Home Blog Page 3339

পুলিশের উদ্দেশ্য সড়কে শৃঙ্খলা ফেরানো, জরিমানা আদায় নয়

0

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, নতুন সড়ক পরিবহন আইনটা করা হয়েছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। সরকার ও ট্রাফিক পুলিশের কিন্তু জরিমানা আদায়ের উদ্দেশ্য না। আমরা এখন ঢাকা মহানগরীতে প্রতি মাসে ৬-৭ কোটি টাকা জরিমানা করি। সরকারের কাছে এই টাকা একেবারেই নস্যি, সরকারের এই টাকার প্রয়োজন নাই।

আজ বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনসে ট্রাফিক সচেতনতামূলক পক্ষের উদ্বোধন শেষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমি কমিশনার হিসেবে যোগদানের পর ট্রাফিকে যারা আছেন তাদের বলে দিয়েছি, মামলার কোনো টার্গেট নাই। সড়কে শৃঙ্খলা থাকলে মামলা করার প্রয়োজন নাই। মূল বিষয় হলো সবাই যদি আইনটা মেনে চলে, তাহলে মামলায় যাওয়ার প্রয়োজন নাই।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এটাই আমাদের শেষ সুযোগ। সড়কে বিশৃঙ্খলা হলে আবারও যদি আমাদের সন্তানেরা রাস্তায় নামে, তাহলে আমাদের কারো পিঠের চামড়া থাকবে না। সেটা আমি পুলিশ কমিশনার-ই হই, আর আপনি পরিবহন মালিক সমিতির বড় নেতাই হোন।

তিনি বলেন, নতুন এই আইনের পর আমরা মালিক-শ্রমিক-পুলিশ যদি সড়কে শৃঙ্খলা আনতে না পারি, তাহলে আমাদের সন্তানরা সম্মিলিতভাবে আমাদের রাস্তা থেকে তুলে দেবে। রাস্তায় আপনিও নামতে পারবেন না, আমিও ডিউটি করতে পারবো না।

পরিবহন শ্রমিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আসুন আমাদের সহযোগিতা নিন, আমরা প্রস্তুত আছি। মালিক যদি বেশি কাজ করতে বাধ্য করে কিংবা মালিক যদি আনফিট গাড়ি চালাতে বাধ্য করে, তাহলে আমরা মালিকপক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধানে বাধ্য করবো। সবকিছু আলোচনা করে সামাধন করতে পারবো।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের সবাইকে এই আইন বাস্তবায়নে আসতেই হবে। আপনার সন্তানের জন্য, সবার নিরাপত্তার জন্য আইন মেনে চলুন। পুলিশের সহযোগিতা নিন বলে উল্লেখ করেন তিনি।

রোহিঙ্গা নিপীড়ন : মামলার বিরুদ্ধে লড়বেন সু চি

0

সম্প্রতি জাতিসংঘের শীর্ষ আদালতে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। মিয়ানমারের সেনাবাহিনীর রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে সম্প্রতি মিয়ানমার কর্তৃপক্ষের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মামলা দায়ের করে গাম্বিয়া। এই মামলার বিরুদ্ধে আদালতে লড়াই করবে মিয়ানমার। এতে নেতৃত্ব দেবেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি।

বুধবার মিয়ানমারের সরকার এই তথ্য নিশ্চিত করেছে।

মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে, গাম্বিয়ার দায়ের করা মামলার বিরুদ্ধে লড়াইয়ের জন্য বড় মাপের আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ দেবে মিয়ানমার। এটি তাদের জাতীয় স্বার্থ রক্ষার লড়াই। ইউনিয়ন মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স হিসেবে স্টেট কাউন্সিলর অং সান সু চি তার ক্ষমতাবলে এই দলের নেতৃত্ব দিবেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলিরা এক বছর আগে মিয়ানমারের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। আইসিসি অবশ্য যুদ্ধাপরাধ নিয়েই বেশি কাজ করে। তবে মিয়ানমারের ক্ষেত্রে কোনও জুরিসডিকশন নেই আইসিসি’র। কেননা, মিয়ানমার এই আদালতের সদস্যরাষ্ট্র নয়। তাই আইসিসি’র প্রচেষ্টা বেশিদূর আগাতে পারেনি। তবে আইসিজে’র ক্ষেত্রে সেই সীমাবদ্ধতা নেই। গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক প্রবিধি মোতাবেক কোনো বিবাদের ক্ষেত্রে আইসিজে রায় দিতে পারে। এই প্রবিধিতে মিয়ানমার ও গাম্বিয়া উভয়ই স্বাক্ষর করেছে।

কলকাতার রাস্তায় টাকার বৃষ্টি

0

এক অদ্ভুত ঘটনা ঘটল বুধবার বিকেলে।আচমকা আকাশ থেকে নেমে আসতে থাকল রাশি রাশি টাকা। এমন দৃশ্য কেউ দেখেছেন কি? তা-ও আবার দশ-বিশ টাকার নোট নয়, একেবারে কড়কড়ে পাঁচশ’ আর দুহাজারের নোট! বুধবার বিকেলে এমনই এক অদ্ভুত ঘটনার ঘটেছে কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিটে। তবে কৌতূহলী জনতা শুধু টাকা পড়তেই দেখল। সে টাকা পকেটে ঢোকানো তো দূর, ছুঁয়েও দেখা যায়নি।

জানা গেছে, বুধবার বিকেলে বেন্টিঙ্ক স্ট্রিটের একটি বহুতলে থাকা এক বাণিজ্যিক সংস্থার অফিসে অভিযান চালিয়েছিলেন ‘ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স’ (ডিআরআই)-এর অফিসারেরা। সেই তল্লাশি-অভিযানের সময়েই ওই বহুতল ভবনের ছাদের ওপর থেকে টাকার বান্ডিল পড়তে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই টাকার বান্ডিল ফেলা হয়েছিল বহুতল ভবনের চৌহদ্দিতে। তা দেখতে পেয়েই ওই বাড়ির নিরাপত্তারক্ষীরা গেট বন্ধ করে সেই টাকার বান্ডিল কুড়োতে থাকেন। সেই দৃশ্য দেখে জমে যায় ভিড়। ভিড়ে থাকা অনেকেই পকেট থেকে মোবাইল বের করে ছবিও তুলতে থাকেন।

ঘটনার কথা শুনেই তড়িঘড়ি সেখানে হাজির হয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ওই বহুতল ভবনের সীমানায় পাহারা বসিয়ে দেয় তারা। গেট বন্ধ করে মোতায়েন করা হয় রক্ষী। এমন সময়ে হঠাৎ নজরে আসে, ওপর থেকে ফেলা সব ক’টি টাকার বান্ডিল নীচে পড়েনি। বেশ কয়েকটি আটকে রয়েছে বাড়ির কার্নিসে। সেই টাকা উদ্ধার হবে কী করে? দেখা গেল, এক রক্ষী ছুটে বেরিয়ে গেলেন। কয়েক মিনিট পরে ফিরে এলেন দু’টি স্ক্রু ডাইভার নিয়ে। সেটি দিয়েই জানলার কাচ খুলে লাঠি দিয়ে খুঁচিয়ে টাকার বান্ডিল নীচে ফেলা হয়। টাকা ঝরে পড়ার সেই দৃশ্য দেখতে গিয়ে বাইরে তখন হুলস্থুল কাণ্ড। কেউ পড়লেন অন্যের ঘাড়ে। কেউ বা মাড়িয়ে দিলেন আরেকজনের পা।

অনেকেই বলছেন, বছর দশেক আগে চৌরঙ্গি রোডের একটি বাণিজ্যিক ভবন থেকে এমন ভাবেই টাকার বৃষ্টি হয়েছিল। সূত্রের দাবি, রাজস্ব দফতরের তল্লাশির সময়ে তাদের চোখে ধুলো দিতেই তা করা হয়েছিল। রাস্তায় পড়া টাকা পকেটে গুঁজে চম্পট দিয়েছিলেন পথচারীদের অনেকেই। কারণ, পুলিশ তখনও সেখানে পৌঁছায়নি।

গতকাল অবশ্য জনতা সে সুযোগ পায়নি। বন্ধ গেটের বাইরে থেকে টাকা ওড়া চাক্ষুষ করে এবং মোবাইলে তা বন্দি করেই আশ মেটাতে হয়েছে।

টাকা মিলুক বা না মিলুক, ফুটপাতে দাঁড়ানো ভিড়ে কান পাততেই শোনা গেল হরেক জল্পনা আর গুজব। ফুটপাত লাগোয়া একটি গাড়িতে হেলান দিয়ে স্থানীয় একটি দোকানের কর্মী তখন বলে চলেছেন, কবে, কোথায় এমন রাশি রাশি টাকা উড়তে দেখেছেন। কর ফাঁকি দেওয়ার এ হেন কৌশল নিয়ে তখন একটু দূরে চায়ের দোকানে আড্ডায় তুফান বইছে। টাকা উড়ছে শুনেই ফুটপাতে দাঁড়িয়ে পড়েছিলেন এক প্রৌঢ়। কিন্তু ভিড় ঠেলে গেটের সামনে যেতে পারেননি। অগত্যা তিনি ঝাঁঝিয়ে উঠলেন, ‘কাজ নেই, তাই এ সব নাটক দেখতে এসেছে! বলি, ওই টাকার এক কণাও মিলবে নাকি?’’

সূত্রের দাবি, পুলিশের সাহায্যে সন্ধ্যা পর্যন্ত ৩ লক্ষ ৭৪ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সবই ৫০০ ও ২০০০ টাকার নোট। তবে ওই টাকার মালিক কে, তা রাত পর্যন্ত জানা যায়নি। গভীর রাত পর্যন্ত ওই অফিসে তল্লাশি চলেছে বলে সূত্রের দাবি।

প্রচুর মার্কিন অস্ত্র কিনছে ভারত, ট্রাম্পের অনুমোদন

0

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমানের অস্ত্র কিনছে ভারত। এই অস্ত্রের মূল্যমান ১০০ কোটি মার্কিন ডলার। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে অস্ত্র বিক্রির সিদ্ধান্তে সিলমোহর দেন।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের অনড় মনোভাবের কথা জানিয়ে কংগ্রেসকে অবগত করে ট্রাম্প প্রশাসন।

সূত্র জানিয়েছে, ভারতকে ১০০ কোটি মার্কিন ডলারে নাভাল গান বা নৌ-বন্দুক বিক্রির প্রস্তাব অনুমোদন করেছেন ট্রাম্প। মার্কিন এই নৌ-বন্দুক শত্রুপক্ষের যুদ্ধজাহাজ থেকে আক্রমণ প্রতিহত করতে সক্ষম। শত্রুপক্ষের অ্যান্টি-এয়ারক্র্যাফ্ট থেকে হামলা বা তীরে বোমাবর্ষণ মোকাবিলাতেও সক্ষম মার্কিন নৌ-বন্দুক।

সামরিক বিশেষজ্ঞদের মতে, মার্কিন নাভাল-গান হাতে পেলে, নিঃসন্দেহে ভারতীয় নৌ-সেনার আক্রমণের ধার আরও বাড়বে। এই নৌ-বন্দুকগুলি বানিয়েছে আমেরিকার বিএই সিস্টেমস ল্যান্ড অ্যান্ড আর্মামেন্টস।

ডিফেন্স সিকিওরিটি কো-অপারেশন এজেন্সি সূত্রে জানা গেছে, প্রস্তাব অনুযায়ী, ১০০ কোটি মার্কিন ডলারে ভারতকে ১৩টি এমকে-৪৫ পাঁচ ইঞ্চি/৬২ ক্যালিবার (এমওড) নৌ-বন্দুক বেচবে ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে আনুষঙ্গিক যন্ত্রপাতিও। মার্কিন কংগ্রেসে এই মর্মে নোটিফিকেশন করা হয়েছে।

মিশরকেও হুমকি দিলো যুক্তরাষ্ট্র

0

রাশিয়া থেকে যুদ্ধ সরঞ্জাম কেনায় তুরস্কের পর এবার মিশরকেও হুমকি দিলো যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে যুদ্ধবিমান কিনতে যাচ্ছে মিশর। এ কারণে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারাও হুমকি পেয়েছে। রাশিয়ার সঙ্গে চুক্তি এগিয়ে নিলে কায়রোর ওপর নিষেধাজ্ঞা আরোপেরও হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার দুবাই এয়ার শো’তে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্লার্ক কুপার বলেন, মিসর যদি রাশিয়ার সঙ্গে চুক্তি বাতিল না করে ভবিষ্যতে তাদের কাছে সামরিক সরঞ্জাম বিক্রিও বন্ধ হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র ও মিসর দীর্ঘ দিনের মিত্র। বহু বছর ধরে কায়রোকে শত শত কোটি ডলারের আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। এছাড়াও মিসরীয় বাহিনীর হাতে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান।

চলতি বছরের শুরুতে রাশিয়ার কাছ থেকে ২০টিরও বেশি এসইউ-৩৫ যুদ্ধবিমান কেনার জন্য ২০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করে মিসর। এ নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে ওয়াশিংটন।

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার চুক্তি প্রত্যাহার না করলে ওয়াশিংটনের পক্ষ থেকে তুরস্কের ওপর অবরোধের হুমকি দেয়া হয়। পাশাপাশি তুরস্কের সাথে যুক্তরাষ্ট্র থেকে ১০০টি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার চুক্তিও বাতিলের ঘোষণা দেয় ওয়াশিংটন। ন্যাটো জোটের মিত্র হিসেবে এফ-৩৫ যুদ্ধবিমানের উৎপাদন অংশীদার তুরস্ক আগেই জানিয়েছে তারা রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার চুক্তি প্রত্যাহার করবে না। তবে এখনো তুরস্কের ওপর কোনো অবরোধ আরোপ করেনি যুক্তরাষ্ট্র।

আমরা জি-২০’র সদস্য হওয়ার স্বপ্ন দেখছি : অর্থমন্ত্রী

0

তুরস্ক সফররত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রী মেহমেত নুরী এরসয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, তুরস্ক শিল্প সমৃদ্ধ একটি দেশ, ওইসিডি, জি-২০’র মতো সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য। আর আমরা শিল্প সমৃদ্ধ হওয়ার পথে হাঁটছি, জি-২০’র সদস্য হওয়ার স্বপ্ন দেখছি। পাশাপাশি বাংলাদেশের পর্যটনশিল্পে তুরস্ককে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার তুরস্কের আঙ্কারায় তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রী মেহমেত নুরী এরসয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরে এসব কথা বলেন মন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ।

মুস্তফা কামাল বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্বকে সুন্দর ও শান্তিময় করাই আমাদের দায়িত্ব। তুরস্ক শিল্প সমৃদ্ধ একটি দেশ, ওইসিডি, জি-২০’র মতো সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য। আর আমরা শিল্প সমৃদ্ধ হওয়ার পথে হাঁটছি, জি-২০’র সদস্য হওয়ার স্বপ্ন দেখছি।

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ গত ১০ বছরে সাত শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জনে সমর্থ হয়েছে এবং এবছর আট দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। আমরা আগামী বছর আট দশমিক ২৫ শতাংশ থেকে আট দশমিক ৩০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা করছি। যা ২০২৪ সাল নাগাদ দাঁড়াবে ১০ শতাংশ। একইসঙ্গে সেটা অব্যাহত থাকবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সূচক অনুসারে, দ্রুততম সময়ে দারিদ্র্য হ্রাসকারী দেশগুলোর মধ্যেও বাংলাদেশের অবস্থান শীর্ষে।’

রাজধানী মার্কেটের আগুন তদন্তে কমিটি

0

রাজধানীর টিকাটুলী এলাকায় রাজধানী সুপার মার্কেটে গতকাল বুধবারের অগ্নিকাণ্ড তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে প্রতিবেদন জমা দেবেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ওই মার্কেটের দ্বিতীয় তলায় একটি ফোমের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার আগে দোতলার ওই দোকানে ওয়েল্ডিং-এর কাজ চলছিল। সেটার কারণে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তিন সদস্যের কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর আসল ঘটনা জানা যাবে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে রাজধানী সুপার মার্কেটের দ্বিতীয় তলার একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রথমে এবং পরে আরো ২০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে। এ সময় আশপাশের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে ব্যস্ততম সড়ক ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

রাজধানী সুপার মার্কেটে এক মাস ১০ দিন আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিনির্বাপণ মহড়া হয়। সে সময় মার্কেটে বৈদ্যুতিক তারসহ আরো কিছু দুর্বলতা পাওয়া যায়। এসব ত্রুটি দূর করতে মার্কেট কর্তৃপক্ষকে এক মাস সময় দেওয়া হয়। মার্কেট কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের কাছে দুই মাস সময় চেয়ে নেয়। এর মাঝেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

রামপুরায় কাভার্ড ভ্যানচাপায় বৃদ্ধার মৃত্যু

0

রাজধানীর রামপুরার বনশ্রীতে কাভার্ড ভ্যানচাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধার বয়স ৭৫ হবে বলে ধারণা করছে পুলিশ। তাঁর কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, রামপুরা বনশ্রীর সি ব্লকের, ৫ নম্বর রোডের ২৮ নম্বর বাসার সামনের রাস্তা হেঁটে পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৃদ্ধার পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।

৮০ টাকা কেজি লবণ কিনে এখন মুখ লুকানোর জায়গা নেই

0

লবণের দাম বৃদ্ধির গুজবে যারা সাড়া দিয়েছেন, তারা এখন বেশ পেরেশানিতে আছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনেকেই বেশি বেশি লবণ কিনে বিপাকে পড়েছেন। তাদের আফসোসের শেষ নেই। আবার অনেকেই লজ্জিত। অতিরিক্ত লবণ কিনে কেউ কেউ দোকানে ফেরত দিতে এসে হতাশ হয়েছেন। কারণ, লবণের দাম তো বাড়েনি।

রংপুরের পীরগাছার বাসিন্দা আফসার আলী কালের কণ্ঠকে বলছিলেন, তিনি ৮০ টাকা কেজি দরে ১০ কেজি লবণ কিনেছিলেন। তখন নিজেকে তিনি সৌভাগ্যবান মনে করেছিলেন। এখন তিনি লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছেন না।

নেত্রকোনার কেন্দুয়ায় মঙ্গলবার রাতে বেশি দামে লবণ বিক্রি করছিলেন আবদুর রাজ্জাক নামের এক দোকানি। হৃদয় মিয়া নামের স্থানীয় এক ব্যক্তি বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান। পরে ভ্রাম্যমাণ আদালত রাজ্জাককে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার ২৫ শতাংশ অর্থ তথ্যদাতাকে দেওয়া হয়।

লবণের গুজব বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা গেছে, গতকাল একেবারে উল্টো চিত্র ছিল। আগের দিন যে ক্রেতা দৌড়াদৌড়ি করে বেশি দামে লবণ কিনেছিল সেই ব্যক্তিই পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আফসোস করছে। এখন সেই লবণ তারা কী করবে তা নিয়ে চিন্তায় পড়েছে।

যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার মুদি দোকানি সামসুল আলম কালের কণ্ঠকে বলেন, এলাকার এক লোক গতকাল দুপুরে আট কেজি লবণ বিক্রি করতে নিয়ে আসে। তিনি সেই লবণের দাম বলেছেন ২০ টাকা কেজি। পরে সেই লোক লবণ নিয়ে ফিরে যায়।

লবণের দাম বেড়ে যাবে, পাওয়া যাবে না—এমন গুজবের সূত্রপাত সোমবার রাতে। এরপর গুজবে ভর করে লবণের দাম বেড়ে যায় লাফিয়ে লাফিয়ে। ঢাকাসহ সারা দেশে লবণ কেনার হিড়িক পড়ে যায়। চাহিদার তুলনায় বেশি বেশি কিনছিল ক্রেতারা। সারা দিন মানুষের মুখে মুখে ছিল লবণ নিয়ে নানা কথা। তৈরি হয়েছিল অস্থির পরিস্থিতির। সেই পরিস্থিতি এক দিনের মাথায় স্বাভাবিক করতে সক্ষম হয় সরকার। সিলেটের বিয়ানীবাজার থেকে যে ব্যক্তি প্রথমে ফেসবুকে লবণ নিয়ে গুজব ছড়িয়েছিলেন তাঁকেও চিহ্নিত করেছেন গোয়েন্দারা। যেকোনো সময় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে বলে জানা গেছে।

কম্বোডিয়ায় বঙ্গবন্ধুর নামে প্রস্তাবিত সড়ক পরিদর্শনে স্পিকার

0

কম্বোডিয়ার রাজধানী নমপেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রস্তাবিত সড়কটি পরিদর্শন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বঙ্গবন্ধুর নামে সড়কের উদ্যোগ নেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী সামদেক হুন সেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঢাকায়ও রাজা সিহানুকের নামে একটি সড়ক করা হবে বলে উল্লেখ করেন তিনি।

গতকাল বুধবার (২০ নভেম্বর) সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, স্পিকার কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর নিজ কার্যালয় পিস প্যালেসে সাক্ষাৎ করেন। সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রী হুন সেন স্পিকারকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি এশিয়া প্যাসিফিক ফোরামে অংশগ্রহণ করায় স্পিকারকে ধন্যবাদ জানান। তাঁরা সংসদীয় চর্চা, ব্যবসা-বাণিজ্য, রাজনীতি ও উন্নয়ন এবং রোহিঙ্গা ইস্যুসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে স্পিকার বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ১৯৭৩ সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত ন্যাম সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কম্বোডিয়ার প্রয়াত ফাদার কিং নরোদম সিহানুকের সাক্ষাতের মাধ্যমে দুদেশের মধ্যে বন্ধুত্বের সূচনা হয়। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদেশের সম্পর্ক জোরদার করেছেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বড় বোন উল্লেখ করে হুন সেন ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কম্বোডিয়া সফর ও ২০১৪ সালে তাঁর ঢাকা সফরের বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, এসব সফরে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হয়। তিনি গঙ্গা সহযোগিতা প্ল্যাটফর্মের আওতায় এই অঞ্চলে উন্নয়ন সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করে বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার ক্ষেত্রে এশিয়া প্যাসিফিক ফোরাম খুবই সহায়ক ভূমিকা রাখে।

স্পিকার সংসদীয় অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আঞ্চলিক সর্ম্পক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আধুনিক কম্বোডিয়া বিনির্মাণে হুন সেনের অবদানের প্রশংসা করেন।