Home Blog Page 3310

যানজট নিরসনে ২৩৮ কিলোমিটার পাতাল রেল আসছে

0

যানজট সমস্যা নিরসনে সরকার এবার ২৩৮ কিলোমিটার পাতাল রেল (সাবওয়ে বা আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল) নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ‘ঢাকা শহরে সাবওয়ে (আন্ডারগ্রাউন্ড মেট্রো) নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা (প্রথম সংশোধন)’ প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে সেতু বিভাগ।

এ প্রকল্পের আওতায় মোট ২৩৮ কিলোমিটার অংশের সম্ভাব্যতা সমীক্ষা এবং ৯০ কিলোমিটার অংশের প্রাথমিক নকশা প্রণয়ন করা হবে।

অন্যদিকে বর্তমানে ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমআরটি লাইন- ৬)’ ২০ দশমিক ১০ কিলোমিটার এলিভেটেড মেট্রোরেল লাইন নির্মাণকাজ চলমান। সম্প্রতি ২০ কিলোমিটার দৈর্ঘ্যের ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) : নর্দান রুট’ এবং ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দৈর্ঘ্যের ‘ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)’ প্রকল্প দুটি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। মেট্রোরেলের নতুন এই দুই লাইনের বড় অংশই মাটির নিচ দিয়ে যাবে। এর বাস্তবায়ন কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে।

‘ঢাকা শহরে সাবওয়ে (আন্ডারগ্রাউন্ড মেট্রো) নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা (প্রথম সংশোধন)’ প্রকল্পটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়/সেতু বিভাগের উদ্যোগে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) বাস্তবায়ন করবে। সংশোধিত প্রস্তাব অনুযায়ী, এর সম্ভাব্যতা যাচাইয়ে সরকার খরচ করবে ৩২১ কোটি ৮৫ লাখ ২০ হাজার টাকা। মূল প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ২২৪ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার টাকা।

২০১৮ সালের ১ জানুয়ারি শুরু হওয়া এ সম্ভাব্যতা যাচাই ২০২০ সালের ৩০ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। তবে সংশোধনে সময় বাড়িয়ে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত সময় চাওয়া হয়েছে।

প্রকল্প সূত্রে জানা যায়, মূল অনুমোদিত প্রকল্পে পাতাল রেল বা সাবওয়ে নির্মাণের জন্য প্রাথমিকভাবে চারটি রুট চিহ্নিত ছিল, যার আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৯০ কিলোমিটার। পরে পরামর্শক প্রতিষ্ঠান ইন্টেরিম (অন্তর্বর্তীকালীন) প্রতিবেদন উপস্থাপন করলে স্টেকহোল্ডার ও প্যানেল অব এক্সপার্টরা মোট ২৩৮ কিলোমিটার দৈর্ঘ্যের সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার সুপারিশ করেন।

পরামর্শক প্রতিষ্ঠান বর্তমানে আরএসটিপিতে (কৌশলগত পরিবহন পরিকল্পনা) প্রস্তাবিত এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৬ এর এলাইনমেন্টের সাথে সামঞ্জস্য রেখে ঢাকা শহরে সাবওয়ে, পূর্ণ যোগাযোগ স্থাপন করতে মোট ২৩৮ কিলোমিটার দৈর্ঘ্যের সাবওয়ে নির্মাণের প্রয়োজনীয়তা উপস্থাপন করে।

এ সম্ভাব্যতা যাচাই প্রকল্পের গত জুন পর্যন্ত ক্রমপুঞ্জিত ব্যয় ১০১ কোটি ৩৭ লাখ ৪২ হাজার টাকা, যা অনুমোদিত ব্যয়ের ৩১ দশমিক ৪৯ শতাংশ এবং বাস্তব অগ্রগতি ৩৫ শতাংশ।

সেতু বিভাগ বলছে, ঢাকা শহরে বর্তমান জনসংখ্যা প্রায় ১ কোটি ৭০ লাখ। এখানে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব প্রায় ৭ হাজার ৯৫০ জন। মোট সড়কের দৈর্ঘ্য ১ হাজার ২৮৬ কিলোমিটার, সড়কের ঘনত্ব ৯ দশমিক ১ শতাংশ। অথচ মেট্রোপলিটন শহরে সড়কের আদর্শ মান ২০ থেকে ২৫ শতাংশ। এখানে ফাঁকা জায়গা ৩ দশমিক ০৯ শতাংশ অথচ আদর্শ মান ১৫ থেকে ২০ শতাংশ। ঢাকা শহরে যানজটের কারণে প্রতি বছর প্রায় ৫৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়। এ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে সেতু বিভাগ ঢাকা শহরে পাতাল রেল (পাতাল মেট্রোরেল) নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে।

সেতু বিভাগ আরও বলছে, সড়কপথে যেখানে ১০০ বাসে ঘণ্টায় ১০ হাজার যাত্রী চলাচল করতে পারে, সেখানে সাবওয়েতে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী চলাচল সম্ভব। তবে বিদ্যমান সড়কের ওপর মেট্রো বা সাবওয়ে নির্মাণ করা হলে সড়কের কিছু অংশ দখলের ফলে যানজট কমার ক্ষেত্রে তেমন প্রভাব ফেলবে না এবং নির্মাণকাজ চলার সময় ব্যাপক যানজটের সৃষ্টি হবে। মাটির নিচে সাবওয়ে বা আন্ডারগ্রাউন্ড মেট্রো নির্মাণ করা হলে জনসংখ্যার একটি বিরাট অংশ মাটির নিচ দিয়ে চলাচল করবে। ফলে ভূমির উপরিভাগ যাতায়াতকারী জনসংখ্যা কমবে এবং যানজটও অনেকাংশে কমবে।

‘শিশুদের মিডডে মিল কর্মসূচিতে সহযোগিতায় এগিয়ে আসুন’

0

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ প্রাথমিক পর্যায়ে শিক্ষার মান বৃদ্ধির সহায়তাকল্পে স্কুল শিশুদের জন্য চলমান মিডডে মিল কর্মসূচিতে সহযোগিতায় এগিয়ে আসতে দেশের শিক্ষানুরাগীদের পাশাপাশি ধনাঢ্য ব্যক্তি ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি আজ বৃহস্পতিবার এখানে রাউজান উপজেলার ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ের জন্য টিফিন বক্স বিতরণকালে বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, সরকারি উদ্যোগ ছাড়াও যদি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের ধনবান ব্যক্তিরা মিডডে মিল কর্মসূচিতে এগিয়ে আসে তবে তা প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধিতে সহায়ক হবে।

চলমান মিডডে মিল কর্মসূচির অংশ হিসেবে রাউজান উপজেলার স্কুলসমূহের শিক্ষার্থীদের মাঝে মোট ২২ হাজার ২৬০টি টিফিন বক্স বিতরণ করা হয়।

স্থানীয় এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে কয়েকজন সম্মানীয় ব্যক্তি গত তিন বছর ধরে ২০ সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে প্রতিদিন মিডডে মিল বিতরণ করছেন।

প্রাথমিক শিক্ষাকে শিক্ষার মূলভিত্তি উল্লেখ করে তিনি বলেন, অতএব তাদের যত্ন নেওয়া বিশেষ করে তাদের স্বাস্থ্য, পুষ্টি ও চিত্তবিনোদন ব্যবস্থা অত্যন্ত জরুরি।

রাষ্ট্র প্রধান এই কর্মসূচির উদ্যোগের জন্য স্থানীয় এমপি ও সংশ্লিষ্ট অন্যান্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সময়োপযোগী প্রাথমিক শিক্ষার উন্নয়নে অগ্রাধিকার প্রদান করছে।

প্রতিবন্ধীদের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠায় তাঁর সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে ‘নেতিবাচক মানসিকতা’ পরিহার করার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি বলেন, কানাকে কানা আর খোঁড়াকে খোঁড়া বলো না শৈশব থেকে আমরা এই শিক্ষা পেয়েছি। শিশুদেরকে শৈশব থেকে এই শিক্ষা দিতে হবে যাতে তারা মানবিক হয় এবং যাতে তারা আমাদের সঙ্গে একত্রে চলতে পারে- এটিই সবচেয়ে বড় কথা।

তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাপারে আমাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।

প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নবনির্মিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’ উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, সকলের জন্য সব মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে তাঁর সরকার বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চায়।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য স্বাধীনতা নিয়ে এসেছেন। আমাদের লক্ষ্য হলো এই স্বাধীন দেশের সকল জনগণ সমান অধিকার নিয়ে বসবাস করবে এবং আমরা এই লক্ষ্য অর্জনে কাজ করছি।

অটিজম অথবা প্রতিবন্ধীতা কোন রোগ অথবা অসুস্থতা নয় এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার এমন পদক্ষেপ নিচ্ছে যাতে অটিজম অথবা প্রতিবন্ধীতায় যারা ভুগছেন তারা সমাজের মূলধারার সঙ্গে বসবাস করতে পারেন।

আমরা জানি যে, এ ধরনের প্রতিবন্ধীতায় যে সব শিশুরা ভুগছেন তাদের পিতা মাতার জন্য এটি খুবই বেদনাদায়ক। আমরা তাদের এই দুর্দশা নিরসনে বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করেছি।

দেশের ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার এই উন্নয়নে প্রতিবন্ধীদের ওপর জোর গুরুত্ব দিয়েছে।
তিনি বলেন,আমরা চাই দেশের উন্নয়ন এবং আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের গুরুত্ব দিচ্ছি যাতে তারা উন্নয়ন থেকে পিছিয়ে না থাকে।

অরাজকতা সৃষ্টি করলে সমুচিত জবাব দেয়া হবে : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার সকালে হাইকোর্ট সংলগ্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, আদালত খালেদা জিয়ার জামিন না দিলে সরকারের কিছু করার নেই। বিএনপির আন্দোলন কি সরকারের বিরুদ্ধে? আওয়ামী লীগ এখন আগের চেয়ে অনেক সংগঠিত। অরাজকতা সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে।

সোহরাওয়ার্দীর স্মৃতি চারণ করে তিনি বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর নেতৃত্বের অসাধারণ বলিষ্ঠতা, দৃঢ়তা ও গুণাবলি জাতিকে সঠিক পথের দিক-নির্দেশনা দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র, ন্যায় বিচার ও আইন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অসাধারণ অবদান রেখেছেন। গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম সেটি এখনো আওয়ামী লীগ অনুসরণ করে যাচ্ছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, স্বেচ্ছা সেবকলীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৬৩ সালের ৫ ডিসেম্বর লেবাননের বৈরুতের এক হোটেল কক্ষে নিঃসঙ্গ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

আমরা যাত্রীদের পরিপূর্ণ সেবা দিতে পারছি না : রেলমন্ত্রী

0

রেল সেবা সপ্তাহে রেলওয়ের নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আমরা যাত্রীদের পরিপূর্ণ সেবা দিতে পারছি না।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রেলওয়ে সেবা সপ্তাহ উপলক্ষে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলমন্ত্রী এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, এটা সত্য, আমরা যাত্রীদের পরিপূর্ণ সেবা দিতে পারছি না। শিডিউল বিপর্যয় ও টিকিট কালোবাজারি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। ট্রেন দুর্ঘটনারও সম্মুখীন হচ্ছে। এসব কারণে পরিপূর্ণ সেবা কিছুটা ব্যাহত হচ্ছে।

রেলমন্ত্রী বলেন, দেশের মানুষের চাহিদা অনুযায়ী রেলের সেবা যেন উত্তরোত্তর বাড়াতে পারি, সেজন্য রেলসেবা সপ্তাহ ঘোষণা করা হয়েছে। এই সেবা সপ্তাহের অন্যতম উদ্দেশ্য যাত্রীদের সচেতন করা।

রেল বিভাগের দুর্বলতার কথা স্বীকার করে নূরুল ইসলাম সুজন বলেন, বিভিন্ন দেশের রেলসেবার মানকে যখন আমাদের দেশের রেলসেবার মানের সঙ্গে তুলনা করি, তখন বুঝতে পারি আমরা কতটা দুর্বল অবস্থায় আছি।

সিঙ্গেল রেল লাইনের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, অধিকাংশ রুটেই সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল করছে। শুধু চট্রগ্রাম রুটের অধিকাংশই ডাবল লাইন হয়ে গেছে। ডাবল লাইনের আওতায় আসলে শিডিউল বিপর্যয়সহ সব ধরনের সমস্যা ঠিক হয়ে যাবে।

মার্চ মাসে বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণকাজের উদ্বোধন হতে পারে জানিয়েছেন তিনি।

লোকোমোটিভের (ইঞ্জিন) সংকট প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, ট্রেনের লোকোমোটিভের অর্ডার দিলে সেটা ডেলিভারি দিতে তিন থেকে চার বছর সময় লাগে। তিনি বলেন, কোরিয়া থেকে ২০২০ সালের জুলাই মাস নাগাদ ১০টি লোকোমোটিভ আসবে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে আসবে ৪০টি।

‘মুসলিমদের কোনও দেশ নেই’

0

গতকাল বুধবার ভারতের সংসদে নাগরিকত্ব (সংশোধনী) বিল পেশ হয়েছে। এই বিলটি পাশ হলে ভারতে অমুসলিম শরনার্থীরা নাগরিকত্ব পাবেন। এদিকে এই বিলটি পেশের পর জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কন্যা সানা ইলতিজা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি, বিজেপি সরকার যে মুসলিম সম্প্রদায়ের কাউকে কোনও রকম আনুকূল্য প্রদর্শন করতে চাইছে না এটা তারই ইঙ্গিত।

সংসদে এই বিতর্কিত বিল পাশ হওয়ার পরেই পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধানের টুইটারে লেখা হয়, ‘ভারত মুসলিমদের দেশ নয়।’

প্রসঙ্গত, পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতিকে গত ৫ আগস্ট আটক করা হয়। ওইদিন সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ তুলে দেওয়া হয়। তাঁর কন্যা সানা ইলতিজা মায়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনা করেন।

আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাঁরা সেখানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতীয় নাগরিকত্ব চাইছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই বিলের বিরোধিতা করেছে বিরোধীরা। তাদের দাবি, এই বিলে মুসলিমদের প্রতি বৈষম্য রয়েছে।

যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, তারা আশপাশের দেশের ‘নিপীড়িত’ সংখ্যালঘুদের সাহায্যার্থে দায়বদ্ধ।

এই প্রথম মেহবুবা মুফতির কন্যা সরকারকে মুসলিমদের বিরোধাচরণ করার জন্য দায়ী করলেন তা নয়। জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ তুলে নেওয়ার পর জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর টুইটারেও তিনি ক্ষোভ উগরে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।

তিনি লিখেছিলেন, ভারত সরকারের উদ্দেশ্য পরিষ্কার এবং অশুভ। তারা দেশের একমাত্র মুসলিম অধ্যুষিত রাজ্যের জনতত্ত্ব বদলে নিতে চায়। মুসলিমদের শক্তি এতটাই তারা খর্ব করে দিতে চায় যাতে তারা নিজেদের দেশেই দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে থাকে।

গত ৫ আগস্ট থেকে মেহবুবা মুফতি, ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ ও তাঁর পুত্র ওমর আবদুল্লাহকে আটক করে রাখা হয়েছে। এখনও পর্যন্ত পরিষ্কার জানা যাচ্ছে না, কবে তাঁদের মুক্তি দেওয়া হতে ‌পারে।

নাগরিকত্ব (সংশোধনী) বিলের লক্ষ্য হলো- ছয়টি সম্প্রদায়কে ভারতের নাগরিকত্ব দেওয়া। হিন্দু, ক্রিশ্চান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি-অন্য দেশের এই ছয় ধর্মাবলম্বী যে মানুষরা কোনও বৈধ নথিপত্র ছাড়া ভারতে আসবেন, তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই এই বিল।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ মঙ্গলবার এই বিল সম্পর্কে বলেন, ভারতের তিন প্রতিবেশী দেশ মুসলিম অধ্যুষিত দেশ। ফলে সেখানে কেবল অ-মুসলিমরাই ধর্মীয় নিপীড়নের শিকার হন।

সূত্র : এনডিটিভি

ফেসবুকে আনফ্রেন্ড করায় বোনকে গুলি করে খুন!

0

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একে অপরের ‘বন্ধু’ ছিলেন তারা। বাস্তব জীবনে ছিলেন দুই ভাই বোন। সম্প্রতি ভাইকে আনফ্রেন্ড করেন বোন। আর এ কারণে বোনকে গুলি করে হত্যা করেছেন ভাই। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় ঘটেছে এমন ঘটনা।

জানা গেছে, কিছুদিন আগে ভাই মোসে টনি ক্রোরকে আনফ্রেন্ড করে দেন বোন আমান্ডা ওয়েন। এরপর থ্যাঙ্কস গিভিংস ডে-র (২৮ নভেম্বর) উৎসব পালনে সন্তানকে নিয়ে বাপের বাড়ি আসেন আমান্ডা ওয়েন। এ সময় আনফ্রেন্ড করার বিষয় নিয়ে দুই ভাইবোনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোসে উত্তেজিত হয়ে বন্দুক বের করে বোন আমান্ডাকে গুলি করেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় মোসেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোসের স্বজনরা বলছেন, মোসে তার পরিবারকে খুবই ভালবাসত। গুলি ভুল করে চলে গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকে আনফ্রেন্ড করার জন্যই মোসে গুলি চালিয়েছিলেন বলে পরিবারেরই এক সদস্য জানিয়েছেন।

এদিকে, বোনকে হত্যার দায়ে আদালতে তোলা হয়েছে মোসেকে।

সেখানে তিনি দাবি করেন, বন্দুক পরিষ্কার করতে গিয়ে ভুল করে গুলি চলে গিয়েছে। মোসেকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

অবশেষে মুক্তি পেলেন চিদাম্বরম

0

ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম মুক্তি পেয়েছেন। জেলে ১০৫ দিন কাটিয়ে মুক্তি পেলেন তিনি। আইএনএক্স মিডিয়া আর্থিক তছরূপের মামলায় গ্রেপ্তারের পর, পি চিদাম্বরমকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট।

গ্রেপ্তারের তিনমাস পর মুক্তি পেলেন চিদাম্বরম। তিনি বেশীরভাগ সময়টাই কাটিয়েছেন তিহার জেলে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, চিদাম্বরম অনুমতি ছাড়া ভ্রমণ করতে পারবেন না এবং প্রয়োজনমতো জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে হবে। তাঁকে ২ লক্ষ টাকার বন্ডও জমা দিতে বলা হয়েছে। মামলা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে পারবেন না কংগ্রেস নেতা। এছাড়াও কোনও সাক্ষাৎকারও দিতে পারবেন না। পি চিদাম্বরম বুধবার সকাল ১১টায় সংসদে উপস্থিত হবেন বলে জানিয়েছেন তাঁর ছেলে কার্তি চিদাম্বরম।

আদালতের অনুমতি ছাড়া ভ্রমণ করতে পারবেন না পি চিদাম্বরম, এবং প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে হবে। মামলা সংক্রান্ত বিষয়ে বিবৃতি দিতে পারবেন না এবং সাক্ষাৎকারও দিতে পারবেন না তিনি।

দিল্লি হাইকোর্টের জামিন খারিজকে চ্যালেঞ্জ করেন পি চিদাম্বরম। মঙ্গলবার মামলার গুরুত্বের ওপর হাইকোর্টের পর্যবেক্ষণের সমালোচনা করে সুপ্রিম কোর্ট, এবং উল্লেখ করে,’তিনটি পরীক্ষা’র ফল ছিল এই রাজনৈতিক নেতার পক্ষে, সেগুলি হলো তিনি পালাবেন না, তথ্য প্রমাণ নষ্ট করবেন না এবং তিনি তদন্তকারীদের সহযোগিতা করেছেন।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হলো-আর্থিক অপরাধ স্বাভাবিকভাবেই গভীর, এবং জামিন মঞ্জুর করাই রীতি, খারিজ করা ব্যতিক্রম।

সূত্র : এনডিটিভি

ট্রুডোকে ‘দুমুখো’ বললেন ট্রাম্প

0

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ‘দুমুখো’ বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কানাডাসহ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের হাসাহাসির একটি ভিডিও প্রকাশের প্রেক্ষিতে এ মন্তব্য করেছেন তিনি।

কয়েকটি দেশের শীর্ষ নেতা ন্যাটো সম্মেলনের বৈঠক শুরুর আগে ট্রাম্পের একটি সংবাদ সম্মেলন নিয়ে কথা বলেন। সেটার ভিডিও একটি সম্প্রচারমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় ওই মন্তব্য করেছেন ট্রাম্প।

ব্রিটেনের লন্ডনে বুধবার পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলন শুরু হয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ২৯টি দেশের শীর্ষ নেতা যোগ দেন।

ওই ভিডিও প্রকাশের পর একটি নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করেন এবং ন্যাটো সম্মেলন ছেড়ে চলে যান মার্কিন প্রেসিডেন্ট।

কানাডার সম্প্রচারমাধ্যম সিবিসির টুইটারে ভিডিওটি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গেছে, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুত্তেসহ আরও কয়েকজন সম্মেলনের বৈঠক শুরুর আগে ট্রাম্পের তাএকটি সংবাদ সম্মেলন নিয়ে কথা বলছেন। সে সময় ট্রাম্পকে উপহাস করে কিছু কথা বলেন ট্রুডো। তাদের কথা যে রেকর্ড হচ্ছে সে সময় তা তারা কেউই বুঝতে পারেননি। পরে এটা প্রকাশিত হয়।

ভিডিওটি প্রকাশের পর এর প্রতিক্রিয়ায় ট্রুডোকে ‘একজন দুমুখো মানুষ’ বলে মন্তব্য করেন ট্রাম্প।

সূত্র : বিবিসি

এশিয়ার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ইরান!

0

ইরান পশ্চিম এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় গণতান্ত্রিক দেশ। ইরানের বিচার বিভাগের মানবাধিকার অধিদপ্তর এ কথা বলেছে। ইরানের সাম্প্রতিক সহিংসতার ব্যাপারে জাতিসংঘ মানবাধিকার কমিশনের এক দাবির জবাবে বুধবার এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ মানবাধিকার কমিশন অন্য সবকিছুর আগে ইরানের সাম্প্রতিক গোলযোগ সৃষ্টির প্রচেষ্টায় বিদেশিদের হাত থাকার নিন্দা করবে বলে তেহরান আশা করেছিল।বিশেষ করে মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়ে এ সহিংসতায় যে উসকানি দিয়েছেন জাতিসংঘের উচিত ছিল তার নিন্দা জানানো।

ইরানের বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরান জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভকে স্বাগত জানায়।তবে আমেরিকাসহ অন্যান্য শত্রু রাষ্ট্রের উসকানিতে যেসব দুর্বৃত্ত নিরপরাধ মানুষদের হত্যা করেছে, ব্যাংক-বীমাসহ অন্যান্য সরকারি সম্পদ ধ্বংস ও লুটপাট করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিবৃতিতে আরো বলা হয়, ইরানে দুর্বৃত্তরা যেসব ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেগুলোকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ নিশ্চয়ই শান্তিপূর্ণ বিক্ষোভ বলে দাবি করবে না। ইরান সরকার নিজ দেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক সমাজকে দেয়া প্রতিশ্রুতিতে অটল রয়েছে বলেও বিবৃতিতে জানায়।

ইরানের বিচার বিভাগের মানবাধিকার অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, যে আমেরিকা ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের মাধ্যমে এদেশের জনগণের চরম ক্ষতি করছে সেই আমেরিকার গণমাধ্যমে সাম্প্রতিক গোলযোগ সম্পর্কে প্রকাশিত মিথ্যা খবরের ভিত্তিতে জাতিসংঘ মানবধিকার কমিশন যেন তড়িঘড়ি করে কোনো প্রতিবেদন তৈরি না করে বা কোনো সিদ্ধান্ত না নেয়।কারণ, সেরকম কোনো সিদ্ধান্ত নিলে জাতিসংঘ যেমন তার মানবাধিকার বিষয়ক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না তেমনি এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা কমে যাবে।