Home Blog Page 3331

রোহিঙ্গাদের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী: সেনাপ্রধান

0

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, কক্সবাজারের উখিয়া ও টেকনাফে মানবিক আশ্রয়ে থাকা ১১ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

আজ রোববার কক্সবাজারের রামুতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেনাপ্রধান। জেনারেল আজিজ আহমেদ বলেন, রোহিঙ্গা শিবিরের বাইরে কাঁটাতারের বেড়া নির্মাণের দায়িত্বও দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। ইতিমধ্যে উখিয়ার একটি শিবিরে পাকা খুঁটি পোঁতার কাজ শেষ হয়েছে। খুঁটিগুলো সেনাবাহিনী তৈরি করছে। খুঁটি স্থাপনের পর কাঁটাতারের বেড়া লাগানো হবে।

এ সময় মিয়ানমার সীমান্তের বাংলাদেশ অংশেও সীমান্ত সড়ক নির্মাণ এবং তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন সেনাপ্রধান।

রামুর সেনানিবাসে আজ দুপুরে ১০ পদাতিক ডিভিশনের ছয়টি ইউনিটকে রেজিমেন্টাল কালার দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। ইউনিটগুলো হচ্ছে ৬, ৯ ও ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ১৩ ও ১৪ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। এ উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান।

সকাল ১০টায় সেনাবাহিনীর প্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছালে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজারের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী তাঁকে অভ্যর্থনা জানান। সেনাবাহিনীর প্রধান রেজিমেন্টাল কালারপ্রাপ্ত ইউনিটসমূহকে অভিনন্দন জানিয়ে বলেন, ৬, ৯ ও ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ১৩ ও ১৪ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টসমূহ প্রতিষ্ঠালগ্ন থেকেই ধারাবাহিক ও প্রশংসনীয় কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে রেজিমেন্টাল কালার পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। রেজিমেন্টাল কালার প্রাপ্তি যেকোনো ইউনিটের জন্য একটি বিরল সম্মান এবং পবিত্র আমানত। তিনি আশা প্রকাশ করেন, কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম এবং কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত রেজিমেন্ট কালারের মর্যাদা এবং সেনাবাহিনীর প্রতি জাতির আস্থা অটুট রাখার জন্য যেকোনো ত্যাগ স্বীকারে ইউনিটসমূহ সব সময় সচেষ্ট থাকবে।

সেনাবাহিনীর প্রধান উপস্থিত সবার উদ্দেশে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ দেশের আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতেও মাতৃভূমির অখণ্ডতা রক্ষা ও জাতীয় যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে হবে এবং সবাইকে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে আসতে হবে।

এর আগে সেনাপ্রধানের রেজিমেন্টাল কালার প্রদান উপলক্ষে সুশৃঙ্খল, মনোজ্ঞ ও বর্ণিল কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে কক্সবাজারের তিন সাংসদ—আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল ও জাফর আলম, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন কমিটি যুবলীগের ভাবমূর্তি ফেরাবে, আশা ওবায়দুলের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নতুন কমিটি যুবলীগের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবে। আওয়ামী লীগে অনুপ্রবেশের বিষয়টি দীর্ঘদিনের। দলে আগাছা পরগাছা পরিষ্কারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ঢাকায় পাঁচটি সহযোগী সংগঠনের কমিটি দেওয়া হয়েছে। সেখানে আমরা ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দিয়েছি। এ ছাড়া, ৭০টি জেলা-উপজেলায় কমিটি হয়েছে। সেখানেও ক্লিন ইমেজের নেতৃত্ব এসেছে।

গতকাল শনিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ ফজলে শামস। আর সাধারণ সম্পাদক হয়েছেন মাঈনুল হোসেন খান।

দলে অনুপ্রবেশকারীদের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের যে তালিকা প্রধানমন্ত্রীর কাছে ছিল, সেগুলো বিভাগীয় নেতাদের হাতে তুলে দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারীদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তালিকায় থাকা কোনো নেতার বিরুদ্ধে অনুপ্রবেশকারী হিসেবে প্রমাণ হলে আওয়ামী লীগ থেকে বিতাড়িত করা হবে।

আজ রোববার ওবায়দুল কাদের রাজধানীর মতিঝিলে বিআরটিসির বাস ডিপোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার হিসেবে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিআরটিসির বাস হস্তান্তর করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসির চেয়ারম্যান মো. এহছানে এলাহী।

বিএনপি’র সভার অনুমতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। বিএনপির পার্টি অফিসের সামনে তাদের সভা করার অনুমতি দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অনুদানকৃত আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের হাতে নয়টি বিআরটিসি বাসের চাবি হস্তান্তর করেন।

ভারত থেকে আমদানি করা এসব বাসগুলোর প্রতিটিতে আসনসংখ্যা রয়েছে ৪৪টি করে। আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিআরটিসি’র দুটি বাস এবং সাত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটিকে একটি করে বাস হস্তান্তর করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- খুলনা সরকারি মহিলা কলেজ, শামসুল হক খান স্কুল এন্ড কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বান্দরবান সরকারি মহিলা কলেজ, বান্দরবান সরকারি কলেজ, টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ ও মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী এ বাসগুলো দেওয়া হলো। বিআরটিসি একটি অলাভজনক জন সেবাবান্ধব রাষ্ট্রীয় পরিবহন। লাভের দিকে গুরুত্ব না দিয়ে আমরা জনগণের সেবার ওপরে গুরুত্ব দিয়ে থাকি। নতুন এই গাড়িগুলো অবহেলায় যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

প্রধানমন্ত্রীকেও পেঁয়াজ রপ্তানির বিষয়ে কথা দিয়েছিল ভারত: বাণিজ্যমন্ত্রী

0

মহারাষ্ট্রের রাজ্য বিধানসভার নির্বাচনের পর ভারত পেঁয়াজ রপ্তানি আবার চালু করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কথা দিয়েছিল বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘দুর্ভাগ্য, তারা খুলে দেয়নি।’

২৪ অক্টোবর মহারাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ২৯ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে। অক্টোবরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেন। সফরসঙ্গী ছিলেন বাণিজ্যমন্ত্রী নিজেও।

টিপু মুনশি বলেন, ‘ভারত সফরকালে ভারত মাননীয় প্রধানমন্ত্রীকেও (শেখ হাসিনা) কথা দিয়েছিল যে নির্বাচনের পর পেঁয়াজ রপ্তানি খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।’

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত এক সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। নিত্য প্রয়োজনীয় পণ্যে চাহিদা, সরবরাহ ও যৌক্তিক মূল্যের ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এ সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, এফবিসিসিআইয়ের সহসভাপতি মুনতাকিম আশরাফ, মো. সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন পণ্য ও খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যাওয়াকেই বাংলাদেশে মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় কারণ বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বছরের এ সময়ে যেখানে মাসে এক লাখ টন আসত, সেখানে ভারত বন্ধ করার পর ২৫ হাজার টন আসছে। এর মানে আমদানিতে প্রায় ৭৫ হাজার টন ঘাটতি। তাঁর মতে, দ্বিতীয় কারণটি হলো ঘূর্ণিঝড় বুলবুলের কারণে মিয়ানমার থেকে কয়েকদিন আমদানি বন্ধ থাকা।

সরকারি সংস্থার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম, শিল্পসচিব মো. আবদুল হালিম ও খাদ্যসচিব শাহাবুদ্দিন আহমদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভারতের রপ্তানি বন্ধের পর পেঁয়াজ আমদানিতে নানা পদক্ষেপের কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অন্য দেশ থেকে জাহাজে আনতে ১২–১৪ দিন লাগে বলে মনে করেছিলাম। ধারণা ছিল না ২৪–২৫ দিন লাগবে। আমি ছিলাম অস্ট্রেলিয়ায়, প্রতিদিন ৭–৮ বার ফোন করেছি।’

এ সময় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, ছয় থেকে সাত দিনের মধ্যে পেঁয়াজ আসবে। বাণিজ্য মন্ত্রী বলেন, ‘আপনার জাহাজ ২৯ নভেম্বর প্রথম আসবে, সেটা আমি জানি।’

উড়োজাহাজে ৪০০ টনের মতো পেঁয়াজ আসার কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সত্যি কথা কি, আমাদের যা লাগবে, সব আছে, এটা বললে ঠিক কথা বলা হবে না। তাহলে এই হিসাব কেন দিলাম যে আমাদের আনতে হচ্ছে।’

১০ দিনে মধ্যে আমদানি করা বড় চালান এসে যাবে ও দেশি পেঁয়াজ উঠবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, উড়োজাহাজে আনতে অনেক খরচ। এ পেঁয়াজ বাজারে ছাড়লে উপকার হবে না। সরকার সেটা নিয়ে ৪৫ টাকা কেজিতে মানুষকে খাওয়াচ্ছে। জাহাজে আনা পেঁয়াজ বড় কোম্পানিগুলো বিক্রি করবে। সেটার খরচ কম হবে। তিনি বলেন, ‘আমার ধারণা বাজারে ৬০–৭০ টাকায় জাহাজে আনা পেঁয়াজ বিক্রি হবে।’

এ সময় ব্যবসায়ীরা বলেন, আরও কম হবে। বাণিজ্য মন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বন্দরে আসতে মোট খরচ কেজিপ্রতি ৩২ টাকা পড়বে, সেটা আমি জানি। তারপরও ভয়ে ভয়ে কিছুটা বাড়িয়ে বললাম।’
এস আলম, মেঘনা ও সিটি গ্রুপ বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে পেঁয়াজ আমদানি করছে।

‘২০ বছর মেয়াদি দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার’

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য ২০ বছর মেয়াদি দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করবে।

আজ রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা-২০২১-২০৪১’র ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখার সময় একথা বলেন।

সরকার গঠনের পর দেশের দ্রুত উন্নয়ন সাধনে সরকার বেশ কিছু তাৎক্ষণিক পরিকল্পনা গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশকে ২০৪১ নাগাদ দক্ষিণ এশিয়ার একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এই লক্ষ্য অর্জনে আমরা প্রথম প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়িত করছি এবং ইতোমধ্যেই আমরা ২০২০ থেকে ২০৪১ সাল নাগাদ দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছি।

তিনি বলেন, আমরা পঞ্চম এবং ৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি এবং ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। পঞ্চবার্ষিক পরিকল্পনার পাশাপাশি দেশে প্রথমবারের মতো ২০২০-২০২১ সাল পর্যন্ত আমরা দীর্ঘ মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনারও বাস্তবায়ন করে যাচ্ছি।

অনুষ্ঠানে প্রদত্ত বক্তৃতায় পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান এই প্রেক্ষিত পরিকল্পনাকে বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার ‘একটি স্বপ্নের দলিল’ হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, ২০ বছর মেয়াদি দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০২১ সাল থেকে শুরু করে আগামী ৪/৫ বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।

সিনিয়র সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম একটি পাওয়া পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অনুষ্ঠানে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার উল্লেখযোগ্য দিকসমূহ তুলে ধরেন।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী এ এইচ এম মুস্তাফা কামাল, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং ড. মশিউর রহমান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার অনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

দুবাইয়ে যৌনপেশায় বাংলাদেশি তরুণীরা! ছয়-সাতশ তরুণী পাচার!

0

দুবাইভিত্তিক সংবাদপত্র ‘গালফ নিউজ’-এ গত ২৯ মে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দুবাই পুলিশ চারজন অপ্রাপ্তবয়স্ক বাংলাদেশি তরুণীকে একটি নাইট ক্লাব থেকে উদ্ধার করেছে। নাচের কথা বলে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। তাদের পাসপোর্ট বানিয়ে দেওয়া এবং সেখানে নিয়ে যাওয়ার যাবতীয় খরচ এক ব্যক্তি বহন করেন। সেখান থেকেই বাড়তে থাকে রহস্যের জট।

সূত্র মতে, তরুণী সংগ্রহ, পাসপোর্ট করানো, ভিসা সংগ্রহ, বিমান বন্দরের ইমিগ্রেশন পার করানো এবং আরব আমিরাতে ‘ড্যান্স বারে’ পৌঁছে দেওয়া পর্যন্ত সবখানে এই পাচারকারি চক্রের বিশ্বস্ত এজেন্ট রয়েছে। তবে, বারে নৃত্য করার নাম করে নেওয়া হলেও এদের অনেক তরুণীকেই যৌন পেশায় বাধ্য করানোর অভিযোগ রয়েছে। এর সাথে এক শ্রেণির ট্রাভেল এজেন্সিও জড়িত রয়েছে।

ড্যান্স বারে নাচ শিখতে আসা তরুণীদের উচ্চ বেতনে কাজের প্রলোভন দেখিয়ে প্রথমে বিদেশ যেতে রাজি করানো হয়। এরপর আন্তর্জাতিক চক্রের সাথে যোগাযোগ করে তারা। পরে বিদেশে যেতে রাজি হওয়া তরুণীর ছবি পাঠানো হয় ড্যান্স বারের মালিককের কাছে। ছবি পছন্দ করা হলেই শুরু হয় তরুণীদের পর্যটন ভিসায় বিদেশে পাঠানোর প্রক্রিয়ার কাজ।

‘ড্যান্স বারে’ কাজ করে দেশে ফিরে আসা কয়েকজন তরুণীর সঙ্গে কথা বলে জানা গেছে, আরব আমিরাতে যাওয়ার বিষয়টি কয়েক ধাপে সম্পন্ন হয়। যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে দেশে থাকা এজেন্টরা মেয়েদের ছবি ‘ড্যান্স বারের’ মালিকদের কাছে পাঠান। সেখান থেকে পছন্দ করলে তাদের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। কখনো কখনো নতুন মেয়েদের দেখতে বার মালিকেরা তাদের প্রতিনিধিকে এ দেশে পাঠান। এরপর তাদের পাসপোর্ট করে দেওয়া হয়।

আরব আমিরাতে যাওয়া-আসার পুরো খরচ বহন করেন ‘ড্যান্স বারের’ মালিকেরা। যাওয়ার আগে তাদের অগ্রিম ৫০ হাজার টাকা দেওয়া হয়। পৌঁছানোর পর তাদের একটি কক্ষে রাখা হয়। প্রতি কক্ষে ১০-১২ জন থাকেন। থাকা-খাওয়ার খরচ ‘ড্যান্স বারের’ মালিক বহন করেন।

তরুণীদের ভাষ্যমতে, ড্যান্স বারে কাজ করে ফিরে আসা তরুণীরা পরে অন্যদের উদ্বুদ্ধ করেন ভালো উপার্জনের আশ্বাস দিয়ে। এরপর তাদের এজেন্ট বা চক্রের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। এ জন্য মাথাপিছু কমিশন পান।

এই বক্তব্যের সূত্র ধরে কয়েকটি কথিত ‘ড্যান্স স্কুলে’ খোঁজ-খবর নেওয়া হয়। এর মধ্যে অনিক সরকার নামে এক যুবকের কথা জানায় ওই তরুণীরা। তার বাড়ি ময়মনসিংহে। লেখাপড়া করেছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত। তিনি একটি প্রতিষ্ঠানে নাচ শেখেন। এক সময় দুবাই যান। সেখান থেকে ফিরে এসে নিজেই ‘এডিসি অনিক ড্যান্স কোম্পানি’ নামে নাচের প্রতিষ্ঠান খোলেন।

নাম প্রকাশ না করার শর্তে নাচের স্কুলের সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেন, নৃত্য শেখানোর নাম করে এই যুবক দীর্ঘদিন ধরেই অপেক্ষাকৃত কম বয়সী তরুণীদের দেশের বাইরে পাঠাচ্ছেন। তার চলাফেরাও বেশ বিলাসী।

ভুক্তভোগী কয়েকজন তরুণী জানান, নারায়ণগঞ্জের ‘গাঙচিল ড্যান্স ফ্লোর’ এবং ‘তারার মেলা নৃত্য একাডেমি’র শিক্ষক মো. আকতার হোসেনও মেয়েদের বাইরে পাঠানোর সঙ্গে যুক্ত। ওই দুই প্রতিষ্ঠানের কয়েকজন ছাত্রও একই কাজে যুক্ত বলে অভিযোগ আছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নয়দিন ধরে নিখোঁজ আছেন মো. আকতার হোসেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হলেও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সংস্থাই তা স্বীকার করছে না। তবে আকতার হোসেন নিখোঁজের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে এসেছে নারায়ণগঞ্জ থেকে অর্ধ সহস্রাধিক কিশোরী ও তরুণীকে বিদেশে পাচারের এই লোমহর্ষক কাহিনী।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ মিডিয়া উইংয়ের সিনিয়র অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন।

র‍্যাবের এই কর্মকর্তা আরো জানান, গত এক বছরে নারায়ণগঞ্জ জেলা থেকে অন্তত ৬শ’ থেকে ৭শ’ কিশোরী ও তরুণীকে বিদেশে ড্যান্স ক্লাবে উচ্চ বেতনে চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে পাচার করা হয়েছে। তাদের বয়স ১৬ থেকে ২২ এর মধ্যে।

নিখোঁজ আকতার হোসেন দুই নম্বর ঢাকেশ্বরী এলাকার ‘গাঙচিল ড্যান্স ফ্লোর’ এর মালিক। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকার ইব্রাহিমের ছেলে।

নিখোঁজ আকতার হোসেনের স্বজনরা জানান, গত ১৫ নভেম্বর আকতারকে অনিক সরকার নামে তার এক বন্ধু ডেকে নিয়ে যায়। অনিক সরকার ‘এডিসি অনিক ড্যান্স কোম্পানী’র মালিক। তারা আকতারের নাচের স্কুলে (ড্যান্স ক্লাব) গেলে সেখান থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবী আকতারের পরিবারের। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। এ ঘটনার একদিন পর ১৭ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৭৯৯) করা হয়।

এদিকে সরকারি একটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, মো. আকতার হোসেনের মালিকানাধীন ‘গাঙচিল ড্যান্স ফ্লোর’ ও ‘তারার মেলা নৃত্য একাডেমি’ এবং অনিক সরকারের মালিকানাধীন ‘এডিসি অনিক ড্যান্স কোম্পানী’ নারী পাচারের কাজে সরাসরি জড়িত রয়েছে। তারা ড্যান্স বারে কাজ দেওয়ার নামে তরুণীদের সংযুক্ত আরব আমিরাতের দুবাইসহ বিভিন্ন শহরে পাচারে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এদের প্রধান লক্ষ্য নিম্নবিত্ত পরিবারের তরুণীরা। এমন তরুণীদের অসহায়ত্বকে পুঁজি করে সেখানে নিয়ে তাদের যৌন পেশাতেও বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অনিক ও আখতার সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ড্যান্স বারের সরাসরি মালিক না হলেও ওই সমস্ত বার মালিকদের এজেন্ট হিসেবে কাজ করছে। তারা অসহায় তরুণীদের বিদেশে ড্যান্স বারে চাকরির কাজে পাঠানোর জন্য রাজি করায়। এ বাবদ এরা ড্যান্স বারের মূল মালিকের কাছ থেকে প্রত্যেক তরুণীর জন্য পায় ১০ থেকে ১৫ হাজার টাকা। মূলত এরাই দুবাই, আবুধাবি, শারজা ও মালয়েশিয়ায় উঠতি বয়সী সুন্দরী তরুণীদের পাঠানোর কাজে সম্পৃক্ত। এদের মতো এমন আরও ৫০ জনের নামও পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সকল পাবলিক পরীক্ষায় স্বতন্ত্র কেন্দ্র স্থাপন কেন নয়?

0

পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসিসহ সকল পাবলিক পরীক্ষা এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য সারা দেশে জেলা-উপজেলা সদরে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপন করার কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ রুল জারি করেন।

শিক্ষা ও গণপূর্ত সচিব এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকসহ আটজন বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সরদার জাকির হোসেন এ রিট আবেদন করেন। রবিবার তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম।

রবিবার আদেশের পর সরদার জাকির হোসেন সাংবাদিকদের জানান, পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, ডিগ্রিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় জেলা ও উপজেলা সদরে। একইসঙ্গে বিভিন্ন নিয়োগ পরীক্ষাও অনুষ্ঠিত হয়। জেলা ও উপজেলা সদরের স্কুল বা কলেজ বন্ধ রেখে সেখানে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়। একারণে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পুরো ক্লাস অনুষ্ঠিত হয় না। এতে ওইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে জনস্বার্থে রিট আবেদন করা হয়।

দক্ষিণ বিভাগের ট্রাফিক সচেতনতা পক্ষ পালন

0

নতুন মোটরযান আইন চালুর পরে সারাদেশের ট্রাফিক বিভাগ সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। পথচারী ও চালকেরা সচেতন হলেই দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছে পুলিশের ট্রাফিক বিভাগ। এজন্য নিয়মিত প্রচারণা, চালক, যাত্রী, পথচারীদের করণীয় কী এসব বিষয় নিয়ে সচেতন করে যাচ্ছেন।

রবিবার চতুর্থদিনের মতো রাজধানীর দক্ষিণ অংশে ট্রাক,সচেতনতা মূলক পথ সভা এ সরেজমিনে ট্রাফিক ব্যবস্থাপনা, বাস-ট্রাক চালক ও সহকারী পথচারীদের বিস্তারিত ধারণা প্রদান করেন ট্রাফিক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।

এরই অংশ হিসেবে ট্রাফিক সচেতনতা মূলক পক্ষ ২০১৯ ও ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ গণ
সচেতনতা মূলক পথ সভা এ সরেজমিনে ট্রাফিক ব্যবস্থাপনা, বিস্তারিত ধারণা প্রদান করছে ঢাকা দক্ষিণ ট্রাফিক বিভাগ। বিশেষজ করে চালকদের কোন কোন অবস্থায় গাড়ি চালানো যাবে না, ওভারটেকিং করা যাবে না, কীভাবে পথ চলতে হবে এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।

ট্রাফিক দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল ইসলাম, কোতোয়ালী জোনের পুলিশ কমিশনার বিমান কুমার দাস, ট্রাফিক ইন্সপেক্টর রফিক, সার্জেন্ট-দ্বীন ইসলাম সহ কোতোয়ালি ট্রাফিক জোনের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

রিমান্ডের আগে ফের হাসপাতালে সম্রাট

0

বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। এর ফলে তাকে রিমান্ডে আনতে পারেননি বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক জাহাঙ্গীর আলম।

জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সম্রাটকে আজ রবিবার থেকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল দুদকের। কিন্তু অসুস্থ হওয়ায় তাকে রিমান্ডে আনতে পারেনি সংস্থাটি।

সূত্রে জানা গেছে, কাশিমপুরে হাই সিকিউরিটি কারাগারে থাকা সম্রাট শনিবার রাতে অসুস্থ বোধ করায় তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হয়। তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল থেকে কারাগারে ফেরত যাওয়ার পর সম্রাটকে দুদকে আনা হবে।

দুদকের আবেদনে গত ১৭ নভেম্বর সম্রাটকে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ঢাকার জজ আদালত। সেই অনুমতির ভিত্তিতে রবিবার থেকে হেফাজতে নেওয়ার কথা ছিল দুদকের।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, বুকে ব্যথা অনুভব করার কথা বললে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে রাতেই তাকে পরে ঢাকায় পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম বলেন, কার্ডিয়াক সমস্যা নিয়ে তিনি ভর্তি হয়েছেন। তাকে আইসিইউতে রাখা হয়েছে।

ইসমাইল চৌধুরী সম্রাট ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি। গত ১৮ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র‌্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে এলে তিনি আত্মগোপনে চলে যান। এরপর ৭ অগাস্ট কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব।

‘পুরোপুরি ছাইপাঁশ’, ইমপিচমেন্ট শুনানিকে ট্রাম্পের বিদ্রুপ

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট নিয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে শুনানি চলছে। গত পাঁচ দিন ধরে চলা এই শুনানিকে ‘পুরোপুরি ছাইপাঁশ’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।

একটি টিভি চ্যানেলকে দেওয়া ৫৭ মিনিটের সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেছেন।

ওই শুনানির বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ধাপ্পায় ভরা একটা দুর্দান্ত সপ্তাহ কাটল।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের ওপরে তাঁর চাপ সৃষ্টির অভিযোগ নিয়ে বিভিন্ন মার্কিন কূটনীতিকের সাক্ষ্য শোনার সময়ে হাউসের ডেমোক্র্যাটদের ‘নির্বোধের মতো’ দেখাচ্ছিল।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি আশা করেন না, ‘ইমপিচড’ হবেন। অভূতপূর্ব সমর্থন পাচ্ছে রিপাবলিকান পার্টি। কিন্তু ডেমোক্র্যাট-অধ্যুষিত হাউসে যদি ইমপিচমেন্টের প্রস্তাব পাশ হয়, তাহলে উচ্চকক্ষ সেনেটে শুনানির মুখে পড়তেও তাঁর কোনও অসুবিধে নেই।

ট্রাম্পের এই আপাত স্বস্তির একটা কারণ অবশ্যই সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা। প্রেসিডেন্টের অপসারণেও দুই-তৃতীয়াংশ সিনেটরের সম্মতি দরকার। সে সবের আগে ট্রাম্প চাইছেন ডেমোক্র্যাটদের ঘরে চ্যালেঞ্জটা পৌঁছে দিতে।

হাউসের তদন্ত বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান তথা ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম শিফের নাম করে ট্রাম্প বলেছেন,আমি তো চাই, এবার রিপাবলিকানরা তাঁকে একটু প্রশ্ন করুন। ভুয়া হুইসলব্লোয়ার সম্পর্কে বলুন অ্যাডাম শিফ।

হুইসলব্লোয়ারের অভিযোগের ভিত্তিতেই ইমপিচমেন্ট তদন্ত শুরু। শিফ ওই ব্যক্তির আসল পরিচয় জানেন বলে দাবি করেন ট্রাম্প। তবে রিপাবলিকান সিনেটরেরা শিফের মতো গুরুত্বপূর্ণ পদাধিকারীকে সাক্ষীর কাঠগড়ায় তুলে জেরা করতে চাইবেন কিনা, প্রশ্ন থাকছে তা নিয়ে।

হুইসলব্লোয়ারের দাবি, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম পদপ্রার্থী জো বাইডেন এবং তাঁর পুত্রের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরুর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ়েলেনস্কিকে চাপ দিয়েছিলেন ট্রাম্প।

ফেসবুক নিয়ে অশান্তি, স্ত্রীর আত্মহত্যা

0

স্বামীর তীব্র আপত্তি সত্ত্বেও গোপনে ফেসবুক নিয়ে রাতের পর রাত সময় কাটাতেন গৃহবধূ। এমন অবস্থায় পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছেন স্ত্রী। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই নারী। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কোলাঘাটের বাড়বড়িশায়। এই ঘটনায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃতা বধূর নাম চৈতালি দাস (‌২৫)‌। স্বামী শুকদেব দাস পেশায় ওয়েল্ডার কর্মী। আট বছর আগে তাঁদের বিয়ে হয়। বর্তমানে তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে। এমন অবস্থায় স্ত্রীর অতিরিক্ত মোবাইলে আসক্তি নিয়ে তীব্র বিরোধ বাঁধে।

অভিযোগ, স্বামীর আপত্তি সত্ত্বেও গোপনে ফেসবুক নিয়ে রাতের পর রাত সময় কাটাতেন ওই গহবধূ। বিষয়টি নজরে আসায় স্ত্রীকে সন্দেহ করতে শুরু করেন স্বামী। এরপর শুক্রবার রাতে সকলেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে ফের মোবাইলে ফেসবুক সার্চ করছিলেন ওই বধূ। এদিকে শীতের রাতে সকলে ঘুমিয়ে পড়লেও কেন গভীর রাত পর্যন্ত জেগে ফেসবুক দেখছিলেন তা নিয়ে শুরু হয় তীব্র অশান্তি।

অশান্তি চরম আকার ধারণ করলে ভোরেই অভিমানে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই গৃহবধূ। কোলাঘাট বিট হাউস থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে।

ওই নারীর বাপের বাড়ির অভিযোগ, স্বামীর প্ররোচনায় আত্মহত্যা করেছে তাঁদের মেয়ে। এই অভিযোগের পরই স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, কোলাঘাট থানার ওসি কাশীনাথ চৌধুরি বলেন, স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।