Home Blog Page 3345

ফ্রান্সে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ, নিহত ১

0

ফ্রান্সে একটি ব্রিজ ভেঙে পড়ে ১৫ বছরের এক কিশোরী নিহত হয়েছে। আজ সোমবার দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর চার জনকে পানি থেকে উদ্ধার করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বাবা-মায়ের সঙ্গে গাড়িতে ছিল ১৫ বছরের ওই কিশোরী। ব্রিজের ওপর দিয়ে গাড়িটি যাওয়ার সময়ই ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায়। খরস্রোতা টার্ন নদীর পানিতে হাবুডুবু খেতে শুরু করেন সবাই। এক নারী কোনোক্রমে সাঁতরে পাড়ে আসতে সক্ষম হন। ঘটনার পরই উদ্ধারকাজে পৌঁছে যায় হেলিকপ্টার। হেলিকপ্টারেই তোলা হয় ওই কিশোরীর মৃতদেহ। ৪০ জন পুলিশকর্মীসহ মোট ৬০ জনের একটি টিম উদ্ধারকাজ করছে। এখনো নিখোঁজ কয়েকজন। ট্রাক চালক ও অন্য একটি গাড়ির চালকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

১৯৩০ সালের দিকে তৈরি ওই ব্রিজ ১৯ টন মাল বহনে সক্ষম। এটি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ। অনেক মানুষ এই ব্রিজ ব্যবহার করতেন। স্কুল পড়ুয়ারাও পার হতেন এই ব্রিজ দিয়ে। তাই এই দুর্ঘটনা রীতিমত আতঙ্ক ছড়িয়েছে। এই ব্রিজ ৪৯২ ফুট লম্বা, ১৬ ফুট চওড়া। ২০০৩ সালে এটির রেনোভেশন হয়। নিয়মিত পরীক্ষা করা হয় বলেও জানা গিয়েছে। তবে কেন এই দুর্ঘটনা ঘটেছে তা এখানো জানা যায়ানি।

ভারতও পেঁয়াজ নিয়ে বেশ বিপাকে পড়েছে

0

গত সপ্তাহে ভারতের কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রী রাম বিলাস পাসওয়ান দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা এমএমটিসি-কে এক লাখ টন পেঁয়াজ আমদানির নির্দেশ দিয়েছেন। পেঁয়াজের খুচরা দাম নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই তাঁর এই সিদ্ধান্ত। এ সিদ্ধান্তের ফলে ভারত পেঁয়াজ রপ্তানিকারক থেকে পেঁয়াজ আমদানিকারী দেশে রূপান্তরিত হল!

ভারতে পেঁয়াজের দাম বাড়ল কেন?
গত মে মাস থেকেই ভারতে পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছে। এর কারণ মূলত দুটি। নতুন ফসল উঠেছে দেরিতে এবং মূল পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্র, কর্নাটক এবং মধ্য প্রদেশে পেঁয়াজ চাষে ক্ষতি হয়েছে।

অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রে পেঁয়াজের ক্ষেতের পরিমাণ কমে যাওয়ায় পাইকারি বাজারে পেঁয়াজ এসেছে কম। মহারাষ্ট্রে লাসালগাঁওয়ের পাইকারি বাজারে জানুয়ারি মাসের শুরুতে যেখানে ছিল কুইন্টাল প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা, সেখানে মে মাসের পর সে দাম বেড়ে যায় ১০০০ টাকার উপরে। নাসিক জেলার লাসালগাঁও ভারতের সর্ববৃহৎ পেঁয়াজ বাজার। লাসালগাঁওতে পেঁয়াজের দাম বাড়লে সারা দেশে পেঁয়াজের দাম বাড়ে, সেখানে দাম কমলে সারা দেশে পেঁয়াজের দাম কমে। এখন প্রায় সব শহরেই পেঁয়াজের দাম ৭০ থেকে ৮০ টাকার মধ্যে।

তখনই রবি শস্যে খামতির কারণে সরবরাহ কমে গিয়েছিল। নাসিক, আহমেদাবাদ সহ মহারাষ্ট্রের পেঁয়াজ উৎপাদনকারী এলাকার কৃষকরা রবি শস্যের চাষ করেন এপ্রিলের পর। এই ফসলে আর্দ্রতা কম থাকে বলে তা মজুত করার পক্ষে সুবিধাজনক। মাটির সংস্পর্শে এসে আর্দ্রতার কারণে যাতে পঁচে না যায় বা অঙ্কুর না বেরিয়ে যায়, সে কারণে কৃষকরা একটু উঁচু মাচা তৈরি করে এই পেঁয়াজ সংরক্ষণ করেন। একে বলে কান্দা চাওল। অক্টোবরের পর নতুন শস্য আসে। ততদিন পর্যন্ত এই মজুত পেঁয়াজই বিক্রি করতে থাকেন কৃষকরা।

বাজারে সারা বছরের খাদ্য জোগায় রবি, প্রথম খারিফ (অক্টোবরের পর চাষ হয়) ও দ্বিতীয় খারিফ (জানুয়ারি-মার্চে চাষ হয়) শস্য। ২০১৮ সালের খরার দরুন এ বছরের রবি শস্য মার খেয়েছিল। বর্ষা দেরিতে আসায় প্রথম খারিফ ও অক্টোবরে অতিবৃষ্টির জন্য দ্বিতীয় খারিফের ফসল উঠতেও দেরি হয়েছিল। এপ্রিলে, মরশুমের শুরুতে কৃষকদের মজুত করা ২২ লাখ টন পেঁয়াজের মধ্যে মাত্র ৫-৬ শতাংশ অবশিষ্ট ছিল। কৃষিমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে খারিফ শস্য চাষের জমির পরিমাণ ২০১৮-১৯ সালে যেখানে ছিল ২.৯৭ লাখ হেক্টর, সেখানে এ বছরে হয়েছে ২.৫৮ লাখ হেক্টর। এই হ্রাস মূলত ঘটেছে পেঁয়াজ উৎপাদনকারী মহারাষ্ট্রে, যেখানে দেরিতে আসা বর্ষার দরুণ পেঁয়াজ চাষ প্রায় হয়ইনি।

একই সঙ্গে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাটে সেপ্টেম্বর মাসের অসময়ের ব্যাপক বৃষ্টিপাতের জন্য ফসলের ব্যাপক ক্ষতি হয়, যা মূল্যবৃদ্ধির একটি কারণও বটে। মহারাষ্ট্র সারা দেশের মোট পেঁয়াজের ৩৫ শতাংশ উৎপাদিত হয়, সেখানে রবি ও খারিফ শস্যে ফলন কমে।

মূল্য নিয়ন্ত্রণের জন্য ভারত সরকার কী পদক্ষেপ নিয়েছে?
জুন মাস থেকে রাজনৈতিক কারণেই ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজের দামের দিকে নজর রেখে চলেছে। তাদের প্রথম সিদ্ধান্ত আসে জুন মাসে। দেশের বাইরে পেঁয়াজ রপ্তানিতে যে ১০ শতাংশ ভরতুকি দেওয়া হত, তা তুলে নেওয়া হয়। এর পর আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়। ১৩ সেপ্টেম্বর পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য বাড়িয়ে টন প্রতি ৮৫০ ডলার করা হয়। এর কয়েক সপ্তাহ পরেই পেঁয়াজের রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয় এবং কতটা পেঁয়াজ মজুত করা যাবে, তার পরিমাণও নির্ধারণ করে দেওয়া হয়। এই পরিমাণ পাইকারি ক্ষেত্রে ৫০০ কুইন্টাল এবং খুচরো ক্ষেত্রে ১০০ কুইন্টাল।

মজুতের নির্ধারিত পরিমাণ মানা হচ্ছে না সন্দেহে গত ১১ নভেম্বর আয়কর দপ্তর ব্যবসায়ীদের মজুতের পরিমাণ ও তাঁদের খাতাপত্র পরীক্ষা শুরু করেন। তাঁরা নাসিকের ১৫ জন ব্যবসায়ীর অফিস ও মজুতস্থল পরিদর্শন করেন। সে রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। ব্যবসায়ীদের সূত্র জানিয়েছে, দাম নিয়ন্ত্রণের জন্যই এই হানাদারি। তল্লাশির কয়েকদিন পরেই পেঁয়াজের দাম মোটামুটি ঠিক হয়ে যায়। বেশ কিছু বড় ব্যবসায়ী সরকারের ভয়ে পাইকারি বাজার থেকে দূরে থাকেন।

দাম নিয়ন্ত্রণের জন্য এক লক্ষ টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত ভারত সরকারের সাম্প্রতিকতম পদক্ষেপ।

এই সিদ্ধান্তে কী বদল হল?
রপ্তানি বন্ধ করার সময়েই ভারত সরকার এমএমটিসির সূত্রে টেন্ডারের মাধ্যমে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ২০০০ টন পেঁয়াজ আমদানির রাস্তা খুলে দিয়েছিল। সে টেন্ডারের ফল মেলেনি। তবে বেসরকারি ভারতের ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি করতে শুরু করেছিলেন। মনে করা হচ্ছে মুম্বাইয়ের বন্দরে ২০০০ থেকে ৪০০০ টন পেঁয়াজ মজুত রয়েছে এবং তা কয়েকদিনের মধ্যেই বাজারে পৌঁছাবে।

পাসওয়ানের ঘোষণার ফলে ভারত পেঁয়াজ রপ্তানিকারক থেকে পেঁয়াজ আমদানিকারক দেশে পরিণত হল। গত আর্থিক বর্ষে ভারত রপ্তানি করেছিল ২১.৮২ লক্ষ টন পেঁয়াজ, যার দাম ৪৯৭.৯৭ মিলিয়ন ডলার। আমদানি করা হয়েছিল মাত্র ৭০৮০ টন, যার দাম ১.১২ মিলিয়ন ডলার। ভারত মূলত আফগানিস্থান, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর থেকে পেঁয়াজ আমদানি করে, যদিও এই পেঁয়াজ কেউই পছন্দ করেন না বলে জানাচ্ছেন ভারতের ব্যবসায়ীরা।

ভারতের ব্যবসায়ী আরও বলছেন, আমদানি করা পেঁয়াজ বাজারের উপর কুপ্রভাব ফেলবে। তার কারণ যে সময়ে আমদানি করা পেঁয়াজ বাজারে এসে পৌঁছাবে, তার প্রায় সঙ্গে সঙ্গেই বাজারে আসবে ভারতেই উৎপাদিত নতুন পেঁয়াজও।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

উইঘুর মুসলিম নির্যাতন : চীন সরকারের গোপন নথি ফাঁস

0

চীন সরকারের বিপুল পরিমাণ গোপন নথি ফাঁস হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের উইঘুর সম্প্রদায়ের মুসলিমদের দমনে প্রেসিডেন্ট শি চিনপিংয়ের নির্দেশনাসহ কর্মকর্তাদের আচরণের বিভিন্ন তথ্য রয়েছে তাতে। নথিতে আছে প্রেসিডেন্টশি চিনপিংয়ের অপ্রকাশিত বক্তব্য, বিভিন্ন নির্দেশনা, উইঘুরদের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণমূলক আচরণের বিবরণ।

বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং বিশেষজ্ঞদের হিসেবে উইঘুর এবং অন্য সম্প্রদায় মিলে চীনের পশ্চিমাঞ্চলের ক্যাম্পগুলো প্রায় ১০ লাখ মুসলমান রয়েছেন। তাদের ওপর দেশটির সরকারের মনোভাব কেমন, নিরাপত্তা বাহিনীকে কী ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে-সেটি বেরিয়ে এসেছে সদ্য ফাঁস হওয়া গোপন নথি থেকে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস এই নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। টাইমস বলছে, দেশটির একজন রাজনৈতিক সদস্য এইসব নথি ফাঁস করেছেন। তার আশা এর ফলে মুসলমানদের অবরুদ্ধ করে রাখার জন্য শি চিনপিংসহ চীনের নেতৃবৃন্দ নিন্দা থেকে আর রেহাই পাবে না।

নথি অনুযায়ী, ২০১৪ সালে কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় শি চিনপিং ‘সন্ত্রাসী, অনুপ্রবেশকারী ও বিচ্ছিন্নতাবাদীদের’ স্বৈরতান্ত্রিক সব উপায়ে দমনের নির্দেশ দেন। বলেন তাদের প্রতি কোনো ধরনের ক্ষমা যাতে প্রদর্শন করা না হয়। দক্ষিণ পশ্চিম চীনের একটি রেল স্টেশনে উইঘুরদের হামলায় ৩১ জনের মৃত্যুর পর এই বক্তব্য দিয়েছিলেন শি। ২০১৬ সালে জিনজিয়াং প্রদেশের দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পান চেন কুয়ানগুয়ো। তিনি শির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন। তার সময়ই বাড়তে থাকে মুসলিম বন্দি ক্যাম্পের সংখ্যা।

নথি অনুযায়ী, পরিবারের নিখোঁজ সদস্যদের খুঁজতে আসলে ছাত্রদের কী বলতে হবে তার একটি নির্দেশনাও ছিলে। তাদের বলা হতো নিখোঁজ ব্যক্তি উগ্রবাদী চিন্তার ভাইরাসে আক্রান্ত। ছোট এই রোগ ভয়াবহ আকার নেওয়ার আগেই তার চিকিৎসা করা প্রয়োজন। কোনো কর্মকর্তা নির্দেশ অমান্য করলে তাকে পড়তে হয় শাস্তির মুখে। তেমনই একজন ওয়াং ইয়ংসি। জিনজিয়াংয়ের বিভিন্ন ক্যাম্প থেকে তিনি সাত হাজার বন্দিকে নিজ উদ্যোগে মুক্ত করে দেন। ২০১৭ থেকে ২০১৮ পর্যন্ত তার বিরুদ্ধে তদন্ত চলে।

তবে এই নথির বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। চীনে উইঘুরদের ওপর চালানো নির্যাতনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে দেশটির সরকার। উইঘুরদের আটকে রাখা নয়, ক্যাম্পগুলোতে বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হয় বলে দাবি তাদের।

সূত্র: ডয়েচে ভেলে।

ইসরায়েলি রাষ্ট্রদূতের ক্লাস বর্জন করলেন হার্ভার্ডের শিক্ষার্থীরা

0

মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ডিয়ানের ক্লাস বর্জন করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ শিক্ষার্থী। গত শুক্রবার ওই বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুক, টুইটার ও ইউটিউবে ভাইরাল হয়ে যায়।

তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবা ওই ভিডিও’র বরাতে জানায়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের একটি কোর্সের ‘দ্যা লিগ্যাল স্ট্র্যাটিজি ফর ইসরায়েল স্যাটেলমেন্টস’ বিষয়ে লেকচার দিতে এসেছিলেন ড্যানি ডিয়ান। তিনি যখন লেকচার দেওয়া শুরু করেন। সে সময়ে ওই ক্লাসে থাকা সব শিক্ষার্থী একে একে ওয়াক-আউট করে বের হয়ে যান। এবং বের হয়ে শিক্ষার্থীরা বাইরে বিক্ষোভ করতে থাকেন।

শিক্ষার্থীরা জানান, তিনি যুদ্ধাপরাধীকে বৈধ দেওয়া জন্য এখানে এসেছিলেন, এজন্য আমরা ওয়াক-আউট করেছি।

ওই বিশ্ববিদ্যালয়ের দ্যা হার্ভার্ড কলেজ প্যালেস্টাইন সলিডারিটি কমিটি (হার্ভার্ড পিএসসি) এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

উল্লেখ্য, হার্ভার্ডে ফিলিস্তিনের গাজার সবশেষ অবস্থা নিয়ে সোস্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকটিভিস্টসহ অন্যান্য ব্যক্তিরাও এখানে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন।

সলিল চৌধুরীকে নিয়ে জলতরঙ্গের আয়োজন ২২ নভেম্বর

0

সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন জলতরঙ্গ বছরে একটি বড় সাংস্কতিক আয়োজন করে। আয়োজনটি হয়ে থাকে ব্যতিক্রমী ও আকর্ষণীয়। তাদের এবারের আয়োজন উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতজ্ঞ সলিল চৌধুরীকে নিয়ে।

সলিল চৌধুরী বলেছিলেন ‘পৃথিবীর গাড়িটা থামাও আমি নেমে যাবো…।’ সত্যিই, এই অন্যায়, অবিচার আর মূর্খতায় পূর্ণ পৃথিবীতে বড়ই বেমানান ছিলেন! তাঁর খেদ ছিল সমাজের নানা অসঙ্গতি আর অসমতায়। তিনি ছিলেন ‘আলোর পথযাত্রী’, শোষিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত মানুষের পক্ষে তাঁর কথা আর সুর কখনোই ক্লান্ত হয়নি। বাংলা ও হিন্দিসহ ভারতীয় ১১টি ভাষায় উপহার দিয়েছেন একের পর এক অবিস্মরণীয় গান। গানগুলো পেয়েছে গগণস্পর্শী জনপ্রিয়তা। যা আজো স্পর্শ করে মানুষের অন্তরকে।

সলিল চৌধুরীর জন্ম ১৯ নভেম্বর ১৯২৫, মৃত্যু ৫ সেপ্টেম্বর ১৯৯৫। গানে গানে তাঁকে স্মরণ করবে ‘জলতরঙ্গ’। আগামী ২২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর শাহবাগে অবস্থিত গণগ্রন্থাগার মূল মিলনায়তনে সলিল চৌধুরীর কালজয়ী গান, কবিতা আর জীবনীর কিছু অংশ শৈল্পিক আবহে উপস্থাপন করা হবে। এই আসরে ‘রানার’, ‘প্রান্তরের গান’, ‘আজ নয় গুন গুন’, ‘সাত ভাই চম্পা’, ‘আমি ঝড়ের কাছে রেখে গেলাম’ সহ সলিলের বেশ কছু কালজয়ী গান শিল্পীরা গাইবেন।

সংগীত এবং কাব্য সাহিত্য নিয়ে কাজ করে চলেছে জলতরঙ্গ। পুরনো দিনের গান কবিতা নিয়ে শ্রোতার আসর আয়োজন এবং প্রকাশনা করা হচ্ছে নিয়মিতভাবে। ২০১৪ সালে ছায়ানটে একটি মনোজ্ঞ গীতি আলেখ্য’র মাধ্যমে জলতরঙ্গের জন্ম। আমাদের সংস্কৃতির যাবতীয় উত্কৃষ্ট নিদর্শন নিয়েই জলতরঙ্গ কাজ করে এবং ভবিষ্যতেও করবে বলে জানালেন জলতরঙ্গেরসাধারণ সম্পাদক জাকির হোসেন তপন।

সাক্ষী ‘অনুপস্থিত’ দীপন হত্যা মামলায়

0

জঙ্গি হামলায় নিহত জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরেফীন দীপন হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। তবে সাক্ষ্য গ্রহণের প্রথম তারিখে সোমবার আদালতে কোনো সাক্ষী হাজির হননি। এ কারণে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ১ ডিসেম্বর ধার্য করা হয়েছে। ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এই তারিখ ধার্য করেন।

সূত্র জানায়, ২০১৬ সালের ৩১ নভেম্বর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় দীপনের স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় মামলা দায়ের করেন। গতবছর ১৫ নভেম্বর চার্জশিট দাখিলের পর গত ১৩ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ১৮ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়। মামলার বাদিসহ অন্যদের হাজির হয়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে ট্রাইব্যুনাল থেকে সমনও পাঠানো হয়। কিন্তু প্রথম দিনে সাক্ষীদের কেউ ট্রাইব্যুনালে হাজির হননি। এ অবস্থায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। হত্যা মামলাটির বিচারিক কাজের জন্য সোমবার কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়েছিল।

দীপন হত্যা মামলায় চার্জশিটভূক্ত আসামি রয়েছেন আটজন। তারা হলেন- মইনুল হাসান শামীম, মো. আ. সবুর, খাইরুল ইসলাম, মো. আবু সিদ্দিক সোহেল, মো. মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. শেখ আব্দুল্লাহ, বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন ওরফে হাসিব। জঙ্গি সংগঠনের এসব সদস্যদের একাধিক ছদ্মনাম রয়েছে।

লিফট ছিঁড়ে পড়ে গেলেন আমীর খসরুসহ বিএনপি নেতারা

0

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দোতলা থেকে লিফট ছিঁড়ে পড়ে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য বিএনপি নেতারা। সোমবার (১৮ নভেম্বর) দুপুরের এই ঘটনা ঘটে। তবে কেউ তেমন আহত হননি বলে জানা গেছে। চট্টগ্রামে বিস্ফোরণে আহতদের দেখতে সেখানে গিয়েছিলেন বিএনপির এই নেতারা।

দুপুর ২টার দিকে হাসপাতালের মাঝখানের একটি লিফটে এ ঘটনা ঘটে। এ সময় লিফটে আমীর খসরুর সঙ্গে নগর বিএনপির সভাপতি শাহদাত হোসেন, বিএমএ চট্টগ্রামের সাবেক সভাপতি খুরশিদ জামিল চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘটনার বর্ণনা দিয়ে শাহদাত হোসেন বলেন, ‘আহতদের দেখে পাঁচতলার অর্থোপেডিক বিভাগ থেকে আমরা লিফটে নামছিলাম। দোতলায় এসে লিফট ছিঁড়ে দ্রুত নেমে যায়। নিচতলায় বিকট শব্দে পড়ে যায়। লিফটটি নিচের ফ্লোরের আরও এক হাত নিচে চলে যায়। পরে দরজা আটকে যায়। অনেক কষ্টে আমাদের বের করা হয়।’

শাহদাত হোসেন আরও বলেন, যদি আরও ওপর থেকে ছিঁড়ে যেত তাহলে ভয়াবহ বিপর্যয় হতো। আল্লাহর রহমতে বেঁচে গেছি। তিনি অভিযোগ করেন, কোনো রক্ষণাবেক্ষণ না থাকায় এই ঘটনা ঘটেছে।

জানতে চাইলে হাসপাতালের উপপরিচালক আখতারুল ইসলাম বলেন, লিফট ছিঁড়ে যাওয়ার ঘটনা আমাকে কেউ বলেনি। আমি খোঁজ নিচ্ছি।

এশিয়া প্যাসিফিক সামিটে যোগ দিতে কম্বোডিয়া গেলেন স্পিকার

0

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘এশিয়া প্যাসিফিক সামিট’ অনুষ্ঠানে যোগ দিতে আজ সোমবার দুপুরে কম্বোডিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর আহমেদ খানসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে স্পিকারকে বিদায় জানান।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কম্বোডিয়ার রাজধানী নমপেনে ১৮ থেকে ২১ নভেম্বর ‘এশিয়া প্যাসিফিক সামিট-২০১৯’ অনুষ্ঠিত হবে। তিন দিনের ওই সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও স্পিকার একাধিক দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সফর শেষে আগামী ২১ নভেম্বর তিনি দেশে ফিরবেন।

ক্যাসিনো খালেদের তদন্ত প্রতিবেদন দাখিল ২৩ জানুয়ারি

0

ঢাকা দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া ওরফে ক্যাসিনো খালেদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এই তারিখ ধার্য করেন।

রবিবার প্রতিবেদন দাখিল করার জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত শেষ না হওয়ায় তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন দাখিল না করায় নতুন তারিখ ধার্য করা হয়।

গত ২০ অক্টোবর খালেদের বিরুদ্ধে দুদকের উপ পরিচালক জাহাঙ্গীর আলম মামলা করেন। দুদকের ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ে এই মামলা দায়ের করা হয়।

খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে দায়ের করা মামলায় চার কোটি ৫০ লাখ টাকার স্থাবর সম্পদ এবং ৯০ লাখ ১৬ হাজার ৭০৯ টাকার অস্থাবর সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া গত ১৮ সেপ্টেম্বর র‌্যাবের অভিযানে তার গুলশানের বাসা থেকে ১৭ লাখ ৯৯ হাজার ১৫০ টাকার বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। দুদকের অনুসন্ধানে কিংবা জিজ্ঞাসাবাদে এর কোনো উৎস দেখাতে পারেননি খালেদ। এসব মিলিয়ে তার বিরুদ্ধে মোট পাঁচ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।

১৮ সেপ্টেম্বর খালেদকে আটক করে র‌্যাব। গুলশানের বাসায় ও মতিঝিলের কার্যালয়ে মাদকদ্রব্য উদ্ধার, বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় খালেদেও বিরুদ্ধে মোট চারটি মামলা হয়। অস্ত্র, মাদকদ্রব্য ও মানি লন্ডারিং আইনে দায়ের করা এসব মামলায় তাকে কয়েক দফা রিমান্ড নেওয়া হয়। সর্বশেষ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায়ও তাকে রিমান্ডে নেয় দুদক।

পাঁচ দেশে নারীকর্মী পাঠানো বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

0

সমঝোতা চুক্তিতে আইনি সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত না করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৫টি দেশে নারীকর্মী পাঠানো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মধ্যপ্রাচ্যের অপর চার দেশ হলো- ইরাক, সিরিয়া, লেবানন ও জর্ডান। কক্সবাজারের রামু উপজেলার পশ্চিম সমুদ্রপাড়ার বাসিন্দা রাজিয়া খাতুনের পক্ষে অ্যাডভোকেট জামান আক্তার বুলবুল এ রিট আবেদন করেছেন।

আগামীকাল মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী।

রিট আবেদনে আইন, স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ সচিব, পুলিশের আইজি, চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারককে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল স্থাপনে বিবাদীদের ব্যর্থতা, মানব পাচার প্রতিরোধে ২০১২ সালে করা মানব পাচার দমন ও প্রতিরোধ আইন কার্যকর করতে কোনো পদক্ষেপ না নেওয়া এবং আইনি সুরক্ষা ছাড়া মধ্য প্রাচ্যের ৫টি দেশে নারী কর্মী পাঠানো বন্ধ রাখার কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। একইসঙ্গে শিশু আলাউদ্দিনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

গতবছর রামুর হাজি পাড়ার বাসিন্দা নুরুল ইসলাম চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা করেন। মামলায় রামুর ওই শিশুসহ ৬ জনকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়, বিনা খরচে মালয়েশিয়া ভালো বেতনে কাজ দেওয়ার আশ্বাস দিয়ে ওই বছরের ২১ জুন সাগরে ছোট নৌকা দিয়ে জাহাজে তুলে দেয়। কয়েকদিন চলার পর জাহাজ থেকে থাইল্যান্ডের উপকুলীয় পাহাড়ের জঙ্গলে নামিয়ে দেয়। সেখানে দালালরা মারধর করে ও পরে মুক্তিপণ দাবি করে। ওই শিশুসহ আসামিরা ২ লাখ টাকা নেয়। পরবর্তীতে আরও ১ লাখ টাকা নেয়। এরপর তাকে মালয়েশিয়া নেওয়া হয়। ২০১৭ সালের জুন মাসে মালয়েশিয়া অভিযানকালে সে আটক হয়। এক বছর জেল খাটার পর দেশে ফিরে আসেন।

মামলায় শিশুটির বয়স দেখানো হয় ২২ বছর। এই মামলায় গত ২৮ অক্টোবর হাইকোর্ট শিশুটিকে জামিন দেন। এই জামিন শুনানিকালে বলা হয়, শিশুটির জন্ম ২০০৭ সালে। তার বয়স এখন ১১ বছর। শিশুটির বয়স যখন ৬ বছর তখন তার পিতা মারা যায়। আর ঘটনা দেখানো হয়েছে ২০১৪ সালের। তখন শিশুটির বয়স ছিল ৭ বছর। এ অবস্থায় শিশুটিকে আদালত জামিন দিয়ে বলেছিলেন, ‘ওতো এখনও মানবই হতে পারেনি। তাহলে ও মানবপাচার করবে কিভাবে?’

এই শিশুটিকে কেন্দ্র করে মধ্য প্রাচ্যে নারীকর্মী পাঠানো বন্ধ চেয়ে রিট করা হলো।