Home Blog Page 3318

শীতল অভ্যর্থনার’ খবর নাকচ

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কলকাতা সফরে ‘শীতল অভ্যর্থনার’ খবর নাকচ করেছে সরকার। কলকাতা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যথাযথ অভ্যর্থনা দেওয়া হয়নি, অসম্মান করা হয়েছে—ভারতের গণমাধ্যমে এমন অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘এটা আমার মনে হয় না। অত্যন্ত সম্মানের সঙ্গে উনাকে গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার, স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উনাকে দাওয়াত দিয়েছেন। এর পরে আপনি কি চান?’

ভারতের মাটিতে গোলাপি বলে প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচ উদ্বোধন করতে গত ২২ নভেম্বর একদিনের সফরে পশ্চিমবঙ্গের কলকাতায় যান শেখ হাসিনা। সেই সফরের পরপরই পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকায় ‘মিত্র হাসিনার শীতল সংবর্ধনা, কাঠগড়ায় দিল্লি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, শেখ হাসিনাকে স্বাগত জানাতে ভারতের কেন্দ্রীয় সরকারে পক্ষ থেকে কোনো মন্ত্রী, এমনকি শীর্ষ আমলাকেও পাঠানো হয়নি। এটি বাঁধাধরা কূটনৈতিক প্রথা ও সৌজন্যের বিরোধী। প্রধানমন্ত্রীর কলকাতা সফরের পর সেখানে অভ্যর্থনা জানানো নিয়ে গণমাধ্যমে খবর ও এ দেশের বিরোধী রাজনৈতিক মহলের প্রতিক্রিয়ার বিষয়ে দুই দেশেরই কূটনৈতিক মহল অবগত।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতায় দিবারাত্রির প্রথম টেস্ট ম্যাচ উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান। সে সময়ই মোদি জানিয়েছিলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে তিনি সে সময় কলকাতায় থাকতে পারবেন না।

সফরের আগে গত ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সৌরভ বাঙালি ছেলে। সে একসময় ক্রিকেটে খুব নাম করেছিল। এই প্রথম একজন বাঙালি হিসেবে বিসিসিআইয়ের প্রধান হলো। এরপর সে আমাকে ফোন করেছিল। আমাকে দাওয়াত দিল। বলল, আমি যেন ওখানে যাই এবং খেলার শুরুতে অন্তত থাকি। আমি রাজি হয়ে গেলাম।’

সফরের প্রাক্কালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মুখপাত্র রবিশ কুমার শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোর কারণ ব্যাখ্যা করে বলেন, ‘আমরা মনে করেছি, ভারতের প্রথম দিবা রাত্রির টেস্ট ম্যাচ ভারতের ভালো বন্ধুকে দিয়েই উদ্বোধন করাটাই সবচেয়ে যথাযথ হবে। আর এ কারণেই তাঁকে (শেখ হাসিনাকে) আমন্ত্রণ জানানো হয়েছে।’

সফরসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলকাতা সফরটি ‘স্টেট ভিজিট’ বা ‘অফিসিয়াল ভিজিট’ ছিল না। তাঁর ২০১৭ সালের এপ্রিলের নয়াদিল্লি সফরটি ছিল ‘স্টেট ভিজিট’। ওই সফরে রাষ্ট্রপতি ভবনের সামনে প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়েছে। তাঁর সম্মানে ‘ব্যাঙ্কুয়েট’ আয়োজন করা হয়েছে। বিরল সম্মান হিসেবে ওই সফরে তিনি ভারতের রাষ্ট্রপিতির অতিথি হিসেবে রাষ্ট্রপতি ভবনে ছিলেন। প্রথা ভেঙে মোদি নিজেই বিমানবন্দরে হাজির হয়ে অভ্যর্থনা জানিয়ে চমক দিয়েছিলেন।

গত অক্টোবর মাসে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফরটি ‘স্টেট ভিজিট’ ছিল না। ওই সফরটি প্রথমে ঠিক হয়েছিল বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানকে ঘিরে। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈঠকে আমন্ত্রণ জানান। ওই বৈঠক শেষে শেখ হাসিনার সম্মানে তিনি মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করেছিলেন। সফরটি কী ধরনের তার ওপর নির্ভর করে সফরকালীন আনুষ্ঠানিকতা।

গত ২২ নভেম্বর কলকাতায় প্রধানমন্ত্রীর সরকারি সফরের আগে ২০ নভেম্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ প্রকাশিত কর্মসূচিতে উল্লেখ ছিল, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট নম্বর বিজি২১৩৫ স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেদিন পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন ও মিউনিসিপলবিষয়কমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বাংলাদেশে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ অভ্যর্থনা জানান। বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও সে সময় উপস্থিত ছিলেন।

শীর্ষ আমলা না থাকার খবর নাকচ করে সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের (আইএফএস) ১৯৮৬ ব্যাচের একজন সিনিয়র সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ইডেন গার্ডেন স্টেডিয়ামের ক্লাব হাউজে যান তখন তাঁকে অভ্যর্থনা জানান পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সেদিন সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মমতা বন্দোপাধ্যায়।

সংশ্লিষ্ট কূটনীতিকরা বলেছেন, প্রধানমন্ত্রীর কলকাতা সফরের প্রায় পুরোটা সময় সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কারণ প্রধানমন্ত্রী তাঁর শহরে গেছেন। সফর শেষে তিনিসহ ভারতীয় হাইকমিশনার ও বিসিসিআই প্রেসিডেন্ট শেখ হাসিনাকে বিদায় জানিয়েছেন।

গত অক্টোবর মাসে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফরের সময় পশ্চিমবঙ্গের বাংলা একটি দৈনিক নিরামিষ জাতীয় খাবার দিয়ে নরেন্দ্র মোদির আপ্যায়নের তথ্য তুলে ধরেছিল। সেখানে প্রশ্ন ছিল, নরেন্দ্র মোদি কট্টর নিরামিষ-ভোজী বলেই কি এই আয়োজন?

নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক জানান, ব্রিকস-আসিয়ান আউটরিচ সামিট উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের অক্টোবর মাসে গোয়া সফরের সময় ‘ধোকলার’ খোঁজ করেছিলেন। এ বছরের অক্টোবর মাসে নয়াদিল্লি সফর শেষে ফেরার সময় তিনি বলেছেন, সকালের নাস্তায় তিনি দক্ষিণ ভারতীয় খাবার ‘দোসা’ খেয়েছেন। তিনি ‘দোসার’ প্রশংসা করেছেন।

সিপিবির সমাবেশে বোমা হামলা মামলার রায় ২০ জানুয়ারি

0

রাজধানী পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলা মামলার রায় ঘোষণা করা হবে আগামী বছর ২০ জানুয়ারি। আজ রবিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম যুক্তিতর্ক শুনানি শেষে এই তারিখ ধার্য করেন।

এই রায় ঘোষণা করা হবে ঘটনার ১৯ বছর পর। ২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির সমাবেশ চলাকালে বোমা হামলায় পাঁচজন নিহত ও আহত হন অনেকেই। এ ঘটনায় সিপিবির তৎকালীন সভাপতি মঞ্জুরুল আহসান খান এই মামলা দায়ের করেন। এর দুই বছর পর ২০০৩ সালের ডিসেম্বরে মামলায় আসামিদের বিরুদ্ধে নির্ভযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। এরপর দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার সঙ্গে যোগসূত্র পেয়ে ২০০৫ সালে আবার মামলার অধিকতর তদন্ত শুরু হয়। ১৩ বছর পর ২০১৩ সালের ২৬ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মৃণাল কান্তি সাহা ১৩ জন আসামি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় আদালতে অভিযোগপত্র দেন। ২০১৪ সালের ৪ সেপ্টেম্বও আসামিদেও বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

ওই ঘটনায় নিহত হন খুলনার বটিয়াঘাটার হিমাংশু মন্ডল, খুলনার রূপসা উপজেলার আব্দুল মজিদ, ঢাকার ডেমরার আবুল হাসেম, মাদারীপুরের মুক্তার হোসেন ও খুলনা বিএল কলেজের ছাত্রইউনিয়ন নেতা বিপ্রদাস।

মামলার চার্জশিটভুক্ত আসামিরা হলেন মুফতি আব্দুল হান্নান, মুফতি মঈন উদ্দিন শেখ, আরিফ হাসান সুমন, মাওলানা সাব্বির আহমেদ, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মো. মশিউর রহমান, জাহাঙ্গীর আলম বদর, মহিবুল মুত্তাকিন, আমিনুল মুরসালিন, মুফতি আব্দুল হাই, মুফতি শফিকুর রহমান, রফিকুল ইসলাম মিরাজ ও নুর ইসলাম।

আসামিদের মধ্যে জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানের ফাঁসি কার্যকর হয়েছে। আর শেষের সাত জন পলাতক। আসামিরা সবাই হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি) নেতাকর্মী।

দেশে সন্ত্রাস দুর্নীতি বিএনপির সৃষ্টি : তথ্যমন্ত্রী

0

তথ্যমস্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে সন্ত্রাস-দুর্নীতি বিএনপির সৃষ্টি। বিএনপি ক্ষমতায় থাকার সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোশকতায় সন্ত্রাস-দুর্নীতি করেছে।

তিনি আজ রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম সভায় সভাপতিত্ব করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার দুই পুত্রের দুনীতির তথ্য প্রমাণিত হয়েছে। দুর্নীতি দায়ে খালেদা জিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি।

তিনি বলেন, বিএনপির শাসনামলে তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টারসহ সারাদেশে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা করা হয়। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে আইভী রহমানসহ ২৪ জন নেতা-কর্মী হত্যা করা হয়।

তাদের শাসনামলে বাংলাদেশ দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ান হয় জানিয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগ সম্পর্কে যেসব মন্তব্য করছেন সেটি তাদের বেলায় মানায়।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপিসহ দেশবিরোধী একটি মহল গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে। মানুষের মধ্যে ভীতি ছড়াচ্ছে। বিএনপির এসব চক্রান্তের পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের সাফল্য বিশ্ব দরবারে প্রশংসিত হচ্ছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হাছান মাহমুদ বলেন, জামালপুরে সিপিবির সমাবেশে হামলার ঘটনা ন্যাক্কারজনক। তিনি এ ঘটনায় নিন্দা জানান। এছাড়াও সড়ক পরিবহন আইন দুর্ঘটনা রোধে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।

আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে প্রচার উপ কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, সম্মেলন উপলক্ষে ক্রোড়পত্র বের করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একটি অ্যালবাম তৈরি করা হবে। এছাড়াও একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সম্মেলনে উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেটদের দলের গঠনতন্ত্র ও ঘোষনাপত্রসহ একটি ব্যাগ দেয়া হবে বলেও জানান তিনি।

প্রচার ও প্রকাশনা উপ কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেস্টা এইচ টি ইমাম বলেন, সম্প্রতি টকশোতে বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন ২১ আগস্ট গ্রেনেড হামলাকে দুর্ঘটনা বলেছেন। পরিকল্পিত এ ধরনের একটি ঘটনাকে কি করে তারা দুর্ঘটনা বলেন।

সভায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-কমিটির সদস্য আখতার হেসেন, শেখ তনময় প্রমুখ উপস্থিত ছিলেন।

সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছা দূত হলেন বিপাশা হায়াত

0

আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছা দূত হলেন অভিনেত্রী বিপাশা হায়াত।

আজ রবিবার সেভ দ্য চিলড্রেন এর এদেশীয় কার্যালয়ে বাংলাদেশে সংস্থার ৫০ বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির বাংলাদেশ অংশের কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ের্স।

চুক্তি স্বাক্ষরের আগে বিপাশা হায়াত রাজধানীর মুগদায় সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন সেক্টরের ‘স্টপ টলারেটিং ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন’ প্রকল্পটি ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে সময় কাটান।

সেভ দ্য চিলড্রেন শিশু ও কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, তাদের প্রতি সহিংসতা-সর্বোপরি জীবনযাপনের অধিকার প্রচার ও রক্ষার কাজ করছে। সংস্থাটি বাংলাদেশে গত প্রায় ৫০ বছর যাবত ও বিশ্বব্যাপী একশ’ বছর যাবত কাজ করছে ।

দিয়া-রাজীবের মৃত্যু : তিনজনের যাবজ্জীবন

0

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬) নিহতের ঘটনায় করা মামলায় জাবালে নূর পরিবহনের চালকসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তদেরর মধ্যে দুইজন চালক ও একজন চালকের সহকারী। মামলার অপর আসামি বাস মালিক জাহাঙ্গীর আলম ও চালকের সহকারী এনায়েতকে খালাস প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, চালক মাসুম বিল্লাহ ও জুবায়ের এবং চালকের সহকারী কাজী আসাদ।

আজ রবিবার ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ ১ ডিসেম্বর দিন ধার্য করেন। এ মামলায় ৪১ সাক্ষীর মধ্যে ৩৭ জন সাক্ষ্য দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে বাসচাপায় নিহত হন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬)।

ঘটনার দিনই নিহত মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

ঢাকা উত্তর-দক্ষিণে ৬৪টি পার্কিং স্পট হবে : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নাগরিকদের সুবিধার্থে মোট ৬৪টি পার্কিং স্পট অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে পরিবেশ দূষণ রোধে সড়কের পাশে অবৈধ দখল উচ্ছেদ করে ঢাকায় ‘সিটি ফরেস্ট’ নির্মাণ করা হবে।

আজ রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ’র বোর্ড সভা শেষ তিনি এসব কথা জানান।

কাদের বলেন, ডিটিসির কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে কারিগরি দক্ষতাসম্পন্ন একটি বিশেষজ্ঞ বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। ইনার রিংরোড করার সিদ্ধান্ত হয়েছে। ইনার রিংরোড বাস্তবায়নের ক্ষেত্রে জলাধার সংরক্ষণ করতে হবে। নারায়ণগঞ্জের আদমজী পর্যন্ত যে লেগ রয়েছে সেটা ভরাট করা যাবে না। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীরও একটা নির্দেশনা রয়েছে।

সেতুমন্ত্রী বলেন, ঢাকা মহানগর থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল বিকল্প ব্যবস্থা করে ক্রমন্বয়ে সরিয়ে নেওয়া হবে। এ লক্ষ্যে স্থান নির্ধারণসহ অন্যান্য কাজ দ্রুত সময়ে শেষ করার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, মহানগরে যে সমস্ত এলাকায় ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, নন-মোটরাইজড যানবাহন যানজট সৃষ্টি করছে সেগুলোকে ক্লিয়ার করার জন্য আমাদের মেট্রোপলিটন পুলিশ ও বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এ সময় ঢাকা মহানগর উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণের মেয়র সাঈদ খোকন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম ও নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি উপস্থিত ছিলেন।

চালের মূল্য সহনীয় রাখতে কন্ট্রোলরুম ও বাজার মনিটরিং কমিটি গঠন

0

চালের মূল্য নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং টিম এবং কন্ট্রোল রুম খুলেছে সরকার। পেয়াঁজের পর চালের দামে যাতে কারসাজির মাধ্যমে কেউ মূল্যবৃদ্ধি করতে না পারে তার জন্য আগেই পদক্ষেপ নিল খাদ্য মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পৃথক দুইটি অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

উদ্যোগের বিষয়ে জানতে চাইলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আজ রবিবার কালের কণ্ঠকে বলেন, চালের দামের বিষয়ে আমাদেরকে দুই পক্ষের স্বার্থই দেখতে হয়। একদিকে কৃষক যেন ন্যায্যমূল্য পান, অন্যদিকে ভোক্তারাও যাতে সহনীয় দামে চাল কিনে খেতে পারেন।

মন্ত্রী বলেন, চালের বাজার অস্থিতিশীল করতে কেউ যদি কারসাজির চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব নুরুল ইসলাম শেখ স্বাক্ষরিত অফিস আদেশ কন্ট্রোল রুম খোলার বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘খাদ্যশস্যের বাজার মূল্যের উর্ধ্বগতির প্রবণতা রোধ, নিন্ম আয়ের জনগোষ্ঠীকে সহায়তা এবং বাজারদর স্থিতিশীল রাখারা স্বার্থে খাদ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে’। বাজার পরিস্থিতি নিয়ে যে কেউ উল্লিখিত কন্ট্রোলরুমে অভিযোগ জানাতে পারবেন।

অভিযোগ কেন্দ্রের ফোন নম্বর ০২-৯৫৪০০২৭ এবং ০১৬৪২৯৬৭৭২৭।

অন্যদিকে, চালের বাজারদরে ঊর্ধ্বগতি প্রবণতা রোধে ঢাকা মহানগরের বড় বড় পাইকারি বাজার সরেজমিনে তদারকির জন্য তিনটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোকে বাজারদর সংগ্রহ করে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে, ঢাকা মহানগরের বড় বড় পাইকারি বাজার সরেজমিনে পরিবীক্ষণ করে প্রতিবেদন দাখিল।
বাজার পরিদর্শনের দিনের বাজারদর, আগের দুই দিনের বাজারদর সংগ্রহ করে প্রতিবেদন প্রস্তুত এবং বাজারে চাল ও আটার বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের তথ্য সংগ্রহ।

খাদ্য মন্¿ণালয়ের সিনিয়র তথ্য অফিসার সুমন মেহেদী জানিয়েছেন, বাজারদর মনিটরিংয়ের দায়িত্বে থাকা কমিটিগুলো আগামি প্রতিদিন তিনটি করে বাজার মনিটরিং করবে। কমিটি-১ এর নেতৃত্বে রয়েছেন সিনিয়র সহকারি সচিব মুহাম্মদ মাহবুবুর রহমান। কমিটি-২ এর নেতৃত্বে আছেন খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন। খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব নূরুল আলমের নেতৃত্বে কমিটি-৩ গঠন করা হয়েছে। প্রত্যেক কমিটিতে তিন জন করে সদস্য রয়েছেন। এই তিনটি কমিটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর বাজার মনিটরিং চালিয়ে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে ক্ষমা চাইলেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট

0

হাইকোর্টে ক্ষমা প্রার্থনা করেছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সারোয়ার আলম।

ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে সাজা দেয়ার চার মাস পার হলেও আদেশের কপি না দেওয়ার ঘটনায় আজ রবিবার (১ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন তিনি। পরে এ সংক্রান্ত জারি করা রুল নিষ্পত্তি করে র‌্যাবের মোবাইল কোর্ট পরিচলানার জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম দিতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেন।

আদালত থেকে বের হয়ে কালের কণ্ঠকে সারোয়ার আলম বলেন, আদালত বিষয়টি সম্পর্কে আমার নিজের মুখে শুনতে চান। এ সময় আমি আমার বক্তব্য আদালতে উপস্থাপন করি। আদালত আমার বক্তব্যে সন্তুষ্ট হয়েছেন।

আদালতে মো.সারোয়ার আলমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ হাসান চৌধুরী পরাগ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

গত ১৮ নভেম্বর সারোয়ার আলমকে তলব করেন হাইকোর্ট। মোবাইল কোর্টে এক ব্যক্তিকে সাজা দেওয়ার পর চার মাস পার হলেও আদেশের কপি না দেয়ার ব্যাখ্যা দিতে তাকে তলব করা হয়। সাজা দেওয়ার চার মাস পরও আদেশের কপি দেওয়ার ক্ষেত্রে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে মো. মিজান মিয়া ১৭ নভেম্বর রিটটি করেন।

চলতি বছরের ১৮ জুলাই অভিযান চালিয়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত মিজান মিয়াকে এক বছরের কারাদণ্ড দেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তপু এন্টারপ্রাইজ নামে একটি পশুখাদ্য প্রস্তুতকরণ কারখানার ব্যবস্থাপক মিজান। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম সাখাওয়াত হোসেন খান।

লন্ডন ব্রিজে হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

0

লন্ডন ব্রিজে সাধারণ মানুষের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

আজ রবিবার এক বার্তায় প্রধানমন্ত্রী এ নিন্দা জানান।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে পাঠানো এক লিখিত বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন শেখ হাসিনা। বার্তায় আহতদের দ্রুত আরোগ্য লাভের আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

লিখিত বার্তায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে। জঙ্গি ও সন্ত্রাসীদের কোনো ধর্ম-বর্ণ নেই।

জঙ্গি-সন্ত্রাসীদের রুখতে ব্রিটিশ সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রী।

শুক্রবার ইংল্যান্ডের লন্ডন ব্রিজে ওই সন্ত্রাসী হামলা চালানো হয়। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত; ৯ জনের প্রাণহানি

0

যুক্তরাষ্ট্রে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। দেশটির সাউথ ডেকোটায় এ দুর্ঘটনায় নয়জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

এতে আহত হয়েছে আরও তিনজন। স্থানীয় সময় শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

জানা গেছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে পিলাটাস পিসি-১২ নামের বিমানটি চেম্বারলিন বিমানবন্দর থেকে যাত্রা করে। পরে বিমানটি ব্রুলি কাউন্টিতে বিধ্বস্ত হয়।

কর্তৃপক্ষ বলছে, বিমানটিতে ১২ জন আরোহী ছিলেন। সাউথ ডেকোটায় বিমান বিধ্বস্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে।

সূত্র : সিএনএন