Home Blog Page 3315

ই-পাসপোর্ট করতে কত টাকা লাগবে?

0

তিন ধরনের ফির বিধান রেখে ই-পাসপোর্টের (ইলেকট্রনিক পাসপোর্ট) ফি নির্ধারণ করেছে সরকার। ই-পাসপোর্টের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন করতে হবে না। এমনকি ছবি সংযোজন ও তা সত্যায়ন করারও দরকার হবে না। তবে পাসপোর্ট পেতে থাকতে হবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি। চলতি ডিসেম্বরেই শুরু হতে যাচ্ছে ই-পাসপোর্টের কার্যক্রম।

ই-পাসপোর্টের পৃষ্ঠাসংখ্যা, মেয়াদকাল, বিতরণের ধরন অনুসারে ভ্যাট ছাড়া সর্বনিম্ন ফি তিন হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ফি ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে পাসপোর্টের জরুরি ফি ভ্যাটসহ তিন হাজার ৪৫০ টাকা এবং অতি জরুরি ফি ভ্যাটসহ ছয় হাজার ৯০০ টাকা।

ই-পাসপোর্টের মেয়াদ হবে পাঁচ ও ১০ বছর। পাসপোর্টের পৃষ্ঠাসংখ্যাও হবে দুই ধরনের, ৪৮ ও ৬৪ পৃষ্ঠা। নতুন আবেদনকারীদের ক্ষেত্রে পাসপোর্ট বিতরণের পদ্ধতি তিন ধরনের—সাধারণ, জরুরি ও অতি জরুরি। দেশের অভ্যন্তরে সাধারণ আবেদনের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স দিলে এবং অন্যান্য তথ্য সঠিক থাকলে পাসপোর্ট পাওয়া যাবে ২১ কর্মদিবসের মধ্যে। জরুরিভাবে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স দিলে এবং অন্যান্য তথ্য ঠিক থাকলে সাত কর্মদিবসের মধ্যে পাসপোর্ট দেওয়া হবে। অতি জরুরি পাসপোর্ট ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে দেওয়া হবে। এ ক্ষেত্রে পাসপোর্টের আবেদনকারীকে নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ করে আবশ্যিকভাবে আবেদনের সঙ্গে জমা দিতে হবে। তবে পুরনো অথবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে অতীব জরুরি পাসপোর্ট দুই দিনে, জরুরি পাসপোর্ট তিন দিনে এবং সাধারণ পাসপোর্ট সাত দিনের মধ্যে দেওয়া হবে।

বাংলাদেশে আবেদনকারীদের জন্য ৪৮ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি সাধারণ ফি তিন হাজার ৫০০ টাকা, জরুরি ফি পাঁচ হাজার ৫০০ টাকা ও অতীব জরুরি ফি সাত হাজার ৫০০ টাকা এবং ১০ বছর মেয়াদি সাধারণ ফি পাঁচ হাজার টাকা, জরুরি ফি সাত হাজার টাকা ও অতীব জরুরি ফি ৯ হাজার টাকা। এ ছাড়া ৬৪ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি সাধারণ ফি পাঁচ হাজার ৫০০ টাকা, জরুরি ফি সাত হাজার ৫০০ টাকা ও অতীব জরুরি ফি ১০ হাজার ৫০০ টাকা এবং ১০ বছর মেয়াদি সাধারণ ফি সাত হাজার টাকা, জরুরি ফি ৯ হাজার টাকা ও অতীব জরুরি ফি ১২ হাজার টাকা।

ভারতে রুপা ‘বন্ধক’ রেখে পেঁয়াজ মিলছে!

0

ভারতের বিভিন্ন স্থানে ১২০ রুপিতে গিয়ে ঠেকেছে পেঁয়াজের দাম। এমন পরিস্থিতিতে বিরোধীদের অভিযোগ, পেঁয়াজের দাম মোকাবিলায় কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন্দ্রীয় সরকার।

আর এই অভিযোগকে কেন্দ্র করে অভিনবপন্থা বেছে নিল উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি। আধার কার্ড বা রুপা ‘বন্ধক’ রেখে পেঁয়াজ দেওয়ার অভিনব প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে তারা।

সমাজবাদী পার্টির কর্মীরা জানিয়েছেন, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিবাদে শামিল হয়েছে কংগ্রেসও। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজ্য বিধানসভার সামানে ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছেন কংগ্রেস কর্মীরা।

জানা গেছে, পেঁয়াজের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে পশ্চিমবঙ্গে মমতা সরকারের সৌজন্যে সুফল বাংলার স্টলে অনেক কম দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। বিহারেও ৩৫ রুপি কেজি দরে পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করেছে বিহার সরকার। কিন্তু কেন্দ্র তেমন কোনো উদ্যোগ নেয়নি বলে দাবি বিরোধীদের।

তবে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করে দাম কমাতে চেষ্টা করছে মোদি সরকার। উদ্যোগ নেওয়া হয়েছে তুরস্ক ও মিসর থেকে পেঁয়াজ আমদানির।

সূত্র: কলকাতা টুয়েন্টিফোর

সিভিএফ’র পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন শেখ হাসিনা

0

আগামী বছর ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতির দায়িত্ব গ্রহণে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল সোমবার (২ ডিসেম্বর) মাদ্রিদে সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কপ-২৫ নামে পরিচিত ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের উদ্বোধনী দিনে মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিলডা হেইনির এসংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন।’ প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবাই যদি চায়, আমি সভাপতির দায়িত্ব গ্রহণে প্রস্তুত রয়েছি।’

স্পেনের রাজধানী মাদ্রিদে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৫, যা চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। এই সম্মেলনে ২০০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সম্মেলনস্থলে পৌঁছলে তাঁকে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ অভ্যর্থনা জানান। সেখানে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এখন থেকেই কাজ শুরু করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যর্থ হলে নতুন প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।’

গতকাল সোমবার ফেরিয়া দা মাদ্রিদে ‘অ্যাকশন ফর সারভাইভাল : ভালনারেবল নেশনস কপ-২৫ লিডার্স সামিট’ শীর্ষক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা এ আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা যদি আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে ব্যর্থ হই, তাহলে তারা ক্ষমা করবে না। প্রতি মুহূর্তে আমাদের নিষ্ক্রিয়তা পৃথিবীর প্রতিটি জীবিত মানুষকে ধ্বংস করে দিচ্ছে। এখনই সময় কাজ করার।’

শেখ হাসিনা বলেন, ‘জলবায়ু পরিবর্তন বিশ্বের জন্য একটি কঠিন বাস্তবতা। এটি এখন মানুষের জীবন ও পরিবেশ, বাস্তুশাস্ত্র এবং প্রাকৃতিক সম্পদের অপূরণীয় ক্ষতি করেছে। ১৯৯২ সালে আর্থ সামিটের পর থেকে আমরা গ্রিনহাউস গ্যাস হ্রাসে খুব বেশি অগ্রগতি অর্জন করতে পারিনি, এর নির্গমন এখনো বেড়ে চলেছে।’

ঢাকা মেডিক্যাল কলেজের কর্মচারী আরিফ আটক

0

জাল সনদ ও চিকিৎসকের নামে ভুয়া সিল বানিয়ে জালিয়াতির অভিযোগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং কলেজে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে র‍্যাব। আটক ব্যক্তির নাম মোহাম্মদ আরিফ। গতকাল সোমবার দুপুরে তাঁর কাছ থেকে এসব জাল সনদ ও সিল জব্দ করা হয়।

অভিযানের বিষয়ে র‍্যাব-১০-এর মেজর জাহাঙ্গীর আলম কালের কণ্ঠকে বলেন, আটক আরিফ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী। তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। টাকার বিনিময়ে ঢাকা মেডিক্যাল নার্সিং কলেজের জাল সার্টিফিকেট ও সিল-প্যাড বিক্রি করতেন তিনি।

র‍্যাব কর্মকর্তা মেজর জাহাঙ্গীর বলেন, ঢাকা মেডিক্যাল কলেজের ঊর্ধ্বতনদের কাছেও আরিফের বিরুদ্ধে জালিয়াতির তথ্য ছিল। তাঁর কর্মকাণ্ডে নজরদারি করা হচ্ছিল। তথ্যের সত্যতা মিললে গতকাল সোমবার ঢাকা মেডিক্যাল কলেজের মহিলা হোস্টেলের গ্যারেজে অভিযান চালিয়ে জাল সনদ ও চিকিত্সকদের সিল-প্যাডসহ তাঁকে আটক করা হয়। শুধু আরিফ নন, এই জালিয়াতচক্রে আরো অনেকে জড়িত। তাদেরও আটকের চেষ্টা চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ার্ডবয় আরিফসহ একটি চক্র প্রতারণামূলক এই কাজে দীর্ঘদিন ধরে তত্পর। তারা জাল ও ভুয়া মেডিক্যাল সনদ, ছুটি, মেডিক্যাল লিভ কিংবা পুলিশি মামলায় ‘ইনজুরি’ প্রতিবেদনের জন্য ভুয়া সনদ সরবরাহ করে আসছিল। এ ধরনের জালিয়াতির মাধ্যমে চক্রের সদস্যরা হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা।

ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষের কেউ এই চক্রের সঙ্গে জড়িত আছে কি না জানতে চাইলে মেজর জাহাঙ্গীর বলেন, আরো তদন্তের পর এ বিষয়ে জানা যাবে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আরিফ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করেছে।

সৌদিতে নারী কর্মীদের দায়দায়িত্ব রিক্রুটিং এজেন্সির

0

এখন থেকে সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের দেখভালের দায়িত্ব দুই দেশের নিয়োগকারী সংস্থার ওপর বর্তাবে। তবে তাদের সুরক্ষায় নজরদারি জোরদারে সরকারিভাবে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হবে। মধ্যপ্রাচ্যের দেশটিতে নির্যাতিত হয়ে একের পর এক নারী কর্মীর দেশে ফেরার মধ্যে সম্প্রতি রিয়াদে যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে গতকাল সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

রাজধানীর ইস্কাটন রোডে প্রবাসী কল্যাণ ভবনে গতকাল এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা বলেন, প্রবাসে নারী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

তিনি জানান, নারী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে গত ২৭ নভেম্বর রিয়াদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সৌদি শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে তৃতীয় জয়েন্ট টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জাহিদ হোসেন। এ সময় যুগ্ম সচিব সারোয়ার আলমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বাসস’র।

সচিব বলেন, বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে এমন নারী-পুরুষ শ্রমিকরা সৌদি আরবে কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে। এখন থেকে তাদের নিরাপত্তার জন্য দুই দেশ যৌথভাবে সহায়তা করবে। শ্রমিকরা তাদের কর্মস্থল পরিবর্তন করলে সংশ্লিষ্ট দূতাবাসকে জানাতে হবে।

লিখিত বক্তব্যে জানানো হয়, নারী কর্মীদের সুরক্ষার জন্য তাদের বিস্তারিত ঠিকানা সৌদি আরব ও বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি এবং নিয়োগকর্তার পূর্ণ যোগাযোগের ঠিকানা এবং নারী কর্মীর নিয়োগকর্তা পরিবর্তন সংক্রান্ত তথ্যাদি নারী কর্মীর আগমনের তারিখ এবং নিয়োগকর্তার কাছে হস্তান্তরের তারিখ প্রত্যাবর্তনকারী গৃহকর্মীর এক্সিট সংক্রান্ত তথ্যাদি সন্নিবেশিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এরই মধ্যে নিয়োগকর্তা পরিবর্তন, নতুন চুক্তি, নবায়ন ও এক্সিট সংক্রান্ত তথ্যাদি ছাড়া অন্যান্য তথ্যাদি হালনাগাদ করা হয়েছে। অবশিষ্ট তথ্য হালনাগাদ করার কাজ চলছে। যেসব নারী শ্রমিক কাজ ত্যাগ করে পলাতক হয়েছে তাদের পুলিশ কোনোভাবেই নিয়োগকর্তার কাছে হস্তান্তর করবে না।

নারী কর্মী যত দিন কর্মরত থাকবে তত দিন তার দায়-দায়িত্ব বাংলাদেশ ও সৌদি রিক্রুটিং এজেন্সি বহন করবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, যেসব নারী কর্মী প্রত্যাবর্তনের অপেক্ষায় আছে তারা প্রত্যাবর্তন না করা পর্যন্ত তাদের আবাসন ও অন্যান্য দায়িত্ব রিক্রুটিং এজেন্সি বহন করবে।

নারী কর্মীরা কর্মকাল পূর্ণ করলে তাদের নিরাপদ প্রত্যাবর্তনের দায়িত্ব সংশ্লিষ্ট এজেন্সি বহন করবে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস ও সৌদি আরব শ্রম মন্ত্রণালয়কে অবহিত করবে। যদি নারী কর্মী মেয়াদ শেষে কাজ করতে চায় তাহলে অবশ্যই চুক্তি নবায়ন করতে হবে। এ নবায়ন বাংলাদেশ দূতাবাস কর্তৃক অনুমোদিত হবে।

চুক্তি নবায়নের পর সংশ্লিষ্ট এজেন্সি এসংক্রান্ত তথ্যাদি আপডেট করবে। কোনো বিপদগ্রস্ত নারী কর্মীর সুরক্ষার অভিযোগ উঠলে সৌদি আরব সরকার ব্যবস্থা নেবে। এ ছাড়া ভিসা বাণিজ্য বন্ধের বিষয়ে আলোচনা হয়। অভিযোগ প্রমাণ হলে শাস্তি দেওয়া হবে। সৌদি শ্রম আদালতে মামলা করার পদ্ধতি আরো সহজ করার বিষয়ে আলোচনা হয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিমানবন্দরে যাত্রীর পেটে মিলল তিন হাজার ইয়াবা

0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে আটক করে তার পেট থেকে দুই হাজার ৯০৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গতকাল সোমবার সন্ধ্যায় মো. শাহিন (৩৫) নামে ওই যুবকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এপিবিএন কর্মকর্তারা বলছেন, শাহিন কক্সবাজার থেকে চুক্তিতে শরীরে ইয়াবা বহন করে এনেছেন।

এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, শাহিন নভোএয়ার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রবিবার রাতে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় আসেন। রাত ১০টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার পাশের গাড়ি পার্কিং এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন তিনি।

এ সময় ওই এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালনকারী এপিবিএন সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। পরবর্তীতে তাকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তার পেটে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তার পাকস্থলী থেকে এই ইয়াবা বের করে আনতে প্রায় ১৫ ঘণ্টা সময় লেগে যায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে শাহিন জানান, কক্সবাজারের বালুখালীর জনৈক সেলিম তাকে এই ইয়াবা হস্তান্তর করে। টঙ্গির চেরাগ আলীতে বসবাসকারী কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকার বাসিন্দা জনৈক হাবিব তাকে এই ইয়াবা আনার জন্য নিয়োগ করে এবং বিনিময়ে তার কাছে পাওনা ৪০ হাজার টাকা মাফ করে দেবে বলে জানায়। গ্রেপ্তারকৃত শাহীন বরগুনা জেলার সদর থানার পাঠাকাচা হেলিবানিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

ওয়াসার দুই রকম প্রতিবেদনে হাইকোর্টের ক্ষোভ

0

ওয়াসার পক্ষ থেকে লিখিতভাবে হাইকোর্টকে জানানো হয়েছে, বুড়িগঙ্গা নদীতে যে ৬৭টি প্রধান আউটলেট পতিত হয়েছে তার মধ্যে ঢাকা ওয়াসার ১৬টি। তবে এর আগে গত ১৮ জুন ওয়াসার দেওয়া এক প্রতিবেদনে বলা হয়, বুড়িগঙ্গায় ওয়াসার কোনো সুয়ারেজ লাইন নেই। ওয়াসার এই দুই ধরণের প্রতিবেদনে ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। সুয়ারেজ লাইন নিয়ে বিআইডাব্লিউটিএ’র কাছে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের লেখা চিঠির ভাষাকে শুভঙ্করের ফাঁকি বলে উল্লেখ করেন। আদালত ওয়াসার আইনজীবীকে বলেন, একবার বললেন যে কোনো লাইন নেই। আবার বলছেন ১৬টি আছে। আপনাদের কোন রিপোর্ট সত্য। আদালতে কেন অসত্য রিপোর্ট দিলেন। আদালতে অসত্য তথ্য দেওয়া এটাতো ফৌজদারি অপরাধ। এটা শাস্তিযোগ্য।

বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ মন্তব্য করেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক আবেদনের ওপর শুনানিকালে আদালত উল্লেখিত মন্তব্য করেন। আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ওয়াসার পক্ষে লিখিত জবাব দাখিল করেন ব্যারিস্টার এ এম মাছুম। তবে তিনি আদালতে না থাকায় আদালত ক্ষোভ প্রকাশ করেন। তারপক্ষে প্রতিবেদন উপস্থাপন করেন তারই জুনিয়র অ্যাডভোকেট নাহিয়ান-ইবনে-সুবহান। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আমাতুল করিম।

এর আগে পরিবেশ অধিদপ্তরের পক্ষে দাখিল করা প্রতিবেদনে বলা হয়, কেরানীগঞ্জের চর রঘুনাথপুর, কামরাঙ্গিরচর, জিনজিরা, সদরঘাট, ওয়াইজঘাট, বাদামতলী, বাবুবাজার, মিটফোর্ড, শামপুর, কদমতলী, ফতুল্লা, ধালাইখাল, মিলব্যারাক, ফরিদাবাদ, গোসাইবাড়ি, মিলব্যারাক মাজার, লালবাগের সোয়ারীঘাট ও নলখোলা এলাকায় ৫০টি স্থান দিয়ে ওয়াসার সুয়ারেজ লাইনের মাধ্যমে দূষিত বর্জ্য বুড়িগঙ্গায় ফেলা হচ্ছে। কিন্তু ওয়াসার আইনজীবীর স্বাক্ষরিত এক প্রতিবেদনে বলা হয়, ওয়াসার সুয়ারেজ লাইন দিয়ে বুড়িগঙবগার কোথাও বর্জ্য ফেলা হয় না।

এই দুই প্রতিবেদন দেখার পর গত ১৭ নভেম্বর ওয়াসার এমডিকে শোকজ করেন হাইকোর্ট। শোকজ নোটিশ আদালতের আদেশ অমান্য করা এবং মিথ্যা তথ্য দেওয়ায় কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। ১৫ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়। এ অবস্থায় ওয়াসার এমডির একটি জবাব হাইকোর্টে দাখিল করা হয়। তাতে ২০১১ সালে হাইকোর্টের দেওয়া রায় যথাযথ বাস্তবায়ন না করায় নিঃশর্ত ক্ষমা চান। তার জবাবের সঙ্গে বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যানকে দেওয়া একটি চিঠি তুলে ধরা হয়।

এতে বলা হয়, আপনাদের প্রতিবেদনে দাবি করা ওয়াসার ৫৮টি সুয়ারেজ লাইন বুড়িগঙ্গা নদীতে পতিত হয়েছে সেই সুয়ারেজ লাইনের আউটলেট/উৎসমুখ ঢাকা ওয়াসা ও বিআইডাব্লিউটিএ’র প্রতিনিধিদের সরেজমিনে যৌথ পরিদর্শনে দেখিয়ে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।

এই প্রতিবেদন দেখে আদালত বলেন, এটাতো শুভংকরের ফাঁকি। দায়িত্ব এড়ানোর জন্য এ ধরণের প্রতিবেদন দেওয়া হয়।

শুনানিতে আদালতে অসত্য প্রতিবেদন দেওয়ায় ওয়াসার দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। তবে শুনানিকালে ওয়াসার মূল আইনজীবী না থাকায় আদালত আজ মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করেন।

এইচআরপিবির করা এক রিট মামলায় হাইকোর্ট ২০১১ সালে এক রায়ে বুড়িগঙ্গা নদীর তীর থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। এছাড়া নদীর পানি যাতে দুষিত না হয় সেজন্য সব ধরণের বর্জ্য ফেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়। এই রায়ের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু এখনও কিছু শিল্প প্রতিষ্ঠান থেকে তরল বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। যা নদীর পানিকে দূষিত করছে। যা এইচআরপিবি’র পক্ষ থেকে আদালতের নজরে আনা হয়। এরই ধারাবাহিকতায় আজ শুনানি হয়।

প্যারিস চুক্তি বাস্তবায়ন করুন : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশের আরো অবনতি রোধকল্পে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সময়োপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ এবং প্যারিস চুক্তির সকল ধারাসহ প্রাসঙ্গিক সকল বৈশ্বিক চুক্তি ও প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

তিনি আজ স্পেনে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ২৫)-এর সাধারণ গোলটেবিল আলোচনায় বলেন, জলবায়ু কর্মপরিকল্পনা প্রণয়নের ব্যর্থতার ফলাফল সকল দেশের ওপর সমানভাগে, বিশেষ করে যেসব দেশ জলবায়ু পরিবর্তনের জন্য বেশি দায়ী তাদের ওপর বর্তাবে এবং আমাদের নিষ্ক্রিয়তা প্রত্যেক জীবিত মানুষের জন্য হবে মারাত্মক।

তিনি আরো বলেন, পরিবেশের আরো অবনতি রোধকল্পে আমাদের প্যারিস চুক্তির সকল ধারাসহ প্রাসঙ্গিক সকল বৈশ্বিক চুক্তি ও প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে।

মারাত্মক পরিস্থিতি এবং মারাত্মক পরিস্থিতে রূপ নেয়া ঠেকাতে এই জন্য পদক্ষেপ সম্পর্কে জনগণকে সচেতন করে তোলা নেতৃবৃন্দ এবং রাজনৈতিকদের দায়িত্ব উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা সিদ্ধান্তহীনতা কারনে সিদ্ধান্ত নিতে পারি না।

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের কপ২৫ স্পেনের বৃহত্তম এক্সিভিশন কমপ্লেক্স ও ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু ফেরিয়া ডি মাদ্রিদে আজ সকালে শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে সকল আলোচনায় ‘লস এন্ড ডেমেজ’ নীতিকে প্রাধান্য দিতে হবে এবং পর্যালোচনার মাধ্যমে লস এন্ড ডেমেজ অর্থায়ন বিবেচনায় ‘ওয়ারস’ ইন্টারন্যাশনাল মেকানিজম’কে আরো জোরালো সমর্থন দিতে হবে।

তিনি বলেন, জলবায়ু অর্থায়নের বৈশ্বিক চিত্রপট খুবই সমন্বয়হীন, জটিলতাপূর্ণ ও অত্যন্ত অপ্রতুল।

শেখ হাসিনা বলেন, প্যারিস চুক্তিতে ‘অভিন্ন কিন্তু পৃথকীকৃত দায়িত্ব’-এর নীতির ভিত্তিতে বিশেষ পরিস্থিতি এবং স্বল্পোন্নত দেশসমূহ ও ‘বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশসমূহ’-এর প্রয়োজনকে স্বীকৃতি দেয়া হয়েছে। জলবায়ু অর্থায়নের প্রত্যেক সরবরাহ প্রক্রিয়ায় এই স্বীকৃতি মেনে চলতে হবে।

মাশরাফির হাতে শুরু টিসিবির পেঁয়াজ বিক্রি

0

পেঁয়াজের অগ্নিমূল্যের কারণে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। বিদেশ থেকে হাজার টন পেঁয়াজ আসলেও দাম কমার কোনো লক্ষণ নেই। টিসিবির মাধ্যমে বিক্রি করা পেঁয়াজের জন্য প্রতিদিন যুদ্ধে নামছে লোকজন। এমতাবস্থায় সরকারী দামে নড়াইলে টিসিবি পেয়াজ বিক্রি শুরু করেছে। সোমবার দুপুরে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে সরকারী মূল্যে পেয়াজ বিক্রি উদ্বোধন করেন নড়াইল-০২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

এসময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা,পুলিশ সুপার মো.জসিমউদ্দিন পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি এড.সুবাস চন্দ্র বোস,অতিঃ জেলা প্রশাসক(সার্বিক) ইয়ারুল ইসলাম প্রমুখ। টিসিবি ডিলার সূত্রে জানা গেছে, প্রতিদিন টিসিবির ভ্রাম্যমান ট্রাক থেকে জনপ্রতি এক কেজি করে একটন পেয়াজ বিক্রি হবে। এদিকে সরকারী ৪৫ টাকা মূল্যে পেয়াজ কিনতে পেরে খুশি সাধারণ ভোক্তারা। তবে সবাই চান, বাজার স্বাভাবিক হয়ে আসুক। যাতে যুদ্ধ করে পেঁয়াজ কিনতে না হয়।

উল্লেখ্য, সাংসদ হিসেবে রাজনৈতিক কাজের পাশাপাশি ক্রিকেটও চালিয়ে যাচ্ছেন মাশরাফি। বঙ্গবন্ধু বিপিএল সামনে রেখে মিরপুর শের-ই-বাংলায় গিয়ে নিয়মিত অনুশীলন করছেন। মেদ ঝরিয়েছেন ১০ কেজি। সবকিছুই চলছে নীরবে নিভৃতে। মিডিয়া এতদিন জানত না বিষয়টা। বিপিএলের আসন্ন বিশেষ এই আসরে মাশরাফিকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে ঢাকা প্লাটুন। সুতরাং, বিপিএলের সবচেয়ে সফল অধিনায়কের সামনে আরও একটি শিরোপা জয়ের সুযোগ।

আবার ভুটানের কাছে হারল বাংলাদেশ!

0

তিন বছর আগে থিম্পুতে এশিয়ান কাপ ফুটবলে ভুটানের কাছে ৩-১ গোলের লজ্জাজনকভাবে হেরেছিল বাংলাদেশ জাতীয় দল। সেই হার নিয়ে তুলকালাম হয়েছিল দেশের ফুটবলে। এবার পরাজয় দিয়ে ত্রয়োদশ এসএ গেমসের মিশন শুরু করেছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ ভুটানের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ।

প্রথমার্ধে উভয় পক্ষের আক্রমণ ও পাল্টা আক্রমনের মধ্যে দারুন ভাবে জমে উঠেছিল ম্যাচটি। কিন্তু দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। আর সেই সুযোগে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেন চেনচো জিয়েলেতসেন। ৬৫ মিনিটে তার দেয়া একমাত্র গোল জয়লাভ করে ভুটান। গোল খাওয়ার পর সেটি পরিশোধের জন্য আপ্রান চেস্টা করেছে জেমি ডের শিষ্যরা। সুযোগও সৃষ্টি হয়েছিল। তবে সফল সমাপ্তি টানতে পারেনি লাল সবুজের পতাকাধারীরা।

আগামী ৪ ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মোকাবেলা করবে বাংলাদেশ। পরের দিনই সিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে জামাল ভুইয়ারা।। ৮ ডিসেম্বর স্বাগতিক নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শীর্ষ দুটি দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ১০ ডিসেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

বাংলাদেশ স্কোয়াড: আনিসুর রহমান, পাপ্পু হোসেন, মাহফুজ হাসান প্রিতম, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন, রিয়াদুল হাসান, সুশান্ত ত্রিপুরা, জামাল ভুঁইয়া, বিপ্লব আহমেদ, মোহাম্মদ রবিউল হাসান, মোহাম্মদ আল আমিন, মাহবুবুর রহমান, স্বাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, রকিব হোসেন, আরিফুর রহমান ও মোহাম্মদ ইব্রাহিম।