Home Blog Page 3312

১০ জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

0

তাবলিগ জামাতের বৃহৎ সমাবেশ তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে।

তুরাগ তীরে প্রথম পর্বের তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা আগামী ১০, ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর চার দিন বিরতি দিয়ে ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইতজেমা অনুষ্ঠিত হবে।

প্রথম পর্বের শেষ দিন ১২ জানুয়ারি ও দ্বিতীয় পর্বের শেষ দিন ১৯ জানুয়ারি উভয় পর্বে মুসলিম জাহানের সুখ, শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে ৫০তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

আজ বুধবার দুপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে প্রথম পর্ব বাস্তবায়নের কর্মী ইজতেমার মুরুব্বি মো. মামুনুর রশীদ আজ গণমাধ্যমকে একথা জানিয়েছেন।

এদিকে, এবারের বিশ্ব ইজতেমাকে সফল ও স্বার্থক করার জন্য ইজতেমা আয়োজক কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে মাঠ প্রস্তুতির কাজ গত এক মাস যাবত বেশ জোরেসোরে এগিয়ে চলছে। শত শত স্বেচছাসেবী প্রতিদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই কাজ করে যাচ্ছেন। তারা এখন মাঠের ভেতরে বাঁশের খুঁটি সারিবদ্ধ ভাবে লাগানো, কাঁচা টয়লেট নির্মাণ, গ্যাস, পানি, বিদ্যুৎ, রাস্তা সংস্কার সহ সার্বিক উন্নয়নের কাজ করে যাচ্ছেন।

আজ বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা মাঠ সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষক-ছাত্র, পেশাজীবী সহ সাধারণ মানুষ দূরদূরান্ত থেকে এসে মাঠের নির্মাণ কাজে অংশ নিয়েছেন। সম্পূর্ণ বিনাশ্রমে তারা সকাল থেকে বিকাল পর্যন্ত মাঠে কাজ করছেন।

মাঠে নির্মাণ কাজে অংশ নেওয়া টঙ্গী এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো. শাহ আলম গণমাধ্যমকে আজ জানান, আমি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ইজতেমা মাঠে কাজ করে আসছি। এখানে কাজ করতে আমার খুব ভাল লাগে এবং মনে আনন্দ পাই। আমি যত দিন বাঁচবো ততো দিন আল্লাহ’র রাস্তায় ইজতেমা ময়দানে কাজ করে যাবো।

ইজতেমা আয়োজক কমিটি সূত্র জানিয়েছে, গত ৪ নভেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ প্রস্ততি কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গাজীপুর-২ আসনের এমপি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল প্রস্তুতি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেছেন।

‘আমার পদত্যাগে যদি পেঁয়াজের দাম কমে তবে আমি প্রস্তুত’

0

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কেউ কেউ আমার পদত্যাগ দাবি করছেন। পদত্যাগ করা এক সেকেন্ডের বিষয়, তাতে যদি পেঁয়াজের দাম কমে তবে প্রস্তুত। এ মন্ত্রিত্ব জনগণের জন্য কাজ করার জন্য।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের আয়োজিত আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী পাইকারি-খুচরা পর্যায়ে ব্যবসায়ীদের যৌক্তিক হারে মুনাফা করার আহ্বান জানান। তিনি বলেন, এবারের উৎপাদন মৌসুমে সব ধরনের পেঁয়াজ আমদানি বন্ধ রাখা হবে।

অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগ নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাজারকে আর কোনোভাবেই লাগামহীন হতে দেয়া হবে না।

ভারতের কারণেই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী ৩ বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটি রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার এ সভার আয়োজন করে। এতে বাণিজ্যমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও আওয়ামী উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দীন আহমদ, শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্যসচিব আবদুস সাত্তারসহ এফবিসিসিআইয়ের কয়েকজন পরিচালক, বিভিন্ন পণ্যের ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

ট্রাম্পকে নিয়ে হাসাহাসি বিশ্ব নেতাদের!

0

ন্যাটোর সম্মেলন উপলক্ষে লন্ডনে জড়ো হয়েছেন ২৯টি দেশের নেতারা। বাকিংহাম প্যালেসের এক রিসেপশনে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স এবং নেদারল্যান্ডের নেতারা এমন সময়ে ক্যামেরাবন্দি হলেন যখন তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহাস করে কথা বলছিলেন।

নেতাদের সেই বিদ্রুপাত্মক মুহূর্তের ভিডিওটি পোস্টকরাসহ সাবটাইটেল দেয়ার কাজটি করেছে কানাডার গণমাধ্যম সিবিএস। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার সেই দৃশ্যটি ধারণ করা হয়েছে ব্রিটিশ হোস্ট ক্যামেরার মাধ্যমে। লন্ডনের অদূরের ওয়াটফোর্ড নামক এলাকায় মিত্র দেশের নেতারা সম্মেলন শুরুর আগে একত্রিত হয়ে আলোচনা করছিলেন।

ভিডিওটিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর উদ্দেশে বলতে শোনা গেছে, ‘আপনি কি এ কারণেই দেরি করেছেন?’ তাদের কথার মধ্যে কানডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র্যুডো উপহাস করে বলেন, ‘তার দেরি হয়েছে কারণ তাকে তো ৪০ মিনিট এক সংবাদ সম্মেলনের পেছনেই ব্যয় করতে হয়েছে।’

মঙ্গলবারের ওই ঘটনার আগে নেতারা প্রকাশ্যে ন্যাটোর কৌশল ও বাণিজ্য সম্পর্কে দ্বিমত পোষণ করায় সম্মেলনের আগেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এমানুয়েল ম্যাক্রোঁর ওয়ান টু ওয়ান বৈঠকটি গণমাধ্যমের কাছে দীর্ঘ প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে এগিয়ে গেছে।

ভিডিওতে ব্রিটিনের প্রিন্সেস আন্নে এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে একটি উপখ্যান বলতে দেখা গেছে। কিন্তু ফ্রান্সের নেতা ক্যামেরার অপর পাশে ছিলেন তাই তিনি যখন ওসব কথা বলছিলেন তখন ক্যামেরা তার কথাগুলো রেকর্ড করতে পারেনি।

খুশি খুশি মনে সেখানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র্যুডোকে বলতে শোনা যায়, ‘ওহ, হ্যা, হ্যা তিনি ঘোষণা দিয়েছেন। আর আপনি শুধু দেখেন তার দলের বিজ্ঞ বক্তৃতা ফ্লোর থেকে শুনতে পাবেন।’ ট্রাম্প গত বছরের ন্যাটো সম্মেলনেও তার স্বাভাবিক প্রটোকল ভেঙ্গে ডজনখানে মিত্র দেশের নেতার সঙ্গে প্রবেশ করে সমালোচিত হন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এর আগে ন্যাটো জোটকে মৃতপ্রায় অভিহিত করেছিলেন। ট্রাম্প ম্যাক্রোঁর এমন মন্তব্যকে জঘন্য বলে অভিহিত করে ট্রাম্পের বুদ্ধি লোপ পেয়েছে দাবি করেছেন। এছাড়া আজ বুধবার ন্যাটো নেতাদের তিনঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পর ট্রাম্প একান্ত সংবাদ সম্মেলনে কথা বলবেন।

ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রমাণিত

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতিসহ একাধিক অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দেশটির সংসদীয় কমিটি রায় দিয়েছে। এর ফলে তাকে অভিশংসনের প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে গেল।

ট্রাম্প যখন লন্ডনে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশের বাইরে রয়েছেন, তখনই মার্কিন সংসদের নিম্নকক্ষের ইনটেলিজেন্স কমিটি অভিশংসন প্রতিবেদন প্রকাশ করলো। তবে আগে থেকেই এ ধরনের পূর্বাভাস পাওয়া যাচ্ছিল।

মঙ্গলবার প্রকাশিত প্রায় ৩০০ পাতার সেই প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ আনা হয়েছে। যেমন পুনর্নিবাচনের সম্ভাবনা বাড়াতে ট্রাম্প বিদেশি হস্তক্ষেপ চেয়েছিলেন। ইউক্রেনের সরকারের ওপর অনৈতিক চাপ সৃষ্টি করে তিনি রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিলেন।

জাতীয় নিরাপত্তার তোয়াক্কা করেননি ট্রাম্প। সংসদের কার্যকলাপে বাধা দিতে অভূতপূর্ব অভিযান চালিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কমিটির প্রতিবেদনে সরাসরি অভিশংসনের পক্ষে সুপারিশ করা হয়নি। শুধু তথ্যপ্রমাণ তুলে ধরে কংগ্রেসের হাতে এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব ছেড়ে দেয়া হয়েছে।

আসন্ন বড়দিন উৎসব উপলক্ষ্যে ছুটির আগেই সংসদের নিম্নকক্ষে এই প্রতিবেদনের ভিত্তিতে ভোটাভুটি হতে পারে। বিরোধী ডেমোক্র্যাটিক দলের সংখ্যাগরিষ্ঠতার কারণে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন প্রক্রিয়ার পক্ষে প্রস্তাব অনুমোদন করতে পারে। তবে উচ্চ কক্ষে ক্ষমতাসীন রিপাবলিকান দল সেই প্রচেষ্টায় বাধা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

রিপাবলিকান দল ইতোমধ্যে এক পাল্টা প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের মতে, প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো অভিযোগের সপক্ষে তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পুরো প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে তুলে ধরছে প্রেসিডেন্টের দল।

অন্যদিকে, ডেমোক্র্যাট দল ট্রাম্পের আচরণের সুদূরপ্রসারী প্রভাব সম্পর্কে সতর্ক করে দিয়েছে। তাদের মতে, সংসদের কাজকর্মে প্রেসিডেন্টের বাধা সৃষ্টি করার ক্ষমতা খর্ব না করলে ভবিষ্যতেও সম্ভবত এমন অঘটন এড়ানো যাবে না। ভবিষ্যতে যে কোনো প্রেসিডেন্ট তাদের ভুলত্রুটি বা দুর্নীতির বিরুদ্ধে তদন্তে বাধা সৃষ্টি করার ক্ষমতা ভোগ করবেন।

ট্রাম্প যেভাবে নিজেকে আইনের ঊর্ধ্বে রেখে সবরকম জবাবদিহিতা এড়িয়ে চলেছেন, তা অত্যন্ত বিপজ্জনক এক প্রবণতা হয়ে উঠতে পারে। তদন্ত প্রতিবেদনে ট্রাম্প ছাড়াও কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তার আচরণ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

এই প্রতিবেদন প্রকাশের পর লন্ডন থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তোপ দাগছেন। হোয়াইট হাউসের এক মুখপাত্র এই প্রক্রিয়াকে একতরফা রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে তুলে ধরে প্রমাণের অভাবের কথা উল্লেখ করেছেন।

তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্পের বিরুদ্ধে জনমত কতটা জোরালো হয়ে উঠবে, তার ওপর অভিশংসন প্রক্রিয়ার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে। চাপ বাড়লে রিপাবলিকান শিবিরে ফাটল ধরলে তবেই প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

সূত্র: ডিডব্লিউ

আবারও ধর্ষণ শেষে পুড়িয়ে হত্যা!

0

ভারতের হায়দরাবাদে এক তরুণী পশু চিকিৎসককে মহাসড়কের পাশে গণধর্ষণ আর পেট্রল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার ঘটনায় যখন ভারতে তোলপাড় চলছে, তার মধ্যেই একই রকম লোমহর্ষক ঘটনা ঘটল বিহারে। বক্সার জেলার কুকড়া গ্রাম থেকে উদ্ধার করা আহয়েছে ১৬ বছরের এক অজ্ঞাতপরিচয় কিশোরীর দগ্ধ দেহ! ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, কিশোরীর শরীরে ধর্ষণের চিহ্ন খুঁজে পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, চাষের ক্ষেতে রাখা খড় দিয়ে ঐ কিশোরীর শরীর পোড়ানো হয়।

চিকিৎসক বলছেন, সেই কিশোরীকে প্রথমে গুলি করা হয়েছিল। তারপর মৃত্যু নিশ্চিত করতে শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয়। গুলির দুটি খালি কার্তুজও উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। মঙ্গলবার অগ্নিদগ্ধ দেহটি ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। দেহের ঊর্ধ্বাংশ জ্বলে যাওয়ায় গ্রামবাসীরা কেউই ওই কিশোরীকে শনাক্ত করতে পারেন নি।

বক্সারের ডেপুটি পুলিশ সুপারিন্টেনডেন্ট সতীশ কুমার সংবাদ সংস্থা পিটিআই কে জানিয়েছেন, ‘ধর্ষণের পরে গুলি করার পরেও সব প্রমাণ লোপাট করার জন্যই ওই কিশোরীকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল বলেই মনে হচ্ছে। কোমরের ওপর থেকে জ্বালিয়ে দেওয়া হয়েছে দেহটি। আমরা কিশোরীর পরিচয় এখনও জানতে পারি নি। তবে আশপাশের সব থানায় খবর দেওয়া হয়েছে যাতে কোনও কিশোরী নিখোঁজ হয়েছে কী না তা জানা যায়।’

এই ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন এক সপ্তাহ আগের হায়দরাবাদের পশু চিকিৎসক এক নারীকে মহাসড়কের টোল প্লাজার ধারে নিয়ে গিয়ে অন্তত চারজন ধর্ষণ করে তারপরে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়। ওই ঘটনা নিয়ে সারা ভারত জুড়ে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। সেই চার ধর্ষক-খুনীকে গ্রেপ্তারও করেছে পুলিশ। ভারতে এখন নিয়মিতই এমন নৃশংস ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। হায়দরাবাদের ঘটনার পর অনেক তারকারাই ধর্ষকদের প্রকাশ্যে হত্যার সপক্ষে মুখ খুলেছেন।

কলকাতায় খুচরা বাজারে পেঁয়াজের কেজি ১৫০ টাকা হওয়ার শঙ্কা

0

গত সপ্তাহে ভারতের কলকাতায় পেঁয়াজের দাম একশ টাকায় উঠে গিয়েছিল। তারপর দাম কিছুটা কমে যায়। কেজি প্রতি কলকাতা শহরে কোথাও ৮০ টাকা, আবার কোথাও ৯০ টাকায় পাওয়া যাচ্ছিল পেঁয়াজ। কিন্তু গতকাল মঙ্গলবার থেকে কলকাতার পাইকারি বাজারে যেভাবে পেঁয়াজের দাম আকাশছোঁয়া হয়েছে, তাতে পেঁয়াজের দাম কেজি প্রতি ১৫০ টাকা হয়ে যেতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

আজ বুধবার শহরের পাইকারি বাজারগুলোতেই পেঁয়াজ কেজি প্রতি ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে। খুচরা ব্যবসায়ীরা ৯০–১০০ টাকায় পেঁয়াজ কিনে বাজারে কত টাকায় বিক্রি করে, সেদিকে কড়া নজর রেখেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

তবে পাইকারি বাজারে যদি অগ্নিমূল্য হয়ে যায় পেঁয়াজের, তবে শহরে পেঁয়াজের দাম আদৌও নিয়ন্ত্রনে রাখা যাবে কি না, সেটা নিয়ে এরই মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। মহারাষ্ট্রেও পাইকারি বাজারে পেঁয়াজের দাম আরো বেশি।

কেজি প্রতি ১৩৫ টাকা। গত দুই মাস ধরে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। পাইকারি বাজারে এক সময় যে পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছিল, এখন তার দাম ১০০ টাকা ছুঁয়েছে। ফলে তার প্রভাব যে খুচরা বাজারেও পড়বে, আগে থেকেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা।

পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রেতাদের বক্তব্য, আগে যে পরিমাণে পেঁয়াজ আসছিল বাইরের রাজ্য থেকে, তা অনেকটাই কমে গেছে। ফলে একধাক্কায় দাম অনেকটা বেড়ে গেছে। কেন্দ্রীয় সরকারের এ বিষয়ে বিশেষ কোনো পদক্ষেপ চোখে না পড়লেও রাজ্য সরকারের সুফল পশ্চিমবঙ্গের স্টল থেকে কেজি প্রতি ৫৯ টাকায় পাওয়া যাচ্ছে পেঁয়াজ।

ট্রাম্পকে নিয়ে হাসাহাসি বিশ্ব নেতাদের!

0

উইঘুর মুসলিমদের নির্যাতনকারী চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। মঙ্গলবার ৪০৭ জন আইনপ্রণেতা প্রস্তাবের পক্ষে ভোট দেন।

সিনেট এবং প্রেসিডেন্টের অনুমোদনের পরই এটি আইনে পরিণত হবে। জবাবে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং।

চীনের জিনজিয়ান প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর চীনা সরকারের নৃশংশতা ইস্যুতে মঙ্গলবার প্রতিনিধি পরিষদে সোচ্চার হন মার্কিন আইনপ্রণেতারা। চীনা সরকার উইঘুরদের নাগরিক, রাজনৈতিক, মতপ্রকাশ, ধর্মীয়, চলাফেরা এবং ন্যায়বিচার পাওয়ার অধিকারকে পদ্ধতিগত ভাবে অস্বীকার করছে বলে অভিযোগ তোলেন তারা। এদিন, নির্বিচারে আটক, নির্যাতন, হয়রানি বন্ধে অভিযুক্তদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে একটি বিল পাস হয় প্রতিনিধি পরিষদে।

মার্কিন পদক্ষেপ, চীনের সন্ত্রাসবিরোধী অভিযানকে বাধাগ্রস্ত করবে বলে সতর্ক করেছে বেইজিং। চীনবিরোধী পরিকল্পনা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রকে উচিৎ জবাব দেয়া হবে বলেও, সংশ্লিষ্টদের বরাতে জানিয়েছে চীনা গণমাধ্যম।

কমপক্ষে ১০ লাখ উইঘুর মুসলিম বন্দিশিবির আটক রয়েছেন। বেইজিংয়ের দাবি, কারগরি শিক্ষার মাধ্যমে ধর্মীয় উগ্রবাদ মোকাবিলার প্রশিক্ষণ দেয়া হচ্ছে তাদের। তথ্য প্রমাণ বলছে, নামাজ কিংবা হিজাব পড়া বা তুরস্কের সঙ্গে সম্পর্ক থাকার মতো কারণে অনেকে আটকে রেখে নির্যাতন চালানো হচ্ছে।

ফোনালাপ ফাঁস: নুরকে বহিষ্কারের দাবি ঢাবি অধ্যাপকের

0

ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের বহিষ্কারের জন্য আহ্বান জানিয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক।
মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে ঢাবি উপাচার্যের প্রতি এই আহ্বান জানান তিনি।
এ বিষয়ে আজ বুধবার ডাকসু অফিসের সামনে মানববন্ধন ও নুরের কুশপুতুল দাহ করা হবে বলে ফেসবুক লাইভে বলেন ওই ঢাবি শিক্ষক। তিনি বলেন, মিস্টার নুর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন। তাকে প্রতিরোধ করা হবে। তাকে গ্রেফতার করা না হলে সারাদেশের সব বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলন চালানো হবে।
গতকাল মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ডাকসু ভিপি নুরুল হক নুরের একটি অডিও ক্লিপ ফাঁস করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে জনৈক এব ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক কথাবার্তা বলতে শোনা গেছে। এছাড়া প্রবাসে এক বাংলাদেশির সঙ্গে টেলিফোনে টাকা লেনদেনের বিষয়ে কথা বলতে শোনা গেছে তাকে। অডিওতে আরও বলতে শোনা গেছে, ওই ব্যক্তি ভিপি নুরকে ইমেইল অ্যাড্রেসসহ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর পাঠাতে বলেছেন।
এদিকে ফাঁস হওয়া ফোনালাপের একটি কণ্ঠ যে তারই তা ইতিমধ্যে স্বীকার করেছেন ভিপি নুর।
বিষয়টি পরিস্কার করতে ভিপি নুর মঙ্গলবার রাতেই ফেসবুক লাইভে আসেন। সেখানে তিনি দাবি করেন, তার ফোনালাপকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আংশিকভাবে প্রচার করা হয়েছে। এমন কাজ সাংবাদিকতার নীতিবিরোধী।
অডিও ক্লিপ প্রসঙ্গে নুর বলেন, ‘আমার একটি ফোনালাপ ইলেকট্রনিক মিডিয়ায় বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমার পুরোপুরি কথা না শুনিয়ে কিছু অংশ কেটে প্রচার করেছে, যা সাংবাদিকদের নৈতিকতার সঙ্গে যায় না। আমি এর বিরুদ্ধে একটি প্রতিবাদলিপি ও উকিল নোটিশ পাঠাব।

বিকেলে আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক

0

আজ বুধবার (৪ ডিসেম্বর) আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় শুরু হবে বৈঠক।
এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দলের আসন্ন জাতীয় সম্মেলন নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। এ ছাড়া সমসাময়িক জাতীয় ও রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ ও ২২ ডিসেম্বর। সম্মেলন সফল করতে বেশ কিছু প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সারা দেশে চলছে তৃণমূলের সম্মেলন। কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।
সূত্র জানায়, জাতীয় সম্মেলনের আগে জাতীয় কমিটির বৈঠক হওয়ার রেওয়াজ রয়েছে। ওই বৈঠকেই দলের জাতীয় সম্মেলনের বাজেট অনুমোদন করা হয়।
এ ছাড়া আগামী জাতীয় সম্মেলনে পাস করানোর জন্য দলের যে ঘোষণাপত্র ও গঠনতন্ত্র তৈরি করা হবে, এর খসড়া নিয়েও জাতীয় কমিটিতে আলোচনা হতে পারে। সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আলোচনা এবং শুদ্ধি অভিযান সম্পর্কে ধারণা দেয়া হতে পারে বৈঠকে।
সর্বশেষ ২০১৬ সালের ১৫ অক্টোবর ২০তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের জাতীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্রের ১৭ (ক) ধারায় উল্লেখ আছে, বাংলাদেশ আওয়ামী লীগের একটি জাতীয় কমিটি থাকিবে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেক সাংগঠনিক জেলা হইতে একজন করিয়া সদস্য স্ব স্ব জেলা ত্রি-বার্ষিক কাউন্সিল কর্তৃক জাতীয় কমিটিতে নির্বাচিত হইবেন। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকর্তা, কার্যনির্বাহী সংসদের সদস্যরা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি কর্তৃক মনোনীত ২১ জন সদস্য এবং উপর্যুক্তভাবে নির্বাচিত ও মনোনীত সদস্যবৃন্দকে লইয়া বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটি গঠিত হইবে। জাতীয় কমিটির মোট সদস্য সংখ্যা হইবে ৮১ (কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ), ৭৮ (সাংগঠনিক জেলা) ২১ জন (সভাপতি কর্তৃক মনোনীত) মোট ১৮০ জন।
জাতীয় কমিটি দায়িত্ব হিসেবে গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে- (খ) জাতীয় কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদ ও কাউন্সিলের মধ্যে সমন্বয় রক্ষা করিবে। (গ) যে কোনো জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিতে বাংলাদেশ আওয়ামী লীগ কাউন্সিলকে সহায়তা করিবে। (ঘ) বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত ও কার্যাবলি পর্যালোচনা করিতে পারিবে। বাংলাদেশ আওয়ামী লীগ ত্রি-বার্ষিক নির্বাচনী বা বিশেষ অধিবেশনে গৃহীত প্রস্তাবসমূহ কার্যকর করিবে। (ঙ) বাংলাদেশ আওয়ামী লীগের হিসাব-নিকাশ গ্রহণ ও অনুমোদন করিবে। (চ) বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো সদস্যের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক কার্যনির্বাহী সংসদ কর্তৃক গৃহীত শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে আপীল বিবেচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিবে। (ছ) সংসদীয় পার্টি পরিচালনার জন্য নিয়মাবলি প্রণয়ন করিবে। (জ) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও অন্যান্য কর্মকর্তা পদাধিকার বলে জাতীয় কমিটির কর্মকর্তারূপে কার্যক্রম পরিচালনা করিবে। (ঝ) বছরে জাতীয় কমিটির একটি সভা আহ্বান করিতে হইবে। তবে দলের সভাপতির নির্দেশক্রমে একাধিক সভা আহ্বান করা যাবে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী দৈনিক বলেন, জাতীয় কমিটির বৈঠকে দলের আসন্ন সম্মেলনের প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা হবে। এ ছাড়া সমসাময়িক রাজনৈতিক ও জাতীয় পর্যায়ের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।

কিশোর-কিশোরীদের সঙ্গে ডিএনসিসি মেয়রের সংলাপ

0

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের সঙ্গে কিশোর-কিশোরীদের ‘আমরাও বলতে চাই’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শিশুবান্ধব শহর গড়ার লক্ষ্যে এ আয়োজন করে ডিএনসিসি স্বাস্থ্য বিভাগ এবং সার্বিক সহযোগিতায় ছিল ইউনেসেফ বাংলাদেশ।
আজ বুধবার গুলশানে ডিএনসিসি নগর ভবনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই-এর সভাপতিত্বে সংলাপে আরও উপস্থিত ছিলেন- ডিএনসিসি সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মঞ্জুর হোসেন, প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি আইন কর্মকর্তা নাজমুল হুদা, ইউনেসেফ প্রতিনিধি শামিমা সিদ্দিকী প্রমুখ। সংলাপে ডিএনসিসির কিশোর-কিশোরীরা অংশ নেয়।
সংলাপে কড়াইল থেকে আগত কিশোরী শারমিন আক্তার মেয়েদের মাঠে গিয়ে খেলার ব্যবস্থা করার আবেদন করেন। উত্তরে মেয়র আতিকুল ইসলাম বলেন, পার্কগুলোতে নারী, পুরুষ, শিশু, কিশোর, কিশোরীদের জন্য আলাদা কর্নার করার উদ্যোগ নেয়া হবে বলে জানান।
মেলার কারণে খেলার মাঠে খেলা যায়না বলে জানায় মিরপুর থেকে আগত এক কিশোর। উত্তরে মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন কোনো মাঠে কোন ধরনের মেলা অনুমোদন দেবো না।
মেয়র জানিয়েছেন, ডিএনসিসির ১৭টি পার্ক ও মাঠে এলইডি লাইট লাগানো হচ্ছে যেন রাতেও সবাই খেলতে পারে। সেই সঙ্গে বৃষ্টির পানি যেন না জমে থাকে সেই ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান তিনি।