Home Blog Page 3353

দেশে ফিরলেন সেই সুমি, সঙ্গে ৯১ নির্যাতিত নারী

0

সৌদি আরবে নির্যাতনের শিকার সেই গৃহকর্মী সুমি আক্তার অবশেষে দেশে ফিরেছেন। আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় এয়ার অ্যারাবিয়ার জি৯-৫১৭ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সুমি।

একই সঙ্গে সৌদি থেকে দেশে ফিরেছেন নির্যাতনের শিকার আরও ৯১ নারী গৃহকর্মী।

বিমানবন্দরে সুমিকে গ্রহণ করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক জহিরুল ইসলাম। তিনি বলেন, বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে তাকে পঞ্চগড়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে সুমিকে মা-বাবার কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এদিকে সুমির দেশে ফেরার খবরে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন গণমাধ্যমকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন তাঁর স্বামী নুরুল ইসলাম ও তাঁদের দুই সন্তানও। তাঁদের সবাইকে এড়িয়ে টার্মিনাল-১ দিয়ে সুমিকে বের করে নিয়ে যাওয়া হয় বিমানবন্দর থেকে। পরে নুরুল ইসলামও সন্তানদের নিয়ে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন।

গত ৩০ মে আশুলিয়ার চারাবাগ এলাকার নূরুল ইসলামের স্ত্রী সুমি ‘রূপসী বাংলা ওভারসিজ’র মাধ্যমে সৌদি আরব যান। সেখানে যাওয়ার পর থেকেই স্বজনদের কাছে তার ওপর নির্যাতনের ঘটনা বলতেন সুমি। দালালরা বিদেশে পাঠানোর কথা বলে তাকে যে বিক্রি করে দিয়েছে সে কথা জানতেন না সুমি। সৌদি যাওয়ার সপ্তাহখানেক পর থেকে শুরু হয় তাঁর ওপর মারধর, যৌন হয়রানিসহ নানা নির্যাতন।

গত অক্টোবর মাসের মাঝামাঝি ফেসবুকে কান্নাজড়িত কণ্ঠে নিজের ওপর পাশবিক নির্যাতনের কথা বলে সুমি তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান। পরে ভিডিওটি ভাইরাল হয়। এ নিয়ে গত দুই দিনে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সুমি আক্তারকে ফেরাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পরে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কার্যালয় থেকে কর্মকর্তারা সুমির সঙ্গে যোগাযোগ করেন। এরপরই তাঁকে পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়।

সুমির পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার রাতে তাঁকে তাঁর কর্মস্থল জেদ্দার দক্ষিণ-দক্ষিণে নাজরান এলাকার কর্মস্থল থেকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। পরদিন মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এসব তথ্য কালের কণ্ঠকে জানান সুমির স্বামী নূরুল ইসলাম।

নূরুল ইসলাম ওইদিন বলেছিলেন, ‘ঘণ্টাখানেক আগে (মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে) সুমির সঙ্গে আমার কথা হয়েছে। সে ভালো আছে। সুমি বলেছে, তাকে সৌদি পুলিশ উদ্ধার করে সৌদিতে নিযুক্ত বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে। সে আগামী দুই তিন দিনের মধ্যে দেশে চলে আসতে পারবে। তার পাওনাদিও পরিশোধ করে দিয়েছে সুমিকে কাজে নিযুক্ত করা ব্যক্তি। তবে সুমি তার মালামাল আনতে পারেনি।’

জানা যায়, রাতে সুমিকে থানায় নিয়ে আসা হলেও তার ওখানকার নিয়োগকর্তা (কফিল) তাঁকে ছাড়তে চাইছিলেন না। তিনি সুমিকে আরও রাখতে চাচ্ছিলেন। কারণ ওখানে সুমিকে নিতে তাঁর অনেক টাকা খরচ হয়েছে। ওই টাকার কী হবে। সুমিকে ছাড়তে হলে যারা বাংলাদেশ থেকে মধ্যস্থতা করে (রাজধানী ঢাকার রূপসী বাংলা ওভারসিজ) তাঁকে সেখানে পাঠিয়েছে, তাদের কাছ থেকে অর্থ আদায় করে দিতে চাপ দিচ্ছিলেন তিনি।

ক্যালিফোর্নিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলায় দুই শিক্ষার্থী নিহত

0

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাইস্কুলে বন্দুকধারীর হামলায় হামলায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় সকালে সান্তা ক্ল্যারিতায় এ ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় একটি হাসপাতাল।

সিএনএন জানায়, লস অ্যাঞ্জেলেস থেকে ৩০ মাইল দূরে সগাস হাইস্কুলে অজ্ঞাতপরিচয় ওই বন্দুকধারী এ হামলা চালায়। নিরাপত্তাকর্মীরা স্থানীয়দের স্কুলের রুম থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

কিছুদিনের মধ্যে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসবে

0

মিশর ও তুরস্ক থেকে কিছুদিনের মধ্যে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে চলে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। তিনি বলেছেন, বিদেশ থেকে আমদানিকৃত পেঁয়াজ জেলায় জেলায় পাঠানো হবে। টিসিবি ট্রাকে করে তা বিক্রি করবে। এতে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

আজ বৃহস্পতিবার রাতে একাদশ সংসদের পঞ্চম অধিবেশনে সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে তিনি আরো বলেন, ভারতের মাত্র একটি রাজ্যে ছাড়া গোটা ভারতে পেঁয়াজ এক শ রূপি কেজিতে বিক্রি হচ্ছে। ভারতও পেঁয়াজ আমদানী করছে। এক্ষেতেও আমরাও বসে নেই। মিশর, তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে আমরা পেঁয়াজ আমদানি করছি।

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা মর্যাদার আসনে নিয়ে এসেছি। আমি জানি দেশের কিছু লোকের এটা পছন্দ হয় না। একটি চক্র আছে যারা নানাভাবে একটা ঘটনা ঘটিয়ে দেশের বিরুদ্ধে একটা বদনাম করতে পারলেই বেশি খুশী হয়।

তিনি বলেন, পদ্মা সেতুর মতো একটি বড় প্রকল্প বন্ধ করার জন্য যারা বিদেশে তদ্বির করে বিশ্বব্যাংকের টাকা বন্ধ করে দেয়, তারা দেশের কতবড় শত্রু সেটা সবাইকে বিবেচনা করতে হবে। এরা কখনো জনগণের স্বার্থ দেখে না, নিজের স্বার্থ দেখে। কিন্তু সকল চক্রান্ত-ষড়যন্ত্র ভেদ করেই আমরা এগিয়ে যাচ্ছি, দেশ এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা পালন করবো ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে। বাংলাদেশ বিজয়ের পতাকা নিয়েই বিশ্বে মাথা উচুঁ করে চলবে।

ট্রেন দুর্ঘটনা নিয়ে বিরোধী দলের নেতার বক্তব্যের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনা দুর্ঘটনাই। কুয়াশার কারণে বিবাড়িয়ার কসবায় রেল দুর্ঘটনায় কিছু মানুষ মারা গেছে। সঙ্গে সঙ্গে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা আছি। উল্লাপাড়ায় আরেকটি দুর্ঘটনা ঘটেছে। কিছু মানুষ আহত হয়েছে। এসব দুর্ঘটনার পেছনে কোনো চক্রান্ত বা দুরভিসন্ধি আছে কি না, তা তদন্ত করে ব্যবস্থা নেব। কারণ দেশে একটা ঘটনা ঘটার পর পরই আরো ঘটনা ঘটে। এর পেছনেও কিছু আছে কি না, তা খুঁজে বের করতে হবে।

তিনি আরো বলেন, বিএনপির আমলে রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করে দিচ্ছি। রেলে জনবল নিতে হবে, প্রশিক্ষণও দিতে হবে। তবে একটা দুটো ট্রেন দুর্ঘটনার কারণে যদি ট্রেন বন্ধ করতে হয়, তবে গাড়ি দুর্ঘটনার পর কী গাড়িও বন্ধ করে দিতে হবে? কোথায় কখন মেট্টোরেল দুর্ঘটনা ঘটেছে বলে আমরা তৈরি করা বন্ধ করে দেব? বিমানও ক্র্যাশ হয়, আবার হারিয়েও যায়। তবে কী বিমানও বন্ধ হয়ে যাবে। কেউ তো বিমানে চলাচল বন্ধ করেনি। সময় ও গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আধুনিক প্রযুক্তি নিয়ে অবশ্যই চলতে হবে।

প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, সমাজ থেকে অনিয়ম দূর করার জন্য সন্ত্রাস-দুর্নীতি-মাদকবিরোধী অভিযান চলছে, তা অব্যাহত থাকবে।

মাদক-সন্ত্রাসনামক দুষ্টচক্র থেকে সমাজকে রক্ষা করতে হবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে, তার কারণ সামরিক স্বৈরাচাররা অবৈধ ক্ষমতাকে বৈধ করতে দুর্নীতিকে নীতি হিসেবে গ্রহণ করেছিল, দুর্নীতির সুযোগ করে দিতে একটা এলিট শ্রেণি তৈরি করেছিল। দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ছিল না। তখন দেশের মানুষ থেকেছে অবহেলিত, বঞ্চিত। যার কুফলটা আমাদের দেশ ও সমাজ ভোগ করে। অতীত সরকারের সময় (বিএনপি) পুরস্কার না পেয়ে বারবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়নের তিরস্কার পেয়েছে বাংলাদেশ। তার পরেও দুর্নীতির বিষাক্ত জিনিস সবার মাঝে, প্রতিস্তরে ছড়িয়ে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে যে অভিযান শুরু করেছি, তা অব্যাহত থাকবে। আমাদের উন্নয়নের কর্মসূচি যথাযথভাবে কার্যকর হয় সেই ব্যবস্থা করে যাব।

খাদ্য ভেজাল সম্পর্কে তিনি বলেন, মানুষের চরিত্র বদলায় না। সরকার অভিযান চালাচ্ছে বলেই মানুষ জানতে পারছে খাদ্যে ভেজাল রয়েছে। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান আছে, চালিয়ে যাব। তবে ভেজাল খেয়ে খেয়ে আমরা মনে হয় অভ্যস্ত হয়ে গেছি, কারণ গড় আয়ু বেড়ে গেছে। গড় আয়ু এখন ৭২ বছরে উন্নীত হয়েছে।

শিক্ষকদের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার আসার পর সবার যত বেতন বাড়িয়েছি, অন্য কোনো সরকার কোনোদিন বাড়াতে পারেনি। শ্রমিক থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত সবার বেতন অনেকগুণ বাড়িয়েছি। আড়াই হাজারের মতো স্কুল-কলেজকে এমপিওভূক্ত করে দিয়েছি। শিক্ষকদের বেতন গ্রেড বাড়ানো হয়েছে, এখন বেতন কিন্তু অনেক বেশি।

পরমাণু বিদ্যুত কেন্দ্র প্রসঙ্গে সংসদ নেতা বলেন, বিশ্বের বহু দেশে পরমাণু বিদ্যুত কেন্দ্র রয়েছে। শুধু বাংলাদেশ নয়, ভারতেও তিন-চারটি পারমাণবিক বিদ্যুত কেন্দ্র রাশিয়া নির্মাণ করছে। বর্জ্য ব্যবস্থাপনাসহ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, সকল বর্জ্য রাশিয়াই নিয়ে যাবে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। বিজ্ঞানী ও প্রকৌশলীদের ট্রেনিং দিয়ে নিয়ে আসছি। এক্সপার্ট আমরা তৈরি করছি। রূপপুরের পর দক্ষিণে একটি দ্বীপ খুঁজছি, সেখানেও আরেকটি পরমাণু বিদ্যুত কেন্দ্র নির্মাণ করবো। আর রামপাল কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র হচ্ছে, এটা সবচেয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন। এর চিমনি এতো ফুট উঁচুতে, কোনো বাতাস সুন্দরবনে যাবে না। আর বিদ্যুত কেন্দ্রের ছাই সিমেন্ট ব্যবহারে লাগে। লাইন লেগেছে এই ছাইগুলো নিতে। এতে কোনোভাবেই পরিবেশ নষ্ট হবে না, বরং পাঁচ লাখ গাছ লাগানো হচ্ছে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসিবিরোধী আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, একজন ভিসি নিয়োগ দিলেই তার বিরদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়। শিক্ষকরা তাদের স্বার্থের জন্য ছাত্রদের ব্যবহার করবে কেন? শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা বন্ধ করে ছাত্রদের লেখাপড়া নষ্ট করা হচ্ছে। অনেক কষ্ট করে আমরা সেশনজট বন্ধ করেছি। কিন্তু চক্রান্ত করে সেটা আবার সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। মুষ্টিমেয় কয়েকজনের জন্য শিক্ষার পরিবেশ নষ্ট করতে দিতে পারি না, আমরা দেব না। আইনেই রয়েছে, কারোর বিরুদ্ধে অভিযোগ করলে তা প্রমাণ হবে, প্রমাণ করতে না পারলে অভিযোগকারীদেরও শাস্তির বিধান আছে। এক্ষেত্রেও আইন তার নিজস্ব গতিতেই চলবে।

সালমান শাহ’র মৃত্যু : প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

0

চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যু মামলায় অধিকতর তদন্ত এখনো শেষ হয়নি। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিল করার তারিখ ধার্য থাকলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তা দাখিল করেনি। ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লাহ আগামী ২২ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন।

২০১৬ সালের ৭ ডিসেম্বর আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন পিবিআইকে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। ওই সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা করেন তাঁর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।

১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। ওই প্রতিবেদনে সালমাহ শাহ আত্মহত্যা করেন বলে উল্লেখ করা হয়। কিন্তু ওই প্রতিবেদন প্রত্যাখান করেন কমর উদ্দিন চৌধুরী। তিনি দাবি করেন তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি নারাজি দেন। পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এক রিভিশন মামলা দায়ের করে অধিকতর তদন্ত দাবি করেন।

চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করা হয়। সিআইডির প্রতিবেদন প্রত্যাখান করে কমরউদ্দিন আহমদ চৌধুরী মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেন। ২০০৩ সালে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন মহানগর দায়রা জজ আদালত।

বিচার বিভাগীয় তদন্ত হয় ১২ বছর ধরে। ২০১৪ সালের ৩ আগস্ট বিচার বিভাগীয় তদন্তেও বলা হয় সালমান শাহকে কেউ হত্যা করেনি। তিনি আত্মহত্যা করেছিলেন। ২০১৫ সালের ১৯ এপ্রিল আবারও ওই বিচার বিভাগীয় তদন্ত প্রত্যাখান করে নারাজি দেন সালমান শাহ’র মা নীলা চৌধুরী। এরপর আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

সালমান শাহ’র ভক্তরা বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে বিক্ষোভ মিছিল করে হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার দাবি করে।

বংশালে চার কারখানায় অভিযান, ৪০ লাখ টাকার পণ্য ধ্বংস

0

প্রতিষ্ঠিত নামি দামি ব্র্যান্ডের নামে বিভিন্ন প্রসাধনী বাজারে ছাড়ছে কিছু অসাধু ব্যবসায়ী। যার কারণে সাধারণ মানুষ একদিকে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার অনেকেই বিভিন্ন ধরণের স্কিনের রোগে ভুগছে। এমনি কিছু কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বংশাল এলাকার মালিটোলায় দুটি এবং সমশের লেন ও ৬ নম্বর ক্যাপি স্ট্রিট লেনের দুটি কারখানায় র‍্যাব-৩ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে।

জানা যায়, বাংলাদেশে যে সকল ব্র্যান্ডের কসমেটিক্স চলে সে ধরণের প্রায় সব কসমেটিক্স পণ্য তারা বানিয়ে গ্রাহকদের ঠকাচ্ছিলো। এর মধ্যে শ্যাম্পু, জেল, জিলেটের বিভিন্ন পণ্য, বিভিন্ন ক্রিম, ফন্টস লোশন, ডাব শ্যাম্পু, সানসিল্কসহ বিভিন্ন প্রসাধনী তারা নকল করতো। প্রতিষ্ঠানগুলো কোনো নামও নেই। এমন চারটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৪ টন প্রসাধনী জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। এরা অন্য কম্পানির পণ্য নকল বানিয়ে বাজারে ছাড়ছে। নিজস্ব অনুমোদন, ব্র্যান্ড কিছুই নাই। বলা যায় নামহীন।

র‍্যাব জানায়, ৪টির মধ্যে একটি কারখানাকে ৫০ হাজার টাকা এবং অন্য একটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুটি কারখানার মালিক পাওয়া যায়নি। কিন্তু মালামাল পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বংশাল থানায় নিয়মিত আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া প্রায় ৪ টনের মতো পাওয়া নকল পণ্য যাত্রাবাড়ী এলাকায় মাতুয়াইল সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশনে ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, বংশাল এলাকার কারখানাগুলোতে সম্পূর্ণ ভেজাল প্রসাধনী বানিয়ে বাজারে ছাড়া হচ্ছিলো। তারা বিভিন্ন নামি দামি ব্যান্ডের পণ্য নকল করে গ্রাহকদের ঠকিয়ে আসছে। আমরা ৪টি কারখানায় অভিযান চালিয়ে বিপুল নকল পণ্য জব্দ করেছি। সেই সঙ্গে দুটি কারখানাকে জরিমানা করা হয়েছে। দুটি কারখানার মালিককে না পাওয়ায় নিয়মিত আইনে মামলা করা হয়েছে।

মগবাজার র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. জাহাঙ্গীর আলম জানান, এইসব কারখানার কোনো নিজস্ব অনুমোদন নেই। অন্য কম্পানির নামে বিভিন্ন প্রসাধনী পণ্য বাজারে ছাড়ছে। যেগুলো সাধারণ মানুষের অর্থের ক্ষতির পাশাপাশি অসুস্থতার কারণ হতে পারে। জব্দকৃত নকল পণ্যগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে।

‘ট্রেন ঠিকমতো চালাতে পারি না, মেট্রোরেল কীভাবে চালাবো’

0

সম্প্রতি রেল দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংসদের বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, একের পর এক ট্রেন দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। আমরা মাটির উপর দিয়ে ট্রেন ঠিকমতো চালাতে পারি না বলে দুর্ঘটনা ঘটে। আমরা মেট্রোরেল চালাবো কীভাবে। শূন্যের উপর দিয়ে মেট্রোরেল করা হচ্ছে। এই ট্রেন যে পড়ে যাবে না, তার নিশ্চয়তা কী। পড়ে তো যাবেই। ট্রেন ঠিকমতো চালাতে পারি না, আবার মেট্রোরেল পাতালরেল কীভাবে চালাবো।

আজ বৃহস্পতিবার একাদশ সংসদের পঞ্চম অধিবেশেনের শেষ কার্যদিবসে সমাপনি বক্তব্যে এ কথা বলেন।

রওশন এরশাদ বলেছেন, সন্ত্রাস, ইয়াবা, ক্যাসিনোসহ সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচলনা অব্যাহত রাখার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী দূরদর্শী দৃঢ় মনোভাবের পরিচয় দিয়েছেন।

তিনি বলেন, অপরাধীর কোনো দল নেই তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আর প্রধান মন্ত্রী এ ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে তা সকল মহলে প্রশংসিত হচ্ছে। এ অভিযান অব্যাহত রাখতে হবে, না হয় সমাজ দুষ্কৃতিকারীতে ভরে যাবে।

তিনি আরো বলেন, দেশে সাম্প্রতিক কালে বেশ কটি নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এতে বিবেকবান মানুষকে নাড়া দিয়েছে।

এ পরিপ্রেক্ষিতে তিনি ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত হত্যার কথা উল্লেখ করে বলেন, অল্প সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের বিচারের রায় দেওয়া হয়েছে। তবে সাংবাদিক দম্পতি সাগর-রুনি, নারায়নগঞ্জের তকি, কুমিল্লার তনু হত্যাসহ অনেক হত্যার বিচার বিলম্ব হচ্ছে। এসব বিচার যাতে দ্রুত সম্পন্ন হয় এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা দিতে তিনি আইনমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

তিনি দেশের মানুষকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান। এ জন্য ভেজালবিরোধী অভিযান আরো জোরদার করে কঠোর শাস্তির বিধানের ওপর গুরুত্বারোপ করেন।

মানুষ চেপে বসে পিঠে, বিনা বিশ্রামে হাতির মৃত্যু

0

সারা পৃথিবীতেই মানুষের কল্যাণে পশুকে ব্যবহারের ঘটনা ঘটে। আবার সারা দুনিয়ায় প্রাণীদের প্রতি নৃশংসতার ঘটনাও ঘটছে। কোথাও ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলা হচ্ছে কুকুরকে, কোথাও গর্ভবতী বিড়ালকে দেওয়া হচ্ছে ফাঁসি!

এবার শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটেছে, তাতেও নিন্দার ঝড় উঠেছে সর্বস্তরে। দিনের পর দিন একটি হাতিকে শুধু ব্যবহার করা হয়েছে মানুষকে আনন্দ দেওয়ার কাজে। তার পিঠে যখন-তখন পর্যটকরা চেপে বসত। সামান্য বিশ্রামটুকুও সে পেত না। অবশেষে ক্লান্তিতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে হাতিটি।

জানা গেছে, শ্রীলঙ্কার বিখ্যাত পর্যটন কেন্দ্র সিগিরিয়াতে হাতির পিঠে চড়ে ঘুরে বেড়ানোটাই আকর্ষণ। অনেকদিন থেকেই ওই হাতিটিকে সেই কাজে ব্যবহার করা হতো। দিনের বেশিরভাগ সময় পিঠে পর্যটক নিয়ে চলতে হতো তাকে। সামান্য বিশ্রামটুকুও মিলত না। ঘটনার দিনও সে রকমই বিশ্রাম না নিয়ে এক নাগাড়ে সে পিঠে মানুষ নিয়ে ঘুরছিল। এরপরই ধীরেধীরে বসে পড়ে সে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। পর্যাপ্ত বিশ্রামের অভাবেই হাতিটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পশু চিকিত্সকরা।

ঘটনার পরপরই ক্ষোভে ফেটে পড়েছেন পশুপ্রেমীরা। এমনিতে প্রতিদিন পর্যাপ্ত বিশ্রাম পায় না সিগিরিয়ায় হাতিরা। নির্দয় আচরণ করা হয় তাদের সঙ্গে। তারই ফলে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ অনেকের।

দিন কয়েক আগেই শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ৮০ কিলোমিটার পূর্বে কেগাল্লেতে টিকিরি নামে একটি হাতির মৃত্যু হয়। ঠিক মতো খেতে না পেয়েই টিকিরি অস্বাভাবিক রোগা হয়ে গিয়েছিল বলে দাবি করেছিলেন হস্তি বিশেষজ্ঞ জয়ন্ত জয়বর্ধনে।

শ্রীলঙ্কার ক্যান্ডিতে আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে ওই চেহারাতেই নামানো হয় টিকিরিকে। পরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের মুখে পড়ে টিকিরিকে তুলে নেয় কর্তৃপক্ষ। কেন দুর্বল টিকিরিকে দিয়ে প্যারেড করানো হয়, তার তদন্তের নির্দেশ দেন শ্রীলঙ্কার বন্যপ্রাণী দপ্তরের মন্ত্রী জন অমরাতুঙ্গা।

ক্যান্ডির এই ধর্মীয় অনুষ্ঠানে ১০০টি হাতি অংশ নেয়। সে দেশে ধনী ব্যক্তিরাও অনেকে বাড়িতে হাতি পালেন। কিন্তু সেইসব হাতিদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।

লালপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

0

নাটোরের লালপুর উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার উধনপাড়া এলাকায় লালপুর-বাঘা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ উদ্দিন আলম (৫০) লালপুরের দুড়দুড়ীয়া ইউনিয়নের মনিহারপুর গ্রামের মৃত আলীমুদ্দিন মণ্ডলের ছেলে।

লালপুর হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী ফরিদ উদ্দিন আলম বৃহস্পতিবার বিকেলে লালপুর-বাঘা সড়কের রহিমপুর উধনপাড়া নামক স্থানে বাঘাগামী একটি বাসের চাপায় মারাত্মক আহত হন। এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

নৌদুর্ঘটনায় ৪৪ বছরে ৪৭১১ জনের প্রাণহানি

0

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সংসদে জানিয়েছেন, স্বাধীনতার পর ১৯৭৬ সাল হতে ২০১৯ সালের নবেম্বর পর্যন্ত অর্থাৎ ৪৪ বছরে ৬৫৭টি নৌ দুর্ঘটনা ঘটেছে। এতে ৪ হাজার ৭১১ জনের প্রাণহানি ঘটেছে। এসব নৌদুর্ঘটনায় ৪৮২ জন মানুষ নিখোঁজ রয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি আরো জানান, গত ৪৪ বছরের মধ্যে নৌদুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষের প্রাণহানী ঘটে ২০০৩ সালে। এ বছরে ৩২টি নৌ-দুর্ঘটনায় ৪৬৪ জন মানুষের মৃত্যু হয়। এছাড়া ১৯৮৬ সালে ১১টি নৌদুর্ঘটনায় ৪২৬ জন, ১৯৯৪ সালে ২৭টি নৌদুর্ঘটনায় ৩০৩ জন, ২০০০ সালে ৯টি নৌদুর্ঘটনায় ৩৫৩ জন, ২০০৫ সালে ২৮টি দুর্ঘটনায় ২৪৮ জন, ২০০৯ সালে ৩৪টি নৌদুর্ঘটনায় ২৬০ জন, ১৯৮৮ সালে ১১টি নৌ দুর্ঘটনায় ১০৮ জন, ১৯৯০ সালে ১৩টি নৌদুর্ঘটনায় ১৬৮ জন, ১৯৯৩ সালে ২৪টি দুর্ঘটনায় ১৮৩ জন, ১৯৯৬ সালে ২০টি দুর্ঘটনায় ১৪৭ জন, ১৯৯৭ সালে ১১টি দুর্ঘটনায় ১০২ জন, ১৯৯৯ সালে ৬টি দুর্ঘটনায় ১০৪ জন, ২০০২ সালে ১৭টি দুর্ঘটনায় ২৯৭ জন এবং ২০০৪ সালে ৪১টি দুর্ঘটনায় ১২৭ জনের প্রাণহানি ঘটে। এছাড়াও বিভিন্ন বছরে নৌদুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

বিএনপিদলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, নৌপথের নাব্যতা উন্নয়ন করে সেবা বৃদ্ধির লক্ষ্যে ছোট-বড় নদীগুলো খনন করার জন্য বর্তমান সরকার কর্তৃক একটি ড্রেজিং মাস্টার প্লান করা হয়েছে। উক্ত মাস্টার প্লান অনুযায়ী বিআইডাব্লিউটিএ কর্তৃক ১৭৮টি নদী খনন করে ১০ হাজার কিলোমিটার নৌ-পথ নাব্য করা হবে।

সংরক্ষিত নারী আসনের বেগম নাজমা আকতারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বিআইডাব্লিউটিসি’র অধীনে পাটুরিয়া সেক্টরে ২০টি, শিমুলিয়া সেক্টরে ১৯টি, চাঁদপুর সেক্টরে ৪টি, ভোলা সেক্টরে ৩টি ও লাহারহাট সেক্টরে ৪টিসহ মোট ৫০টি ফেরি নিয়মিত চলাচল করছে। ফেরি সার্ভিসের উন্নয়নে ইতোমধ্যে ২টি রো রো ফেরি, ৬টি কে-টাইপ ফেরি, ১১টি ইউটিলিটি টাইপ ফেরি নির্মাণ করা হয়েছে। এ বছরের শেষ নাগাদ আরো ২টি কে-টাইপ ফেরি বহরে যুক্ত হবে।

পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে সংসদে তীব্র ক্ষোভ

0

বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির ঘটনায় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সরকার ও বিরোধী দলের সিনিয়র সংসদ সদস্যরা। তারা বলেছেন, বাজারে পেঁয়াজের ঘাটতি না থাকলেও সরকার ভাবমূর্তি নষ্ট করতে কারসাজির মাধ্যমে মূল্য বাড়ানো হচ্ছে। তাই কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা জরুরি। এক্ষেত্রে মাদক কারবারিদের মতো দু’এক জনের বন্দুকযুদ্ধে যাওয়া দরকার বলেও মন্তব্য করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তারা এমন মন্তব্য করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এই আলোচনায় অংশ নেন সরকারি দল আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও সাবেক প্রধান হুইপ আ স ম ফিরোজ এবং বিরোধী দল জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু ও বিএনপির মো. হারুনুর রশীদ।

সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আলোচনার সূত্রপাত করে পেঁয়াজের ঝাঁঝ কমাতে বাণিজ্য ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, এতো সুদক্ষ একটি মন্ত্রিসভা, তার দু’জন মন্ত্রী এখানে আছেন। তাদের অনুরোধ করতে চাই, পেঁয়াজের ঝাঁঝ বেশি হয়ে গেছে। জনগনণের মধ্যে একটা রিঅ্যাকশন হচ্ছে। আজকে পর্যন্ত যে খবর আছে, তাতে পেঁয়াজের কেজি প্রায় ২০০ টাকা হয়ে গেছে।

তিনি বলেন, আমরা এতো জনপ্রিয় সরকার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে যাচ্ছি। কি কারণে প্রতিদিন পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে? বাণিজ্যমন্ত্রী যখন সংসদে বলেন ১০০ টাকার নিচে নামবে না, তখন তো ব্যবসায়ীরা সুযোগ পেয়ে যায়। মন্ত্রী প্রয়োজনে বিদেশ থেকে আমদানি করছেন বলেছেন। তারপরেও কেন দাম বাড়ছে? ব্যাপারটা বোধগম্য নয়।

তিনি আরো বলেন, এতে আমাদের সুনাম খুন্ন হচ্ছে। প্রধানমন্ত্রী ভারতে যেয়ে বলেছিলেন পেঁয়াজের ঝাঝ বেড়ে গেছে। প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলেন পেঁয়াজের রপ্তানি বন্ধ করবেন না। এখন পেঁয়াজের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত, আরো তৎপর হওয়া উচিত।

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, কয়েকদিন আগে ঘুর্ণিঝড় বুলবুল হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে দাম একটু বেড়েছে। একটু না আজকে পত্রিকায় দেখলাম ২০০ টাকা কেজি। এটা কোন দিন আমরা ভাবি নাই। বর্ষার কারণে ভারতে পেঁয়াজের উৎপাদন হয়নি। সাধারণত এগুলো আমরা আগেই মূল্যায়ন করি। আমাদের বাৎসরিক চাহিদা কতো আছে। আর যেটা ঘাটতি সেটা আগেই তুরস্ক বা মিশরসহ মিয়ানমার থেকে আগেই আমদানি করার ব্যবস্থা করি। টিসিবি সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে।

তিনি আরো বলেন, অর্থমন্ত্রীকে বলবো যারা পেঁয়াজ আমদানি করে তাদের সুযোগ-সুবিধা দেন এবং বিশ্বের বিভিন্ন দেশে আমাদের যখন কোন একটা পণ্যের দাম বাড়ে, আমরা তার উপর ডিউটি কমিয়ে দেই। আমি মনে করি এই মুহূর্তে পেঁয়াজ আমদানি করার জন্য অন্ততঃ কিছু দিনের জন্য পেঁয়াজের ডিউটি শূণ্য করে দেন।

অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আমি যখন শিল্প বাণিজ্যমন্ত্রী ছিলাম তখন লবণের দাম বেড়েছিল। তখন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকে অনুরোধ করার পর লবণ আমদানি ডিউটি ফ্রি করে দিয়েছিলেন। এই খবর পরিবেশিত হওয়ার সাথে সাথে লবণের মূল্য স্বাভাবিক হয়ে যায়। এরকম একটা ঘোষনা দেন ‘পেঁয়াজ আমদানি করতে কোনো শুল্ক বা ডিউটি লাগবে না’, তাহলে দেখবেন এর একটা প্রভাব পড়বে। মূল্য নিয়ন্ত্রণে আসবে।

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এ প্রসঙ্গে বলেন, আসলেই বাজারে প্রচুর পেঁয়াজ আছে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। প্রধানমন্ত্রী এর আগে অনুরোধ করেছিলেন পেঁয়াজ কম খেতে। সেটাতে মানুষ সাড়া দিয়েছেন। পেঁয়াজের দাম বৃদ্ধি সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এজন্য দুর্নীতিবাজরা এটা করতে পারে। এটা মানা যায় না। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার। প্রধানমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আমি আহবান জানাই। এ ব্যাপারে ব্যবস্থা নেবেন, যাতে পেঁয়াজের দাম কমে। মানুষের দুর্ভোগ দুর হয়।

সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, দুইদিন আগে বাণিজ্যমন্ত্রীর পক্ষে শিল্পমন্ত্রী বললেন পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আছে। একথা বলার পরদিনই পেঁয়াজের কেজি দেড়শ টাকা হয়ে গেলো। এখন দুইশ টাকা কেজি। নিউজে দেখলাম পেঁয়াজের দাম না পাওয়ায় ভারতের কৃষকরা কাদঁছে। প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের এত ভালো সর্ম্পক। প্রধানমন্ত্রী যদি নিজে ব্যক্তিগত ভাবে উদ্যোগ নিতেন, তাহলে হয়তো এ সমস্যাটা থাকতো না।

তিনি আরো বলেন, বাজারে প্রচুর পেঁয়াজ আছে। তারপরেও দাম বাড়ছে। এখন একটি অভিযান চালানো দরকার। তাহলে এই সমস্যাটা আর থাকবে না।

বিরোধীদলীয় সদস্য বলেন, মাদক কারবারি ও সন্ত্রাসীরা ধরা পড়ে। পরে বন্দুকযুদ্ধে মারা যায়। যারা পেঁয়াজের দাম বাড়াচ্ছে, তাদের একজন মারা যাক না, এমনই বন্দুকযুদ্ধে।

তিনি আরো বলেন, আমি মনে করি পেঁয়াজের দাম বৃদ্ধি সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। এটা দেখা দরকার। জরুরি ভিত্তিতে এর বিরুদ্ধে অভিযান চালানো দরকার।

সরকারি দলের সদস্যদের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বিএনপির হারুনুর রশীদ বলেন, ছোট বেলায় আমরা বিস্কুট দৌড় খেলতাম। দৌড়ে গিয়ে লাফিয়ে লাফিয়ে বিস্কুট ধরতাম। এখন পেঁয়াজ নিয়ে সেই অবস্থা তৈরি হয়েছে। তাই মূল্য নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিতে হবে।