Home Blog Page 3319

ধর্ষণ করে পুড়িয়ে মারার আগে মদ পানে বাধ্য করা হয়েছিল তরুণীকে

0

পেশায় ভেটেরিনারি সার্জন এক তরুণীকে (২৬) গণধর্ষণ করে হত্যার পরে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানায়। এই ঘটনায় ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এদিকে, ওই নারী ডাক্তারকে ধর্ষণ করে পুড়িয়ে খুন করার আগে ঠান্ডা পানীয়ের সঙ্গে মিশিয়ে মদ খাওয়ানো হয়েছিল। সর্বশেষ প্রাপ্ত তথ্যে এ কথা জানা গেছে। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, অভিযুক্তরা হুইস্কির বোতলে কিনেছিল। সেই হুইস্কি কোল্ড ড্রিঙ্কসের সাথে মিশ্রিত করে ওই নারী চিকিৎসককে পানীয় খেতে বাধ্য করা হয়। তারপর ওই তরুণীকে ধর্ষণ করে পুড়িয়ে দেয় অভিযুক্তরা।

বৃহস্পতিবার সকালে তেলেঙ্গানার ভেটেরিনারি সার্জনের মরদেহ পাওয়া যায় হায়দরাবাদ-বেঙ্গালুরু জাতীয় সড়কের উপর একটি কালভার্টের নিচে। এই ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাসা থেকে তাদের গ্রেফতারের পর আদালতে পেশ করা হয়। তাদের বিচার বিভাগীয় হেফাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ এই ঘটনায় জানতে পেরেছে, সামসাবাদ টোল প্লাজার কাছের একটি দোকান থেকে হুইস্কির বোতল, কিছু স্ন্যাকস এবং একটি কোল্ড ড্রিঙ্ক কিনেছিল। অভিযুক্তরা সবাই মদ্যপ ছিলেন। মেয়েটিকে গণধর্ষণের সময় মুখ এবং নাক চেপে রাখার কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। অভিযুক্তরা তখন পেট্রল কিনে তার দেহ পুড়িয়ে দেয়।

এই অপরাধের পরে প্রধান অভিযুক্ত মোহাম্মদ আরিফ ও অন্য অভিযুক্তরা মরদেহ রাস্তার পাশে ফেলে দিয়ে বাড়িতে ফিরে যায়। টোল প্লাজার কর্মীরা ওই নারীর দগ্ধ দেহ পড়ে থাকতে দেখে খবর দেন পুলিশকে। রাজেন্দ্রনগরের এক ট্রাক মালিককে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তদের গতিবিধি জানতে পারেন তদন্তকারীরা।

সূত্র : ওয়ান ইন্ডিয়া

বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী

0

বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করতে গিয়েছিলেন এক কিশোরী। সেখানে গণধর্ষণের শিকার হয়েছেন তিনি। সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের তামিলনাডুর কোয়েম্বাটুরে। পুলিশ এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, কিশোরীকে গণধর্ষণ করেছে ছয় ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। একাদশ শ্রেণির ওই ছাত্রী ওইদিন বন্ধুদের সঙ্গে একটি পার্কে গিয়েছিল। উদ্দেশ্য জন্মদিন উদযাপন। রাত ৯টার সময় বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাদের উপরে হামলা চালায়।

পুলিশ বলছে, অভিযুক্ত ব্যক্তিরা ওই কিশোরীর বন্ধুদের মারধর করে তাকে টেনে নিয়ে যায় একটি স্থানে। সেখানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে তারা। পাশাপাশি তারা ধর্ষণের একটি ভিডিও-ও তুলে রাখে।

মেয়েটি পরের দিন তার মা’কে ঘটনাটির কথা জানায়। এরপর তার পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে।

সূত্র : এনডিটিভি

লন্ডন ব্রিজে হামলা: আইএস’র দায় স্বীকার

0

শুক্রবার ইংল্যান্ডের লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। নিহতদের মধ্যে একজন হামলাকারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।এই ঘটনায় শনিবার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। হামলাকারী উসমান খানকে যোদ্ধা হিসেবে উল্লেখ করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।

জানা গেছে, হামলাকারী উসমান খান পাকিস্তান বংশোদ্ভূত। শুক্রবার দুপুরে লন্ডন ব্রিজে ছুরি নিয়ে হামলা চালান তিনি । এসময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে উসমান খানকে গুলি করে হত্যা করে।

ওই ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, ওই দিন দুপুরে লন্ডন ব্রিজের উত্তর দিকে এক দলের মধ্যে মারপিট হচ্ছিল। সেখান থেকেই পর পর দু’টো গুলির শব্দ শোনেন তিনি। এর পর এক জনকে মাটিতে লুটিয়ে পড়তে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কর্মী। গোটা এলাকা ঘিরে ফেলেন তারা।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘটনায় পুলিশি তৎপরতার প্রশংসা করেন । এছাড়া সেসময় এই ঘটনা দ্রুত সামাল দেয়ার জন্য পুলিশ ও সাধারণ মানুষকে সাহসী ও বীর বলে উল্লেখ করে লন্ডনের মেয়র সাদিক খান।

এদিকে, উসমান খানের বিষয়ে পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ২০১২ সালে কারাদণ্ড হয় তার। ২০১৮ সালে পুলিশের নজরদারিতে থাকার শর্তে তাকে মুক্তি দেয়া হয়।

‘ধর্ষকদের পুড়িয়ে মারা হোক’, ধর্ষিতার মায়ের আবেদন

0

পেশায় পশু-চিকিৎসক এক তরুণীকে (২৬) গণধর্ষণ করে হত্যার পরে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানায়। এই ঘটনায় ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তার মেয়েকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, সে ভাবেই প্রকাশ্য রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হোক ধর্ষকদের শরীরে। সদ্য সন্তানহারা মা আর কোনও ন্যায়বিচারের কথা ভাবতে পারছেন না। হায়দরাবাদের পশু চিকিৎসক, ধর্ষিতা ও নৃশংসভাবে খুন হওয়া তরুণীর মায়ের এই দাবিই জোরালো হচ্ছে ভারতজুড়ে। হায়দরাবাদের ‘নির্ভয়া’র মৃত্যু নাড়িয়ে দিয়েছে পুরো ভারতকে।

অভিযুক্ত মোহাম্মদ আরিফ, জোল্লু শিবা, জোল্লু নবীন ও চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু শুক্রবারই ধরা পড়েছে । শনিবার তেলঙ্গানার শাদনগরের ম্যাজিস্ট্রেট ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন তাদের। তবে নির্যাতিতার পরিবারের আক্ষেপ, পুলিশ যদি দ্রুত তৎপর হতো তা হলে হয়তো বাঁচানো যেত তরুণীকে।

তাঁর মায়ের দাবি, বিপদের আভাস পেয়ে তরুণীর ছোট বোন তোন্ডাপাল্লি টোল প্লাজায় পৌঁছে দিদির খোঁজ করেছিলেন। না পেয়ে মা-বাবাকে জানালে তাঁরা থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেন।

মায়ের বলেন, ‘আমার ছোট মেয়ে প্রথমে আরজিআইএ পুলিশ স্টেশনে গিয়েছিল। কিন্তু আরজিআইএ পুলিশ বলে, সেটি শামসাবাদ থানার ঘটনা।’

নির্যাতিতার বোনের অভিযোগ, এক থানা থেকে আর এক থানায় ঘোরাঘুরি করতেই দু’থেকে তিন ঘণ্টা চলে যায়। যখন তল্লাশি শুরু হয়, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। যদিও সাইবরাবাদের পুলিশ কমিশনার, ভি সি সজ্জানারের দাবি, আরজিআইএ-তে অভিযোগ জানাতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছিল।

পুলিশ জানতে পেরেছ, বুধবার রাত ৯টা ২০ নাগাদ ওই তরুণীর বাইকের টায়ার পাংচার করে দিয়েছিল অভিযুক্তরা। তারপরের এক ঘণ্টার মধ্যেই তাঁকে ধর্ষণ ও খুন করে তারা। সূত্রের মতে, কোল্ড ড্রিঙ্কে মদ মিশিয়ে জোর করে পানও করানো হয় তাঁকে। তরুণীকে খুনের পর দেহ পোড়াতে তাঁর স্কুটির জ্বালানি ব্যবহার করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। এ দিকে, তেলঙ্গানার শামসাবাদ এলাকার এক মন্দির লাগোয়া এলাকা থেকে যে দ্বিতীয় নারীর দগ্ধ দেহ পাওয়া গিয়েছিল, তিনি সম্ভবত আত্মহত্যা করেছিলেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। পুলিশের এ-ও ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তেলেঙ্গানার এই ধর্ষণ-খুন ফিরিয়ে আনছে দিল্লির নির্ভয়া ধর্ষণের স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন নৃশংস একটা ধর্ষণ-খুনের মামলা ফাস্ট ট্র্যাক আদালতে গেল না কেন? শোনা যাচ্ছে, মহাবুবনগরের যে ফাস্ট ট্র্যাক আদালতে মামলাটি ওঠার কথা ছিল, সেখানে বিচারক ছিলেন না। ফলে শাদনগর থানাতেই ম্যাজিস্ট্রেটকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ শোনাতে হয়। তবে সেখানেও বড়সড় গোলমাল সামলাতে হয়েছে প্রশাসনকে। থানার বাইরে বিক্ষোভ দেখান শ’য়ে শ’য়ে মানুষ।

তাঁদের দাবি, অভিযুক্তদের জনগণের হাতে তুলে দেওয়া হোক। পরিস্থিতি সামলাতে লাঠি চালায় পুলিশ। অভিযুক্তদের ফাঁসির দাবিতে মিছিল হয়েছে তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশেও। শাদনগর বার অ্যাসোসিয়েশন জানিয়েছে অভিযুক্তদের হয়ে মামলা লড়বে না। টুইটারে সরব তারকারাও।

দেশে নতুন করে এইচআইভিতে আক্রান্ত ১০২০ জন

0

দেশে গত এক বছরে নতুন করে এইচআইভিতে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০ জন। আজ পহেলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, এইচ আই ভি এইডস এর লাইন দিরেক্টর ডক্টর সামিউল ইসলাম সাদীসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

আনসারুল্লাহ বাংলার চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব

0

রাজধানীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) অভিযানে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্য গ্রেপ্তার হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল শনিবার রাত পৌনে ১০টার দিকে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চারজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো মো. মাসুম মিয়া ওরফে মাসুম (৩০), মো. আবু বক্কর সিদ্দিক ওরফে এমরান (১৯), মো. রাকিবুল হাসান ওরফে সিয়াম (১৮), মো. আব্দুল্লাহ আল রোমান ওরফে রোমান খান (২২)।

র‌্যাবের মিডিয়া কোঅর্ডিনেটর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল কালের কণ্ঠকে বলেন, ‘আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে খিলক্ষেত থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

গ্রেপ্তারকৃতদের কাছ হতে জঙ্গি সংগঠনের বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেটসহ উগ্রবাদী ডিজিটাল কনটেন্ট ও মোবাইল উদ্ধার করেছে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছে, তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে। দেশের প্রচলিত শাসন ব্যবস্থার পরিবর্তে কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করাই আনসার আল ইসলামের মূল উদ্দেশ্য। এ উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের ওপর তারা চোরাগোপ্তা হামলা করে কঠোর শাস্তির ব্যবস্থা করে থাকে। এক্ষেত্রে অধিকাংশ সময় আগ্নেয়াস্ত্রের পরিবর্তে চাপাতি ব্যবহার করে তারা।

ঢাকা মেডিকেল কর্মচারীকে পিটিয়ে হত্যা, একজন আটক

0

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বর্হিবিভাগে আমির হোসেন (৫০) নামের এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইব্রাহিম নামে একজনকে আটক করা হয়েছে।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ রবিবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় আমিরকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আমির ক্যান্সার বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। তার বাড়ি শরীতপুর জেলার জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামে। বর্তমানে খিলক্ষেত শিকদার বাড়ি এলাকায় থাকতেন।

স্থানীরা জানান, ঢামেক হাসপাতালের সাবেক পাম্প অপারেটর মৃত আনোয়ার হোসেনের ছেলে ইব্রাহিম একটি ব্যাট দিয়ে আমিরকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে সেখান থেকে তাকে দ্রুত জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা ইব্রাহিমকে ধরে শাহবাগ থানায় হস্তান্তর করেছেন।

স্পেনের পথে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

0

স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠেয় ‘রাষ্ট্র ও সরকারপ্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন’-এ (কপ-২৫) যোগ দিতে আজ রবিবার তিন দিনের সরকারি সফরে স্পেন রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল সোয়া ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৩৭ ভিভিআইপি ফ্লাইটে স্পেনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে মাদ্রিদ তোরেজন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) ২-১৩ ডিসেম্বর পর্যন্ত চিলির সভাপতিত্বে এবং স্পেনের সার্বিক সহযোগিতায় মাদ্রিদে অনুষ্ঠিত হবে।

স্পেনে বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে মাদ্রিদের হোটেল ভিলা ম্যাগনায় নিয়ে যাওয়া হবে। স্পেন সফরকালে প্রধানমন্ত্রী এ হোটেলে অবস্থান করবেন।

সোমবার সকালে প্রধানমন্ত্রী স্পেনের সর্ববৃহৎ প্রদর্শনী কেন্দ্র এবং ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু ফিরিয়া দা মাদ্রিদে ‘কপ-২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি কপ-২৫-এর ওয়ার্কিং সেশনে যোগ দেবেন এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। শেখ হাসিনা আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন এবং ফের অপরাহ্নে ওয়ার্কিং সেশনে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সোমবার সন্ধ্যায় রাজ প্রাসাদে স্পেনের রাজা এবং রানী আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন তিনি।

তিন দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানে দেশের পথে রওনা হবেন প্রধানমন্ত্রী। ঢাকার স্থানীয় সময় বুধবার রাত ১২টা ৪০ মিনিটে বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাঁর।

২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, যা কপ-২৫ নামে পরিচিত। সম্মেলনের সভাপতি মনোনীত হয়েছেন চিলির পরিবেশ মন্ত্রী মিজ ক্যারোলিনা স্মিদভ জালদিভার।

নতুন সড়ক আইনে মামলা শুরু করেছে পুলিশ

0

নতুন ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ গত ১ নভেম্বর থেকে কার্যকর হলেও এতে এতদিন মামলা করা হয়নি। তবে গতকাল দুপুরের পর থেকে উল্টোপথে চলাচলকারী কয়েকটি মোটরসাইকেলকে মামলা করতে দেখা যায়। এজন্য ডকুমেন্ট হিসেবে পুলিশ ভিডিও ধারণ করে রাখে। এতে জরিমানা করা হয় পাঁচ হাজার টাকা করে।

গতকাল শনিবার দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় নতুন আইনে মামলা দেওয়া শুরু করেছে ট্রাফিক পুলিশ।

গত বছর আইনটি প্রণয়ন করা হলেও পরিবহন মালিক-শ্রমিকদের বাধার কারণে তা বাস্তবায়ন করতে এক বছরেরও বেশি সময় লেগে যায়।

ট্রাফিক পুলিশ সূত্র জানায়, প্রথমদিনের মতো- যারা উল্টো পথে চলাচল করেছে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স নেই এমন মোটরসাইকেল, প্রাইভেটকার ও পিকআপের ওপর নতুন সড়ক আইনে মামলা দেওয়া হয়েছে।

রাজধানীর বিজয় সরণি চত্বরে উল্টো পথে চালানোর সময় আমিনুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালককে আটক করে নতুন আইনে পাঁচ হাজার টাকার মামলা দেওয়া হয়। আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, নতুন আইন সম্পর্কে আমি জানি। সন্ধ্যার পর বিজয় সরণি রোডে গাড়ির চাপ ছিলো অনেক। আমার একটু তাড়া থাকার কারণে উল্টো পথ দিয়ে বিজয় সরণি মোড় পর্যন্ত উল্টো পথে আসি।

আইন ভঙ্গ করলে পরিস্থিতি অনুযায়ী ধারাবাহিকভাবে মামলার সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে পুলিশ।

উত্তরের নেতৃত্বে বজলু-কচি, দক্ষিণে মান্নাফি-কবির

0

ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি এবং দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আবু আহমেদ মান্নাফি ও হুমায়ূন কবির।

আজ শনিবার বিকালে রমনার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।

এর আগে সকাল ১১টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহানগর উত্তর ও দক্ষিণের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়।

সম্মেলন ১১টায় শুরু হলেও সম্মেলনে যোগদান করতে সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড ও পাড়া মহল্লা থেকে বাসে, ট্রাকে, পিকআপ, রিকশা ও মোটরসাইকেলে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ছুটে আসেন। সম্মেলন উপলক্ষে স্লোগানে স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের চৌহদ্দি মুখরিত হয়ে ওঠে। দীর্ঘ সাত বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।