Home Blog Page 3354

যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান

0

সামাজিক অস্থিরতা, জনশৃঙ্খলার অবনতি ও জনমনে বিভ্রান্তি এড়াতে স্পর্শকাতর বিষয়ে যথাযথভাবে যাচাইপূর্বক বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিষয়ে বিভিন্ন সময়ে বিভ্রান্তিমূলক সংবাদপ্রকাশ পরিলক্ষিত হচ্ছে। এর ফলে জনশৃঙ্খলার অবনতি, ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ ও সামাজিক অস্থিরতা সৃষ্টিসহ জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

এতে বলা হয়, জনশৃঙ্খলার অবনতি ও সামাজিক অস্থিরতা রোধে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রতি সরকার যথেষ্ট আস্থাশীল। তবে, এসব স্পর্শকাতর বিষয়ে যথাযথভাবে যাচাই করে বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ করা হলো।

লন্ডনে পেঁয়াজের কেজি ৩৫ টাকা, বার্লিনে ৯!

0

গত কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের বাজারে অস্থিরতা চলছে। এরই ধারাবাহিকতায় এবার পেঁয়াজের দাম কেজি প্রতি ২০০ টাকার ওপরে উঠে গেছে। গত বুধবারও ঢাকার পাড়া-মহল্লার বাজার ও মুদি দোকানগুলোতে প্রতিকেজি দেশি পেঁয়াজ ১৭০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও বৃহস্পতিবার কোথাও কোথাও তা ২০০-২২০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শনে গিয়ে এমন দৃশ্যের দেখা মিলেছে।

ওদিকে যুক্তরাজ্যের লন্ডন থেকে বাংলাদেশি সাংবাদিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাংলাদেশের খুচরা বাজারে পেঁয়াজের দাম যখন কেজি প্রতি ২০০ থেকে ২২০ টাকায় দাঁড়িয়েছে তখনই লন্ডনের বাজারে পেঁয়াজের খুচরা মূল্য ছিলো প্রতি কেজি বাংলাদেশি টাকায় ৫৫ টাকা করে। আবার বড় বড় গ্রোসারি শপে ২৫ কেজি পেঁয়াজের বস্তার দাম ছিলো ৮ পাউন্ড, যা কেজি দরে হিসাব করলে ৩২ পেন্স দাম হয়। যা বাংলাদেশি টাকায় প্রতি কেজিতে ৩৫ টাকা করে পড়ে।

বৃহস্পতিবার সকালে তাই লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত হোয়াইটচ্যাপেল এলাকায় পেঁয়াজের দাম নিয়ে কেউ কেউ রসিকতায়ও মেতে উঠেছিলেন, অনেকেই আবার বিরক্তি প্রকাশ করেছিলেন। বাংলাদেশের লক্ষাধিক পরিবার ব্রিটেন প্রবাসীদের পাঠানো টাকার উপর নির্ভরশীল। আর বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম উঠা নামার উপর প্রবাসীদের জীবনযাত্রাও অনেকটাই নির্ভর করে। কেননা বাংলাদেশে থাকা পরিবারের খরচ মেটাতে গিয়ে প্রবাসীদের নিজেদের খরচ কমাতে হয়।

ওদিকে ইউরোপের আরেক দেশ জার্মানির বার্লিন শহরেও খুবই কম দামে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে। সেখানে দেখা গেছে একটি সুপার স্টোরে পাঁচ কেজি পেঁয়াজের দাম মাত্র ০.৯৯ ইউরো (বাংলাদেশি ৯২.২৫ টাকা) ধরা হয়েছে। তবে তা ৫০% ছাড়ে বিক্রি হচ্ছে। সে হিসাবে বাংলাদেশি টাকায় পাঁচ কেজি পেঁয়াজের দাম পড়ছে ৪৬ টাকা। অর্থাৎ এক কেজি পেঁয়াজের দাম পড়ছে ৯ টাকা ২০ পয়সা!

‘ছড়িয়ে দিন জীবনের সব রঙ’ নামের একটি ফেসবুক পেজে ওই ভিডিওটি শেয়ার করার পর তা ছড়িয়ে পড়ে। ‘পিয়াজ নিয়ে হক কথা, বার্লিন, জার্মানি। ১০/১১/২০১৯’ শিরোনামে ভিডিওটি পোস্ট করা হয় ওই পেজে।

ভিডিওতে এক প্রবাসী বাংলাদেশি বার্লিন শহরের একটি বাজারের সুপার শপে পেঁয়াজ কত টাকায় বিক্রি হচ্ছে তার বর্ণনা দিচ্ছিলেন।

অনুসন্ধানে জানা গেছে, দেশের বাজারে পেঁয়াজের সরবরাহে কিছুটা ঘাটতি থাকায় এর অপব্যবহার করছেন সুযোগসন্ধানী কিছু ব্যবসায়ী। কয়েকদিন আগে ঘূর্ণিঝড়ের কারণে আমদানি করা পেঁয়াজ সরবরাহে সমস্যা হয়েছে। আর সেই কারণেই এখন বাজারের এই পরিস্থিতি।

সর্বশেষ পেঁয়াজের দাম বেড়েছে ঘূর্ণিঝড় বুলবুলকে ঘিরে। গত শনিবার বুলবুল আঘাত হানার একদিন আগে থেকে নতুন করে বাড়তে থাকে দাম। তার আগে খুচরায় পেঁয়াজের দাম কেজি প্রতি ১১০ থেকে ১২০ টাকার মধ্যে ছিল। ঢাকায় পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারেও পেঁয়াজের সরবরাহে টান পড়েছে বলে সেখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন।

ক্ষুদ্র ঋণের কাঙ্ক্ষিত সুফল মানুষ পায়নি : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ক্ষুদ্র ঋণের ব্যর্থতার কথা তুলে ধরে বলেছেন, কেউ কেউ এর প্রবক্তা হিসেবে নাম-যশ কামালেও বাস্তবতা হচ্ছে যে দেশের জনগণ এর অতটা সুফল পায়নি।

তিনি বলেন, এক সময় আমরা দেখেছি ক্ষুদ্র ঋণ নিয়ে (কর্মসূচি) কেউ কেউ খুব বাহবা নেয়ার চেষ্টা করেছেন। এক সময় আমরাও এটাকে সমর্থন দিয়েছিলাম, ভেবেছিলাম যে এর মাধ্যমে বুঝি মানুষ দরিদ্র্যসীমার ওপরে উঠতে পারবে।

কিন্তু যখন আমরা বিষয়টা আরো গভীরভাবে দেখলাম, তাতে দেখলাম, আসলে এর মাধ্যমে দারিদ্র ঠিক বিমোচন হয় না। দারিদ্র লালন-পালন হয়, যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘উন্নয়ন মেলা ২০১৯’ উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

প্রান্তিক জনগোষ্ঠী এবং পিকেএসএফ’র বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে সাত দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র ঋণটা স্বাধীনতার পরপরই জাতির পিতা শুরু করেছিলেন। যদিও আমাদের দেশে কেউ কেউ ক্ষুদ্র ঋণের প্রবক্তা সেজে বিশ্বে ভালো নাম টামও করে ফেলেছেন। কিন্তু দেখা গেছে হয়তো নিজে যতটা নাম কামিয়েছেন দেশের মানুষ ততটা শুভফল পায়নি, এটা হলো বাস্তব।

জাতির পিতা বিআরডিবি’র মাধ্যমে এই ক্ষুদ্র ঋণ দেয়া শুরু করেন উল্লেখ করে তিনি বলেন, মানুষকে কিভাবে সমবায়ের মাধ্যম একত্রিত করে উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত পণ্য বাজারজাত করে তাদেরকে কিভাবে দারিদ্রসীমার থেকে বের করে আনবেন সেই পরিকল্পনাটাই জাতির পিতা নিয়েছিলেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবং পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মইনুদ্দিন আবদুল্লাহ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্যবৃন্দ, উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং মিশন প্রধানগণসহ বিদেশি কূটনিতিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃষকদের কল্যাণ ও দারিদ্র নিরসন এবং কৃষির উন্নয়নে অসামান্য অবদানের জন্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে আজীবন সম্মাননা পুরস্কার দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মাননা স্মারক মতিয়া চৌধুরীর হাতে তুলে দেন। পুরস্কার হিসেবে একটি সম্মাননাপত্র, ক্রেস্ট এবং ৫০ হাজার টাকার চেক দেয়া হয়।

গ্রামীণ এলাকা থেকে পিকেএসএফ’র সহযোগী প্রতিষ্ঠানসহ, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, গবেষণা ও তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান এবং সেবামুখী সংগঠনসহ ১৩০টি সংস্থার মোট ১৯০টিরও বেশি স্টল মেলায় স্থান পেয়েছে।

মেলায় রয়েছে তৃণমূল পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তাদের কৃষি, খাদ্য এবং প্রচলিত পণ্য । এছাড়া, ৭ দিনে ৫টি সেমিনারও অনুষ্ঠিত হবে মেলায়। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।

ভুয়া চিকিৎসক অনুসন্ধানে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে

0

সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশের সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিকগুলোতে ভুয়া চিকিৎসক অনুসন্ধানের জন্য ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া নকল-ভেজাল ওষুধ সনাক্তকরণ বিষয়ে অনলাইন ভিত্তিক রিপোর্টিং-এর জন্য ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপ্লিকেশন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এতথ্য জানান স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে তাঁর পক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।

সরকারদলীয় সংসদ সদস্য অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে তিনি আরো জানান, আগামী ১৫ দিনের মধ্যে স্পেশাল বিসিএসে ৪ হাজার ৭৫০ নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এসব নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের চাকুরির প্রধান শর্তই রয়েছে, তাদের যোগদানের পর থেকে দুই বছর উপজেলায় থেকে চিকিৎসা সেবা দিতে হবে। তার আগে উচ্চ শিক্ষার জন্য কোথাও যেতে পারবে না।

অধিবেশনে সম্পূরক প্রশ্নে মুজিবুল হক চুন্নু অভিযোগ করেন বর্তমান সরকারের গত মেয়াদে দশ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়। কোনো কোনো উপজেলায় ২০-২৪ জন ডাক্তার নিয়োগ পায়। কিন্তু এখন দেখা যাচ্ছে সেসব জায়গায় ২-৩ জনের বেশি ডাক্তার নেই। জিজ্ঞাসা করলে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রণালয়, ঢাকা মেডিকেল ও জেলা হাসপাতালে সংযুক্ত আছে। এই সংযুক্তি বাতিল করা হবে কি-না এবং ডাক্তার সংকটের এই সমস্যা সমাধান করা হবে না।

জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, তিনি যে সমস্যার কথা বলেছেন এই চিত্রটি অনেকাংশে অনেক জায়গাতেই সত্য। স্বাস্থ্যমন্ত্রণালয়ে কোনো সংযুক্তি এখন দেওয়া হচ্ছে না। এ ব্যপারে সরকারের কড়াকড়ি আছে। আগামীতে ৩৯তম বিশেষ বিসিএস এ যে ডাক্তার নিয়োগ দেওয়া হচ্ছে, তারা যেখানে যোগ দিবেন তাদেরকে সেখানে দুইবছর থাকতে হবে। তারপর তারা উচ্চতর প্রশিক্ষণের জন্য অন্য জায়গায় যেতে পারবেন। কিন্তু নিয়োগের পর প্রথম যোগদানকৃত হাসপাতালে দুই বছর থাকতে হবে।

সরকারি দলের সদস্য বেগম ঝর্ণা গ্লোরিয়া সরকারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, নকল-ভেজাল ঔষধ সনাক্তকরণের বিষয়ে অনলাইন ভিত্তিক রিপোর্টিং এর জন্য ওয়েব পোর্টাল ও মোবাইল এপ্লিকেশন চালু করার পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় প্রকল্পটি বর্তমানে পাইলটিং পর্যায়ে রয়েছে।

সংসদে দেওয়া তথ্যানুযায়ী ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিবন্ধন সকল দেশি এবং বিদেশি ঔষধের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। অনুমোদিত বিক্রয়মূল্য ঔষধের মোড়ক সামগ্রীতে (কার্টন ও লেবেলে) মুদ্রণ করা বাধ্যতামূলক। ঔষধ উৎপাদনকারী ও আমদানীকারক প্রতিষ্ঠান সকল ঔষধের মোড়কসামগ্রীতে (কার্টন ও লেবেলে) ঔষধের মূল্য মুদ্রণ করতঃ বাজারজাত হয়ে থাকে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত ফার্মেসি পরিদর্শন করে বিষয়টি তদারকি করে থাকে।

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ঘিরে দৌড়ঝাঁপ শুরু

0

সাম্প্রতিক সময়ে ক্যাসিনো কাণ্ড আর সরকারের শুদ্ধি অভিযানে আতঙ্ক বিরাজ করছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর মধ্যে। এর মধ্যেই শুরু হয়েছে তাদের সম্মেলন। জোর প্রস্তুতি চলছে নিজের অবস্থান ঠিক করার। সাত বছর পর হতে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন; তাই নেতৃত্বের পালাবদল ঘিরে পদ প্রত্যাশীদের দৌড়ঝাঁপও শুরু হয়ে গেছে।

ক্যাসিনোকাণ্ডে খড়গ নেমে আসার পর যুবলীগের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগসহ আরও তিনটি সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ একসঙ্গে ঘোষণা করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলন হবে। এছাড়াও গত ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির গুরুত্বপূর্ণ দুই শাখা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন।

প্রায় ১০ বছর পর সম্মেলন ঘিরে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উদ্দীপনা দেখা যাচ্ছে। নানা কারণে যারা দুর্নাম কুড়িয়েছে, এমন নেতারা এবার বাদ পড়বেন বলেও তাদের আশা।

১৯৯৭ সালের তৎকালীন সংসদ সদস্য মকবুল হোসেনকে আহ্বায়ক করে স্বেচ্ছাসেবক লীগের প্রথম কমিটি হয়। পরে ২০০২ সালে প্রথম কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন বাহাউদ্দিন নাছিম, সাধারণ সম্পাদক হন পঙ্কজ দেব নাথ।

সর্বশেষ ২০১২ সালে মোল্লা মো. আবু কাওছারকে সভাপতি এবং পঙ্কজ দেবনাথকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগের কমিটি হয়েছিল। মেয়াদ পেরিয়ে গেলেও ওই কমিটিই এখনও কাজ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে ক্যাসিনোকাণ্ডে নাম আসায় কাওসারকে অব্যহতি দেয় এবং পঙ্কজ দেবনাথকে সংগঠনের সব কাজ কাজ বিরত থাকতে বলা হয় ।

স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সংগঠনটি দেখভাল করছেন সাবেক সভাপতি বাহাউদ্দিন নাছিম। ফলে কমিটি গঠনের ক্ষেত্রে তার প্রভাব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ও ঢাকার দুই শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হতে লড়াইয়ে অন্তত এক ডজনেরও বেশি নেতা রয়েছেন বলে সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়।

বর্তমান চার সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ শাকিব বাদশা, আব্দুল আলীম বেপারী রয়েছেন কেন্দ্রীয় শীর্ষ পদের লড়াইয়ে এছাড়াও রয়েছে অনেকেই।

এছাড়া কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সাচ্চু, সহ সভাপতি মতিউর রহমান মতি, জ্যেষ্ঠ সহসভাপতি নির্মল রঞ্জন গুহ, পানি সম্পদ বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার মাহাবুবুর রহমান হেলাল তথ্য ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেম হোসেনও কেন্দ্রীয় পদের লড়াইয়ে আছেন।

খায়রুল হাসান জুয়েল বলেন, ‌‌‌এক-এগারোতে নেত্রীর কারা মুক্তির আন্দোলনে এক বছর জেলে থেকেছি। চারদলীয় জোট সরকারের আমলে বার বার হামলার শিকার হয়েছি, মামলা খেয়েছি, জেল খেটেছি। সততা স্বচ্ছতা কমিটমেন্ট এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে দলের জন্য সব সময় নিয়োজিত রেখেছি। আমি মনে করি, নেতৃত্বে যেই আসুক, তার যেন অবশ্যই সততা, স্বচ্ছতা, কনট্রিবিউশন এবং কমিটমেন্ট থাকে।

এদিকে, ইন্জিনিয়ার মাহাবুবুর রহমান হেলাল যিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের পানি সম্পদ বিষয়ক সম্পাদক ও সরিষাবাড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তার বাবা ছিলেন প্রয়াত আলহ্বাজ আব্দুল মালেক ,জামালপুর ৪ ,১৪১ সরিষাবাড়ি আসনে বঙ্গবন্ধু পার্লামেন্টের দুই দুই বারের জনগনের বিপুল ভোটে নির্বাচিত সাংসদ, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ও সরিষাবাড়ি উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের সভাপতি।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৬ সালের ৩১ মে। উত্তরের সভাপতি নির্বাচিত হন মোবাশ্বের চৌধুরী, সাধারণ সম্পাদক হন ফরিদুর রহমান খান। ইরান এখন ঢাকার ওয়ার্ড কাউন্সিলর। তখন দক্ষিণের সভাপতি নির্বাচিত হন দেবাশীষ বিশ্বাস। সাধারণ সম্পাদক হন আরিফুর রহমান টিটু।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ইতিমধ্যে হয়ে গেলেও নতুন নেতৃত্বের জন্য অপেক্ষা করতে হবে আগামী ১৬ তারিখ পর্যন্ত বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মহানগর দক্ষিণে নেতৃত্ব পাওয়ার ক্ষেত্রে আলোচনায় রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান রিপন, মো. মোস্তাফিজুর ইরান, ইসহাক মিয়া ।

এবার ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বের জন্য লড়াইয়ে রয়েছেন বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক তারিক সাঈদ, কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান রানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক।

উত্তরে নেতৃত্ব পাওয়ার দৌড়ে রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক ফরিদুর রহমান ইরান, সাংগঠনিক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ইসহাক মিয়া, জ্যেষ্ঠ সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, সহ সভাপতি মো. গোলাম রাব্বানী।

দক্ষিণে পদপ্রত্যাশী কামরুল হাসান রিপন বলেন, দলের দুঃসময়ে যারা জীবন বাজি রেখে দলের জন্য কাজ করেছেন, রাজপথে থেকেছেন, আন্দোলন করেছেন, তারাই যেন নেতৃত্বে আসে।

নেহরু বিশ্ববিদ্যালয়ে ভাঙা হলো বিবেকানন্দের মূর্তি

0

ছাত্র আন্দোলনের জেরে অনেক দাবি কর্তৃপক্ষ মেনে নেওয়ার পরদিনই ভারতের জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে যা ঘটল, তাতে রীতি মতো শোরগোল পড়ে গেছে। জানা গেছে, সেখানে ভেঙে দেওয়া হয়েছে স্বয়ং স্বামী বিবেকানন্দের মূর্তি। তবে কারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

পুরো ঘটনা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বস্তরে, বিশেষ করে মূর্তি ভাঙচুরের ঘটনাটি যেহেতু ঘটেছে একেবারে জেএনইউ ক্যাম্পাসের ভিতরেই। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, খুব শিগগিরই জেএনইউ ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের ওই মূর্তিটি উন্মোচিত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সেটি ভেঙে দেওয়া হলো। ভারতের সংবাদ সংস্থা এএনআই ওই মূর্তির কিছু ছবিও প্রকাশ করেছে। তাতে দেখা যায়, ভেঙে দেওয়া ওই মূর্তিটি গেরুয়া কাপড়ে ঢেকে রাখা হয়েছে।

তবে এ ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন জেএনইউ-র ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ। তিনি সাফ দাবি করেন, আমাদের আন্দোলনকে বিপথগামী করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। বিবেকানন্দের মূর্তি ভাঙাকে কোনোভাবেই আমরা সমর্থন করি না। আমাদের আন্দোলনের সাফল্য আলাপ আলোচনার মাধ্যমেই হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এটা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র করেনি। আমরা কোনো ধরনের গুণ্ডামিকে সমর্থন করি না।

হোস্টেল ফি বাতিলসহ একাধিক দাবিতে আন্দোলনে জেএনইউ ছাত্ররা। এ বিষয়ে এরই মধ্যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের অধিকর্তা আর সুব্রহ্মণ্যম জানিয়েছেন, হোস্টেল ফি-সহ ছাত্রদের অন্যান্য দাবি দাওয়ার বিষয়ে আন্তরিক ভাবনাচিন্তা করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে জানিয়েছেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের জন্যেও বিশেষ প্রকল্প চালু করা হবে।

যদিও ছাত্ররা এখনই আন্দোলন থামিয়ে দিতে নারাজ। পুরো ফি মুওকুফ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সঙ্গেও সাক্ষাত করার দাবি জানিয়েছেন তারা। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় যে বিশেষ প্রকল্পের কথা বলছে, তা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা।

তারই মধ্যে স্বামী বিবেকানন্দর মূর্তি ভাঙচুর গোটা পরিস্থিতির উত্তাপ কয়েকগুণ বাড়িয়ে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা শুরু

0

গত প্রায় পাঁচ বছর ধরে চলমান যুদ্ধ বন্ধের জন্য সৌদি আরব ও ইয়েমেনের শিয়া গোষ্ঠী হুথি বিদ্রোহীদের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা শুরু হয়েছে।

১৩ নভেম্বর বুধবার উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সূত্রে আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ খবর জানিয়েছে।

সৌদি আরব ও ইয়েমেন উভয়েরই প্রতিবেশি ওমানের মধ্যস্থতায় এ শান্তি আলোচনা চলছে বলে জানা যায়।

দু মাস ধরে উভয়পক্ষের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ শান্তি আলোচনা চলছে বলে জানিয়েছেন হুথি মুখপাত্র গামাল আমের।

শান্তি আলোচনার প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে সানার আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেওয়া ও ইয়েমেন-সৌদি সীমান্তে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার বিষয় অর্ন্তভুক্ত রয়েছে।

ইয়েমেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবু বকর আল-করবি জানান, হুথি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ এবং সীমান্তে সুরক্ষা নিশ্চিত করতেই সৌদি আরব এ আলোচনায় অংশ নিচ্ছে।

এর আগেও উভয়পক্ষের মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। ২০১৬ সালে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আসিরে অনুষ্ঠিত সৌদি-হুথিদের এক শান্তি আলোচনা ভেঙে যায়।

গত সেপ্টেম্বরে সৌদি তেল পরিশোধনাগারে ড্রোন হামলার দায় স্বীকার করেছিল হুথি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্র সেসময় এ হামলার জন্য ইরানকে দায়ী করলেও দেশটি তা অস্বীকার করে।

এদিকে প্রেসিডেন্ট হাদির উপদেষ্টা আবদুল আজিজ জাবারি জানিয়েছেন, চলমান সৌদি-হুথি শান্তি আলোচনা সম্পর্কে তারা এখনো অন্ধকারে রয়েছেন।

তিনি জানান, আশঙ্কা করা হচ্ছে, রাজধানী সানাসহ হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলো তাদের হাতেই ছেড়ে আসবে সৌদি আরব, যা দেশটিকে স্থায়ী বিভক্তির দিকে নিয়ে যেতে পারে।

২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর থেকেই দেশটি কার্যত দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আবদ-রাব্বু মানসুর হাদির পক্ষে সৌদি নেতৃত্বের সামরিক জোট ইয়েমেনে হামলা চালায়।

বউয়ের দোহায় দিয়েও ফেঁসে গেল মার্কিন নাগরিক

0

বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। কিন্তু ধরা পড়ার পর পুলিশের কাছে অদ্ভুত যুক্তি দেন ওই ব্যক্তি। তবে তার কথা বিশ্বাস করেনি পুলিশ।তল্লাশি চালানো হয় গাড়িতে। তার তাতেই বেরিয়ে পড়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণ।

ফ্লোরিডায় ‘ইউএস রুট ১৯’-এ যে জায়গায় সর্বাধিক ঘণ্টায় ৮৮ কিলোমিটার বেগে গাড়ি চালানো যায়, সেখানেই জন আর্ল পিকার্ড প্রায় ১৪৪ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন। কর্তব্যরত পুলিশ কর্মীদের নজরে পড়তেই জনকে আটকান।

পুলিশ সামনে আসতেই জন বলেন, তিনি স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছেন। আর সে কথা স্ত্রীর কাছে স্বীকার করতে চান। সে কারণে তিনি দ্রুত বাড়ি ফিরে গিয়ে স্ত্রীকে সব জানাতে চান। সেজন্য তিনি দ্রুত গাড়ি চালাচ্ছিলেন।

জন বার বার একই যুক্তি দিচ্ছিলেন। কিন্তু তার কথাবার্তা শুনে পুলিশের সন্দেহ হয়। তারা জনকে গাড়ি থেকে বের করে তল্লাশি চালান। আর তাতেই তাদের সন্দেহ প্রমাণ হয়। জনের পোশাকের মধ্যে লুকানো ছিল কোকেন। পুলিশের হাত থেকে বাঁচতে তিনি দ্রুত গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছানোর চেষ্টা করছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না।

জনকে প্রায় দুই লাখ টাকার বন্ডের বদলে আপাতত জেল থেকে ছাড়া হয়েছে। তবে মামলা চলবে। তার বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও মাদক রাখার অভিযোগ আনা হয়েছে। আগামী পাঁচ ডিসেম্বর তাকে আবারো আদালতে হাজিরা দিতে হবে।

ভুল সিগন্যালের কারণে দুর্ঘটনা, আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে

0

এবার দুর্ঘটনার শিকার হয়েছে রংপুর এক্সপ্রেস। এতে চালকসহ অর্ধশত যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। ট্রেনটির ইঞ্জিনসহ ও শীতাতপ নিয়ন্ত্রিত বগিসহ মোট নয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ৩ টি বগিতে আগুন লেগে পুড়ে গেছে বলে জানা গেছে। এছাড়াও এই ঘটনায় আহত আহত ৫ থেকে ৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। দুর্ঘটনায় পতিত হয়ে রেল লাইনের পাশে লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটির ইঞ্জিন। দুর্ঘটনার পরপর দাউ দাউ করে কয়েকটি বগিতে আগুন জ্বলে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নেভানোসহ উদ্ধার কাজে অংশ নেন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, উল্লাপাড়া স্টেশনে পয়েন্টিং সিগন্যালের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন। আহত ৫ থেকে ৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজির হোসেন জানান, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে অন্য তিনটি বগি ধাক্কা দেয়। এতে ইঞ্জিনে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে সহযোগিতা করেন স্থানীয় জনগণ। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে উপস্থিত হন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান আরিফ ও উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সোমবার (১২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত এবং শতাধিক আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন দুর্ঘটনার জন্য তূর্ণা নিশীথার লোকোমোটিভ মাস্টারকে দায়ী করেন। দুর্ঘটনার পরই তূর্ণার লোকোমোটিভ মাস্টার ও সহকারী মাস্টারকে বরখাস্ত করা হয়।

দুর্ঘটনার ফলে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

একদাম ২০০ টাকা

0

পেঁয়াজের বাজারে চলছে রীতিমতো নৈরাজ্য। সরবরাহে কিছুটা ঘাটতি থাকায় এর অপব্যবহার করছেন সুযোগসন্ধানী কিছু ব্যবসায়ী। এখন কেজিপ্রতি পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে ২০০ টাকা পর্যন্ত, যা এক দিন আগেও ছিল ১৭০ টাকা।

আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, কেজিপ্রতি পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে ২০০ টাকা পর্যন্ত, যা এক দিন আগেও ছিল ১৭০ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ৩০ টাকা। দেশি বা আমদানি—সব ধরনের পেঁয়াজের দামেই ঊর্ধ্বগতি।

পাইকারি বাজারে মিসর থেকে আমদানি করা পেঁয়াজের দাম ১৩৫ থেকে ১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর মিয়ানমার থেকে আনা ভালো মানের পেঁয়াজের দাম ছুঁয়েছে ২০০ টাকা কেজি। আর মিয়ানমার থেকে আনা মাঝারি মানের পেঁয়াজের দর ১৬০ টাকা কেজি। বেশ কয়েকটি বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের পেঁয়াজ আমদানির কথা থাকলেও এখনো তা এসে পৌঁছায়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার কারণে পেঁয়াজের দাম না কমে বাড়ছে। এদিকে ক্রেতাদের অভিযোগ, ইচ্ছেমতো দাম রাখছেন বিক্রিতারা। তারা বলছেন, দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস তাদের।

রাজধানীর মাটিকাটা বাজারের এক ক্রেতা শফিকুল ইসলাম জানান, সকালে পেঁয়াজ কিনতে গিয়ে কয়েকটা দোকানে ঘুরি। সবাই বলছে একদাম ২০০ টাকা। তিনি আফসোস করে বলেন, তিন দিন আগে ১৩৫ টাকা কেজিতে দেড় কেজি পেঁয়াজ কিনেছিলাম। ভাবছিলাম দাম কমবে। এখন দেখছি দিন দিন বাড়ছেই।

ভাটারা এলাকার বাসিন্দা আজাদ হোসেন জানান, বাড়িতে একটিও পেঁয়াজ নেই। সকালে পেঁয়াজ কিনতে বাসার পাশের দোকানে গিয়ে শোনেন এক কেজি পেঁয়াজ ২০০ টাকা। পরে এক কেজি পেঁয়াজ কিনে বাড়ি ফিরেছেন তিনি।

শুধু রাজধানীতে নয়, বাইরেও পেঁয়াজের বাজারে আগুন। কালের কণ্ঠের অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের অভয়নগরে এক কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে ২২০ টাকায়। গত মঙ্গলবার যে পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি প্রতি ১৪০ টাকা, বুধবার তা বেড়ে হয়েছে ১৮০ টাকা। আজ বৃহস্পতিবার সেই পেঁয়াজ কিনতে হচ্ছে ২২০ টাকায়।

হঠাৎ করে উপজেলার সবগুলো বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার এবং মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।

বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার প্রধান বাজার নওয়াপাড়াসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজ কিনতে আসা ক্রেতারা সরকারসহ স্থানীয় বাজার মনিটরিং ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। এ ব্যাপারে উপজেলার বুইকরা গ্রামের তৌফিক ইসলাম বলেন, বুধবার ১৮০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি, আজ বৃহস্পতিবার সেই পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকায়। বাজারের অসংখ্য ক্রেতাদের অভিযোগ বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা তাদের খেয়াল-খুশিমতো দাম হাঁকাচ্ছেন। দ্রত সময়ের মধ্যে বাজার মনিটরিং ব্যবস্থা কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

নওয়াপাড়া বাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী শেখ আবদুল্লাহ জানান, পাইকারি দোকানে গিয়ে পেঁয়াজের দাম কেজিপ্রতি ২০০ টাকা চাওয়ায় না কিনে ফিরে এসেছি। তিনি স্বীকার করেন গত দুই দিন আগে ১২০ টাকা দরে পেঁয়াজ কিনে তা ১৪০ টাকা দরে বিক্রি করেছেন।

নওয়াপাড়া বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফরিদ সরদার জানান, পাইকারি মোকামে পেঁয়াজের দাম বেশি হওয়ায়, পেঁয়াজ কেনা সম্ভব হয়নি।

আরেক আড়তদার বাচ্চু মিয়া বলেন, আমার প্রতিষ্ঠানে পেঁয়াজ মজুদ নেই। তবে, নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন খুচরা ব্যবসায়ী বলেন, আজ সকালেই বাচ্চু মিয়ার আড়ত থেকে ২০০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি। তার গুদামে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মজুদ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খান বলেন, আমি বগুড়া জেলায় সরকারি ট্রেনিংয়ে আছি। ট্রেনিং থেকে ফিরে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এ ছাড়া মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।