Home Blog Page 3349

শেখ হাসিনার সফর ঘিরে যেসব প্রস্তুতি নিচ্ছে ইডেন

0

কলকাতার আমন্ত্রণে সাড়া দিয়ে শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতার দমদম বিমানবন্দরে নামবেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আসতে এয়ারপোর্ট যাবেন স্বয়ং বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ‌্যায়। সঙ্গে সিএবির চার পদাধিকারী। রাজ‌্য সরকারের তরফ থেকে যাবেন মেয়র ববি হাকিম।

এয়ারপোর্ট থেকে নেমে সোজা হোটেল। সেখানে কিছুক্ষণ থেকে ইডেনে চলে আসবেন দুপুর সাড়ে ১২টায়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন‌্য বিশেষ ঘর তৈরি হচ্ছে। ট্রাস্টি বোর্ডের ঘর নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। ইডেনে এসে প্রথমে ওই ঘরেই বসবেন হাসিনা। তারপর ম‌্যাচ শুরুর আগে ইডেন বেল বাজাবেন। সেখান থেকে বক্সে যাবেন। সেই বক্সেও বেশ কিছু জিনিস বদলাতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলকাতা সফর নিয়ে খবর প্রকাশ করা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, শনিবার বাংলাদেশ থেকে নিরাপত্তার একটা টিম ইডেনে পরিদর্শনে এসেছিল। সঙ্গে ছিল ডেপুটি হাইকমিশনের লোকও। সিএবি’র কর্মকর্তাদের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক। সেখানে বেশ কিছু নির্দেশিকা দিয়ে গিয়েছে তারা।

নির্দেশমালার মধ্যে আছে-

১. ইডেনের লিফটে সামান‌্য সমস‌্যা রয়েছে। সেটা মেরামত করতে বলা হয়েছে।

২. শেখ হাসিনার বক্সে হটলাইন ফেসিলিটি রাখতে হবে।

৩. বক্সে এসির জায়গা বদল করতে হবে।

৪. হেঁশেলে সিসিটিভি থাকতে হবে।

৫. শেখ হাসিনার জন‌্য যা খাবার-দাবার হবে, তা প্রধানমন্ত্রী খাওয়ার আগে অন‌্য কেউ পরীক্ষা করে দেখে নেবেন।

বক্সে বসে কিছুক্ষণ খেলা দেখবেন প্রধানমন্ত্রী। তারপর তিনি আবার হোটেলে ফিরে যেতে পারেন। খেলা শেষ হওয়ার আধঘণ্টা আগে ইডেনে আসবেন। রাতে সংবর্ধনা অনুষ্ঠান। সেসবের পর রাতের বিমানেই আবার বাংলাদেশ উড়ে যাবেন তিনি।

আরো বলা হয়, সেখানে সমস্ত সিএবি সদস‌্যরাও ক্লাবহাউস সংলগ্ন জায়গায় থাকতে পারবেন না। সিএবিকে বলে দেওয়া হয়েছে, কিছু কর্তা থাকতে পারবেন। তবে তা আগে থেকেই তালিকা করে জানিয়ে দিতে হবে। তার বাইরে একজন লোকও থাকতে পারবেন না।

সূত্র: সংবাদ প্রতিদিন

বনানীর টাওয়ারে অগ্নিকাণ্ড, তিনজন কারাগারে

0

বনানীর একটি টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ওই টাওয়ারের অন্যতম মালিক এসএমএইচআই ফারুকসহ তিনজনকে জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রবিবার অভিযুক্তরা ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করেন। পরে জামিন বাতিল করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন, ভবনের অন্যতম মালিক এসএমএইচআই ফারুক, রাজউকের সাবেক ইমারত পরিদর্শক আওরঙ্গজেব সিদ্দিকী (নান্নু) ও শওকত আলী।

এর আগে এই তিনজন একই আদালত থেকে জামিন পান। সেই জামিন বাতিল চেয়ে আবেদন করে দুদক। গত ৫ নভেম্বর তাদের জামিন বাতিল করে আদেশের অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত। এরপর আজ আদালতে আত্মসমর্পণ করলে জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদাবরে গৃহবধূকে হত্যা

0

রাজধানীর আদাবরে নাসিমা আক্তার হাসিনা (৩৬) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী মো. ডাবলু হাওলাদার পালতক হয়েছেন। ধারণা করা হচ্ছে তাঁকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে স্বামী।

আজ রবিবার সকালে আদাবরের একটি আবাসিক এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

গৃহবধূ হত্যার বিষয়টি আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হাসিনা ও ডাবলু আদাবরের ওই আবাসিক এলাকার ১০ নম্বর রোডের একটি দোতলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। তাদের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জে। হাসিনা ও ডাবলুর এটি দ্বিতীয় বিয়ে ছিল বলে জানান ওসি।

ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

‘পেঁয়াজ নিয়ে অযথা কেলেঙ্কারি হয়েছে, চাল নিয়ে যেন না হয়’

0

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, পেঁয়াজের দামের মতো চালের দামও যেন অস্বাভাবিক পর্যায়ে চলে না যায়, সে ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে।

আজ রবিবার সকালে খাদ্য ভবনে চালকল মালিকদের সঙ্গে এক বৈঠকের শুরুতে তিনি এ মন্তব্য করেন।

আমাদের চালের মজুদ অনেক বেশি জানিয়ে তিনি বলেন, পেঁয়াজ নিয়ে অযথা একটা কেলেঙ্কারি হয়েছে। চাল নিয়ে পেঁয়াজের মতো এরকম যেন না হয়, সেজন্য আপনাদের ডেকেছি।

তিনি বলেন, পেঁয়াজের দামের মতো চালের দাম নিয়েও যেন কোনো সমস্যা না হয়, সহনীয় বাজার যেন অস্বাভাবিক পর্যায়ে চলে না যায়। বাজার সহনীয় রাখতে হবে। এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন।

মন্ত্রী বলেন, কয়েকদিন ধরে পত্র-পত্রিকায় দেখছি চালের দাম বাড়ছে। তিনি বলেন, ফাইন রাইসের (ভালোমানের চাল) দাম কিছুটা বেড়েছে, তবে দাম যেন অসহনীয় পর্যায়ে না যায়।

আরও ৬ দিনের রিমান্ডে ক্যাসিনো সম্রাট

0

ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি (বহিষ্কৃত) ইসমাইল চৌধুরী সম্রাটের আরও ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তাঁর এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আজ রবিবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আরও কয়েকটি মামলায় কয়েক দফা রিমান্ডে নেওয়া হয় তাকে।

এর আগে সকালে পুলিশ কারাগার থেকে আদালতে হাজির করে সম্রাটকে। এ সময় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে দুদক। অপরদিকে, রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়-ঢাকা-১ এ সম্রাটের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

গত ১৮ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর সম্রাটের নাম আলোচিত হয়। তাকে নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। সম্রাটকে গ্রেপ্তারেও মাঠে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে গত ৬ অক্টোবর ভোর ৫ টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাটকে ও তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করা হয়। আরমান মদ্যপ অবস্থায় থাকায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কুমিল্লা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। সম্রাটকে ঢাকায় নিয়ে আসা হয়।

এরপর ওইদিনই সম্রাটের কার্যালয় রাজধানীর কাকরাইলের ভূঁইয়া ট্রেড সেন্টারে অভিযান চালায় র‌্যাব। ভবনটির চারতলায় সম্রাটের বিশ্রাম কক্ষ থেকে এক হাজার পিস ইয়াবা ও সংরক্ষণের আড়াই হাজার জিপার প্যাকেট উদ্ধার করে র‌্যাব। সম্রাটের কক্ষে একটি লাগেজ থেকে ১৯ বোতল মদও উদ্ধার করা হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

একইদিন সন্ধ্যায় র‌্যাব-১ এর ডিএডি আবদুল খালেক বাদী হয়ে রমনা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করেন। এই দুই মামলায় সম্রাট আসামি। আর মাদকের মামলায় সম্রাট ও আরমান দুজনকেই আসামি করা হয়। আরমান এখনও রিমান্ডে আছেন।

স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে নির্মল ও বাবু

0

তৃতীয় জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে নির্মল রঞ্জন গুহ ও আফজালুর রহমান বাবু। এছাড়া ঢাকা উত্তরের সভাপতি ইসহাক ও সাধারণ সম্পাদক নাইম আর ঢাকা দক্ষিণের সভাপতি রিপন ও সাধারণ সম্পাদক তারেককে নির্বাচিত করা হয়েছে।

আজ শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কাউন্সিল অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণা ক‌রেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নবনির্বাচিত সভাপতি নির্মল রঞ্জন গুহ সংগঠ‌নের আগের ক‌মি‌টির সহ-সভাপ‌তি এবং স‌ম্মেলন প্রস্তু‌তি ক‌মি‌টির আহ্বায়‌কের দা‌য়িত্বে ছি‌লেন। অন্যদিকে বাবু সংগঠ‌নের সহ-সভাপ‌তির দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন।

আজ সকাল ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি সম্মেলনস্থলে পৌঁছলে স্লোগান আর করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। নেত্রীকে বরণ করে নেন সম্মেলন প্রস্তুতি কমিটির সংশ্লিষ্টরা। মঞ্চে উঠে শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন। পরে শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে এবং জাতীয় সঙ্গীত গেয়ে সম্মেলন উদ্বোধন করেন তিনি। এসময় ৬৪ জেলার প‌ক্ষে স্বেচ্ছাসেবক লীগের পতাকা একযোগে উত্তোলন ক‌রেন জেলা সভাপ‌তিরা।

সম্মেলনে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আা ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, দলের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

১৫ টাকার পেঁয়াজই বিক্রি হচ্ছে ২৫০ টাকায়!

0

ছয় মাস আগে কৃষকরা যে পেঁয়াজ বিক্রি করেছেন ১৫ থেকে ১৭ টাকায়, বর্তমানে সে পেঁয়াজই বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। কৃষকরা বলছেন, ব্যবসায়ীরা মজুদ করার পরই পেঁয়াজের দাম বাড়া শুরু করে। এক্ষেত্রে ধান-চালের মতো পেঁয়াজের ক্ষেত্রেও সরকারি তদারকির দাবি জানান তারা। কৃষি কর্মকর্তারা বলছেন, এ বছর বাজারে পেঁয়াজের ভালো দাম থাকায় সামনের মৌসুমে উৎপাদন বাড়বে।

বাংলাদেশের বার্ষিক পেঁয়াজের চাহিদা ২৬ লাখ টন। যার মধ্যে স্থানীয় উৎপাদন ১৮ লাখ টন। বাকি চাহিদাপূরণে ৮ লাখ টন পেঁয়াজ আমদানি করা হয়। যার বেশিরভাগই আসে পাশের দেশ ভারত থেকে। দেশটি মাস তিনেক আগে পেঁয়াজের রপ্তানি মূল্য দ্বিগুণের বেশি করে। তখন থেকেই হু হু করে দেশের বাজারে বাড়তে থাকে পেঁয়াজের দাম।

একটু পেছনে ফিরলেই দেখা যায়, দেশের পেঁয়াজের প্রধান মৌসুমে ছয় মাস আগে কৃষকদের প্রতি মণ পেঁয়াজ বিক্রি করতে হয়েছে ৫০০ থেকে ৭০০ টাকায়। কৃষক থেকে ব্যবসায়ীদের হাতে যাওয়ার পরই দাম বাড়তে থাকে পেঁয়াজের।

আগাম জাতের যে পেঁয়াজ লাগিয়েছেন কৃষকরা তা উঠতে শুরু করবে কয়েকদিনের মধ্যেই। যদিও এ পেঁয়াজও বৃষ্টির কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান কৃষকরা।

ভালো দাম থাকায় কৃষক কিছুটা আগেই মুড়িকাটা পেঁয়াজ তুলবেন বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। যদিও এ পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, এ বছর পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা বেশি আগ্রহী হচ্ছেন। পেঁয়াজের চাষ এ বছর বেড়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাটোর জেলার উপ-পরিচালক সুব্রত কুমার সরকার বলেন, অক্টোবর মাসের শেষের দিকে বৃষ্টিপাতের কারণে আগাম পেঁয়াজ আসতে কিছুটা বিলম্ব হয়েছে। বাজার ভালো থাকায় কৃষকরা পেঁয়াজের আবাদ বাড়াচ্ছে।

সারাদেশে ২ লাখ ১৫ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়। গত পাঁচবছরে ধারাবাহিকভাবে বেড়েছে পেঁয়াজের উৎপাদনও। তাই কৃষক পর্যায়ে ন্যায্য দাম নিশ্চিত করতে পারলে স্থানীয়ভাবেই পেঁয়াজের চাহিদা মেটানো অসম্ভব নয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখতে বিদেশিরাও ছুটে আসবে

0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে সবুজে ঘেরা পরিবেশে নির্মাণ করা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। যা দেখতে শুধু এশিয়া মহাদেশ থেকে না সারা বিশ্বের মানুষ দর্শনার্থী হয়ে আসবে।

আজ শনিবার বেলা ১২টায় কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদি এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস প্রকল্প জমি অধিগ্রহণে ক্ষতিগস্ত ব্যক্তিদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে বেশি লাভবান হবে কেরানীগঞ্জ বাসী। এই বিশ্ববিদ্যালয়ের ডিজাইন এতোই উন্নত ও আধুনিক হবে যা দেখার জন্য বাংলাদেশে আসা যেকোনো বিদেশি দর্শনার্থীরাও ছুটে আসবে। আর এই প্রকল্পের মোট ব্যয় হবে ১০ হাজার কোটি টাকা। ইতিমধ্যে ২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে জমির অধিগ্রহণ ও সীমানা প্রাচীর এবং লেক নির্মাণসহ ছোটসংখ্যক কাজের ব্যয় হিসেবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ জনগণের শেষ আশ্রয়স্থল বলেই জমির মালিকের মনে যেন কোনো দুঃখ না থাকে সে জন্য প্রত্যেকে জমির বর্তমান মূল্যের চেয়ে ৩ গুণ বেশি টাকা দেওয়ার কথা বলেছেন। আর এই টাকা যেন সঠিক ব্যক্তিরা পায় সেই দিকেও কঠোর নজর রাখতে বলেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল কাজ করা হবে। এই বিশ্ববিদ্যালয়ে চতুর্দিকে লেক, মাঠ, গাছপালায় ভরা থাকবে এবং ট্রাম থাকবে ছাত্র-ছাত্রীরা যাতে এক হল থেকে অন্য হলে যেতে পারে। বিশ্ববিদ্যারয়ের জন্য এ এলাকার রাস্তার প্রসস্থ হবে ৮০ ফিট, নদীর পাড়ে জেটি থাকবে ঘাট থাকবে।

অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

তিনি বলেন, সর্বপ্রথম আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরিতে আপনারা যারা আপনাদের পৈতৃক জমি দিয়ে এই মহান কাজে সহযোগিতা করেছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি করতে যারা জমি দিয়েছেন আমি মনে করি তারা কেউ ক্ষতিগ্রস্ত হয়ননি, তারা উল্টো লাভবান হয়েছেন। কারণ এই বিশ্ববিদ্যালয় হবে একটি আন্তর্জাতিক মানের সুদর্শন স্থান, এখানকার স্থানীয় ছেলেমমেয়েরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য অনেক সহজেই আসা যাওয়া করতে পারবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাগণ।

ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে ইসহাক-নাইম

0

আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইসহাক ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাইমের নাম ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউশনে আয়োজিত স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে মহানগর উত্তরের দুটি পদে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে রিপন-তারিক

0

ঢাকা মহানগর দক্ষিণে স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপতি হিসেবে কামরুল হাসান রিপন এবং সাধারণ সম্পাদক হিসেবে তারিক সাঈদের নাম ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার স্বেচ্ছা‌সেবক লী‌গের তৃতীয় স‌ম্মেল‌নের দ্বিতীয় প‌র্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা ক‌রেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নবনির্বাচিত সভাপতি কামরুল হাসান রিপন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি। আর সাধারণ সম্পাদক তারিক সাঈদ মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।