Home Blog Page 3320

চুরির টাকায় ভোগ-বিলাস সরকার সহ্য করবে না : প্রধানমন্ত্রী

0

অবৈধ পথে অর্থ উপার্জনকে একটি রোগ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে সতর্ক করে দিয়ে বলেছেন, চুরির টাকা দিয়ে ভোগ-বিলাসে জীবন কাটানো সরকার সহ্য করবে না।

প্রধানমন্ত্রী বলেন, কেউ অবৈধভাবে অর্থ উপার্জন করে ভোগ-বিলাসি জীবন-যাপন করবেন, আর কেউ সৎভাবে, সাদাসিধে জীবন-যাপন করতে গিয়ে তাঁর জীবনটাকে নিয়ে কষ্ট পাবেন, এটা হতে পারে না।

শেখ হাসিনা আজ শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে অর্থ উপার্জন করে বিরানী-পোলাও খাওয়া আর ব্রান্ডের জিনিস পরার চেয়ে সাদাসিধে জীবন যাপন করা অনেক সম্মানের। অন্তত, এটা অবৈধ, চোরা টাকা এই কথাটা সারাক্ষণ মনে আসবে না। শান্তিতে ঘুমানোও যাবে।

তিনি বলেন, আসলে এই টাকা বানানোটা একটা রোগ, এটাও একটা অসুস্থতা। একবার টাকা বানাতে থাকলে তার শুধু বানাতেই ইচ্ছে করে। কিন্তু, ঐ টাকার ফলে তার ছেলে-মেয়ে বিপথে যাবে, পড়াশোনা নষ্ট হবে, তারা মাদকাসক্ত হবে, সেটা দেখারও সময় নাই। টাকার পেছনে ছুটছেতো ছুটছেই। আর নিজের পরিবার ধ্বংসের দিকে যাচ্ছে।

এই ধরনের একটা সামাজিক অবস্থা আমরা চাই না- উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা চাই সৎ পথে কামাই করে সম্মানের সাথে চলবে। আর চোরা টাকা, দুর্নীতির টাকা, অবৈধ পথে অর্জিত টাকার বিলাসিতাকারিকে নিয়ে মানুষ মুখে যাই বলুক পেছনে একটা গালি দেবে। এই গালিটা শোনা না গেলেও গালিটা কিন্তু খেতে হয় সেকথাটা মনে রাখতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সম্মেলনে

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতউল্লাহ এবং সাধারণ সম্পাদক সাদেক খান, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের শাহে আলম মুরাদ বক্তৃতা করেন।

সম্মেলনে মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের দপ্তর সম্পাদক এম সাইফুল্লাহ সাইফুল এবং গোলাম রব্বানী বাবলু শোক প্রস্তাব পাঠ করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা, মুক্তিযুদ্ধের সকল শহিদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ’৭৫ এর ১৫ আগস্টের সকল শহিদ, ২১ আগষ্ট গ্রেনেড হামলার শহিদ, দেশ মাতৃকার সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দানকারি এবং আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের মৃত্যুবরণকারিদের স্মরণে সকলে দাঁড়িয়ে এক মিনিটি নীরবতা পালন করেন।

এরআগে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড এবং ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকসহ কাউন্সিলর ও ডেলিগেটসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১২ সালের ২৭ ডিসেম্বর। তবে, ২০১৫ সালে ঢাকা মহানগর দুই ভাগে বিভক্ত হওয়ার পর ২০১৬ সালের ১০ এপ্রিল কমিটি ঘোষিত হয় ।

বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে (কাউন্সিল) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হবে।

সম্মেলনের উদ্বোধনী পর্ব শুরুর আগেই আগতদের ভীড়ে ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যান ছাপিয়ে রমনা পার্ক, হাইকোর্ট, টিএসসিসহ সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। বিভিন্ন রংয়ের পোষাক, মাথায় রিবন, হাতে ব্যানার- প্লাকার্ড নিয়ে খন্ড খন্ড মিছিলে আসা নেতা-কর্মীরা মুহুর্মুহু শ্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তোলে।

আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দলটির সব শাখার সম্মেলন করে কমিটি হালনাগাদ করার পরই কেন্দ্রের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে দলটির সহযোগী সংগঠন যুবলীগের সম্মেলন ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের ১৬ নভেম্বর, ৬ নভেম্বর কৃষক লীগের এবং ৯ নভেম্বর শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রেখেছি। এটা অব্যাহত থাকবে। দুর্নীতির বিরুদ্ধেও অভিযান চলছে, এটা অব্যাহত থাকবে। কারণ, জনগণের কষ্টার্জিত অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে, কারো ভোগ বিলাসের জন্য নয়।

বঙ্গবন্ধু মন্ত্রীত্ব ত্যাগ করে দল গোছানোর জন্য দলের সাধারণ সম্পাদকের পদ গ্রহণ করেছিলেন উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশের মানুষের জন্য সবধরণের আত্মত্যাগের জন্য তিনি সব সময় প্রস্তুত ছিলেন। কাজেই, তাঁরই আদর্শেও সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে সেই আদর্শ বুকে ধারণ করে জনগণের জন্য কতটুকু আমরা করতে পারলাম, জনগণকে কি দিতে পারলাম, কিসে জনগণের কল্যাণ হবে-সেই চিন্তা করতে হবে।

বাংলাদেশ সন্ত্রাসীদের আশ্রয়স্থল হতে পারে না : স্পিকার

0

সন্ত্রাসবাদ প্রতিরোধ করে মানবিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, শিক্ষার প্রসার, জনসচেতনতা তৈরি, তথ্যপ্রযুক্তির নিয়ন্ত্রিত ব্যবহার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও সংসদীয় কূটনীতির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসবাদকে দমন করা সম্ভব।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটোরিয়ামে বাংলাদেশ আইন সমিতির উদ্যোগে এবং বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

‘সন্ত্রাসবাদ : আইন ও বাস্তবতা’ শীর্ষক ওই সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আফজাল-উল-মুনীর। বক্তৃতা করেন সুপ্রীমকোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি এ কে এম জহিরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রাক্তন ডিন রহমত আলী, হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, আইন সমিতির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান আল-মামু, সাবেক সভাপতি শাহজাহান সাজু প্রমূখ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম শাখার অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

স্পিকার বলেন, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা যার দ্বারা উন্নত, অনুন্নত, প্রাচ্যের সকল দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বজুড়ে নিরীহ মানুষকে বাঁচাতে ও কাউন্টার টেররিজম নিশ্চিত করতে ধর্ম-বর্ণ ও জাতিগত বৈষম্য দূর করে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে সুসংহত করতে হবে। এ ধরণের সেমিনার সকলের মাঝে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে মানবিক বিশ্ব গড়ে তুলতে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। অপরাধ করে আইনের ঊর্ধ্বে থাকার সুযোগ এখন আর নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, সম্প্রতি নুসরাত ও বুয়েটের আবরার হত্যার রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সন্ত্রাসীদের আশ্রয়স্থল হতে পারে না। সন্ত্রাসবাদে অর্থায়নের সুযোগ যেন কেউ না পায় সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে অন্যান্য এজেন্সীর সাথে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।

রাজনীতিকে জনগণের ভাগ্য গড়ার হাতিয়ার হিসেবে গড়ে তুলুন : কাদের

0

রাজনীতিকে কেনাবেচার পণ্য না বানিয়ে জনগণের ভাগ্য গড়ার হাতিয়ার হিসেবে গড়ে তুলতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ ও উত্তরের ত্রি-বার্ষিক সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতি কেনাবেচার পণ্য নয় এটা আমাদের শেখ হাসিনা শিখিয়েছেন। বঙ্গবন্ধু যা শিখিয়ে গেছেন এখন তার কন্যা তা শেখাচ্ছেন। তিনি আমাদের এটা অনুসরণ করতে বলেছেন।’
সেতুমন্ত্রী বলেন, মানুষের ভালোবাসা রাজনীতিবিদের জন্য বড় সম্পদ। এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে রাখতে হবে। সততা কাকে বলে শেখ হাসিনা তার উদাহরণ।
বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সততার নানা উদাহরণ দিতে গিয়ে কাদের বলেন, বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহেনা লন্ডনে বাসে করে বসবাস করেন। এত সিম্পল লাইভ লিড করেন। সজীব ওয়াজেদ জয় কম্পিউটার ইঞ্জিনিয়ার। তিনি প্রকাশ্যে আসেন না। তিনি হাওয়া ভবন করেননি। বাংলাদেশে নীরব বিপ্লব ঘটিয়ে চলছেন। সায়মা ওয়াজেদ পুতুল আন্তর্জাতিক অটিজম বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন জাতিসংঘে। আরেকজন ববি সিদ্দিকী। তিনি কাজ করে খান। দেশের যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছেন। আর টিউলিপ সিদ্দিক লন্ডনে এর আগে এমপি হয়েছেন। আবার সামনে ১২ তারিখ নির্বাচনে তিনি প্রার্থী। আশা করি তিনি এবারও বিজয়ী হবেন।
বঙ্গবন্ধুর পরিবার এই দেশে সততার রাজনীতির প্রতীক বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বঙ্গবন্ধুর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন আমরা করি বক্তৃতা। আমরা শিক্ষিত সমাজ দুর্নীতি করি। কৃষক, মজুর ও খেটে খাওয়া মানুষ দুর্নীতি করে না। যেখানে যান সেখানে সেখানেই দুর্নীতি। পাঁচভাগ শিক্ষিত সমাজ দুর্নীতি করে।
বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জীবনধারা থেকে সততার শিক্ষা নিয়ে রাজনীতিকে মানুষের জন্য কাজ করার হাতিয়ার হিসেবে গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ঢাকা সিটি নির্বাচন বেশি দূরে নয়। এই সম্মেলন থেকে প্রস্তুতি নিতে হবে। সিটি নির্বাচনে বিজয়ী হওয়ার শপথ নিতে হবে।
এর আগে সকাল ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেয়র আনিসুল হকের মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে নীরবে

0

আজ শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আনিসুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের ৩০ নভেম্বর লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক।

রাজধানীবাসীর কাছে তুমুল জনপ্রিয় এই সাবেক মেয়রের মৃত্যুবার্ষিকী পালন করার কোনো কর্মসূচি হাতে নেয়নি ডিএনসিসি। তবে পরিবারের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে।

গত বছরের এই দিনে আনিসুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডিএনসিসির পক্ষ থেকে মিলাদ, দোয়া ও আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। এ ছাড়া আনিসুল হকের একান্ত চেষ্টায় উদ্ধার হওয়া তেজগাঁও-সাতরাস্তা সড়কটির নামকরণ করা হয়েছিল তাঁর নামে। ‘বৃক্ষের জন্য হাসপাতাল’ উদ্বোধন করা হয়েছিল আনিসুল হকের সম্মানে।

ডিএনসিসি সূত্রে জানা যায়, বাসযোগ্য নগর গড়ার লক্ষ্যে আনিসুল হকের নেওয়া বেশ কয়েকটি উদ্যোগও স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে অন্যতম হলো বনানীর ফুডকোর্ট। সুরম্য এই ফুডকোর্ট ভবনের কাজ শেষ হলেও এখনো তা চালু করতে পারেনি ডিএনসিসি। ওই জায়গায় এখন ‘স্মার্ট কার পার্কিং’ করার কথা ভাবা হচ্ছে। এ ছাড়া আনিসুল হকের সময় দারুণ জনপ্রিয়তা পাওয়া ‘নগর অ্যাপটিও’ চালু করা যায়নি। সাতরাস্তা সড়ক পুরোপুরি দখলমুক্তও করতে পারেনি ডিএনসিসি। এসব নিয়ে আনিসুল হকের পরিবারের সদস্যদের মধ্যে চাপা ক্ষোভ আছে।

রাজধানীর বিভিন্ন সড়ক ও ফুটপাত প্রশস্ত করা, শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত রাস্তা ও বিভিন্ন এলাকার পার্ক দখলমুক্ত করা এবং শহরের পথচারীদের জন্য আধুনিক টয়লেট নির্মাণ শুরু করেন তিনি। গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় বিশেষ রঙের রিকশা এবং ‘ঢাকা চাকা’ নামে শীতাতপ নিয়ন্ত্রিত বাস সেবা চালু করেন আনিসুল হক। বিমানবন্দর সড়কে যানজট কমাতে মহাখালী থেকে গাজীপুর পর্যন্ত সড়কে ইউলুপ করার উদ্যোগও তার।

আনিসুল হকের জন্ম নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৯৫২ সালে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। আশির দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। তিনি একজন সফল ব্যবসায়ীও। ১৯৮৬ সালে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘মোহাম্মদী গ্রুপ’ প্রতিষ্ঠা করেন।

আনিসুল হকের ছেলে নাভিদুল হক কালের কণ্ঠকে বলেন, ‘বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি রয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো অনুষ্ঠানের বিষয়ে এখনো জানি না আমরা।’ আজ ছুটির দিনে আনিসুল হকের মৃত্যুবার্ষিকী হওয়ার কারণে ডিএনসিসির পক্ষ থেকে কোনো কর্মসূচি নেই বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। আগামীকাল রবিবার মিলাদ মাহফিলের আয়োজন করা হবে বলে জানান তিনি।

বাসচাপায় নিহত রাজীব-দিয়ার মামলার রায় কাল

0

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় করা মামলার রায় আগামীকাল রোববার। ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করবেন।

এরআগে ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ১ ডিসেম্বর ধার্য করেন আদালত।
এ মামলায় ৪১ জনের মধ্যে ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে বাসচাপায় নিহত হন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬)।

আহত হয় আরও ১০ থেকে ১৫ শিক্ষার্থী। ঘটনার দিনই নিহত মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন।

২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কাজী শরিফুল ইসলাম আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। ২৫ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ আসামিদের অব্যাহতির আবেদন না মঞ্জুর করে তাদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন।

অভিযোগপত্রে বলা হয়, ঘটনার দিন দুপুরে চালক ও তাদের সহকারীরা বেশি লোক ওঠানোর লোভে যাত্রীদের কথা না শুনে এবং তাদের নিরাপত্তার কথা চিন্তা না করে জিল্লুর রহমান উড়াল সড়কের ঢালের সামনে রাস্তা ব্লক করে দাঁড়ান। এ সময় আরেকটি বাসের চালক মাসুম বিল্লাহ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ১৪ থেকে ১৫ শিক্ষার্থীর ওপর বাসটি উঠিয়ে দেন। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী নিহত এবং ৯ জন আহত হয়।
জাবালে নূরের যে তিন বাসের রেষারেষিতে ওই দুর্ঘটনা ঘটে, সেগুলোর নিবন্ধন নম্বর হলো- ঢাকা-মেট্রো-ব-১১-৯২৯৭, ঢাকা-মেট্রো-ব-১১-৭৬৫৭ এবং ঢাকা-মেট্রো-ব-১১-৭৫৮০। এর মধ্যে ঢাকা-মেট্রো-ব-১১-৯২৯৭ নম্বর বাসের চাপায় নিহত হয় দুই শিক্ষার্থী। বাসটি চালাচ্ছিলেন মাসুম বিল্লাহ।

ঢাকা-মেট্রো-ব-১১-৭৬৫৭ নম্বর বাসের চালক ছিলেন জুবায়ের এবং ঢাকা মেট্রো ব-১১-৭৫৮০ নম্বর বাসের চালক ছিলেন সোহাগ।

এ মামলায় ৬ জন আসামি। তারা হলেন, জাবালে নূর পরিবহনের মালিক জাহাঙ্গীর আলম, দুই চালক মাসুম বিল্লাহ ও জুবায়ের সুমন এবং তাদের সহকারী এনায়েত হোসেন।

জাবালে নূর পরিবহনের আরেক মালিক শাহাদাত হোসেন জামিনে রয়েছেন। তার পক্ষে মামলা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। চালকের সহকারী কাজী আসাদ এখনও পলাতক। বাসস

৫ ডিসেম্বর খালেদা জিয়ার স্বাস্থ্যের সত্যটা জানা যাবে : প্রত্যাশা ফখরুলের

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সত্যিকার অবস্থা দেশের মানুষ জানতে পারবে বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘৫ ডিসেম্বর আদালত রিপোর্ট চেয়েছেন। সারাদেশের মানুষ প্রত্যাশা করছে, হাসপাতাল কর্তৃপক্ষ সত্য কথাটা বলবেন এই দিন।’
আজ শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত এক গোলটেবিল সভায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, ‘তার স্বাস্থ্যের অবস্থা এত ভয়ঙ্কর, এত ভয়াবহ যে এই মুহূর্তে তাকে বের করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা দরকার। গতকাল একজন ডাক্তারের সঙ্গে কথা বলছিলাম। তিনি জানালেন, যে ড্যামেজ তার হচ্ছে, সেটা আর ফিরে আসবে না। তার বাঁ হাত বাঁ সাইটটা প্যারালাইজড। কারও সাহায্য ছাড়া তিনি বিছানা থেকে উঠতে পারেন না। অথচ তাদের সরকারি কর্মকর্তা পিজি’র (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) পরিচালক বলছেন, তিনি ভালো আছেন, আগের চেয়ে এখন ভালো। ধিক্কার দেই আমি জ্ঞানহীন এই মানুষদের। যারা সত্যকে গোপন করে, তাদের এখানে থাকার অধিকার নেই।’
বিএনপি কখনও সন্ত্রাসে বিশ্বাস করে না উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করতে চাই। এটা বারবার বলেছি এবং প্রমাণিত হয়েছে। সন্ত্রাসী তো এই সরকার। গত নির্বাচনে তারা সন্ত্রাস করে জনগণের অধিকার ছিনিয়ে নিয়ে গেছে। এখনও সন্ত্রাস করে জোর করে মানুষকে দাবিয়ে রেখে তারা টিকে থাকতে চাচ্ছে।’
হাইকোর্টের সামনে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের বিক্ষোভের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, ‘কয়েকদিন ধরে আওয়ামী লীগের মন্ত্রীরা হুমকি দেওয়া শুরু করেছেন। তারা বলছেন, এ ধরনের কর্মসূচি মেনে নেওয়া হবে না। সমুচিত জবাব দেওয়া হবে। এই হুমকি-ধামকি দিয়ে তো সারা জীবন চললেন। আওয়ামী লীগ তাদের অতীত ভুলে গেছে। মজলুম জননেতা মওলানা ভাসানী যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম তারা একবার উচ্চারণ করে না। একাত্তরের যুদ্ধে যিনি নেতৃত্ব দিলেন প্রবাসী মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দীন, তার নাম নেয় না এখন কেউ। জেনারেল ওসমানী যিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন, তার নামও এখন কেউ উচ্চারণ করে না। কেউ উচ্চারণ করলে তার খবর আছে। এটা হচ্ছে এদের মানসিক অবস্থা। কাউকে সহ্য করতে চায় না আওয়ামী লীগ। তাদের মানসিকতার মধ্যে জমিদারি ভাব আছে।’
২০ দলীয় জোটের নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘অনেকে বলছেন, প্রেস ক্লাবে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে বক্তব্য দিয়ে কিছু হবে না। আমি বলছি, আপনারা গ্রামে গ্রামে, হাটবাজারে যান। মানুষকে সম্মিলিত করার চেষ্টা করেন। শুধু বিএনপি’র মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না। আপনাদের দায়িত্বটাও পালন করতে হবে।’
এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট নিতাই রায় চৌধুরী, জাতীয় পার্টির একাংশের প্রধান মোস্তফা জামান হায়দার, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

প্রধানমন্ত্রী স্পেন যাচ্ছেন কাল

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠেয় ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন’ (কপ-২৫) এ যোগ দিতে আগামীকাল তিন দিনের সরকারি সফরে স্পেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) ২-১৩ ডিসেম্বর পর্যন্ত চিলির সভাপতিত্বে এবং স্পেনের সার্বিক সহযোগিতায় মাদ্রিদে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট রোববার সকালে মাদ্রিদের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

বিমানটির স্পেনের স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে মাদ্রিদ টোরেজন বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে একটি সুসজ্জিত মোটর শোভা যাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে মাদ্রিদের হোটেল ভিলা ম্যাগনায় নিয়ে যাওয়া হবে। স্পেন সফরকালে প্রধানমন্ত্রী এ হোটেলে অবস্থান করবেন।

সোমবার সকালে প্রধানমন্ত্রী স্পেনের সর্ববৃহৎ প্রদর্শনী কেন্দ্র এবং ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু ফিরিয়া দা মাদ্রিদে ‘কপ-২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

পরে, তিনি কপ-২৫’র ওয়ার্কিং সেশনে যোগ দেবেন এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

শেখ হাসিনা আনুষ্ঠানিক মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করবেন এবং পুনরায় অপরাহ্নে ওয়ার্কিং সেশনে যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

সোমবার সন্ধ্যায় রাজ প্রাসাদে স্পেনের রাজা এবং রানী আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন তিনি।

তিন দিনের সরকারী সফর শেষে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রীর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে দেশের পথে রওয়ানা হবেন।

ঢাকার স্থানীয় সময় বুধবার রাত ১২টা ৪০ মিনিটে বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন যা কপ-২৫ নামে পরিচিত, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) কে অর্ন্তভুক্ত করবে কিয়োটো প্রটোকলের (সিএমপি১৫) পক্ষের ১৫তম সভা এবং প্যারিস চুক্তির পক্ষে পক্ষগুলোর দ্বিতীয় সভা (সিএমএ২)।

সম্মেলনের সভাপতি মনোনীত হয়েছেন চিলির পরিবেশ মন্ত্রী মিজ ক্যারোলিনা স্মিদভ জালদিভার।

এই সম্মেলনটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন প্রক্রিয়ার পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গ্রহণকরা হয়েছে। গত বছর পোল্যান্ডের ‘সিওপি ২৪’ এ প্যারিস চুক্তির বাস্তবায়ন নির্দেশিকাগুলি সম্পর্কে চুক্তি অনুসরণ করে, যার মূল উদ্দেশ্য হল প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তির পূর্ণাঙ্গ পরিচালনার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় সম্পন্ন করা।

সম্মেলনটির এ বছর নভেম্বর মাসে ব্রাজিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু পরিকল্পনা শুরুর আগেই নব-নির্বাচিত সভাপতি জেইর বোলসোনারো অর্থনৈতিক কারণ দেখিয়ে স্বাগতিক হওয়ার প্রস্তাব প্রত্যাহার করে নেয়।

পরবর্তীতে চিলি এগিয়ে আসে এবং নতুন স্বাগতিক দেশ হয়। কিন্তু বৈঠকের আগে সামাজিক অস্থিরতা ২০১৯’র অক্টোবরের শেষের দিকে উক্ত দেশটিকেও স্বাগতিক হওয়া থেকে সরে যেতে বাধ্য করে। তখন জাতিসংঘ, চিলি এবং স্পেনের মধ্যকার পারস্পরিক চুক্তির মাধ্যমে শেষের দেশ স্পেন এর স্বাগতিক হয়।

কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

0

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কৃষি ও কৃষির প্রাধান্য থাকা সাতটি সরকারি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ছয়টি কেন্দ্রে শনিবার সকাল ১১টায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার ভর্তি পরীক্ষার নেতৃত্বে ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষার কক্ষ পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, আগামীবার আরো বেশিসংখ্যক শিক্ষার্থী যেন পরীক্ষায় বসতে পারে সে বিষয়টি আমরা মাথায় রাখবো। মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একান্ত নির্দেশক্রমে শিক্ষার্থী-অভিভাবকদের দুর্ভোগ ও অর্থের অপচয় লাঘবে এমন পরীক্ষা পদ্ধতির আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধারাটি অব্যহত থাকবে।

পরীক্ষা শেষে বাকৃবি ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. মো. জহির উদ্দিন বলেন, অন্য ৬টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রগুলো থেকে খোঁজ নিয়ে জেনেছি যে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অনিয়মের ঘটনা ঘটেনি।

এদিকে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, পরীক্ষার প্রশ্নপত্র কোনো ভুল এবং পরীক্ষা দিতে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি।

ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৫ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত সকল তথ্য http:// www.admission-agri.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রসঙ্গত, ২০১৯-২০ শিক্ষাবর্ষে সাতটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৫৫৫টি আসনের বিপরীতে আবেদন করে ৭৫ হাজার ৯৩৯ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি মেনে সিটের ১০ গুণক ৩৫ হাজার ৯৮২ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় বসার সুযোগ দেয় ভর্তি কমিটি।

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের নেতৃত্বে মান্নাফি-কবির

0

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আবু আহমেদ মান্নাফি ও হুমায়ূন কবির।

আজ শনিবার বিকালে রমনার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।

এর আগে সকাল ১১টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহানগর উত্তর ও দক্ষিণের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়।

সম্মেলন ১১টায় শুরু হলেও সম্মেলনে যোগদান করতে সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড ও পাড়া মহল্লা থেকে বাসে, ট্রাকে, পিকআপ, রিকশা ও মোটরসাইকেলে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ছুটে আসেন। সম্মেলন উপলক্ষে স্লোগানে স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের চৌহদ্দি মুখরিত হয়ে ওঠে। দীর্ঘ সাত বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের নেতৃত্বে বজলু-কচি

0

ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে শেখ বজলুর রহমান ও এস এ মান্নান কচি।

আজ শনিবার বিকালে রমনার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।

এর আগে সকাল ১১টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহানগর উত্তর ও দক্ষিণের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়।

সম্মেলন ১১টায় শুরু হলেও সম্মেলনে যোগদান করতে সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড ও পাড়া মহল্লা থেকে বাসে, ট্রাকে, পিকআপ, রিকশা ও মোটরসাইকেলে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ছুটে আসেন। সম্মেলন উপলক্ষে স্লোগানে স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের চৌহদ্দি মুখরিত হয়ে ওঠে। দীর্ঘ সাত বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।