Home Blog Page 3317

রাজধানীতে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

0

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। হাসান (৪) নামের ওই শিশুটি আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার ট্রেনের ধাক্কায় আহত হলে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এএসআই) আব্দুল খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হাসান কিশোরগেঞ্জের কটিয়াদি উপজেলার রিপন মিয়ার ছেলে। পরিবারের সাথে পশ্চিম নাখালপাড়ায় থাকতো তারা।

সোনারগাঁয়ে বালু সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত ১, আহত ৩

0

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালু সন্ত্রাসীদের মধ্যে টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষে জাকির হোসেন (৩২) নামের এক যুবক নিহতের খবর পাওয়া গেছে।

রবিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের টেকপাড়া আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যর বাজার এলাকায় অবৈধ বালু মহলের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে জাকির হোসেন (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। আহত হয়েছে টেকপাড়া আমিরাবাদ এলাকার নুর মিয়ার ছেলে আল-আমিন (৩৩), ইয়ানুসের ছেলে আবু হানিফ (৩১) ও আয়েব আলী মেম্বারের ছেলে সিরাজ (৩৭)।

নিহত জাকির হোসেন টেকপাড়া আমিরাবাদ এলাকার মৃত আরজ আলীর ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে টেকপাড়ার গ্রামবাসীরা জানান, অবৈধভাবে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসনের নিরবতায় সোনারগাঁয়ের চিহ্নিত একজন বালু সন্ত্রাসীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে আনন্দবাজার ও নুনেরটেক এলাকায় মেঘনা নদী থেকে বালু উত্তোলন করে আসছে। কিন্তু আনন্দ বাজার এলাকার মৃত শহীদুল্লাহর মেম্বারের ছেলে নবী হোসেন ও নজরুল মিয়া ছয় মাস যাবত তাদের দখলে নিয়ে নেয়। নবী হোসেন গ্রুপকে ঠেকাতে একই গ্রামের আমির হোসেনকে তাদের প্রতিপক্ষ হিসেবে দাড় করিয়ে দেন পর্দার আড়ালে থাকা সেই নেতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালুমহলের টাকা ভাগাভাগি নিয়ে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে নবী হোসেন ও আমির হোসেনের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও কোপাকুপি হয়। এ ঘটনায় আহতদের ঢাকা কলেজ মেডিক্যাল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইরানি কনস্যুলেটে ফের আগুন দিল ইরাকি বিক্ষোভকারীরা

0

ইরাকে বিক্ষোভকারীরা ইরানি কনস্যুলেটে আগুন ধরিয়ে দিয়েছে । রবিবার রাতে নাজাফ শহরে এ ঘটনা ঘটেছে। এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো এ ধরনের ঘটনা ঘটল। এর আগে গত বুধবার রাতে একই কনস্যুলেটে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা।

নাজাফ প্রদেশের নগর উন্নয়ন বিষয়ক অধিদপ্তরও এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

নাজাফ প্রদেশের নগর উন্নয়ন বিষয়ক অধিদপ্তর জানিয়েছে, ফায়ার ব্রিগেডের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এদিকে, ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জানায়, ইরাকি কনস্যুলেটে হামলাকারীরা নাজাফ শহরের অধিবাসী নয়।

প্রসঙ্গত, বেকার সংকট ও প্রশাসনে দুর্নীতির বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে ইরাকে। বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। বিক্ষোভের শুরু থেকে এখন পর্যন্ত নিরাপত্তারক্ষীদের গুলিতে অন্তত চার শতাধিক লোক নিহত হয়েছেন।

সূত্র : আনাদুলু এজেন্সি

স্ত্রীকে মারধর করা সেই অতিরিক্ত সচিবের জামিন

0

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করার অভিযোগে গ্রেপ্তার জন প্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জাকির হোসেন জামিন পেয়েছেন। গতকাল রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁকে জামিন দেন।

গতকাল বিকেলে অতিরিক্ত সচিবকে আদালতে পাঠান রমনা থানা পুলিশ। তাকে মহানগর হাকিম শাহিনুর ইসলামের আদালতে হাজির করা হয়। তার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী। এ সময় তাঁর স্ত্রী ডা. ফাতেমা জাহানও আদালতে হাজির হন। স্ত্রী আদালতকে জানান, তাদের মধ্যে আপস-মীমাংসা হয়ে গেছে। তারা সংসার করবেন। জামিনে তার আপত্তি নেই। আদালত শুনানি শেষে ১০০ টাকার মুসলেকায় ড. জাকিরকে জামিন দেন।

এর আগে শনিবার সন্ধ্যায় ড. জাকিরকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে স্ত্রীকে মারধর করছিলেন অতিরিক্ত সচিব। এ সময় তাঁর স্ত্রী ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। পরে রমনা থানা পুলিশের একটি দল রাজধানীর বেইলি রোডের বাসায় গিয়ে স্ত্রীকে উদ্ধার করেন ও অতিরিক্ত সচিবকে গ্রেপ্তার করেন।

ডা. ফাতেমা থানায় গিয়ে ৭০ লাখ টাকা যৌতুকের দাবি করে তাঁর স্বামী তাকে নির্যাতন করেন অভিযোগ করে নারী ও শিশু নির্যাতন আইনের ১১ (গ) ধারায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অতিরিক্ত সচিবকে আদালতে পাঠানো হয়।

মাদ্রিদ পৌঁছেছেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনে ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন’ (কপ২৫) এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ স্পেনের রাজধানী মাদ্রিদ পৌঁছেছেন।

কপ-২৫ নামে পরিচিত ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) স্পেনের সার্বিক সহায়তায় চিলির সভাপতিত্বে ২-১৩ ডিসেম্বর মাদ্রিদে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে মাদ্রিদের টরেজন বিমানবন্দরে অবতরণ করে।

বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে মাদ্রিদের হোটেল ভিলা ম্যাগনায় নিয়ে যাওয়া হয়। স্পেন সফরকালে প্রধানমন্ত্রী এ হোটেলে অবস্থান করবেন।

সোমবার সকালে প্রধানমন্ত্রী স্পেনের সর্ববৃহৎ প্রদর্শনী কেন্দ্র এবং ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু ফিরিয়া দা মাদ্রিদে ‘কপ-২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

পরে, তিনি কপ-২৫’র ওয়ার্কিং সেশনে যোগ দেবেন এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

তিনি ‘জাতীয় পরিকল্পনা, ২০২০ সালের মধ্যে উচ্চাভিলাস বৃদ্ধি’ শীর্ষক একটি গোলটেবিল আলোচনা এবং ফটোসেশনে অংশগ্রহণ করবেন।

শেখ হাসিনা আনুষ্ঠানিক মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ এবং অপরাহ্নে পুনরায় ওয়ার্কিং সেশনে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী পরে সরকার এবং নাগরিক সমাজের মিলিত কর্মকাণ্ড সম্প্রসারণ শীর্ষক একটি সংলাপেও অংশগ্রহণ করবেন।

স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সোমবার সন্ধ্যায় রাজ প্রাসাদে স্পেনের রাজা এবং রানী আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন তিনি।

তিন দিনের সফর শেষে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে দেশের পথে রওয়ানা হবেন।

ঢাকার স্থানীয় সময় বুধবার রাত ১২টা ৪০ মিনিটে বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

কপ-২৫ নামে পরিচিত ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) কিয়োটো প্রটোকলের (সিএমপি১৫) ১৫তম সভা এবং প্যারিস চুক্তির পক্ষগুলোর দ্বিতীয় সভাকে (সিএমএ২) অন্তর্ভুক্ত করবে।

সম্মেলনের সভাপতি মনোনীত হয়েছেন চিলির পরিবেশ মন্ত্রী মিজ ক্যারোলিনা স্মিদভ জালদিভার।

এই সম্মেলনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কর্মসূচির পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। এই পদক্ষেপ গত বছর পোল্যান্ডের ‘সিওপি ২৪’ এ প্যারিস চুক্তির বাস্তবায়নের নির্দেশনার ভিত্তিতে নেওয়া হবে। এসব নির্দেশনার প্রধানতম হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তির পরিপূর্ণ কার্যকারিতার ক্ষেত্রে কয়েকটি বিষয়ের নিষ্পত্তি করা।

সম্মেলনটি এ বছর নভেম্বরে ব্রাজিলে হওয়ার কথা ছিল। কিন্তু এর পরিকল্পনা শুরুর এক বছর আগেই নবনির্বাচিত প্রেসিডেন্ট জেইর বোলসোনারো অর্থনৈতিক মন্দার কারণ দেখিয়ে স্বাগতিক হওয়ার প্রস্তাব প্রত্যাহার করে নেন।

পরবর্তীতে স্বাগতিক চিলি এগিয়ে আসে। কিন্তু বৈঠকের আগে সামাজিক অস্থিরতার ফলে ২০১৯’র অক্টোবরের শেষের দিকে চিলিও স্বাগতিক হওয়া থেকে সরে আসে। পরে জাতিসংঘ, চিলি ও স্পেনের পারস্পরিক সমঝোতার মাধ্যমে স্পেনের স্বাগতিক হয়।

ফের শীতল যুদ্ধ শুরু হলে বিশ্ব ধ্বংস হয়ে যাবে

0

আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন রাখলে তা বিশ্বের সব দেশের জন্য বিপদ বয়ে আনবে। সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ এ সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, আবারও শীতল যুদ্ধ শুরু হলে বিশ্ব সভ্যতা ধ্বংস হয়ে যাবে

রবিবার মার্কিন নিউজ চ্যানেল সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

গর্বাচেভ বলেন, যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং এটি হচ্ছে ইতিহাসের আসল শিক্ষা। গর্বাচেভ ক্ষমতায় থাকার সময় আফগানিস্তানে সেনা পাঠিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। পরবর্তীতে আফগান মুজাহিদদের হামলায় ধরাশায়ী হয়ে দেশটি থেকে পালিয়ে যায় সোভিয়েত সেনারা।

মিখাইল গর্বাচেভ সে তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, যখন বৃহৎ শক্তিগুলো কোনো আঞ্চলিক সংকটে নাক গলায় তখন তা গোটা বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়।

সাবেক এই সোভিয়েত নেতা বলেন, বিশ্বের রাজনীতিবিদদের পাশাপাশি সাধারণ মানুষও এখন একথা উপলব্ধি করে যে, নতুন করে কোনো শীতল যুদ্ধ হতে দেয়া যাবে না; কারণ এর পরিণতিতে উষ্ণ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে যার ফলে গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ২০০১ সালে আফগানিস্তান দখল করার পর থেকে এ পর্যন্ত দেশটিতে অন্তত ২,৪০০ মার্কিন সেনা নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরো ২০ হাজারের বেশি মার্কিন সেনা। আমেরিকা ও তার মিত্ররা শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার অজুহাতে আফগানিস্তানে সেনা সমাবেশ ঘটালেও গত দেড় যুগে দেশটিতে নিরাপত্তাহীনতাই কেবল বেড়েছে। আফগানিস্তানের সরকার ও জনগণ বহুবার দেশটি থেকে সেনা প্রত্যাহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের ৪৮তম জাতীয় দিবস আজ

0

আজ সোমবার (২ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের ৪৮তম স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২ ডিসেম্বর ব্রিটিশদের সীমানা নির্ধারণের মধ্যদিয়ে রক্তপাত স্বাধীনতা লাভ করে।

দিবসটিকে ঘিরে স্থানীয় আরবীদের পাশাপাশি দেশীয় প্রবাসীদের মনে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। দেশটিতে জাতীয় দিবস উপলক্ষে প্রবাসী আর আমিরাতিদের মধ্যে ছিল আনন্দের অভিন্ন আমেজ।

সংযুক্ত আরব আমিরাতের অন্য কোনো অনুষ্ঠান বা দিন নিয়ে এত বেশি মাতামাতি হয় না যতটা হয় জাতীয় দিবস নিয়ে। ইতিমধ্যে জাতীয় দিবস উপলক্ষে আমিরাতিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ঘোষণা করা হয়েছে। বিশেষ ক্ষমতা বলে দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিভিন্ন শাসকগণ আমিরাতি ও প্রবাসীদের জন্য বিশেষ বিশেষ সুবিধা ঘোষণা করেছেন।

দিবসটিকে ঘিরে টানা পাঁচদিন ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন মার্কেট, সুপার মার্কেট ও মলগুলোতে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। আমিরাতের রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রী ও প্রদেশিক শাসকরা পৃথক পৃথক বাণী দিয়েছেন। ইতিমধ্যে আমিরাত জুড়ে সহস্রাধিক কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে।

বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাই টাওয়ারসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোর ঝলকানি চোখে পড়ার মতো। আমিরাতের উঁচু উঁচু বিল্ডিংগুলোর রংবেরঙের সাজ আর আলোর ঝলকানি দেশটির প্রতিটি শহরকে অপূর্ব করে তুলেছে। আমিরাতের প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন শহর উপশহরে সড়কগুলো জাতীয় পতাকার পাশাপাশি আলোকিত ৪৮সহ নানান রকমের আলোক ঝলকানি শোভা বাড়াচ্ছে। এসবে অভিভূত বিভিন্ন দেশ থেকে আগত ভিজিটর ও বিভিন্ন দেশের প্রবাসীরা।

জাতীয় দিবস উদযাপনের নানা অনুষ্ঠানমালায় স্থানীয় আরবীদের সঙ্গে পাল্লা রেখে হাজার হাজার দেশীয় প্রবাসীরাও স্বতন্ত্রভাবে নানা অনুষ্ঠানমালার আয়োজন করবে। অনেকে আবার স্থানীয়দের সঙ্গে দিনের নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করবেন।

বাংলাদেশি প্রবাসীরা নানা আয়োজনের মাধ্যমে আমিরাতের বিভিন্ন প্রদেশের বিভিন্ন জায়গায় দিবসটি পালনের বিভিন্ন কর্মসূচি সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগ সম্পন্ন করেছেন। সারাদিন নানা অনুষ্ঠানমালার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা দিনটি পালন করবেন। খেলাধুলা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন খুশি তেমন সাজ, বর্ণিল জামা কাপড় পরিধান, রঙ মারামারি, প্রীতিভোজ ইত্যাদি উল্লেখযোগ্য।

আমিরাতে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় ৮ লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী রয়েছেন। ১৯৭১ সালে বাংলাদেশ থেকে ১৪ দিনের ব্যবধানে এক কালের মৎস্য-খেঁজুরের দেশ নামে খ্যাত সংযুক্ত আরব আমিরাত স্বাধীন হলেও দেশটি অনেক এগিয়ে গেছে। মেধা-শ্রম ও সততা দিয়ে বিশ্ব দরবারে দেশটি মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। দেশটি স্থাপনা, অবকাঠামো ও নিরাপত্তার দিক দিয়ে অনেক এগিয়ে গেছে।

জাতীয় দিবস উদযাপনে দেশীয় প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। প্রবাসীদের আশা প্রবাস বান্ধব সরকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আরেকটু আন্তরিক হলে শিগিগরই আমিরাতে বন্ধ ভিসা ও ভিসা পরিবর্তনের সুযোগ উন্মুক্ত হবে।

বিশ্বযুদ্ধের মতো ‘বোমা’র আওয়াজে আতঙ্কিত লন্ডনবাসী!

0

বোমার আওয়াজে ঘুম থেকে জেগে উঠল লন্ডনবাসী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্ভবত এভাবে আর কখনো জেগে উঠতে হয়নি তাদের। আর সে কারণেই হঠাৎ হওয়া এই আওয়াজে ঘর থেকে বের হয়ে আসে উত্তর লন্ডনের বাসিন্দারা।

বিবিসি জানায়, আজ রোববার ভোর ৪টা ২০ মিনিটে হঠাৎ ‘সনিক বোমা’ ফাটার আওয়াজে কেপে ওঠে লন্ডন ও উত্তর হোমকাউন্টিস। এরপর সেদিকে সাইরেন বাজিয়ে ছুটে যায় পুলিশের গাড়ি। শেষ পর্যন্ত জানা যায়, ‘রয়েল এয়ারফোর্স টাইফুন’র আওয়াজ ছিল, কোন বোমা বিস্ফোরণের নয়।

‘রয়েল এয়ারফোর্স টাইফুন’ শব্দের গতিতে চলতে সক্ষম। কিন্তু কোন জরুরি অবস্থা ছাড়া এই গতিতে বিমানটিকে পরিচালনা করা নিষিদ্ধ। লন্ডন পুলিশ জানিয়েছে এই আওয়াজ রয়েল এয়ারক্রাফটের। কিন্তু বিমানটি কেনো এই গতিতে চালানো হয়েছে তা নিশ্চিত করেনি লন্ডন পুলিশ।

ব্রিটিশ রয়েল এয়ারক্রাফট ফোর্সের মুখপাত্র জানান, যুক্তরাজ্যের ‘কুইক রিঅ্যাকশন এলার্ট’ ব্যবস্থাপনার একটি অংশ ছিল এটি। বিষয়টি নিয়ে ভয় পাওয়া কিছু নেই। এই বিমানটি বর্তমানে আমাদের ঘাঁটিতে নিরাপদে অবতরণ করেছে।

এদিকে ঘটনার বর্ণনা করতে গিয়ে স্থানীয় এক নারী জানান, ‘ভোরে আমি বিকট আওয়াজ শুনতে পাই। অনুভব করি আমার ঘর কাঁপছে। এ সময় আমি বাসার প্রতিটি ঘরে ঢুকে দেখি কোথাও ফাটল ধরেছে কিনা।’

এরপর তিনি রাস্তায় বের হয়ে আসেন বোমা বিস্ফোরণ হয়েছে কিনা দেখার জন্য।

বিকট এই আওয়াজ প্রসঙ্গে ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিম ওয়াইল্ড জানান, যখন এ ধরণের বিমান শব্দের গতিতে ছোটা শুরু করে, তখন তার সামনে থাকা বাতাস পেছনে চলে যাওয়ার সুযোগ পায়না। আর সে কারণেই এমন বিকট আওয়াজের সৃষ্টি।

বিয়ের প্রস্তাব দিয়ে ডেকে এনে দুর্ধর্ষ অপরাধীকে ধরলো পুলিশ!

0

মোট ১৬টি মামলা চলছে তার বিরুদ্ধে। এর মধ্যে খুনের মামলাও রয়েছে একাধিক। গত এক বছর ধরে দুর্ধর্ষ সেই অপরাধীকে বাগে আনার চেষ্টা করছে পুলিশ। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। তাকে ধরার সব চেষ্টা বারবার ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে ভারতের মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড পুলিশের। এর মাঝেই পুলিশের কাছে খবর আসে, পলাতক সেই অপরাধী বিয়ে করার জন্য পাত্রী খুঁজছেন!

ব্যস, সুযোগ কাজে লাগালেন পুলিশ কর্মকর্তারা। একেবারে সিনেমার গল্পের মতো প্লট সাজালেন তারা। অপরাধীকে ধরতে সাজিয়ে গুছিয়ে জাল পেতে রাখল পুলিশ। আর সেই দাগি অপরাধী এসে ধরাও দিল পুলিশের জালে।

বালকিষাণ চৌবেকে গত এক বছর ধরে খুঁজছিল পুলিশ। তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল দশ হাজার টাকা। গত আগস্টে মধ্যপ্রদেশের নওগাঁওতে এক ব্যক্তিকে হত্যার পর পালিয়ে যান বালকিষাণ চৌবে। এছাড়াও রয়েছে চুরি, ডাকাতি ও মারধরের একাধিক অভিযোগ।

বারবার চেষ্টা করেও পুলিশ তাকে নাগালে পাচ্ছিল না। এরপরই বালকিষাণকে ধরতে ফাঁদ পাতা হয়।বুন্দেলখণ্ডের এক নারী পুলিশ সদস্য বালকিষাণের সঙ্গে যোগাযোগ করেন। আলাপ জমিয়ে বিয়ের প্রস্তাবও দেন। ফাঁদে পা দেন বালকিষাণ। এর পর বিয়ের দিন আসেন বর সেজে। আর তখনই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ বলছে, উত্তরপ্রদেশের বিজোরি গ্রামের বাসিন্দা বালকিষাণ চৌবে। বুন্দেলখণ্ডের এক নারী কর্মীর নামে একটি সিম কার্ড জোগার করে বালকিষাণের সঙ্গে কথা বলা শুরু করেছিলেন সেই নারী পুলিশকর্মী।

এক সপ্তাহের মধ্যেই সেই পুলিশকর্মী বালকিষাণকে বিয়ের প্রস্তাব দেন। বিজোরি গ্রামের একটি মন্দিরে বিয়ের জন্য উপস্থিত হন বালকিষাণ। আগে থেকেই সেখানে পুলিশকর্মীরা ফাঁদ পেতে রেখেছিলেন।

‘নিজেদের মধ্যে গণতন্ত্র চর্চায় আওয়ামী লীগ নাম্বার ওয়ান’

0

নিজেদের দলের মধ্যে গণতন্ত্র চর্চায় আওয়ামী লীগ দেশে ‘নাম্বর ওয়ান’ বলে মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের ১০টি সাংগঠনিক জেলা সম্মেলন সুন্দরভাবে সফল হয়েছে। উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কিন্তু জেলা, মহানগর ও সহযোগী সংগঠনের সম্মেলনে এমন কিছু হয়নি যে খারাপ খবরের শিরোনাম হতে পারে। এমনকি কমিটি ঘোষণার সময় স্বাভাবিক যে বিশৃঙ্খলা হয়ে থাকে সেটাও হয়নি। আমি দাবি করব এখনো অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চায় আওয়ামী লীগ এ দেশে নাম্বার ওয়ান। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এদেশে সুসংগঠিত, সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ।

রবিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নির্দেশনায় ও সবার সহযোগিতায় চারটি সহযোগী ও ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনের নয় নেতৃত্বের মধ্য দিয়ে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার ঘোষিত শুদ্ধি অভিযান, সেই শুদ্ধি অভিযানের সঙ্গে প্রাসঙ্গিকতা ও সঙ্গতি রেখে একদিকে যেমন আমাদের প্রত্যেকটি সম্মেলন যেমন সুশৃঙ্খল এবং স্বতঃস্ফূর্ত হয়েছে তেমনি নেতৃত্ব নির্বাচনেও শৃঙ্খলার পরকাষ্ঠা প্রদর্শিত হয়েছে। আমাদের দল শেখ হাসিনার নেতৃত্ব ‘সলিডলি’ ঐক্যবদ্ধ সেটা প্রমাণিত হয়েছে। এই কয়েকটি সম্মেলনে সফল সমাপনীর মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে। জাতীয় সম্মেলনকে সামনে রেখে আমরা দেশের জনগণের কাছে ‘ক্লিন ইমেজের’ বার্তা দিতে পেরেছি।

জাতীয় সম্মেলনের মাধ্যমে নতুন পুরাতনের সমন্বয়ে আমরা আমাদের দলকে ঢেলে সাজাব- এমন মন্তব্য করে তিনি বলেন, প্রযুক্তির সঙ্গে ঐতিহ্য, ‘আইডিয়ালিজমের’ সঙ্গে ‘রিয়ালিজম’ এবং আধুনিকতার সঙ্গে বিশ্বাসের মধ্যে ‘ব্যালেন্স’ করে আমরা আওয়ামী লীগকে আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যাব। আমরা এমনভাবে পার্টিকে সাজিয়ে নিচ্ছি যাতে মুজিববর্ষ উদযাপন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের আমরা সারা দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারি। সেখানে আন্তর্জাতিকভাবেও বিভিন্ন ‘ইভেন্টে’ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, সরকার প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। কাজেই আমরা সেভাবে আমাদের দলকে প্রস্তুত করতে চাই।

ওবায়দুল কাদের বলেন, আগামী দুইবছর আমাদের অলস হয়ে ঘরে থাকার কোনো সুযোগ নেই। পুরো দুটো বছরই আমাদের কর্মযজ্ঞ, পুরো দুটো বছরেই কোনো না কোনো কর্মসূচির মধ্যে আমাদের থাকতে হবে। এ জন্য আমাদের নেতাকর্মীদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানাই। যেন নেত্রীর ডাকে আমাদের সব সংগঠন শৃঙ্খলার সঙ্গে শক্তি প্রদর্শন করতে পারি। সম্মেলনে আমরা সাজসজ্জার দিকে না গিয়ে, আমাদের অভ্যন্তরীণ সাজসজ্জা, সৌন্দর্য্য এবং শৃঙ্খলা বৃদ্ধির জন্য আমাদের কর্মতৎপরতা অব্যাহত থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা একটা সুশৃঙ্খল জাতীয় কাউন্সিল করতে চাই। তাই যাকে যে দায়িত্ব দেয়া হয় সেটা পালন করা হয়। এতে যেন কোনো গাফিলতি এবং আমাদের দলের সুনাম ও ভাবর্মূতি যাতে ক্ষুণ্ণ না হয় সেই দিকে খেয়াল রাখবেন।

প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানের সফলতা প্রত্যাশা করে ওবায়দুল কাদের বলেন, গুটিকয়েক অপকর্মকারীর জন্য গোটা পার্টির বদনাম হতে পারে না। যারা অপরাধ অপকর্ম করে তারা গুটিকয়েক। তার দায় আমরা এতো ত্যাগী নেতাকর্মীরা কেন নেব? কাজেই নেত্রী যা করেছে সঠিক করেছে। নেত্রী যে পথ বেছে নিয়েছে সঠিক পথ বেছে নিয়েছে। আমরা নেত্রীর সঙ্গে আছি। আমরা তার পাশে আছি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মঞ্চ ও সাজসজ্জা উপ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ উপ-কমিটির সদস্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতারা।