Home Blog Page 3308

রূম্পা হত্যার বিচারের দাবিতে সোশ্যাল মিডিয়া উত্তাল, রাস্তায় সহপাঠীরা

0

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যার বিচার দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া। অনলাইন অফলাইন সবখানেই রূম্পা হত্যার বিচার দাবিতে সোচ্ছার তরুণসহ সর্বস্তরের মানুষ।

এদিকে, রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। শুক্রবার সকাল ১১টার দিকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সিদ্ধেশ্বরী শাখার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভিকারুননেসা স্কুল অ্যান্ড কলেজের সামনে যান। সেখানে তারা মানববন্ধন করেন। এ সময় তারা রুম্পা হত্যার সুষ্ঠু তদন্ত বিচার দাবি করেন।

এর আগে বুধবার রাতে সিদ্ধেশ্বরী এলাকায় দুই ভবনের মাঝখানের গলি থেকে রুম্পার লাশ উদ্ধার করা হয়। বুধবার রাতে উদ্ধারের পর লাশটি অজ্ঞাত হিসেবে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়। পরিচয় না পাওয়ায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামি করে রমনা থানায় মামলা করে। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় রুম্পার স্বজনরা মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। তার বাবা রোকন উদ্দিন একজন পুলিশ কর্মকর্তা। তিনি হবিগঞ্জে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত। রাজধানীর শান্তিবাগে মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন রুম্পা।

রুম্পা স্টামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। লাশের ময়নাতদন্তে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত মিলেছে। পুলিশের ধারণা, তাকে ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রুম্পার লাশের ময়নাতদন্ত করা হয়। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বলেন, লাশের শরীরে আঘাত দেখে অনুমান করা হয়, উপর থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে ধর্ষণের শিকার হয়েছে কি-না তা নিশ্চিত হওয়ার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষাগারে পাঠানো হবে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

চাল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : কৃষিমন্ত্রী

0

বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ চাল থাকায় চালের বাজার নিয়ন্ত্রণ করার কোনো দরকার নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

আজ শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবনে কৃষকদের বাজারজাত করা সবজির হাট ‘কৃষকের বাজার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

চালের বাজার নিয়ন্ত্রণ করার কোনো দরকার নাই জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ চাল রয়েছে। চাল নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। চালের বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।

তিনি বলেন, ‘চিন্তা হতে পারে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়। এখন আপনারা আমাদের সহযোগিতা করেন, কৃষক যাতে তাদের পণ্যের ন্যায্যমূল্য পায়। খামারে যারা কৃষিকাজ করে তারা যেন সঠিক মূল্য পায়, এটিও আমাদের দেখতে হবে।’

মন্ত্রী বলেন, মোটা চাল বিক্রি করতে পারি না আমরা। ওএমএসের গাড়ি যায়, তারা চাল বিক্রি করতে পারে না, ডিলাররা এক টনও চাল তুলছে না। কোনো গ্রাহক নাই। মোটা চাল খারাপ তো কিছু না। পুষ্টির দিক দিয়ে ভালো।

কৃষক পর্যায়ে ছোট ছোট পেঁয়াজ উঠিয়ে ফেলায় সরকার উদ্বিগ্ন জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, পেঁয়াজ এখনো বড় হয়নি। আরও অনেক বড় হওয়া দরকার। আমরা এটা নিয়ে শঙ্কিত আছি। সব ছোট ছোট পেঁয়াজ বিক্রি করে দিচ্ছে। জানুয়ারি মাসে কী উপায় হবে? পেঁয়াজের উৎপাদন তো কমে যাবে।

সভাপতির পদ ছাড়া যেকোনো পদে পরিবর্তন হতে পারে : কাদের

0

আগামীতে আওয়ামী লীগের কাউন্সিলে একটি পদে কোনো পরিবর্তন হবে না। আর সে পদটি হলো সভাপতির পদ। এ পদে শেখ হাসিনাই থাকবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, অন্য যেকোনো পদে পরিবর্তন হতে পারে। সেটা নির্ভর করবে দলীয় সভাপতির ওপর। শেখ হাসিনা ছাড়া আমরা দলের জন্য অপরিহার্য নই।

আজ শুক্রবার সকালে দলের দপ্তর উপকমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা করছে। নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এসব করে নেতারা সফল হবে না। কারণ আওয়ামী লীগ পূর্বের যেকোনো সময়ের চেয়ে অত্যন্ত শক্তিশালী সুসংগঠিত এবং সুশৃঙ্খল একটি দল। নৈরাজ্য সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তাদের দাঁতভাঙা জবাব দেবে। জনগণের জানমাল ক্ষতি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তার জবাব দেবে।

তিনি আরো বলেন, বিএনপি বারবার আন্দোলনের ডাক দিয়েছে বিভিন্ন ইস্যুতে। কিন্তু জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি। তারা বিভিন্নভাবে বিভিন্ন মহলকে উসকানি দিচ্ছে- দ্রব্যমূল্য হঠাৎ করে ঊর্ধ্বগতিতে তাদের ইন্ধন রয়েছে এবং উসকানি রয়েছে। আমরা তাদের অনেককেই চিহ্নিত করেছি। অবশ্যই তাদের শাস্তি হবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও দপ্তর কমিটির আহ্বায়ক পীযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. আবদুস সোবহান গোলাপ এমপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন।

রাজ্যপালকে চিড়িয়াখানায় যাওয়ার পরামর্শ তৃণমূল নেতার

0

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিড়িয়াখানা যাওয়ার পরামর্শ দিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আজ বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যপালের লাইব্রেরি দেখতে যাওয়াকে তীব্র কটাক্ষ করেছেন তিনি।

পার্থ বলেন, রাজ্যের অনেক জায়গায় আছে যেখানে রাজ্যপাল যেতে পারেন। দক্ষিণেশ্বর মন্দির আছে, কালীঘাট মন্দির আছে। আবার সেখানে চিড়িয়াখানাও আছে। সেখানে গেলে ভালো জনসংযোগ হতে পারে।

গত বুধ-বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন মুলতুবি রেখেছে রাজ্য সরকার। তার মধ্যেই রাজ্যপাল জানান, লাইব্রেরি দেখতে বৃহস্পতিবার বিধানসভায় যাবেন তিনি। সে অনুসারে আজ বৃহস্পতিবার সকালে বিধানসভায় যান রাজ্যপাল। কিন্তু তার ঢোকার দরজা বন্ধ রাখা হয়েছিল। এরপরই রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন ধনকড়।

তারপরই ধনকড়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, উনি ঘুরুন। আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সরকারের পয়সা নষ্ট করবেন না। কোথাও কিছু হলেই চলে যাচ্ছেন, দাঁড়িয়ে থাকছেন আর ছবি তুলছেন। মানুষের মনে তো প্রশ্ন আসতেই পারে, উনি কি ছবি তোলার জন্য ঘুরে বেড়াচ্ছেন?

একইসঙ্গে তিনি আরো বলেন, তার কাজকর্মকে বাংলার মানুষ মোটেই ভালোভাবে নিচ্ছে না। সর্বশেষ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকেও দেখেছি। লোকে তার কবিতা শুনতে যেতেন। আর এখন সংবাদমাধ্যম ছোটে, উনি কী ভাষণ দেবেন সেটা শুনতে। এই রাজ্যপাল কী চাইছেন সেটাই বুঝতে পারছি না।

আজ সকাল ১০টা ৩২ মিনিটে বিধানসভার তিন নম্বর গেটে এসে থামে রাজ্যপালের কনভয়। কোনো প্রটোকল নয়, কনভেনশন অর্থাৎ প্রথা অনুযায়ী তিন নম্বর প্রবেশদ্বার রাজ্যপালের জন্যই নির্দিষ্ট থাকে।‌ এর আগে সংবিধান দিবসের দিন তিন নম্বর গেট দিয়েই বিধানসভায় প্রবেশ করেছিলেন তিনি।

আজ তিন নম্বর প্রবেশ দ্বার বন্ধ ছিল। গেটের সামনে প্রায় ১৮ মিনিট অপেক্ষা করার পর অগত্যা সাধারণ দরজা দিয়ে পায়ে হেঁটে ভিতরে ঢুকতে হয় তাকে। ভবনে আজ কেউ কোত্থাও ছিল না।

পুরো ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল বিধানসভার বাইরে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অধিবেশন স্থগিত মানে বিধানসভা বন্ধ নয়। স্পিকার বলেছিলেন আমাকে স্বাগত জানাবেন। সেটা জানতে পেরেই আমি সম্মতি জানিয়েছিলাম চিঠি দিয়ে। কী এমন ঘটল যে স্পিকার অনুপস্থিত থাকলেন? অপমানিত বোধ করছি। গণতন্ত্র এভাবে চলতে পারে না। আজকের ঘটনার লজ্জা আমার নয়, লজ্জা গোটা দেশের, এ লজ্জা গণতন্ত্রের।

এ প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিধানসভার ব্যাপারটা রাজ্যপালের দেখার বিষয় নয়। ওখানে স্পিকারই শেষ কথা।

ধনকড়কে আক্রমণ করলেও তৃণমূলের মহাসচিব এটাও বলেছেন যে, অতীতে বামপন্থীদের দেখেছি অনেক কড়া কড়া রাজ্যপালকে মোকাবিলা করতে। কিন্তু আমরা তো মোকাবিলা করতে চাই না। সহাবস্থান চাই।

মেট্রোতে পেপার স্প্রে নিয়ে যেতে পারবে নারীরা

0

ভারতের হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল সে দেশ। দোষীদের শাস্তির দাবি করছেন ভারতবাসী। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে হায়দরাবাদ মেট্রো কর্তৃপক্ষ। এবার থেকে মেট্রোতে নারী যাত্রীরা যেন পেপার স্প্রে বা মরিচের গুঁড়ার স্প্রে নিয়ে যাতায়াত করতে পারেন, সে ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছে।

রাস্তা-ঘাটে বিপদে পড়লে পেপার স্প্রে অনেকাংশেই সাহায্য করে। কিন্তু নিরাপত্তার খাতিরে সেটি নিয়ে হায়দরাবাদ মেট্রোতে যাতায়াত করতে পারতেন না নারীরা। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে নারীরা বারবার পেপার স্প্রে নিয়ে যাওয়ার সম্মতির জন্য দাবি জানাচ্ছিলেন।

সে কারণে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো মেট্রোরেল কর্তৃপক্ষ। নির্দেশনায় জানানো হয়েছে, অনেকেই নারী যাত্রীদের পেপার স্প্রে নিয়ে মেট্রোয় যাতায়াতের ব্যাপারে সম্মতির জন্য প্রশ্ন করছিলেন। আর সে কারণে এ ব্যাপারে সম্মতি জানাল মেট্রোরেল কর্তৃপক্ষ।

এবার থেকে বেঙ্গালুরু মেট্রোর মতোই নারী যাত্রীরা নিজেদের নিরাপত্তার জন্য ব্যাগে পেপার স্প্রে রাখতে পারবেন। নিরাপত্তা কর্মীরা তাদের আটকাবেন না। নিরাপত্তা কর্মীদেরও বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

কাভার্ড ভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

0

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজার কাছে একটি বেপরোয়া মাইক্রোবাস সামনের কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার শাহেদনগর বেপারীপাড়া গ্রামের হাজী আব্দুল করিম সরকার (৬০), তাঁর স্ত্রী মাতোয়ারা সরকার (৫০) এবং তাঁদের মেয়ে কানিজ ফাতেমা (৩০)।

আহতদের বিবিএ কর্তৃপক্ষের গাড়িযোগে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, সকালে সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল একটি মাইক্রোবাস। পথে ওই গোলচত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলতে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় আহত হন পাঁচজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান ওসি।

আজ স্বৈরাচার পতন দিবস

0

তুমুল গণ-আন্দোলনের মুখে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতন দিবস আজ। ২৯ বছর আগে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগে বাধ্য হয়েছিলেন স্বৈরাচার এরশাদ। পদত্যাগের মধ্য দিয়ে তাঁর ৯ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। দ্বিতীয়বার গণতান্ত্রিক যাত্রা শুরু করে বাংলাদেশ।

দিনটিকে আওয়ামী লীগ ‘গণতন্ত্র মুক্তি দিবস’ আর বিএনপি ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করে। জনসাধারণের কাছে দিনটি পরিচিতি পায় ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে। তবে এরশাদের গঠন করা জাতীয় পার্টি দিনটিকে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে পালন করে। ১৯৮২ সালের ২৪ মার্চ তৎকালীন সেনাপ্রধান এরশাদ রাষ্ট্রক্ষমতা দখল করেছিলেন।

এরশাদের বিরুদ্ধে চলমান গণ-আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা সেনানিবাসে ১৯৯০ সালের ১ ডিসেম্বর এক জরুরি বৈঠক করেন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা। আন্দোলন পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা কী হওয়া উচিত-এটাই ছিল ওই বৈঠকের মূল এজেন্ডা। এর মাত্র চার দিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে ডা. শামসুল আলম মিলনকে গুলি করে হত্যা করা হয়।

এরশাদবিরোধী আন্দোলন তখন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ছে সারা দেশে। এমন অবস্থায় প্রেসিডেন্ট এরশাদ আবারও সামরিক আইন জারি করতে চেয়েছিলেন। কিন্তু শীর্ষ সেনা কর্মকর্তারা ওই বৈঠকে সিদ্ধান্ত নেন, তাঁরা আর এরশাদের পেছনে থাকবেন না। মূলত ওই দিনই প্রতাপশালী স্বৈরাচার এরশাদের ভিত নড়ে যায়। ৪ ডিসেম্বর রাতে আনুষ্ঠানিকভাবে এরশাদ পদত্যাগের ঘোষণা দেন। এর পরের দুই দিনে তাঁর পদত্যাগের প্রক্রিয়া সম্পন্ন হয়।

বুয়েটে র‌্যাগিং: শাস্তি পেলেন আরো ১৪ শিক্ষার্থী

0

র‌্যাগিংয়ে জড়িত অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আরো ১৪ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এর আটজনকে বিভিন্ন মেয়াদে একাডেমিক বহিষ্কারের পাশাপাশি হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত সবাই তিতুমীর হলের শিক্ষার্থী।

গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিককালে সংঘটিত র‌্যাগিংয়ের ঘটনায় জড়িতদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগে শিক্ষার্থীদের দাবির মুখে ২১ নভেম্বর আবরার হত্যার অভিযোগপত্রভুক্ত ২৫ জনসহ ২৬ জনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে বুয়েট প্রশাসন। এরপর বিভিন্ন সময় র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে আরও ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয় ২৭ নভেম্বর।

সর্বশেষ বুধবার একাডেমিক কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং তিতুমীর হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় মো. তানভীর হাসনাইন, মির্জা মোহাম্মদ গালিব, মো. জাহিদুল ইসলাম, মো. মুস্তাসিন মঈন, আসিফ মাহমুদ, মুনতাসির আহমেদ খান, মহিবুল্লাহ হক মুগ্ধ ও আনফালুর রহমানকে। এ ছাড়া ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের জন্য হল থেকে বহিষ্কারের পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

আবাসিক হল থেকে (বিভিন্ন মেয়াদে) বহিষ্কৃতরা হলেন মো. জাহিদুল ইসলাম, জিহাদুর রহমান, মো. এহসানুল সাদ, আবিদ-উল কামাল, মোহাম্মদ সায়াদ ও মাহমাদুল হাসান রবিনকে। এ ছাড়া ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে মো. হাসিবুল ইসলামকে।

রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

রাজধানীর কালাচাঁদপুর তানভীর মৃধা (১৯) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ওই এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তানভীর ভোলার তজমুদ্দিন উপজেলার চাসনা গ্রামের নূর মোহাম্মদের ছেলে। গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি মেসে থাকতেন তিনি।

তানভীরের চাচাতো ভাই মানসুর আহমেদ জানান, তার বাবা নুর মোহাম্মদ উত্তরায় থাকেন। গত দুই মাস আগে চাকরির জন্য ঢাকায় আসেন তানভীর। ঢাকায় কালাচাঁদপুরের একটি মেসে ওঠেন। এক ভাই দুই বোনের মধ্যে তানভীর সবার বড়। দীর্ঘদিন বেকার ছিলেন তিনি। এ বিষয় নিয়ে বাবার সঙ্গে মনোমালিন্য হয়। এর জের ধরে বৃহস্পতিবার গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেন।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান বলেন, খবর পেয়ে গতকাল সন্ধ্যায় তানভীরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আজ সন্ধ্যায় সৃজিত-মিথিলার বিয়ে

0

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির বিয়ে আজ। শোনা যাচ্ছিল ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ে করবেন তারা। কিন্তু ফেব্রুয়ারি আসতে এখনো অনেক দিন বাকি। সৃজিত বলেছিলেন শীতের মধ্যে বিয়ে করতে চান তিনি।

সেই কথা মতোই শীতের শুরুতে বিয়েটা সারছেন সৃজিত। ভারতীয় এক গণমাধ্যমকে সৃজিত-মিথিলা নিজেই নিশ্চিত করেছেন তাদের বিয়ের খবর। জানিয়েছেন, আজ ৬ ডিসেম্বর সন্ধ্যায় রেজিস্ট্রি বিয়ে হচ্ছে তাদের, বিয়ের অনুষ্ঠান হবে পরে।

জানা গেছে, এরই মধ্যে কলকাতায় অবস্থান করছেন মিথিলার পরিবারের সদস্যরা। ঢাকা থেকে নিয়ে যাওয়া হয়েছে ২ কেজি ওজনের ৪টি ইলিশ।

এর আগে সর্বপ্রথম চলতি বছরে একাধিক প্রতিবেদনে সৃজিত-মিথিলার প্রেমের গুঞ্জনের খবর প্রকাশ করেছিল টাইমস অব ইন্ডিয়া। এরপর সদ্য সমাপ্ত বাংলাদেশের ফোক ফেস্টে একসঙ্গে দেখা মিলেছিল সৃজিত-মিথিলাকে। সে সময়ই গুঞ্জন ছিল, বিয়ের প্রস্তাব নিয়ে ঢাকাই এসেছেন সৃজিত। সেসসময় ঢাকার একটি শপিংমলেও সদাই করতে দেখা যায় তাদের।

এ বিষয়ে মিথিলার ভাষ্য ছিল এমন, ‘অনেক আগে থেকে সৃজিতের সঙ্গে আমার পরিচয়। এর আগেও আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। আমাদের দুজনের কয়েকজন কমন বন্ধু আছে। ইদানীং কাজের সুবাদে যোগাযোগটা বেশি হয়।’

মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম। যদিও এর আগে সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন ছিল মিডিয়া পাড়ায়।