Home Blog Page 3314

যুক্তরাষ্ট্রকে ‘উপহার’ হিসেবে পারমাণবিক বোমা দিতে চায় উত্তর কোরিয়া!

0

সম্প্রতি দুই দেশের বৈঠকে উত্তর কোরিয়ার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে দর কষাকষির বিষয়েও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে নিরস্ত্রীকরণের বিষয়টিতে ‘ব্যাপক অগ্রগতি হয়েছে’ বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এরপর কাজের কাজের কিছুই হয়নি। এরই মধ্যে কয়েকবার পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কোনো নিষেধাজ্ঞা মানছেন না দেশটির নেতা কিম জন উন।

তবে এবার আরো ক্ষেপেছেন কিম। যুক্তরাষ্ট্রকে বড় ধরনের হুমকিই দিয়ে দিল উত্তর কোরিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পরমাণু কর্মসূচির বিষয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনার অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্রের পরিণতি ভয়াবহ হবে। বছরের শেষে পিয়ংইয়াং থেকে কি ধরনের ‘ক্রিসমাস উপহার’ পাবে তা নির্ভর করবে ওয়াশিংটনের ওপর।

কিম জন উনের প্রশাসন মার্কিন প্রশানকে চাপে রাখার চেষ্টা চালাচ্ছে। তারা চায় মার্কিনিরা পিয়ংইয়াংয়ের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয় তাহলে পিয়ংইয়াং বিপারমাণবিকীকরণ করবে না। আবার বলা হচ্ছে, ৩১ ডিসেম্বরের উত্তর কোরিয়ার সঙ্গে বিপারমাণবিকীকরণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত আলোচনা শেষ না করলে এর পরিণাম হবে ভায়াবহ।

উত্তর কোরিয়া বলেছে, আমেরিকা নিজের স্বার্থে পরমাণু সংলাপ থেকে বেরিয়ে যেতে চাইছে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রশাসন সুবিধা পাওয়ার জন্য এ পরিকল্পনা করছে। এ অবস্থায় পরমাণু আলোচনার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য চলতি বছরের শেষ পর্যন্ত ওয়াশিংটনের জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে পিয়ংইয়ং।

মার্কিন যুক্তরাষ্ট্রবিষয়ক উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী রি থাইয়ে সং এক বিবৃতি বলেন, আলোচনা থেকে সরে না আসার ব্যাপারে উত্তর কোরিয়া সর্বোচ্চ ধৈর্য্য ধারণ করেছে এবং নিজেই গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছে। এখন যা কিছু করার আমেরিকাকেই করতে হবে; বিষয়টি এখন তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তাদের ওপরই নির্ভর করছে ‘ক্রিসমাস উপহার’ হিসেবে মার্কিনিরা কি পেতে যাচ্ছে।

উত্তর কোরিয়া ২০১৭ সালের জুলাই মাসের দিকে প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালায়। তখন কিম জানান, বোমাগুলো হলো যুক্তরাষ্ট্রের জন্য উপহারের প্যাকেজ। সম্প্রতি কোরিয়া নতুন প্রযুক্তির কয়েকটি বোমার পরীক্ষা চলিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পরীক্ষায় কোনো ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে না যুক্তরাষ্ট্রের জন্য। কিন্তু যুক্তরাষ্ট্রের মিত্র দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। কারণ এই দুই দেশে হামলা করার মতো সক্ষমতা তৈরি হয়েছে উত্তর কোরিয়ার।

ধর্ষক জঙ্গির মুখোমুখি ইয়াজিদি তরুণী, এরপর…

0

ইরাকের একটি টেলিভিশন চ্যানেল এক আইএস জঙ্গি ও তার হাতে ধর্ষণের শিকার এক ইয়াজিদি নারীকে তাদের একটি শোতে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিলো। এরপর ওই নারী সেই ধর্ষক জঙ্গির ওপর নিজের ক্ষোভ ঝাড়েন। সে তার জীবনের যে সর্বনাশ করেছে এবং তাকে যে বেদনার সাগরে ভাসিয়ে দিয়েছে সে কথা শোনায়। কিন্তু ওই নারী নিজের বেদনার কথা বলতে গিয়ে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান।

এ ঘটনায় আল-ইরাকিয়া নামের ওই টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।

আসওয়াক হাজি হামিদ নামের ওই নারীর বয়স যখন মাত্র ১৪ বছর তখন তাকে ইরাকের সিঞ্জার পাহাড় এলাকার বাড়ি থেকে ধরে নিয়ে যায় আইএস জঙ্গিরা। ২০১৪ সালের ওই সময়ে আরো হাজার-হাজার ইয়াজিদি নারীকে অপহরণ করা হয়েছিলো।

আসওয়াক হাজি হামিদকে তুলে দেওয়া হয় মোহাম্মদ রাশিদ নামের এক জিহাদির হাতে। যে তাকে হাতকড়া পরিয়ে বারবার ধর্ষণ করে।

তবে এক পর্যায়ে আসওয়াক এবং আরো কয়েকজন ইয়াজিদি নারী জঙ্গিদের আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এরপর আসওয়াক ইরাক ছেড়ে জার্মানিতে গিয়ে আশ্রয় নেন। ওদিকে তাকে ধর্ষণকারী ওই জঙ্গিও ঘটনাক্রমে জার্মানিতে গিয়ে হাজির হয়। ২০১৮ সালে একদিন রাস্তায় তাকে ধর্ষণকারী ওই জঙ্গিকে দেখতে পেয়ে ক্ষোভে তেড়ে গিয়েছিলেন আসওয়াক।

গত মাসে আসওয়াক ফের ওই জঙ্গির মুখোমুখি হন আল-ইরাকিয়া টিভি চ্যানেলের একটি স্পেশাল নিউজ রিপোর্ট শো-তে। ধর্ষক রাশিদ ইরাকের কারাগারে বন্দি ছিলেন। সেখান থেকেই তাকে কয়েদির পোশাকে টিভি শোতে আসওয়াক হাজি হামিদের সামনে হাজির করা হয়। এবং তাকে তার হাতে ধর্ষণের শিকার ওই নারীর বেদনার কথা শুনতে বাধ্য করা হয়।

ধর্ষকের মুখোমুখি হয়ে নিজের ক্ষোভ ঝাড়ছিলেন আসওয়াক। বর্তমানে ১৯ বছর বয়সী ওই তরুণী ধর্ষককে উদ্দেশ্য করে বলেন, ‘তুমি আমার জীবনটাই ধ্বংস করে দিয়েছো। তুমি আমার সব স্বপ্ন ধ্বংস করে দিয়েছো।’ ধর্ষককে তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে আদেশ করে ওই তরুণী বলেন, ‘আমার দিকে তাকাও। তোমার কি কোনো অনুভুতি নেই? তোমার কি কোনো সম্মান নেই? আমার বয়স ছিলো মাত্র ১৪ বছর। হয়তো তোমার মেয়ে, ছেলে বা বোনের বয়সী ছিলাম আমি।’

এভাবে ধর্ষকের প্রতি ক্ষোভ ঝাড়ার এক পর্যায়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই তরুণী।

এই ঘটনায় মানসিক ট্রমা বিশেষজ্ঞরা টিভি চ্যানেলটির সমালোচনায় মেতে উঠেছেন। কারণ তারা আগেই সাবধান করেছিলেন, এতে করে ওই নির্যাতিতা নারীর মনে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছিলো তা আবারো উম্মুক্ত হয়ে পড়তে পারে এবং ভয়ানক কিছু ঘটতে পারে।

ইয়াজিদি নারীদের মানসিক চিকিৎসা দিতেন কুর্দি-জার্মান বংশোদ্ভুত ডা. জান ইলহান কিজিলহান। তিনি বলেন, ‘কোনো ধর্ষিতা নারীকে এভাবে ধর্ষকের মুখোমুখি করাটা পুরোপুরি চিকিৎসা বিজ্ঞানবিরোধী আচরণ।’

যুক্তরাষ্ট্রে বসবাসরত এবং মানবাধিকার কর্মী ইয়াজিদী নারী নিবরাস খুদাইদা বলেন, ‘এটা খুবই বাজে একটা কাজ হয়েছে। আর ওই নারী এখনো মানসিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি। তার মধ্যেই তাকে ধর্ষকের মুখোমুখি করাটা ঠিক হয়নি। পুরুষরা কবে বুঝবে কীভাবে এমন একজন নির্যাতিতা নারীকে নিয়ে নাড়া-চাড়া করতে হয়?’

এদিকে ওই টেলিভিশন শো’র ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এরপর এক কুর্দি টিভি চ্যানেল ধর্ষিতা তরুণী আসওয়াক হামিদকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ওই ধর্ষকের মুখোমুখি হয়ে নিজের ক্ষোভ ঝাড়তে পেরে আমি খুশি হয়েছি। তাকে সামনে পেয়ে গত পাঁচ বছর ধরে আমার মনে যে তীব্র অসন্তোষ জমা হয়ে ছিলো তা ঝেড়ে দিয়েছি।’ তবে ধর্ষককে দেখে তরুণীর মনে পুরোনো ভয়ও ফিরে আসে। আসওয়াক বলেন, ‘তাকে দেখার পর আমার মনে এই ভয় কাজ করছিলো সে হয়তো আবারো আমাকে জোরপূর্বক যৌনদাসী বানাবে।’

সম্প্রতি ইরাকে ধর্ষক-ধর্ষিতার এই ধরনের মুখোমুখি টিভি শো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ধরনের মুখোমুখি সাক্ষাতের বিষয়টিকে নির্যাতিতা নারীদের জন্য মানসিক স্বান্তনার সুযোগ সৃষ্টিকারী হিসেবে বিবেচনা করছেন অনেকে। কেননা তারা এর মধ্য দিয়ে নিজের চোখে ন্যায়বিচার দেখার করার সুযোগ পাবে।

তবে সমালোচকরা বলছেন, এর মধ্য দিয়ে বরং নির্যাতিতা নারীদেরকে আরো অসম্মান করা হচ্ছে। এবং এর মধ্য দিয়ে তাদের মনের পুরোনো ক্ষতই বরং আবারো মাথাচাড়া দিয়ে উঠবে।

বিবিসির সাংবাদিক স্ট্যাসি ডুলেও একবার এমন এক আইএস জঙ্গি ও ধর্ষিতা ইয়াজিদি নারীকে মুখোমুখি করে সমালোচানার মুখে পড়েছিলেন। টিভি শোতে ওই আইএস কমান্ডার ২০০-রও বেশি নারীকে ধর্ষণের কথা স্বীকার করেন।

দুর্নীতিবাজদের কোনো ছাড় দেয়া হবে না

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশের দুর্নীতিবাজরা নজর দারিতে আছে। সময় মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতিবাজদের কোনো ছাড় দেয়া হবে না।

আজ মঙ্গলবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস-দুর্নীতি, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন। এ শুদ্ধি অভিযান সবাই মিলে সফল করতে হবে।

দেশে চলমান শুদ্ধি অভিযান সফল করতে আওয়ামী লীগ ও সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে আমি শুধু এই আহবান জানাবো, নেত্রীর শুদ্ধি অভিযান আপনারা সফল করবেন।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিকে না বলুন, সন্ত্রাসকে না বলুন, মাদককে না বলুন, টেন্ডারবাজিকে না বলুন, চাঁদাবাজিকে না বলুন।

ওবায়দুল কাদের বলেন, বিলবোর্ড দেখিয়ে নেতা হওয়া যায় না, নেতা হতে গেলে জনপ্রিয় হতে হয়। বাইরের থেকে দলে দলে লোক আনার দরকার নেই, দলে অসংখ্য কর্মী আছে। দলের ত্যাগিদের বাদ দিয়ে আত্মীয়করণ হাইব্রিডদের দলে আনার দরকার নেই। ত্যগি কর্মীরাই দলকে বাঁচিয়ে রেখেছে তাদের বাঁচাতে হবে। যারা দায়িত্ব পাবেন তারা বিষয়টি খেয়াল রাখবেন।

তিনি বলেন, দূরের স্বপ্নকে শেখ হাসিনা কাছে নিয়ে এসেছেন। পদ্মাসেতু নির্মাণ, ঘরে ঘরে বিদ্যুৎ, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পায়রা সমুদ্র বন্দর স্থাপন, ঢাকায় মেট্রোরেল চালুর পদক্ষেপ, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, সমুদ্র বিজয়সহ নানা উন্নয়ন এর প্রমাণ বহন করে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে উন্নয়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে জাতির পিতার হত্যাকারীদের এবং যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনা সম্ভবপর হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর পরিচালনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন ও পারভীন জামান কল্পনা, সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, মাশরাফি বিন মর্তুজা ও শেখ শারহান নাসের তন্ময় প্রমুখ বক্তব্য রাখেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। নৈরাজ্য সৃষ্টি করে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বিএনপি বিচার মানে না, আদালত মানে না। বিএনপি যদি রাজনৈতিকভাবে আন্দোলন করে, আমরা তা রাজনৈতিক ভাবেই মোকাবেলা করবো। কিন্তু তারা যদি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে,তাহলে সমুচিত জবাব দেয়া হবে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে সভাপতি এবং নিজাম উদ্দিন নিলুকে সাধারণ সম্পাদক এবং মো. জাহাঙ্গীর বিশ্বাসকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য নড়াইল জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই কমিটি ঘোষণা করেন।

বিয়ের প্রলোভনে গার্মেন্ট শ্রমিককে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার

0

ঢাকার আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী গার্মেন্ট শ্রমিককে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আটক মো. জুয়েল (২৫) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কান্দিরগ্রামের মো. জুলফিকারের ছেলে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম ধর্ষিতার বরাত দিয়ে জানান, ডিইপিজেড এলাকার একটি পোশাক কারখানার ওই গার্মেন্ট শ্রমিকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে জুয়েল নামে ওই যুবক। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দিন ধরে ওই তরুণীকে ধর্ষণ করে আসছিল সে। পরে কয়েক দিন পূর্বে জুয়েল তাকে না জানিয়ে গোপনে বিয়ে করে। এ ঘটনায় সোমবার থানায় ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জুয়েলকে আটক করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, গার্মেন্ট শ্রমিক তরুণীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের স্টল প্রশংসিত

0

আজ জাতিসংঘের জেনেভার সদর দপ্তরে জাতিসংঘ আন্তর্জাতিক বাজার (মেলা) অনুষ্ঠিত হয়। মানবতার কল্যাণে অর্থ সংগ্রহের লক্ষ্যে প্রতিবছরই ‘ইউএন উইমেন গিল্ড’ এ মেলার আয়োজন করে থাকে। প্রতি বছরের ন্যায় এ মেলায় অংশ নিয়েছে জেনভায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন। অসংখ্য লোকজ ও সাংস্কৃতিক উপাদানযুক্ত পণ্য সামগ্রীর বিভিন্ন পণ্য বাজারে সজ্জিত বাংলাদেশ স্টল ছিল বিদেশী ক্রেতাদের অন্যতম আকর্ষণ।

এ মেলায় জাতিসংঘের প্রায় সকল সদস্য রাষ্ট্র তাঁদের ঐতিহ্যবাহী পণ্য বা খাবারের স্টল নিয়ে বসে। সুজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিনিধির সহধর্মিনী মমতাজ আহসান বাংলাদেশ মিশন ও জেনেভার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বাঙালি কর্মকর্তাদের স্ত্রীদের সাথে নিয়ে এ মেলায় বাংলাদেশ স্টল পরিচালনা করেন।

বাংলাদেশের শাড়ি, নকশীকাঁথা, অলংকারাদি এবং হরেক রকমের পাটজাত পণ্য কেনার লক্ষ্যে বাংলাদেশ স্টলে বিদেশীদের ভীড় ছিল চোখে পড়ার মতো। জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের মহাপরিচালক মান্যবর মিজ তাতিয়ানা ভালোভায়া বাংলাদেশের স্টল পরিদর্শন করে প্রদর্শিত পণ্য সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন এবং স্টলের বৈচিত্র্যময় পসরার প্রশংসা করেন।

জেনেভায় বসবাসরত জাতিসংঘ সদস্য রাষ্ট্রসমূহের কূটনীতিদের স্ত্রীগণ, কুটনীতিবর্গ ও তাঁদের পরিবারের সদস্যসহ জাতিসংঘের কর্মকর্তা-কর্মচারীগণের বিপুল উপস্থিতিতে সকাল ১০টা হতে শুরু হয়ে বেলা ৪ টা পর্যন্ত এই মেলা চলে।

সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিনিধি শামীম আহসান ‘বাংলাদেশ স্টল’ সহ এ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

তিনি বলেন, মানবতার কল্যাণে অর্থ সংগ্রহের লক্ষ্যে প্রতিবছরই ‘ইউএন উইমেন গিল্ড’ এ মেলার আয়োজন করে থাকে যা সত্যিই প্রশংসনীয় এবং এ রকম অনন্য উদ্যেগে বাংলাদেশ স্টলের সক্রিয় অংশগ্রহন ও ভূমিকা মানবিক কূটনীতিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করছে।

বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, আতিথেয়তা, সম্প্রীতি ও ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ক্ষেত্রে এ বাজার তাৎপর্যপূর্ণ অবদান রেখে আসছে মর্মে তিনি অভিমত ব্যক্ত করেন।

জাবির অচলাবস্থা নিরসনে কাল বসছে সিন্ডিকেট

0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনে আগামীকাল বুধবার জরুরি সিন্ডিকেট সভার আহ্বান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হল খোলাসহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচলের দাবিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগ। তবে এ জরুরি সিন্ডিকেটের সিদ্ধান্তের পূর্বেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্যাম্পাস সচলের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন শাখা ছাত্রলীগ সভাপতি মো. জুয়েল রানা।

বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে উপাচার্যের হাতে স্মারকলিপি তুলে দেন শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা। উপাচার্যের সাথে সাক্ষাতের পরই শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, আগামীকাল বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট। ৮ ডিসেম্বর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চালু হবে। ৬ ও ৭ তারিখ থেকে শিক্ষার্থীরা হলে থাকতে পারবে। সূত্র: মাননীয় উপাচার্য ম্যাম।

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “সিন্ডিকেট সভা হওয়ার আগে আমি আনুষ্ঠানিক কিছু বলতে পারি না। তবে কেউ কিছু লিখে থাকলে সেটা তার বিষয়।”

ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা বলেন, “আমরা ওইসব তারিখে হল ও শিক্ষা কার্যক্রম চালু করার দাবি জানিয়েছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন। তাই আমি ওই স্ট্যাটাস দিয়েছি। তবে আমরা সিন্ডিকেট সিদ্ধান্তের উপরই আস্থা রাখতে চাই।”

জাবি শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক এম মাইনুল হুসাইন স্বাক্ষরিত এই স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন যাবত বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার জন্য নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যহত হয়েছে। তাই অনতিবিলম্বে শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়াসহ পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম খুব দ্রুত কার্যকর করতে হবে।

এতে আরো বলা হয়, আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার কিন্তু বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় গান-বাজনা করা যাবে না। এ ছাড়া একাডেমিক ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ রাখা যাবে না। একই সঙ্গে চলমান আন্দোলনে যেসকল জামাত-শিবির নেতাকর্মীরা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রীয় আইনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ সভাপতি মাজেদ সীমান্ত, জহিরুল ইসলাম বাবু, বায়জিদ খান কলিংস, অর্ণব সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক মো তারেক হাসান, অভিষেক মন্ডল, পঙ্কজ কুমার দাস প্রমুখ।

এদিকে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবদুস সালাম মিঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল করার লক্ষ্যে আগামীকাল ৪ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করা হয়েছে।

আগামীকাল উপাচার্যের অপসারণসহ তিন দাবি বিক্ষোভ মিছিল :

আগামীকাল বুধবার দুপুর ১২টায় উপাচার্যের অপসারণসহ তিন দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। আজ ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার উপাচার্যের দুর্নীতির খতিয়ান (তথ্য) প্রকাশ করার কথা ছিল। অনিবার্য কারণবশত আমাদের এই প্রকাশনা কর্মসূচিটি পিছিয়ে আগামী ১০ ডিসেম্বর করা হয়েছে।

তিন দফা দাবিগুলো হলো : সচল ক্যাম্পাসে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে অবিলম্বে আবাসিক হল খুলে দেওয়া, আন্দোলনকারীদের ওপর হামলাকারী ছাত্রলীগ সদস্যদের ও হামলায় মদদদাতাদের শাস্তির ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীল পরিবেশের স্বার্থে উপাচার্যকে অপসারণ করা।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর দুর্নীতির অভিযোগে উপাচার্যের অপসারণ দাবিতে তার বাসভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এর প্রেক্ষিতে ওই দিন সিন্ডিকেটের এক জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়।

ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়কে সমন্বিত পদক্ষেপ গ্রহণের পরামর্শ

0

কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়কে এখনই সমন্বিতভাবে পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ে শূন্য পদে দ্রুত নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম। বৈঠকে কমিটির সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মো. আব্দুল হাই, মো. আয়েন উদ্দিন ও বেগম আঞ্জুম সুলতানা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে চালের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনাকালে চালের দাম স্থিতিশীল বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। এসময় পর্যাপ্ত চাল মুজদ আছে বলেও উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে আলোচনা শেষে চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম জোরদারের সুপারিশ করা হয়।

এছাড়া বৈঠকে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সংশ্লিষ্ট দপ্তরে জনবল নিয়োগের জন্য ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়।

সাড়ে ৮ কেজি সোনাসহ যাত্রী আটক শাহজালালে

0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজি ৪৫০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। আটক ওই যাত্রীর নাম হিমেল খান। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) কাস্টমস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান গ্রহণ করে নজরদারি শুরু করেন। একপর্যায়ে গতকাল সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইক-৫৮৪ যোগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকায় আসেন হিমেল খান নামে ওই যাত্রী। ০৫এ নম্বর আসনে থাকা হিমেলকে তল্লাশি করা হলে তার ব্যাগে ৭২ পিস সোনার বার ও ৯৮ গ্রাম সোনার অলঙ্কার পাওয়া যায়। সোনার সর্বমোট ওজন আট কেজি ৪৫০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় চার কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।

বিমানবন্দর কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, ‘আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক সোনার ব্যাপারে কাস্টম আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

দাম বেশি, তাই খাওয়া কমেছে

0

এক বছর আগে দেশে পেঁয়াজের দাম ছিল ৩০ টাকার নিচে। চলতি বছরের মে-জুন মাসেও পেঁয়াজের দাম এ রকমই ছিল। ঈদুল আজহার আগে পর্যাপ্ত জোগান থাকলেও পেঁয়াজের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ী ও আড়তদাররা। ক্রমেই বাড়তে বাড়তে পেঁয়াজের দাম অক্টোবরে আকাশচুম্বী হয়। লাগামহীনভাবে বাড়তে থাকা পেঁয়াজের দাম ২৫০ টাকা ছাড়িয়ে যায়।

পেঁয়াজের এই মাত্রাতিরিক্ত দামের প্রভাব পড়েছে সবার ওপর। দোকানদাররা জানান, বেহিসাব দাম বৃদ্ধির এই চক্করে বেশি লাভবান হয়েছেন পেঁয়াজের মোকামের আড়তদাররা, যাঁরা মৌসুমে কম দামে পেঁয়াজ কিনে জমিয়ে রেখেছেন। জানা গেছে, দাম বাড়ায় পাইকারি বিক্রেতাদের বিক্রি কমেছে, তবে মুনাফার ওপর কোনো প্রভাব পড়েনি। আগে বেশি পেঁয়াজ বেঁচে যে মুনাফা হতো, এখন কম বেঁচেই সেটা উঠছে। নিম্ন ও মধ্যবিত্তের ওপর পড়েছে বাড়তি খরচের চাপ। মানুষ গৃহস্থালিতে ব্যবহার কমিয়ে স্বল্প পেঁয়াজে তরকারি খাচ্ছে।

পেঁয়াজের অগ্নিমূল্যের প্রভাব থেকে বাদ পড়েনি রাজধানীর হোটেল-রেস্তোরাঁও। মালিকরাও মাছ, মাংস, সবজি ও অন্যান্য তরকারিতে পেঁয়াজ কম দিচ্ছেন। তাঁরা বলছেন, পেঁয়াজ তরকারির মান বৃদ্ধি করে, কিন্তু দাম বেড়ে যাওয়ায় ব্যবহারের পরিমাণ কমেছে। কোনো কোনো মালিক বলছেন, পণ্যের পরিমাণ কমিয়ে মান ঠিক রাখা হয়েছে। আবার দামের তুলনায় খদ্দেরকে দেওয়া পদের পরিমাণও কমিয়েছেন কেউ কেউ।

পাবনার সাঁথিয়ার পেঁয়াজ ব্যবসায়ী রহিম। দীর্ঘদিন ধরে তিনি রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি দরে পেঁয়াজ বিক্রি করেন। গতকাল সোমবার

দুপুর আড়াইটায় তাঁকে দেখা গেল কয়েক বস্তা পেঁয়াজ নিয়ে আড়তে বসে আছেন। কথোপকথনে জানালেন, পেঁয়াজের বিক্রি কমে গেছে। আগে এক দিনে আট থেকে ১০ বস্তা বা কখনো এর চেয়েও বেশি বিক্রি হয়েছে, এখন দু-তিন বস্তা বিক্রি করতেই দিন পার। মোট কথা চড়া দামের কারণে টাকার হিসাবে আগের সমান বিক্রি হলেও ওজনের হিসাবে পেঁয়াজ বিক্রি কমে গেছে।

উদাহরণ দিয়ে তিনি বললেন, ‘আমার একজন ক্রেতা কমপক্ষে এক পাল্লা বা পাঁচ কেজি পেঁয়াজ কিনতেন। দাম চড়া হওয়ায় এখন এক কেজি পেঁয়াজ কিনছেন তিনি। আগে ৩০-৩৫ টাকায় এক কেজি পেঁয়াজ বিক্রি করেছি, যাতে পাঁচ কেজিতে দাম পড়ত ১৫০ থেকে ১৭৫ টাকা। কিন্তু এখন দেশি পেঁয়াজ কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকার বেশি দামে।’

কেবল রহিম নন, আরো পাঁচজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায় পেঁয়াজ বিক্রি কমে যাওয়ার কথা। সেলিম নামের এক পেঁয়াজ ব্যবসায়ী জানালেন, রাজধানীর একটি বড় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দুই দিন পর পর এক বস্তা করে পেঁয়াজ কিনত, কিন্তু এখন সেটা কমে গেছে। এক সপ্তাহ পর এক বস্তা পেঁয়াজ নিয়ে গেল আজ (গতকাল সোমবার)।

প্রায় আধাকেজি পেঁয়াজ নিয়ে কারওয়ান বাজার সিটি করপোরেশন মার্কেটের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন দিনমজুর সেলিম। তিনি কারওয়ান বাজারে সবজি উঠানো-নামানো ও পৌঁছানোর কাজ করেন। ভোর থেকে দুপুর পর্যন্ত কাজ করে বাসায় ফিরছিলেন। পরিচয় দিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘৩০০ টাকা আয় হয়েছে, যার এক অংশ অর্থাৎ ১১০ টাকা দিয়ে আধাকেজি পেঁয়াজ কিনেছি। চাল ও সবজি নিয়ে বাসায় ফিরব।’ তিনি জানালেন, আগে এক কেজি বা বেশি পরিমাণে পেঁয়াজ কিনলেও বাড়তি দামের কারণে এখন সেটা সম্ভব হচ্ছে না।

রাজধানীর কয়েকটি হোটেল ও রেস্টুরেন্ট ঘুরে দেখা গেছে, ভাত খাওয়ার সময় এখন সালাদ মিলছে না। সালাদ থাকলেও তাতে আছে কেবল শসা ও গাজর। পেঁয়াজের ছিটেফোঁটাও নেই। কেউ চাইলেও দিচ্ছে না মেসিয়ার ‘মামা’রা। কারওয়ান বাজারে ক্যাফে সুরমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এক কর্মচারী জানালেন, তরকারিতে পেঁয়াজের পরিমাণ কমেছে। প্রতিদিন ১৫-২০ কেজি পেঁয়াজ প্রয়োজন হলেও এখন এর ব্যবহার কমেছে। তিনি জানালেন, তরকারি বা সবজির মান ঠিক রাখা হয়েছে, দাম বাড়ানো হয়নি। তবে পরিমাণ কমানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চানখাঁরপুলে হরেক পদের সবজি-ভর্তা-ব্যঞ্জনের জন্য সুপরিচিত নিরব হোটেলের মালিক আমিনুর রহমান এজাজ কালের কণ্ঠকে বলেন, ‘দাম বাড়ায় পেঁয়াজের ব্যবহার কমেছে। এখানে প্রতিদিনই অনেকে খেতে আসে। প্রতিদিন ৩৫ কেজি পেঁয়াজ প্রয়োজন হয়, কিন্তু এখন সেটা কমিয়ে ২০ কেজি করা হয়েছে। পেঁয়াজের কারণে সবজি ও তরকারির আইটেমও কমানো হয়েছে। তরকারি ও পণ্যের মান ধরে রাখতে হচ্ছে, কিন্তু দাম বাড়াতে পারছি না।’

রাজধানীর ধানমণ্ডির স্টার কাবাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টর নূর উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের এখানে ভোক্তার সমাগম অনেক বেশি। পেঁয়াজের দাম বাড়লেও মান ঠিক রাখা হয়। তবে ব্যবহার আগের চেয়ে কিছু কমেছে।’

রাজধানীর নাজিমউদ্দিন রোডের মিতালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক শাহ আলম কালের কণ্ঠকে বলেন, ‘পেঁয়াজের দাম বাড়ায় হোটেলের খরচ বেড়ে গেছে। কোনো পণ্যের দাম বাড়ানো সম্ভব হয়নি। তরকারিতে আগে ১০ কেজি পেঁয়াজ ব্যবহার হতো, এখন সেটা কমিয়ে পাঁচ কেজি করা হয়েছে। কেবল পেঁয়াজই নয়, ময়দা ও তেলের দামও বাড়তি। এসব কারণে এখন হোটেল ব্যবসায়ীদের হিমশিম খেতে হচ্ছে।’

পলাতক চার আসামির বিরুদ্ধে এবার হুলিয়া ও ক্রোকি পরোয়ানা

0

আবরার হত্যা মামলার পলাতক চার আসামির বিরুদ্ধে এবার ক্রোকি পরোয়ানা ও হুলিয়া জারি করেছেন আদালত। আজ সকালে মামলার বিচারক অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম এই হুলিয়া ও পরোয়ানা জারি করেন। এর আগে গত ১৮ নভেম্বর পলাতক ওই চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত। সংশ্লিষ্ট থানা পরোয়ানা তামিলসংক্রান্ত বিষয়ে প্রতিবেদন (আসামিদের নির্দিষ্ট ঠিকানায় না-পাওয়া) জমা এবং ওই আসামিদের গ্রেপ্তারে অপারগ হয়ে আদালতের শরণ নিলে আদালত আজ তাদের বিরুদ্ধে ক্রোকি পরোয়ানা ও হুলিয়া জারি করেন।

যাদের বিরুদ্ধে এই পরোয়ানা ও হুলিয়া জারি করা হয় তাঁরা হলেন মোর্শেদুজ্জামান জিসান, এহতাশিমুল রাব্বি তানিন, মোর্শেদ ইসলাম ও মোস্তবা রাফিদ। প্রথম তিনজনই এজাহারনামীয় আসামি। রাফিদের নাম এজাহারে ছিল না। তাঁকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ১৩ নভেম্বর আবরার হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়। মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত শেষে এই চার্জশিট দেয়। এই মামলার ২১ আসামিকে ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে কারাগারে আছেন। চার্জশিটভুক্ত সব আসামি বুয়েটের ছাত্র ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর রাতে ডেকে নিয়ে যান বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ির করিডর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আগামী ৫ জানুয়ারি ২০২০ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।