Home Blog Page 3332

ইতিহাস গড়লেন এই সৌদি নারী

0

সৌদি আরবের রাজধানী রিয়াদের অনুষ্ঠিত হয়েছে জাগুয়ার আই-পিএসিই ই-ট্রফি রেস। সৌদি নারী হিসেবে এই প্রথম কার রেসিংয়ে অংশ নিয়ে ইতিহাস গড়লেন রিমা জুফালি। সৌদিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার রেসিংয়ে অংশ নিয়েছেন ২৭ বছর বয়সী এই নারী।

রক্ষণশীল সৌদি আরবে মাত্র এক বছর আগেও এমন দৃশ্য ছিল অকল্পনীয়। সৌদি আরবই পৃথিবীর একমাত্র দেশ যেখানে গত বছরের জুন পর্যন্ত নারীদের গাড়ি চালানো নিষেধ ছিল।

২৪ জুন রাতে রিয়াদের রাস্তায় সৃষ্টি হয় এক নতুন ইতিহাস। কয়েক দশকের বাধা অতিক্রম করে ছুটে চলে গাড়ি, যার স্টিয়ারিং ছিল এক নারীর হাতে। কিন্তু শুধু ব্যক্তিগত গাড়িই নয়। তারা এখন চালাচ্ছেন রেসিং কারও। কয়েক মাস আগেই সৌদির এই নারী দেশের মধ্যেই রেসিং কার চালিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন।

জানা গেছে, জুফালির জন্ম জেদ্দায়। সেখানেই বড় হয়েছেন। যুক্তরাষ্ট্রে তিনি স্নাতক স্তরের পড়াশোনা করেছেন। ফিরে এসে রেসিং শুরুর ইচ্ছে ছিল তার। ফর্মুলা কার রেসিং স্কুলে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

জুফালি বলেন, আমি কখনোই ভাবিনি পেশাগত রেসার হিসেবে অংশ নেবো। আমি যে কাজটি করছি তা সত্যিই খুব অসাধারণ।

জুফালি গত জুনে লাইসেন্স পাওয়ার পর অক্টোবরে প্রথম রেসে অংশ নেন। কলেজে পড়তে পড়তেই ফর্মুলা ওয়ানের প্রতি ঝোঁক বাড়ে তার। তারপর রেসিং কার লাইসেন্সের জন্য আবেদন করেন।

তিনি জানান, শুধুমাত্র গাড়ি চালানোই নয়, কার রেসিংয়েও যে সৌদির মেয়েরা কারও চেয়ে কম নয়, সেটা প্রমাণ করতেই তার এই পদক্ষেপ।

ভারতে ঢুকেছে ৭ পাকিস্তানি জঙ্গি, হাই অ্যালার্ট জারি

0

ভারতে ঢুকে পড়েছে ৭ পাকিস্তানি জঙ্গি। নিরাপত্তার নজরদারি এড়িয়ে নেপাল হয়ে ভারতে ঢুকেছে তারা। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, অনুপ্রবেশকারী পাকিস্তানি জঙ্গিরা এখন দু’টি দলে ভাগ হয়ে উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও অযোধ্যায় আত্মগোপন করে রয়েছে। তাদের পরবর্তী লক্ষ্য, জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশ করা। লক্ষ্যে পৌঁছাতে ইতিমধ্যেই পাকিস্তান মদদপুষ্ট ওই জঙ্গিরা উপত্যকায় তাদের লোকাল কনট্যাক্টের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।

জানা গেছে, ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট সামনে আসার পরপরই আত্মগোপন করে থাকা ওই ৭ পাকিস্তানি জঙ্গির খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ওই জঙ্গিরা সুরক্ষা বাহিনীর ধরা ছোঁওয়ার বাইরে রয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, এই মুহূর্তে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা। মাছি গলারও উপায় নেই। উপত্যকায় নিরাপত্তার এই বাড়াবাড়িতে বিকল্প পথে, নেপাল সীমান্ত হয়ে ভারতে জঙ্গি ঢোকাচ্ছে পাকিস্তান। যে সাত জঙ্গি ভারতে অনুপ্রবেশ করেছে, তাদের পাঁচ জনকে ইতিমধ্যেই শনাক্ত করতে পেরেছেন গোয়েন্দারা। এরা হলেন -মোহাম্মদ ইয়াকুব, আবু হামজা, মোহাম্মদ শাহবাজ, নিসার আহমেদ ও মোহাম্মদ কাউমি চৌধুরী। বাকি দুজনের পরিচয় এখনও জানা যায়নি। রিপোর্ট হাতে আসা মাত্র রাজ্যগুলিকে অ্যালার্ট করা হয়েছে। পুলিশ হন্যে হয়ে খুঁজছে এই জঙ্গিদের।

ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছেন, ভারতে আত্মগোপন করে থাকার জন্য স্থানীয় সোর্সকে কাজে লাগাচ্ছে জঙ্গিরা। প্রত্যেকের কাছেই রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। কোথায় যে তারা নাশকতা চালাবে, সে বিষয়ে কোনও ধারণাই নেই গোয়েন্দাদের।

ফিলিস্তিনি নেতাকে ধরিয়ে দিতে ৭ লাখ ডলার পুরস্কার ঘোষণা

0

ফিলিস্তিনের ফাতাহ পার্টির নির্বাসিত সাবেক প্রভাবশালী নেতা মোহাম্মাদ দাহলানের বিরুদ্ধে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ এনেছে আঙ্কারা। এই ফিলিস্তিনি নেতাকে ধরিয়ে দিতে ৪০ লাখ লিরা বা সাত লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে তুরস্ক।

আঙ্কারা অভিযোগ করেছে, ২০১৮ সালের অক্টোবর মাসে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যায়ও দাহলান ভূমিকা পালন করেছিলেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলু ইংরেজি ভাষার তুর্কি দৈনিক হুররিয়াত ডেইলি নিউজকে বলেছেন, দাহলানকে তুরস্কের মোস্ট-ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকায় স্থান দেয়া হয়েছে।

মোহাম্মাদ দাহলান (৫৮) এক সময় ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের প্রভাবশালী নেতা ছিলেন। কিন্তু স্বশাসন কর্তৃপক্ষের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে যাওয়ায় তিনি ফিলিস্তিন ছেড়ে পালিয়ে যান এবং সংযুক্ত আরব আমিরাতে নির্বাসিত জীবনযাপন করতে থাকেন।তুরস্ক অভিযোগ করছে, দাহলানকে আরব আমিরাত ভাড়াটে গুণ্ডা হিসেবে ব্যবহার করছে। এ ছাড়া, আরব আমিরাত ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট হিসেবে মাহমুদ আব্বাসকে সরিয়ে মোহাম্মাদ দাহলানকে বসানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে আঙ্কারা।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু গত মাসে আবুধাবির বিরুদ্ধে একজন সন্ত্রাসীকে ভাড়া করার অভিযোগ উত্থাপন করে বলেন, (দাহলান) একজন ইসরায়েলি এজেন্ট বলেই পালিয়ে আপনাদের কাছে চলে গেছে।

ওই অভিযোগের জবাবে দাহলান একটি সৌদি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্টের বিরুদ্ধে সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দেয়ার অভিযোগ আনেন।

অবৈধ রেলগেইট বন্ধে হাইকোর্টে রিট

0

দেশের সব অবৈধ রেলগেইট বন্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।

আজ রবিবার (২৪ নভেম্বর) আইনজীবী একলাস উদ্দিন ভূঁইয়া জনস্বার্থে এই রিট আবেদন করেন।

চলতি সপ্তাহেই বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী একলাস উদ্দিন ভূঁইয়া।

মিয়ানমারে রোহিঙ্গারা ‘বিদেশি’, ‘বাঙালি’, ‘অনুপ্রবেশকারী’!

0

ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) রোহিঙ্গাদের অস্বীকার করে তাদের ‘বিদেশি’, ‘বাঙালি’ ও ‘অনুপ্রবেশকারী’ হিসেবে উপস্থাপন করার ইঙ্গিত দিচ্ছে মিয়ানমার।

জেনোসাইডবিরোধী সনদ লঙ্ঘন এবং রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালানোর দায়ে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার প্রথম প্রকাশ্য শুনানি আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের আদালত আইসিজেতে হওয়ার কথা রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফৌজদারি আদালতেও (আইসিসি) মিয়ানমার থেকে রোহিঙ্গাদের গণবাস্তুচ্যুতিসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধসহ অন্যান্য আন্তর্জাতিক অপরাধের আনুষ্ঠানিক তদন্ত চলছে।

রোম সংবিধি অনুমোদন না করার অজুহাত তুলে মিয়ানমার তার ওপর আইসিসির বিচারিক এখতিয়ার প্রত্যাখ্যান করলেও আইসিজেতে মামলা মোকাবেলার ঘোষণা দিয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, আইসিজেতে শুনানির প্রাক্কালে রোহিঙ্গাদের বিরুদ্ধে এবার একাট্টা হচ্ছে মিয়ানমারের বেসামরিক সরকার ও সামরিক বাহিনী। মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট গতকাল শনিবার নেপিডোতে শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আইসিজেতে মামলা নিয়ে আলোচনা করেছেন।

মিয়ানমারের সামরিক বাহিনী আইসিজেতে রোহিঙ্গা ইস্যুতে মামলাকে ‘আশীর্বাদ’ হিসেবে দেখছে বলে দেশটির গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। মিয়ানমারের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন বলেছেন, এই মামলা মিয়ানমারকে রোহিঙ্গা ইস্যুতে তার আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরার এবং ব্যাখ্যা করার সুযোগ করে দিয়েছে। রোহিঙ্গাদের বিদেশি হিসেবে ইঙ্গিত করে তিনি দাবি করেন, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত রোহিঙ্গাদের মিয়ানমার থেকে বাংলাদেশে যাওয়ার জন্য সামরিক বাহিনী, পুলিশ বা স্থানীয় জনগোষ্ঠীর কেউ দায়ী নয়। মিয়ানমারের জনগণের বড় অংশই মনে করে, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে মিয়ানমারে গিয়েছিল। অথচ রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার বিষয়টিই আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে।

মিয়ানমার থেকে পাওয়া খবরে জানা গেছে, মিয়ানমারের গণমাধ্যমগুলোতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

মিয়ানমার আগে বিভিন্ন সময়ে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করে এর পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে প্রচারণা চালিয়েছে। এমনকি অং সান সু চিও রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করেছিলেন। তবে বাংলাদেশ বরাবরই মিয়ানমারের এসব অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে তথ্য-উপাত্তসহ বিশ্ব সম্প্রদায়ের কাছে রোহিঙ্গাদের ইতিহাস তুলে ধরেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, রোহিঙ্গারা যে মিয়ানমারের বাসিন্দা সে বিষয়ে আন্তর্জাতিক জনমত রয়েছে। বিশ্ব সম্প্রদায় এখন রোহিঙ্গাদের ইতিহাস সম্পর্কে অবগত। শত শত বছর ধরে মিয়ানমারে নাগরিক হিসেবে বসবাসকারী রোহিঙ্গাদের ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের মাধ্যমে রাষ্ট্রহীন করার উদ্যোগ জাতিসংঘসহ আন্তর্জাতিক অনেক দলিলে আছে। বরং তাদের রাষ্ট্রহীন করে দেশছাড়া করার উদ্যোগও জেনোসাইডের আলামত হিসেবে বিবেচিত হতে পারে।

এদিকে আইসিসির কৌঁসুলি ফাতু বেনসুদা গত বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বলেছেন, আইসিসির বিচারকরা তাঁকে তদন্ত শুরু করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিষয় বিশ্বাসযোগ্য বলে স্বীকার করেছেন। প্রথমত, বিচারকরা মনে করেন যে অন্তত ২০১৬ সালের ৯ অক্টোবর থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ব্যাপক মাত্রায় বা ধারাবাহিক সহিংসতা, হত্যা, কারাদণ্ড, নির্যাতন, ধর্ষণ, যৌন সহিংসতাসহ অন্যান্য বলপূর্বক কাজের ফলে বড় পরিসরে ‘ডিপোর্টেশন’ (নির্বাসন) হয়ে থাকতে পারে। দ্বিতীয়ত, নৃতাত্ত্বিক বা ধর্মীয় বা উভয় কারণেই রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বলপূর্বক নিপীড়ন মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে। তৃতীয়ত, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হামলা চালাতে মিয়ানমারের রাষ্ট্রীয় নীতি থাকতে পারে।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য থেকে ইঙ্গিত মেলে যে রোহিঙ্গাদের ওপর হামলায় মিয়ানমারের কয়েকটি সরকারি বাহিনী ও অন্যান্য সরকারি সংস্থা এবং স্থানীয় জনগোষ্ঠীর জোরালো সম্পৃক্ততায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে।

আইসিসির কৌঁসুলি বলেছেন, তিনি তদন্তকাজে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলাসহ সব নিপীড়নের অভিযোগ আমলে নেবেন।

গ্রামীণফোনকে দুই হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ

0

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবি করা ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকার মধ্যে আপাতত দুই হাজার কোটি টাকা দেওয়ার জন্য গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। প্রতিষ্ঠানটি এই টাকা না দিলে হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাবে।

আইনজীবীরা বলছেন, বিটিআরসির ফান্ডে গ্রামীণফোন এই টাকা না দিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে বিটিআরসি।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ আজ রবিবার (২৪ নভেম্বর) গ্রামীণফোনের প্রতি এ নির্দেশ দিয়েছেন। আদালত বলেছেন, গ্রামীণফোন দুই হাজার কোটি টাকা দিলেই কেবল হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ বহাল থাকবে। অন্যথায় হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ বাতিল হয়ে যাবে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিটিআরসির করা আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়।

আদেশের সময় গ্রামীণফোনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন, ব্যারিস্টার ফজলে নুর তাপস ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। বিটিআরসির পক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।

আদেশের পর বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব সাংবাদিকদের বলেন, অবিলম্বে এই টাকা দিতে হবে। টাকা না দিলে গ্রামীণফোনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে বিটিআরসি। তিনি বলেন, নিম্ন আদালতে একটি মামলা বিচারাধীন। এই মামলা নিষ্পত্তি হলে জানা যাবে, বিটিআরসি গ্রামীণফোনের কাছে কত কোটি টাকা পাবে। তিনি বলেন, আপিল বিভাগ সময়সীমা দেননি। তবে আদেশের কপি পাওয়া গেলে জানা যাবে, কতদিনের মধ্যে টাকা দেবে গ্রামীণফোন। আপাতত এ আদেশে বিটিআরসি সন্তুষ্ট বলে জানান তিনি।

তবে গ্রামীণফোনের আইনজীবী ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, তিন মাসের মধ্যে টাকা দিতে হবে। এই সময়ের মধ্যে টাকা না দিলে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকবে না। তিনি বলেন, আপিল বিভাগের আদেশের কপি পাওয়ার পর এই আদেশ পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করার বিষয়টি চিন্তা করা হবে। আদেশের কপি পাওয়ার এক মাসের মধ্যে এই রিভিউ আবেদন করতে হবে। তাই এ জন্য গ্রামীণফোনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, আপিল বিভাগের আদেশ অনুযায়ী টাকা দিতে না পারলে গ্রামীণফোনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।

হাইকোর্ট গত ১৭ অক্টোবর গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা দাবি করে বিটিআরসি দেওয়া চিঠির কার্যকারিতার ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। ‌ওই আদেশ স্থগিত চেয়ে বিটিআরসি আপিল বিভাগে আবেদন করে। এই আবেদনের ওপর শুনানিকালে গ্রামীণফোন আপাতত কত টাকা দিতে পারবে তা প্রথমে ৩১ অক্টোবরের মধ্যে এবং পরে ১৪ নভেম্বরের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ ছিল। এ অবস্থায় গত ১৪ নভেম্বর গ্রামীণফোন আদালতকে জানায়, তারা শর্তসাপেক্ষে ২০০ কোটি টাকা দিতে রাজি।

গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়, গত ৩ অক্টোবর অনুষ্ঠিত অর্থমন্ত্রী ও টেলিযোগাযোগমন্ত্রীর সঙ্গে গ্রামীণফোনের সমঝোতা বৈঠকে পাঁচটি প্রস্তাব মেনে নেওয়া হলেই কেবল তাঁরা টাকা দিতে রাজি। এরপর আদালত আদেশের জন্য ১৮ নভেম্বর দিন ধার্য করেন। কিন্তু ওই দিন আপিল বিভাগে প্রয়োজনীয় বিচারপতি না থাকায় আদালত আদেশের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেন। তবে আদালত এ সময়ের মধ্যে গ্রামীণফোনকে এ বিষয়ে কারো সঙ্গে (ফোরাম) কোনো মধ্যস্থতা না করার নির্দেশ দেন।

এ অবস্থায় আজ রবিবার নির্ধারিত দিনে আদালত বসার পর আদেশ দেওয়ার ঠিক আগ মুহূর্তে গ্রামীণফোনের আইনজীবী ব্যারিস্টার ফজলে নুর তাপস কিছু বলার জন্য দাঁড়ালে প্রধান বিচারপতি বলেন, শুনানিতো শেষ। আজ আদেশের জন্য দিন ধার্য রয়েছে। এখন আমরা আদেশ দেব। এ সময় ফজলে নুর তাপস বলেন, সরকারের একটি রেজুলেশন রয়েছে দুই হাজার কোটি টাকা দেওয়ার। আমরা সেটা দিতে রাজি। এ সময় প্রধান বিচারপতি বলেন, আমরা আদেশ দিচ্ছি। এরপর আপিল বিভাগ আদেশ ঘোষণা করেন।

এর আগে প্রায় ২৭টি খাতে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা (নিরীক্ষা আপত্তির দাবি) দাবি করে গ্রামীণফোনকে গত ২ এপ্রিল চিঠি দেয় বিটিআরসি। ওই চিঠির বিরুদ্ধে ঢাকার নিম্ন আদালতে মামলা (মানি স্যুট) করে গ্রামীণফোন। মামলায় অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চায় গ্রামীণফোন। কিন্তু গত ২৮ আগস্ট নিম্ন আদালত ওই আবেদন খারিজ করে দেন। নিম্ন আদালতের এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে গ্রামীণফোন।

আপিলটি শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একইসঙ্গে গ্রামীণফোনের কাছ থেকে টাকা আদায়ের ওপর দুই মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। ওই নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে বিটিআরসি আপিল বিভাগে আবেদন করে। আবেদন নিষ্পত্তি করে আজ আদেশ দেন আপিল বিভাগ।

কাল তুরস্ক থেকে আসছে পেঁয়াজের দ্বিতীয় চালান

0

তুরস্ক থেকে আকাশপথে পেঁয়াজের দ্বিতীয় চালান আসছে। পেঁয়াজের চলমান সংকট মোকাবিলায় তুরস্ক থেকে সমুদ্র ও আকাশপথে ২ হাজার ৫২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে সিটি গ্রুপ। আগামীকাল সোমবার (২৫ নভেম্বর) দেশে পৌঁছবে চালানটি।

এর আগ গত শুক্রবার (২২ নভেম্বর) তার্কিস এয়ার লাইন্সযোগে সিটি গ্রুপের পেঁয়াজের প্রথম চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে তা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর কাছে হস্তান্তর করা হয়।

আমদানিকারক সূত্র জানায়, দেশে চলমান পেঁয়াজের সংকট ও উচ্চমূল্য রোধে সরকার ও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে সিটি গ্রুপ। দেশের ভোক্তা সাধারণের চাহিদা মেটানোর লক্ষ্যে সিটি গ্রুপ তুরস্ক থেকে আকাশ ও সমুদ্রপথে পেঁয়াজ আমদানি শুরু করেছে। চলমান সংকট মোকাবিলায় সিটি গ্রুপ তুরস্ক থেকে প্রাথমিক পর্যায়ে ২ হাজার ৫২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে বলে সূত্র জানায়।

সূত্র আরো জানায়, সিটি গ্রুপের আমদানিকৃত পেঁয়াজের প্রথম চালান (১০ মেট্রিকটন) তার্কিস এয়ার লাইন্সযোগে গত ২২ নভেম্বর সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে তা টিসিবি’র কাছে হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় চালান আকাশ পথে দেশে পৌঁছবে ২৫ নভেম্বর। এই চালানেও ১০ মেট্রিকটন পেঁয়াজ আসছে।

ফের পরিবহন নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

0

নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সৃষ্ট অসন্তোষকে ঘিরে আবারও পরিবহন নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এর আগে একই ইস্যুতে বেশ কয়েক দফায় বৈঠক হয়েছে।

শনিবার রাত ৯টার পর স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে এ বৈঠক শুরু হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শাজাহান খানের নেতৃত্বে সারাদেশের অন্তত ৩০ জন শ্রমিক নেতা বৈঠকে উপস্থিত রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরীফ মাহমুদ অপু জানান, ধানমন্ডির নিজ বাসভবনে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।

বৈঠকে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তা, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।

ঘুষ দিয়ে নিজের কাজ হাসিল করেন অমিত শাহ, অভিযোগ মোদির

0

সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে নিজের কাজ হাসিল করেছিলেন অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন বিহারের বিজেপি নেতা এবং উপমুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদি।

পাটনায় একটি প্রচার সভায় গিয়ে অমিত শাহের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি। মোদির ওই বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আরজেডি নেতা তেজস্বী যাদব। নিজের দলের সর্বভারতীয় সভাপতির বিরুদ্ধে মোদির এই বিতর্কিত মন্তব্যের পর বিহারের রাজ্য বিজেপির অন্দরেই শুরু হয়েছে বিতর্ক।

সুশীলকুমার মোদি বলেন, অমিত শাহ যখন প্রথমবার বিহারে এসেছিলেন, তখন বিহারে কংগ্রেস সরকার। ২৫ বছর আগের ঘটনা। সেই সময় শাহজি পাইপের ব্যবসা করতেন। বিহারের স্বাস্থ্য দপ্তরের একটি কাজে পাইপের জোগান দিয়েছিলেন অমিত শাহ।

তিনি আরো বলেন, কিন্তু বিহার সরকার তার পুরো টাকা মেটায়নি। সেই সময় তিনি প্রথমবার বিহারে আসেন। স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের ঘুষ দিয়ে নিজের কাজ হাসিল করেছিলেন অমিত শাহ। এই ঘটনার কথা তিনি নিজেই বলেছিলেন আমায়।

কিন্তু দলের সর্বভারতীয় সভাপতির বিরুদ্ধে কেন সরব হলেন সুশীল কুমার মোদি?‌ প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক নেতাদের দাবি, সুশীল কুমার মোদির সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ঘনিষ্ঠতা বেড়ে যাওয়ায় দলে এক রকমভাবে একঘরে করে দেওয়া হয়েছে সুশীল কুমার মোদিকে।

এমনকি আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্যেও সুশীল কুমার মোদিকে কোনো দায়িত্ব দেননি অমিত শাহ। ঝাড়খণ্ডেও নির্বাচনে একাই লড়ার কথা ভাবছে বিজেপি। আর সে কারণেই নিজের দলের প্রতি সরব হয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি।‌‌

খাদ্য ও কৃষিতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ : বাণিজ্যমন্ত্রী

0

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, একটা সময় খাদ্যের অভাব ছিল, সবজির অভাব ছিল কিন্তু এখন দিন পরিবর্তন হয়েছে। খাদ্য ও কৃষিতে আমরা স্বয়ংসম্পূর্ণ।

আজ শনিবার রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরায় (আইসিসিবি) সপ্তম ‘বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৯’-এ সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশে যে পরিমাণ খাদ্যপণ্য দরকার তার ৭০-৮০ ভাগ দেশেই উৎপাদন হচ্ছে। পাশাপাশি মানুষেরও দৃষ্টি পাল্টেছে। প্যাকেটজাত খাবার যেমন তৈরি হচ্ছে তেমনি মানুষও এখন বেছে বেছে ভালো খাবারগুলো খেতে শুরু করেছে।

তিনি বলেন, খাদ্যপণ্যের রপ্তানি বাড়াতে সবধরনের সহযোগিতা করবে সরকার। কৃষি প্রক্রিয়াজাতকৃত খাদ্য রপ্তানি করতে সরকার যে প্রণোদনা দিয়ে থাকে, সেটাও অব্যাহত রাখা হবে। মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টেছে। এখন নানা ধরনের খাদ্য খেতে শিখেছে। নানা ধরনের খাদ্য পণ্য উৎপাদনও করছে দেশীয় প্রতিষ্ঠান। এ দেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্য আন্তর্জাতিক মানসম্পন্ন।

বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) প্রেসিডেন্ট আ ফ ম ফখরুল ইসলাম মুনশির সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মোয়াজ্জেম হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক বাবলু কুমার সাহা, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিন।

ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী। কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বাপার জেনারেল সেক্রেটারি ইকতাদুল হক।

তিন দিনব্যাপী বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপোর শনিবার ছিল শেষ দিন। ফুড প্রসেসিং খাতের সঙ্গে যুক্ত দেশি-বিদেশি কোম্পানিগুলো মেলায় অংশগ্রহণ করে।