Home Blog Page 3324

যে সাত আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো

0

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে সাবেক সংসদ সদস্য কাদের খানসহ সাতজনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ রায় ঘোষণা করেন। ঘটনার প্রায় তিন বছর পর এ রায় ঘোষণা করা হলো।

যে সাত আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন সাবেক এমপি কাদের খান, কাদের খানের পিএস শামছুজ্জোহা, গাড়িচালক হান্নান, ভাতিজা মেহেদি, শাহীন ও রানা, চন্দন কুমার রায়। চন্দন পলাতক, অন্যরা জেলা কারাগারে আছেন। আরেক আসামি কসাই সুবল কারাগারে অসুস্থ অবস্থায় মারা যান।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গার মাস্টারপাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তৎকালীন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় ২০১৭ সালের ১ জানুয়ারি অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন লিটনের বড় বোন ফাহমিদা কাকলী বুলবুল। দীর্ঘ তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ এপ্রিল জাতীয় পার্টির (জাপা) সাবেক এমপি কর্নেল (অব.) আব্দুল কাদের খানসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি বগুড়ার বাসা থেকে কাদের খানকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৮ সালের ৮ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে শেষ হয় ৩১ অক্টোবর। আদালতে মামলার বাদী, নিহতের স্ত্রী, তদন্ত কর্মকর্তাসহ ৫৯ জন সাক্ষ্য দিয়েছেন। লিটন হত্যার ঘটনায় ব্যবহৃত অবৈধ অস্ত্র মামলায় গত ১১ এপ্রিল কাদের খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

বিএসসির জাহাজসহ ৪ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চারটি প্রকল্পের উদ্বোধন করেছেন। প্রকল্পগুলো হলো- পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেলের মধ্যে দিয়ে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্প, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে গবেষণা প্রকল্প, বঙ্গবন্ধু হাইটেক সিটি গাজীপুরের ডাটা সেন্টার ও বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন ৫টি জাহাজের প্রকল্প।

আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনীতে প্রকল্পগুলো সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ সংক্ষিপ্ত বর্ণনা দেন এবং ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) নতুন পাঁচটি সমুদ্রগামী জাহাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বাংলাদেশ ও চীন সরকারের চুক্তি অনুযায়ী নতুন পাঁচটিসহ ছয়টি জাহাজ সংগ্রহে ব্যয় হয়েছে এক হাজার ৬৩৭ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে চীন সরকারের সহায়তা এক হাজার ৫২৭ কোটি ৬৬ লাখ টাকা এবং বিএসসির নিজস্ব অর্থ ১০৯ কোটি ৪৯ লাখ টাকা। প্রতিটি জাহাজের ধারণ ক্ষমতা ৩৯ হাজার ডিডব্লিউটি (ডেড ওয়েট টন)। এগুলোর দুটি বাল্ক ক্যারিয়ার ও তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার। জাহাজগুলো হলো- এমভি বাংলার সমৃদ্ধি, এমভি বাংলার অর্জন, এমটি বাংলার অগ্রযাত্রা, এমটি বাংলার অগ্রদূত এবং এমটি বাংলার অগ্রগতি।

রায়ের অপেক্ষায় আদালতে ওসি মোয়াজ্জেম

0

সোনাগাজী মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে আদালতে হাজির করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাশিমপুর কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাকে ঢাকা মহানগর আদালতে হাজির করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে মহানগর আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রায় ঘোষণার সময় তাকে সাইবার ট্রাইব্যুনাল আদালতে উঠানো হবে। ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলার রায় দেওয়া হবে আজ। এটা বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার প্রথম রায়।

গত ২০ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-শামস জগলুল হোসেন। এ মামলায় ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

চলতি বছরের গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে শ্রেণিকক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা। এমন অভিযোগ উঠলে দুজনকে থানায় নিয়ে যান ওসি মোয়াজ্জেম হোসেন। এ সময় ওসি নিয়ম ভেঙে জেরা করেন এবং নুসরাতের বক্তব্য ভিডিও করেন।

মামলায় অভিযোগে বলা হয়, ওসি মোয়াজ্জেম অনুমতি ছাড়া নিয়মবহির্ভূতভাবে নুসরাতকে জেরা এবং তা ভিডিও করেন। পরে ওই ভিডিও ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন তিনি।

ভিডিওতে আরও দেখা যায়, ওসি মোয়াজ্জেম অত্যন্ত অপমানজনক ও আপত্তিকর ভাষায় নুসরাতকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন। নুসরাতের বুকে হাত দিয়ে শ্লীলতাহানি করা হয়েছে কি না, এমন প্রশ্নও করতে শোনা যায় ওসি মোয়াজ্জেমকে।

নুসরাতের ভিডিও ছড়ানো ওসি মোয়াজ্জেমের মামলার রায় আজ

0

ফেনীতে পুড়িয়ে হত্যার শিকার মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির বিভিন্ন অভিযোগের বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনীর সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেন এই রায় ঘোষণা করবেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৭ মার্চ সকাল ১০টার দিকে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা তাঁর অফিসের পিয়ন নূরুল আমিনের মাধ্যমে ছাত্রী রাফিকে ডেকে নেন। পরীক্ষার আধা ঘণ্টা আগে প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন অধ্যক্ষ। এ ঘটনায় অভিযোগ করতে গেলে বিচারের বদলে তা ভিডিও করে ছড়িয়ে দিয়ে নুসরাতকে নানাভাবে হেনস্তা করেন সাবেক ওসি মোয়াজ্জেম।

গত ১৫ এপ্রিল মোয়াজ্জেমের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।

এরপর ২৭ মে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার রীমা সুলতানা প্রতিবেদন দেন। তদন্ত প্রতিবেদনে তিনি বলেন, ‘ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।’ এরপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

গত ১৬ জুন দুপুরে রাজধানীর শাহবাগ এলাকা থেকে ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। পরদিন ১৭ জুন তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন সাইবার ট্রাইব্যুনাল। সেই থেকে মোয়াজ্জেম কারাগারে আছেন। গত ১৭ জুলাই তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ৩১ জুলাই মামলার বাদী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় বিচার। রাষ্ট্রপক্ষে মোট ১২ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। এর মধ্যে নুসরাতের মা, ভাই ও দুই সহপাঠী সাক্ষ্য দেন।

সৌদি থেকে দেশে ফিরলেন সেই হুসনা

0

সৌদি আরবে গৃহকর্তার নির্যাতনের শিকার হয়ে বাঁচার আকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠানো সেই হুসনা আক্তার অবশেষে দেশে ফিরেছেন। হুসনাকে বহনকারী সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইট বুধবার রাত ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ব্র্যাকের অভিবাসন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান এই তথ্য জানিয়েছেন।

জানা গেছে, অ্যাম্বুলেন্সে করে তাকে এয়ারপোর্টের ভিআইপি গেট দিয়ে বের করা হয়। এরপর প্রবাসীকল্যাণ বোর্ডের বিশেষ টিমের সহায়তায় অ্যাম্বুলেন্সটি তাকে নিয়ে সরাসরি হবিগঞ্জে যাবে।

এর আগে সৌদি স্থানীয় সময় দুপুর ২টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

হুসনার বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামে। গত ৭ নভেম্বর আর্থিক সচ্ছলতা আনতে গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরবে যান।

হুসনার পাঠানো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এলে তাঁকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়।

প্রসঙ্গত, ভিডিওবার্তার মাধ্যমে তার স্বামীকে নির্যাতনের বর্ণনা দিয়ে দেশে ফেরার আকুতি জানান সৌদি আরবে নির্যাতিত হুসনা। তার ভিডিওবার্তা ও স্বামীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কালের কণ্ঠে সংবাদ প্রকাশিত হলে হুসনাকে দেশে ফেরাতে উদ্যোগী হয় বাংলাদেশ সরকার।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ কনসুলেট জেনারেল শ্রমকল্যাণ উইং হুসনাকে উদ্ধার করে সেইফহোমে নিয়ে যায়। সেইফহোমে নেওয়ার পর আজ বুধবার দেশে পাঠানো হয় হুসনাকে।

ইউনেস্কোও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করবে

0

জাতির পিতার জন্মশত বার্ষিকী বাংলাদেশের সাথে যৌথভাবে উদযাপন করার ঘোষণা দিয়েছে জাতিসংঘের বিজ্ঞান, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সংস্থা-ইউনেস্কো।

বুধবার সন্ধ্যায় গণভবনে জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বলেন, গত ২৫ নভেম্বর প্যারিসে ইউনেস্কো সদর দফতরে সংস্থার চল্লিশতম সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে সর্বসম্মতভাবে মুজিববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উদযাপন উপলক্ষে আয়োজিত এই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অংশ নেন মন্ত্রীপরিষদের সদস্যসহ বিশিষ্টজনরা।

গত ২৫ নভেম্বর প্যারিসে ইউনেস্কোর সদরদপ্তরে অনুষ্ঠিত ৪০তম সাধারণ অধিবেশনে সংস্থাটির সাধারণ পরিষদের সভাপতি আলতে সেনজাইজারের সভাপতিত্বে এবং ইউনেস্কো মহাপরিচালক মিজ অদ্রে আজুলে এবং বিভিন্ন কমিটি ও কমিশনের চেয়ারপারসনদের উপস্থিতিতে অনুষ্ঠিত প্লেনারি সেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ইউনেস্কোর সাথে যৌথভাবে উদযাপনের প্রস্তাবনাটি দীর্ঘ পথ পরিক্রমায় সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের সাথে ইউনেস্কো যুক্ত হওয়ায় আগামী ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ পর্যন্ত মুজিববর্ষ উদযাপনকালে দেশজুড়ে নানা কর্মসূচি পালনের সাথে সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবন আরও ব্যাপক পরিসরে অবহিত করার সুযোগ সৃষ্টি হলো।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে ইউনেস্কো সদর দপ্তরে অনুষ্ঠিত ২০৬তম ইউনেস্কো নির্বাহী বোর্ডসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ইউনেস্কোর সাথে যৌথভাবে উদযাপনের প্রস্তাবটি ইউনেস্কো সাধারণ সভার ৪০তম অধিবেশনে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। এরপর গত ১৪ নভেম্বর ২০১৯ তারিখে ইউনেস্কো সাধারণ সভার চলতি অধিবেশনের প্রোগ্রাম এবং বাজেট সম্পর্কিত কমিশন কর্তৃক প্রস্তাবনাটি চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশসহ প্লেনারি সেশনে প্রেরণ করা হয়।

বাংলাদেশের এ বিশাল অর্জনের ঐতিহাসিক মুহূর্তে ইউনেস্কো সাধারণ সভার ৪০তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি., মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. মনজুর হোসেন ও প্রোগ্রাম অফিসার মোসা.শামীমা সুলতানা, প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব নির্ঝর অধিকারী, শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এবং মাননীয় শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

৮২টি জীবাণু ওষুধেও মরছে না! মারাত্মক ঝুঁকিতে জনস্বাস্থ্য

0

বাংলাদেশ ৮২টি রোগের জীবাণু রেজিস্ট্যান্ট বা এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। অর্থাৎ অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করেও এদের মারা সম্ভব হচ্ছে না। দেশের ১৫০টি ফার্মাসিউটিক্যালসের ওষুধ নিয়ে গবেষণা করে এ তথ্য বেরা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় গবেষণাটি সম্পন্ন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সেমিনারে অধ্যাপক ডা. সায়েদুর রহমান এ তথ্য উপস্থাপন করেন।

তিনি বলেন, রেজিস্ট্যান্সির শীর্ষ তালিকায় রয়েছে, সিপ্রোফ্লক্সাসিন (২১ শতাংশ), অ্যামক্সিসিলিন (১৬.৫ শতাংশ), অ্যাজিথ্রোমাইসিন (১৪ শতাংশ), সেফালোস্ফোরিন (১৩.৩ শতাংশ), মেট্রোনিডাজল (১২.৮ শতাংশ), ফিনক্সি মিথাইল পেনিসিলিন (৯.৩ শতাংশ), ক্লোক্সাসিলিন/ফ্লুক্লক্সাসিন (৬.৫ শতাংশ), অ্যাজল অ্যান্টিফাঙ্গাল (৫ শতাংশ) এবং অন্যান্য (৫.৩ শতাংশ)।

সেমিনারে জানানো হয়, বর্তমানে বিশ্বে যে কয়টি স্বাস্থ্যঝুঁকি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয় তার মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অন্যতম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিমাইক্রোবিয়ালের কার্যকারিতা হারানোর ঘটনাকে নীরব মহামারি হিসেবে চিহ্নিত করেছে।

সাধারণ সংক্রমণজনিত রোগব্যাধির চিকিৎসা থেকে শুরু করে যেকোনো ধরনের অপারেশন, এমনকি ক্যান্সার চিকিংসাও অনেকখানি সহজ ও সফল হয়ে উঠেছিল অ্যান্টিমাইক্রোবিয়ালের আবিষ্কারের ফলে। কিন্তু রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার উদ্ভবের ফলে এসব রোগের চিকিৎসা কঠিন বা অসম্ভব হয়ে উঠছে।

অবস্থা আরও জটিল হয়ে উঠেছে অন্যান্য ক্ষেত্রেও। যেমন পশুপালন, মুরগি পালন, মৎস্য চাষ, কৃষিকাজসহ বিভিন্ন খাতে অ্যান্টিমাইক্রোবিয়ালের ক্রমবর্ধমান ব্যবহার। আর এ মুহূর্তে পৃথিবীতে যে পরিমাণ এন্টিমাইক্রোবিয়াল ব্যবহৃত হচ্ছে, এর শতকরা ৭০ ভাগই মানুষ ছাড়া অন্যান্য খাতে।

সেমিনারে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মো. মাহবুবুর রহমানসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুবাই-মধ্যপ্রাচ্যে পাচার বাংলাদেশি তরুণীদের রোমহর্ষক গল্প

0

ড্যান্স ক্লাবে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জ থেকে গত এক বছরে ৭২৯ জন তরুণীকে দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার করেছে আন্তর্জাতিক পাচারকারী একটি চক্র। শুধু তাই নয়, কম বয়সী এ তরুণীদের বিদেশে নিয়ে যৌন পেশায় বাধ্য করা হতো। আর যৌন পেশায় যেতে রাজি না হলে চলতো নির্যাতন।

তেমনি পাচারের শিকার রিয়া (ছদ্মনাম) জানালেন লোমহর্ষক এক ঘটনা। তিনি জানান, আমি এখানে ডান্স শিখেছিলাম। ওই চক্রের এক সদস্য ভালো বেতনে ডান্স বারে চাকরির কথা বলে আমাকে দুবাইতে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর প্রথম ১০ থেকে ১২ দিন আমার সঙ্গে ভালো ব্যবহার করছিল চক্রটি। এবং বারে ডান্স করার সুযোগও দিয়েছে। এরপরে ওই বারের গেস্টদের ফোন নম্বর দেয়া হয় এবং আমাকে কথা বলতে বলে, আমি রাজি না হওয়ায় চলে আমার ওপর নির্যাতন।

তিনি বলেন, দুবাইয়ের ওই ডান্স বারে টোকেন সিস্টেমে যৌন কাজ হয়। আর প্রতিদিন ২০টি টোকেন না দিতে পারলে ওই চক্রের সদস্যরা মারধর করে। এরপর আমাদের জোর করে মদ পান করায়, তারপর আমাদের রুমে ওই গেস্টদের পাঠিয়ে দেয়। এভাবেই দুবাইতে যন্ত্রণাময় কয়েকমাস কাটিয়েছি আমরা। সাথে ওই বারে বাংলাদেশি কয়েকটি মেয়ে ছিল। কথা না শুনলে তাদের ওপর চলতো নির্যাতন।

তিনি আরও বলেন, প্রতিদিন ২০টি টোকেন না দিতে পারলে মারধরের সঙ্গে টাকা দেওয়া বন্ধ করে দেয়া হতো। এবং চলতো দিনভর মানসিক নির্যাতন। আর ২০টি টোকেন দিতে পারলেই তাদের মাস শেষে নামমাত্র কিছু টাকা ধরিয়ে দেয়া হতো। তবে পাচার হওয়া তরুণীরা কিন্ত ওই চক্রটির নির্ধারিত জায়গায় থাকে।

দুবাইতে পাচারের শিকার আরেক তরুণী জাহানারা (ছদ্ধনাম) বলেন, দুবাইতে আমাকে যে স্থানে নিয়ে যাওয়া হয়, সেখানে প্রায় ৫ হাজারের মতো বাংলাদেশি তরুণীকে দেখেছি। যারা সবাই প্রতারণার শিকার। তাদের দিয়ে দুবাইয়ের বিভিন্ন বারে দেহ ব্যবসা করানো হতো।

তিনি বলেন, যে নির্ধারিত টোকেন না দিতে পারে তাদের ঘরে বন্দী করে দু তিনদিন খাবার বন্ধ করে দেয় চক্রটি। তাতেও যদি কাজ না হয় তাহলে চলে টানা মারধর।

পাচারের শিকার মিতু ( ছদ্ধনাম) নামে আরেক তরুণী দিলেন সবাইকে সতর্ক বার্তা। তার একটাই অনুরোধ, ভবিষ্যতে যেন কোনো মেয়ে এ ধরনের প্রলোভনে জীবন নষ্ট না করে। কারণ তিনি জানালেন একই কথা, বিদেশে ডান্স বারের নামে চলে দেহ ব্যবসা। ওখানে জোরপূর্বক এই শিল্প। তাই জায়গায় ছোট হলেও বাংলাদেশেই যেন মেয়েরা তাদের ডান্স ক্যারিয়ার গড়ে।

সরকারের প্রতি অনুরোধ জানিয়ে এ তরুণী বললেন, আমরা তো বাংলাদেশেরই মেয়ে, আমাদের ক্যারিয়ারে দায়িত্ব আপনারাই নিন। বিদেশে যেন কোনো মেয়ে আর পাচার হতে না পরে সেদিকে নজর দিন।

এ বিষয়ে র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত ব্যাটালিয়ান অধিনায়ক (সিও) স্কোয়ার্ডন লিডার রেজাউল হক জানালেন, পাচার হওয়া মেয়েদের বেশিরভাগ ১৬ থেকে ২২ বছর বয়সী। আমাদের অনুসন্ধান বলছে, পাচার হওয়া তরুণীরা নিম্নবিত্ত পরিবারের সুন্দরী মেয়ে। তাই খুব সহজেই তাদের প্রলোভনে আকৃষ্ট করা যায়। আর এ দুর্বলতাকেই কৌশল হিসেবে নিয়েছে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রটি।

এ চক্রের সন্ধান পায় র‌্যাবের একটি দল। পরে গত ২৩ নভেম্বর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও রাজধানীর খিলগাঁও থানার গোড়ান এলাকা থেকে আটক করে অনিক হোসেন, মনির হোসেন, আক্তার হোসেন, আফতাউল ইসলাম পারভেজ ও আবদুল হান্নান নামে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের ছয় সদস্যকে। ওই রাতেই আটকদের হেফাজতে থাকা চার তরুণীকে উদ্ধার করা হয়, যাদের পাচার করার প্রস্তুতি চলছিল।

এ সময় ওই স্থান থেকে ৭০ জন তরুণীর পাসপোর্ট, ২০০ পাসপোর্টের ফটোকপি, অর্ধশত বিমানের টিকিট, অর্ধশত ট্যুরিস্ট ভিসার ফটোকপি, একটি সিপিইউ, একটি মনিটর, একটি অত্যাধুনিক বিলাসবহুল মাইক্রোবাস ও নগদ এক লাখ ৫৮ হাজার টাকা জব্দ করে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, আটকদের মধ্যে আকাশ এবং হান্নান ‘মোবিন এয়ার’ নামের একটি ট্রাভেল এজেন্সির মালিক। এছাড়া আক্তার হোসেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার ‘গাঙচিল’ ও ‘তারার মেলা’ নামে দুটি ড্যান্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রশিক্ষক এবং অনিক হোসেন রাজধানীর উত্তরার ‘এডিসি অনিক ড্যান্স কম্পানি’র প্রতিষ্ঠাতা প্রশিক্ষক।

আটকরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা দুবাই ও মালয়েশিয়াসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্টেট ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্যান্স ক্লাবে চাকরির প্রলোভন দেখিয়ে গত এক বছরে অর্ধ সহস্রাধিক তরুণীকে পাচার করেছে।

এদিকে পাচারের পর উদ্ধার তরুণীরা জানান, বিদেশে ড্যান্স ক্লাবে কমপক্ষে ৫০ হাজার টাকা বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার অন্তত পাঁচ হাজার বাংলাদেশি তরুণীকে পাচার করেছে এ চক্রটি।

র‌্যাবের অনুসন্ধান ও অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্ব দেয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, মূলত এ পাচারকারী চক্রের প্রধান লক্ষ্যই হচ্ছে বিভিন্ন গার্মেন্টসে কর্মরত স্বল্প শিক্ষিত সুন্দরী তরুণীসহ পারিবারিক ভাঙন ও বিবাহ বিচ্ছেদের শিকার তরুণীরা। এ চক্রের সঙ্গে দেশের বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সি ও পাসপোর্ট অফিসের লোকজনসহ দালাল চক্রের শতাধিক ব্যক্তি জড়িত রয়েছে। র‌্যাব তাদের ব্যাপারে তথ্য সংগ্রহসহ অন্যান্য সদস্যদেরকেও আইনের আওতায় এনে নারী পাচার বন্ধে সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

‘কাশ্মীরি নারীদের গণহারে ধর্ষণ করছে ভারতীয় বাহিনী’

0

কাশ্মীরি নারীদেরকে গণহারে ধর্ষণে মেতেছে ভারতীয় বাহিনী। ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদী কাশ্মীরিদের মনোবল ভাঙতে এবং প্রতিশোধ নিতেই ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী।

বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে এ দাবি করেছে।

নারীদের বিরুদ্ধে সহিংসতা নির্মূলে বিশ্বজুড়ে ১৬ দিনের এক কর্মসূচি চলাকালীন এমন দাবি করলো নিউইয়র্কভিত্তিক এই মানবাধিকার সংগঠন। গত ২৫ নভেম্বর এই কর্মসূচি শুরু হয়েছে। প্রত্যেক বছর এই দিনটিকে বিশ্বজুড়ে নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়।

ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে চলতি বছর বিশ্বকে ঐক্যবদ্ধ করার প্রত্যাশা করেছেন মানবাধিকার কর্মীরা। জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো সাম্প্রতিক প্রতিবেদনে বলছে, কাশ্মীরে যারা ভারতীয় দখলদারিত্বের অবসানের দাবি করছেন, তাদের মনোবল ভেঙে দিতেই ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী সেখানকার নারীদের টার্গেট করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরি নারীদের প্রতিনিয়ত ধর্ষণ করলেও ভারতীয় নিরাপত্তা বাহিনী নিয়মিতভাবে দায়মুক্তি পাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, যুদ্ধ এবং শান্তির সময়ও যৌন সহিংসতা ও ধর্ষণ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। ধর্ষণে বেঁচে যাওয়া নারীদের পাশে দাঁড়িয়ে তাদের ক্ষমতায়ন এবং লিঙ্গভিত্তিক সহিংসতার অবসানের এটাই সময়।

জাতিসংঘের কর্মকর্তা মারিয়া লুইজা ভিওট্টি সতর্ক করে দিয়ে বলেছেন, নারীদের বিরুদ্ধে সহিংসতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, আমরা যখন কাজে বের হয়ে নারীদের সঙ্গে কথা বলি, তখন জানতে পারি প্রতি তিনজনের মধ্যে একজন নারী যৌন সহিংসতার শিকার হয়েছেন।

‘কিছু কিছু অঞ্চলে এবং কিছু নারীর ক্ষেত্রে যৌন সহিংসতার হার অনেক বেশি; এটাই একমাত্র সহিংসতা যা জানা যাচ্ছে। তবে এর প্রকৃত চিত্র আরও অনেক বেশি হবে।’

জাতিসংঘের এই কর্মকর্তার পর্যবেক্ষণের সঙ্গে একমত পোষণ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেছেন, লিঙ্গভিত্তিক সহিংসতা একটি বৈশ্বিক ইস্যু; যা বছরে লাখ লাখ নারী এবং তরুণী ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এমনকি তাদের পরিবার এবং সম্প্রদায়ও আক্রান্ত। এটি জীবনের সমস্ত দিককে প্রভাবিত করছে। এটা শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং বাড়িতেও বিদ্যমান।

গত জুলাইয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার কাশ্মীরে ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনীর ‘ধর্ষণ ও যৌন সহিংসতাসহ’ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বলপ্রয়োগপূর্বক আটকে রাখা, বেআইনি কারাবন্দি অবস্থায় মৃত্যু, গুম, দুর্ব্যবহার এবং নির্যাতনের নানা অভিযোগ এক প্রতিবেদনে নথিভূক্ত করেন।

এই প্রতিবেদনে ভারতীয় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন-১৯৯০ এ যে অস্বাভাবিক ক্ষমতা দেয়া হয়েছে; সে বিষয়টি তুলে ধরা হয়। এই আইনে সামরিক বাহিনীকে রাষ্ট্র পুরোপুরি দায়মুক্তি দিয়েছে। যুদ্ধ-সংঘাতে যৌন সহিংসতাবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমীলা প্যাটেন বলেছেন, তিনি মাঠ পরিদর্শনে গিয়ে অনেক ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছেন।

তাদের সঙ্গে আলোচনা করে তার মনে হয়েছে, যৌন সহিংসতার বিষয়টির অবসানের এখনই উপযুক্ত সময়। প্যাটেন বলেছেন, দীর্ঘদিন ধরে এই বিষয়টির অবসান অনিবার্য ছিল; কিন্তু হয়নি। বর্তমানে এটাকে প্রতিরোধযোগ্য হিসেবে বোঝা উচিত।

গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে দেয় ভারতের বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকার। এই বিশেষ মর্যাদা বাতিল হয়ে যাওয়ার পর এখন জম্মু-কাশ্মীর ও লাদাখ ভেঙে দুটি অঞ্চল করা হয়েছে।

কাশ্মীরিরা দশকের পর দশক ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে। প্রতিনিয়ত সেখানে দেশটির আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে কাশ্মীরিদের সংঘাত, সংঘর্ষে হাজার হাজার বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে।

৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

0

বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৬৬ শূন্যপদে প্রার্থী নিয়োগ দিতে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার বিকেলে পিএসসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে ৪ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।

প্রার্থীর বয়স ১ নভেম্বর থেকে গণণা করা হবে। জানুয়ারির ৪ তারিখের মধ্যে প্রার্থীকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

এর আগে গত রবিবার পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের নেতৃত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জানানো হয় চলতি সপ্তাহের মধ্যেই ৪১তম বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করতে পারে পিএসসি।