শ্রেণির ব্যবসায়ী। তাঁর আক্ষেপ, আমরা যদি সংরক্ষণ করতে পারতাম, তা হলে ফেব্রুয়ারিতে ওঠা পেঁয়াজ সেপ্টেম্বর পর্যন্ত খুব কম দামে বিক্রি হত বাজারে। কিন্তু প্রতি বছর একই কারবার!

চাষিদের কথা থেকে একটা বিষয় স্পষ্ট, এ রাজ্যের পেঁয়াজ রফতানি হয়ে যায় বাংলাদেশে। আর নিজেদের পেঁয়াজ আমদানি করতে হয় ভিন্‌রাজ্য থেকে। চাষিদের অভিযোগ, পেঁয়াজ ব্যবসায়ী কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই এক। অর্থাৎ যে ব্যবসায়ী বাংলাদেশে এ রাজ্যের পেঁয়াজ রফতানি করছেন, তিনিই আবার অন্য সময় মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারত থেকে পেঁয়াজ আমদানি করে।

সফিউল্লার কথায়, বিষয়টা কেমন হল বুঝলেন! আমাদের পেঁয়াজ কম দামে কিনে বাংলাদেশে রফতানি করে এক বার মুনাফা। আবার ভিন রাজ্যের পেঁয়াজ এখানে আমদানি করে সেখান থেকেও লাভ লুটছেন ওঁরা। সরকার বসে বসে দেখছে।

মার্কিন ড্রোন ভূপাতিত করল রাশিয়া

0

লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন বিমান ভূপাতিত করেছে রাশিয়া । গত মাসের ২১ তারিখে এটি ভূপাতিত করা হয়। আজ শনিবার মার্কিন আফ্রিকান কমান্ড এই দাবি করেছে। এদিকে, চালকহীন বিমান বা ড্রোনটিতে কোনও অস্ত্র বসানো ছিল না এবং ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ ফেরত দেয়ার দাবিও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন আফ্রিকান কমান্ডের প্রধান জেনারেল স্টিফেন টাউনসেন্ড বলেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার দায়িত্ব নিয়োজিত ব্যক্তিরা জানতেন না এটি দূর নিয়ন্ত্রিত মার্কিন চালকহীন বিমান। কিন্তু ভূপাতিত করার পর এটির মালিক কে তা নিশ্চিতভাবেই জানতে পেরেছেন তারা।

তিনি বলেন, এ সত্ত্বেও তারা এখন এর ধ্বংসাবশেষ ফেরৎ দিতে চাইছে না। তারা দাবি করছে ধ্বংসাবশেষ কোথায় পড়েছে তা তাদের জানা নেই। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের এ কথা মানতে পারছে বলেও জানান তিনি।

তবে, তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে রুশ প্রতিরক্ষা বা পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কিছু বলেনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের দাবি, লকহীন বিমানকে ভূপাতিত করেছে রুশ সামরিক ঠিকাদাররা বা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি বা এলএনএ।

সূত্র : পার্সটুডে

ভারতে ৫ বছর থাকলেই নাগরিকত্ব!

0

ভারতে অমুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়া সংক্রান্ত বিলের প্রক্রিয়া চলছে। দেশটিতে অমুসলিম নাগরিকদের নাগরিকত্ব আরও সহজ করা হবে। মাত্র পাঁচ বছর আগে ভারতে আসলেই নাগরিকত্ব পেয়ে যাবেন তাঁরা। একটি সূত্র তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি বলছে, সংসদে আগামী সোমবার যে নাগরিকত্ব বিল পেশ হতে চলেছে, তাতেই নতুন শর্ত আরোপ করা হচ্ছে। আগে ভারতের নাগরিকত্ব পেতে কোনও শরণার্থীকে অন্তত ১১ বছর দেশটিতে থাকতে হতো। গত বছর সেই সময়সীমা কমিয়ে ৬ বছর করা হয়েছিল। এ বছর তা আরও কমানো হবে।

জানা গেছে, নতুন বিলে শর্ত দেওয়া হয়েছে ৩১ ডিসেম্বর ২০১৪ বা তার আগে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যে সমস্ত অমুসলিম শরণার্থীরা ভারতে এসেছেন, তাঁদের প্রত্যেককেই নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ, আপনি যদি হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পারসি বা জৈন ধর্মের লোক হন, এবং ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে থেকে ভারতে বসবাস করে থাকেন, তাহলেই আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন।

১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন করেই এই নতুন সংশোধনী আনা হচ্ছে। ১৯৫৫ সালের আইন অনুযায়ী, শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পেত ১১ বছর থাকার পর। কিন্তু, নতুন বিল বলছে মাত্র ৫ বছর ভারতে থাকলেই নিঃশর্তে নাগরিকত্ব পেয়ে যাবে অমুসলিমরা। এক্ষেত্রে, শুধুমাত্র নিজেকে অমুসলিম বলে হলফনামা জমা দিলেই কাজ মিটে যাবে। কোনওরকম কাগজপত্রে জোগাড়ের ঝামেলাতেও পড়তে হবে না

এদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মূলত হিন্দু সম্প্রদায়ের নাগরিকত্ব পেতে যাতে কোনও সমস্যা না হয়, সেজন্যই এমন নিয়ম আনতে চাইছে বিজেপি। এতে রাজনৈতিকভাবে বেশ খানিকটা সুবিধা পেয়ে যাবে গেরুয়া শিবির। বিশেষ করে এরাজ্যে হিন্দুদের যাতে কোনওরকম সমস্যায় পড়তে না হয়, তা নিশ্চিত করার জন্য বেশ কয়েকবার কেন্দ্রীয় নেতাদের দ্বারস্থও হয়েছেন রাজ্য বিজেপির নেতারা। সেকারণেই হয়তো, বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা গেরুয়া শিবিরের।

সূত্র : সংবাদ প্রতিদিন

‘আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা দিই, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দেন শেখ হাসিনা’

0

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ক্যাব, এনআরসি বাংলায় মানা হবে না। প্রথম স্বাধীনতা আন্দোলন আমরা দেখিনি। এবার ক্যাব, এনআরসি রুখতে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক দিলেন তিনি।

গতকাল শুক্রবার মেয়ো রোডে সংহতি দিবস পালন করতে গিয়ে মমতা বলেন, আজকের দিনে এটাই আমাদের সংহতি দিবসের শপথ হোক। ‌ক্যাব, এনআরসি পয়সার এপিঠ-ওপিঠ। দাঙ্গা নিয়ে আমরা রাজনীতি করি না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আমরা আন্দোলন করি না।

ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করে মমতা বলেন, পাকিস্তান–‌হিন্দুস্তান করিনি আমরা। পাকিস্তান সম্পর্কে আমরা বলতে যাব কেন?‌ হিন্দুস্তান নিয়ে আমরা বলব। সংবিধান, দেশ ও মানুষ বিরোধী আমরা কোনো কাজ করি না।

মমতা আরো বলেন, প্রতিবাদ করতে অনেকেই ভয় পাচ্ছেন। আমি ভয় পাই না। সবাই চুপ করে আছেন। আমি মেনে নেব না। এজন্য যদি আমাকে মৃত্যু সাব্যস্ত করে তাও লড়ে যাব। ক্যাব হচ্ছে মুন্ডু আর এনআরসি হচ্ছে ঘ্যাচাং। ধর্মীয় উগ্রবাদীরা সবকিছু পাবে, অন্য ধর্মের মানুষদের বিপদে ফেলবে। এটা মেনে নেওয়া যায় না।

মমতার অভিযোগ, লোকসভা ও রাজ্যসভায় সংখ্যা ও গায়ের জোরে ক্যাবের বিল পাস করিয়ে নেওয়া হচ্ছে। বুকের পাটা যদি থাকে তাহলে সকলকে নাগরিকত্ব দেওয়া হোক, দিলে আমি শতভাগ রাস্তায় নেমে সমর্থন করব। আসামে ১৪ লক্ষ বাঙালিকে নাগরিকপঞ্জি থেকে বাদ দেওয়া হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী কোথাকার?‌ ত্রিপুরাকে ছাড় দেওয়া হচ্ছে কেন?‌ উত্তর–‌পূর্ব রাজ্যগুলিকে কেন বাদ দেওয়া হচ্ছে?‌

তিনি আরো বলেন, গায়ের জোরে রোজ হুঙ্কার দেবে, আমাদের ওসব সহ্য করতে হবে? ক্যাব, এনআরসি সমর্থন না করার জন্য সব দলের কাছে আবেদন জানিয়েছেন তিনি। তিনি এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান।

মমতা বলেন, হিন্দুস্তান–‌পাকিস্তান বলে এরা নতুন শব্দ বের করেছে। ভেদাভেদের রাজনীতি করছে। রাজবংশীদের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। তামিলনাড়ুতে তামিলদের কি হবে?‌ ক্যাব, এনআরসি ললিপপ।

মমতার অভিযোগ, ভারতে ৪০ শতাংশ বেকার বেড়েছে। রাজ্যে ৪০ শতাংশ বেকারের সংখ্যা কমিয়েছি। মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছি। ৫০ হাজার কোটি টাকা দেনা শোধ করতে হবে। বুলবুলের জন্য ২৩ হাজার কোটি টাকা পাব। স্বাস্থ্য বীমার জন্য আমরা ১২৫০ কোটি টাকা খরচ করেছি। কন্যাশ্রীর জন্য ৮ হাজার কোটি টাকা খরচ হয়েছে। কেন্দ্রের অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে। অর্থনীতি দেউলিয়া হয়ে গেছে। আরো হবে। এরপর দেশ দেউলিয়া হয়ে যাবে। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। অর্থনীতির ইস্যুগুলো গুলিয়ে দেওয়ার জন্য ক্যাব, এনআরসি করা হচ্ছে। ওরা আগে ক্যাব করবে তারপর এনআরসি করবে।

মমতা বলেন, অনেক শিল্পপতি এনআরআই হয়ে যাচ্ছেন। এই ভারতে প্রত্যেকের থাকার অধিকার রয়েছে। এই অধিকার কেড়ে নিতে দেব না। বাংলায় আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা দিই। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দেন শেখ হাসিনা। হিন্দু–‌মুসলিম বাংলায় করতে দেব না। সব ধর্মের লোক এখানে বাস করবেন। এনআরসি–‌র জন্য বাংলার বাইরে কাউকে যেতে হবে না। আমার ওপর আপনারা ভরসা রাখুন। আস্থা রাখুন। আমরা সকলে মিলে একসঙ্গে থাকব।

নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তি, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের তিনটি বিভাগ- নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে অবশ্যই যথাযথ সমন্বয় ও সুসম্পর্ক থাকতে হবে।

তিনি বলেন, আমি সব সময়ে বিশ্বাস করি রাষ্ট্রের তিনটি বিভাগ নির্বাহী, আইন ও বিচার বিভাগ একটি রাষ্ট্রের জন্য অনিবার্য। এই বিভাগগুলো তাদের নিজেদের আইন অনুযায়ী পরিচালিত হবে। ন্যায়বিচার, শান্তি এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এই বিভাগগুলোর মধ্যে যথাযথ সমন্বয় জরুরি।

শেখ হাসিনা আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সুপ্রিম কোর্ট আয়োজিত ‘শান্তি ও উন্নয়নের জন্য ন্যায়বিচার’ শীর্ষক দিনব্যাপী জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন ২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, আমরা এমন একটি অবস্থান আশা করি যেখানে রাষ্ট্রের এই তিনটি বিভাগ একে অপরের কার্যক্রমে হস্তক্ষেপ করবে না। এতে ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি শান্তি বজায় রাখা ও সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনায় বিঘ্ন ঘটবে না।

প্রধানমন্ত্রী বলেন, মহামান্য রাষ্ট্রপতি ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ তৈরি করেছেন এবং এটি পরিবর্তনের কর্তৃত্ব কেবল তাঁরই। তিনি (রাষ্ট্রপতি) ‘রুলস অব বিজনেস’ও তৈরি করেছেন।

তিনি বলেন, সংবিধানের ৫১(১) এবং ৫৫(৫) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কার্যক্রম নিয়ে আদালতে কোন প্রশ্ন উঠতে পারবে না। তবে কখনো কখনো রাষ্ট্রপতির জুরিডিকশনের অধীন ইস্যুতে অর্ডার দিতে দেখছি।

প্রধানমন্ত্রী আশা করেন যে, বিচারকরা তাদের মেধা ও সৃষ্টিশীলতা কাজে লাগানোর পাশপাশি ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাবেন।

শেখ হাসিনা প্রধান বিচারপতির প্রস্তাব অনুযায়ী অন্যান্য দেশের মতো বাংলাদেশে প্রথমবারের মতো আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পদক্ষেপ জোরদারে আইনমন্ত্রীকে নির্দেশ দেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারোয়ার, সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার মো. আলী আকবর এবং মুন্সীগঞ্জের সিনিয়র দায়রা জজ হোসনে আরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সারা দেশের নিম্ন আদালতের বিচারকগণ সম্মেলনে যোগ দিয়েছেন।

জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন উপলক্ষে অনুষ্ঠানে একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়

বিএনপি এখন হতাশাগ্রস্ত, বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে

0

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিএনপি এখন হতাশাগ্রস্ত। তাদের বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সম্মেলনে জিএম কাদের এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি শক্তি অর্জন করে দ্বিতীয় অবস্থানে যেতে চায়। সরকারের বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠা করতে চাই। জাতীয় পার্টির অঙ্গ সংগঠনগুলো দুর্বল হলে মূল সংগঠন দুর্বল হয়ে যাবে। তাই অঙ্গ সংগঠনগুলোকেও শক্তিশালী করতে হবে।

জাতীয় পার্টিকে নিজেরা ধ্বংস না করলে বাইরের কেউ ধ্বংস করতে পারবে না উল্লেখ করে জিএম কাদের বলেন, গত নির্বাচনে ভরাডুবির কারণ হলো নিজেদের অভ্যন্তরীণ কোন্দল। এই কোন্দল কাটিয়ে উঠেছি। আমরা জনগণের মতামত নিয়ে আগামীতে দেশ পরিচালনা করবো।

সম্মেলনে প্রকাশ্য ভোটে স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি হিসেবে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও বেলাল হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।