Home Blog Page 3328

কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কাছে গ্রেনেড বিস্ফোরণ, আহত ২

0

জম্মু-কাশ্মীরে একটি বিশ্ববিদ্যালয়ের সামনে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিস্ফোরণে দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। গ্রেনেড বিস্ফোরণের পরেই এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আজ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শ্রীনগরের কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কাছে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা বাহিনীর কর্মীরা পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, বিশ্ববিদ্যালয়ের স্যার সৈয়দ গেটের কাছে দাঁড়িয়ে থাকা বেশ কিছু মানুষ আহত হয়েছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে স্যার সৈয়দ গেটের কাছে দাঁড়িয়েছিল বেশ কয়েকজন, আর তখনই ঘটনাটি ঘটে।

আমেরিকায় তরুণীকে নৃশংসভাবে খুন

0

আমেরিকার শিকাগো শহরে ভারতীয় বংশোদ্ভ‌ূত এক তরুণীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ১৯ বছরের ওই মেয়েটির ওপর প্রথমে যৌন অত্যাচার চালানো হয়, তারপর শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে। সিসিটিভি ফুটেজ দেখে খুনিকে চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, হায়দরাবাদের ওই তরুণী তাঁর পরিবারের সঙ্গে আমেরিকায় থাকতেন। ইউনিভার্সিটি অফ ইলিনয়ের ছাত্রী ছিলেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত শনিবার ইউনিভার্সিটি ক্যাম্পাসের গ্যারাজে মেয়েটির গাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ওই তরুণীর সঙ্গে ফোন যোগাযোগ করতে না পেরে পুলিশের দ্বারস্থ হয় তাঁর পরিবার।

এতে আরো বলা হয়, ওই তরুণীকে ধর্ষণ করে খুন করে ডোনাল্ড থারমান(২৬) নামের এক যুবক। পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে সে।

এ ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বেশ কিছুক্ষণ ধরেই মেয়েটিকে ফলো করছিল ডোনাল্ড।

ফের মেট্রোরেল লাইনে ঝাঁপ, আত্মহত্যার চেষ্টা নারীর

0

যাত্রী নিরাপত্তার জন্য নানা কর্মসূচি গ্রহণ করছে কলকাতার মেট্রোরেল কর্তৃপক্ষ। কিন্তু লাভ যে কিছুই হচ্ছে না, তারই প্রমাণ মিলল আরো একবার। আজ মঙ্গলবার ফের মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক নারী। অফিস টাইমে এমন ঘটনা ঘটায় চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।

খবরে বলা হয়েছে, আজ সকাল ১০টা ৪২ মিনিটে ময়দান মেট্রো স্টেশনে ডাউন লাইন অর্থাৎ দমদম থেকে কবি সুভাষগামী লাইনে ঝাঁপ দেন এক নারী। তারপরই বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যিনি আত্মহত্যা করার চেষ্টা করেছেন, এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। তবে ওই নারী যে বিবাহিতা, এটুকু বোঝা গিয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এ ঘটনায় চাঁদনি চক থেকে মহানায়ক উত্তরকুমার পর্যন্ত মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে।

কিন্তু সপ্তাহের কর্মব্যস্ত দিনে এমন ঘটনায় নাজেহাল অবস্থা নিত্যদিনের যাত্রীদের। যাঁরা কর্মস্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন, তাঁদের অনেকেই সমস্যায় পড়েছেন। বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন অনেকে। মাঝেমধ্যেই মেট্রোয় এমন ঘটনায় ভোগান্তির শিকার হতে হয় তাদের।
সূত্র : সংবাদ প্রতিদিন

কবি-স্থপতি রবিউল হুসাইন আর নেই

0

কবি ও স্থপতি রবিউল হুসাইন আর নেই। গতকাল সোমবার (২৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর৷

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও বিশিষ্ট লেখক মফিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরেই রবিউল হুসাইনের শরীরে রক্ত তৈরি হচ্ছিল না। এর কারণেই তিনি বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা গেছেন।

রবিউল হুসাইনের জন্ম ঝিনাইদহে। তিনি একাধারে স্থপতি, কবি, শিল্প-সমালোচক, ছোটগল্পকার, প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মী। পেশা স্থাপত্যশিল্প হলেও সম্পৃক্ততা ছিল বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। ভাষা ও সাহিত্যে অবদান রাখায় ২০১৮ সালে একুশে পদক পান। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষকও ছিলেন তিনি।

সংসদ ভবনের পাশে হবে সচিবালয়

0

সচিবালয় স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সচিবালয়ের পাশে নতুন একটি ভবন নির্মাণের বিষয়ে আলোচনা উঠলে প্রধানমন্ত্রী তা নাকচ করে দেন। বৈঠকে নির্ধারিত আলোচনা শেষে খাদ্য ভবন ও মাউশি ভবনের মাঝে খাদ্য মন্ত্রণালয়ের জন্য একটি নতুন ভবন নির্মাণের বিষয় আলোচনায় উঠে আসে। এরই প্রেক্ষিতে নতুন স্থানে সচিবালয় স্থানান্তরের নির্দেশ আসে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, সচিবালয়ের জন্য রাজধানীর শেরেবাংলানগরে স্থায়ী স্থাপনা তৈরি হবে। তিনি বলেছেন, বিখ্যাত স্থপতি লুই আই কানের নকশা অনুযায়ী সংসদ ভবনের পাশে সচিবালয় হবে। বর্তমান সচিবালয়ের আশপাশে কোনো মন্ত্রণালয়ের জন্য পৃথক ভবন নির্মাণের প্রয়োজন নেই।

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, সচিবালয় স্থানান্তরের বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়ে কথা বলেছেন। হয়তো খুব তাড়াহুড়া করে কিছু হবে না। তবে এ বিষয়ে উদ্যোগ নেওয়া যে প্রয়োজন তা প্রধানমন্ত্রীর তরফ থেকে বোঝানো হয়েছে। তিনি বলেন, সচিবালয়ের জন্য স্থায়ী পরিকল্পনা করে বিশাল উদ্যোগ নিতে হবে। তাই দ্রুতই সচিবালয় স্থানান্তর হয়ে যাবে, তা বলা যায় না। আর সচিবালয় স্থানান্তরের পর বর্তমান সচিবালয়ের অবকাঠামো সরকারের বিভিন্ন দপ্তরের জন্য বরাদ্দ দেওয়া হবে।

এদিকে বেশ আগে থেকেই আলোচনা ছিল যে সচিবালয় বর্তমান আবদুল গণি রোডে থাকছে না। বিষয়টি নিয়ে সরকারে ঊর্ধ্বতন মহলে বেশ কয়েকবার আলোচনাও হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে ২০১৫ সালে সচিবালয় স্থানান্তরে প্রায় আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প একনেক বৈঠকে উপস্থাপন করা হয়। তখন স্থপতি লুই আই কানের নকশার পূর্ণাঙ্গ কপি সরকারের সংগ্রহে না থাকায় প্রধানমন্ত্রী প্রকল্পটি ফেরত পাঠান। ২০১৬ সালের ডিসেম্বরে মূল নকশা বাংলাদেশে আনা হয়। কিন্তু ওই নকশাকে কেন্দ্র করে নতুন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখন প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ায় প্রকল্পটি নিয়ে নতুন উদ্যোগ নেবে বলে গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়।

সচিবালয়সংশ্লিষ্ট সূত্র মতে, দেশবিভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সচিবালয়ের জন্য একটি স্কুলভবনকে সচিবালয় হিসেবে ব্যবহার শুরু হয়। স্বাধীনতার পর সচিবালয়ে মোট ১১টি ভবন হয়েছে। আরো দুটি বহুতল ভবন নির্মাণাধীন।

জানা গেছে, ১৯টি মন্ত্রণালয় ও বিভাগ নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ সরকারে বর্তমানে ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। এর মধ্যে ১৫টি মন্ত্রণালয় ও বিভাগের স্থান সচিবালয়ের চৌহদ্দির মধ্যে হয়নি স্থানাভাবের কারণে।

১৭২ বছর পর বিরল সূর্যগ্রহণ আসছে

0

১৭২ বছর পর বিরল সূর্যগ্রহণ দেখবে বিশ্ব। আগামী ২৬ ডিসেম্বর এই সূর্যগ্রহণ সংঘটিত হবে।

এ সময় সূর্যের চারপাশে থাকবে আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’।

মহাকাশ বিজ্ঞানীরা জানান, আড়াই ঘণ্টা ধরে চলবে এই মহাজাগতিক দৃশ্য। সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ, যা খালি চোখেই অবলোকন করতে পারবেন পৃথিবীবাসী।

দৃশ্যটি সবচেয়ে ভালো দেখা যাবে সংযুক্ত আরব আমিরাত থেকে।

সূত্র: গালফ নিউজ

দেশে ফিরিয়ে আনার আকুতি জানানো সেই হুসনা উদ্ধার

0

সৌদি আরবে নির্যাতনের শিকার সুমি আক্তারের পর হুসনা আক্তার নামে আরেক বাংলাদেশি নারী কর্মীকে উদ্ধার করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় কালের কণ্ঠকে জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের নির্দেশনায় হুসনা আক্তারকে গতকালই উদ্ধার করা হয়েছে। গত রাতে এ প্রতিবেদন লেখার সময় হুসনা আক্তার জেদ্দা থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে নাজরান পুলিশের হেফাজতে ছিলেন।

এদিকে হুসনার ভিডিও ভাইরাল হওয়ার পর ওই দেশটিতে কর্মী নিয়োগ ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন ওঠেছে। হুসনা আক্তার তাঁর ভিডিও বার্তায় নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি তাঁকে সৌদি আরবে পাঠাতে মধ্যস্থতাকারীর প্রতারণার অভিযোগ এনেছেন। একই সঙ্গে তিনি তাঁকে ফিরিয়ে আনতে আকুতি জানিয়েছেন।

হুসনা আক্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার বিষয়টি তুলে ধরে গত রবিবার রাতে কালের কণ্ঠের অনলাইনে ও সোমবারের মুদ্রণ সংস্করণে প্রতিবেদন প্রকাশিত হয়।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা গতকাল সোমবার বিকালে কালের কণ্ঠকে বলেন, ‘খবরটি দেখার পরপরই পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বাংলাদেশি ওই নারীকে সার্বিক সহায়তা প্রদান করতে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসকে নির্দেশনা দেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও হুসনা আক্তার নির্যাতিত হওয়ার খবর জেনে প্রয়োজনীয় সহায়তা দিতে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসকে নির্দেশনা দিয়েছেন।’

হবিগঞ্জের আজমিরিগঞ্জের বাসিন্দা হুসনা আক্তার সম্প্রতি সৌদি আরব থেকে ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি মোসা. হুসনা আক্তার। দালালে ভালা কথা কইয়া আমারে পাঠাইছে সৌদিতে। নিজরাল (নাজরান) এলাকায় আমি কাজ করি। আমি আইসা দেখি ভালা না। ওরা আমার ওপর অত্যাচার করে। আমি বাক্কা দিন (কিছু দিন) হইছে আছি। এখন এরার অত্যাচার আমি সহ্য করতে পারি না দেইক্কা কইছি আমি যাইমু গা।

এই কথা বলায় ওরা আরো বেশি অত্যাচার করে। আমি এজেন্সির অফিসে ফোন দিছি। অফিসের এরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আমি আর পারতাছি না। তোমরা যেভাবে পারো আমারে বাঁচাও। এরা আমারে বাংলাদেশ পাঠাইতো চায় না। এরা আমারে ইতা করতাছে। আমারে ভালা কামের কথা কইয়া পাঠাইছে দালালে। আমারে ইতা করতাছে ওরা। আমি আর পারতাছি না সহ্য করতাম। তোমরা যেভাবে পারো আমারে নেও।’

এর আগে ভাইরাল হওয়া সুমি আক্তারের ভিডিও বার্তাটিও ছিল প্রায় একই ধরনের। ওই বার্তা নজরে আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস তাঁর অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনেছে।

বিদেশে কর্মী পাঠানোর মূল দায়িত্ব পালন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এছাড়া কর্মী প্রেরণকারী অনেক প্রতিষ্ঠানও জড়িত। সৌদি আরবে জনশক্তি পাঠানো এবং সেখানে বাংলাদেশি কর্মীদের সমস্যা নিয়ে আলোচনা করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রিয়াদ সফরে গেছে।

সৌদি আরবে দুই লাখ ৭০ হাজার বাংলাদেশি নারী কর্মী কর্মরত আছেন। যে নারী কর্মীরা বাসা-বাড়িতে কাজ করতে যান তারা সৌদি ভাষা বোঝেন না এবং সৌদি রীতিতে রান্না করতে জানেন না। এতেও নানা ধরনের সমস্যা হয়।

সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের জন্য দূতাবাসে ২৪ ঘন্টা হটলাইন চালু আছে। নির্যাতনের শিকার হলে নারীরা গিয়ে দূতাবাসের শেল্টার হোমে আশ্রয় নিতে এবং নির্যাতনের অভিযোগ করতে পারেন। পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ঢাকায় সাংবাদিকদের বলেছেন, বিদেশে যখন লোকজন যাচ্ছে তখন ওই দেশের বাংলাদেশ দূতাবাস জানেও না। আবার তারা যখন সমস্যায় পড়েন তখন দূতাবাসের ওপর দায় বর্তায়।

তিনি জানান, বিদেশে বাংলাদেশি কর্মীদের নিবন্ধন আবশ্যিক করা হচ্ছে। প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে আলাপ হয়েছে। যে কর্মীরা বিদেশে যাবেন তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে।

‘ভারত থেকে বাংলাদেশে গোপনে পুশব্যাক চলছে’

0

ভারতের নানা প্রান্ত থেকে অবৈধ বাংলাদেশী সন্দেহে আটক নারী-পুরুষদের দলে দলে কলকাতায় নিয়ে এসে গোপনে ও জোর করে সীমান্ত পার করিয়ে দেওয়া হচ্ছে বলে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করছে।

গত শনিবার রাতে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর থেকে ট্রেনে করে নিয়ে আসা কথিত বাংলাদেশীদের এমনই একটি দলকে বিএসএফের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা থাকলেও মানবাধিকার কর্মীদের বিক্ষোভের মুখে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের সাময়িক আশ্রয় দিতে বাধ্য হয়েছে।

তবে এর আগেই বেশ কয়েক দফা ‘পুশব্যাক’ করা হয়ে গেছে বলে তারা জানাচ্ছেন – আর ভারতের সরকার, পুলিশ বা সীমান্ত-রক্ষী বাহিনী গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে।

বস্তুত গত সপ্তাহেই কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাতের টেস্ট উদ্বোধন করতে এসেছিলেন।

অভিযোগ উঠছে, ঠিক সে সময় নাগাদই শহরের অন্য প্রান্তে কথিত বাংলাদেশীদের নিয়ে এসে বিএসএফের মারফত তাদের সীমান্ত পার করিয়ে দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে।

পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা এপিডিআরের সাধারণ সম্পাদক ধীরাজ সেনগুপ্তর কথায়, ‘ঘটনাটা যা ঘটেছে তা অত্যন্ত খারাপ হয়েছে বলেই আমরা রিপোর্ট পেয়েছি।’

তিনি বলেন, ‘এই কথিত বাংলাদেশীদের এনে রাতের বেলায় পশ্চিমবঙ্গ সরকারের হাতে তুলে দিলে তাদের থাকার ব্যবস্থা করা হয়।’

‘পরদিন সকালে বিএসএফের হাতে এদের হস্তান্তর করার পর ৩২ জনের একটা দলকে এরা সীমান্ত পার করিয়ে দেয় বলে আমাদের কাছে খবর এসেছে।’

‘আরও জেনেছি, বাংলাদেশে ঢোকার পর ভারত থেকে আসা অনুপ্রবেশকারী বলে এদের নাকি সেখানেও জেলে পোরা হয়েছে’, বলছিলেন ধীরাজ সেনগুপ্ত।

এই কথিত বাংলাদেশীদের সবচেয়ে বড় দলটি শনিবার বিকেলে কলকাতার কাছেই হাওড়া রেলস্টেশনে এসে পৌঁছায়।

এদেরকে যাতে কিছুতেই বিএসএফের হাতে তুলে না-দেওয়া হয় সেই দাবিতে মানবাধিকার কর্মীরা স্টেশনে আগে থেকেই বিক্ষোভ দেখাচ্ছিলেন – আর সেখানে ছিলেন বিজ্ঞানী ও অ্যাক্টিভিস্ট নিশা বিশ্বাস।

নিশা বিশ্বাস বিবিসিকে বলেছেন, ‘ব্যাঙ্গালোর থেকে একটা বিশেষ ট্রেনের দুটো কামরা রিজার্ভ করে ষাট জনের মতো কথিত বাংলাদেশীদের হাওড়াতে নিয়ে আসা হয়।’

তিনি বলেন, ‘যতজন লোক ছিল দলটায়, প্রায় ততজনই পুলিশ ছিল সঙ্গে। আর উর্দিতে নন, তারা সবাই ছিলেন সাদা পোশাকে।’

‘ট্রেনের সব যাত্রী নেমে যাওয়ার পর এই দলটাকে এক লাইন করে হাঁটিয়ে নিচে নামানো হয়। প্ল্যাটফর্মের পাশে দুটো পুলিশ ভ্যানও দাঁড়িয়ে ছিল, জানি না ওদের নিয়ে যেতেই সেগুলো এসেছিল কিনা!’

‘তবে আমরা বিক্ষোভ দেখাচ্ছিলাম বলে তাদের ভ্যানে তোলার চেষ্টা করা হয়নি। পুরো দলটাকে এক কোনায় মাথাগুনতি করে বসিয়ে রাখা হয়।’

‘ট্রেন এসেছে বিকেল চারটেয়, আর রাত দশটা-সাড়ে দশটা অবধি ওদের ওই কোনাতেই ঠায় বসিয়ে রাখা হয়। আমরাও ততক্ষণ ওখানেই দাঁড়িয়ে ছিলাম। পরে দুটো পুলিশ ভ্যানে করে ছেলে আর মেয়েদের আলাদা করে সরিয়ে নিয়ে যাওয়া হয় বলেই খবর পেয়েছি,’ জানাচ্ছেন নিশা বিশ্বাস।

ব্যাঙ্গালোর থেকে হাওড়া পর্যন্ত তাদের ওই ট্রেন-যাত্রায় এই কথিত বাংলাদেশীদের ফলো করেছেন ‘দ্য ফেডারেল’ নামের একটি এনজিওর প্রতিবেদক সুদীপ্ত মণ্ডল।

মাঝপথে তিনি তাদের কয়েকজনের সঙ্গে ট্রেনের জানালা দিয়ে কথাও বলতে পেরেছেন। তারা কেউ বলেছেন, ‘আল্লাহর দয়ায় এখন ভালয় ভালয় দেশে ফিরতে পারলেই বাঁচি।’

কেউ আবার জানিয়েছেন, ‘আমার ভাইয়ের নাম সাইফুল, ব্যাঙ্গালোরের সেন্ট্রাল জেলে আটক আছে – দেখুন না ওকে ছাড়ানো যায় কি না!’

সুদীপ্ত মণ্ডল নিজেও বিবিসিকে বলেছেন, মাঝপথে এই নারী-পুরুষদের কোথাও নামিয়ে দেওয়া হবে এই জল্পনাও ছিল প্রবল।

তার কথায়, ‘একজন মহিলা ও একজন পুরুষ সাব-ইনস্পেক্টর, এই দুজন জুনিয়র পুলিশ কর্মকর্তা এই গোটা দলটার তদারকি করছিলেন। কিন্তু কলকাতায় পৌঁছে এই বাংলাদেশীদের নিয়ে কী করা হবে, তাদেরকে বারবার সে প্রশ্ন করেও কোনও জবাব পাইনি।’

তিনি বলেন, ‘আর ট্রেন বাংলায় ঢোকার আগে থেকেই জল্পনা শুরু হয়, সংবাদমাধ্যমকে এড়াতে এদের মাঝের কোনও স্টেশনে নামিয়ে নিয়ে সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। সেরকম কিছু হচ্ছে কিনা, সেটা দেখতে প্রতিটা স্টেশনে নেমেই আমি ওদের কামরার দিকে দৌড়ে যাচ্ছিলাম।’

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্ডিয়ার সাবেক কর্মকর্তা অরিজিৎ সেন মনে করছেন, এখানে ভারতের সবচেয়ে বড় অন্যায়টা হল বিদেশি নাগরিকদের ডিপোর্টেশনের যেটা স্বীকৃত পদ্ধতি, সেটার কোনও পরোয়াই করা হচ্ছে না।

অরিজিৎ সেন বিবিসিকে বলছিলেন, ‘১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্ট অনুসারে, এরা যদি অবৈধ অনুপ্রবেশকারী হয়েও থাকে তাহলে আদালতে পেশ করে তারা যে অবৈধভাবে ভারতে ঢুকেছে সেটা আগে প্রমাণ করা দরকার। তারপর কনস্যুলার অ্যাকসেসের প্রশ্ন আসে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনেকগুলো ধাপ পেরিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এদের ডিপোর্ট করার ব্যবস্থা করতে হয়।’

‘এটা একটা দীর্ঘ ও সময়সাপেক্ষ পদ্ধতি, আর এটা করা হলে তবেই কাউকে ডিপোর্ট করা যায়। কিন্তু এরা তো সেই পদ্ধতির ধারে-কাছেও যাচ্ছে না, বরং মনে হচ্ছে এরা যেন একটা ক্লিনিং অপারেশনের মতো কিছু করছে।’

‘ক্রিকেট ম্যাচকে ঘিরে যেখানে ভারত-বাংলাদেশ নিবিড় সম্পর্কের কথা বলা হচ্ছে, অথচ তার পাশাপাশি এখানে যে ন্যূনতম মানবাধিকারটুকু নিশ্চিত করা দরকার ছিল সেটা কিন্তু আদৌ হচ্ছে না,’ বলছিলেন অরিজিৎ সেন।

ভারতের বেশ কয়েকটি রাজ্যের পুলিশ, সরকারি এজেন্সি ও বিএসএফের মধ্যে সমন্বয় ছাড়া এধরনের অপারেশন চালানো সম্ভব নয়।

কিন্তু এই সব সংস্থার সঙ্গে দিনভর নানাভাবে যোগাযোগ করা হলেও তাদের কেউই এ বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হয়নি।

সূত্র: বিবিসি বাংলা

ইসরায়েলে বড়সড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান : নেতানিয়াহু

0

মধ্যপ্রাচ্যের চিরবৈরি দুই দেশ ইসরায়েল ও ইরানের পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ, ছোট খাটো হামলা পাল্টা হামলা নিত্য ঘটনা।

তবে এবার ইরান বড়সড় হামলার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রবিবার নেতানিয়াহু এক বিবৃতিতে এ দাবি করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

সংবাদমাধ্যমে বলা হয়েছে, নেতানিয়াহু বলেছেন, ইরানের হামলা প্রতিহত করতে যা কিছু সম্ভব সবই করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার নেতানিয়াহুকে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত করেন দেশটির এক অ্যাটর্নি জেনারেল। তিনটি পৃথক মামলায় তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়।

বিস্ফোরক এনে একবারেই সবাইকে মেরে ফেলা ভালো

0

দিন দিন ভারতের রাজধানী দিল্লির অবস্থা খারাপ হচ্ছে দূষণের কারণে। কিভাবে দূষণ কমানো যায় তা নিয়ে বারবার দেশটির কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরেও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। দূষণের পরিমাণ কমেনি। আর এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে দায়ী করলেন সুপ্রিম কোর্ট।

দিল্লির দূষণ নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল, তারা যেন পার্শ্ববর্তী হরিয়ানা ও পঞ্জাব সরকারের সঙ্গে কথা বলে সেখানে ফসলের উদ্‌বৃত্ত পোড়ানো বন্ধ করার ব্যবস্থা করে। কিন্তু এই বিষয়ে হরিয়ানা কিছু ব্যবস্থা নিলেও পঞ্জাব সরকার কোনো ব্যবস্থা নেয়নি বলেই সরকারের পক্ষে দেশের শীর্ষ আদালতকে জানানো হয়। এই কথার পরেই বিচারপতি অরুণ মিশ্র বলেন, সারা বিশ্ব আমাদের দেখে হাসছে। আপনারা মানুষের আয়ু কমিয়ে দিচ্ছেন। মানুষকে কেন গ্যাস চেম্বারের মধ্যে বেঁচে থাকতে বাধ্য করা হচ্ছে। তার চেয়ে ১৫ কেজি বিস্ফোরক এনে একবারেই সবাইকে মেরে ফেলা ভালো!

বিচারপতি মিশ্র আরে বলেন, কেন্দ্র ও রাজ্য একে অন্যকে দায়ী করছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক। সব কিছুই সুপ্রিম কোর্টের চোখের সামনে হচ্ছে। তারপরেও আমরা সহ্য করতে বাধ্য হচ্ছি। এটা দায় ঝেড়ে ফেলার খেলা ছাড়া আর কিছুই নয়। আমি অবাক হচ্ছি।

এর আগে অনেকবার সুপ্রিম কোর্ট দিল্লির দূষণ কমানোর জন্য সরকারকে একাধিক নির্দেশ দিয়েছেন। বারবার এই সংক্রান্ত বিষয়ে আলোচনা হচ্ছে। কিন্তু কোনোভাবেই দূষণের পরিমাণ কমছে না।