Home Blog Page 3357

প্রাইভেট কারে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

0

রাজধানীর নাখালপাড়া এলাকায় প্রাইভেট কারে ১০ হাজার পিস ইয়াবা নিয়ে যাওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)। গত সোমবার রাতে পুলিশ এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলেন মজিবুর রহমান মৃধা (৪৮), মহসীন হোসেন মৃধা (২৬) ও মোছা. মমতাজ বেগম (৪২)।

ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মহরম আলী বলেন, গোপন তথ্য—ছিল ইয়াবার একটি বড় চালান কক্সবাজার থেকে ঢাকায় আসছে। ওই তথ্যের ভিত্তিতে বিমানবন্দর জোনাল টিমের একটি দল সোমবার রাত সাড়ে ৯টায় পশ্চিম নাখালপাড়া এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে প্রাইভেট কারটি এলে ডিবি পুলিশের পিকআপ দিয়ে রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়।

এ সময় মজিবুর ও মহসীনকে পালানোর চেষ্টাকালে এবং মমতাজকে গাড়িতে বসা অবস্থায় গ্রেপ্তার করা হয়। মজিবুরের দেহের বিভিন্ন অংশে কালো স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় চার হাজার পিস ইয়াবা এবং মহসীনের দেহ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মহরম আলী আরো বলেন, পরে গাড়িতে বসা মমতাজের কাছে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে দুই হাজার পিস ইয়াবা এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাইভেট কারের ড্রাইভিং সিটের বাঁ পাশের দরজার সুইচ বক্সের ভেতর থেকে আরো দুই হাজার পিস উদ্ধার করা হয়।

মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। এই চক্রের আরো কয়েকজন ইয়াবা কারবারি পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান মহরম আলী।

ফাঁসির ১৬ আসামির আপিল হাইকোর্টে

0

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত ১৬ আসামি হাইকোর্টে আপিল আবেদন (জেল আপিল) দাখিল করেছেন। আইনে নির্ধারিত সময়ের মধ্যেই আসামিরা আপিল দাখিল করলেন। আসামিরা ফেনীর কারাগারে থাকাবস্থায় কারা কর্তৃপক্ষের মাধ্যমে এই জেল আপিল করেন।

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ গত ২৪ অক্টোবর এক রায়ে মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। আইন অনুযায়ী ফাঁসির রায় অনুমোদনের জন্য ফেনীর আদালত থেকে ডেথ রেফারেন্স হিসেবে রায়টি গত ২৯ অক্টোবর লাল কাপড়ে মুড়িয়ে হাইকোর্টে পাঠানো হয়। এ অবস্থায় আসামিরা হাইকোর্টে আপিল দাখিল করলেন। নিয়ম অনুযায়ী এখন এই মামলার পেপারবুক তৈরি করা হবে। মামলার যাবতীয় নথি দিয়ে এই পেপারবুক প্রস্তুত হবার পর হাইকোর্টে শুনানি হবে।

যৌন নির্যাতনের অভিযোগে গত ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে মামলা করেন নুসরাতের মা শিরিন আক্তার। অধ্যক্ষের বিরুদ্ধে করা এ মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় গত ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয় মুখোশধারী ও বোরকা পরা দুর্বৃত্তরা। অগ্নিদগ্ধ অবস্থায় প্রথমে নুসরাতকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু তার অবস্থা মারাত্মক হওয়ায় তাকে ফেনী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় নুসরাত গত ১০ এপ্রিল বুধবার রাতে মারা যায়।
নুসরাতকে পুড়িয়ে মারার ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত ২৯ মে অভিযোগপত্র দেয়। এরপর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার শেষে ফেনীর আদালত ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন।

অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে ছেলেকে জ্যান্ত পোড়ালেন মা-বাবা

0

পারিবারিক সম্পত্তি হাতিয়ে নিতে মা-বাবার ওপর নির্যাতন চালাতো ছেলে। সেই নির্যাতন সইতে না-পেরে, ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মারলেন মা-বাবা। ছেলেটির বয়স ৪২ বছর। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানার ওয়ারঙ্গলে (গ্রামীণ) জেলায়।

পুলিশ বলছে, মৃত কাদারি মহেশ চন্দ্র ছিল অ্যালকোহলিক। রোজ মদ গিলে এসে, মা-বাবাকে ধরে সে পেটাত। অভিযুক্ত দম্পতির নাম কে প্রভাকর ও তাঁর স্ত্রী বিমলা।

পুলিশ সাব-ইনস্পেক্টর ভাস্কর রেড্ডি জানান, চন্দ্র মজুরের কাজ করতেন। সম্পত্তি লিখিয়ে নিতে ইদানীং মা-বাবাকে মারধর শুরু করেছিল সে। প্রত্যেকদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে সে মা-বাবাকে ধরে পেটাত। মারের হাত থেকে নিস্তার পেতেন না চন্দ্রের স্ত্রী-সন্তানও। বাধ্য হয়ে দুই সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে যান চন্দ্রের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ চন্দ্র রোজের মতোই মত্ত হয়ে বাড়ি ফিরে অশান্তি শুরু করলে, চূড়ান্ত হতাশ ওই দম্পতি ছেলের হাত-পা বেঁধে, গায়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেন। কয়েক মিনিটের মধ্যে, মা-বাবার চোখের সামনে মৃত্যু হয় ছেলের।

পুলিশ ওই দম্পতিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। চন্দ্রের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে।

জার্মান আ. লীগের সাংগঠনিক সম্পাদক হলেন হাবিবুর রহমান

0

জার্মান আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে পুনরায় সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রকৌশলী হাবিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। হাবিবের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুরে।

এর আগে ২০১৭ সাল থেকে সাংগঠনিক তৎপরতা ও স্বচ্ছ রাজনীতির কারণে তাকে ওই একই দায়িত্বে বহাল করেছিল জার্মান আওয়ামী লীগের কার্যকরী পরিষদ।

গত ২৭ অক্টোবর ফ্রাঙ্কফুর্টের কর্মী সম্মেলনের পর হাবিবুরকে আবারও বাছাই করে নেন তৃতীয়বারের মতো জার্মান আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম সাবু এবং নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আব্বাস আলী।

পেশায় প্রকৌশলী হাবিব সাংগঠনিক সম্পাদক হওয়ার আগে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত জার্মান আওয়ামী লীগের বায়ার্ন মিউনিখ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনার মিউনিখ সফরের সময় দলের হয়ে নানা অনুষ্ঠান তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে আয়োজন করেছিলেন।

কাশ্মীরে ভারতের সেনারা বাড়ি বাড়ি ঢুকে নির্যাতন চালাচ্ছে

0

সম্প্রতি ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে ভারত সরকার। এর ফলে বিশেষ মর্যাদা হারায় জম্মু-কাশ্মীর। এরপর থেকেই উত্তাল কাশ্মীর। থমথমে কাশ্মীরে পুলিশের সঙ্গে একের পর এক সংঘর্ষ লেগেই আছে। জম্মু-কাশ্মীরে রাজনৈতিক নেতাসহ শতাধিক মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে। আর এই ইস্যুটি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরায় এবং এ বিষয়ে জোরালো পদক্ষেপ নেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যাপক প্রশংসা করেছেন কাশ্মীরের হুররিয়াত কনফারেন্সের নেতা সাইয়্যেদ আলী শাহ গিলালি।

আলী শাহ গিলালি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লিখেছেন। সেখানে তিনি লেখেন, এটি হয়তো ইমরান খানের সঙ্গে তার শেষ যোগাযোগ হতে পারে; বয়স থাকে হয়ত আর যোগাযোগের সুযোগ দেবে না। আলী শাহ গিলানি চিঠিতে লেখেন, ভারতীয় সেনারা গান ব্যবহার করছে এবং কাশ্মীরি তরুণদেরকে অন্ধ করে দিচ্ছে। রাষ্ট্রীয় নীতির আওতায় কাশ্মীরের জনগণের ওপর নির্যাতন করা হচ্ছে, যৌন হয়রানি; এমনকি পুরুষদের ওপর যৌন নির্যাতন চালানো হচ্ছে। ভারতের দখলদার সেনারা বাড়ি বাড়ি ঢুকে তর্ক বিতর্ক করছে এবং নারীদের ওপর যৌন নির্যাতন চালাচ্ছে।

চিঠিতে ইমরান খানকে উদ্দেশ করে গিলানি বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ব্যাপারে ভারত সরকারের অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে এবং জম্মু-কাশ্মীরের নির্যাতিত নিপীড়িত জনগণের পক্ষে আপনি যেভাবে কথা বলেছেন তা প্রশংসার দাবি রাখে। ১৯৪৭ সাল থেকেই ভারতীয় দখলদারিত্ব ও অন্যায় আচরণ হতে মুক্তি লাভের জন্য রাজ্যের জনগণ বিভিন্ন পর্যায়ে সংগ্রাম করে এসেছেন। সেই থেকে কাশ্মীরের নারী, পুরুষ এবং শিশুরা সংগ্রামকে বাঁচিয়ে রেখেছেন। তারই ধারাবাহিকতায় ১৯৮৮, ২০১৮, ২০১০ ও ২০১৬ সাল মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে আছে।

তিনি আরো লেখেন, দিন দিন স্বাধীনতার এ সংগ্রাম জোরদার হয়েছে যা ভারত নস্যাৎ করতে ব্যর্থ। ভারতের অবৈধ ইচ্ছা কাশ্মীরের জনগণের ওপর চাপিয়ে দিতে গিয়ে তারা ব্যাপকভাবে এ অঞ্চলে কারফিউ জারি করেছে। এজন্য তারা টেলিফোন এবং ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগ মাধ্যমকে বন্ধ করে দিয়েছে। হাজার হাজার শিশু, বৃদ্ধ, কিশোর, ব্যবসায়ী, আইনজীবী, ছাত্র, ডাক্তার, হুররিয়াতের নেতা ও তাদের আত্মীয়-স্বজনকে আটক করা হয়েছে এবং ভারতের বিভিন্ন কারাগারে বন্দি রাখা হয়েছে। শত শত মানুষের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে।

আলী শাহ গিলানি আরো লেখেন, মা-বাবার কাছে তাদের তরুণী মেয়েদের বয়স জানতে চাওয়া হচ্ছে এবং দখলদার বাহিনী জনগণের কাছে বলছে যে, তাদের আসল লক্ষ্য হচ্ছে কাশ্মীরের মুসলিম নারীদের অসম্মান করা। বহু মানুষকে হুমকি দেয়া হয়েছে যে, তাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়া হবে এবং বহু মানুষের ঘরবাড়ি কেড়ে নেয়ার জন্য তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে।

সূত্র: ট্রিবিউন।

যোগিকে রাম মন্দির ট্রাস্টের প্রধান চায় ন্যাস

0

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ প্রকৃতপক্ষে তদারকি করতে পারবেন রাম মন্দির তৈরির বিষয়ে। সে কারণে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দিরের ট্রাস্টের প্রধান করা হোক তাকেই। এমনই সুপারিশ করেছে রাম জন্মভূমি ন্যাস।

তবে ন্যাস চায়, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, গোরক্ষপীঠের মহন্ত হিসেবে মন্দিরের ট্রাস্টেরও প্রধান হওয়া উচিত যোগি আদিত্যনাথের। ন্যাসের নেতৃত্বদানকারী মহন্ত নৃত্য গোপাল দাস বলেন, রাম জন্মভূমি ন্যাস চায় যোগি আদিত্যনাথ ট্রাস্টের প্রধান হিসেবে দায়িত্ব নিন।

রাম মন্দির আন্দোলনে বিশিষ্ট ভূমিকা পালন করেছে গোরক্ষপীঠের গোরক্ষনাথ মন্দির। আর সেখানকার মহন্তরা যেমন মহন্ত দিগ্বিজয় নাথ, মহন্ত অবেদ্যনাথ এবং এখন মহন্ত যোগি আদিত্যনাথ মন্দির আন্দোলনের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন।

ফলে যোগীর ওপর ভরসা করাই যায় বলে মনে করছে রাম জন্মভূমি ন্যাস। তারা চায়, ট্রাস্টের অন্য দুই সদস্য হতে পারেন যথাক্রমে চম্পত রায় (বিশ্ব হিন্দু পরিষদের সহ-সভাপতি) এবং ওম প্রকাশ সিংহল (ভিএইচপি কোষাধ্যক্ষ)।

এদিকে ২০১৫ সালে ভিএইচপি নেতা অশোক সিংহলের মৃত্যুর পর চম্পত রায় বিশ্ব হিন্দু পরিষদ এবং তার সঙ্গে সংযুক্ত সংস্থাগুলির তদারকি করছেন। চম্পত রায় এবং ওম প্রকাশ সিংহল দু’জনেই এখন নয়াদিল্লিতে বাস করেন।

মহন্ত নৃত্যগোপাল দাসের মনোনীত উত্তরাধিকারী মহন্ত কমল নয়ন দাস বলেন, রাম মন্দির নির্মাণের জন্য প্রস্তাবিত ট্রাস্টটি মহন্ত নৃত্যগোপাল দাসের তত্ত্বাবধানেই পরিচালিত হবে।

বিপুল পরিমাণ পরমাণু বর্জ্য সাগরে ছড়িয়ে পড়তে যাচ্ছে!

0

সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শীতল যুদ্ধের সময় মার্শাল আইল্যান্ডে ৬৭বার পারমাণবিক পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র। পরে সেই দ্বীপে রাসায়নিক অস্ত্রও ফেলে পেন্টাগন। সেই জায়গা থেকে বড় ধরনের বিপদ এড়াতে পরে পারমাণবিক বর্জ্যগুলো কংক্রিট দিয়ে মুড়িয়ে দেওয়া হয়।

তবে সম্প্রতি লস অ্যাঞ্জেলস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে প্রশান্ত মহাসাগরের একাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত দ্বীপ রাষ্ট্রটিতে সেইসব ডোম বা কংক্রিটের আস্তরণ উন্মুক্ত হয়ে যাচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে পারমাণবিক ওইসব বর্জ্য সাগরের পানিতে মিশে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

এদিকে মার্শাল দ্বীপে ৫০ হাজারের বেশি মানুষের বসবাস। অথচ ১৯৪৬ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত সেই জায়গা ছিল যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষার স্থান। ১৯৫৪ সালের ১ মার্চ সেই দ্বীপে ১৫ মেগাটন ওজনের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র। আর সেটি ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র। অস্ত্রটি পরীক্ষার পরপরই সারাদ্বীপে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়।

সেই দ্বীপের এক নারী জানান, কয়েক বছর ধরে সেখানে বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে। দ্বীপটিতে বিকলাঙ্গ শিশুর জন্ম হওয়াটা যেন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও এমন ঘটনা ঘটছে সেখানে।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এবং তাপমাত্রা বেড়ে যাচ্ছে। সেই সঙ্গে টম্বগুলো যদি ভেঙে যায়, তাহলে পারমাণবিক বর্জ্য পানির সঙ্গে মিশে যাবে। যা সারাবিশ্বের মানুষের জন্য বড় ধরনের হুমকি।

তবে যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে, তারা মার্শাল দ্বীপের দায় নেবে না। সেইসব বর্জ্য নিয়ন্ত্রণের দায়িত্ব সেই দ্বীপেরই দায়িত্ব বলে উল্লেখও করা হচ্ছে।

মার্শাল দ্বীপের প্রেসিডেন্ট হিলডা হেইন বলেন, এইসব বর্জ্য কী করে আমাদের হতে পারে? এসব আমরা চাই না। আমরা তো এসব বর্জ্য তৈরি করিনি। এসব বর্জ্য আমাদের নয়। এটা তাদের।

খাশোগি হত্যাকাণ্ড নিয়ে বেফাঁস মন্তব্য, ক্ষমা চাইলেন উবার প্রধান

0

সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা করার বদলে, সৌদি সরকার ‘ভুল করে ফেলেছে’ বলে একটি সাক্ষাৎকারে মন্তব্য করেন অ্যাপভিত্তিক ক্যাব সংস্থা উব‌র’র কর্ণধার দারা খোসরোশাহি। তা নিয়ে সমালোচনার মুখে পড়ে সোমবার নিজের টুইটার হ্যান্ডলে একটি পোস্ট করেন তিনি। সেখানে তিনি লেখেন, জামাল খাশোগির সঙ্গে যা হয়েছে, তা ক্ষমা করা যায় না। ভুলার প্রশ্ন তো ওঠেই না। এই ঘটনাকে নেহাত ভুল বলে উল্লেখ করা একেবারেই উচিত হয়নি আমার।

উবার প্রধান বলেন, কিছু না ভেবে সেই মুহূর্তে ওই কথা বেরিয়ে গিয়েছিল আমার মুখ থেকে। কিন্তু বিনিয়োগকারীরা আমার অবস্থান ভালো মতোই জানেন। সঠিকভাবে তা বোঝাতে না পারার জন্য দুঃখিত আমি।

গত রবিবার একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেই বিতর্ক বাধিয়ে বসেন খোসরোশাহি। জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, সৌদি সরকার তো ভুল স্বীকার করেছে! সব মানুষেরই ভুল হয়। তার অর্থ এই নয় যে, কোনোদিন তাদের ক্ষমা করা যাবে না। এই মন্তব্য নিয়ে হইচই পড়ে যাওয়াতেই শেষমেশ ক্ষমা চেয়ে নিলেন খোশরোশাহি।

ঘন কুয়াশার কারণে লালবাতি দেখতে পাননি চালক!

0

ঘন কুয়াশার কারণে সিগন্যাল আগেভাগে দেখতে না পাওয়ার কারণে কসবার মন্দবাগে ট্রেন দুর্ঘটনা ঘটেছে। তুর্ণা নিশিথা ট্রেনের সাময়িক বহিস্কৃত চালক তাহের উদ্দিন বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের কাছে সিগন্যাল দেখতে না পাবার বিষয়টি স্বীকার করেছেন।

তবে মন্দনাগ রেল স্টেশনের মাস্টার জাকের হোসেন চৌধুরী বলেন, ‘আউটার ও হোম দু’জায়গাতেই তূর্ণাকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেওয়া হয়েছিল।’

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: শামছুজ্জামান দুর্ঘটনার বার্তা পেয়ে ভোরে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁর কাছে তথ্য আসে, তূর্ণা নিশিথা ট্রেনের চালক ঘন কুয়াশার কারণেই চালক সিগন্যাল দেখতে পায়নি আগে থেকে।

মো. শামছুজ্জামান বলেন, তুর্ণা নিশিথা ট্রেনটি ৬০-৬৫ কিলোমিটার গতিবেগে চলছিল। চালক লাল সংকেত আগে থেকে দেখতে পাননি। তার কারণ সম্ভবত ঘন কুয়াশা। সে যখন সংকেত দেখতে পায়, তখন ‘ইর্মাজেন্সি ব্রেক’ করে। তারপর ট্রেনের গতিবেগ ২০ কিলোমিটারে নেমে আসে। কিন্ত পুরো গতি নিয়ন্ত্রণ করতে পারেনি সে। এজন্য আমরা স্পিড রেকর্ডারও পরীক্ষা করে দেখছি। আমি ঢাকা শহর থেকে গাড়ি নিয়ে বের হওয়ার পরও ঘন কুয়াশা দেখেছি। আমরা মনে করি, ঘন কুয়াশার কারণে মুলত: দুর্ঘটনাটি ঘটেছে। তবে তদন্তের পর মূল কারণ বের হয়ে আসবে। এজন্য আমরা দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে সচেষ্ট আছি। সংশ্লিষ্টরা তদন্ত কাজ জোর দিয়েই করছেন।

পর্বেক্ষকেরা বলছেন, আউটার ও হোম দু’টো সিগন্যাল কীভাবে মিস করলেন সেটা একটা প্রশ্নই বটে। ঘন কুয়াশার কারণে চালক দুটো সিগন্যালই দেখতে পাননি নাকি, স্টেশন মাস্টার শুধু হোম সিগন্যাল দিয়েছিলেন সেটি এখন প্রশ্নের বিষয়। মো. শামছুজ্জামান যে সিগন্যাল দেখতে না পাওয়ার কথা বলছেন, সেটা হয়তো হোম সিগন্যাল। স্টেশন মাস্টারের কথা অনুযায়ী চালক দু’টো সিগন্যালই মিস করেছেন। যখন হোম সিগন্যাল দেখেছেন তখন দেরি হয়ে গেছে তবে লোকোর গতি ৬০-৬৫ কিলোমিটার থেকে ২০ কিলোমিটারে নামিয়ে আনেন।

আগের রাতে দুর্ঘটনার পর মঙ্গলবার সকালে তূর্ণা নিশীথা ট্রেনের লোকোমাস্টার বা চালক তাহের উদ্দিন, সহকারি লোকোমাস্টার অপু দে ও গার্ড আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্তে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। এ ব্যপারে রেলমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনশেষে সকালে সাংবাদিকদের বলেছেন, আমরা মনে করছি, চালকের অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটেছে। তারপরও রেল মন্ত্রণালয় থেকে একটি রেলওয়ে থেকে তিনটি এবং জনশাসন থেকে একটিসহ মোট পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

‘সাংবাদিকদের আয়কর, গ্রাচ্যুইটির নতুন নিয়ম বেআইনি নয় কেন’

0

সাংবাদিকদের জন্য ঘোষিত নবম ওয়েজ বোর্ডে আয়কর পরিশোধ ও গ্রাচ্যুইটির বিষয়ে মন্ত্রিসভা কমিটির সুপারিশকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন উচ্চ আদালত।

ওয়েজ বোর্ডের ওই দুটি সুপারিশ চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ রুল জারি করে। চার সপ্তাহের মধ্যে তথ্য ও শ্রম সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজ) সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস গত সপ্তাহে রিট আবেদনটি করেন। তার পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী তীর্থ সলিল পাল ও মো. নুরুল করিম বিপ্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।