Home Blog Page 3326

প্রধানমন্ত্রী রবিবার স্পেন যাচ্ছেন

0

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কোপ-২৫) অংশ নিতে রবিবার (১ ডিসেম্বর) স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্পেনের রাজধানী মাদ্রিদে ২ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে। আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এবারের ২৫তম বিশ্ব জলবায়ু সম্মেলনে অন্তত ২৫ দেশের সরকারপ্রধানরা যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে রোহিঙ্গা সমস্যাও তুলে ধরবেন।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি স্পেনের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের অবস্থান বিষয়ক বক্তব্য দেবেন।

প্যারিস চুক্তির মাধ্যমে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য অর্থায়ন পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী। বিশ্বের দেশগুলোর প্রাপ্তি ও অপ্রাপ্তি, সম্মেলনের দাতা দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন অঙ্গীকারসহ বিশ্ব নিরাপত্তা পরিস্থিতিতে পরিবেশ ও উদ্বাস্তু সংক্রান্ত বিষয়সমূহ স্থান পাবে।

ড. মোমেন বলেন, সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা বিশ্ব দরবারে আরও একবার তুলে ধরা সম্ভব হবে, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত প্রতিকূলতাকে জয় করে সহনশীল অর্থনীতি হিসেবে অবস্থান তৈরি করতে বাংলাদেশ যেসব ভবিষ্যৎ কর্মকৌশল গ্রহণ করছে বৈশ্বিক পরিমণ্ডলে তা তুলে ধরা সম্ভব হবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান স্পেনের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ যেমন- উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়াগ, পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে তারা মতবিনিময় করবেন।

৩ ডিসেম্বর (মঙ্গলবার) প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

নয় বছরে দেশে জলাতঙ্ক কমেছে ১০ গুণ

0

দেশে গত নয় বছরে জলাতঙ্ক কমেছে প্রায় ১০ গুণ। ২০১০ সাল পর্যন্ত বছরে দেশে দুই হাজারের বেশি মানুষ জলাতঙ্কে আক্রান্ত হতো। তবে চলতি বছরে ওই সংখ্যা নেমে এসেছে ২০০ জনের নিচে।

আজ বুধবার ঢাকায় হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত ইন্টারন্যাশনাল ওয়ান হেলথ কনফারেন্সের প্রথম দিনে সায়েন্টিফিক সেশন বাংলাদেশের পক্ষে এমন তথ্য তুলে ধরা হয় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জলাতঙ্ক নিয়ন্ত্রণ কর্মসূচির পক্ষ থেকে।

কনফারেন্সের এই সেকশনে রোগ নিয়ন্ত্রণ শাখা পরিচালক অধ্যাপক ডাক্তার তানিয়া তহমিনা, সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বে-নজির আহম্মেদ , জলাতঙ্ক নিয়ন্ত্রণ কর্মসূচির উম্মে রুম্মান সিদ্দিকী সহ অন্যরা বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

হলি আর্টিজান মামলা: সাত জঙ্গির মৃত্যুদণ্ড

0

দেশের সবচেয়ে আলোচিত জঙ্গিবিষয়ক মামলা হলি আর্টিজানে হামলার রায় ঘোষণা করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে করা এ মামলায় সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলায় খালাস দেওয়া হয়েছে আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজানকে।

আজ বুধবার (২৭ নভেম্বর) বেলা সোয়া ১২টার দিকে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় দেন। এর আগে বেলা ১২টার দিকে রায় পড়া শুরু হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ। খালাস পেয়েছেন মিজানুর রহমান ওরফে বড় মিজান।

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে আদালতে অভিযোগ করা হয়েছে। এখন প্রত্যাশা অনুযায়ী রায় হওয়ায় জঙ্গি কর্মকাণ্ডে কঠোর শাস্তির দৃষ্টান্ত স্থাপিত হলো। পুলিশ কর্মকর্তারা বলছেন, অভিযানের পর এখন জনসচেতনতা তৈরি এবং পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে জঙ্গিবাদ প্রতিরোধে মনোযোগ দেন তাঁরা।

হলি আর্টিজানে যারা হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন, তাদের পাঁচজন মারা যান। যারা এই হামলার মাস্টারমাইন্ড ছিলেন, সেই তামিম চৌধুরী, মেজর (বরখাস্ত) জাহিদ, মারজানসহ অনেকেই বিভিন্ন অভিযানে মারা গেছেন। তার পরও যারা গ্রেপ্তার হন, তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং ঘটনাস্থলের কিছু আলামত বিশ্লেষণ করে সামগ্রিকভাবে একটি নিখুঁত ও বস্তুনিষ্ঠ অভিযোগপত্র দাখিল করা হয়। সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে বিজ্ঞ আদালতে অভিযোগ প্রমাণ করা হয়েছে বলে মনে করছেন পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা। তাই আগেই আশা করা হয়, যার যে দায় ছিল সে অনুযায়ী প্রত্যাশিত রায় হবে।

হলি আর্টিজান হামলার মূল পরিকল্পনাকারী তামিম আহমেদ চৌধুরী, সারোয়ার জাহান মানিক, প্রশিক্ষণদাতা জাহিদুল, বাস্তবায়নকারীরা পাঁচ জনসহ ১৩ জন নিহত হলেও জীবিত গ্রেপ্তার আট জঙ্গির জবানবন্দিতে হামলার আদ্যপান্ত বেরিয়ে আসে। তবে আসামি বড় মিজানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে কৃতকর্মের বিচারের রায় পেলেন নব্য জেএমবির সাত জঙ্গি।

তদন্তকারীরা জানান, এই আট জঙ্গির অতীত কর্মকাণ্ড এবং সাংগঠনিক অবস্থানের কারণে ধারণা পাওয়া যায়, গ্রেপ্তার না হলে নব্য জেএমবির পরবর্তী নেতা হিসেবে তাঁরা আরো নাশকতা চালাতেন। মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার জঙ্গিরাও হামলায় বড় ভূমিকা রেখেছেন। তাঁদের জবানবন্দিতে পুরো ঘটনার বিবরণ এসেছে। এদের কয়েকজন শীর্ষ জঙ্গি।

হলি আর্টিজানে হামলা বৈশ্বিক মানচিত্রে বাংলাদেশকে স্থান করে দিয়েছিল পুরোপুরি আকস্মিকভাবে। ওই হামলার পরপরই পশ্চিমা দূতাবাসগুলো এ দেশে ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছিল। সন্ত্রাসের ঝুঁকি মোকাবেলায় সরকারের জোরালো উদ্যোগে পরিস্থিতি বদল হওয়ার সঙ্গে সঙ্গে বিদেশিদের সেই সতর্কতার মাত্রাও বদলে গেছে। বেশির ভাগ পশ্চিমা দেশই তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে কড়াকড়ি শিথিল করতে শুরু করেছে।

ওই হামলায় নিহত বিদেশিদের পরিবারের প্রতি বাংলাদেশ সমবেদনা জানিয়েছে। হলি আর্টিজানে হামলায় নিহত জাপানিদের নামে ঢাকায় মেট্রো রেল স্টেশনগুলোর নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নিহত ইতালীয়দের স্মরণে ঢাকায় ইতালীয় দূতাবাসে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

১১৩ জনের সাক্ষ্য
ওই জঙ্গি হামলার ঘটনায় করা মামলায় ২১১ জন সাক্ষীর মধ্যে ১১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়। গত বছরের ২৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ওই জঙ্গি হামলা মামলার বিচার শুরু হয়।

গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় আটজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল গত বছরের ২৩ জুলাই। মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যে সাত আসামিকে
গাইবান্ধার জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, নওগাঁর আসলাম হোসেন ওরফে আসলামুল ইসলাম ওরফে রাশেদ ওরফে র‌্যাশ, কুষ্টিয়ার আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, জয়পুরহাটের হাদীসুর রহমান ওরফে সাগর, বগুড়ার রাকিবুল হাসান ওরফে রিগ্যান, বগুড়ার মামুনুর রশীদ ওরফে রিপন ও রাজশাহীর শরিফুল ইসলাম ওরফে খালেদ। অভিযুক্ত সবাই নব্য জেএমবির সক্রিয় সদস্য বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

রায়ে খালাস দেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জের মিজানুর রহমান ওরফে বড় মিজানকে।

জাপানি দূতাবাসের প্রতিনিধি এ মামলার রায় ঘোষণার সময় পর্যবেক্ষক হিসেবে আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস। যিনি নিহত এক জাপানি ও এক ভারতীয় নাগরিকের জব্দ তালিকায় থাকা ব্যক্তিগত মালামাল (ওয়ালেট, মোবাইল ফোন, হাতের বালা) হেফাজতে নেওয়ার সময় সংশ্লিষ্ট দূতাবাসের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মামলা সূত্রে জানা যায়, আটজনকে অভিযুক্ত করা হলেও হলি আর্টিজানের ঘটনার সঙ্গে ২১ জঙ্গির জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তাঁদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন সেনাবাহিনীর কমান্ডো অভিযানে। নিহত ব্যক্তিরা হলেন ঢাকার রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাস ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল। এ ছাড়া জেএমবির প্রধান সমন্বয়কারী তামিম চৌধুরী, সারোয়ার জাহান, তানভীর কাদেরী, নুরুল ইসলাম মারজান, বাশারুজ্জামান, সাবেক মেজর জাহিদুল ইসলাম, রায়হানুল কবির রায়হান ওরফে তানভীর ও মিজানুর রহমান ওরফে ছোট মিজানও হলি আর্টিজান হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বলে তদন্তে উঠে আসে। এই আটজন বিভিন্ন সময় জঙ্গিবিরোধী অভিযানে নিহত হন বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টায় হলি আর্টিজান বেকারিতে অতর্কিতে আক্রমণ করেছিলেন পাঁচ জঙ্গি। তাঁরা ভেতরে থাকা সবাইকে জিম্মি করে ফেলেন। একে একে গুলি চালিয়ে ও কুপিয়ে ১৭ বিদেশি ও তিন বাংলাদেশিকে হত্যা করেছিলেন। সেখানে তাত্ক্ষণিক অভিযান চালাতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। আহত হন র‌্যাব-১-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল তুহিন মাসুদ, পুলিশের গুলশান অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আবদুল আহাদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য।

ডা. মিলনকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ

0

২৯তম শাহাদাতবার্ষিকীতে আজ স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করছে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন।

আজ বুধবার সকালে সোয়া ৮ টার সময় ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে ডা. মিলনের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। এরপর মোনাজাতের আয়োজন করা হয়।

এ সময় শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন, যুবলীগ কেন্দ্রীয় কমিটি, যুবলীগ ঢাকা উত্তর, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সাম্যবাদী দল, মুক্তিযুদ্ধ মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ঢাকা মেডিক্যাল কলেজ, ঢাকা মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতি, বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল এবং ঢাকা মেডিক্যাল কলেজের ৩৪ ব্যাচের মিলনের ব্যাচের শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

সকালে শহীদ ডা. মিলনের সমাধিতে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা করেন তার মা এবং বোন। শ্রদ্ধা নিবেদন শেষে ডা. মিলনের মা সেলিনা বেগম সাংবাদিকদের বলেন, মিলন ছাত্রাবস্থা থেকেই রাজনৈতিক সচেতন ছিল। সে চাইতো সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মেহনতী মানুষের মুক্তি, মুক্তিযুদ্ধের মূল চেতনা বাস্তবায়ন। কিন্তু মিলনের স্বপ্ন এখনও পূরণ হয়নি। বর্তমান সমাজ দু’ভাগে বিভক্ত এক দিয়ে গরিব মানুষ, অন্যদিকে হয়েছে ধনীরা। ধনীরা বর্তমান সমাজে আরও ধনী হচ্ছে গরিব আরও গরিব হচ্ছে। সমাজ থেকে এ বৈষম্য যেদিন দূর হবে সেদিন মিলনের স্বপ্ন পূরণ হবে।

১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় গুলিতে নির্মমভাবে প্রাণ হারান শহীদ ডা. শামসুল আলম খান মিলন। তার রক্তদানের মধ্য দিয়েই স্বৈরাচারবিরোধী গণআন্দোলন আরও বেগবান হয় এবং এক ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটে।

আদালতের পথে হলি আর্টিজান মামলার আসামিরা

0

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার আসামিদের আদালতে আনা হচ্ছে। মামলা রায় ঘোষণা উপলক্ষে আদালতে হাজির করার জন্য তাদেরকে নিয়ে আজ বুধবার (২৭ বুধবার) সকালে কা‌শিমপুর কারাগার থে‌কে আদালতের উদ্দেশে রওনা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল।

মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কা‌শিমপুর কারাগার থে‌কে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার আসামিদের নিয়ে আদাল‌তের উদ্দেশে রওনা দেওয়া হ‌য়ে‌ছে। কিছুক্ষ‌ণের ম‌ধ্যেই তারা আদাল‌তে পৌঁছাবেন।

২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টায় হলি আর্টিজান বেকারিতে অতর্কিতে আক্রমণ করেছিলেন পাঁচ জঙ্গি। তাঁরা ভেতরে থাকা সবাইকে জিম্মি করে ফেলেন। একে একে গুলি চালিয়ে ও কুপিয়ে ১৭ বিদেশি ও তিন বাংলাদেশিকে হত্যা করেছিলেন।

সেখানে তাত্ক্ষণিক অভিযান চালাতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। আহত হন র‌্যাব-১-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল তুহিন মাসুদ, পুলিশের গুলশান অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আবদুল আহাদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য।

ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করেন থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার দাস। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ১ জুলাই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। একই বছরের ২৬ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।

মামলার মোট ২১১ জন সাক্ষীর মধ্যে ১১৩ জন আদালতে সাক্ষ্য দেন। এরপর আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে গত ১৭ নভেম্বর এ মামলার বিচারকাজ শেষ হয়। পরে রায়ের জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে ঢাকা থেকে ছাড়েনি লঞ্চ

0

দেশব্যাপী কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা। এতে স্থবির হয়ে পড়েছে দেশের বিভিন্ন অংশের নৌযোগাযোগ।

আজ বুধবার থেকে ১৫ দফা দাবিতে এ কর্মবিরতি শুরু করেন তারা। এদিকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে সকালে ঢাকা থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি।

শতভাগ খাদ্যভাতা ও সুপেয় পানির খরচ আদায়সহ ১৫ দফা দাবিতে আগেই টানা কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন নৌযান শ্রমিকরা। গত ২০ নভেম্বর (বুধবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত এক মানববন্ধন থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

শ্রমিকরা নৌ শ্রমিকদের খোরাকি ভাতা চালু, জ্বালানি তেল সরবরাহের পাইপলাইন স্থাপনের সিদ্ধান্ত বাতিল, ডিজি শিপিংয়ের হয়রানি বন্ধ, সুনামগঞ্জের ছাতকের ভুয়া ইজারা বাতিল এবং নৌপথে চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবি জানিয়েছেন।

লাইটার জাহাজ শ্রমিকদের কর্মবিরতি চলছে

0

১৫ দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সদস্যরা। রাত ১২টা ১ মিনিট থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। তবে চট্টগ্রাম বন্দরের মূল জেটিতে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং স্বাভাবিক রয়েছে।

কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট (লাইটার) জাহাজে গম, ক্লিংকার, তেলসহ কাঁচামাল খালাস, নৌপথে পরিবহন কার্যত বন্ধ রয়েছে।

জানা গেছে, সারাদেশে ৩ হাজারের বেশি লাইটার জাহাজ পণ্য পরিবহন করে। এর মধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস করে কয়েক হাজার লাইটার জাহাজ, বাল্কহেড, কার্গো ট্রলার, অয়েল ট্যাংকার ইত্যাদি।
এদিকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন (রেজিঃ নম্বর বি ১৭১৬) ১১ দফা দাবিতে ২৮ নভেম্বর সব নদী ও সমুদ্রবন্দরে বিক্ষোভ মিছিল এবং ২৯ নভেম্বর দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে।

নৌপথে পণ্য পরিবহনে নিয়োজিত লাইটারেজ শ্রমিক ও নৌযান শ্রমিকদের কর্মসূচিতে উদ্বেগ দেখা দিয়েছে আমদানিকারক, শিল্পকারখানার মালিকদের মধ্যে। এ ধরনের কার্যক্রমে নিত্যপণ্য উৎপাদন ও সরবরাহকাজে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।

কঠোর নিরাপত্তাব্যবস্থা ঢাকার আদালতপাড়ায়

0

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ বুধবার (২৭ নভেম্বর)। এ উপলক্ষে ঢাকার আদালতপাড়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকেই আদালত এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

সকাল থেকে নিম্ন আদালতের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীজুড়েই সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। তবে যেখানে রায় ঘোষণা করা হবে সেই নিম্ন আদালত ঢেকে দেওয়া হয়েছে নিরাপত্তার চাদরে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) ইকবাল বলেন, হলি আর্টিজান মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীর মূল পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। যে কোনো ধরনের পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন তারা।

এর আগে গতকাল দুপুরে ঢাকার আদালতপাড়া পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম ও কৃষ্ণ পদ রায়। পরিদর্শন শেষে তাঁরা আদালতপাড়ার বিশেষ নিরাপত্তার জন্য ডিএমপির লালবাগ বিভাগের ডিসি ও আদালত পুলিশের ডিসিকে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

ডিসি প্রসিকিউশন জাফর হোসেন বলেন, হলি আর্টিজান মামলার রায় উপলক্ষে ডিএমপির দুই অতিরিক্ত কমিশনার আদালত এলাকা পর্যবেক্ষণ করেছেন। তাঁরা বিশেষ নিরাপত্তার বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। যদিও হামলার কোনো আশঙ্কা নেই, তবে নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকবে।

ঢাকা মহানগর আদালতের হাজতখানার ওসি মঈনুল ইসলাম বলেন, হাজতখানা থেকে এজলাসে আসামিদের আনা-নেওয়ার ক্ষেত্রে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।

হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় করা মামলায় ২১১ জন সাক্ষীর মধ্যে ১১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। গত বছরের ২৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ওই জঙ্গি হামলা মামলার বিচার শুরু হয়।

জঙ্গি হামলার ঘটনায় আটজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল গত বছরের ২৩ জুলাই। মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টায় হলি আর্টিজান বেকারিতে অতর্কিতে আক্রমণ করেছিলেন পাঁচ জঙ্গি। তাঁরা ভেতরে থাকা সবাইকে জিম্মি করে ফেলেন। একে একে গুলি চালিয়ে ও কুপিয়ে ১৭ বিদেশি ও তিন বাংলাদেশিকে হত্যা করেছিলেন।

সেখানে তাত্ক্ষণিক অভিযান চালাতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। আহত হন র‌্যাব-১-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল তুহিন মাসুদ, পুলিশের গুলশান অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আবদুল আহাদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য।

যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়ার নতুন নিয়মনীতি

0

মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়ার ক্ষেত্রে নতুন আইন করতে যাচ্ছে দেশটির সরকার। গত ১৫ নভেম্বর ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ‘অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, ইন্টারভিউ অ্যান্ড ওয়ার্ক পারমিট’ শিরোনামে সম্ভাব্য আইন প্রকাশ করেছে।

ওয়েবসাইটে প্রকাশিত আইনটির ওপর ২০১০ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত জনগণের মতামত নেয়া হবে। আইনটির ওপর মতামত জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। মতামত নেয়া শেষ হলে পর্যালোচনা করে সেটি কার্যকরা করা হবে।

‘অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, ইন্টারভিউ অ্যান্ড ওয়ার্ক পারমিট’ শীর্ষক এ আইনে মূলত অ্যাসাইলাম বা আশ্রয়ের আবেদন এবং ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতির বিষয়ে বর্তমান যে আইন আছে তা আরও কঠিন করা হয়েছে।

বর্তমান আইন ও নতুন আইনের পার্থক্য

আবেদনের সময়:
বর্তমানে নিয়মে, সর্বশেষ যুক্তরাষ্ট্রে প্রবেশের দিন থেকে এক বছরের মধ্যে অ্যাসাইলাম আবেদন জমা না দিলেও ওয়ার্ক পারমিটের আবেদন করা যেত।

নতুন আইন কার্যকর হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের এক বছরের মধ্যে অ্যাসাইলাম আবেদন না করলে বিলম্বের কারণ মঞ্জুর না করা পর্যন্ত ওয়ার্ক পারমিটের জন্য আবেদনই করা যাবে না।

অপেক্ষমান সময়:
অ্যাসাইলামের জন্য আগে আবেদনকারীকে ওয়ার্ক পারমিটেরর জন্য ১৫০ দিন অপেক্ষায় থাকতে হতো। নতুন আইনে ৩৬৫ দিন অপেক্ষা করতে হবে।

অপেক্ষমান সময়ে চাকুরি:
যুক্তরাষ্ট্রের এখনো পর্যন্ত কার্যকর থাকা নিয়মে বড় ধরনের ক্রিমিনাল অপরাধের রেকর্ড না থাকলে অ্যাসাইলাম আবেদন অপেক্ষমান থাকা অবস্থায় ওয়ার্ক পারমিটের আবেদন করা যায়।

নতুন নিয়ম কার্যকর হলে ছোট অপরাধের রেকর্ড থাকলেও অ্যাসাইলামের আবেদন অপেক্ষমান থাকা অবস্থায় ওয়ার্ক পারমিটের আবেদন বন্ধ হয়ে যাবে।

সর্বশেষ আদালতে থাকাকালীন ওয়ার্ক পারমিট:
বর্তমানে অ্যাসাইলাম আবেদন করার পর যদি ইন্টারভিউ, ইমিগ্রেশন কোর্ট এবং বোর্ড অফ ইমিগ্রেশন আপিলেও হেরে যান তাহলে সর্বশেষ ফেডারেল কোর্টে মামলা চলমান থাকা অবস্থায় ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু নতুন আইন কার্যকরের পর সেই সুযোগ আর থাকবে না।

ফিঙ্গারপ্রিন্টের সময়:
বর্তমানে কেউ অ্যাসাইলাম পেলে তাকে চিঠি দিয়ে ফিঙ্গারপ্রিন্টের তারিখ জানানো হয়। কিন্তু কোনো কারণে ওই দিন যেতে না পারলে সময় বাড়ানো যায়। নতুন নিয়মে সময় বাড়ানোর সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে এবং নির্দিষ্ট দিনে ফিঙ্গারপ্রিন্ট দিতে না পারলে ওয়ার্ক পারমিট পাওয়া যাবে না।

ওয়ার্ক পারমিটের ক্যাটাগরি পরিবর্তন:
বর্তমানে অ্যাফারমেটিভ অ্যাসাইলামে (সি) (৮) ক্যাটাগরি ও ডিফেন্সিভ অ্যাসাইলামে (সি)(১১) ক্যাটাগরির ওয়ার্ক পারমিট দেয়া হয়। নতুন নিয়মে আর (সি)(১১) ক্যাটাগরির ওয়ার্ক পারমিট দেয়া হবে না।

পালিয়ে প্রবেশ:
বর্তমানে যুক্তরাষ্ট্রে গিয়ে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) বা অন্য কোন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরা না দিয়েও অ্যাসাইলাম আবেদন করা যায় এবং ওয়ার্ক পারমিটের আবেদন করা যায়। নতুন নিয়মে সেই সুযোগ বন্ধ হয়ে যাবে।

কাশ্মীরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২

0

ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার হাকোরা বোদাসগামে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন কমপক্ষে চার জন। আজ মঙ্গলবার ওই ঘটনা ঘটে।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ‘ব্যাক টু ভিলেজ’ নামে একটি সরকারি অনুষ্ঠান চলাকালীন এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনা কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।

এর আগে আজ বিকেলে কাশ্মীরে আরো একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে কাশ্মীর ইউনিভার্সিটির কাছে গ্রেনেড হামলা হয়। এই হামলায় আহত হয়েছেন দুই জন সাধারণ মানুষ।