Home Blog Page 3343

দুর্নীতিবাজদের মেরুদণ্ড ভেঙে না দেয়া পর্যন্ত অ্যাকশন চলবে : কাদের

0

দুর্নীতিবাজদের মেরুদণ্ড ভেঙে না দেয়া পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকশন চলবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৯ নভেম্বর) গাজীপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সন্ত্রাস, টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি ও দুর্নীতি চলবে না। আপনারা সবাই হুঁশিয়ার হয়ে যান। শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে।’
দুর্নীতি আর দুর্নীতিবাজদের চক্র ভেঙে দেয়ার ওপর গুরুত্বারোপ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘আমাদের নেত্রীর এত ত্যাগ-তিতিক্ষা…তার মাধ্যমে এত অর্জন, উন্নয়ন। এসব কিছুর সোনালী ফসল ঘরে তুলতে হবে। মনে রাখতে হবে উন্নয়ন আর অর্জনের কোনো দাম নেই, যদি আচরণ খারাপ হয়। ভালো ব্যবহার না করলে ভালো উন্নয়নের কোনো দাম নেই।’
ভারতের সাথে হওয়া চুক্তি প্রকাশে বিএনপির দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি আজ ভারত নিয়ে কথা বলে। তারা চুক্তি নিয়ে কথা বলে। কিন্তু চুক্তি আর সমঝোতা স্মারকের পার্থক্যই তারা বোঝে না। বিএনপির এখন বেলা শেষ। শেষ বেলায় বিএনপি নেতারা আজ ইস্যু খুঁজে বেড়াচ্ছেন। তাদের হাতে কোনো ইস্যু দেয়া হবে না।’
নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের চলমান কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি সড়ক পরিবহনের নেতাদের প্রতি অনুরোধ করছি আইন মেনে চলুন। আইন করা হয়েছে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, কাউকে শাস্তি দেয়ার উদ্দেশ্যে নয়।’
শহীদ বরকত স্টেডিয়াম আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সেফুদার সব সম্পত্তি ক্রোকের আদেশ

0

ফেসবুকে লাইভে এসে পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন অবমাননার ও প্রধানমন্ত্রীর মানহানির মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত সেফাতউল্লাহ ওরফে সেফুদার স্থাবর ও অস্থাবর সব সম্পত্তি ক্রোকের আদেশ জারি করেছে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আস্ সামস জগলুল হোসেন এ আদেশ জারি করেন। সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট নজরুল ইসলাম শামীম এ তথ্য নিশ্চিত করেন।

অ্যাডভোকেট নজরুল ইসলাম শামীম বলেন, গত ২৯ সেপ্টেম্বর আসামি সেফাতউল্লাহ’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল, যার প্রতিবেদন আজ দাখিল করা হয়। সেখানে আসামি গ্রেপ্তার এড়াতে পলাতক রয়েছেন মর্মে উল্লেখ ছিল। তাই ট্রাইব্যুনালে সম্পত্তি ক্রোকি পরোয়ানা জারি করেছেন। এরপর আদালত আগামী ২৬ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি দিন ধার্য করেন।

চলতি বছর ২৩ এপ্রিল ঢাকা আইনজীবী সমিতির আইনজীবী মো. আলীম আল রাজী জীবন এ মামলা করেন। ওইদিন ট্রাইব্যুনাল কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দেন।

গত ১০ সেপ্টেম্বর মামলাটি তদন্তের পর কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই পার্থ প্রতীম ব্রক্ষ্মচারী আসামি সেফুদার বিরুদ্ধে ফেসবুক লাইভে পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন অবমাননা ও প্রধানমন্ত্রীর মানহানির অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের দায়ের করা ওই মামলার অভিযোগে বলা হয়, চলতি বছর ৯ এপ্রিল বাদী ফেসবুকে দেখতে পান যে, অস্ট্রেলিয়ার ভিয়েনা প্রবাসী সেফাতউল্লাহ ওরফে সেফুদা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে পবিত্র আল-কোরআন নিয়ে অবমননাকারী মন্তব্য করেন এবং মুহাম্মদ (সা.) সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করেন। যা বাদীসহ মুসলিম জাহানের ধর্মীয় বিশ্বাসের ওপর আঘাত করেছে। লাইভটি ভাইরাল হওয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে। এ ছাড়া এ আসামি একইভাবে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন সময় লাইভে এসে কুরুচিপূর্ণ, অশ্লীল, আক্রমানাত্মক ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তিনি জাতিরজনক বঙ্গবন্ধুকে খুনি, কুলাঙ্গারসহ এমন কোনো খারাপ ভাষা নেই যে তার প্রতি উচ্চারণ করেননি।

৩৯তম বিসিএসে ৪ হাজার ৪৪৩ জন চিকিৎসক নিয়োগ

0

৩৯তম বিশেষ বিসিএসে ৪ হাজার ৪৪৩ জনকে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

আদেশে, সহকারী সার্জন পদে ৪ হাজার ২০৩ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ২৪০ জন চিকিৎসককে নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের আগামী ৮ ডিসেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল হয়ে যাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

গত বছরের ১০ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয়, শেষ হয় ৩০ এপ্রিল। পরে ওই বছরের ৩ আগস্ট এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়, এতে ৩৭ হাজার ৫৮৩ জন অংশ নেন। পরীক্ষায় পাস করেন মোট ১৩ হাজার ৭৫০ জন চিকিৎসক। এরমধ্যে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ চিকিৎসক ও ৫৩১ জন সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হন।

অপহরণ নয়, দুই সন্তানসহ প্রেমিকের সাথে পালিয়েছিলেন প্রবাসীর স্ত্রী

0

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে দুই শিশু সন্তানসহ প্রবাসীর স্ত্রীকে এক সিএনজি চালক অপহরণ করেছে এমন খবর রটে গিয়েছিল গত ১১ নভেম্বর। চাঞ্চল্যকর এই ঘটনায় পুলিশও নড়েচড়ে বসে। শুরু করে তদন্ত। তবে ঘটনার ৮দিন পর গৃহবধূ নিজেই ফিরে এসে ঘটনার রহস্য উন্মোচন করেছেন। অপহরণ নয় বরং স্বেচ্চায় ফাতেমা আক্তার নিপা (২৪) নামের কুয়েত প্রবাসীর স্ত্রী আরেক প্রবাসী প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়েছিলেন।

আজ মঙ্গলবার সকালে ওই নারী দুই সন্তান নিয়ে চট্টগ্রাম নগরীতে ফিরে আসার পর কাউন্টার টেরোরিজম ইউনিট তাদের হেফাজতে নেয়। এরপর তাদের জিডিমূলে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। পরে নিপার পরিবারের জিম্মায় তাকে হস্তান্তর করা হয়।

কাউন্টার টেররিজম চট্টগ্রামের প্রধান উপ-কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, সিএনজি অটোরিকশা করে গত ১১ নভেম্বর আমানবাজার থেকে কাপ্তাই রাস্তার মাথায় এলে পাঁচ মিনিটের মাথায় সিএনজিচালক চট্টগ্রামের বোয়ালখালীর কুয়েত প্রবাসী বাসিন্দা ফখরুদ্দিন রুবেলের স্ত্রী ফাতেমা আক্তার নিপা (২৪), ছেলে আদনান সাইদ অয়ন ( ৪) ও মেয়ে ফাহমিদা জাহান রিমিকে (২) নিয়ে সিএনজি অটোরিকশাচালক গন্তব্যস্থানে না গিয়ে গাড়ি ঘুরিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। এমন অভিযোগ ছিল পরিবারের। তদন্তে নেমে দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি রাস্তার মাথার সব সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়। অনেক চেষ্টার পর কয়েক ঘণ্টার ফুটেজ থেকে সিএনজি অটোরিকশা চালককে শনাক্ত করে তাকে আটক করা সম্ভব হয়।

সিএনজি চালকের দেওয়া তথ্য থেকে পুলিশ নিশ্চিত হয় নিপা অপহরণ হয়নি। বরং অন্য পুরুষের সাথে সে চলে গেছে। আজ চট্টগ্রামে ফিরে এসে নিপা পুলিশকে জানায়, সিএনজি করে দ্রুত নগরীর শিল্পকলা একাডেমিতে যায়। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন চট্টগ্রামের ভাটিয়ারীর বাসিন্দা দুবাই প্রবাসী বাবু নামে একজন। বাবুর সঙ্গে নিপার গত ৮ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। নিপার পারিবারিকভাবে বোয়ালখালীতে বিয়ে হলেও তাদের মধ্যে ইমোতে নিয়মিত যোগাযোগ হত। যেদিন নিপা নিখোঁজ হন সেদিনই দুবাই থেকে বাবু চট্টগ্রামে আসেন। যা বাবু তার পরিবারকেও জানাননি। বিমানবন্দর থেকে সোজা দামপাড়া আসেন। সেখান থেকে হান্ডি রেস্টুরেন্টে খাওয়া শেষে সোহাগ পরিবহনের বাসে চড়ে ঢাকার সাভারের বাবুর এক বন্ধুর বাসায় উঠেন এই প্রেমিকযুগল।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মঈনুল ইসলাম বলেন, যেহেতু পত্রিকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চাঞ্চল্য শুরু হয়, সেজন্য আমরা জিডির তদন্তভার নিই। অটোরিকশাচালকের বিষয়ে তদন্ত করে দেখা যায়, তিনি আসলে নিরীহ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি তিনি অপহৃত হননি। সাবেক প্রেমিকের সাথে তিনি ঢাকায় পালিয়ে গেছেন। এরপর আমরা ওই নারীর বন্ধুকে ধরতে তৎপরতা শুরু করি। এক পর্যায়ে দুই সন্তানসহ ওই নারী মঙ্গলবার ফিরে আসেন চট্টগ্রামে।

এ প্রসঙ্গে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ফাতেমা আক্তার নিপার পরিবারের জিম্মায় তাদের হস্তান্তর করা হয়েছে। কেননা এই ঘটনায় অভিযোগ নিলেও কোনো মামলা হয়নি।

জাহাজ ভাঙা ইয়ার্ডে নিহত-আহতদের তথ্য চেয়েছেন হাইকোর্ট

0

জাহাজ ভাঙার ইয়ার্ডে আহত, নিহত শ্রমিকদের তথ্য এবং তাদের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তার তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ৫ জানুয়ারির মধ্যে এ তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প, শ্রম, কর্মসংস্থান, পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে এ তথ্য জানাতে বলা হয়েছে।

বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতির (বেলা) করা এক আবেদনে এ আদেশ দেওয়া হয়।

জাহাজভাঙা ইয়ার্ডের শ্রমিকদের কর্মনিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে বেলা এ আবেদন করে। বেলার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান ও সাঈদ আহমেদ কবীর।

বেলার পক্ষ থেকে আদালতকে জানানো হয়, সরকার ও মালিকপক্ষের যোগসাজস এবং অবহেলাজনিত কারণে রায় পরবর্তী সময় থেকে জাহাজ ভাঙতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ১৯৪ জন শ্রমিক এবং পঙ্গুত্ব বরণ করেছেন ৮৬ জন শ্রমিক।

জ্যাকবের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার, ‘জাগো টিভি’র তিনজন গ্রেপ্তার

0

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশনের অভিযোগে অনিবন্ধিত ‘জাগো টিভি’ নামের একটি ইউটিউব চ্যানেলের বার্তা সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপি পুলিশ। গতকাল সোমবার দুপুরে রাজধানীর শ্যামলীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার বিকেলে জ্যাকবের একান্ত সচিব মঞ্জুর হোসাইন কালের কণ্ঠকে জানান, শ্যামলী হতে অনিবন্ধিত ‘জাগো টিভি’ নামে একটি ইউটিউব চ্যানেল হতে ‘এমপি জ্যাকব ১১ বছরে ৪ হাজার কোটি টাকার মালিক’ শিরোনামে একটি অপপ্রচারমূলক মিথ্যা সংবাদ পরিবেশন করে। এর বিরুদ্ধে এমপি জ্যাকব শেরেবাংলা নগর থানায় গতকাল সোমবার আইসিটি অ্যাক্টে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৭/৫০৬।

তিনি জানান, মামলায় শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযান চালিয়ে ‘জাগো টিভি’র বিভিন্ন কম্পিউটার সরঞ্জামসহ মুনতাসির বিল্লাহ, সজিব এবং শাওন নামে তিনজনকে গ্রেপ্তার করে।

এমপি জ্যাকব জানিয়েছেন, পরিবেশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের অনিবন্ধিত চ্যানেল হতে ভুয়া ও অপপ্রচারমূলক সংবাদ প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সরকার এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবে।

ভেজাল ওষুধের সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ড হওয়া উচিত : হাইকোর্ট

0

যে বা যারা ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত তাদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, কোনো ফার্মেসিতে দ্বিতীয়দফায় ভেজাল ওষুধ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা উচিত। আদালত ভেজাল ওষুধের বিষয়ে আদেশের জন্য আগামী ১২ ডিসেম্বর দিন ধার্য করেছেন।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ অভিমত দিয়েছেন। আদালতে রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে ছিলেন ব্যারিস্টার কামরুজ্জামান কচি। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

এদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তর গত তিনমাসের কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন দাখিল করেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে এ প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে বলা হয়েছে, গত পহেলা আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৩৪ কোটি ৭ লাখ ৬৯ হাজার এক শ ৪৩ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে। এ সময়ে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এককোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১৩ হাজার ৫৯৩টি ফার্মেসি পরিদর্শন করে ৫৭২টি মামলা করা হয়। দুটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

এই প্রতিবেদন পাবার পর আদালত বলেন, কোনো ফার্মেসিতে ভেজাল ওষুধ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত যে সাতদিনের সাজা দিচ্ছে তা কম হয়ে যাচ্ছে। তাই কোনো ফার্মেসিতে একবার ভেজাল ওষুধ পাবার ওপর দ্বিতীয়দফায় তার কাছে যদি ভেজাল ওষুধ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা উচিত।

শুনানিকালে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির পক্ষে অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক বলেন, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির বিরুদ্ধে চলা অভিযানের সঙ্গে আমরা একমত। আমরাও চাই, বাজারে যাতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ না থাকে।

এ সময় আদালত বলেন, ওষুধের পাতায় (স্ট্রিপ) স্পষ্ট করে বাংলা ও ইংরেজি বড় হরফে মেয়াদ, উৎপাদনের তারিখ ও মূল্য লেখার ব্যবস্থা করুন আপনারা।

জবাবে এ আইনজীবী বলেন, ফ্যাক্টরি মালিকদের সঙ্গে এ নিয়ে আলোচনা করে আদালতকে জানাবো।

শুনানিকালে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেরও পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রয়েছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইনজীবী বলেন, আমরা কার্যক্রম চালাচ্ছি। আদালত বলেন, কি কার্যক্রম নিয়েছেন জানান। এ সময় এ আইনজীবী বলেন পরবর্তী তারিখে জানানো হবে। আদালত এ বিষয়ে তাদের প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। এরপর আদালত আগামী ১২ ডিসেম্বর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন।

উল্লেখ্য, বিশেষ ক্ষমতা আইনে ভেজালকারীর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তির বিধান রয়েছে।

ঢাকার বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে ‘ঢাকায় ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ’ শিরোনামে গত ১১ জুন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন করেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। এ রিট আবেদনে সারা দেশে বিভিন্ন ফার্মেসিতে থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধ একমাসের মধ্যে অপসারণ ও ধ্বংসের জন্য গত ১৮ জুন নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, সংরক্ষণ ও সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

স্বাস্থ্য, স্বরাষ্ট্র, আইন, বাণিজ্য ও শিল্প সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও উপ-পরিচালক, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি ও মহাসচিবের প্রতি এই নির্দেশ দেওয়া হয়। আদালতের আদেশ কার্যকরের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

এই নির্দেশের পর গত ১৬ জুলাই হাইকোর্টে প্রতিবেদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আরেকটি প্রতিবেদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

বায়ুদূষণে দিল্লিকেও ছাড়ালো ঢাকা!

0

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় গতকাল থেকে এক নম্বরে রাজধানী ঢাকা। বিশ্বের বায়ুমান যাচাই প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়াল এ তথ্য দিয়েছে।

পরিবেশ অধিদপ্তরের মানমাত্রায় স্বাভাবিক বায়ূ সূচক ৫০। কিন্তু এয়ার ভিজ্যুয়ালের তথ্যমতে ঢাকার বায়ূমান সূচক এখন ৩০৯। গেল দুই মাসে মাত্র ১৯ ঘণ্টা ভালো বায়ু সেবন করেছে রাজধানীবাসী।

এ ধরনের দূষণ শ্বাসকষ্ট, হাপানীসহ নানা রোগের ঝুঁকি বাড়াচ্ছে। অনিয়ন্ত্রিত নির্মাণকাজ, রাস্তার খোঁড়াখুঁড়ি ও আবর্জনা পোড়ানোসহ নানা কারণে এ অবস্থার তৈরি হয়েছে বলে মনে করছেন বায়ুমান গবেষকরা।

মমতা ব্যানার্জি ও আসাদউদ্দিন ওয়েইসির বাকযুদ্ধ চলছে

0

ভারতের মুসলিম নেতা আসাদউদ্দিন ওয়েইসিকে উদ্দেশ্য করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির করা মন্তব্য “সংখ্যালঘু বিচ্ছিন্নতাবাদ” নিয়ে মঙ্গলবার শুরু হয়েছে বিতর্ক। হায়দরবাদের সাংসদের বিরুদ্ধে “সাম্প্রদায়িক বিভাজনের” অভিযোগ করেছেন মমতা, তারপরেই আসাদউদ্দিন ওয়েইসি মুখ খুলেছেন।

সোমবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, হিন্দুদের মধ্যে যেমন বিচ্ছিন্নতাবাদ রয়েছে, তেমনই সংখ্যালঘুদের মধ্যেও বিচ্ছিন্নতাবাদ বাড়ছে। একটি রাজনৈতিক দল রয়েছে এবং তারা বিজেপির থেকে টাকা নিয়েছে, তারা হায়দরাবাদের দল, পশ্চিমবঙ্গের নয়।

বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় মমতা এসব কথা বলেন। অন্যদিকে, হায়দরাবাদের সাংসদ তথা এআইএমএম নেতা আসাদউদ্দিন ওয়েইসি বলেন, মমতা ব্যানার্জির কথা অনুযায়ী, যদি আমাদের কাজ বিচ্ছিন্নতাবাদ হয়, তাহলে আমার কিছু বলার নেই। বিচ্ছিন্নতাবাদ সেটাই, তিনি পশ্চিমবঙ্গে বিজেপিকে ঢুকতে দিয়েছেন, যেহেতু রাজ্যে মুসলিমদের মধ্যে মানবতার সূচক কম, সে কারণে, তিনি মুসলিমদের নীচু নজরে দেখছেন।

তিনি আরো বলেন, ভোটের জন্য মুসলিমদের তোষণ বন্ধ করুন। আমার বিরুদ্ধে অভিযোগ তুলে বাংলার মুসলিমদের আপনি বার্তা দিচ্ছেন যে, ওয়েইসির দল একটি ভয়ঙ্কর শক্তিতে পরিণত হয়েছে। এই ধরনের মন্তব্য করে মমতা ব্যানার্জি তার ভীতি এবং হতাশা দেখাচ্ছেন।

তিনি এক টুইট বার্তায় লেখেন, যে কোনো সংখ্যালঘুদের মধ্যে বাংলার মুসলিম সম্প্রদায় মানবতার সূচকে সবচেয়ে খারাপ অবস্থায়, এটা বলা ধর্মীয় বিচ্ছিন্নতাবাদ নয়। তিনি সেখানে পোস্ট করেন, হায়দরাবাদের দল থেকে দিদি যদি শঙ্কিত থাকেন, তাহলে তার আমাদের বলা উচিত, বাংলার ৪২টি আসনে কিভাবে বিজেপি ১৮টিতে জিতল। গত লোকসভা নির্বাচনে বাংলায় ভালো ফল করেছে গেরুয়া শিবির। সেই ফলাফলকে বাংলায় বিজেপির ভালো উত্থান হিসেবেই দেখছে অনেকে।

দেবরের পিটুনিতে রক্তাক্ত ভাবি থানায়, পুলিশ নড়ল মন্ত্রীর ফোনে

0

মাথা থেকে ঝরছে রক্ত। কোনো রকমে মাথা চেপে ধরে থানায় দৌড়ে যান ৪২ বছর বয়সী রানি পান্ডে। ওই নারীকে রক্তাক্ত অবস্থায় দেখে ভারতের রিজেন্ট পার্ক থানার পুলিশকর্মীরাই তাকে এমআর বাঙুর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসা করিয়ে থানায় অভিযোগ জানাতেও বলেন তারা।

সে অনুসারে রানি বাঙুর হাসপাতালে গিয়ে নিজের চিকিৎসা করান। তারপর থানায় যান। পুলিশের কাছে করা অভিযোগে রানি জানান, দীর্ঘদিন ধরেই দেবর দিবাকর পান্ডের সঙ্গে পারিবারিক বিষয়ে সমস্যা চলছে। গত রবিবার সন্ধ্যায় দিবাকরের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। সে সময় রানির গলা টিপে ধরেন দিবাকর। তারপর ভারী কাঠ দিয়ে তার মাথায় আঘাত করেন তিনি। এতে মাথা ফেটে যায় রানির।

তার দাবি, ওই দিন পুলিশের কাছে তিনি বারবার জানিয়েছিলেন, দিবাকর তাকে হত্যার চেষ্টা করেছেন।

ঘটনাটি যখন ঘটে রানি তখন একাই ছিলেন বাড়িতে। তার মেয়ে রিঙ্কি জানায়, কথা কাটাকাটির মাঝেই কাকা হঠাৎ মাকে ধাক্কা মারে। ঘরে ঢুকে মারতে থাকে। প্রাণ বাঁচাতে মা চিৎকার করলে তার গলা টিপে ধরে কাকা। তার পর একটা ভারী কাঠের ডান্ডা দিয়ে মায়ের মাথায় মারে।

সে আরো জানায়, ওই আঘাতে মায়ের কপাল থেকে মাথার মাঝখান পর্যন্ত গভীর ক্ষত তৈরি হয়। এম আর বাঙুল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনটি সেলাই পড়ে। যদিও মাথার মাঝখানের ক্ষতে সেলাই করা যাবে না বলে জানান চিকিৎসকরা। রানির ছেলে প্রভাকর জানায়, থানায় গিয়ে গোটা ঘটনা জানায় তারা। পুলিশকে মেডিক্যাল রিপোর্ট দেখানো হয়। ওই রাতেই পুলিশ গ্রেপ্তার করে দিবাকরকে।

কিন্তু পর দিন সোমবার দিবাকরকে আদালত থেকে জামিনে ছাড়া পেতে দেখে অবাক হয়ে যায় প্রভাকর। খোঁজ নিয়ে সে জানতে পারে, পুলিশ খুনের চেষ্টার বদলে অপেক্ষাকৃত কম ধারায় মামলা করেছে দিবাকরের বিরুদ্ধে। ভোঁতা কোনো কিছু দিয়ে আঘাত করলে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ধারায় মামলা করা হয়। এ ক্ষেত্রেও দিবাকরের বিরুদ্ধে সেই লঘু ধারায় মামলা করা হয়েছে। সাধারণত ছোটখাটো মারামারির ক্ষেত্রে এই ধারা প্রয়োগ করে পুলিশ এবং সেটা জামিনযোগ্য অপরাধ। জামিনের কথা জানতে পেরে এর পর প্রভাকর স্থানীয় ৯৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি ব্যানার্জিকে গোটা ঘটনার কথা জানান।

এর পর ঘটনা অন্য দিকে মোড় নেয়। মিতালি পুরো বিষয়টি জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে। এ ব্যাপারে মঙ্গলবার মিতালির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি তো রানির ছেলের কথা শুনে অবাক হয়ে যায়! ওর মাথায় তো গুরুতর আঘাত লেগেছে। এত বড় ঘটনা। তার পর পুলিশ এ রকম কেন করল বুঝতে পারলাম না।

মন্ত্রীকে জানানোর বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি রানির আঘাতের ছবি নিয়ে সোজা চলে যাই অরূপদার কাছে। মন্ত্রীকে দেখাই। তিনিই তার পর রিজেন্ট পার্ক থানায় যোগাযোগ করেন। শুধু তাই নয়, রানির শারীরিক অবস্থাও খারাপ ছিল। কিন্তু হাসপাতাল ভর্তি নিচ্ছিল না। অরূপদার সাহায্য নিয়েই সোমবার তাকে হাসপাতালে ভর্তি করাই।

মন্ত্রীর ফোনেই যে পুলিশের টনক নড়ে, তা প্রমাণ হয় সোমবার রাতেই। এমআর বাঙুর হাসপাতালে ছুটে যায় রিজেন্ট পার্ক থানার পুলিশ। রানির বয়ান রেকর্ড করা হয়। মামলায় নতুন ধারা যোগ করতে চেয়ে মঙ্গলবার আদালতে আবেদনও জানায় তারা। দিবাকরকে ধরতেও তার বাড়িতে যায় পুলিশ। কিন্তু ততক্ষণে পালিয়ে গেছেন তিনি।

এ বিষয়ে ডিসি (দক্ষিণ শহরতলি) সুদীপ সরকার বলেন, ওই মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় হত্যাচেষ্টার অভিযোগ যুক্ত করা হয়েছে।

তবে, পুরো ঘটনায় পুলিশের অপদার্থতার বিষয়টিই সামনে এসেছে বলে মনে করছেন আলিপুর আদালতের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা। তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটলে হত্যাচেষ্টা বা অনিচ্ছাকৃত হত্যাচেষ্টার মতো ধারায় মামলা হওয়া উচিত। একটা মামলায় শুরুর সময় থেকেই সঠিক ধারাগুলো যুক্ত করার কথা তো শীর্ষ আদালত বার বার বলছে।

তিনি আরো বলেন, এ ক্ষেত্রে পুলিশ যদি শুরুতেই ঘটনাস্থলে যেত, যথাযথভাবে মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখত, তা হলে হয়তো এমনটা ঘটত না। আসলে অভিযোগকারীর অভিযোগকে গুরুত্বই দেয়নি পুলিশ।