Home Blog Page 3325

আন্তর্জাতিক গণমাধ্যমে হলি আর্টিজান হামলার রায়

0

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলায় সাত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একজনকে খালাস দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বিবিসি, রয়টার্স, এএফপি, আলজাজিরাসহ বিভিন্ন গণমাধ্যমে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলা রায়ের খবর প্রকাশিত হয়েছে।
আজ বুধবার দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।
বার্তা সংস্থা রয়টার্স এ খবরের শিরোনাম করেছে ‘২০১৬ সালের ক্যাফে হামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ’।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনের শিরোনাম ‘২০১৬ সালের ক্যাফে হামলার ঘটনায় বাংলাদেশি ইসলামবাদীদের মৃত্যুদণ্ড’।
বার্তা সংস্থা এপি এ খবরের শিরোনাম দিয়েছে ‘ক্যাফে হামলার ঘটনায় ৭ জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ’।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার শিরোনাম ‘হলি আর্টিজান : সাতজনকে মৃত্যুদণ্ড দিল ঢাকা আদালত’।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলো রাকিবুল হাসান রিগ্যান, মো. জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, মো. আবদুস সবুর খান, মো. আসলাম হোসেন র‍্যাশ, মো. হাদিসুর রহমান সাগর, মো. শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন। খালাস পাওয়া আসামি হলো মো. মিজানুর রহমান ওরফে বড় মিজান।

চীন থেকে আমদানিকৃত ৫৮০টন পেঁয়াজ আজ খালাস হচ্ছে চট্টগ্রাম বন্দরে

0

চীন থেকে আমদানিকৃত ২০ কন্টেইনার ৫৮০ মেট্রিক টন পেঁয়াজ আজ থেকে চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে। আগামী সপ্তাহে বন্দরে পৌঁছুবে আরো এক লাখ টনেরও বেশি পেঁয়াজ।
ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান খাতুনগঞ্জের বিএসএম গ্রুপ জরুরি ভিত্তিতে ৮০০ টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলে। দ্রুততম সময়ের মধ্যেই এই পেঁয়াজ আমদানি করেছে তারা। তৎমধ্যে ৫৮০ টন পেঁয়াজ বন্দরে এসে পৌঁছেছে। বাকি ২২০ মেট্রিক টন পেঁয়াজ আগামী ৩ দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে বলে আমদানিকারক প্রতিষ্ঠানটি আশা করছে।
এছাড়া আরো কয়েকটি শিল্পগ্রুপের আমদানিকৃত বিপুল পরিমাণ পেঁয়াজের চালান আগামী সপ্তাহ থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করবে। এসব চালানে এক লাখ টনেরও বেশি পেঁয়াজ থাকবে বলে আমদানিকারক সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক আজ দুপুরে জানান, চীন থেকে আমদানিকৃত ৫৮০ মেট্রিক টন পেঁয়াজবোঝাই এমসিসি থাইপে নামক কন্টেইনারবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বন্দর কাস্টমসসহ অন্যান্য ভোগ্যপণ্য পরীক্ষাকারী সংস্থার ছাড়পত্র নিয়ে আজ খালাস কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে, আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বলেন, গত ২ নভেম্বর ৮০০ টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা হয়। দেশে পেঁয়াজ সংকটের বিষয় মাথায় রেখে মাত্র ২৫ দিনের মধ্যেই চীন থেকে ৫৮০ টন পেঁয়াজ দেশে আনতে সক্ষম হয়েছে তাঁর প্রতিষ্ঠান। এই চালানের বাকি পেঁয়াজ আগামী ৩ দিনের মধ্যেই চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শুক্রবার

0

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা আগামী শুক্রবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশের মতো ভালোবাসা আমি পৃথিবীর কোথাও গিয়ে পাইনি

0

বাংলাদেশের মতো ভালোবাসা আমি পৃথিবীর কোথাও গিয়ে পাইনি। ‌আমি সবসময় বলে থাকি বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এখানকার মানুষ অনেক ভালো। বলছিলেন কলকাতার জনপ্রিয় নায়ক দীপক অধিকারী দেব।

গতকাল ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও অভিনেতা। নায়কের সঙ্গে ঢাকায় এসেছিলেন সিনেমাটির পরিচালক কমালেশ্বর মুখার্জি ও নায়িকা রুক্মিনী মৈত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ আরও অনেকে।

দেব বলেন, এই দেশে আমার প্রথম অফিসিয়াল প্রেস কনফারেন্স। কলকাতায় যতটা ভালোবাসা পেয়েছি, তার চেয়ে বেশি ভালোবাসা পেয়েছি বাংলাদেশে। ছবি রিলিজ হোক কিংবা না হোক। মন প্রাণ থেকে কৃতজ্ঞ এদেশের মানুষের প্রতি।

সাফটা চুক্তির আওতায় ২৯ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা দেব-রুক্মিনী অভিনীত ‘পাসওয়ার্ড’ সিনেমাটি। ছবির প্রচারণা উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় আসেন দেব। ছবিটি মুক্তি পাবে কিনা অনিশ্চিত। গত ঈদে শাকিব খান অভিনীত পাসওয়ার্ড মুক্তি পায় দেশে। ছবির নাম একই হওয়ায় সেন্সর বোর্ড আটকে দিয়েছে দেবের পাসওয়ার্ড।

দেব বলেন, আমি যখন ছবির কাজ শুরু করি। ঢাকায় শাকিব এই নামেই ছবি করছেন এটা জানা ছিল না। আমার ছবিটিও যে বাংলাদেশে মুক্তি দেবে এমন কোনো পরিকল্পনা ছিল না। যাই হোক এটা আমার জন্য আনন্দের খবর এই দেশের মানুষরা আমার ছবিটি দেখবেন। আমার ছবির গল্প সম্পূর্ণ আলাদা। আশা করি সেন্সরের জটিলতা কেটে যাবে।

২০০ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন সালমান

0

বলিউড অভিনেতা সালমান খান রিয়েলিটি শো বিগ বস সিজন থার্টিনের জন্য ২০০ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন। ২০২০ সালের জানুয়ারি মাসে এই সিজন শেষ হওয়ার কথা থাকলেও তা বেশ কয়েক সপ্তাহ বাড়িয়ে দেয়া হয়েছে।

এই কারণেই নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন সালমান। বাড়তি এপিসোডের প্রত্যেকটির জন্য সালমান অতিরিক্ত ২ কোটি করে পারিশ্রমিক নিচ্ছেন। অর্থাৎ বিগ বস থার্টিন সঞ্চালনার জন্য প্রত্যেক সপ্তাহে ১৩ কোটি করে পারিশ্রমিক হাঁকিয়েছিলেন তিনি।

প্রত্যেক এপিসোডের জন্য আগে সাড়ে ছয় কোটি করে নিতেন তিনি। কিন্তু বিগ বসের মেয়াদ বাড়িয়ে দেওয়ায় এবার থেকে প্রত্যেক এপিসোডের জন্য সাড়ে আট কোটি করে নেবেন বলে জানিয়েছেন সালমান। তার মানে দাড়ায় বিগ বস থার্টিনের জন্য প্রায় ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা।

খিলগাঁও সবুজবাগ মুগদাবাসী পাবেন মেট্রোরেলের সুবিধা

0

পরিবহন চাহিদা মেটাতে রাজধানীর খিলগাঁও, সবুজবাগ, বাসাবো ও মুগদাবাসী মেট্রোরেলের সুবিধা পাবেন। এ জন্য মালিবাগ, রাজারবাগ এবং কমলাপুরে মেট্রোরেলের তিনটি স্টেশন হবে। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রকল্পও অনুমোদিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর সবুজবাগে বীর মুক্তিযোদ্ধা শহীদ আলাউদ্দিন পার্কে (বাসাবো খেলার মাঠ) তিনটি প্রকল্পের উদ্বোধনী ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানান ঢাকা-৯ আসনের সাংসদ সাবের হোসেন চৌধুরী। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এ সময় ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

প্রকল্প তিনটি হলো- বীর মুক্তিযোদ্ধা শহীদ আলাউদ্দিন পার্ক, বাসাবো কমিউনিটি সেন্টার ও ৬ তলা বিশিষ্ট তরুণ সংঘ ভবনের নির্মাণ। প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় ১৫ কোটি টাকা। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আখি আলমগীর এবং স্থানীয় শিল্পীরা।

সাবের হোসেন চৌধুরী বলেন, তিনটি স্টেশনের একটি মালিবাগ, একটি সবুজবাগের রাজারবাগ এবং অপরটি কমলাপুর রেলস্টেশনে হবে। এতে করে পুরো রাজধানীর সঙ্গে মেট্রোরেলের মাধ্যমে এই এলাকার মানুষের যোগাযোগ স্থাপন হবে। যাতায়াতের সুবিধার্থে এলাকার প্রতিটি রাস্তা প্রশস্ত করা হবে। প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি সেন্টার ও খেলার মাঠ নির্মাণ করার কথাও বলেন তিনি।

নবনির্মিত পার্কটিতে আধুনিক সব ধরনের সুযোগ-সুবিধা আছে উল্লেখ করে সাবের হোসেন আরো বলেন, শুধু জাতীয় নয়, আন্তর্জাতিকভাবেও পার্কটি নিয়ে আমরা গর্ব করতে পারি। শিশু-কিশোর, যুবক, গৃহিণী, পেশাজীবী, মুরুব্বি এমনকি হুইল চেয়ারে যারা চলাচল করে তারাও পার্কটি ব্যবহার করতে পারবেন। ক্রিকেটের অনুশীলনের জন্য দুটি পিচ করা হয়েছে। অর্থাৎ সবার জন্য পার্কটিতে কিছু না কিছু আছে। পার্কটি হবে এই এলাকার সব মানুষের মিলনকেন্দ্র। চা-কফি থেকে শুরু করে, খেলাধুলা ও হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় তার নির্বাচনী এলাকাকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হচ্ছে বলেও অনুষ্ঠানে উল্লেখ করেন তিনি।

ঢাকা দক্ষিণকে উন্নয়নের স্রোতধারায় বদলে যাওয়া নতুন নগরী উল্লেখ করে সংস্থাটির মেয়র সাঈদ খোকন বলেন, আমি দক্ষিণ ঢাকাকে এমনভাবে গড়ে তুলব যাতে গুলশান বনানী অভিজাত এলাকার মানুষ এখানে চা কফি খেতে আসেন। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও ঢাকাবাসীদের সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

সাঈদ খোকন বলেন, আমাদের পার্ক ও খেলার মাঠগুলো একসময় অবৈধ দখল, অসামাজিক কার্যকলাপ ও মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছিল। আমি দায়িত্ব নিয়ে অবৈধ দখল থেকে এসব পার্ক ও মাঠ উদ্ধার করে শিশু-নারী-পুরুষ-বৃদ্ধা সবার ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে জল-সবুজে ঢাকা প্রকল্প নিই। এরই মধ্যে ১২টি খেলার মাঠ ও ১৯টি পার্ককে আমরা বিশ্বমানের করে তৈরি করেছি। এর আগে অত্যাধুনিক বাসাবো কমিউনিটি সেন্টারের উদ্বোধনের পাশাপাশি প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বাসাবো তরুণ সংঘের ৬ তলা বিশিষ্ট একটি আধুনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাঈদ খোকন ও সাবের হোসেন চৌধুরী।

আইএসের টুপিসহ এজলাসে, তদন্তের ঘোষণা আইনমন্ত্রীর

0

হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার রায়ে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া আইএসের টুপিসহ এজলাসে আসামির প্রবেশের ঘটনাটি তদন্ত করা হবে বলে ঘোষণা করেছেন আইনমন্ত্রী।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানানোর সময় তিনি এ কথা জানান। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে হলি আর্টিজান মামলাটির রায় ঘোষণার পর এ প্রতিক্রিয়া জানান তিনি।

এক প্রশ্নের জবাবে আইএসের প্রতীক সম্বলিত টুপি পরে আসামির এজলাসে যাওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে এ ব্যাপারটার তদন্ত হওয়া উচিত। তদন্ত যেন হয়, সেজন্য এ প্রেস কনফারেন্স শেষ করেই কথা বলবো আমি।

আমি সরকারের পক্ষ থেকে বলছি, আমরা এ রায়ে সন্তুষ্ট জানিয়ে আইনমন্ত্রী বলেন, এরকম চাঞ্চল্যকর এবং যেসব মামলা দেশের শেকড়ে গিয়ে ধাক্কা দেয়, সেসব ঘটনার বিচার দ্রুত শেষ করতে পারছি, এটাও সন্তুষ্টির কারণ।

তিনি বলেন, ‘দুর্ঘটনাটি যখন ঘটেছিল ১ জুলাই, সেসময়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছিলেন, এসব অপরাধীদের দ্রুত বিচার করে শাস্তির আওতায় আনতে হবে। সে কথারই সত্যতা প্রমাণ হলো আজ। আমরা এ বিচার কার্যক্রম ও রায়ে সন্তুষ্ট।’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গির মাথায় আইএসের টুপি

0

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাত আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বেলা সোয়া ১২টার দিকে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার আট আসামির মধ্যে মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দিয়েছেন আদালত।

এদিকে রায় ঘোষণা সময় আসামির ডকে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান রিগ্যান আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের (ইসলামিক স্টেট) পতাকার প্রতীক সংবলিত টুপি পরে ছিলেন। এরপর আসামিদের প্রিজন ভ্যানে তোলার পর আরও এক জঙ্গিকেও কালো কাপড়ে তৈরি একই রকম টুপি পরতে দেখা যায়। ওই জঙ্গির নাম জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী।

এ বিষয়ে মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবুকে জিজ্ঞাসা করা হলে তিনি নিজেও উদ্বেগ প্রকাশ করেন। বলেন, কোথায় পেলো আসামি এই টুপি!

সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর গোলাম সারোয়ার খান (জাকির) বলেন, আসামিদের মাথায় আইএসের টুপি ছিল কি না তা আমি জানি না। আমিও অনলাইনে দেখেছি।

আসামিপক্ষের আইনজীবী দোলোয়ার হোসেন বলেন, আসামিদের মাথায় আইএসের টুপি কিভাবে আসছে সেটা আমার জানা নেই।

এই বিচার অনুকরণীয় হয়ে থাকবে : পররাষ্ট্রমন্ত্রী

0

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার বিচারের মাধ্যমে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় এই বিচার অনুকরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গণমাধ্যমকর্মীদের একথা বলেন মন্ত্রী।

‘এই বিচার অনুকরণীয় হয়ে থাকবে। সন্ত্রাস প্রতিরোধে ভূমিকা রাখবে।’ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, হলি আর্টিজানের ঘটনায় আমরা সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করেছি। ইউরোপ-আমেরিকায় এমন ঘটনায় সবাইকে মেরে ফেলা হয়। তবে আমরা কিছু মেরেছি, আর বাকিদের বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছি।

আজ বুধবার দুপুরে হলি আর্টিজান মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে ‌মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ।

মৃত্যুদণ্ড দেওয়া হলো যে সাত আসামিকে

0

দেশের সবচেয়ে আলোচিত জঙ্গিবিষয়ক মামলা হলি আর্টিজানে হামলার রায় ঘোষণা করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে করা এ মামলায় সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলায় খালাস দেওয়া হয়েছে আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজানকে।

আজ বুধবার (২৭ নভেম্বর) বেলা সোয়া ১২টার দিকে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় দেন। এর আগে বেলা ১২টার দিকে রায় পড়া শুরু হয়।

যে সাত আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন গাইবান্ধার জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, নওগাঁর আসলাম হোসেন ওরফে আসলামুল ইসলাম ওরফে রাশেদ ওরফে র‌্যাশ, কুষ্টিয়ার আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, জয়পুরহাটের হাদীসুর রহমান ওরফে সাগর, বগুড়ার রাকিবুল হাসান ওরফে রিগ্যান, বগুড়ার মামুনুর রশীদ ওরফে রিপন ও রাজশাহীর শরিফুল ইসলাম ওরফে খালেদ। অভিযুক্ত সবাই নব্য জেএমবির সক্রিয় সদস্য বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

রায়ে খালাস দেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জের মিজানুর রহমান ওরফে বড় মিজানকে।

আটজনকে অভিযুক্ত করা হলেও হলি আর্টিজানের ঘটনার সঙ্গে ২১ জঙ্গির জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তাঁদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন সেনাবাহিনীর কমান্ডো অভিযানে। নিহত ব্যক্তিরা হলেন ঢাকার রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাস ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল। এ ছাড়া জেএমবির প্রধান সমন্বয়কারী তামিম চৌধুরী, সারোয়ার জাহান, তানভীর কাদেরী, নুরুল ইসলাম মারজান, বাশারুজ্জামান, সাবেক মেজর জাহিদুল ইসলাম, রায়হানুল কবির রায়হান ওরফে তানভীর ও মিজানুর রহমান ওরফে ছোট মিজানও হলি আর্টিজান হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বলে তদন্তে উঠে আসে। এই আটজন বিভিন্ন সময় জঙ্গিবিরোধী অভিযানে নিহত হন বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টায় হলি আর্টিজান বেকারিতে অতর্কিতে আক্রমণ করেছিলেন পাঁচ জঙ্গি। তাঁরা ভেতরে থাকা সবাইকে জিম্মি করে ফেলেন। একে একে গুলি চালিয়ে ও কুপিয়ে ১৭ বিদেশি ও তিন বাংলাদেশিকে হত্যা করেছিলেন। সেখানে তাত্ক্ষণিক অভিযান চালাতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। আহত হন র‌্যাব-১-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল তুহিন মাসুদ, পুলিশের গুলশান অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আবদুল আহাদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য।