Home Blog Page 3322

ঝাড়ুদার পদে ৩৫০০ ইঞ্জিনিয়ার-এমবিএ পাস চাকরিপ্রার্থী!

0

বেশ কয়েক বছর ধরে ভারতীয় বিশ্লেষকরা আশঙ্কা করছিল, দেশটিতে বেকারত্ব বাড়তে পারে। সেই আশঙ্কার চিত্র ফুটে উঠেছে তামিলনাড়ুতে। সেখানে ঝাড়ুদার পদে প্রার্থী হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার ইঞ্জিনিয়ার ও এমবিএ পাস।

এর আগে দেশটির পশ্চিমবঙ্গে ডোমের জন্য নাম লিখিয়েছিলেন স্নাতকোত্তর পাস করা ছাত্ররা। এবারে তামিলনাড়ুর ওই শহরে ঝাড়ুদারের পদে নিয়োগের জন্য নাম নথিভুক্ত করেছেন ৩ হাজার ৫০০ জন এমবিএ এবং ইঞ্জিনিয়ারিং পাস।

শুক্রবার (২৯ নভেম্বর) একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে বলা হযেছে, কোয়েম্বাটুর শহরের ঝাড়ুদারের ১৪টি পদের জন্য ইতিমধ্যে প্রায় ৪০ হাজার নাম জমা পড়েছে। এর মধ্যে একটা বিরাট সংখ্যক উচ্চশিক্ষিত ছাত্র-ছাত্রী।

আফগানিস্তানে ট্রাম্পের আকস্মিক সফর

0

আফগানিস্তানে থাকা মার্কিন সেনাদের ধন্যবাদ জানাতে দেশটিতে আকস্মিক এক সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন শান্তি চুক্তি নিয়ে তালেবানদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
“তালেবানরা একটি চুক্তি করতে চাইছে,” বাগরাম বিমানঘাঁটিতে সৈন্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় বলেছেন তিনি।

বৃহস্পতিবার রাতে এই বিমান ঘাঁটিতে ট্রাম্প ও আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির বৈঠকও হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর আফগানিস্তানে এটিই ট্রাম্পের প্রথম সফর।

তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু ও দু’পক্ষের মধ্যে বন্দি বিনিময়ের দিনকয়েক পর ব্যাপক গোপনীয়তার মধ্যে থ্যাংকস গিভিং ডে-তে মার্কিন প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ার এ দেশটি সফর করলেন।

ট্রাম্পের ‘দীর্ঘ নীরবতা’ নিয়ে যেন কোনো ধরনের সন্দেহ না জাগে, সেজন্য আফগান সফরের সময়ও নিয়মিত বিরতিতে মার্কিন প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্ট থেকে একের পর এক পোস্ট দেয়ার ব্যবস্থা করে পেন্টাগন।

রিপাবলিকান এ প্রেসিডেন্ট বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে আফগানিস্তান নামেন; সৈন্যদের সঙ্গে থ্যাংকস গিভিং ডে-র ডিনারে অংশ নিয়ে মধ্যরাতের আগেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন।

বেশ ক’জন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে আফগানিস্তান নামা প্রেসিডেন্টকে স্বাগত জানান মার্কিন জয়েন্ট চিফস চেয়ারম্যান মার্ক মিলে।
সৈন্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় ট্রাম্প আফগানিস্তান থেকে মার্কিন সেনা ‘উল্লেখযোগ্য পরিমাণ’ কমিয়ে আনা হবে বলেও ঘোষণা দেন।

২০০১ সালে তালেবান উৎখাতে অভিযান শুরুর ১৮ বছর পর দক্ষিণ এশিয়ার দেশটিতে এখনও প্রায় ১৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

“চুক্তি কিংবা পূর্ণাঙ্গ বিজয় অর্জিত হওয়া পর্যন্ত আমরা থাকছি। তারা খুব করে একটি চুক্তি করতে চাইছে,” বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

আশরাফ ঘানি তার বক্তৃতায় আফগানিস্তানে মার্কিন সেনাদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের ধন্যবাদ দিয়েছেন।

“আফগান নিরাপত্তা বাহিনী এখন নেতৃত্ব নেবে,” বলেছেন তিনি।

তালেবানরা গত সপ্তাহে কাতারের দোহাতে মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ফের শান্তি আলোচনা শুরুর কথা নিশ্চিত করেছিল।

আগের আলোচনাগুলোতে যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির পথে অগ্রসর হওয়ার লক্ষ্যে আফগানিস্তানে যুদ্ধবিরতির ওপর জোর দিলেও তালেবানরা তাতে সাড়া দেয়নি।

বৃহস্পতিবার বাগরাম বিমানঘাঁটিতে দেওয়া বক্তৃতায় ট্রাম্পও প্রসঙ্গটির অবতারণা করেছেন।
“আমরা তাদের সঙ্গে বৈঠক করেছি। বলেছি, যুদ্ধবিরতি হোক। তারা সেসময় যুদ্ধবিরতি চায়নি, এখন চাইছে। আমার ধারণা, বিষয়টি এখন এভাবেই কার্যকর হবে,” বলেছেন তিনি।

শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র সবসময়ই আফগান সরকারকে অন্তর্ভুক্ত করতে চাইলেও, তালেবানরা যুক্তরাষ্ট্রের সঙ্গে দফারফার আগে কাবুল প্রশাসনের সঙ্গে বৈঠকে নারাজ বলে জানিয়েছে বিবিসি।

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর টুইটারে আফগানিস্তানের প্রেসিডেন্ট ঘানি বলেছেন, “দুই পক্ষই (যুক্তরাষ্ট্র ও আফগান সরকার) মনে করে, তালেবানরা যদি শান্তি চুক্তিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ হয়, তাহলে তাদের অবশ্যই যুদ্ধবিরতিতে সম্মত হওয়া উচিত।”

ট্রাম্পের আকস্মিক সফর কিংবা শান্তি আলোচনা ও চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র এবং আফগান সরকারের অবস্থান বিষয়ে তালেবানদের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বুয়েটে র‍্যাগিংয়ে জড়িত আরও ২৬ শিক্ষার্থীকে বহিষ্কার

0

আবরার ফাহাদ হত্যামামলার আসামিদের পর এবার বিভিন্ন সময় র‌্যাগিংয়ে জড়িত ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বুয়েট কর্তৃপক্ষ।

প্রশাসনের এই সিদ্ধান্ত বৃহস্পতিবার জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক ও বুয়েট বোর্ড অফ রেসিডেন্স এন্ড ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব অধ্যাপক মিজানুর রহমান।

গত ৬ অক্টোবর আবরার হত্যাকাণ্ডের পর থেকে ক্লাস বর্জন করে আসছে বুয়েট শিক্ষার্থীরা। ফলে প্রায় দুই মাস ধরে অচল বাংলাদেশে প্রকৌশল শিক্ষার নামী এই প্রতিষ্ঠান।

আবরার হত্যাকাণ্ডের পর শিক্ষার্থীরা যে ১০ দফা দাবি তুলেছিল, ধাপে ধাপে তা বাস্তবায়ন হচ্ছে।

গত ৬ অক্টোবর শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্যাতনে আবরারের মৃত্যু ঘটে। এরপর শিক্ষার্থীরা আন্দোলনে নামলে ওই ঘটনায় জড়িত কয়েকজনকে সাময়িকভাবে বহিষ্কার করেছিল বুয়েট কর্তৃপক্ষ।

১০ দফার কয়েকটি মেনে নেওয়ার পর গত ১৫ অক্টোবর মাঠের আন্দোলন থেকে সরে আসে বুয়েট শিক্ষার্থীরা; তবে মামলার অভিযোগপত্র ও অন্য দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দেয়।

পাঁচ সপ্তাহের তদন্তে গত ১৩ নভেম্বর পুলিশ ২৫ জনকে আসামি করে অভিযোগপত্র দিলেও ক্লাসে ফেরার জন্য বুয়েট কর্তৃপক্ষকে তিনটি শর্ত দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

ওই শর্তের একটি ছিল অভিযোগপত্রভুক্ত আসামিদের স্থায়ীভাবে বহিষ্কার করা। এছাড়া আগের র‌্যাগের ঘটনায় অভিযুক্তদের অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি দেওয়ার দাবিও ছিল তাদের।

আবরার হত্যাকাণ্ডের অভিযোগপত্রভুক্ত আসামিদের গত ২১ নভেম্বর স্থায়ীভাবে বহিষ্কার করে বুয়েট কর্তৃপক্ষ। সেদিন শৃঙ্খলা ভঙ্গের জন্য আরও ছয়জনকেও বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার আরও ২৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হল। এরা সোহরাওয়ার্দী ও আহসানউল্লাহ হলে র‍্যাগিংয়ের ঘটনায় জড়িত ছিল।

২৬ জন শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়া চারজন শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়েছে বুয়েট প্রশাসন।

বহিষ্কৃত ২৬ জনের মধ্যে ৯ জন শিক্ষার্থীকে হল থেকে আজীবনের জন্য বহিষ্কার এবং ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

অধ্যাপক মিজানুর সাংবাদিকদের বলেন, “সাম্প্রতিককালে সংঘটিত র‌্যাগিং ঘটনায় জড়িতদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বুয়েট বোর্ড অফ রেসিডেন্স এন্ড ডিসিপ্লিন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।”

হল থেকে আজীবনের জন্য এবং একাডেমিক কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কৃত ৯ শিক্ষার্থী হলেন- সব্যসাচী দাস দিব্য, সৌমিত্র লাহিড়ী, প্লাবন চৌধুরী, নাহিদ আহমেদ, অর্ণব চৌধুরী, মো. ফরহাদ হোসেন, মো. মোবাশ্বের হোসেন শান্ত, এ এস এম মাহাদী হাসান, আকিব হাসান রাকিব। এদের মধ্যে প্রথম ছয়জন আহসানউল্লাহ হলের এবং পরের তিনজন সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী।

বিভিন্ন মেয়াদে আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কৃত ১৭ শিক্ষার্থী হলেন- কাজী গোলাম কিবরিয়া রিফাত, মো. সাকিব হাসান, মো. সাজ্জাদুর রহমান, সাকিব শাহরিয়া, শেখ আসিফুর রহমান আকাশ, মো. রাইয়ান তাহসিন, মেহেদী হাসান, তৈয়ব হোসেন, এ এফ এম মাহফুজুল কবির, মো. বখতিয়ার মাহবুব মুরাদ, সৈয়দ শাহরিয়ার আলম প্রত্যয়, মো. তৌফিক হাসান, মো. কুতুবুজ্জামান কাজল, মোহাম্মদ তাহমিদুল ইসলাম, ফেরদৌস হাসান ফাহিম, মো. আল-আমিন ও তাহাজিবুল ইসলাম। এরা সবাই সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী।

এছাড়া ভবিষ্যতে জন্য আহসানউল্লাহ হলের ৪ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। তারা হলেন- মো. তাহসিন ফারহান ফাতিন, লোকমান হোসেন, শাফকাত বিন জাফর ও তানজিন রশিদ আবির।

তিতুমীর হলের র‍্যাগিংয়ের ঘটনার অধিকতর তদন্তের জন্য আরেকটি কমিটি করা হয়েছে বলে জানানো হয়।

এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের তিন শর্তের দ্বিতীয়টি পূরণ হলেও আরও একটি এখনও বাকি।

শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করলেও সে নিয়ম ভাঙলে শাস্তির নীতিমালা বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সে যুক্ত করার দাবি রয়েছে শিক্ষার্থীদের।

এই শর্তের বিষয়ে অধ্যাপক মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ের মধ্যেই হয়ত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ যেহেতু বিষয়টি একটি আইনি প্রক্রিয়াও বটে, তাই আমাদের আইনজীবীদের সাথেও এই বিষয়ে কথা বলতে হবে।”

বুয়েট প্রশাসনের প্রতি ‘বিশ্বাস’ রেখে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক কার্যক্রমে ফিরে যেতে আহ্বান জানান।

‘আইএস টুপি’ এসেছে কারাগার থেকে : ডিবি

0

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি) মো. মাহবুব আলম বলেছেন, হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলা মামলার রায়ের দিনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিগ্যানসহ দুই জঙ্গির মাথায় যে টুপি ছিল সেটা কারাগার থেকেই আসছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এ বিষয়ে পুলিশের তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্বে আছেন।

মাহবুবুল আলম বলেন, রিগ্যান আইএসের টুপিটি কারাগার থেকে পকেটে করে নিয়ে এসেছিল। প্রাথমিক তদন্তে আমরা এ তথ্য পেয়েছি।

তিনি বলেন, কারাগার থেকে আসামিদের আদালতে পাঠানোর আগে সঠিকভাবে তল্লাশি করা হয়েছে। এতে কোনো গাফিলতি বা ফাঁক-ফোঁকড় ছিল না। আমাদের ভিডিও ফুটেজ দেখলেও তল্লাশির বিষয়টি প্রমাণ পাওয়া যাবে। যে টুপি নিয়ে কথা উঠছে, সেটির বিষয়ে আমরা কিছু বলতে পারব না। ওখানে যে পুলিশ সদস্যরা দায়িত্বে ছিলেন, তারা হয়তো বলতে পারবেন।

দেশের ইতিহাসের ভয়াবহতম হলি আর্টিজানে জঙ্গি হামলার মামলায় বুধবার (২৭ নভেম্বর) আট আসামির ৭ জনকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।

রায়ের পর আদালত থেকে বের করে আসামিদের প্রিজনভ্যানে তোলার সময় কয়েকজনের মাথায় আইএস’র প্রতীক সংবলিত টুপি দেখা যায়।

এ সময় আসামিরা ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে এবং এ রায় মানে না বলেও অকথ্য ভাষায় কথা বলতে থাকে। এ সময় জঙ্গিদের মাথায় আইএস’র টুপি এবং তাদের ‘আস্ফালনে’ বিস্মিয় প্রকাশ করেন বিভিন্ন মহল।

এদিন দুপুর ১২টার দিকে রায় ঘোষণার আগে হাজতখানা থেকে যখন আসামিদের এজলাসে নেওয়া হয়, ঠিক তখন রিগ্যানের মাথায় দেখা যায় কালো একটি টুপি। সেই টুপিতে কোনো ধরনের চিহ্ন বা প্রতীক দেখা যায়নি। তবে রায়ের পর এজলাস থেকে যখন বের করা হয় আসামিদের, তখন রিগ্যানের মাথায় অন্য একটি টুপি দেখা যায়। ওই টুপিতে যে প্রতীক খচিত ছিল, সেটি মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তাদের লোগো হিসেবে ব্যবহার করে থাকে।

কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া উচিত : টিআইবি

0

প্যারিস চুক্তির আওতায় জলবায়ু অর্থায়নে উন্নত ও উন্নয়নশীল দেশের জন্য দূষণকারী কর্তৃক ঋণের পরিবর্তে প্রতিশ্রুত উন্নয়ন সহায়তার ‘অতিরিক্ত’ এবং ‘নতুন’ অর্থ সরকারি অনুদান হিসেবে প্রদান নিশ্চিত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

টিআইবির পক্ষ থেকে গ্রিন ক্লাইমেট ফাণ্ড (জিসিএফ) ও অন্যান্য আন্তর্জাতিক তহবিল হতে ক্ষতিপূরণের অর্থ আদায়ে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সমন্বিত ভাবে দাবি উপস্থাপনে আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসকল দাবি উত্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (ক্লাইমেট ফিন্যান্স গর্ভনেন্স) এম. জাকির হোসেন খান ও প্রোগ্রাম ম্যানেজার (ক্লাইমেট ফিন্যান্স পলিসি ইন্টেগ্রিটি) মো. মাহফুজুল হক।

সংবাদ সম্মেলনের শুরুতে বৈশ্বিক জলবায়ু অর্থায়নে অনিশ্চয়তা, সবুজ জলবায়ু তহবিলের চ্যালেঞ্জসমূহ, বৈশ্বিক কার্বন নিঃসরণ হ্রাসে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং কয়লা বিদ্যুৎ প্রকল্প স্থাপন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়-ক্ষতি এবং তা মোকাবেলায় পদক্ষেপসহ আসন্ন কপ-২৫ সম্মেলনে প্রত্যাশা তুলে ধরা হয়।

এ সময় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ‘ক্ষয়-ক্ষতি’ মোকাবেলায় ‘ওয়ারশো ইন্টারন্যাশনাল মেকানিজম’-এর চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে মেকানিজমটি বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শুদ্ধাচার নিশ্চিতে বাংলাদেশের প্রতিনিধিদল তথা সরকারের নিকট আসন্ন কপ-২৫ এ অগ্রাধিকার ভিত্তিতে উপস্থাপনের জন্য প্রস্তাব করা হয়।

ড. ইফতেখার আরো বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্ভরতা থেকে সরে এসে ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে ৫০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সুপারিশ বাস্তবায়নের পথে হাঁটা শুরু করতে হবে। আর এখনই রামপাল, তালতলী ও কলাপাড়ার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়া উচিত।

সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আসন্ন কপ-২৫ সম্মেলনে প্যারিস চুক্তিতে স্বাক্ষরকারী দেশসমূহ তাদের অঙ্গীকারকৃত জলবায়ু অর্থায়নের পাশাপাশি ওয়ারশো ইন্টারন্যাশনাল মেকানিজমের আওতায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট ক্ষয়-ক্ষতি মোকাবেলায় ক্ষতিপূরণ প্রদান, ক্ষতিপূরণ প্রদানে প্রযোজ্য নীতিমালা ও কর্ম পদ্ধতি নির্ধারণ এবং তা বাস্তবায়নের পরিকল্পনা সম্পর্কে আলোচিত হবে।

তিনি আরো বলেন, এই অর্থায়ন হতে হবে উন্নয়ন সহায়তার ‘অতিরিক্ত’ ও ‘নতুন’ এবং এটি ক্ষতিপূরণ হিসেবে আসতে হবে।

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যামের অষ্টাদশ শীর্ষ সম্মেলন, ১৬-১৯ নভেম্বর আরব আমিরাতের দুবাই এয়ার শো এবং ২২ নভেম্বর ভারতের কলকাতায় বাংলাদেশ-ভারত প্রথম দিবারাত্রি টেস্ট ম্যাচ উদ্বোধনী উপলক্ষে সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রেস সচিব বলেন, এ সময় প্রধানমন্ত্রী তার সফর সম্পর্কিত তিনটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অগ্রগতি এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি বলেন, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একে অপরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। এর আগে প্রধানমন্ত্রী সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এ সময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ এর হাইকমান্ডের সবুজ সংকেত , নেতৃত্বে থাকছেন শাহে আলম মুরাদ !

0

ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখার ত্রি- বার্ষিক সম্মেলন আগামী ৩০ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হইবে , সম্মেলনের উদ্ভোদন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এই সম্মেলনকে ঘিরে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সারা দেশের আওয়ামী লীগ নেতা কর্মিদের মাঝে ব্যপক আগ্রহ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে , যেকোনো রাজনৈতিক দলের জন্য ঢাকা মহানগর ইউনিটকে খুবই গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে গন্য করা হয়ে থাকে কারন আন্দোলন সংগ্রামে এই ইউনিটের একটি বড় ভুমিকা থাকে ।

এবারের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে ব্যপক আলোচনায় রয়েছেন ১৯৮০ এর দশকে তৎকালীন সৈর শাসক জেনারেল জিয়াউর রহমানের আক্রোশের শিকার , চরম নির্যাতিত ও বার বার কারাবরণ কারী ছাএনেতা ও তৎকালীন ঢাকা মহানগর ছাএলীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ । তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন ও বর্তমানে অত্যান্ত নিষ্ঠার সাথে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন

অন্যান্নের মধ্য আবু আহমেদ মন্নাফী , সহ- সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ , মোঃ হেদায়েতুল ইসলাম স্বপন , সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ , দিলীপ রায় , যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ , কাজী মোরশেদ কামাল , সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ , গোলাম আশরাফ তালুকদার , সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ , আখতার হোসেন , প্রচার ও প্রকাশনা সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ , ও আরো এক ঝাঁক সাবেক ছাত্রনেতা সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী।

সম্মেলনকে সামনে রেখে নিউজ সেভেন 24.কম কে জনাব শাহে আলম মুরাদ বলেন , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ঘোষিত ভিশন ২০৪১ কে সামনে রেখে ইতিমধ্যে তিনি ডেলটা প্ল্যান ২১০০(একুশ শত) ঘোষণা করেছেন ও বর্তমানে সারা দেশব্যপি শুদ্ধি অভিযান পরিচালনা করছেন , আমি ব্যক্তিগত ভাবে এই শুদ্ধি অভিযানকে স্বাগত জানাই ও বঙ্গবন্ধু কন্যার আশীর্বাদ নিয়ে আওয়ামী লীগের একজন কর্মি হিসেবে শেখ হাসিনার যেকোনো নির্দেশ কে অক্ষরে অক্ষরে পালন করাই আমার প্রধান কাজ ।

নেতৃত্বের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন , নেতৃত্ব আমার কাছে বড় বিষয় নয় , জননেত্রী শেখ হাসিনা যতক্ষণ চাইবেন ঠিক ততক্ষণই নেতৃত্বে থাকবো কিন্তু নেত্রী আমার উপর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্ব দিয়ে যেই আস্থা রেখেছেন সেটাই আমার কাছে অনেক বড় বিষয় , নেত্রীর আস্থাভাজন হয়েই আমি সবসময় থাকতে চাই ।

শাহে আলম মুরাদ আরো বলেন , প্রতিদিন দলের সকল কর্মসূচি দায়িত্বের সাথে পালন করে , সকাল থেকে রাত পযর্ন্ত তৃনমুলের সকল পর্যায়ের নেতা কর্মিদের যেকোনো সমস্যা তাৎক্ষনিক সমাধানের চেষ্টা করি ও আগামীতেও করবো ইনশাআল্লাহ ।

সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন , সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, ইতিমধ্যেই আমন্ত্রণপত্র বিতরণ শেষ , আমাদের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অধিনে সকল ইউনিটের নেতা কর্মিরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের অপেক্ষায় আছি।

নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের বিভিন্ন সুত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুড বুকে শাহে আলম মুরাদ আছেন এবং দলের অনেকে ধারনা করছেন দলীয় হাইকমান্ড শাহে আলম মুরাদকে সবুজ সংকেত দিয়েছেন তবে মুরাদ কে পুনরায় সাধারণ সম্পাদক রাখা হবে নাকি সভাপতির দায়িত্ব দেওয়া হবে এটা নিশ্চিত করে কেউ বলতে পারছেনা তবে সেটা জানতে হলে ৩০ নভেম্বর দলের চুরান্ত ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে ।

এদিকে নিউজ সেভেন 24. কম প্রতিনিধির কে সাবেক ছাত্রনেতা ও শাহবাগ থানা অাওয়ামীলীগের নেতা জনাব মশিউর রহমান বিপ্লব বলেন , জননেতা জনাব শাহে আলম মুরাদ ভাইকে খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে আমার , ১/ ১১ এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জননেত্রী শেখ হাসিনা যখন কারাগারে অন্তরীন তখন সেনা শাসকদের ররক্ত চক্ষুকে উপেক্ষা করে নেত্রী মুক্তির আনদোলনে সারা ঢাকা মহানগরীতে দিন রাত পরিশ্রম করে পঁচিশ লক্ষ গনমানুষের সাক্ষর সংগ্রহ করেছিলেন , যা কিনা শেখ হাসিনাকে মুক্ত করার পথকে তরান্বিত করেছিলো , শুধু তাই নয় বঙ্গবন্ধু কন্যা যেদিন গ্রেফতার হন সেদিন আদালত পাড়ায় হাজার হাজার কর্মি সমর্থক নিয়ে নেত্রীর গ্রেফতারের তীব্র প্রতিবাদ করেছিলেন মুরাদ ভাই , এরপর সেনাসমর্থিত সরকার রাস্ট্রদ্রোহিতার মামলায় শাহে আলম মুরাদ ভাইকে এক নম্বর আসামি করেছিলো এবং সেই মামলা কাঁধে নিয়ে তাঁর একমাত্র শিশু পুত্র ও স্ত্রীর কাছ থেকে দুরে দীর্ঘ দুই বছর আত্নগোপনে থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা কর্মিদের সংগঠিত করে নেত্রীকে মুক্ত করেন ও পরবর্তীতে ২০০৮ সালের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীতে সবকয়টি সংসদীয় আসনের প্রার্থীকে বিজয়ী করতে অগ্রনী ভুমিকা রাখেন।

তাই আমি মনে করি, বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগে নেতৃত্ব দেওয়ার মতো জনাব শাহে আলম মুরাদ ভাই এর বিকল্প নেই ।

এদিকে সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলন স্থলের মূল মঞ্চকে চমৎকার ভাবে সাজানো হয়েছে ও সমস্থ উদ্যান জুড়ে এবং তার আসপাশের রাজপথের চারিদিকে আলোকসজ্জা ও বিভিন্ন নেতা কর্মিদের ব্যনার , ফেস্টুন শোভা পাচ্ছে , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ নভেম্বর সকাল ১০ টায় সম্মেলন উদ্ভোদন করবেন এবং ওই দিন সম্মেলনের ২য় অধিবেশনে নেতা কর্মিদের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আস্থাভাজন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করবেন ।

পশ্চিমবঙ্গে বিজেপির ঔদ্ধত্য ও অহংকারের পতন

0

পশ্চিমবঙ্গের তিনটি আসনের উপনির্বাচনে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপির প্রার্থীরা।

পশ্চিমবঙ্গের কালিয়াগঞ্জ, খড়গপুর ও করিমপুর আসনে তৃণমূলের প্রার্থীরা ব্যাপক ব্যবধানে বিজেপির প্রার্থীদের হারিয়েছেন বলে প্রাথমিক ফলে জানা যাচ্ছে।

উপনির্বাচনে অভাবনীয় এই সাফল্যে উচ্ছ্বসিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগলেন বিজেপির ‘ঔদ্ধত্য ও অহংকার’র বিরুদ্ধে। বৃহস্পতিবার প্রাথমিক ফল প্রকাশিত হওয়ার পর তিনি বলেন, ‘ঔদ্ধত্য এবং অহংকারই’ বিজেপির পতনের মূল কারণ। জাতীয় নাগরিক পঞ্জিকার (এনআরসি) বিরুদ্ধেও সরব হন তিনি।

মাত্র ছয় মাস আগে লোকসভা নির্বাচনে খড়গপুর-কালিয়াগঞ্জ আসনে পিছিয়ে থেকেও দুই কেন্দ্রে উপনির্বাচনে বিপুল ভোটের এই জয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন মমতা। তিনি এই জয়কে রাজ্যের মানুষকে উৎসর্গ করেছেন। পাশাপাশি তার নতুন স্লোগান, ‘তিনে-তিন, বিজেপিকে বিদায় দিন।’

তিন কেন্দ্রেই এনআরসি যে ব্যাপক প্রভাব ফেলেছে, সে কথা বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপির ঔদ্ধত্য, অহংকারকে মানুষ ভালোভাবে নেয়নি। যখন তখন যে কোনও রাজ্যে যা খুশি করছে। বিজেপি কখনও এনআরসি, কখনও অন্য কিছু নিয়ে যা খুশি প্রচার করছে। এই মানুষরাই দীর্ঘদিন ধরে ভোট দিয়েছেন, এমপি-এমএলএ বানিয়েছেন, সমস্ত কাজ করেছেন। আর এখন ওরা (বিজেপি) বলছে, নাগরিকত্বের প্রমাণ দিতে হবে।’

তিনি বলেন, ‘অর্থনীতির খারাপ হাল। মানুষ কাজ পাচ্ছেন না, উল্টো কাজ হারাচ্ছেন। যুব সমাজের কাছে কোনও দিশা নেই।’

তৃণমূলের এই নেত্রী বলেন, ‘৯৮ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর গত ২১ বছর ধরে আমরা কোনও দিন কালিয়াগঞ্জ এবং খড়গপুর আসন জিততে পারিনি। এবার মানুষ আমাদের আশীর্বাদ করেছেন। এটা মানুষের জয়। তাই মানুষকেই এই জয় উৎসর্গ করছি আমরা। মানুষের রায়ই বড় রায়, তার চেয়ে বড় কিছু হতে পারে না।’

সূত্র: আনন্দবাজার

‘শুধু টিউলিপ নামের কারণে তারা গচ্চা দেয় ৩২ কোটি টাকা’

0

‘আমার ছোট বোন রেহানার মেয়ের নাম টিউলিপ। নেদারল্যান্ডসের একটি কম্পানির নামও টিউলিপ। শুধু নামের কারণে ঈর্ষান্বিত হয়ে ১০ হাজার কম্পিউটার এবং ৩২ কোটি টাকা গচ্চা দেয় তারা।’

২০০১ সালে বিএনপি আমলের একটি ঘটনার কথা উল্লেখ করে চারটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রকল্পগুলো উদ্বোধন করা হয়।

শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে ক্ষমতায় থাকতে নেদারল্যান্ডসের একটি কম্পিউটার কম্পানির সঙ্গে কথা হয়, তারা কম দামে আমাদের ১০ হাজার কম্পিউটার দেবে। এর মধ্যে তারা বললো ৫ হাজার কম্পিউটার আপনারা কিনবেন, বাকি ৫ হাজার আমরা অনুদান দেব। সে হিসাবে চুক্তি হলো। কিন্তু এরই মধ্যে ক্ষমতার পালাবদল হলো। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলো।’

‘নেদারল্যান্ডসের সঙ্গে কম্পিউটার নেয়ার চুক্তির বিষয়টি সম্পর্কে বেগম খালেদা জিয়াকে বলা হলো, শেখ রেহানার মেয়ের নাম টিউলিপ। আবার নেদারল্যান্ডসের যে কেম্পানি থেকে কম্পিউটার নেয়া হবে, এর নামও টিউলিপ। শুধু নামের কারণে এই কম্পানি থেকে কম্পিউটার নেয়া বন্ধ করে দেয় তখন। নেদারল্যান্ডস কম্পানি এ বিষয়ে মামলা করে। মামলার কারণে আমাদের ৩২ কোটি টাকা ব্যয় হয়। শুধু একটি নামের কারণে ৩২ কোটি টাকা গেল এবং ১০ হাজার কম্পিউটারও গেলে। এই হলো বিএনপির মনোভাব।’

তিনি আরও বলেন, এর আগে বিএনপি ক্ষমতায় থাকতে মোবাইল ফোন এবং কম্পিউটারের দাম এমনভাবে ধরা হলো যে অনেক ধনী লোকেরও মোবাইল এবং কম্পিউটার ক্রয় সাধ্যের বাইরে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা আবারও ক্ষমতায় আসার পর মোবাইল ফোন এখন মানুষের হাতে হাতে। এ ছাড়া জয়ের পরামর্শ অনুযায়ী কম্পিউটারের ওপর ট্যাক্স কমিয়ে দেয়া হয়। এখন গ্রামগঞ্জ-হাট-বাজার ও ঘরে ঘরে কম্পিউটার। অনেকে কিম্পিউটারের মাধ্যমে ব্যবসা করছে। ছাত্র-ছাত্রীদের ট্রেনিং দিচ্ছে। এতে অনেকের কর্মসংস্থান হয়েছে। অনেকে আউট সোর্সিং করে পয়সা ইনকাম করছে।

রোহিঙ্গা ইস্যুতে রিয়াদ বাংলাদেশের পাশে থাকবে

0

সৌদি আরব সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) জেনারেল ফায়াদ বিন হামিদ আল-রুওয়াইলি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে বলেছেন, রিয়াদ এই ইস্যুতে সবসময়ই ঢাকার পাশে থাকবে।

সৌদি সিজিএস আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিং করেন।

সৌদি আরব এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে চমৎকার সহযোগিতার কথা উল্লেখ করে জেনারেল ফায়াদ বলেন, দিন দিন এই সহযোগিতা বাড়ছে।

সৌদি সিজিএস এ সময় বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) প্রদত্ত প্রশিক্ষণের প্রশংসা করেন।

তিনি বলেন, এনডিসির প্রশিক্ষণের মান অত্যন্ত উন্নত এবং আমরা প্রশিক্ষণে অংশগ্রহন অব্যাহত রাখতে চাই।

জেনারেল ফায়াদ ইয়েমেন ইস্যুতে সৌদি আরবের অবস্থান ব্যাখ্যা করে বলেন, আমরা আগ্রাসনে যেতে চাই না, আমরা শান্তি চাই। তিনি এ সময় সন্ত্রাস দমনে বাংলাদেশের নেওয়া পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

মুসলিম উম্মার মধ্যে দ্বন্দ্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আলোচনা ও সমঝোতার মাধ্যমে ভ্রাতৃত্বের দ্বন্দ্বের অবসান করা উচিৎ।

প্রধানমন্ত্রী বলেন, দ্বন্দ্বের কারণে এই সুবিধাটি অস্ত্র বিক্রেতাদের কাছে যায়। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে উস্কানি দেয়া হয়েছে। তবে, আমরা বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সহযোগিতার কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, এই সহযোগিতা আরও জোরদার হবে।

শেখ হাসিনা বলেন, সৌদি আরব বাংলাদেশের মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং সৌদি সশস্ত্র বাহিনীর মধ্যে প্রশিক্ষণ সহায়তা এবং সরঞ্জাম সহায়তা বিশেষ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সহায়তা বহুমাত্রিক।

সন্ত্রসবাদ সম্পর্কে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার সমাজের সকল শ্রেণির মানুষকে নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সচেতনতা তৈরি করছে।

জেনারেল ফায়াদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তার দেশের আকাক্সক্ষার কথা জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মো. মাহফুজুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।