Home Blog Page 3341

এডিস মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ

0

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ মোকাবেলা এবং এডিস মশার বিস্তার রোধে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে মশাবাহিত রোগে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম। বৈঠকে কমিটির সদস্য ডা. আ ফ ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মো. মনসুর রহমান, মো. আব্দুল আজিজ ও সৈয়দা জাকিয়া নূর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে ডেঙ্গু, চিকুনগুনিয়ামহ মশাবাহিত রোগ মোকাবেলা নিয়ে আলোচনা শেষে স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশনসমূহের সাথে সমন্বয় করে এ ব্যাপারে তৎপরতা বৃদ্ধিতে দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া জাতীয় হৃদরোগ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচন শেষো হাসপাতালটির সেবা ব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন মালামাল ক্রয়ের অনিয়ম বিষয়ে আলোচনা হয়। বিষয়টি তদন্তের স্বার্থে স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিককে আহ্বায়ক এবং আ ফ ম রুহুল হক, মো. আব্দুল আজিজ ও জাকিয়া নূরকে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করা হয়। সাব কমিটিকে দুই মাসের মধ্যে এ সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতি তদন্তপূর্বক রিপোর্ট প্রদানের জন্য বলা হয়।

অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

0

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর মগবাজার ও উত্তরায় আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মগবাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এবং উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মগবাজার রেলক্রসিং থেকে বিশাল সেন্টার পর্যন্ত রাস্তার দুইপাশে এবং ফ্লাইওভারের নিচে প্রায় শতাধিক অস্থায়ী দোকান, টং ঘর, শেড ইত্যাদি উচ্ছেদ করা হয়। এছাড়া দোকানের নির্ধারিত স্থানের বাইরে বর্ধিত করায় এক দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উত্তরার ৩ ও ১০ নম্বর সেক্টরে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চলানো হয়।

অভিযানকালে প্রায় দুই শতাধিক অস্থায়ী দোকান, ভ্যান, শেড ইত্যাদি উচ্ছেদ করা হয়। এছাড়া ফুটপাত ও সড়কে নির্মাণসামগ্রী রাখার অপরাধে তিন জনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

সরকার টেনিসকে যথাযথ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

0

তরুণ প্রজন্মের শারিরীক ও মানসিক বিকাশে খেলাধূলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার ক্রিকেট এবং ফুটবলের পাশাপাশি টেনিসসহ অন্যান্য খেলার প্রসারেও সমান গুরুত্ব দিচ্ছে।

তিনি একইসঙ্গে ক্রিকেট এবং ফুটবলের পাশাপাশি টেনিস অনুশীলনের জন্যেও দেশবাসীর প্রতি আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেট, ফুটবল নিয়েই আমরা সবসময় মেতে থাকি। তবে, টেনিসও অনেক গুরুত্বপূর্ণ। আর খেলাধূলার প্রতি আমরা সবসময়ই গুরুত্ব দিয়ে থাকি। কারণ, খেলাধূলা আমাদের ছেলে-মেয়েদেরকে মানসিক শক্তি জোগায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ অপরাহ্নে গণভবনে শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট-২০১৯-এ অংশগ্রগণকারী বিভিন্ন দেশের প্রতিনিধি এবং কূটনিতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে ক্রিকেট এবং ফুটবল জনপ্রিয় খেলা হলেও এখন মানুষ টেনিসের সঙ্গেও পরিচিত হচ্ছে। আর এই প্রতিযোগিতা আয়োজনের পরে তরুণ প্রজন্ম আরো বেশি করে টেনিসের প্রতি আকৃষ্ট হবে বলে আমি মনে করি।

তাঁর সরকার টেনিস কোর্ট তৈরি এবং প্রশিক্ষণ প্রদানসহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের মধ্যদিয়ে এই খেলাটির প্রসারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, বলেন প্রধানমন্ত্রী।

তিনি ছেলে-মেয়েদের এই খেলায় এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, আমাদের ছেলে-মেয়েরা যেন এই খেলাধূলায় এগিয়ে আসে এবং তাঁদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করবো।

প্রধানমন্ত্রী বলেন, আমরা খেলাধূলাকে আরো বেশি গুরুত্ব দিচ্ছি এইজন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি অংশ নেবে ততটাই তাদের মন মানসিকতা আরো ভাল হবে। শারিরীকভাবে সুস্থ হবে এবং নিজেদেরকে আরো বেশি তৈরী করতে পারবে।

তিনি বলেন, বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলায় বিদেশিরা যখন অংশগ্রহণ করে তখন একে অপরের সঙ্গে ওঠা-বসার মাধ্যমে পরস্পরকে জানার একটি সুযোগ পাওয়া যায়। কাজেই সেইদিক থেকে আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ।

শেখ হাসিনা বলেন, আমরা প্রশিক্ষণের ক্ষেত্রে সব ধরনের সুযোগ-সুবিধা বাড়িয়ে দেব, যেটা খুব জরুরী। আমরা টেনিসের প্রতি বিশেষ গুরুত্ব দেব।

প্রধানমন্ত্র খুলনায় শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট-২০১৯’র মত একটি টুর্নামেন্ট সফলভাবে আয়োজনে সকল আয়োজকদের ধন্যবাদ জানান। বিশেষকরে এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য এবং এক সময়কার দেশ বরেন্য ফুটবলার এবং বাফুফে সহ-সভাপতি সালাম মুর্শেদীর ভূমিকার প্রশংসা করেন।

অন্য অনুষ্ঠানে ব্যস্ত থাকায় প্রধানমন্ত্রী সেখানে যেতে না পারার কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বলেও উল্লেখ করেন।

তিনি বিজয়ী এবং বিজিতসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৯টি দেশের ২১টি ক্লাবের সকল সদস্যদের প্রতি শুভেচ্ছা জানিয়ে এই টুর্নামেন্টটিকে গুরুত্ব প্রদান করে এর সঙ্গে সম্পৃক্ত থাকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনারদের প্রতিও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে অনুষ্ঠানে বক্তৃতা করেন।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনসি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান রাসেল এবং স্থানীয় সংসদ সদস্য সালাম মুর্শেদী এবং শেখ সালাহউদ্দিন জুয়েল উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সহযোগিতায় ১৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত খুলনার শেখ রাসেল আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট-২০১৯’র আয়োজন করে খুলনা জেলা প্রশাসন।

বঙ্গবন্ধুর ছোট ছেলে এবং ’৭৫ এর ১৫ আগস্ট কালরাতে পরিবারের অন্যসদস্যদের সঙ্গে ঘাতকের নির্মম বুলেটের শিকার ১০ বছর বয়সের শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টটি গত ১৩ নভেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, ভূটান, ভারত, পাকিস্তান, ইরাক, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড, তিউনেশিয়া, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, ক্যামেরুন এবং বাংলাদেশের পুরুষ ও মহিলাসহ মোট ৭৪জন প্রতিযোগী এর তিনটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে।

প্রতিযোগিতার পুরুষ এককে ভারতের নিতিন কুমার সিনহা এবং মহিলা এককে মঙ্গোলিয়ার মারালোগো চগসোমজাত শিরোপা জয় করেন। আর পুরুষ দ্বৈতে থাইল্যান্ডের চায়ানন কেউসুতো ও উনশায়াট্রং চারোয়েন চাইকুল জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

জনগণকে দুর্ভোগে ফেলবেন না : সেতুমন্ত্রী

0

ধর্মঘটের নামে জনগণকে দুর্ভোগে না ফেলতে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, সড়ক পরিবহন আইন করা হয়েছে, কাউকে শাস্তি দেয়ার জন্য নয়। পেঁয়াজের ইস্যুতে ব্যর্থ হয়ে এবার সর্বশেষ সড়ক পরিবহন আইন নিয়ে ষড়যন্ত্র করছে। পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহবান জানাবো, জনগণকে শাস্তি দিবেন না, দুর্ভোগে ফেলবেন না।

ওবায়দুল কাদের আজ বুধবার নোয়াখলীর শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান।

বিএনপিকে উদ্দেশ্যে করে মন্ত্রী বলেন, নেতিবাচক রাজনীতির কারণে, তারা সব ঘাঁটি হারাচ্ছে। নির্বাচনে এবং আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ষড়যন্ত্র শুরু করেছে। তারেক রহমান দেশের বাইরে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, বিএনপি দেশের জনগণের সাড়া না পেয়ে, বিদেশিদের কাছে নালিশ করছে। তারা বিদেশে ঘুরে ঘুরে আনুগত্য ভিক্ষা করছে। আমাদের শক্তির উৎস জনগণ। উস্কানি দিয়ে লাভ হবে না।

ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে ঝলক দেখিয়ে সফল হওয়া যায় না। রাজনীতিতে মডারেট ব্যক্তিরাই সফল হবে। শেখ হাসিনার সততা, পরিশ্রম ও কমিটমেন্ট তার সাফল্যের চাবিকাটি। বিশ্বের ১০ জন প্রভাবশালী রাষ্ট্রনায়কদের মধ্যে তিনি একজন।

তিনি বলেন, গত ৪৪ বছরে, এ দেশে সবচেয়ে সাহসী, বিচক্ষণ, প্রশাসক, সফল কূটনীতিক ও সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা। ত্যাগ এবং পরিশ্রম করলে রাজনীতিতে স্বীকৃতি পাওয়া যায়। বাংলাদেশ এশিয়ার মধ্যে প্রবৃদ্ধিতে সবার শীর্ষে রয়েছে। আমরা গরীব দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। এগুলো সম্ভব হয়েছে দক্ষ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারণেই।
এর আগে ওবায়দুল কাদের জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী এবং সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, আওয়ামী লীগ নেতা মির্জা আজম, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।

সম্মেলন শেষে ওবায়দুল কাদের আগামী তিন বছরের জন্য পুনরায় অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিমকে সভাপতি এবং একরামুল করিম চৌধুরী এমপিকে সাধারণ সম্পাদক করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন।

‘আজকের প্রাথমিক শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর’

0

প্রাথমিক শিক্ষা জাতির ভিত্তি, সকল শিক্ষার ভিত্তি এবং জাতিগঠনের একটি ভিত্তি স্বরূপ। আজকে যারা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিচ্ছে তারাই হবে আগামীর দেশ গড়ার কারিগর। তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতেই পিইসি পরীক্ষা নেওয়া হয়।

আজ বুধবার বেলা ১২টার দিকে কেরানীগঞ্জ উপজেলার আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে আগানগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন একথা বলেন। এর আগে উপজেলার জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র তিনি পরিদর্শন করেন।

মন্ত্রী আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ ও তাদের প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ২০০৯ সাল থেকে পিইসি পরীক্ষা চালু করেন। অনেকে পরীক্ষা চায়, অনেকে চায় না। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আজকের পিইসি পরীক্ষার্থীরা আগামীতে এসএসসি, এইচএসসি পরীক্ষা দেবে, তখন যেন ওরা স্বাচ্ছন্দে পরীক্ষা দিতে পারে তাই পিইসি পরীক্ষা। তবে আমাদের অভিভাবকরা এটাকে প্রতিযোগিতা হিসেবে নেয়। তার সন্তানকে জিপিএ ৫ পেতেই হবে। বাচ্চাদের নাস্তানাবুদ করে ফেলে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে ব্যাঙের ছাতার মতো কিন্ডারগার্ডেন গজিয়ে উঠছে। এদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্ডারগার্ডেন বিষয়ে নীতিমালা ও রেজিষ্ট্রেশনের ব্যবস্থা গ্রহণ করা হবে। চলতি বছরের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মতো কোনো অপ্রিতিকর ঘটনা না ঘটায় সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক ইফতেখার হোসেন ভুইয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসি শিখা, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউট ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল, উপজেলা শিক্ষা অফিসার মাজেদা সুলতানা শিউলি, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মীর মোবারক হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফারজানা শেলী, আগানগর ইউপ চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, আ,লীগ নেতা মীর আসাদ হোসেন টিটু প্রমুখ।

তীব্র ভূমিকম্পে কাঁপল ভারত

0

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের দিল্লি, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের বিস্তৃর্ণ অঞ্চল। মঙ্গলবার সন্ধ্যায় এই ভূমিকম্প অনুভুতি হয় দিল্লি, নয়ডা, হরিয়ানা, গাজিয়াবাদ, লখনউসহ একাধিক এলাকায়। তবে বড়সড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

জানা গেছে, রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৫.৩। এই কম্পনের উৎসস্থল ভারত-নেপাল সীমান্ত।

রিপোর্ট অনুযায়ী, সীমান্তবর্তী এলাকা থেকেই ভূমিকম্প শুরু হয়, যার প্রভাব পড়ে দিল্লি, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, এই কম্পনের মূল উৎসস্থল নেপালের খাপতার পার্কে। ভূমিকম্পের সময় ছিল সন্ধ্যে ৭ টা ৫-এ। মিনিটখানেকের এই কম্পনের জেরে আতঙ্কিত হন সাধারণ মানুষ। বাড়ি থেকে বেরিয়ে আসেন মানুষজন। বাদ নেই সোশাল মিডিয়াও। আতঙ্কিত নেটিজেনরা ভূ-কম্পনের বিষয়ে নেটদুনিয়ায় পোষ্ট করেছে। তবে ক্ষয়ক্ষতি সেরকম কিছু হয়নি বলেই জানা গেছে।

উল্লেখ্য, তিন বছরের ব্যবধানে কেঁপে উঠল নেপাল। এর আগে ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল নেপাল। তবে এবার কম্পনের তীব্রতা বেশি না হওয়ায় সেরকম ক্ষয়ক্ষতি হয়নি পাহাড়ি এই শহরে।

এবার তাণ্ডব চালাবে ‘কালমেগি’

0

সামুদ্রিক ঘূণির্ঝড় ‘কালমেগি’ দ্রুত ধেয়ে আসছে স্থলভাগে। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় কমপক্ষে ১৫০ কিলোমিটার। এর কম তো নয়ই, বরং গতিবেগ আরও বাড়লেও বিস্মিত হওয়ার নেই। এ কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদরা জানান, প্রশান্ত মহাসাগরের বুকে চার দিন ধরে তাণ্ডব চালিয়ে টাইফুন আকারে ‘কালমেগি’ দ্রুত ধেয়ে আসছে স্থলভাগে। আগামী কয়েক ঘণ্টায় তা আছড়ে পড়বে ফিলিপাইনের উপকূলে।

ক্রমশই শক্তি বাড়িয়ে ‘কালমেগি’ এখন টাইফুন। কালমেগির করাল থাবা থেকে লোকজনকে বাঁচাতে, সমুদ্র উপকূল খালি করছে প্রশাসন। বর্তমানে ফিলিপাইনের উত্তরাঞ্চলে, ম্যানিলার উত্তর-পূর্বে অবস্থান করছে এই সামুদ্রিক ঝড়। কালমেগি আছড়ে পড়ার আগেই উত্তাল সমুদ্র বিপদের সংকেত দিচ্ছে।ফিলিপাইনের সমুদ্র উপকূলে বইছে ঝোড়ো হাওয়া।

জানা গেছে, ফিলিপাইনের কাগায়ান প্রদেশের উপর ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার কথা। স্থানীয়রা এই ঝড়ের নাম দিয়েছেন রামন।

সাইনবোর্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

0

নতুন সড়ক পরিবহন আইনের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। রাজধানীর নিকটবর্তী নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সকাল থেকেই অবরোধ করেছে শ্রমিকরা।

আজ বুধবার সকাল থেকে শ্রমিকদের আন্দোলন-ধর্মঘটে বন্ধ হয়ে গেছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গাড়ি চলাচল। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় সব যান চলাচল।

আজ সকাল থেকেই নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জের শিমরাইল, কাঁচপুরসহ ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্নস্থানে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। তারা সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। অনেক স্থানে রাস্তার ওপর রাখা হয়েছে বড় বড় যানবাহন। ফলে রাস্তা কার্যত বন্ধ হয়ে গেছে।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্লা তাসনিম হোসেন অবরোধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জের শ্রমিকরা ঢাকার অংশে যানবাহন প্রবেশ ও এখান থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন বলে তিনি জানান।

গাড়ির মালিকরা অবশ্য বলছেন, মূলত এটি শ্রমিকদের পক্ষ থেকে ধর্মঘট। এখানে মালিকপক্ষের কোনো কিছু নেই।

রাজধানীতে গণপরিবহনের সংকট, মানুষের ভোগান্তি

0

নতুন সড়ক পরিবহন আইন কার্যকর ও এর প্রতিবাদে দেশের ২০ জেলায় চলমান পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে রাজধানী ঢাকায়ও।

আজ বুধবারও (২০ নভেম্বর) রাজধানীর সড়কগুলোতে গত কয়েকদিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। বাস না পেয়ে দীর্ঘক্ষণ রাস্তায় অপেক্ষা করতে হচ্ছে তাদেরকে। অনেকে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে স্কুলগামী শিক্ষার্থী ও নারীরা।

সরেজমিনে রাজধানীর সড়কগুলোতে গণপরিবহনের অপেক্ষায় যাত্রীদের ভিড় করতে দেখা গেছে। গণপরিবহন না পেয়ে পায়ে হেঁটেই রওনা দিতে হচ্ছে অফিস আদালতে কর্মজীবীদের। একই অবস্থা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর ক্ষেত্রেও। অনেকে ভাড়া নির্ধারণ করে মোটরসাইকেল ও প্রাইভেট কার দিয়ে রাইড শেয়ার করছেন অনেকেই।

কারওয়ান বাজার মোড়ে বাসের অপেক্ষায় থাকা অফিসগামী কয়েকজন কর্মজীবী জানান, রাস্তায় বাস কম বিষয়টি জানতে পেরে আগেই অফিস থেকে বের হয়েছেন তাঁরা। কিন্তু কোনো লাভ হয়নি, দেড়ঘণ্টা দাঁড়িয়ে থেকে বাসে উঠতে পারছেন না। অনেকক্ষণ পরপর একটা বাস এলেও ভিড়ের কারণে উঠতে পারছেন না।

মিরপুর ১২ নম্বর সেকশন থেকে যেসব গণপরিবহন ছাড়ে তার চালকরা বলছেন, মিরপুর ১২ নম্বর ছেড়ে গাড়ি ১০ নম্বরে যেতেই মামলা খাওয়া লাগে। গাড়ির কাগজপত্র সবকিছু ঠিকঠাক থাকার পরও কোনো না কোনো দোষ ধরে পুলিশ মামলা দেবেই। আর এখন তো পাঁচ হাজার টাকার নিচে কোনো মামলা নেই। তাই এ আইন প্রত্যাহারের দাবিতে বুধবার থেকে ধর্মঘট হলেও বেশিরভাগ ড্রাইভার মঙ্গলবার থেকেই গাড়ি বের করেননি।

এদিকে, রাস্তায় গণপরিবহনের সংকট থাকায় উবার, পাঠাওসহ বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপসের রাইডারদের চাহিদা রয়েছে অনেক। কিন্তু বেশিরভাগ মোটরসাইকেল রাইডার অ্যাপস ছাড়া সরাসরি যাত্রীদের সঙ্গে ভাড়া ঠিক করে যাচ্ছেন। এ ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের।

চকবাজারে হিযবুত তাহরীর সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব

0

রাজধানীর চকবাজার এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। আটক ব্যক্তির নাম আল আমিন ওরফে পান্না (৩০)।

উগ্রবাদী ও ধর্মীয় উসকানিমূলক লিফলেট বিতরণের সময় তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর চকবাজারের খাজে দেওয়ান দ্বিতীয় লেন এলাকায় র‌্যাব-১০’র একটি দল অভিযান চালায়। এ সময় ১২৬ পাতা উগ্রবাদী ও ধর্মীয় উসকানিমূলক লিফলেট এবং একটি মোবাইল ফোনসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সদস্য আল আমিনকে আটক করা হয়।

আটক ব্যক্তি হিযবুত তাহরীরের মিডিয়া সেলের লিফলেট তৈরি ও প্রচারকাজে সক্রিয়ভাবে জড়িত। আল আমিন ও তার সঙ্গীরা উগ্রবাদী বই ও লিফলেট বিতরণের মাধ্যমে সংগঠনের সদস্য সংগ্রহসহ সাধারণ ধর্মভীরু মানুষকে উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে আসছিলেন বলে মঙ্গলবার রাতে র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আটক আল আমিনের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।