Home Blog Page 3347

লতিফ সিদ্দিকীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

0

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল আবেদন খারিজ করে আদেশ দেওয়ায় জামিন বহাল থাকলো। ফলে লতিফ সিদ্দিকীর কারা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আজ রবিবার এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। লতিফ সিদ্দিকীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী।

হাইকোর্ট গত ৪ নভেম্বর বগুড়ার আদমদিঘী উপজেলায় বাংলাদেশ পাট কর্পোরেশনের জমি কম দামে বিক্রি করে রাষ্ট্রের প্রায় ৪১ লাখ টাকা ক্ষতি করার অভিযোগে দুদকের করা মামলায় জামিন দেন। এর বিরুদ্ধে আবেদন করে দুর্নীতি দমন কমিশন(দুদক)। আপিল বিভাগ গত ১১ নভেম্বর এক আদেশে ১৭ নভেম্বর পর্যন্ত জামিন স্থগিত করেন। একইসঙ্গে দুদককে নিয়মিত লিভ টু আপিল আবেদন করার নির্দেশ দেওয়া হয়। এই আবেদনের ওপর ১৭ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। রবিবার নির্ধারিত শুনানি শেষে দুদকের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

বগুড়ার আদমদিঘী উপজেলায় বাংলাদেশ পাট কর্পোরেশনের রানীনগর পাট ক্রয় কেন্দ্রের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই ৬৪ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকার সম্পদ ২৩ লাখ ৯৪ হাজার ৭৭৪ টাকায় বিক্রি করা হয়। এর মাধ্যমে রাষ্ট্রের ৪০ লাখ ৬৯ হাজার ২১ টাকা আর্থিক ক্ষতির অভিযোগে ২০১৭ সালের ১৭ অক্টোবর বগুড়ার আদমদীঘি থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে গত ১৮ ফেব্রুয়ারি লতিফ সিদ্দিকীসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। মামলার অপর আসামি হলেন-জমির ক্রেতা বগুড়ার কাটনারপাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ। এই মামলায় গত ২০ জুন বগুড়ার আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন লতিফ সিদ্দিকী। আদালত জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠায়। সেই থেকে তিনি কারাবন্দি।

এ মামলায় কয়েকদফা জামিনের আবেদন করেও পরে তা ফের নেন লতিফ সিদ্দিকী। গত ৭ জুলাই কেন তাকে জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। কিন্তু লতিফ সিদ্দিকীর আইনজীবী ওই রুলের ওপর শুনানি না করে পরে তা ফেরত নেন। এরপর নতুন করে জামিনের আবেদন করেন লতিফ সিদ্দিকী। গত পহেলা অক্টোবর সে আবেদনও ফেরত নেন। এরপর নতুন করে জামিনের আবেদন করেন। হাইকোর্ট লতিফ সিদ্দিকীকে ৬ মাসের জামিন দেন।

গান পাগল দর্শকদের ভিড়ে মন্ত্রীরা

0

রাত তখন পৌনে এগারোটা। আর্মি স্টেডিয়ামের মঞ্চে তখন পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ডদল জুনুন। জুনুনের গানের সাথে গোটা স্টেডিয়ামের লক্ষাধিক শ্রোতা দুলছে। সে সময়ই ভিআইপি গেইট দিয়ে প্রবেশ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ও সাবেক সংস্কৃতি মন্ত্রী সংসদ এবং সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানের সমাপনীতে অংশ নিতেই তাঁরা আসেন। কিন্তু গান পাগল ভিড়ের মধ্যে পড়েন আসাদুজ্জামান নূর ও পলক। এসময় তাদের প্রটোকল ও নিরাপত্তারক্ষীরাও ভিড় সরাতে হিমশিম খাচ্ছিলেন। জুনুন মঞ্চে ওঠার পর গানে এতোটাই মজে গেছে দর্শক-শ্রোতা যে ভিআইপি হাঁটা-চলার প্যাসেজটুকুও লোকজনে ভর্তি হয়ে যায়।

এই প্যাসেজ দিয়ে মন্ত্রী ও ভিআইপিরা যাচ্ছিলেন। এসময় তাদের প্রায়ই একইস্থানে ১৫ মিনিটের বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে আসাদুজ্জামান নূর ও জুনাইদ আহমেদ পলকের মুখে বিন্দুমাত্র বিরক্তির চিহ্ন দেখা যায়নি। বরঞ্চ দর্শকদের উচ্ছ্বাস ও উন্মাদনা দেখে তাঁরা আনন্দিতই হয়েছেন মনে হচ্ছিল।

রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হওয়া লোক গানের উৎসবের গতকাল ছিল শেষ দিন। এদিন সন্ধ্যা থেকেই সঙ্গীতপ্রেমীদের ঢল নেমেছে আর্মি স্টেডিয়ামে। সন্ধ্যা থেকে জনসমাগম শুরু হতে থাকলেও রাত ১০টা পর্যন্ত বনানী থেকে বিমানবন্দর সড়কে প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। এ সময় অনুষ্ঠানস্থলে ঢুকতে বিশাল লাইন পড়ে যায়।

ফোক ফেস্টের শেষদিনের সর্বশেষ পরিবেশনার জন্য মঞ্চে ওঠে বিশ্বজুড়ে পরিচিত সুফি ঘরনার ব্যান্ড জুনুন। জুনুনের সদস্যরা একে একে মঞ্চে উঠতেই চারিদিকে শুরু হয় তুমুল হর্ষধ্বনি৷ সাইওনি… গাইতেই এই গানের সুরের সঙ্গে দুলে ওঠে পুরো আর্মি স্টেডিয়াম। তরুণ প্রজন্মের নিকট অত্যাধিক জনপ্রিয় এই ব্যান্ড। দামাদামা মাস্ত কালান্দারের সময় সব বয়সীরা একই সঙ্গে কণ্ঠে এই গান।

‘সিতারোছে’, ‘তুহি মেরা মওলা শাহী’, ‘মাট্টি মে মিল যায়েঙ্গে ভুলো না, তেরি জিন্দেগি, ইয়ার মেরা দিল নেহি লাগতা ‘সহ একাধিক গান হায় বিশ্বজুড়ে জনপ্রিয় ব্যান্ডদলটি। জুনুনের সঙ্গে মেতে ওঠে এদিন আর্মি স্টেডিয়ামে সমবেত হওয়া লক্ষাধিক সঙ্গীতপ্রেমী মানুষ। রাত ১২টায় সাঙ্গ হয় এ বছরের ফোক ফেস্টের আয়োজন।

সংগীতশিল্পী রুনা লায়লার ৬৭তম জন্মদিন আজ

0

নন্দিত সংগীতশিল্পী রুনা লায়লার ৬৭তম জন্মদিন আজ। ১৯৫২ সালের আজকের এই দিনে তিনি সিলেটে জন্মগ্রহণ করেন।
উপমহাদেশের কিংবদন্তি এই সংগীতশিল্পী ক্যারিয়ারে বাংলা, হিন্দি, উর্দু মিলিয়ে মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন। বাংলা সিনেমায় গান গেয়ে শ্রেষ্ঠ নারী সংগীতশিল্পী বিভাগে ৭ বার জিতেছেন ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। সংগীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতা পদক’ও পেয়েছেন।
রুনা লায়লা ১৯৬৬ সালে উর্দু ভাষার ‘হাম দোনো’ সিনেমার ‘উনকি নাজরোঁ সে মোহাব্বত কা জো পয়গম মিলা’ গানটি দিয়ে সংগীতাঙ্গনে আলোচনায় আসেন। ষাটের দশকে তিনি নিয়মিত পাকিস্তান টেলিভিশনে গান গাইতেন। বাংলা চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন স্বাধীনতার পর। অসংখ্য বাংলা সিনেমাতে তিনি কণ্ঠ দিয়েছেন। গানের জন্য তিনি বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তানেও তুমুল জনপ্রিয়।
আজ জন্মদিন উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘ফেরাতে পারিনি’। একই সঙ্গে স্টার জলসা চ্যানেলে থাকছে ‘কে আপন কে পর’ সিরিয়ালের বিশেষ পর্ব।

ফের মা হচ্ছেন ঐশ্বরিয়া!

0

ফের মা হতে যাচ্ছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। গত কয়েকদিন ধরে বলিটাউনের অন্দরে এই চাপা ফিসফাসই শোনা যাচ্ছে। কিন্তু কেন?
চারদিন আগে ভাগ্নীর বিয়ে উপলক্ষে মুকেশ অম্বানী জমকালো এক পার্টি দিয়েছিলেন। চাঁদের হাট বসেছিল অম্বানীদের বাড়িতে। শাহরুখ, অনিল কাপুরের পাশাপাশি, অভিষেক-ঐশ্বরিয়াও উপস্থিত হয়েছিলেন সেখানে।
অভিষেক পরেছিলেন কালো সেমি ফরমাল শার্ট এবং একই রঙের ট্রাউজার্স। অ্যাশের পরনে ছিল উজ্জ্বল লাল আনারকলি। সেই অনুষ্ঠানের অ্যাশ-অভির কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই গুঞ্জন জোরালো হয়ে যায়। যে ছবিগুলো ভাইরাল হয়েছে তাদের বেশ কয়েকটিতে দেখা গিয়েছে ওড়না একটু নিচে পেটের কাছে নামিয়ে রেখেছেন মিস ইউনিভার্স।
এরপরই নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন তবে কি ‘বেবি বাম্প’ লুকোচ্ছেন ঐশ্বরিয়া? কেউ আবার লিখেছেন, তাকে তো আগের থেকে বেশ খানিকটা মোটা লাগছে। উনি কি সন্তানসম্ভবা?
যদিও এ বিষয়ে বচ্চন পরিবারের তরফ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি, তবুও চর্চা চলছে জোরকদমে। কেউ কেউ তো আবার বলছেন, আরাধ্যা হওয়ার সময়ও তো বেশ কিছুদিন প্রেগন্যান্সির কথা চেপে গিয়েছিলেন অ্যাশ। এবারেও হয়তো সেই পথেই হাঁটছেন তিনি
২০১১ সালের ১৬ নভেম্বর আরাধ্যা রাই বচ্চনের জন্ম হয়। অভিষেক-ঐশ্বরিয়ার প্রথম সন্তান। সে সময় বচ্চন পরিবার ভেসে গিয়েছিল খুশির জোয়ারে। আবারও কি ‘দাদাজি’ হতে চলেছেন বিগবি?

এবারও লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি

0

এবারও লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করানো হবে। ঢাকা মহানগরীর স্কুল পার্শ্ববর্তী শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ এলাকা কোটা সংরক্ষণ করার নির্দেশনা দিয়ে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০২০’ প্রণয়ন করে সম্প্রতি তা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

নীতিমালায় বলা হয়েছে, ভর্তি কার্যক্রম শুরুর আগেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সব প্রতিষ্ঠান থেকে কোন শ্রেণিতে কতটি আসন শূন্য রয়েছে তার তালিকা সংগ্রহ করবে। ভর্তির পর কোনো প্রতিষ্ঠান তাদের আগে পাঠানো আসন সংখ্যার চেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি করছে কি না তা যাচাই করবে। যদি কোনো প্রতিষ্ঠান ভর্তির কার্যক্রম শুরুর আগে পাঠানো শূন্য আসন সংখ্যার চেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি করে তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নীতিমালার বাইরে কোনো অবস্থাতেই শিক্ষার্থী ভর্তি করা যাবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলিজনিত কারণে তাদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে বিদ্যমান মহানগরী বা জেলা বা উপজেলা ভর্তি কমিটির সিদ্ধান্ত নিয়ে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলের পাশাপাশি এবারই প্রথম বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলির কারণে তাদের সন্তানদের ভর্তির সুযোগ রাখা হয়েছে। বদলিজনিত কারণে ভর্তির আবেদনের সময়সীমা হবে ছয় মাস। তবে শূন্য আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করানো যাবে না। অতিরিক্ত ভর্তি করাতে হলে মন্ত্রণালয় থেকে আগে থেকেই অনুমতি নিতে হবে।

নীতিমালায় সব মহানগরী, বিভাগীয় শহর ও জেলা সদরের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা সদরেও কেন্দ্রীয় অনলাইন পদ্ধতিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা বাধ্যতামূলক। তবে নিয়ন্ত্রণ বর্হিভূত কোনো কারণে অনলাইনে না করা গেলে কেবল উপজেলার ক্ষেত্রে ম্যানুয়ালি ভর্তি করা যাবে।

ভর্তি ফরম : ভর্তির ফরম বিদ্যালয়ের অফিসে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, ডিসি অফিস, বিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এবার ভর্তির আবেদন ফরমের মূল্য ধরা হয়েছে ১৭০ টাকা। সেশন চার্জসহ ভর্তি ফি শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত থেকে বেশি হবে না।

ভর্তিপরীক্ষার সময় ও মান বণ্টন : দ্বিতীয়-তৃতীয় শ্রেণি পর্যন্ত পূর্ণমান-৫০, এরমধ্যে বাংলা-১৫, ইংরেজি-১৫, গণিত-২০ নম্বর। ভর্তিপরীক্ষার সময় ১ ঘণ্টা। চতুর্থ-অষ্টম শ্রেণি পর্যন্ত পূর্ণমাণ-১০০। এরমধ্যে বাংলা-৩০, ইংরেজি-৩০, গণিত-৪০ এবং ভর্তিপরীক্ষার সময় ২ ঘণ্টা।

প্রথম-নবম শ্রেণি ভর্তি : নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করার পাশাপাশি শূন্য আসনের সমান সংখ্যক অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে। যমজ সন্তানের একজন আগে থেকে অধ্যায়নরত থাকলে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। দ্বিতীয়-অষ্টম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নবম শ্রেণির ক্ষেত্রে জেএসসি/জেডিসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট বোর্ডের প্রস্তুত করা মেধাক্রম অনুসারে নিজ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পর অবশিষ্ট শূন্য আসনে অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির জন্য নির্ধারিত ভর্তি কমিটি বাছাই করতে হবে। গ্রুপ গঠন করবে প্রতিষ্ঠান।

কোটা সংরক্ষণ : ঢাকা মহানগরীতে সরকারি বিদ্যালয় এলাকায় ওই এলাকার ৪০ শতাংশ কোটা রেখে অবশিষ্ট ৬০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মোট আসনের ১০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানদের ছেলে-মেয়ের জন্য ৫ শতাংশ, প্রতিবন্ধীদের জন্য ২ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তান এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য আরও ২ শতাংশ কোটা সংরক্ষণ করার কথা বলা হয়েছে। বিদ্যালয়গুলোর অবস্থান, শিক্ষার্থীদের সুবিধা/অসুবিধা বিবেচনা করে পরীক্ষা কমিটি বিদ্যালয়গুলোকে বিভিন্ন ক্লাস্টারে বিভক্ত করতে পারবে। শিক্ষার্থীরা আবেদন ফরমে পছন্দক্রম উল্লেখ করে দেবে।

দুই লাখ টাকা পেয়ে আবেগে কাঁদলেন কাঙ্গালিনী সুফিয়া

0

সংগীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে দুই লাখ টাকার সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। গত ২৪ অক্টোবর দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডেইলি সানের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

আজ রবিবার কাঙ্গালিনী সুফিয়ার হাতে দুই লাখ টাকা হস্তান্তর করছে মেয়র আতিকুল ইসলাম। শিল্পী কাঙ্গালিনী সুফিয়া ডিএনসিসিতে গেলে তার হাতে এই টাকা তুলে দেওয়া হয়।

জানা যায়, দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিনোদন বিষয়ক প্রতিবেদক পান্থ আফজাল কুষ্টিয়ার লালন মেলায় যান। সেখানেই দেখা হয় কাঙ্গালিনী সুফিয়ার সাথে। সেখানে প্রাথমিক কথাবার্তা বলার পর ওই প্রতিবেদক বসুন্ধরা আবাসিক এলাকার কার্যালয়ে আমন্ত্রণ জানান তাঁকে।

এরপর মেয়ে পুষ্পকে নিয়ে ২৪ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনের কার্যালয়ে আসেন সাক্ষাৎকার দিতে। সাক্ষাৎকার শেষে ডেইলি সানের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নিয়ে যান প্রতিবেদক পান্থ আফজাল। সেখানে মেয়র আতিকুল ছিলেন। তার সাথেও দেখা করিয়ে প্রতিবেদক কাঙ্গালিনী সুফিয়ার সম সাময়িক অবস্থার কথা জানান।

মেয়র কথা বলে জানতে পারেন, শারীরিকভাবে বেশ অসুস্থ কাঙ্গালিনী সুফিয়া। গলায় ব্যথা, কিডনি ও হার্টও ভালো নেই। এমন শারীরিক অবস্থায় গান গাইতেও নিষেধ করেছেন চিকিৎসকরা। তবুও অদম্য তিনি।

মেয়র আতিকুল সেদিনই শিল্পীকে দুই লাখ টাকা সহায়তার কথা জানান। এরপর বলেন, ‘আমি কাঙ্গালিনী সুফিয়ার অনেক বড় একজন ভক্ত। ছোটবেলা থেকেই তার গানের আমি ভক্ত। আজ অসুস্থতার খবর শুনে মনে হলো এই গুণী শিল্পীর জন্য আমার এগিয়ে আসা উচিৎ।’

কাঙ্গালিনী সুফিয়া প্রায় ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। গান রচনা করেছেন প্রায় ৫০০টি। তার জনপ্রিয় গানের তালিকায় আছে- ‘পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারনে’, ‘কোন বা পথে নিতাই গঞ্জে যাই’ ইত্যাদি।

কাঙ্গালিনী সুফিয়া মাত্র ১৪ বছর বয়সে গ্রাম্য একটি অনুষ্ঠানে গান গেয়ে শিল্পী হিসেবে পরিচিতি পান। এরপর বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে তার নাম অন্তর্ভুক্ত হয়। ওই সময়ই বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি মুস্তফা মনোয়ার তাকে উপাধি দেন ‘কাঙ্গালিনী’। সেই থেকে তিনি কাঙ্গালিনী সুফিয়া নামে পরিচিতি পান।

‘সরকারের দলীয় ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি’

0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দলীয় ব্যবসায়ী সিন্ডিকেটের জন্য জনগণের নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য আজ ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

আজ রবিবার মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন বিএনপি মহাসচিব। পরে তিনি জেলা বিএনপিও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলেই দেশে স্বৈরশাসন চালাচ্ছে। কাউকে কথা বলার সুযোগ দিচ্ছে না। বাংলাদেশে এখন কোনো গণতন্ত্র নেই।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় সরকার ফরমাইশি রায়ে তাকে আটকে রেখেছে, মানবিক কারণ দেখিয়েও তার জামিন মিলছে না। দেশের জনগণ এই অনির্বাচিত সরকারের শাসনের কবল হতে মুক্তি চায়।

এ সময় বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদন কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা তীরের ২৭ প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

0

পরিবেশগত ছাড়পত্র না থাকায় বুড়িগঙ্গা তীরের ২৭টি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাজধানীর সদরঘাট থেকে শ্যামপুর পর্যন্ত এলাকায় বুড়িগঙ্গা নদীর উত্তর পাড়ের এসব প্রতিষ্ঠান ১৫ দিনের মধ্যে বন্ধে পরিবেশ অধিদপ্তরের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বুড়িগঙ্গা দুষন নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে শোকজ করেছেন হাইকোর্ট। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ রবিবার এসব আদেশ দেন।

সূত্র জানায়, ওয়াসার পক্ষ থেকে লিখিতভাবে হাইকোর্টকে জানানো হয়েছে, বুড়িগঙ্গায় ওয়াসার কোনো সুয়ারেজ লাইন নেই। তবে পরিবেশ অধিদপ্তর থেকে পৃথক এক প্রতিবেদন দিয়ে বলেছে, ওয়াসার অনেক সুয়ারেজ লাইন রয়েছে। এ অবস্থায় আদালতের আদেশ অমান্য করা এবং মিথ্যা তথ্য দেওয়ায় কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে শোকজ করেছেন হাইকোর্ট। তাকে ১৫ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক আবেদনে হাইকোর্ট বুড়িগঙ্গা তীরের ২৭টি প্রতিষ্ঠান বন্ধের আদেশ দেন। আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বিআইডব্লিউটিএ’র পক্ষে আইনজীবী ছিলেন সৈয়দ মফিজুর রহমান। ওয়াসার পক্ষে লিখিত জবাব দাখিল করেন ব্যারিস্টার এ এম মাছুম।

যে ২৭টি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে তা হলো- মেডিকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতাল ও রিভারসাইট হাসপাতাল লিমিটেড, চাঁদনি টেক্সটাইল মিলস, কদমতলী ডায়িং অ্যান্ড প্রিন্টিং, টিপিআই টেক্সটাইল প্রসেসিং ইন্ডাস্ট্রি, নুরানী টেক্সটাইল মিলস, এ মজিদ অ্যান্ড সন্স ডায়িং, খাদিজা টেক্সটাইল প্রসেসিং অ্যান্ড প্রিন্টিং, অগ্রনী ডায়িং অ্যান্ড প্রিন্টিং, সুবর্ণা ডায়িং অ্যান্ড প্রিন্টিং, মাসুদ টেক্সটাইল, সোনিয়া ডায়িং অ্যান্ড প্রিন্টিং, জেদ্দা ডায়িং, সেবা টেক্সটাইল প্রসেসিং লিমিটেড, মলিনা টেক্সটাইল লিমিটেড, শামস ডায়িং, এম জে ডায়িং, রাফসান ডায়িং, আজিজ মেটাল, আলিফ মেটাল, এনএক্স করপোরেশন, অগ্রণী মল্ডিং, মতলব আয়রন, পারফেক্ট ওয়্যার, এসএস ইলেক্ট্রপ্লেটিং ওয়ার্কস, খান রেডিমিক্স ও মোহাম্মদীয়া পাইপ।

পরিবেশ অধিদপ্তরের দাখিল করা প্রতিবেদনে বলা হয়, কেরানীগঞ্জের চর রঘুনাথপুর, কামরাঙ্গিরচর, জিনজিরা, সদরঘাট, ওয়াইজঘাট, বাদামতলী, বাবুবাজার, মিটফোর্ড, শামপুর, কদমতলী, ফতুল্লা, ধালাইখাল, মিলব্যারাক, ফরিদাবাদ, গোসাইবাড়ি, মিলব্যারাক মাজার, লালবাগের সোয়ারীঘাট ও নলখোলা এলাকায় ৫০টি স্থান দিয়ে ওয়াসার সুয়ারেজ লাইনের মাধ্যমে দূষিত বর্জ্য বুড়িগঙ্গায় ফেলা হচ্ছে। কিন্তু ওয়াসার আইনজীবীর স্বাক্ষরিত এক প্রতিবেদনে বলা হয়, ওয়াসার সুয়ারেজ লাইন দিয়ে বুড়িগঙ্গার কোথাও বর্জ্য ফেলা হয়না। এই দুই প্রতিবেদন দেখার পর ওয়াসার এমডিকে শোকজ করেন হাইকোর্ট।

এইচআরপিবির করা এক রিট মামলায় হাইকোর্ট ২০১১ সালে এক রায়ে বুড়িগঙ্গা নদীর তীর থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। এছাড়া নদীর পানি যাতে দুষিত না হয় সেজন্য সব ধরণের বর্জ্য ফেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়। এই রায়ের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু এখনও কিছু শিল্প প্রতিষ্ঠান থেকে তরল বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। যা নদীর পানিকে দূষিত করছে। যা এইচআরপিবি’র পক্ষ থেকে আদালতের নজরে আনা হয়। হাইকোর্ট গত ১৩ অক্টোবর এক আদেশে পরিবেশ অধিদপ্তরের কাছে প্রতিবেদন চান। এ অবস্থায় পরিবেশ অধিদপ্তর প্রতিবেদন দাখিল করে।

গ্রান্ড দুবাই এয়ার শোতে প্রধানমন্ত্রীর যোগদান

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনব্যাপী ষোড়শ দ্বিবার্ষিক এয়ার শো ইভেন্ট ‘দুবাই এয়ার শো-২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

দুবাইয়ের ভবিষ্যত বিমানবন্দরের (দুবাই আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবেও পরিচিত) দুবাই ওয়ার্ল্ড সেন্টারে এই এয়ারশোটি শুরু হয়েছে।

১৭ থেকে ২১ নভেম্বর প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুবাইয়ের আকাশে দ্বিবার্ষিক এই এয়ার শোটি অনুষ্ঠিত হবে। এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে সফল এয়ার শো এবং মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকা বৃহত্তম এরোস্পেস ইভেন্ট।

বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে এই এয়ারশো-তে অংশ নেন।

পরে তিনি দুবাই ওয়ার্ল্ড সেন্টারে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফ্লাইং ডিসপ্লে উপভোগ করেন।

এ বছর সারা বিশ্বের ৮৭ হাজারের বেশি ট্রেড ভিজিটর ও ১ হাজার ৩শ’র বেশি এক্সিবিটর দুবাইয়ের ভবিষ্যৎ বিমান বন্দর দুবাই ওয়ার্ল্ড সেন্টারে এ উপলক্ষে সমবেত হয়েছেন। এছাড়াও এতে ১৬০টি দেশ থেকে ১৬৫টি বিমান অংশ নিচ্ছে।

এটি ২০১৭ সালে অনুষ্ঠিত এয়ার শো সাফল্যকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ২০১৭ সালের এই শোতে ১১৩ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি মূল্যে অর্ডার পাওয়া গিয়েছিল। এর মধ্যে ছিল এয়ারবাসের কাছে ৪৩০টি বিমানের জন্য ৪৯ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের ইন্ডিগো পার্টনার্স অর্ডার এবং ফ্লাইদুবাইয়ের সাথে বোয়িংয়ের ২৭ বিলিয়ান মার্কিন ডলার চুক্তি।

১৯৮৯ সালে দুবাই এয়ার শোটি প্রথম প্রদর্শিত হয়। এটি এখন বেসামরিক বিমান শিল্পের জন্য একটি বৈশ্বিক প্লাটফরমে পরিণত হয়েছে। এখানে বিশ্বের বিমান প্রস্তুতকারক এখানে তাদের প্রস্তুতকৃত নতুন মডেলের বিমান প্রদর্শন ও বিক্রয় করেন। পাশাপাশি, এখানে প্রাইভেট ও পাবলিক সেক্টরের কোম্পানিগুলো নতুন নতুন প্রযুক্তি, সুযোগ এবং এই শিল্পের প্রতিবন্ধকতাগুলো নিয়েও আলোচনা করতে পারেন।

ইউএই’র বিমান কোম্পানিগুলো বেশ কিছু নতুন অর্ডার ঘোষণা করে ও তাদের আগের চুক্তিগুলো নিশ্চিতের মাধ্যমে একে এই অঞ্চলের সবচেয়ে সফল ও বৃহত্তম প্রদর্শনিতে পরিণত করতে পারবে বলে আশা করা হচ্ছে।

পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সম্মানে আবু ধাবির শাংরিল-লা হোটেলে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহম্মদ ইমরান আয়োজিত এক নৈশভোজে তিনি যোগ দেবেন। প্রধানমন্ত্রীর সফরকালীন সময়ে এই হোটেলেই অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী দুবাই এয়ার শো-২০১৯ ও অন্যান্য অনুষ্ঠানে যোগ দিতে চার দিনের সরকারি সফরে শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাত পৌঁছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী ১৮ নভেম্বর আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশীদের ভোটার তালিকা প্রণয়ন শুরু এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে নির্বাচন কমিশনের অনুষ্ঠান উদ্বোধন করবেন।

শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে তাঁর চার দিনের সফর শেষে ১৯ নভেম্বর দেশে ফিরবেন।

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে; কাল শপথ

0

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হচ্ছেন গোটাবায়া রাজাপাকসে। ৫.২ শতাংশ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পার্টির সজিথ প্রেমদাসাকে পরাজিত করেছেন তিনি। আগামীকাল সোমবার তিনি শপথ নেবেন বলে জানা গেছে। এদিকে, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর গোটাবায়া রাজাপাকসেকে টুইট করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে মোদি লিখেছেন, রাজাপাকসে আপনাকে অভিনন্দন। আশা করব আমরা একসঙ্গে কাজ করতে পারব।

জানা গেছে, গোটাবায়া রাজাপাকসে প্রায় ৫৪ শতাংশ ভোট পেয়েছেন। সিঙ্ঘলি এলাকার ভোট গণনার আগেই ৪৫ শতাংশ ভোট পেয়ে গিয়েছিলেন তিনি। পিছিয়ে ছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বি সাজিথ প্রেমদাসা। ওই এলাকার ভোট গণনার পর স্পষ্ট হয়ে যায় ফের শ্রীলঙ্কার ক্ষমতা যাচ্ছে রাজাপাকসের পরিবারের হাতেই।

গোটাবায়া রাজাপাকসে শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসের ভাই। শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিবও ছিলেন গোটাবায়া রাজাপাকসে। তিনি সেনাবাহিনীতেও কাটিয়েছেন দীর্ঘদিন। এমনকি এলটিটিইর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের অবসানও তাঁর হাত ধরেই।

এই নির্বাচনে সন্ত্রাসকেই ইস্যু করেছিলেন রাজাপাকসেরা। গত এপ্রিলে চার্চ থেকে হোটেল, পার্ক–কলম্বো শহরে বিস্ফোরণে প্রাণ গিয়েছিল আড়াইশ’র বেশি মানুষের। সেই ক্ষত এখনও দগদগে। ভোট প্রচারে সেটাকেই হাতিয়ার করেছিলেন গোটাবায়া রাজাপাকসে। শাসক প্রেমাদাসার বিরুদ্ধে সন্ত্রাস মোকাবিলায় ব্যর্থতার অভিযোগকে বারবার তুলে ধরেছিলেন তিনি। অনেকের মতে, সেটাতেই অর্ধেক কাজ হয়ে গিয়েছিল।

রাজাপাকসে পরিবারের সঙ্গে বেজিং-এর ঘনিষ্ঠতা রয়েছে। ২০২০ সালের শুরুতেই আবার শ্রীলঙ্কার সংসদীয় নির্বাচন। মনে করা হচ্ছে, সেই ভোটে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নামবেন মহিন্দা রাজাপাকসে। তিনি জিতে গেলে পুরো শাসন ব্যবস্থাই চলে যাবে ওই পরিবারের হাতে।

সূত্র : দ্য ওয়াল, ইটিভি ভারত