Home Blog Page 3359

তূর্ণার চালক সিগনাল অমান্য করায় এই ভয়াবহ দুর্ঘটনা?

0

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ নামক স্থানে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথা ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আভিযোগ উঠেছে, এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তূর্ণার চালক সিগনাল অমান্য করায়।

মন্দবাগ স্টেশনের মাস্টার জাকির হোসেন চৌধুরী কালের কণ্ঠকে বলেন, তূর্ণার চালক তথা লোকো মাস্টারকে ট্রেন থামানোর জন্য আউটার ও হোম দুই স্থানেই লাল বাতি সংকেত দেওয়া হয়েছিল। কিন্ত চালক ট্রেন দাঁড় করাননি বলেই এ দুর্ঘটনা ঘটে।

তূর্ণার যাত্রী কাজী ফজলে রাব্বী সকালে কালের কণ্ঠকে বলেন, ভয়াবহ ঝাঁকুনির পর ট্রেন থেমে যায়। তারপর তিনি নেমে দেখেন ভয়াবহ দৃশ্য।

ট্রেন দুটো দুই দিকে যাচ্ছিল। কর্মকর্তারা জানান, উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথার মধ্যে এ সংঘর্ষ ঘটে চলন্ত অবস্থায়। উদয়নকে লুপ বা সাইড লাইনে যখন পাঠানো হচ্ছিল তখন এর পেছনের তিনটি বগি মূল লাইনে থাকতেই ঢাকাগামী তূর্ণা চলে আসে এবং এ সংঘর্ষ ঘটে।

জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা কালের কণ্ঠকে সকাল সোয়া সাতটায় জানান, এ পর্যন্ত ১৫ জন নিহত হওয়ার ব্য্যাপারে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে ৯ জন, কসবা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে তিনজন, বৃাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুই জন ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়।

কর্মকর্তারা জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। দুমড়েমুচড়ে যাওয়া বগির নিচে আরো মরদেহ থাকতে পারে। হতাহতদের উদ্ধার কাজ চলছে। অনেকের কাটা হাত-পা উদ্ধার হচ্ছে। এ দৃশ্য অসহনীয়। সম্ভবত একটি শিশু ভেতরে রয়ে গেছে। সকাল সাতটা নাগাদ তাকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি।

দুর্ঘটনায় উদয়নের দুটি বগি দুমড়েমুচড়ে যায়। এতে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছেছেন।

কসবায় ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ১৬

0

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলস্টেশন এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি একটি শিশুর। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ জনে।

দুর্ঘটনার পর আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৯টা ২০ মিনিটে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি টুকরো টুকরো হয়ে গেছে।

এর আগে আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথা ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সকাল সোয়া ৭টা পর্যন্ত ১৫ জন নিহত হওয়ার ব্য্যাপারে নিশ্চিত হওয়া যায়। ঘটনাস্থলে ৯ জন, কসবা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে তিনজন, বৃাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুই জন ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়।

তবে দুমড়েমুচড়ে যাওয়া বগির নিচে ছিল সর্বশেষ পাওয়া শিশুটির মৃতদেহ। এখনও উদ্ধার অভিযান চলছে। অনেকের কাটা হাত-পা উদ্ধার হয়েছে। তবে সর্বশেষ পাওয়া শিশুটির মৃতদেহ ভেতরে রয়ে যায়। সকাল ৭টা নাগাদ তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। একপর্যায়ে সকাল সোয়া ৯টা ২০ মিনিটে উদ্ধার হয় শিশুটির মৃতদেহ।

কসবায় ট্রেন দুর্ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

0

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেস উইং পৃথকভাবে এ তথ্য জানিয়েছে।

শোকবর্তায় রাষ্ট্রপতি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় দুর্ঘটনায় নিহতদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন। তিনি তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।

একইসঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা দিতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সুন্দরবন একটাই; বাঁচাতে হবে নিজেদের স্বার্থে : টিআইবি

0

একের পর এক ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ ঠেকিয়ে দিয়ে বাংলাদেশকে বাঁচিয়ে দিচ্ছে সুন্দরবন। বিশ্বের সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ বন যেন বাংলাদেশের ‘মা’। অথচ, ঝড় থেমে গেলেই এই বনকে ধ্বংসের লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ চলে। এ নিয়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর তাণ্ডবের মাঝে কালের কণ্ঠে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। বুলবুলের মত প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষায় নিজেদের স্বার্থেই সুন্দরবনকে বাঁচাতে হবে বলে মত দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি বলেছে, সুন্দরবনের কারণেই প্রলয়ংকরী ঘূর্ণিঝড় বুলবুলের শক্তি হ্রাস পেয়েছে এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতির মাত্রা কম হয়েছে। তাই বাংলাদেশের স্বার্থেই সুন্দবরবন সুরক্ষায় অবিলম্বে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বিশ্বের সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ বন বাঁচাতে এটিকে ঝুঁকির মুখে ফেলা রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ এবং সুন্দরবনকে ঘিরে যে পরিবেশবিনাশী শিল্পায়ন প্রক্রিয়া শুরু হয়েছে তা অনতিবিলম্বে বন্ধ করার আহ্বান জানায় সংস্থাটি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘অধিকাংশ ঝড়-জলোচ্ছাসে সুদৃঢ় বর্ম হয়ে এই অঞ্চলকে রক্ষায় সুন্দরবনের অবদান অনস্বীকার্য। নিশ্ছিদ্র সুরক্ষা বেষ্টনি হয়ে ৬.১৭ হাজার বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবন বছরের পর বছর ধরে বিশে^র অন্যতম প্রাকৃতিক দুর্যোগপ্রবণ অঞ্চল বাংলাদেশের প্রাণ ও সম্পদ রক্ষা করে আসছে। বাংলাদেশে আঘাত হানার আগেই সাম্প্রতিক প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের শক্তি হ্রাস করে ক্ষয়ক্ষতির মাত্রা কমিয়ে দিয়েছে সুন্দরবন; যা বুলবুলের প্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তরসহ সরকারি সংশ্লিষ্ট মহল থেকে স্বীকৃতি পেয়েছে। এর আগেও প্রলয়ংকরী সিডর, আইলাসহ আরো বহু মহাদুর্যোগের ক্ষয়ক্ষতি ব্যাপকতর হতে দেয়নি প্রকৃতির এই অপার সৃষ্টি। শুধু দুর্যোগ থেকে রক্ষায় নিরাপত্তা বেষ্টনি হিসেবেই নয়, সুন্দরবন এ অঞ্চলের জীববৈচিত্র্য ও ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকার অন্যতম রক্ষাকবচ। তাই সুন্দরবন রক্ষায় বাংলাদেশকেই সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে।’

কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্প সুন্দরবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে অভিযোগ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মাদকীয় মোহে বৈশ্বিক ও স্থানীয় উদ্বেগ ও পরামর্শ উপেক্ষা করে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কৌশলগত পরিবেশগত সমীক্ষা ছাড়াই সুন্দরবনের সন্নিকটে রামপাল, তালতলি ও কলাপাড়ায় বিদ্যুৎ প্রকল্পসহ বহুমুখী ঝুঁকিপূর্ণ শিল্পায়ন চালিয়ে যাওয়া হচ্ছে। অথচ ইতিমধ্যে বিশ্ব ঐতিহ্য কমিটি কর্তৃক সুন্দরবনকে ‘ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির আশঙ্কা তৈরি হয়েছে। তারপরও ‘নিজের পায়ে কুড়াল মারা’র মত সব উদ্বেগ-উৎকন্ঠা উপেক্ষা করেই ‘সুন্দরবনের বিনিময়ে উন্নয়ন’ এর এই প্রক্রিয়া এখনো বন্ধ হয়নি।

টেকসই উন্নয়ন অভীষ্ট ১১ স্মরণ করে ড. ইফতেখারুজ্জামান আরো বলেন, সুন্দরবনের মত বিশ্ব ঐতিহ্য ঝুঁকিতে রেখে রামপালসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সরকারের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকারের পরিপন্থি। ২০৫০ সালের মধ্যে ৫০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা অর্জনের স্বার্থে অনতিবিলম্বে রামপাল, তালতলি ও কলাপাড়ায় কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্রসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ শিল্পায়ন কার্যক্রম স্থগিত করতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনকে লক্ষ্য করে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি সময়াবদ্ধ পরিকল্পনা গ্রহণ করে, সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করে তা বাস্তবায়নে আশু পদক্ষেপ নিতে হবে।

দণ্ডিত শিশুরা মুক্তি পেয়েছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট

0

ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত হয়ে টঙ্গী ও যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দি ১২ বছরের নীচে যেসব শিশু রয়েছে তারা মুক্তি পেয়েছে কি না এবং যাদের বয়স ১৩ বছর থেকে ১৮ বছর তাদের দেওয়া ৬ মাসের জামিনের আদেশের কপি সংশ্লিষ্ট আদালতে পৌঁছেছে কি না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলকে এ তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদুল হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

হাইকোর্ট গত ৩১ অক্টোবর এক আদেশে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত হয়ে টঙ্গী ও যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দিদের মধ্যে যাদের বয়স ১২ বছরের নীচে তাদের অবিলম্বে মুক্তির নির্দেশ দেন। আর যেসব শিশুর বয়স ১৩ বছর থেকে ১৮ বছর তাদের ৬ মাসের জামিনে মুক্তির নির্দেশ দেওয়া হয়। জামিনপ্রাপ্তদের সংশ্লিষ্ট জেলা শিশু আদালতের সন্তষ্ট সাপেক্ষে জামিননামা দাখিল করতে বলা হয়। এ ছাড়া সাজাপ্রাপ্ত শিশুদের প্রত্যেকের জন্য সাজার আদেশ সম্বলিত নথি আলাদাভাবে তৈরি করে তা ৭ কার্যদিবসের মধ্যে হাইকোর্টে পাঠাতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ও বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন। রুলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিশুদের সাজা দেওয়া ও আটক রাখা কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র, আইন, জনপ্রশাসন, সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, র‌্যাব মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, টঙ্গী ও যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

এই আদেশের বিষয়ে সোমবার ব্যারিস্টার আব্দুল হালিমের কাছে অগ্রগতি জানতে চান আদালত। এ আইনজীবী বলেন, আদেশের কপি পৌঁছেনি বলে শুনেছি। এরপর আদালত আদেশের কপি পৌঁছানোর নির্দেশ দেন এবং তা পৌঁছেছে কি না তা জানাতে নির্দেশ দেন।

‘আইনে মানা তবুও ১২১ শিশুর দণ্ড’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে গত ৩১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে আদেশ দেন হাইকোর্ট। ওই প্রতিবেদনে বলা হয়, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত এসব শিশু টঙ্গী ও যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দি। এই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও চিল্ড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল হালিম ও অ্যাডভোকেট ইশরাক হাসান।

মেহনতী মানুষের লড়াইয়ে শহীদ টিটো বেঁচে থাকবেন

0

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের বীর শহীদ ও ক্ষেতমজুর সমিতির নেতা শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটো দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, স্বৈরশাসক এরশাদের পতনের ত্রিশ বছরেও শহীদদের স্বপ্ন পুরণ হয়নি। তাই ক্ষেতমজুর-গ্রামীণ মজুরসহ মেহনতী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তাদের লড়াইয়ে শহীদ টিটো বেঁচে থাকবেন।

গতকাল রবিবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি শামছুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা, সহ-সাধারণ সম্পাদক অর্ণব সরকার, শহীদ টিটোর ঘনিষ্ঠ বন্ধু রমেন্দ্র বর্মণ, শ্রমিক নেতা শুখেন্দু চন্দ্র, হকার্স ইউনিনের জহিরুল ইসলাম ও ছাত্র ইউনিয়নের অনিক রায়।

সভায় বক্তারা বলেন, শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটো এবং শহীদ নুর হোসেনের খুনি স্বৈরাচারের বিচার হয়নি। আজও শহীদ টিটোর স্বপ্ন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা হয়নি। তাই নতুন প্রজন্মকে শহীদ টিটোর মতো গরিব মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ের লড়াইয়ে নামতে হবে।

সভার শুরুতে শহীদ টিটোর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ ছাড়া সকালে শহীদ আমিনুল হুদা টিটোর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকা অবরোধের প্রাক্কালে স্বৈরাচার এরশাদের পেটোয়া পুলিশ বাহিনীর গুলিতে টিটো, নূর হোসেন শহীদ হন। হত্যার পর পুলিশ টিটো’র লাশটিও গুম করে ফেলে।

৩০ টিভি বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করছে

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ টেলিভিশনসহ দেশের ৩০টি বেসরকারি টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য আহসানুল ইসলামের (টিপু) এক লিখিত প্রশ্নের জবাবে জানান, ৪৫টি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে অনুমতি প্রদান করা হয়েছে। এরমধ্যে ৩০টি চ্যানেল সম্প্রচার করছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) গত ৩০ মে থেকে এবং ১ অক্টোবর থেকে ৩০টি বেসরকারি টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করছে।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশের একমাত্র সরকারি মালিকানাধীন বেতার কেন্দ্র হচ্ছে বাংলাদেশ বেতার, ঢাকাসহ সারাদেশে বাংলাদেশ বেতারের ১৫টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে। বর্তমানে বাংলাদেশ বেতারের প্রচারের পরিধি ও সময় উভয়ই আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, বেসরকারি মালিকানাধীন এফএম বেতারকেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য ২৮টি প্রতিষ্ঠানকে পরীক্ষামূলক লাইসেন্স প্রদান করা হয়েছে। এরমধ্যে ২৩টি বেতারকেন্দ্রের সম্প্রচার কার্যক্রম চলমান রয়েছে। বাকি ৫টি প্রতিষ্ঠানের সম্প্রচার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনার জন্য মোট ৩২টি পরীক্ষামূলক লাইসেন্স প্রদান করা হয়েছে। এরমধ্যে ১টি সরকারি এবং ৩১টি এনজিও ভিত্তিক প্রতিষ্ঠান। সরকারি কমিউিনিটি রেডিওটি ‘কৃষি রেডিও’ নামে কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি তথ্য সার্ভিস কর্তৃক পরিচালিত। ৩২টি কমিউনিটি রেডিও’র মধ্যে ১৮টি কমিউনিটি রেডিও’র সম্প্রচার কার্যক্রম চলমান রয়েছে। বাকী ১৩টি কমিউনিটি রেডিও সম্প্রচারের অপেক্ষায় রয়েছে।

সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা

0

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে প্রাণী ও প্রাণবৈচিত্র্যের ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে উঠার স্বার্থে সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেঞ্জের বন সংরক্ষক কর্মকর্তা মাইনুদ্দিন খান।

তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে বন বিভাগের ৬৩টি দল কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও পরিস্থিতি স্বাভাবিক হলে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

এর আগে, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে সুন্দরবনের বেশ কিছু প্রাণী ও প্রাণবৈচিত্র্যের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং সুন্দরবনের কিছু জায়গায় গাছপালা ভেঙে গেছে। এখন ওই এলাকার প্রাণীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানায় বন বিভাগ। সুন্দরবনের প্রাণী ও প্রাণবৈচিত্র্য রক্ষায় কাজ করছে বন বিভাগের অনুসন্ধানী দল।

অপসারণের বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবো : তুরিন আফরোজ

0

শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গ এবং গুরুতর অসদাচারণের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে।

অপসারণের বিষয়ে তুরিন আফরোজ কালের কণ্ঠকে বলেছেন, শুনেছি আমাকে অপসারণ করে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমি শুধুই এই টুকু বলবো, আমি ট্রাইব্যুনালে থাকাকালে শতভাগ দায়িত্ব পালন করেছি। আমার জানা মতে বিশ্বাস ভঙ্গে মতো এমন কোনো কিছুই করিনি।

তিনি বলেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। কিন্তু আমাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই অপসারণ করা হয়েছে।

এ বিষয়ে আইনগত কোনো পদক্ষেপ নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবো। মোবাইল ফোনে এই প্রতিক্রিয়া জানানোর সময় আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন তিনি। এর চেয়ে বেশি কিছু তিনি বলতে পারেননি।

এদিকে তুরিন আফরোজের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধিতার অভিযোগ এনেছেন ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর জিয়াদ আল মালুম। তিনি বলেছেন, শুধুই পেশাগত অসদাচরণ নয়, তিনি ফৌজদারি অপরাধও করেছেন। তার কর্মকাণ্ড রাষ্ট্রবিরোধিতার সামিল। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুণালের বিচার কার্যক্রম রাষ্ট্রের জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তাই তার বিরুদ্ধে রাষ্ট্র শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করি।

ওয়াহিদুল হকের বিরুদ্ধে অভিযোগের তদন্তকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে ওয়াহিদুল হকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। ২০১৭ সালের ১৯ নভেম্বর ওয়াহিদুল হকের সঙ্গে গুলশানে একটি রেস্তোরায় ওয়াদিুল হকের সঙ্গে বৈঠক করেন ব্যারিস্টার তুরিন আফরোজ। এই বৈঠক থেকে তুরিন আফরোজ তাকে পালিয়ে যেতে বলেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগের বিষয়ে আইন মন্ত্রণালয় তদন্ত করে। এই অভিযোগ ওঠার পর তাকে ট্রাইব্যুনালের মামলা দেখভালের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর অভিযোগটি তদন্তের জন্য তুরিন আফরোজ ও ওয়াহিদুল হকের কথোপকথনের সিডিসহ আইন মন্ত্রণালয়ে নথি পাঠান চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।

ওয়াহিদুল হকের বিরুদ্ধে ২০১৬ সালের ৫ ডিসেম্বর তদন্ত শুরু করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তা মো. মতিউর রহমান। তদন্ত সম্পন্ন করে ওইবছরের ৩০ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এই তদন্তের ভিত্তিতে গত বছর ২৪ এপ্রিল ওয়াহিদুল হককে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ৭ মে এক আদেশে তুরিন আফরোজকে ওয়াহিদুল হকের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে, গত ১৬ অক্টোবর ট্রাইব্যুনালে ওয়াহিদুল হকের বিরুদ্ধে রংপুর সেনানিবাস সংলগ্ন এলাকায় ৫/৬শ নিরস্ত্র মানুষকে হত্যা, বাড়িঘরে আগুন ও পেট্রোল দিয়ে নিহতদের মরদেহ পুড়িয়ে ফেলাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন করার মধ্যে দিয়ে তার বিচার শুরু হয়। আগামী ২৪ নভেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।

‘অভিযোগ প্রমাণিত হওয়ায় তুরিন আফরোজকে অপসারণ’

0

পেশাগত শৃঙ্খলা ভঙ্গ ও গুরুতর অসদাচরণের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে ব্যারিস্টার তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে সোমবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের তদন্তকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ওয়াহিদুল হকের সঙ্গে প্রায় দুইবছর আগে তুরিন আফরোজ বৈঠক ও তার কাছ থেকে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। এই অভিযোগের ওপর তদন্ত শেষে আইন মন্ত্রণালয় সোমবার সিদ্ধান্ত দিলো। তবে তার বিরুদ্ধে অভিযোগের তদন্তকালেই তাকে ট্রাইব্যুনালের সকল কার্যক্রম থেকে বিরত রাখা হয়।

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল বলেন, অপরাধীর সঙ্গে তুরিন আফরোজের কথোপকথনের রেকর্ড আমাদের কাছে আছে। তার (তুরিন আফরোজ) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অপসারণ করা হয়েছে।

তুরিন আফরোজকে অপসারণের বিষয়ে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বেগম তুরিন আফরোজকে শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গ এবং গুরুতর অসদাচরণের দায়ে ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনে প্রদত্ত নিয়োগ বাতিলক্রমে প্রসিকিউটর পদ হতে অপসারণ করা হলো।

এদিকে তুরিন আফরোজের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধিতার অভিযোগ এনেছেন ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর জিয়াদ আল মালুম। তিনি বলেছেন, শুধুই পেশাগত অসদাচরণ নয়, তিনি ফৌজদারি অপরাধও করেছেন। তার কর্মকাণ্ড রাষ্ট্রবিরোধিতার সামিল। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুণালের বিচার কার্যক্রম রাষ্ট্রের জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তাই তার বিরুদ্ধে রাষ্ট্র শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করি।

ওয়াহিদুল হকের বিরুদ্ধে অভিযোগের তদন্তকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে ওয়াহিদুল হকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। ২০১৭ সালের ১৯ নভেম্বর ওয়াহিদুল হকের সঙ্গে গুলশানে একটি রেস্তোরায় ওয়াদিুল হকের সঙ্গে বৈঠক করেন ব্যারিস্টার তুরিন আফরোজ। এই বৈঠক থেকে তুরিন আফরোজ তাকে পালিয়ে যেতে বলেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগের বিষয়ে আইন মন্ত্রণালয় তদন্ত করে। এই অভিযোগ ওঠার পর তাকে ট্রাইব্যুনালের মামলা দেখভালের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর অভিযোগটি তদন্তের জন্য তুরিন আফরোজ ও ওয়াহিদুল হকের কথোপকথনের সিডিসহ আইন মন্ত্রণালয়ে নথি পাঠান চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।

ওয়াহিদুল হকের বিরুদ্ধে ২০১৬ সালের ৫ ডিসেম্বর তদন্ত শুরু করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তা মো. মতিউর রহমান। তদন্ত সম্পন্ন করে ওইবছরের ৩০ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এই তদন্তের ভিত্তিতে গত বছর ২৪ এপ্রিল ওয়াহিদুল হককে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ৭ মে এক আদেশে তুরিন আফরোজকে ওয়াহিদুল হকের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে, গত ১৬ অক্টোবর ট্রাইব্যুনালে ওয়াহিদুল হকের বিরুদ্ধে রংপুর সেনানিবাস সংলগ্ন এলাকায় ৫/৬শ নিরস্ত্র মানুষকে হত্যা, বাড়িঘরে আগুন ও পেট্রোল দিয়ে নিহতদের মরদেহ পুড়িয়ে ফেলাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন করার মধ্যে দিয়ে তার বিচার শুরু হয়। আগামী ২৪ নভেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।