Home Blog Page 3344

দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে

0

দেশে বর্তমানে সাড়ে ৬ লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য লবণ মজুদ রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছে ৪ লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুদ রয়েছে।

এছাড়া সারাদেশে বিভিন্ন লবণ কোম্পানির ডিলার, পাইকারী ও খুচরা বিক্রেতাদের কাছে পর্যাপ্ত পরিমাণে লবণ মজুদ রয়েছে। পাশাপাশি চলতি নভেম্বর মাস থেকে লবণের উৎপাদন মওসুম শুরু হয়েছে। ইতোমধ্যে কক্সবাজার জেলার কুতুবদিয়া ও মহেশখালী উপজেলায় উৎপাদিত নতুন লবণও বাজারে আসতে শুরু করেছে।

দেশে প্রতি মাসে ভোজ্য লবণের চাহিদা কম-বেশি ১ লাখ মেট্রিক টন। অন্যদিকে লবণের মজুদ আছে সাড়ে ৬ লাখ মেট্রিক টন। সে হিসাবে লবণের কোনো ধরণের ঘাটতি বা সংকট হবার প্রশ্নই ওঠে না।

একটি স্বার্থান্বেষী মহল লবণের সংকট রয়েছে মর্মে গুজব রটনা করে অধিক মুনাফা লাভের আশায় লবণের দাম অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। এ ধরণের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য শিল্প মন্ত্রণালয় সকলের দৃষ্টি আকর্ষণ করছে।

উল্লেখ্য, লবণ সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) প্রধান কার্যালয়ে ইতোমধ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর নম্বর হচ্ছে: ০২-৯৫৭৩৫০৫ (ল্যান্ড ফোন), ০১৭১৫-২২৩৯৪৯ (সেল ফোন)।

লবণ সংক্রান্ত যে কোনো তথ্যের প্রয়োজনে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

বিশ্ব টয়লেট দিবস আজ

0

রাস্তাঘাটে টয়লেটের অভাবে চরম ভোগান্তি পোহাতে হয় নারীদের। পুরুষদেরও ভোগান্তি কম নয়। রাজধানী ঢাকাসহ সারাদেশেই বাড়ির বাইরে বেরিয়ে পর্যাপ্ত টয়লেট পাওয়া যায় না। এর মধ্যেই দেশে পালিত হচ্ছে বিশ্ব টয়লেট দিবস।

প্রতি বছর ১৯ নভেম্বর তারিখটি বিশ্ব টয়লেট দিবস হিসেবে পালন করা হয়। শতভাগ টয়লেট সুবিধা নিশ্চিতকরণের বিষয়টি মাথায় রেখে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশেও আজ দিবসটি পালিত হচ্ছে।

টয়লেটের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য প্রতিবেশী দেশগুলো থেকে বেশি। বিশেষ করে ভারতে যেখানে প্রায় ৭০ কোটি মানুষের টয়লেট নেই সেখানে বাংলাদেশের প্রায় সব বাড়িতেই টয়লেট রয়েছে।

দেশের স্যানিটেশন কার্যক্রমকে শতভাগ সফলের দাবি নিয়ে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।

উল্লেখ্য, ২০০১ সালে বিশ্বে টয়লেট ব্যবহার ও স্যানিটাইজেশন সম্পর্কে ক্যাম্পেইন শুরু করে ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন।

ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশনের (ডাব্লিউটিও) সর্বশেষ তথ্যমতে, বিশ্বে ২ দশমিক ৬ বিলিয়ন মানুষ বর্তমানে সঠিক ও স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। অর্থাৎ বিশ্বের ৪০ ভাগ মানুষ স্যানিটেশন সুবিধার বাইরে রয়ে গেছে।

ওয়াটার এইড এবং সেন্টার ফর আরবান স্টাডিজের জরিপের তথ্যমতে, ঢাকা শহরে প্রতিদিন গড়ে ৫৫ লাখ ভাসমান মানুষ চলাফেরা করে। এছাড়া ১২ থেকে ১৫ লাখ মানুষ প্রতিদিন আসা যাওয়া করলেও তাদের জন্য সঠিক টয়লেটের ব্যবস্থা অপ্রতুল।

বসল পদ্মা সেতুর ১৬তম স্প্যান

0

পদ্মা সেতুর ১৬তম স্প্যান ‘৩-ডি’ আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বসানো হয়েছে। পদ্মার মাওয়া প্রান্তের ১৬ ও ১৭ নম্বর পিলারের ওপর এটি সফলভাবে স্থাপন করা হয়। এর মাধ্যমে সেতুর সেতুর ২৪০০ মিটার (২ দশমিক ৪ কিলোমিটার) এখন দৃশ্যমান। নাব্যতা সংকট মোকাবেলা করে অবশেষে কয়েকদিনের চেষ্টায় এটি স্থাপনে আসলো সফলতা।

১৫তম স্প্যান বসানোর ২৮ দিনের মাথায় স্থায়ীভাবে বসলো এই ১৬তম স্প্যানটি। একের পর এক স্প্যান বসানোর ফলে দৈর্ঘ্য বেড়ে চলেছে পদ্মা সেতুর। গাড়ি ও ট্রেনে চড়ে পদ্মা পাড়ি এখন ধীরে ধীরে বাস্তবে রূপ নেওয়ার পথে। রাজধানী ঢাকা ও এর আশপাশের অঞ্চল থেকে পদ্মা নদী পাড়ি দিয়ে দক্ষিণাঞ্চলে যাওয়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে আর ২৫টি স্প্যান বসলেই।

মঙ্গলবার সকাল থেকেই স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়। ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যে আর তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বহন করে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ ভাসমান ক্রেন। পদ্মা সেতুর দায়িত্বরত প্রকৌশলীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৬ ও ১৭ নম্বর পিলারের মধ্যবর্তী সুবিধাজনক স্থানে এনে ভাসমান ক্রেনটিকে নোঙর করা হয়। এরপর পজিশনিং করে ইঞ্চি ইঞ্চি মেপে স্প্যানটিকে তোলা হয় পিলারের উচ্চতায়। রাখা হয় দুই পিলারের বেয়ারিংয়ের ওপর। স্প্যান বসানোর জন্য উপযোগী সময় এবং সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রকৌশলীরা স্প্যানটি বসাতে সক্ষম হন।

সূত্র আরো জানায়, বর্ষা মৌসুম ও নাব্যতা সংকটের কারণে ১৪তম স্প্যান বসানোর পর তিন মাসের বেশি সময় ধরে পদ্মা সেতুতে কোনো স্প্যান বসানো সম্ভব হয়নি। ড্রেজিং করেও অনুকূল পরিবেশ তৈরি করা যাচ্ছিল না। কয়েকদিন আগে স্প্যান বসানোর কার্যক্রম শুরু হলেও বাধা হয়ে দাঁড়ায় নাব্যতা সংকট। ড্রেজিং করে পলি অপসারণ করেও অনুকূল পরিবেশ তৈরি করা সম্ভব হচ্ছিল না। পলি অপসারণ করার ১-২ ঘণ্টা পরই আবার আগের অবস্থায় ফিরে আসছিল নদীর তলদেশ। অবশেষে নানা বাধা বিপত্তি পেরিয়ে বসানো সম্ভব হয় ১৫তম স্প্যান। এর ২৮ দিনের মাথায় আজ বসল ১৬তম স্প্যানটি।

কাল থেকে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘট

0

আগামীকাল বুধবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা পৌনে ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন। নতুন সড়ক পরিবহন আইন স্থগিতসহ ৯ দফা দাবিতে তাদের এ কর্মসূচি। দাবি মানা পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে সদস্য সচিব তাজুল ইসলামসহ মালিক শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত মাসে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সড়ক পরিবহন আইন, ২০১৮-র ধারা ১ এর উপ-ধারা (২) এ দেওয়া ক্ষমতাবলে সরকার ১ নভেম্বর আইন কার্যকরের দিন ধার্য করে। গত বছরের ৮ অক্টোবরে আইনটির গেজেট জারি করা হলেও তার কার্যকারিতা ঝুলে থাকায় এ নিয়ে আদালতে রিট আবেদনও হয়।

এই আইন অনুযায়ী, মোটরযান চালনাজনিত কোনো দুর্ঘটনায় কোনো ব্যক্তি গুরুতর আহত বা নিহত হলে এ সংক্রান্ত অপরাধ দণ্ডবিধি-১৮৬০ এর এ সংক্রান্ত বিধান অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হবে।তবে দণ্ডবিধির ৩০৪-বি ধারাতে যাই থাকুক না কেন, কোনো ব্যক্তির বেপরোয়া বা অবহেলাজনিত মোটরযান চালনার কারণে সংঘটিত কোনো দুর্ঘটনায় কোনো ব্যক্তি গুরুতরভাবে আহত বা নিহত হলে চালক সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

আইনের ১১৪ ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন অপরাধের তদন্ত, বিচার, আপিল ইত্যাদির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি (১৮৯৮) প্রযোজ্য হবে।আইনটি প্রণয়নের পর থেকে এর প্রবল বিরোধিতা করে আসছিল পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো। তাঁদের দাবি, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনার মামলায় নতুন আইনে শাস্তির মাত্রা অনেক বেশি।

একই দাবিতে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো দেশের বিভিন্ন জেলা বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে পরিবহন শ্রমিকরা যানবাহন চলাচল বন্ধ রেখেছে।

‘সামাজিক সূচকে আমরা ভারতের চেয়েও এগিয়ে’

0

‘বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য অনেক আগেই ধারণ করেছি। এজন্য শেখ হাসিনা টয়লেট নির্মাণ করে দিয়েছেন। সরকার আরও টয়লেট নির্মাণ করবে। সামাজিক সূচকে আমরা ভারতের চেয়েও এগিয়ে।’

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে হারপিক ও আরটিভির যৌথ উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণপূর্তমন্ত্রী গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত দেশে কিছুই ছিল না। এখন অনেক কিছু হয়েছে। বাংলাদেশে অনেক সরকার এসেছে, কিন্তু কিছুই করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রতিস্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা টয়লেট নির্মাণ করে দিয়েছেন। প্রতিটা মহাসড়কে টয়লেট নির্মাণ করা হয়েছে। প্রতিটা পেট্রলপাম্পে টয়লেট বাধ্যতামূলক করে দিয়েছেন। এভাবেই পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

রেজাউল করিম বলেন, বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য অনেক আগেই ধারণ করেছি। এজন্য শেখ হাসিনা টয়লেট নির্মাণ করে দিয়েছেন। সরকার আরও টয়লেট নির্মাণ করবে। সামাজিক সূচকে আমরা ভারতের চেয়েও এগিয়ে। তিনি বলেন, নতুন প্রজন্মকে স্বাস্থ্যসম্মতভাবে গড়ে তুলতে হবে। তা না হলে নতুন নেতৃত্ব আসবে না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল আহসান খান, আরটিভির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ডেইজি সারওয়ার, ব্যানবেইজের মহাপরিচালক ফসিউল্লাহ ও রেকিট বেনকিজারের পরিচালক নুসরাত জাহান প্রমুখ।

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

0

পেঁয়াজ সিন্ডিকেটের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান জোরদার করেছে সরকার। স্থানীয় প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর বাজারে দ্রুত কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। অভিযানে কয়েকটি স্থানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার এবং জরিমানার খবর পাওয়া গেছে।

গতকাল সোমবার (১৮ নভেম্বর) পুরান ঢাকার শ্যামবাজারের আড়তে দেশি ভালোমানের পেঁয়াজ ১৫০ থেকে ১৬০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ১৫০ টাকা, মিয়ানমারের কিছুটা নিম্নমানের পেঁয়াজ ৮০ থেকে ১০০ টাকা, মিসর-তুরস্কের বড় আকারের পেঁয়াজ ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তেও পেঁয়াজের দাম কেজিতে ১০০ টাকা কমার খবর পাওয়া গেছে।

এর আগে গত রবিবার রাজশাহীতে পেঁয়াজের দাম কমতে শুরু করে। এক দিন আগে শনিবার রাজশাহীর বিভিন্ন বাজারে কেজিপ্রতি দেশি পেঁয়াজের দাম ছিল ২৫০ টাকা পর্যন্ত। আর ভারতীয় পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ২২০ টাকা। গতকাল সোমবার আরো কমেছে পেঁয়াজের দাম। রাজশাহী সদরসহ সব বাজারে অভিযানের খবর পেয়ে রবিবার দেশি পেঁয়াজের দাম ৩০ টাকা কমে ২২০ টাকায় নেমে আসে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় ১৮০ টাকা দরে। গতকাল দাম আরো কমেছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, পেঁয়াজ আটকে রেখে কেউ বাণিজ্য করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে পেঁয়াজ নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করতে দেওয়া হবে না।

নাটোরে পেঁয়াজসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে নাটোরের প্রধান দুটি বাজারে অভিযান চালায় জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে থাকা পুলিশ সুপার আকরামুল হোসেনের নেতৃত্বে গতকাল দুপুরে শহরের স্টেশন বাজার ও নিচাবাজারে অভিযান চালায় পুলিশ। এ সময় ব্যবসায়ীদের ১৬০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়। অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী পেঁয়াজ সরিয়ে ফেলেন। অভিযানকালে সড়ক দখল করে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের সতর্ক করেন পুলিশ কর্মকর্তারা।

রাজশাহীর বাঘায় এক দিনের ব্যবধানে ২৫০ টাকা কেজির পেঁয়াজ ১৬০ টাকায় নেমে এসেছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঘা বাজার মনিটর করতে গেলে এক লাফে ৯০ টাকায় নেমে আসে পেঁয়াজের কেজি।

হবিগঞ্জের চুনারুঘাটে গতকাল গাজীপুর ইউনিয়ন অফিসে জব্দ করা পেঁয়াজ পাঁচ কেজির প্যাকেট ১৭৫ টাকায় বিক্রি করা হয়েছে। ইউএনও জানান, ১৬৯ জন ক্রেতার কাছে ৮২৫ কেজি জব্দ করা পেঁয়াজ বিক্রি করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের এক লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে মাদারীপুরের শিবচর বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে দুই অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়। পরে সঠিক মূল্যে পেঁয়াজ বিক্রির শর্তে তাঁদের মুক্তি দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সার্বক্ষণিক বাজার মনিটরিংয়ের ঘোষণা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।

জয়পুরহাট শহরের নতুনহাট ও মাছ বাজারে ছয়জন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করার পর পেঁয়াজের বাজারে কমতে শুরু করেছে দাম। ২৫০ টাকা কেজিতে বিক্রি করা পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি। ব্যবসায়ীরা জানান, দাম বেশি নিলে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। এ জন্য কোনো ব্যবসায়ী আর দাম বেশি নিতে সাহস পাচ্ছেন না।

গত শনিবার পেঁয়াজের বাজারে অভিযানে নামেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়। এ সময় মূল্যতালিকা না থাকায় ছয়জন পেঁয়াজ ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

জয়পুরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় বলেন, অসাধু ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম হাকিয়ে পেঁয়াজ বিক্রি করছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এরপর পেঁয়াজের বাজার কিছুটা কমেছে।

নবীগঞ্জে পেঁয়াজের দোকানগুলোয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শহরের মধ্যবাজার এলাকায় গুদামে অতিরিক্ত পেঁয়াজ মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

0

সংযুক্ত আরব আমিরাতে চার দিনের সরকারি সফর শেষে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী আমিরাত ফ্লাইটের একটি বিমান স্থানীয় সময় আজ বিকেলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে। বাংলাদেশ সময় রাত ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি পৌঁছার কথা রয়েছে। দুবাই এয়ার শো-২০১৯ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান করতে এ সফরে যান প্রধানমন্ত্রী।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে উপসাগরীয় এই দেশ সফর করেন প্রধানমন্ত্রী। ১৭ নভেম্বর বিশ্বের অন্যতম বৃহত্তম ও সফল এয়ার শো এবং মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বৃহত্তম অ্যারোস্পেস ইভেন্ট দুবাই এয়ার শো-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

পরে প্রধানমন্ত্রী দুবাইয়ের নয়নাভিরাম ভবিষ্যৎ বিমান বন্দর দুবাই ওয়ার্ল্ড সেন্টারে এয়ার ডিসপ্লে উপভোগ করেন। এটি আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবেও পরিচিত। দুবাই এয়ার শো’র ফাঁকে আবুধাবির যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশ প্রধানমন্ত্রীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাংরিল-লা হোটেলে আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক নৈশভোজ ও অভ্যর্থনায় যোগ দেন। এতে দ্বিপক্ষীয় বাণিজ্যিক স্বার্থে বাংলাদেশের আরএমজি, আইটি, কৃষি ও বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বড় ধরণের বিনিয়োগ করার জন্য ইউএই’র প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এরিককে ওরা মাত্র এক বেলা খাবার দিত: বিদিশা

0

মা বিদিশাকে নিয়েই বারিধারার প্রেসিডেন্ট পার্কে থাকতে চান সদ্যঃপ্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে শাহতা জারাব এরিক। এমন ইচ্ছা জানিয়ে গতকাল সোমবার তিনি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গুলশান থানার ওসি কামরুজ্জামান বলেন, ‘এরিক আজ (গতকাল) বিকেলে মা বিদিশার সঙ্গে থানায় এসে জিডি করেছেন। জিডিতে নিজের অসুস্থতার কথা জানিয়ে বারিধারার বাড়িতে মা বিদিশাকে রাখতে চাওয়ার কথা জানিয়েছেন।’

এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাটে থাকা অটিস্টিক এরিককে চরম অবহেলা করে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটানো হয়েছে বলে অভিযোগ বিদিশার। তাঁর অভিযোগের তীর এরশাদের ভাই ও জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের দিকে। গত শুক্রবার এরশাদের ছোট ছেলে এরিকের নিরাপত্তার প্রশ্নে বিস্তর অভিযোগ তোলেন মা বিদিশা।

বিদিশা বলেন, ‘সেদিন রাতে এসে শুনি, এরিককে ওরা মাত্র এক বেলা খাবার খেতে দিত। এরিকের ওজন কমে গেছে। সে নিজেও খুব ভীত-সন্ত্রস্ত ছিল।’

চলতি বছরের জুলাই মাসে এইচ এম এরশাদের মৃত্যুর পর থেকেই ছেলে শাহতা জারাব এরিককে নিজের কাছে রাখতে চেয়েছিলেন বিদিশা। তবে বারিধারার প্রেসিডেন্ট পার্কে থাকা এরিকের সঙ্গে দেখা করাটা সহজসাধ্য ছিল না বলে জানান বিদিশা। তাঁর অভিযোগ, এরিকের দেখভালের দায়িত্বে থাকা কর্মচারীরা তাঁকে ওই বাড়িতে ঢুকতে বাধা দিতেন। গত বৃহস্পতিবার রাতে ‘একরকম জোর’ করেই প্রেসিডেন্ট পার্কে উঠে পড়েন বিদিশা। ওই ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে থাকেন এরিক।

ত্রিপোলিতে বিমান হামলায় ৫ বাংলাদেশি নিহত

0

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় নিহত ৭ জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের এপ্রিল থেকে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে।

ত্রিপোলিভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় এপিকে জানিয়েছে, সোমবার রাজধানীর ওয়াদি এল রাবি এলাকায় অবস্থিত কারখানাতে হামলা চালানো হয়। শহরের যে কেন্দ্রে কয়েক মাস ধরে হামলা চলছে, কারখানাটির অবস্থান তার দক্ষিণে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মালেক মার্সেত এপিকে বলেন, নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ও দুইজন লিবীয় রয়েছে। এছাড়া হামলায় নাইজার ও বাংলাদেশের অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছে। তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, পায়ে আঘাত পাওয়া কয়েকজনকে ব্যান্ডেজ পরিয়ে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে ত্রিপোলিতে সহিংসতার মাত্রা বেড়েছে। দুই পক্ষই পরস্পরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আর এতে প্রাণ হারিয়েছে শত শত মানুষ। বাস্তুহারা হয়েছেন কয়েক হাজার।

সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

0

ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। জম্মু-কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে এ নিয়ে দু’বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইসলামাবাদ।

আইএসপিআর’র দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসেবে দেশটির সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালিয়েছে। তারা বলছে, পাকিস্তান সেনাবাহিনীর স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ডের অভিযান পরিচালনার সার্বক্ষণিক প্রস্তুতির অংশ হিসেবেই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সবধরনের পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম শাহীন-১ নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছয়শ ৫০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। আগস্টের পরে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার একটি ভিডিও সামরিক বাহিনীর পক্ষ থেকে টুইট করা হয়েছে। এর আগে, গত আগস্টেও পাকিস্তান গজনবি নামে একই ধরনের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।