Home Blog Page 3334

আরও ৫৭ জনকে বাংলাদেশে পুশব্যাক!

0

সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে ৫৭ ‘বাংলাদেশি’ আটক হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। ৫৭ জনকে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত দিয়ে পুশব্যাক করতে চলেছে ভারতীয় কর্তৃপক্ষ।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ দিন বেঙ্গালুরুর একটি হোমে আটক ছিলেন এই ৫৭ জন। শুক্রবার অন্ধ্রপ্রদেশ থেকে তাদের ট্রেনে চাপানো হয়। পথে যাতে কেউ সমস্যা করতে না পারে সেজন্য বেঙ্গালুরু পুলিশের ৪০ জনের একটি দল সবাইকে পাহারা দিয়ে আনছে।

সম্প্রতি কর্ণাটকের বেঙ্গালুরুতে আটক আরও ৮২ জনকে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায় ভারত। আটকদের মধ্যে ২২ জন পুরুষ, ২৫ জন নারী এবং ১০ শিশু।

বেঙ্গালুরু পুলিশ বলছে, আটককৃতদের কাছে ভারতীয় নাগরিকত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি। জেরায় তারা নিজেদের বাংলাদেশি বলে স্বীকার করেছেন। কোনো কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশে করেছেন তারা।

পুলিশের দাবি, আটকদের ফোনের কল ঘেঁটে প্রমাণ পাওয়া গেছে যে তারা বাংলাদেশি। তাদের কাজের কথা বলে ভারতে নেয়া হয়েছিল। তাই তারা পাচার হয়ে এসেছে গণ্য করে তাদের বিরুদ্ধে কোনো মামলা রুজু করা হয়নি।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরু পুলিশ হাওড়ায় রেলপুলিশের হাতে আটককৃতদের তুলে দেবে। তারা সীমান্তরক্ষী বাহিনীর কাছে বাংলাদেশ সীমান্তে পৌঁছে দেবে। এরপর সীমান্তরক্ষী বাহিনী তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে।

জানা গেছে, বনগাঁ সীমান্ত দিয়ে এই ৫৭ জনকে বাংলাদেশে পুশব্যাক করা হবে।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ কর্কমর্তারা স্বীকার করেন, সাম্প্রতিক অতীতে এত বড় সংখ্যায় বাংলাদেশি নাগরিকদের এভাবে এ রাজ্য দিয়ে ‘পুশ ব্যাক’ করা হয়েছে বলে তাঁরা মনে করতে পারেন না।

এ ঘটনার তীব্র সমালোচনা করেছেন ভারতের মানবাধিকারকর্মী রঞ্জিত সুর।

রঞ্জিত সুর বলেন, এটা ভয়াবহ ঘটনা। কর্ণাটক সরকার দেশের আইন-সংবিধান সব লঙ্ঘন করেছে। কাউকে এভাবে পুশব্যাক করা যায় নাকি? কোনো মামলা নেই তাদের বিরুদ্ধে। পুলিশ কী করে নিশ্চিন্ত হলো তারা বাংলাদেশি? তারা পশ্চিমবাংলার বাঙালিও হতে পারে।

তিনি বলেন, পুলিশকে বাংলাদেশি নির্ধারণের ক্ষমতা কে দিল? কোন আইনে? পুশব্যাকের অর্ডার কে দিল? কোর্টের আদেশ ছাড়া পুশব্যাক কখনওই করা যায় না। কর্ণাটক সরকার ফেরত পাঠাচ্ছে, তাতে সাহায্য করছে পশ্চিমবঙ্গ সরকার। আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি করছি, এই পুশব্যাক বন্ধ করুন।

ইরানের আইসিটি মন্ত্রীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

0

আবারও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছেন এক ইরানি মন্ত্রী। দেশটির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন।

সম্প্রতি জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একদল বিক্ষোভকারী ইরানে ব্যাপক নাশকতামূলক তৎপরতা শুরু করে। এই প্রেক্ষিতে ইরানে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়।

গতকাল শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ জানিয়েছে, ইরানব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়ার কারণে সেদেশের আইসিটি মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এ নিষেধাজ্ঞার ফলে ইরানের এ মন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যেতে পারবেন না এবং যুক্তরাষ্ট্র তার কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে।

এর আগে আরো বহু ইরানি কর্মকর্তার ওপর এরকম নিষেধাজ্ঞা আরোপ করার পর তেহরান বলেছে, ইরানি কর্মকর্তাদের কোনো সম্পদ যুক্তরাষ্ট্র নেই এবং ওই দেশ সফরে যাওয়ার কোনো ইচ্ছাও তাদের নেই।

গত বুধবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য আবুলফজল হোসেইনবেগি বলেন, একদল দুর্বৃত্ত ইন্টারনেট সংযোগের অপব্যবহার করে তাদের নাশকতামূলক তৎপরতার স্থান ও সময় সম্পর্কে পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিল বলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

তিনি জানান, সরকারের উচ্চ পর্যায় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বিষয়টি নিছক আইসিটি মন্ত্রীর নিয়ন্ত্রণে নেই।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর থেকে ইরানে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীরা বিভিন্ন শহরে বিধ্বংসী তৎপরতা চালায়। তারা জনগণের ঘরবাড়ি, দোকানপাট, ব্যাংক, হাসপাতাল ইত্যাদি স্থানে হামলা চালিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।এসব বিক্ষোভকারীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে বেশ কিছু মানুষ হতাহত হয়।

স্কুল ভবনের নিচে মিলল কবরস্থান!

0

যুক্তরাষ্ট্রে একটি হাইস্কুলের নিচে কবরস্থানের খোঁজ পাওয়া গেছে। দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় ওই কবরস্থানটির সন্ধান মিলেছে বলে জানা গেছে।

জানা গেছে, কবরস্থানটিতে ১৪৫ জন মানুষের কবর রয়েছে। স্কুলের নিচে রিজউড কবরস্থান থাকতে পারে এমন সতর্কবার্তা পেয়ে রাডার ব্যবহার করে তল্লাশি চালায় স্কুল কর্তৃপক্ষ। এতে মাটির ৩ থেকে ৫ ফুট নিচে ১৪৫টি কফিনের সন্ধান পাওয়া যায়। তবে ওই কবরস্থানে আড়াইশ’রও বেশি মানুষকে সমাহিত করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। তাদের বেশিরভাগই আফ্রিকান-আমেরিকান। এদের মধ্যে অন্তত ৭৭ জন শিশু ছিল।

নথি থেকে জানা গেছে, ১৯৪২ সালে চালু হওয়া এই কবরস্থানটি ১৯৫৭ সালে একটি প্রাইভেট কোম্পানি কিনে নিয়েছিল। এর তিন বছর পর জেলা স্কুল কর্তৃপক্ষ সেখানে একটি স্কুল গড়ে তোলে। বর্তমানে কবরস্থানের জায়গাটিতে খোলা মাঠ ও স্কুলের কৃষি ভবন রয়েছে।

স্কুল কর্তৃপক্ষ বলছে, সমাহিত ব্যক্তিদের প্রতি সম্মান দেখাতে কবরস্থান থেকে ভবন সরিয়ে ফেলার পরিকল্পনা করা হচ্ছে।

সূত্র : সিএনএন

যুবলীগের সপ্তম কংগ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সপ্তম কংগ্রেস (কেন্দ্রীয় সম্মেলন) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার বেলা ১১টায় যুবলীগের সপ্তম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল ১১টার দিকে সম্মেলনটি উদ্বোধন করেন প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অধিবেশন শেষে বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।

এর আগেই সম্মেলনের জন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল থেকেই অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

এবারের সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় কমিটিসহ সারাদেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও আটটি সাংগঠনিক জেলার মর্যাদাসম্পন্ন বৈদেশিক শাখার প্রায় তিন হাজার কাউন্সিলর, ২৫ হাজার ডেলিগেটস ও আট হাজার অতিথি মিলিয়ে অন্তত ৩৬ হাজার মানুষ কংগ্রেসে উপস্থিত রয়েছেন।

এর আগে ২০১২ সালের ১৪ জুলাই যুবলীগের ষষ্ঠ জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর কংগ্রেস হওয়ার কথা থাকলেও দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর পর সপ্তম কংগ্রেস হতে যাচ্ছে।

কংগ্রেসকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকা সাজানো হয়েছে। কংগ্রেসের মূল মঞ্চ নির্মিত হয়েছে পদ্মাসেতুর আদলে।

বনানী থেকে বিপুলপরিমাণ মদ-বিয়ারসহ আটক ১

0

আজ সকাল সাড়ে ৭টায় রাজধানীর বনানী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুলপরিমাণ বিদেশি মদ-বিয়ারসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১। সেই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

র‍্যাব ১, ক্রাইম প্রিভেনশন কম্পানি ১ এর ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার মো. কামরুজ্জামান কালের কণ্ঠকে জানান, চলমান মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তির নাম মো. আওয়াল চৌকিদার (২৮)। তার বাড়ি মাদারীপুর। জব্দকৃত মাদকের পরিমাণ : বিদেশি মদ ৬০ বোতল এবং ৩৮৪ ক্যান বিয়ার।

গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে পেশায় একজন প্রাইভেট কারচালক। প্রায় ৮/১০ বছর যাবৎ রাজধানীতে ভাড়ায় প্রাইভেট কার চালায়। প্রাইভেট কার চালানোর পাশাপাশি সে রাজধানীর জনৈক মাদক কারবারির মাধ্যমে মাদক কারবারে জড়িয়ে পড়ে। প্রাইভেট কারে যাত্রী পরিবহনের পাশাপাশি গোপনে মাদক পরিবহন করত সে। প্রাইভেট কারে রাজধানীতে মাদক পরিবহনে তাকে ১০ হাজার টাকা দেওয়া হতো বলেও স্বীকার করে সে।

উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজধানীর পল্লবী ও দারুসসালামে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

রাজধানীর দুই থানা এলাকা থেকে এক নারী ও এক পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পল্লবীতে বিলকিস আক্তার (২৬) ও দারুসসালামে রাজু (৩০) নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় পৃথক এই দুই ঘটনার সংবাদ পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। মরদেহ দু’টি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পল্লবীতে টিনশেড ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিলকিসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি লক্ষ্মীপুর রায়পুর উপজেলা এলাকায়। স্বামীর সঙ্গে তার তালাক হয়েছিল। মৃত্যুর কারণ জানা যায়নি।

মরদেহটি উদ্ধার প্রসঙ্গে উপ-পরিদর্শক (এসআই) কাওসার মাহমুদ গণমাধ্যমকে বলেন, বিলকিস তার খালাতো বোনের সঙ্গে সেকশন ১২ ব্লক এলাকার একটি টিনশেড বাড়িতে থাকতেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

অন্যদিকে দারুসসালাম টাওয়ারের পেছনে ১৯ নম্বর বাড়ির ৪ তলার ছাদের উপরে একটি রুমের দরজা ভেঙে রাজুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় মরদেহ পচা শুরু হয় এবং প্রচণ্ড দুর্গন্ধ ছড়ায়। তিনি বনানীর একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন। রাজশাহীর পবা উপজেলার এনামুল হকের সন্তান রাজু। তিনি একাধিক বিয়ে করেছিলেন।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন এ বিষয়ে বলেন, মরদেহটি এতটাই পচা ছিল যে দেখে মনে হচ্ছে চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে। গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফ্যানের সঙ্গে মরদেহ ঝুলন্ত ছিল। সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছিল। তারা ঘটনাস্থলে এসে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে।

উভয় মরদেহেরই ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

যুবলীগের কেন্দ্রীয় সম্মেলনের জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান

0

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সপ্তম কংগ্রেস (কেন্দ্রীয় সম্মেলন) অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এজন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। কিছুক্ষণ পরই সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগঠনের কেন্দ্রীয় কমিটিসহ সারাদেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও আটটি সাংগঠনিক জেলার মর্যাদাসম্পন্ন বৈদেশিক শাখার প্রায় তিন হাজার কাউন্সিলর, ২৫ হাজার ডেলিগেটস ও আট হাজার অতিথি মিলিয়ে অন্তত ৩৬ হাজার মানুষ কংগ্রেসে উপস্থিত থাকবেন সম্মেলনে।

আজ শনিবার বেলা ১১টায় যুবলীগের সপ্তম কংগ্রেস অনুষ্ঠিত হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। কংগ্রেসের উদ্বোধন করবেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অধিবেশন শেষে বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।

সম্মেলন সামনে রেখে হারানো ইমেজ পুনরুদ্ধার করে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এখন সংগঠনটির সবচেয়ে বড় বিষয়। দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে যে শুদ্ধি অভিযান শুরু হয়, তাতে যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হন। এতে অনেকে ইতোমধ্যে সংগঠন থেকে বহিষ্কৃতও হয়েছেন। খোদ যুবলীগ চেয়ারম্যানকেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিচ্ছন্ন ও দক্ষ সংগঠকদের নেতৃত্বে এনে হারানো ইমেজ ফেরানো সম্ভব বলে মনে করছেন সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে ২০১২ সালের ১৪ জুলাই যুবলীগের ষষ্ঠ জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর কংগ্রেস হওয়ার কথা থাকলেও দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর পর সপ্তম কংগ্রেস হতে যাচ্ছে।

কংগ্রেসকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকা সাজানো হয়েছে। কংগ্রেসের মূল মঞ্চ নির্মিত হয়েছে পদ্মাসেতুর আদলে।

তালিকায় সবার ওপরে বাংলাদেশ, পরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য…

0

ভারতের পর্যটনবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল ভারতে পর্যটকদের উৎস শীর্ষ ৬০টি দেশের তালিকা দিয়েছেন। ওই তালিকায় সবার ওপরে আছে বাংলাদেশের নাম। ২০১৬ সালে ১৩ লাখ ৮০ হাজার ৪০৯ জন, ২০১৭ সালে ২১ লাখ ৫৬ হাজার ৫৫৭ জন এবং ২০১৮ সালে ২২ লাখ ৫৬ হাজার ৬৭৫ জন বাংলাদেশি পর্যটক ভারত সফর করেছে।

ভারতে পর্যটকদের উৎস দেশের তালিকায় বাংলাদেশের পরেই আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন, জার্মানি ও রাশিয়া। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পর্যটক ভিসার পাশাপাশি অন্যান্য ক্যাটাগরির ভিসা যোগ করলে বাংলাদেশ থেকে ভারতে সফরকারীর সংখ্যা আরো অনেক বেশি হবে।

ভারতে প্রতি পাঁচজন বিদেশি পর্যটকের একজনই বাংলাদেশি। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিন বছরে প্রায় দুই কোটি ৯৪ লাখ বিদেশি পর্যটক ভারত সফর করেছে। তাদের মধ্যে বাংলাদেশি পর্যটকের সংখ্যা প্রায় ৫৮ লাখ। এ সংখ্যা ভারত সফরকারী বিদেশি পর্যটকদের মধ্যে সর্বোচ্চ। গত সপ্তাহে ভারতের লোকসভায় উত্থাপিত এক পরিসংখ্যানে এ তথ্য দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০১৭ সালে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ১৩ লাখ ৮০ হাজার ভিসা ইস্যু করেছে। ২০১৮ সালে এ সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৭০ হাজারে। বর্তমানে সারা বিশ্বের মধ্যে ভারতের সবচেয়ে বড় ভিসা আবেদন কেন্দ্র বাংলাদেশে। বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘ মেয়াদি ও ‘মাল্টিপল এন্ট্রি’ ভিসা ইস্যু করা হয়। ফলে একই ভিসা নিয়ে একাধিকবার ভারতে যাতায়াত করা যায়। এছাড়া ভারতে আসা যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট বন্দর ব্যবহারের যে বিধি-নিষেধ ছিল তাও পর্যায়ক্রমে ওঠে যাচ্ছে।

বাংলাদেশি পর্যটক বা ভ্রমণকারীরা ভারত ভ্রমণে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করার তথ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আছে। ২০১৭ সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে বাংলাদেশে তৎকালীন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজীকরণের ইতিবাচক দিক হিসেবে এ বিষয়টিও তুলে ধরেছিলেন। ২০১৭ সালের ৮ এপ্রিলের ব্রিফিংয়ে তিনি বলেছিলেন, বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সহজীকরণে প্রথম ইতিবাচক দিকটি হলো—ভারত সম্পর্কে আরো ভালো ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, এর মাধ্যমে মানুষে মানুষে যোগাযোগ উৎসাহিত হয়েছে। তৃতীয় বিষয়টি সম্ভবত অনেকেরই অজানা। বাংলাদেশিরা ভারতে চিকিৎসা, পর্যটন, দর্শনীয় স্থান পরিদর্শন বা কেনাকাটা করতে অনেক টাকা ব্যয় করেন।

জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব পাস

0

বিশ্বের টেকসই উন্নয়নের কাজে পাটসহ কয়েকটি প্রাকৃতিক তন্তুকে ব্যবহারের জন্য জাতিসংঘে একটি প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। ২১ নভেম্বর, বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়।

বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাবটির পক্ষে বিশ্বের ৬৮টি দেশ সমর্থন দেয়। জাতিসংঘের চলতি ৭৪ তম সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটিতে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত, চীন, রাশিয়া, আয়ারল্যান্ড, কানাডা, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, মিশর, নাইজেরিয়াসহ ৬৮টি দেশ এই প্রস্তাবে সমর্থন দেয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রাথমিকভাবে প্রস্তাবটিতে পাট এবং অন্যান্য প্রাকৃতিক তন্তু যেমন অ্যাবাকা, কয়ার, কেনাফ, সিসাল, হেম্প ও রামি এর ব্যবহার এবং উন্নয়নের কথা বলা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম এ ধরনের একটি প্রস্তাব পাস হলো। যেখানে অর্থনৈতিক ও পরিবেশগতভাবে টেকসই এবং সামাজিকভাবে লাভজনক কৃষি পণ্য পাট ও অন্যান্য প্রাকৃতিক তন্তুর চ্যালেঞ্জ এবং সম্ভাব্যতা তুলে ধরা হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, ‘এই প্রস্তাব অনুমোদন হওয়ায় প্রাকৃতিক বাংলাদেশের পাট ও পাটজাত দ্রব্যের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উপকারিতা বিশ্ববাসী জানল। এতে এসব পণ্যের উৎপাদকদের ভালো দাম পাওয়া সহজ হলো আর বিশ্ববাসী এ ধরনের একটি পরিবেশবান্ধব পণ্য ব্যবহার সম্পর্কে জানতে পারল।’

পদ ও দল দুটোই হারালেন এমপি বুবলী

0

নরসিংদীর সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষা দিতে গিয়ে জালিয়াতি করার কারণে তার এই বহিষ্কার।

শুক্রবার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। সন্ধ্যায় জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়ায় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বাগানবাড়িতে অনুষ্ঠিত দলীয় বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

দল থেকে বহিষ্কারের পাশাপাশি তাকে জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পদ থেকেও অপসারণ করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হীরুর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

মোহাম্মদ নজরুল ইসলাম হীরু (বীরপ্রতীক) সংবাদমাধ্যমকে বলেন, তামান্না নুসরাত বুবলী বিএ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে দেশ ও বিদেশে সংবাদের শিরোনাম হয়েছেন। এতে বাংলাদেশের ও আওয়ামী লীগের সুনাম চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। সেজন্য তার বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্র থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর সংসদ সদস্যের বিষয়ে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিবেন।