Home Blog Page 3346

নতুন নেতৃত্ব নিয়ে আসছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ

0

মেয়াদোত্তীর্ণসহ অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থানা, ইউনিট ও কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্ব নিয়ে আসছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ। ইতোধ্যে ২১টি থানার ৮টি ও ৫টি কলেজের ১টি ও ১টি মাদ্রাসা কমিটির বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটি। গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান। একইসাথে ক্লিন ইমেজ ও আওয়ামী লীগ পরিবারের ছাত্র নেতাদের কর্ম-দক্ষতা দেখে কমিটিতে তাদের প্রাধান্য দেয়া হবে বলে জানান তিনি।

জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ২১টি থানা কমিটির মধ্যে মেয়াদোত্তীর্ণ শাজাহানপুর, কোতোয়ালী, বংশাল, শ্যামপুর, পল্টন, চকবাজার, রমনা ও মতিঝিল এবং সিদ্বেশ্বরী ডিগ্রি কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। এদিকে, মেয়াদোত্তীর্ণ ও অনৈতিক কর্মকা-ের সাথে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে ১০টি কমিটি বিলুপ্ত ঘোষণার পর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদকে নিয়ে ওইসব কমিটির একাংশ নেতারা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছেন। তারা এখানেই ক্ষান্ত হননি। বিভিন্ন মাধ্যমে সভাপতি মেহেদী হাসান ও সম্পাদক জুবায়ের আহমেদকে হুমকি-ধমকিও দিয়ে আসছেন।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, মহানগর দক্ষিণ ছাত্রলীগের যেসব শাখার মেয়াদোত্তীর্ণ, ওইসব কমিটি বিলুপ্ত ঘোষণা করেছি। কারণ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী দলসহ সব ক্ষেত্রে শুদ্ধি অভিযান শুরু করেছেন। ইতোমধ্যে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম মেয়াদোত্তীর্ণ সংগঠনগুলোর কাউন্সিল করার নির্দেশ দিয়েছেন। এরই অংশ হিসেবে নগর দক্ষিণ ছাত্রলীগের যেসব শাখার মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেগুলো বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্ব নির্বাচন করার চেষ্টা করছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছেন। যেটি আমাদের জন্য খুবই বিব্রতকর।

তিনি বলেন, আমরা চাই মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে যাদের বিরুদ্ধে কোনো অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নেই এবং আওয়ামী লীগের পরিবারের সদস্য তাদের মধ্য থেকে নতুন নেতৃত্ব আনতে। একই সাথে যাদের ছাত্রত্ব আছে, তাদের সামনে নিয়ে আসতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা চান, তার বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ বলেন, ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি চান মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্ব ওঠে আসুক। সেইদিক বিবেচনা করেই আমরা মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়েছি। খুব শিগগিরই কমিটি দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে। কিন্তু একটি অংশ নেতৃত্ব হারিয়ে আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করার চেষ্টা করছেন। তবে এতে কিছু যায় আসে না, আমরা প্রধানমন্ত্রীর চাওয়া পূরণ করার চেষ্টা করছি মাত্র।

আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

0

বাংলাদেশে বিনিয়োগ করতে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার আবুধাবির সাংগ্রিলা হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেওয়া সংযুক্ত আরব আমিরাতের উদ্যোক্তা, ব্যবসায়ীদের প্রতি অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও জাহাজ নির্মাণসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও আমিরাতের মধ্যে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিপুল সম্ভবনা রয়েছে। সরকারি এবং বেসরকারি সেক্টরে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আমরা পারস্পরিক সহযোগিতা বাড়ানোর অনেক সম্ভাবনাময় ক্ষেত্র চিহ্নিত করেছি।

বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তুলনামূলক সাশ্রয়ী মূল্যে বাংলাদেশ থেকে ওষুধ, পাট, পাটজাত পণ্য, সিরামিক, চামড়া, খাদ্য, প্লাস্টিক, নিটওয়্যার, হিমায়িত খাবার, টেক্সটাইল ও হোম টেক্সটাইল, কৃষি ও কৃষিজাত পণ্য, ইঞ্জিনিয়ারিং পণ্য আমদানি করতে পারে।

এছাড়া টেকসই ইকোনোমিক জোন, হালাল ফুড প্রসেসিং ইউনিট এবং সার্টিফিকেশন সেন্টার প্রতিষ্ঠায় এমিরেটস ইকোনোমিক জোনের আগ্রহের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রিলাম ইনভেস্টমেন্টের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (এমডি) সুলতান আল রাশেদ লোটাহ্, এমিরেট ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি আবদুল্লাহ আল কাশিম ও মালাবার গোল্ড’র এমডি (ইন্টারন্যাশনাল অপারেশন্স) শামলাল আহামেদসহ আরও অনেক ব্যবসায়ী এবং উদ্যোক্তারা।

বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাগত বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রমুখ।

ম্যানহোলে মিলল প্রতিবন্ধী যুবকের গলিত লাশ

0

রাজধানীর মিরপুরে এক সরকারি কলোনির ম্যানহোলে মো. রনি (২১) নামের এক প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ পাওয়া গেছে। গতকাল রবিবার সকালে মিরপুর থানার পুলিশ পাইকপাড়া পাঁচ নম্বর ‘ডি’ টাইপ সরকারি কোয়ার্টারের ম্যানহোল থেকে তাঁর লাশ উদ্ধার করে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তিন ভাই এক বোনের মধ্যে রনি সবার বড়। তাঁর বাবার নাম মৃত জহির মিয়া। মায়ের নাম শুক্কুরী বেগম। তিনি মিরপুর মডেল স্কুলে ঝাড়ু দেওয়ার কাজ করেন। রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তিতে পরিবারের সঙ্গে থাকতেন রনি। তাঁর গ্রামের বাড়ি রাটখোলা জাজিরা শরীয়তপুরে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই রেজাউল করীম কালের কণ্ঠকে বলেন, “সকালে খবর পেয়ে পাইকপাড়া পাঁচ নম্বর ‘ডি’ টাইপ সরকারি কোয়ার্টারের ম্যানহোল থেকে রনির গলিত লাশ উদ্ধার করি। পরিবার জানিয়েছে তিনি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।”

নিহত রনির ভাই মো. আরিফ (১৮) বলেন, ‘আমি মাছ বিক্রি করে সংসারে টাকা দিই। মা স্কুলে ঝাড়ু দিয়ে যা পায় তা দিয়া সংসার চলতাছিল। আমার বড় ভাই প্রতিবন্ধী হওয়াতে সব সময় চিন্তায় থাকতে হইত। গত বুধবার থেইক্কা তার কোনো খবর পাইতাছিলাম না। আজকে (রবিবার) সকালে পুলিশ খবর দিলে গিয়ে দেখি ভাই আর নাই। কেমনে কী হইছে কিছু বুঝতাছি না।’

বাংলাদেশিদের জন্য আমিরাতের শ্রমবাজার খুলে দেওয়ার ইঙ্গিত

0

পাঁচ বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশি শ্রমিকদের জন্য সেখানকার শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

দুবাই ওয়ার্ল্ড সেন্টারে দুবাই এয়ার শো-২০১৯-এর ফাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান এক সৌজন্য সাক্ষাৎকালে এ ইঙ্গিত দেন।

বাংলাদেশি শ্রমিকদের জন্য শিগগিরই তার দেশের শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার ইঙ্গিত দিয়ে যুবরাজ নাহিয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার পরবর্তী আমিরাত সফরকালে আপনাকে এ প্রশ্নটি আর করতে হবে না।’

তিনি বাংলাদেশি শ্রমিকদের জন্য আগের চেয়ে বেশি ওয়ার্ক পারমিট দেওয়ারও ইঙ্গিত দেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, যুবরাজ বাংলাদেশ থেকে চাল আমদানিরও আগ্রহ প্রকাশ করেছেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি উদ্বৃত্ত চাল উৎপাদনকারী দেশ। বাংলাদেশ বিভিন্ন ধরনের চাল উৎপাদন করছে। আমরা বিভিন্ন দেশে চাল রপ্তানি করছি।’

যুবরাজ বলেন, তারা বাংলাদেশ থেকে সেরা মানের চাল আমদানি করতে চায়। তার দেশ তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের চাল দেখার জন্য বাংলাদেশে একটি প্রতিনিধিদল পাঠাবে।

বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।

পাকিস্তানের কারণে রক্ষা পেলেন ১৫০ ভারতীয় প্লেনযাত্রী

0

পাকিস্তানি এয়ার ট্রাফিক কন্ট্রোলারের তৎপরতায় রক্ষা পেয়েছে একটি ভারতীয় প্লেন। এর ফলে বিমানটি ১৫০ যাত্রী নিয়ে নিরাপদেই যাত্রা শেষ করেছে। বিমানটি জয়পুর থেকে ওমানের মাসকটে যাচ্ছিল ।

জানা গেছে, বৃহস্পতিবার জয়পুর থেকে ওমানের রাজধানী মাসকটের উদ্দেশ্যে যাত্রা করেছিল যাত্রাবাহী বিমানটি। জরুরি মুহূর্তে বিমানটিকে সাহায্য করেছে পাকিস্তানের বেসামরিক বিমান কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সময়ে কাশ্মীর ইস্যুতে ভারত এবং পাকিস্তানের মধ্যে বেশ উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের বেসামরিক বিমান কর্তৃপক্ষের সহায়তায় ভারতীয় বিমানের ১৫০ জন যাত্রী প্রাণে বেঁচেছেন।

জানা গেছে, বিমানটি পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচির ওপর দিয়ে যাচ্ছিল। সেই সময় আচমকাই বজ্রপাত শুরু হয়। যার জেরে বিমানটি ৩৬ হাজার ফুট উচ্চতা থেকে ৩৪ হাজার ফুটে নেমে আসে। পাইলট কাছাকাছি বিমানবন্দরে জরুরি বিপদ সংকেত পাঠায়। বিপদ সংকেত পেয়ে দ্রুত সাড়া দেয় পাকিস্তানের বেসামরিক বিমান কর্তৃপক্ষ। এরপর বিমানটিকে পাকিস্তানের আকাশসীমা ব্যাবহারের অনুমতিও দেওয়া হয়। ফলে বিমানটি ১৫০ যাত্রী নিয়ে নিরাপদেই যাত্রা শেষ করেছে।

এর আগে পাকিস্তানের অনুমতি না পাওয়ায় দীর্ঘপথ অতিক্রম করে সৌদি আরব পৌঁছতে হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সেই সময় আরব সাগরে ঘূর্ণিঝড় কিয়ারের প্রভাব চলেছিল। পাকিস্তানের ওপর দিয়ে প্রধানমন্ত্রীর বিমান যাওয়ার অনুমতি পেলে সরাসরি তা সুপার সাইক্লোন কিয়ারকে এড়িয়ে যেতে পারত। কিন্তু তা না হওয়ায় বিমানটিকে করাচির এয়ারস্পেসের পাশাপাশি এড়িয়ে যেতে হয় কিয়ারকেও। এর জেরে দিল্লি থেকে রিয়াদ পৌঁছতে অতিরিক্ত ৪৫ মিনিট সময় লাগে।

বাবরি মসজিদের জমিই দিতে হবে : মুসলিম ল’ বোর্ড

0

সম্প্রতি ভারতের বহুল আলোচিত বাবরি মসজিদ মামলার রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে পারে মুসলিম পার্সোনাল ল বোর্ড, এমন ইঙ্গিত মিলেছিল রায়দানের দিন। পরে অবশ্য তা খারিজ করে দেওয়া হয়। কিন্তু মাত্র ৮ দিনের মধ্যেই মত বদল করে প্রাথমিক ইঙ্গিতকেই কার্যকর করে তুলল মুসলিম পার্সোনাল ল বোর্ড। আগামী এক মাসের মধ্যে শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করবে মুসলিম পার্সোনাল ল বোর্ড। মুসলিম ল বোর্ডের দাবি, অন্যত্র নয়, বাবরি মসজিদের জমিই দিতে হবে।

গতকাল এ কথা জানিয়েছেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইনজীবী জাফরইয়াব জিলানি।

এ মাসের ৯ তারিখে বহু বিতর্কিত অযোধ্যা জমি মামলার নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিতর্কিত ২.৭৭ একর জমিতে রাম মন্দির তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছে। সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ নির্মাণের জন্য অন্যত্র ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতিরা। এই রায় সুন্নি ওয়াকফ বোর্ড মেনে নিলেও মুসলিম পার্সোনাল ল বোর্ড শুরু থেকেই সন্তুষ্ট ছিল না। রায় শোনার পরপরই সাংবাদিক বৈঠক করে আইনজীবী জাফরইয়াব জিলানি ইঙ্গিত দিয়েছিলেন যে রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে পারেন।

রবিবার জিলানি জানান, তাঁরা সুপ্রিম কোর্টে অযোধ্যা রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন দাখিল করবেন। ল বোর্ডের দাবি, অন্যত্র ৫ একর জমি নয়, বাবরি মসজিদ যেখানে ছিল, অর্থাৎ বিতর্কিত ২.৭৭ একর থেকেই তাঁদের জমি দিতে হবে।

যদিও সুন্নি ওয়াকফ বোর্ড এ বিষয়ে তাঁদের সঙ্গে একমত নন। তাঁদের বক্তব্য, সুপ্রিম কোর্টের রায় নিয়ে ফের আইনের দ্বারস্থ হলে তাতে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে। তাই তাঁরা সে পথে হাঁটতে চান না। তবে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মামলাকারী আরেকপক্ষ জমিয়তে উলেমায় হিন্দ। তারা রিভিউ পিটিশনের পক্ষে সায় দিয়েছে।

অযোধ্যার বিতর্কিত জমিতে কী ছিল, তা নিয়ে একাধিক মতবিরোধের মাঝে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিস্তারিত গবেষণা রিপোর্টের ওপরই সবচেয়ে বেশি আস্থা রেখেছিলেন শীর্ষ আদালতের বিচারপতিরা।

এএসআইয়ের রিপোর্ট বলছে, ষোড়শ শতকে মুঘল সম্রাট বাবরের আমলে অযোধ্যার ওই জমিতে যে মসজিদ তৈরি করা হয়েছিল, তা ফাঁকা জমির ওপর ছিল না।

কিন্তু মুসলিম ল বোর্ডের আইনজীবী জিলানির অভিযোগ, দীর্ঘ সময় ধরে ওই জায়গায় হিন্দুদের পাশাপাশি যে মুসলিমরাও প্রার্থনা করতেন, সেই বিষয়টিকে উপেক্ষা করা হয়েছে রায়দানের সময়ে। এরপরই তিনি রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে আলোচনা সাপেক্ষে রিভিউ পিটিশন দাখিলের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। পরে অবশ্য মুসলিম ল বোর্ড এই দাবি থেকে কিছুটা সরে এসেছিল।

সূত্র : সংবাদ প্রতিদিন

পশ্চিমবঙ্গেও হচ্ছে ডিটেনশন ক্যাম্প!

0

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দু’টি ডিটেনশন সেন্টার তৈরি করা হচ্ছে। ফৌজদারী অপরাধে গ্রেপ্তারকৃত বিদেশিদের জন্য এই ডিটেনশন সেন্টার তৈরি হবে। একটি ক্যাম্প তৈরি হবে নিউ টাউনে এবং অপরটি উত্তর ২৪ পরগনার বনগাঁয়।

পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী উজ্বল বিশ্বাস সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

উজ্বল বিশ্বাস জানিয়েছেন, প্রথম ডিটেনশন সেন্টার তৈরির জন্য ইতোমধ্যে নিউ টাউনে জমি চূড়ান্ত হয়ে গিয়েছে। আর দ্বিতীয় সেন্টারটি তৈরির জন্য বনগাঁয় জমি চিহ্নিত করার কাজ চলছে। তবে সেটি তৈরি না হওয়া পর্যন্ত কোনও সরকারি ভবনকে অস্থায়ী ডিটেনশন সেন্টারের রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

তবে গোটা প্রক্রিয়ার সঙ্গে জাতীয় নাগরিক পঞ্জিকরণের (এনআরসি) কোনও যোগ নেই বলে এদিন স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের কারামন্ত্রী। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও প্রথম থেকে এনআরসি-র বিরোধিতা করে আসছে। শুধু তাই নয়, বাংলায় কোনও এনআরসি হবে না বলে এর আগে একাধিকবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ডিটেনশন সেন্টার তৈরির প্রয়োজনীয়তা প্রসঙ্গে উজ্বল বিশ্বাস জানিয়েছেন, স্থানীয় বন্দিদের সঙ্গে বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত বিদেশি নাগরিকদের একসঙ্গে রাখা যাবে না বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ অনুসারে ডিটেনশন ক্যাম্প দুটি তৈরি করা হচ্ছে।’

তিনি বলেন, এর সঙ্গে এনআরসি-র কোনও যোগ নেই। দয়া করে ডিটেনশন সেন্টার তৈরির বিষয়টির সঙ্গে এনআরসি জড়াবেন না।

এখন স্থানীয় বন্দি এবং বিদেশি বন্দিদের একই সঙ্গে রাখা হয়। কারা দফতর সূত্রে খবর, ফৌজদারী অপরাধে বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বন্দি বিদেশি নাগরিকদের অধিকাংশই আফ্রিকার বাসিন্দা।

এ বিষয়ে ২০১৪ সালে কেন্দ্রীয় সরকারের একটি নির্দেশিকার কথাও উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের কারামন্ত্রী। এই নির্দেশিকায় অনুপ্রবেশকারী এবং সাজার মেয়াদ শেষের পরে বিদেশের নাগরিকদের ফেরৎ পাঠানোর আগে রাখার জন্য প্রতিটি রাজ্যে অন্তত একটি ডিটেনশন সেন্টার তৈরির কথা বলা হয়েছে।

রাজস্থানে হাজার হাজার পরিযায়ী পাখির মৃত্যু

0

ভারতের রাজস্থানের সম্ভর হ্রদ এবং সংলগ্ন এলাকায় পাখিদের মৃত্যুর মিছিল এখনো চলছে। এক সপ্তাহে ভারতীয় এবং পরিযায়ী মিলিয়ে সেখানে মৃত পাখির সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। একসঙ্গে বিপুল সংখ্যক পাখির মৃত্যুর সঠিক কারণ এখনো অজানা।

তবে এভিয়ান বচুলিজম রোগে আক্রান্ত হয়ে পাখিগুলোর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর ধারণা করছে বন দপ্তর। বিষাক্ত খাবার পেটে গেলে পাখিরা এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়।

অনেকের দাবি, নোনাজল অতিরিক্ত দূষিত হওয়ার জেরে পাখিগুলো মারা যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। অন্য পাখির শরীরে এই রোগ যেন বাসা বাঁধতে না পারে, সেজন্য পাখিদের মরদেহ সরিয়ে ফেলা হচ্ছে।

গত সোমবার থেকে পাখিদের এই মৃত্যুর মিছিল শুরু হয়। প্রথমে সেখান থেকে ৭১৬টি মৃত পাখি উদ্ধার করা হয়। পরদিন হ্রদের নোনা পানি থেকে উদ্ধার করা হয় ১৬২২টি মরা পাখি। এর পর বুধ, বৃহস্পতি এবং শুক্রবার যথাক্রমে ১৯২২, ৫৪০ এবং ৩২৬৫টি মৃত পাখি উদ্ধার হয়। শনিবারও বহু পাখির মৃতদেহ উদ্ধার হয় বলে জানা গেছে। এদের মধ্যে শোভেলার, রাডি শেলডাক, প্লোভার্স, অ্যাভোচেটজ, ব্ল্যাকউইং-সহ নানা প্রজাতির পাখি রয়েছে। শীতের শুরুতে খাবারের খোঁজে প্রতি বছরই সম্ভর হ্রদে আসে কয়েক লাখ পাখি। কিন্তু এর আগে এমন ঘটনা ঘটেনি সেখানে।

এ ঘটনার জন্য রাজ্য প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, প্রথম দু’দিন বিষয়টি নিয়ে কোনো হেলদোলই দেখায়নি রাজ্য প্রশাসন। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠালেও, তাদের উপস্থিতিতেই শুক্রবার পাখির মৃত্যুসংখ্যা একলাফে অনেকটাই বেড়ে যায়।

সরকারি হিসেবে মৃত পাখির যে সংখ্যা দেখানো হচ্ছে, আসলে সংখ্যাটা তার চেয়ে বেশি বলেও দাবি করেছেন অনেকে। সমালোচনার মুখে পড়ে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত।

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

0

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তের কুমারগাতি এলাকায় বিএসএফের গুলিতে উকিল মিয়া (৩৫) নামের বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত উকিল মিয়া পার্শ্ববর্তী হারিয়াকোনা গ্রামের বঙ্গ সুরুজ মিয়ার ছেলে। গরুর কারবারি করতে তিনি। আজ সোমবার (১৮ নভেম্বর) ভোররাতে ভারতের সীমানায় ১০৯২ পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের পার্শ্ববর্তী রাবার বাগান এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স ৬০ বছরই থাকছে

0

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা নিয়ে আপিল বিভাগে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। ফলে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স সরকার নির্ধারিত ৬০ বছরই থাকছে।

সাত পৃষ্ঠার এ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ প্রকাশ করা হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন। রায়টি লিখেছেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বেঞ্চের অপর সদস্যরা এতে একমত পোষণ করেছেন।

হাইকোর্টের রায় বাতিল করে পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছেন, হাইকোর্ট বিভাগ বয়স নির্ধারণে জাতীয় সংসদকে আইন প্রণয়ন বা সংশোধনের নির্দেশ দিতে পারে না। আইন প্রণয়নে আইনসভার (জাতীয় সংসদ) ক্ষমতাই সর্বোচ্চ তা সংবিধানে বলা হয়েছে।

এর আগে ২০১৮ সালের ১৮ নভেম্বর প্রধান বিচরপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৫৯ বছর থেকে ৬০ বছর করে ২০১৩ সালে করা আইন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায় বাতিল করেন। ২০১৮ সালের ১১ এপ্রিল সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৫৯ বছর থেকে ৬০ বছর করে ২০১৩ সালে করা আইন অবৈধ ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। আদালত বলেন, মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬১ বছর করা উচিত ছিল। কিন্তু সেটা না করা বৈষম্যমূলক হয়েছে। একারণে সরকার মুক্তিযোদ্ধাদের ৬১ বছর পর্যন্ত সকল সুবিধা দেবে বলে মনে করি।

সরকার ২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি আইন সংশোধন করে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে অবসরের বয়সসীমা একবছর বাড়িয়ে ৬০ বছর করে। এ অবস্থায় চাকরি থেকে অবসরের বয়সসীমা দুই বছর বাড়ানোর নির্দেশনা চেয়ে দুই মুক্তিযোদ্ধা গত বছর হাইকোর্টে রিট আবেদন করেন। এ রিট আবেদনে রুল জারি করেন আদালত। এরপর রিট আবেদনকারীরা ২০১৩ সালের আইনের সংশোধনী বাতিল চেয়ে সম্পূরক আবেদন করেন। সোনালী ব্যাংকের ডিজিএম মশির উদ্দিন ওয়ারেশী ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের জেনারেল ম্যানেজার তপন কুমার সাহা রিট আবেদনটি করেন।