Home Blog Page 3340

রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন

0

টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করছে।

আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক এ তথ্য নিশ্চিত করে জানান, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে।

ইডেন টেস্টে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মাশরাফি

0

আগামী ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেনে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারত মধ্যেকার দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তবে এই টেস্টটি অন্যগুলোর চেয়ে আলাদা। কারণ উপমহাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে গোলাপি বলের দিবা-রাত্রির টেস্ট। আর এই টেস্ট দেখতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

জানা যায়, ইডেন গার্ডেনে ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে ম্যাচটি উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই টেস্টের ধারাভাষ্য দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন মাশরাফি। তবে সেই আমন্ত্রণ তিনি ফিরিয়ে দেন। তবে সাংসদ হিসেবে কলকাতার গ্যালারিতে দেখা যাবে মাশরাফি বিন মুর্তজাকে। টেস্টের আগের দিন বৃহস্পতিবারই সপরিবারে কলকাতায় যাচ্ছেন মাশরাফি।

আগামী শুক্রবার থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথমবারের মতো গোলাপি বলে দিবারাত্রির টেস্ট শুরু হতে যাচ্ছে। আর ঐতিহাসিক এই টেস্টকে স্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী নিয়েছেন নানা ধরনের পদক্ষেপ। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয়েছে আমন্ত্রণ। সেখানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। সব মিলিয়ে দিবা-রাত্রির টেস্ট জ্বর লেগেছে কলকাতায়। টেস্টের প্রথম চার দিনের টিকিট বিক্রি এরই মধ্যে শেষ হয়েছে।

বসুন্ধরা কিংসে আর্জেন্টিনার খেলোয়াড়

0

রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকার ড্যানিয়েল কলিনড্রেসকে দলে নিয়ে অভিষেক আসরে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে বসুন্ধরা কিংস। আসছে মৌসুমেও বসুন্ধরা কিংসেই খেলবেন তিনি। আর তাঁর হাতকে আরো শক্তিশালী করতে এবার কিংসে দেখা যাবে এক আর্জেন্টাইনকে। ম্যারাডোনা-মেসির দেশে খেলা আর্জেন্টাইন মিডফিল্ডার নিকোলাস দেলমন্তেকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস।

কয়েক দিন আগে ঢাকায় এসেছেন নিকোলাস দেলমন্তে। খেলতেন স্পেনের দ্বিতীয় বিভাগে, এক্সট্রেমাদুরা ক্লাবে তাঁর চুক্তি শেষ হয় গত জুনে। এরপর এই মিডফিল্ডারের ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। প্র্যাকটিসে তিনি দুর্দান্ত। তাতে দারুণ আশাবাদী বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর জোবায়ের নিপু, ‘এই আর্জেন্টাইন টেকনিক্যালি খুব ভালো। তার ভিশন এবং থ্রু বলগুলো এত চমৎকার যে তাকে পছন্দ করবে যেকোনো কোচ। ওর সঙ্গে কিরগিজস্তানের বখতিয়ারের একটা জুটি হয়ে গেলে মাঝমাঠে কিংসের খেলা হবে দেখার মতো।’

৩০ বছর বয়সী এই মিডফিল্ডার খেলবেন মাশুকের জায়গায়। জাতীয় দলের ট্রেনিংয়ে এই দেশি মিডফিল্ডার ইনজুরিতে পড়ায় এবার সমস্যায় পড়ে চ্যাম্পিয়নরা। সেই পজিশনে খেলবেন আর্জেন্টাইন নিকোলাস আর কিরগিজস্তানের বখতিয়ার দুইশোবেকভ খেলবেন নাম্বার ‘টেন’ পজিশনে। দুই বিদেশির বোঝাপড়া ভালো হলে ইতিবাচক প্রভাব পড়বে বর্তমান চ্যাম্পিয়নদের পারফরম্যান্সে।

কিংসের পাঁচ বিদেশি চূড়ান্ত হয়ে গেছে। আগেরবারের দানিয়েল কলিনদ্রেস ও বখতিয়ারকে রেখে নতুন নিয়েছে তিনজনকে। তাতে দলের ভারসাম্য ও শক্তি দুটোই বেড়েছে মনে করেন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান, ‘আমাদের রক্ষণভাগ বলতে গেলে পুরোপুরি নতুন। এই সংস্কারটা খুব জরুরি ছিল আমাদের জন্য। তাতে দলের ভারসাম্য ফিরেছে এবং শক্তিও বেড়েছে। ভালো কয়েকজন বিদেশি এসেছে, বিশেষ করে আর্জেন্টাইন মিডফিল্ডারের খেলা দেখে সবাই খুব খুশি। তাই আমার বিবেচনায় গতবারের চেয়ে ভালো দল হয়েছে এবার।’ এই দলের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হচ্ছে আজ বসুন্ধরা কিংসের নতুন মাঠে।

৯ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না

0

নাটোরের গুরুদাসপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুজনকে (২৮) ৯ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। সুজন উপজেলার কালাকান্দর গ্রামের রুস্তম কবিরাজের ছেলে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে নওগাঁ জেলা সদরের আনন্দনগর কামিরপাড়া গ্রাম থেকে সুজনকে গ্রেপ্তার করেন। বুধবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ৯ বছর আগে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে তিনি পলাতক থাকেন।

বিয়ে করছেন জয়া আহসান!

0

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বিয়ের পিঁড়িতে বসছেন। এমনি গুঞ্জন শোনা যাচ্ছে। জয়া নাকি প্রেম্ও করছেন।

আগামী ২৭ ডিসেম্বর কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে জয়া-প্রসেনজিৎ অভিনীত ছবি ‘রবিবার’।
গতকাল ছবি মুক্তি প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে জয়া আহসানের ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয়। কলকাতার এক তারকার বরাত দিয়ে জানতে চাওয়া হয়, জয়া নাকি বাংলাদেশের একজনের সঙ্গে প্রেম করছেন। এছাড়া আগামী বছর নাকি বিয়েও করবেন?

জয়ার কাছে জানতে চাওয়া হয়, তাহলে কি সংবাদটি গুজব? এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, আমি প্রেম করছি। যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি তিনি বাংলাদেশের। ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। কিন্তু বিয়ের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

এদিকে, সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‘কণ্ঠ’। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের যৌথ পরিচালনায় ছবিটি গত মে মাসে ভারতে মুক্তি পায়। সাফটা চুক্তির আওতায় ‘কণ্ঠ’ দেশে পরিবেশন করছে ইমপ্রেস টেলিফিল্ম লি.।

ধর্মঘট ১০ দিন চললেও চালের বাজারে প্রভাব পড়বে না

0

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে চালের পর্যাপ্ত মজুদ আছে। কোনো মহল বা সিন্ডিকেট যদি কারসাজি না করে তবে দালের দাম বাড়ার কোনো কারণ নেই। আমাদের হাতে যে পরিমাণ চাল আছে তাতে ৮-১০ দিনের ধর্মঘটেও চালের দামে প্রভাব পড়বে না।

আজ বুধবার খাদ্য মন্ত্রণালয়ে চালের মূল্য বৃদ্ধি নিয়ে মিল মালিকদের সঙ্গে এক সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী এমন মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন, এই পরিবহন ধর্মঘটকে ইস্যু করে কেউ যদি বাজারে চালের দাম অনৈতিকভাবে বাড়ানোর চেষ্টা করে তবে কোনও ছাড় দেওয়া হবে না। কোনো কারসাজি সহ্য করা হবে না।

তিনি বলেন, কারসাজি করে চালের বাড়ানোর চেষ্টা করা হলে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র, বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। প্রয়োজনে ব্যবস্থা নিতে বলেছি। দরকার হলে আমরা নিজেরা মোবাইলকোর্ট পরিচালনা করবো।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, পাইকাররা কেজিতে ৫০ পয়সার বেশি লাভ করতে পারেন না, এর বেশি করলে দেশেকে আপনারা শোষণ করতে বসেছেন, এটাও সহ্য করা হবে না। খুচরা বাজার আপনাদের কন্ট্রোল করতে হবে মনিটরিং করতে হবে।

সাধন চন্দ্র বলেন, চালের দাম আর বাড়বে না, এটি শপথ করতে হবে। সরকারিভাবে চাল-গম মিলে ১৪ লাখ ৫৯ হাজার টন মজুত আছে, যা অন্যান্য দেশের তুলনায় বেশি। চাল রয়েছে ১১ লাখ ১২ হাজার ৬৭৪ টন।

মন্ত্রী আরো বলেন, গেল বছর দেশে মোট ৩ কোটি ৪৪ লাখ ৫৪ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। যেখানে আমাদের বাৎসরিক চাহিদা হচ্ছে ২ কোটি ৮৪ লাখ ১৬ হাজার ৭১০ মেট্রিক টন। সে হিসাবে আমাদের এখন পর্যাপ্ত চালের মজুদ আছে।

বৈঠকে চাল ব্যবসায়ীদের পক্ষে মিল মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রশিদ (মিনিটেক) উপস্থিত ছিলেন।

প্রথমবার অভিনয়ে, চমকে দিলেন শাহরুখের মেয়ে

0

চলতি বছরে বিখ্যাত ভোগ ম্যাগাজিনের কভারে প্রকাশিত হয়েছিলো বলিউড কিং শাহরুখ খানের কন্যা সুহানা খানের একটি ছবি। আর তাতেই সমালোচনার মুখে পড়তে হয় তাকে। গুঞ্জন চলছিলো যে বিশেষ কোনো যোগ্যতা না থাকা স্বত্বেও শুধুমাত্র তারকা কন্যা হওয়ার কারনেই ভোগ ম্যাগাজিনের মতো জায়গায় কভার ফটোতে স্থান করে নিয়েছেন সুহানা।

তবে সেসব সমালোচনাকে পেছনে ফেলে প্রথমবারের মতো পর্দায় অভিষেক ঘটলো শাহরুখ কন্যা সুহানার। সোমবার ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে হলিউডের নির্মাতা পরিচালক থেডর গিমেনোর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যার নাম ‘দ্য গ্রেট পার্ট অব ব্লু’।

সে চলচ্চিত্রে দেখা মিললো সুহানার। ১০ মিনিট দীর্ঘ এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সুহানার বিপরীতে দেখা যায় রবিন গনেলাকে। তারা দুজনে একজোড়া দম্পতির ভূমিকায় অভিনয় করেন। তবে চলচ্চিত্রটি প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন সুহানা।

কারন তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। ইউটিউবের মন্তব্যের ঘরে তাই শুধু সুহানার জন্যই আসছে অভিনন্দন বার্তা।

সুহানা বর্তমানে চলচ্চিত্র নির্মাণ নিয়ে পড়াশোন করছেন নিউ ইয়র্কে। এর আগে বাবা শাহরুখ খান জানিয়েছিলেন রুপালি পর্দায় আসার আগে তিনি চান তার সন্তানেরা পড়াশোনাটা শেষ করুক। তবে সুহানার প্রথম পর্দার কাজটি কেমন হয়েছে সে ব্যাপারে এখনো কোন মন্তব্য করেননি শাহরুখ খান।

‘সরকারের গৃহপালিত মেডিক্যাল বোর্ড কী বলে বুঝি না’

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছুদিন পর পর একটা গৃহপালিত মেডিক্যাল বোর্ড হয়। সেই বোর্ড কী বলে তা আমরা বুঝে উঠতে পারি না। যা বলা হয় তা অত্যন্ত ভীতিকর। একজন বলেন, ‘অবস্থা মোটামুটি ভালো, তবে হায়াত মউত আল্লাহর হাতে’। তারা একেক সময় একেক তথ্য দেন। ওনারা কি দেশনেত্রীকে জেলের ভেতরে রেখে মেরে ফেলতে চান?

আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, সরকারের কূটকৌশলে আজকে দেশনেত্রী জেলে আর আমার নেতা বিদেশে। শারীরিক অবস্থার কারণে উনি দেশে আসতে পারছেন না। তারপরও বিএনপির নেতৃত্ব শূন্য হয়ে যায়নি।

তিনি বলেন, দেশের বাইরে থেকেই তারেক রহমান সাহেব আমাদের দল পরিচালনা করছেন। এটা নিয়ে আবার আওয়ামী লীগের মন্ত্রীরা মাঝে মাঝে লম্ফঝম্ফ করে ওঠেন।

যুবদলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কি ভুলে গেছেন ৯০ এর আগে এই যুবদল নেতৃত্ব দিয়ে এরশাদকে পরাজিত করেছিল। আজকে তারেক রহমানের জন্মবার্ষিকীতে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, যুবদলের ঐতিহ্য ফিরিয়ে আনুন, এই দেশকে স্বাধীন-স্বার্বভৌম থাকতে সাহায্য করুন।

দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।

কে এই ‘নিখোঁজ’ সৌদি রাজকন্যা বাসমাহ?

0

বেশ কিছুদিন ধরে নিখোঁজ সৌদি আরবের রাজকন্যা বাসমাহ বিনতে সৌদ ২০০৬ সাল থেকে সৌদি গণমাধ্যমে নিয়মিত লেখালেখি করেন। কিন্তু তার ব্যবসায়িক কর্মকাণ্ড ও জনগণের হয়ে কথা বলার বিষয়টি ভালোভাবে নেয়নি দেশটির বর্তমান শাসক পরিবার। ফলে তাকে পারিবারিক রোষাণলে পড়তে হয়।

বিবাহ বিচ্ছেদের পর ২০১০-২০১১ সালের দিকে তিনি লন্ডনে পাড়ি জমান। পরিচিতি পান গণমাধ্যমে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আরব অঞ্চলের দুর্নীতি, মানবাধিকার এবং সম্পদের বৈষম্য নিয়ে কথা বলে ব্যাপক আলোচনায় আসেন বাসমাহ। তখন গণমাধ্যমে তিনি ব্যাপক খ্যাতি পান।

সৌদি আরবে ধর্মীয় পুলিশের ক্ষমতা কমিয়ে দেয়া, নারীদের অধিকারসহ বিভিন্ন সাংবিধানিক সংস্কারের দাবি জানিয়ে আসছেন এই রাজকন্যা।

প্রশাসনের সমালোচনা করলেও রাজ পরিবারের বিরুদ্ধে অবশ্য কখনো সরাসরি কোনো কথা তাকে বলতে শোনা যায়নি। বছর তিনেক আগে সৌদি আরবে ফিরে যান তিনি। লন্ডনের ব্যবসাও অনেকটা গুটিয়ে ফেলেন ইতিমধ্যে।

গত বছরের জানুয়ারিতে বিবিসি আরবিতে দেয়া এক সাক্ষাতকারে ইয়েমেন যুদ্ধের অবসান ঘটাতে সৌদি আরবের প্রতি তিনি আহ্বান জানিয়েছিলেন।

এরপর থেকে তাকে আর গণমাধ্যমে দেখা যায়নি। বাসমাহ সাবেক সৌদি বাদশাহর ১১৫ সন্তানের একজন।

এই পরিবারের একটি অংশকে বর্তমান রাজা সালমান ও তার পুত্রের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হচ্ছে।

বর্তমান সৌদি রাজপরিবারের মোট ১৪ হাজার সদস্য রয়েছেন। লন্ডন স্কুল অব ইকোনমিকসের সৌদি রাজনীতি ও রাজপরিবার বিষয়ক বিশেষজ্ঞ মাদাওয়ি আল-রাশিদ বলেন, রাজা আবদুল্লাহর শাসনকালে রাজকন্যারা সব ধরনের আলোচনায় অংশ নিতে পারতেন।

সশস্ত্র বাহিনী দিবস কাল

0

যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে।

এ উপলক্ষে দেশের সকল সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদসমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী প্রদান করেছেন।

একাত্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। তিন বাহিনী প্রধান বঙ্গভবনে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

‘সশস্ত্র বাহিনী দিবস-২০১৯’ উপলক্ষে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্বাচিত সংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা জানাবেন। এছাড়াও প্রধানমন্ত্রী ৯ জন সেনা, ২ জন নৌ এবং ৩ জন বিমান বাহিনী সদস্যদের ২০১৮-২০১৯ সালের শান্তিকালীন পদকে ভূষিত করবেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিশেষ সহকারী, সামরিক সচিব, প্রেস সচিব ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ হতে এদিন বিকাল ৪টায় ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ সংবর্ধনায় উল্লেখযোগ্য আমন্ত্রিত ব্যক্তিত্বগণের মধ্যে রয়েছেন জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, প্রাক্তন রাষ্ট্রপতিগণ, সংসদের বিরোধী দলীয় নেতা, প্রাক্তন প্রধান উপদেষ্টাগণ, মন্ত্রী ও মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি, প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি, ডেপুটি স্পিকার, বাংলাদেশে নিযুক্ত বিদেশী রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারগণ, বিচারপতিগণ, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, মূখ্য সচিব।

এছাড়াও সংসদ সদস্যগণ (ঢাকা এলাকার), প্রাক্তন সামরিক কর্মকর্তাগণ, বাহিনীত্রয়ের প্রাক্তন প্রধানগণ, ২০১৯ সালের স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ও একুশে পদক প্রাপ্ত ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্বাধীনতা যুদ্ধের সকল বীরশ্রেষ্ঠের উত্তরাধিকারীগণ, স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী সময়ে ঢাকা এলাকায় বসবাসরত খেতাবপ্রাপ্ত কর্মকর্তা/তাঁদের উত্তরাধিকারীগণ, উচ্চপদস্থ বেসামরিক কর্মকর্তাগণ এবং তিন বাহিনীর চাকুরিরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ আমন্ত্রিত অতিথির তালিকায় আছেন। উক্ত অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছে।

অন্যদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিন বাহিনী প্রধান নিজ নিজ বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা/তাঁদের উত্তরাধিকারীদের অনুরূপ সংবর্ধনা প্রদান করবেন। ঢাকা ছাড়াও সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রংপুর, রাজেন্দ্রপুর ও খুলনা সেনানিবাস/ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এদিকে, দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঢাকার বাইরে দেশের অন্যান্য সেনা গ্যারিসন, নৌ জাহাজ ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটিতেও বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। ঢাকা, খুলনা, চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজসমূহ ২১ নভেম্বর বেলা ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

আজ সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন রাত ৮টার বাংলা সংবাদের পর সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করবে। বাংলাদেশ বেতার আগামীকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘বিশেষ দূর্বার’ অনুষ্ঠান সম্প্রচার করবে। ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠানটি বেসরকারি টিভি চ্যানেলসমূহে পরবর্তীতে পর্যায়ক্রমে সম্প্রচারিত হবে।

দিবসটি উপলক্ষে আগামীকালের বাংলা ও ইংরেজি বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। এছাড়াও সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।