Home Blog Page 3358

১২ নভেম্বরকে উপকূল দিবস স্বীকৃতির দাবি

0

উপকূলের জনগোষ্ঠী ও সম্পদের সুরক্ষায় ১২ নভেম্বরকে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন নাগরিক সমাজের নেতৃবৃন্দ। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে চরম ঝুঁকিতে থাকা উপকূল অঞ্চলের সুরক্ষার সঙ্গে গোটা দেশের সুরক্ষা জড়িত। উপকূলের সংকট উত্তরণ ও সম্পদ সুরক্ষার করতে না পারলে জাতীয় লক্ষ্য অর্জন ব্যাহত হবে। তারা বলেন, উপকূলের বৃহৎ অংশকে অনুন্নত রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে তারা এসব কথা বলেন। উপকূল দিবস বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ মানববন্ধনে কোস্টাল জার্নালিজম নেটওয়ার্ক-সিজেএনবি, চেঞ্জ ইনিশিয়েটিভ, উপকূল বাংলাদেশ ফাউন্ডেশন, কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক-আলোকযাত্রা, কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।

বক্তৃতা করেন নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে, সিটিজেন রাইটস মুভমেন্টের মহাসচিব তুষার রেহমান, কমলনগর-রামগতি বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আবদুস সাত্তার পালোয়ান, সাংবাদিক মানিক লাল ঘোষ, উপকূল দিবস বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ও উপকূল সন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলে রয়েছে অফুরন্ত সম্ভাবনা। উপকূলের বিপুল জনগোষ্ঠী জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখছে। তা সত্বেও এ অঞ্চলের প্রায় ৫ কোটি মানুষ চরম ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে এই ঝুঁকি দিন দিন বাড়ছে। উপকূলের বহু এলাকা অরক্ষিত থেকে যাচ্ছে যুগের পর যুগ। এ অবস্থা থেকে উত্তরণের জন্যে উপকূলবাসী একটি দিবসের দাবি জানিয়েছে।

তারা আরো বলেন, এ দিবসটি সরকারের স্বীকৃতি পেলে সরকারের নীতিনির্ধারণী মহল, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সংবাদ মাধ্যমসহ বিভিন্ন মহলে উপকূলে গুরুত্ব বাড়বে। এর মধ্য দিয়ে উপকূলের সুরক্ষা ও সেখানকার জনগোষ্ঠীর অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে। বক্তারা অবিলম্বে দিবসটির স্বীকৃতি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, রাজধানী ঢাকাসহ দেশের ১৬টি উপকূলীয় জেলার ৬০ স্থানে এ বছর তৃতীয়বারের উপকূল দিবস মত পালিত হয়। ’৭০-এর ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের দিনটিকে ২০১৭ সাল থেকে ‘উপকূল দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। উপকূল অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ওই ঘূর্ণিঝড়ে প্রায় ১০ লাখ মানুষের প্রাণহানি ঘটে।

‘দল ছাড়তে বিএনপির অনেক নেতা উন্মুখ হয়ে আছেন’

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের উদ্দেশে বলেছেন, বিএনপি থেকে যেভাবে তাদের সিনিয়র নেতারা দলত্যাগ করে চলে যাচ্ছেন, এই তালিকায় আরো বহুজন আছেন। সেগুলো ভবিষ্যতে বিএনপি দেখতে পাবে। এই পরিস্থিতিতে গয়েশ্বর নিজের হতাশা কাটানোর জন্য, আত্মতুষ্টির জন্য এই কথা বললেও তাদেরকে আর তারা ঠেকাতে পারবে না।

আজ মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির অনেক নেতাই দল ছেড়ে যাওয়ার জন্য বহুদিন ধরেই চিন্তা ভাবনা করছেন এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে যে যোগাযোগ করছেন না তা নয়। আওয়ামী লীগ কিন্তু যাকে তাকে দলে নেওয়ার জন্য বসে রয়নি। আওয়ামী লীগ একটি সংগ্রামের মধ্য দিয়ে জনগণের মধ্য থেকে উঠে আসা দল। আওয়ামী লীগে যোগদান করতে চাইলেই সবাইকে নেওয়া সম্ভবপর নয়।

তথ্যমন্ত্রী বলেন, রাজনীতি হচ্ছে মানুষের জন্য, জনগণের কল্যাণের জন্য। কিন্তু তাদের রাজনীতি গত ১১ বছরে মানুষের কল্যাণে আবর্তিত হয়নি। তাদের রাজনীতি সবসময় আবর্তিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং খালেদা জিয়া, তারেক জিয়ার মামলা এবং খালেদা জিয়ার মুক্তি নিয়ে। তারা এই বিষয়গুলোকে ফুটিয়ে তোলার জন্য যে জঘন্য পথ অবলম্বন করেছে।

মিয়ানমারের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে মামলা প্রসঙ্গে তিনি বলেন, গাম্বিয়া যে মামলাটি করেছে সেটি ওআইসির সিদ্ধান্তে করেছে। এই মামলার বিষয়টি ওআইসিভুক্ত ৫৬টি দেশের রেজুলেশনে সংযুক্ত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সারা দেশে ডেঙ্গুতে মারা গেছে ১১২ জন

0

ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার কারণ এবং দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ঢাকা জেলা জজের নেতৃত্বে দুই সদস্যের কমিটিকে বিষয়টি তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির অপর সদস্য হলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্মসচিবের নিচে নয় এমন একজন কর্মকর্তা। এই কমিটিকে আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিকে ভবিষ্যতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেবিষয়ে সুপারিশনামা তৈরি করতে বলা হয়েছে।

কমিটিকে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীট-তত্ত্ব বিভাগের একজন করে শিক্ষক, আইসিডিডিআরবির একজন বিশেষজ্ঞ প্রতিনিধি, সরকারের প্লান প্রটেকশন বিভাগের একজন এবং ইনস্টিটিউট অব পাবলিক হেলথের একজন প্রতিনিধিসহ বিশেষজ্ঞদের মতামত নিতে বলা হয়েছে।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ নির্দেশ দিয়েছেন। আজ আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু।

এদিকে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টকে জানানো হয়েছে, চলতি বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একশ ১২ জন মারা গেছে। সরকার ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মর্সূচি গ্রহণের করেছেন। এর আগে গত ২৬ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তর এক প্রতিবেদন দিয়ে হাইকোর্টকে জানিয়ে ছিল, গত পহেলা জানুয়ারি থেকে গত ২১ আগস্ট পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৭ জন মারা গেছে। এ সময়ে সারাদেশে ৫৭ হাজার ৯৯৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এদিন আদালত এক আদেশে ঢাকাসহ সারাদেশে ব্যাপকভাবে ওষুধ ছিটাতে ও মশক নিধন অভিযান পরিচালনার নির্দেশ দেন।

গত ১৪ জুলাই আদালত স্বতপ্রনোদিত হয়ে এক আদেশে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ বিস্তার রোধে ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে ঢাকার দুই মেয়রসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় আজ মৃতের সংখ্যা জানালো রাষ্ট্রপক্ষ।

বিষাক্ত কটূক্তি করে সীমা লঙ্ঘন করবেন না

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গার উদ্দেশ্য বলেছেন, বিষাক্ত কটূক্তি করে সীমা লঙ্ঘন করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নূর হোসেনকে কটাক্ষ করলে জনগণ ক্ষমা করবে না। একবার মুখ ফসকে গেলে যতই ‘সরি’ বলুন কাজে আসবে না।

আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা ও নূর হোসেনকে নিয়ে কেউ কেউ কটাক্ষ করছেন। এ ধরনের কটাক্ষ রাজনৈতিক অনুভূতিতে আঘাত করে। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এখনও চলছে। তাদের ষড়যন্ত্র থেমে নেই। অনেকেই শেখ হাসিনা সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন। এরকম বক্তব্য সহ্য করা হবে না। এরকম কটাক্ষ রাজনৈতিক পরিবেশকে নষ্ট করে।

কাদের বলেন, নূর হোসেনকে হত্যার মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যার চেষ্টা কারা করেছিলেন সেটা জাতি জানে। সেই নূর হোসেনকে অশ্রাব্য ভাষায় কটাক্ষ করা হয়েছে। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার আদালতে অক্সিজেন নিয়ে যারা রাজনীতিতে অস্তিত্ব খুঁজে পেয়েছে তারা আজ নেত্রীকে কটাক্ষ করে। কথা মুখ থেকে একবার ফসকে গেলে মুখে আর ফিরে আসে না, যতো সরিই বলুন না কেন।

উল্লেখ্য, গত রবিবার (১০ নভেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে জাপা মহানগর উত্তরের আয়োজনে ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে রাঙ্গা বলেন, ‘নূর হোসেন ইয়াবাখোর, ফেনসিডিলখোর ছিলেন। যারা গণতন্ত্রের ‘গ’-ও বুঝে না, সেই অ্যাডিক্টেড ছেলেকে নিয়ে নাচানাচি করছে আওয়ামী লীগ ও বিএনপি। তাদের কাছে ইয়াবা-ফেনসিডিলখোর ও ক্যাসিনো ব্যবসায়ীদের গুরুত্ব বেশি। এরশাদ সাহেবের কাছে এরা কোনও গুরুত্ব পায়নি।

রাঙ্গার এই বক্তব্যকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম হয়। এরইমধ্যে নিজের বক্তব্য প্রত্যাহার করে ক্ষমাও চেয়েছেন তিনি।

এ সময় তিনি স্বেচ্ছাসেবক লীগের প্রসংশা করে বলেন, স্বেচ্ছাসেবক লীগ সব সময়ই সুসংবদ্ধ। বরাবরই আমাদের যেকোনো বড় আয়োজনে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের থাকে। আমাদের নেত্রী আপনাদের ওপর খুশি। এখানে সম্মেলনে এসে আমার মনে হচ্ছে উত্তরের নয় জাতীয় সম্মেলনে চলে এসেছি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, শুদ্ধি অভিযানের সঙ্গে সঙ্গতি রেখে চলবেন। দলের বিরুদ্ধে কলহ করবেন না। আমরা আদর্শের রাজনীতি করবো। আমরা বঙ্গবন্ধুর কর্মী কেউ ব্যক্তিগত কটূক্তি করবেন না। কটূক্তিকারীকে আমরা সহ্য করবো না।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দীন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মূল রঞ্জন গুহ ও সদস্য সচিব গাজী মেসবাউল হোসেন সাচ্চু প্রমুখ।

রাম মন্দির ট্রাস্টে থাকবেন সব ধর্মের প্রতিনিধি

0

মাস খানেকের মধ্যেই রাম মন্দির বানানোর জন্য ট্রাস্ট গঠন করে ফেলতে চায় নরেন্দ্র মোদি সরকার। রাম মন্দির ট্রাস্টে বিভিন্ন সংগঠন এমনকি বিভিন্ন ধর্মের প্রতিনিধি থাকবেন বলে মনে করা হচ্ছে। সঙ্ঘ পরিবার এবং রাম জন্মভূমি আন্দোলনের সঙ্গে জড়িত সদস্যদের সংখ্যা বেশি হবে তা নিয়ে খুব একটা দ্বিমত নেই। ভারতের সরকার চাইছে রাম মন্দির নির্মাণ করবে যে ট্রাস্ট, তাতে যেন হিন্দুদের বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি থাকেন। যাতে এই মন্দির নির্মাণ নিয়ে কোনোরকম বিতর্ক না হয় বা কেউ প্রশ্ন তুলতে না পারেন।

এতদিন পর যখন রাম মন্দির নির্মাণের পথ প্রশস্থ হয়েছে তখন মোদি সরকার আর কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না।

জানা গেছে, রাম মন্দির নির্মাণ কবে থেকে শুরু হবে সেটা ঠিক করতে হবে ট্রাস্টকে। সঙ্ঘ পরিবারের ইচ্ছে, হিন্দু নববর্ষের দিন থেকে কাজ শুরু হোক অথবা রামনবমী থেকে শুরু হোক। রামনবমী হলো ২ এপ্রিল, হিন্দু নববর্ষ মার্চের শেষ দিকে। সুতরাং এই সময়ের মধ্যে মন্দির নির্মাণ করা শুরু করতে কোনও অসুবিধা হওয়ার কথা নয়।

যতদিন পর্যন্ত ট্রাস্ট গঠিত না হচ্ছে ততদিন এ ব্যাপারে নির্দিষ্টভাবে কিছু করা সম্ভব নয়। সে জন্যই এক মাসের মধ্যে ট্রাস্ট গঠন করতে চাইছে সরকার। ট্রাস্ট হয়ে গেলে তারা মন্দিরের পরিকল্পনা চূড়ান্ত করবে। তারপর পৌরসভাকে অনুমোদন করতে হবে। নকশা করতে হবে। এর জন্য কিছুদিন সময় দরকার।

ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ে খুব সামান্য হলেও হতাশ হতে পারে নির্মোহী আখড়া। কারণে তারা এটাও প্রমাণ করেছেন যে স্মরণাতীত কাল থেকে রামের পুজো রাম চবুতরায় হয়েছে। কিন্তু মুসলিমরা এমন কোনও প্রমাণ দিতে পারেননি। কিন্তু রাম মন্দিরের সেবায়েত হিসেবে তাদের দাবি সর্বোচ্চ আদালত মানেনি। কিন্তু হতাশ হয়েও তাদের কিছু করার নেই। তবে তারা এ জন্য তৃপ্ত যে, রামমন্দির নির্মাণের পথ প্রশস্থ হয়েছে।

সরকারি সূ্ত্র জানিয়েছে, ট্রাস্টে কারা থাকবেন, সেই নাম দ্রুত ঠিক করা হবে। বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে কথা বলা হবে। তারপর তা চূড়ান্ত রূপ পাবে। রামমন্দির আন্দোলনের সঙ্গে জড়িতরা নিঃসন্দেহে প্রাধান্য পাবেন। সেই সঙ্গে যাঁরা মধ্যস্থতার কাজ করেছেন, তাঁরাও ট্রাস্টে থাকতে পারেন।

‘রামের নির্দিষ্ট জন্মস্থান বলে দেওয়াটা হাস্যকর’, ভারতের সাবেক বিচারপতি

0

ভারতের সুপ্রিম কোর্ট শনিবার বহুল আলোচিত বাবরি মসজিদ বা অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে। দেশটির প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলার রায় দেয়। ভারতের একটি বড় অংশ সেই রায়কে স্বাগত জানালেও প্রশ্নও তুলেছেন অনেকে। তাৎপর্যপূর্ণভাবে সেই রায় নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিও। এবার সেই তালিকায় নাম লেখালেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। তিনি প্রশ্ন তুলেছেন, ‘রাম কি ঐতিহাসিক না পুরানের চরিত্র?’

সোমবার বাবরি মসজিদ রায় নিয়ে মন্তব্য করতে গিয়ে মার্কণ্ডেয় কাটজু বলেছেন, রামের নির্দিষ্ট জন্মস্থান বলে দেওয়াটা হাস্যকর। এমনকি যদি ধরে নিই পুরানের বদলে রাম ঐতিহাসিক চরিত্রই ছিল, তাহলেও কি বলে দেওয়া সম্ভব হাজার বছর আগে সে কোথায় জন্মেছিল?

শনিবার মামলার রায়ে অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি হিন্দু মামলাকারীকে দেওয়ার পক্ষে রায় দিয়েছে। অন্যদিকে, সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যার অন্যত্র ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। মন্দির বানাতে তিন মাসের মধ্যে ট্রাস্ট বানানোর জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

ইসলামবিদ্বেষের প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ

0

পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুসলমানের বসবাস ফ্রান্সে। ইসলামবিদ্বেষের বিরুদ্ধে দেশটির রাজধানী প্যারিসে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় সাড়ে ১৩ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে। রবিবার এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

২০১৭ সালের পিউ রিসার্চের এক প্রতিবেদন বলছে, ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় ৮.৮ শতাংশ মুসলমান। সংখ্যার হিসেবে তা প্রায় ৫৭ লাখ ২০ হাজার জন। ‘ইফপ’ নামের এক সংস্থার জরিপ বলছে, ফ্রান্সের ৪০ শতাংশের বেশি মুসলমান ধর্মীয় বৈষম্যের শিকার হয়েছেন৷

এদিকে, ফ্রান্সের ৮৪ বছর বয়সি সাবেক এক ডানপন্থি অ্যাক্টিভিস্ট সম্প্রতি একটি মসজিদে জঙ্গি হামলা চালিয়েছেন। এতে দুজন আহত হয়েছিলেন।

কয়েকটি বামপন্থি সংগঠন ও গণমাধ্যমের উদ্যোগে রবিবারের সমাবেশটি আয়োজিত হয়৷ ‘অকারেন্স’ নামের একটি সংগঠন বলছে, এতে প্রায় সাড়ে ১৩ হাজার মানুষ অংশ নিয়েছেন৷ অংশগ্রহণকারীর সংখ্যা নির্ধারণ করতে এএফপিসহ কয়েকটি গণমাধ্যম অকারেন্সকে দায়িত্ব দিয়েছিল।

একটি গাড়ি কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কাজ করা ২৯ বছর বয়সি নারী আসমা ইউমোসিদ নেকাব পরে সমাবেশে অংশ নিয়েছিলেন।

তিনি বলেন, ইসলাম ও পর্দা করা নারীদের সম্পর্কে ইদানীং অনেক বাজে কথা শোনা যায়।

নাদজেত ফেলা নামের এক নার্স বলছেন, তিনি আলজেরিয়ায় নেকাব পরার চাপের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছেন। রবিবারের সমাবেশেও তিনি ছিলেন।

ফেলা বলেন, আমি নেকাব না পরার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু যারা এটা পরেন তাদের আলাদা করে দেখার বিষয়টি আমাকে আহত করে।

প্যারিসের পাশাপাশি মার্সেই শহরেও বিক্ষোভের আয়োজন করা হয়েছিল৷ সেখানে কয়েকশ’ মানুষ অংশ নেন।

সূত্র : ডয়েচে ভেলে

এবার তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় ‘নাকরি’!

0

সম্প্রতি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আঘাতে হানে ভয়াবহ ঘূর্ণিঝড় বুলবুল । এতে হতাহত ও সম্পদ হানির ঘটনা ঘটেছে। ঘূর্ণিঝড় বুলবুলের রেশ এখনও কাটেনি। এদিকে বুলবুলের প্রভাব কাটতে না কাটতেই ধেয়ে আসছে আরেকটি ঘূর্ণিঝড়। এর পোশাকি নাম রাখা হয়েছে ‘নাকরি’।

যে ঘূর্নাবর্ত থেকে বুলবুল সৃষ্টি হয়েছিল তার নাম ছিল মাতমো। এই মাতমোর উত্‍সস্থল ছিল দক্ষিণ চীন সাগর। মাতমো থেকেই ছিটকে গিয়ে তৈরি হয়েছিল বুলবুল। যা বিরাট ক্ষতি করেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ওই একই ধরনের আরও একটি ঘূর্নাবর্ত তৈরি হচ্ছে দক্ষিণ চীন সাগরেই। যার পোশাকি নাম নাকরি।

জানা গেছে, আপাতত যথেষ্ট শক্তিশালী রয়েছে এই ঘূর্নাবর্ত এবং তা ধীরে ধীরে এগোচ্ছে ভিয়েতনামের ভূমি লক্ষ্য করে। ভিয়েতনামের উপকূলে ব্যাপক বৃষ্টিপাত ঘটানোর পর কিছুটা শক্তিক্ষয় হবে এই নিম্নচাপটির। এরপর দক্ষিণ থাইল্যান্ড অতিক্রম করে মায়ানমারের দক্ষিণ ভাগে এসে পৌঁছবে এই ঘূর্নাবর্ত। মায়ানমার অব্ধি এসে পৌঁছালেও এই ঘূর্নাবর্তের লণ্ডভণ্ড করার শক্তি তেমন থাকবে না। খুব বেশি হলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মায়ানমারের পর ফের একবার বঙ্গোপসাগরের ওপরে আসবে এই ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদদের আশঙ্কা এখানেই। বঙ্গোপসাগর থেকে ফের একবার শক্তি সঞ্চয় করতে পারে এই ঘূর্নাবর্ত। আর তা যদি হয়, তবে ফের বিপদ ঘনাবে ভারতের দক্ষিণভাগে। ‘নাকরি’র মুখোমুখি হতে পারে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যাকে। কিন্তু এই ঝড় কবে নাগাদ ভারতে এসে পৌঁছাবে সে সম্পর্কে কোনও সঠিক তথ্য এই মুহূর্তে জানা যায়নি।

প্রসঙ্গত, বুলবুলের দাপটে মারাত্মক ক্ষতি হয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন, সন্দেশখালি সহ পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা।

সূত্র : ডেইলি হান্ট

তৃতীয় ম্যাচেও হেরে হোয়াইটওয়াশ হলো আফগানিস্তান

0

ভারতের লখনৌতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচেও হারল আফগানিস্তান। এর ফলে ওয়েস্ট ইন্ডিজের কাছে টানা তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হলো তারা।

গতকাল সোমবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। টস জিতে আফগানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ক্যারিবীয়রা। হজরাতুল্লাহ জাজাইয়ের অর্ধশতকে ভালো সূচনাও পায় তারা। তবে জাজাইয়ের বিদায়ের পর আসগর আফগান ও মোহাম্মদ নবীর অর্ধশতকে ভর করে ৭ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। জাজাই ৫০, আজগর ৮৬ ও নবী অপরাজিত ৫০ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে লুইস-হেটমায়াররা দ্রুত ফিরলেও ওপেনার শাই হোপের অপরাজিত ১০৯ ও রস্টন চেজের ৪২ রানের ঝড়ো ইনিংসে ৫ উইকেট হাতে রেখে ৮ বল আগেই জয় তুলে নেয় উইন্ডিজরা।

সংক্ষিপ্ত স্কোরঃ

আফগানিস্তান ২৪৯/৭(৫০)
আসগর আফগান ৮৬, নাবী ৫০*।
কিমো পল ৩/৪৪।

উইন্ডিজ ২৫৩/৫(৪৮.৪)
শাই হোপ ১০৯*, চেজ ৪২*।
মুজিব ২/৪৯।

আহতদের বাঁচাতে হেলিকপ্টার ব্যবহারের দাবি

0

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহতদের জীবন রক্ষায় হেলিকপ্টার ব্যবহারের দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। হেলিপপ্টারে করে আহতদের দ্রুত ঢাকায় এনে সিএমএইচ এবং পঙ্গু হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ মঙ্গলবার (নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান। বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় হতাহতদের দ্রুত উদ্ধার ও বিনামূল্যে সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি। একইসঙ্গে এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি নিহত প্রত্যেক পরিবারের কাছে রেলওয়ের খরচে লাশ পৌঁছে দেওয়া এবং হতাহত প্রত্যেক পরিবারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ রেলওয়েতে পদে পদে অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও দায়িত্ব পালনে গাফিলতির মহোৎসব চলছে। এখানে দুর্নীতিবাজরা পুরস্কৃত হচ্ছে, সৎ কর্মকর্তারা কোনঠাসা হয়ে পড়ছে। যাত্রীসেবার মান ও ট্রেনের গতি গাণিতিক হারে নিম্নমুখী হচ্ছে। অথচ সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রেলকে গতিশীল করতে প্রায় অর্ধশত যাত্রীবান্ধব প্রকল্প বাস্তবায়নে প্রায় লক্ষ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সরকারের নির্বাচনী অঙ্গীকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন করে এসব প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দাবি জানানো হয় বিবৃতিতে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী আরও বলেন, এই রেল দুর্ঘটনায় দায়িত্ব পালনে গাফিলতিকারী অথবা ইঞ্জিনিয়ারিং ত্রুটি, ঠিকাদারের দুর্নীতিতে যারা জড়িত থাকুন না কেন, তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে দ্রুত বিচারের মুখোমুখি করা হোক। অন্যথায় বাংলাদেশ রেলওয়ের সামনে আরও বড় বড় বিপদ আসন্ন বলে সতর্ক করা হয় বিবৃতিতে।