Home Blog Page 3360

উন্নয়নের জন্য শান্তি এবং সম্প্রীতি বজায় রাখা জরুরি : প্রধানমন্ত্রী

0

উন্নয়নের জন্য শান্তি এবং সম্প্রীতি বজায় রাখাটা জরুরি আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলের নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থে রোহিঙ্গাদের নিজ দেশে টেকসই প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়কে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক নিরাপত্তার প্রসঙ্গে আমি বলতে চাই, নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের ১১ লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক শুধু বাংলাদেশের জন্য নয়, এ অঞ্চলের নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। বিশ্ব সম্প্রদায়কে বিষয়টি অনুধাবন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ঢাকা গ্লোবাল ডায়ালগ-২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন এবং নিরাপত্তা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস) এবং ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) যৌথভাবে তিনদিন ব্যাপী এই ডায়ালগের আয়োজন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলোর অর্থনীতি ও নিরাপত্তার জন্য এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অত্যাবশ্যক।

তিনি বলেন, সমুদ্রসীমা ও সামুদ্রিক অর্থনীতির ক্ষেত্রেও বাংলাদেশ মনে করে, পরস্পরের সঙ্গে তীব্র প্রতিযোগিতা বা ‘জিরো-সাম গেম’ বঙ্গোপসাগর বা ভারত মহাসাগরের ‘নীল অর্থনীতি’ বিকাশের জন্য সহায়ক নয়। বরং তা এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে বড় প্রতিবন্ধক।

প্রধানমন্ত্রী বলেন, আমি আরও মনে করি, সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার ও এর মাধ্যমে ‘নীল অর্থনীতির’ টেকসই উন্নয়নের জন্য সমুদ্র তীরবর্তী দেশগুলোর মধ্যে সহায়তাপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ, মর্যাদাপূর্ণ ও সমতাপূর্ণ সম্পর্ক আবশ্যক।

এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারকরণের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সর্বদা বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর এলাকায় শান্তিপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক জোরদারে সচেষ্ট। বাংলাদেশ তার দুই প্রতিবেশী দেশ মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা সম্পর্কিত বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করেছে। সমস্যা সমাধানে আমাদের এরূপ সহযোগিতা ও প্রচেষ্টা অন্য অঞ্চলের জন্য শিক্ষনীয় হতে পারে।

প্রতিবেশির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ তাঁর পররাষ্ট্র নীতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু প্রদর্শিত পদাংক- ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ মেনে চলছে, বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার প্রদর্শিত এই পথে আমরা আন্তর্জাতিক ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক স্থাপনে অঙ্গীকারবদ্ধ।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি ড. সামির স্মরন এবং বিস’র মহাপরিচালক মেজর জেনারেল একেএম আব্দুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন।

অনুষ্ঠানে ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক একটি ভিডিও উপস্থাপনা ও পরিবেশিত হয়।

প্রধানমন্ত্রী বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর এলাকায় জলদস্যুতা, সশস্ত্র ডাকাতি, উপকূলবর্তী ও সামুদ্রিক এলাকায় সন্ত্রাসী আক্রমণ, মানবপাচার, অস্ত্র ও মাদক পাচার- এর মত অপ্রথাগত নিরাপত্তা ঝুঁকি নিরসনে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, কোন একক দেশের পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়।

তিনি বলেন, মাছসহ সামুদ্রিক সম্পদের মাত্রাতিরিক্ত আহরণ ও নানাবিধ দূষণ এই এলাকার সামুদ্রিক পরিবেশকে বিপন্ন করে তুলেছে। শুধু বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর নয়, বিশ্বের সকল সাগর-মহাসাগরই আজ এ ধরনের বহুবিধ সমস্যায় আক্রান্ত।

প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর বিশ্বের সাগর-মহাসাগরগুলোতে যোগ হচ্ছে ৮ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য। দূষণ ও সামুদ্রিক সম্পদের মাত্রাতিরিক্ত আহরণ সামুদ্রিক বাস্তুসংস্থানকে বিনষ্ট করছে। পৃথিবীর সামগ্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। হুমকির মুখে ঠেলে দিচ্ছে মানুষের জীবন-জীবিকা।

শেখ হাসিনা বলেন, এই সকল সমস্যা সমাধানে ভারত ও প্রশান্ত মহাসাগর এলাকায় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা ও অংশিদারিত্ব জোরদার করার জন্য আমি সকল রাষ্ট্রের প্রতি আহ্বান জানাই।

তিনি বলেন, বাংলাদেশ মনে করে, এই সহযোগিতা হতে হবে সকলের অংশগ্রহণমূলক এবং সবার উন্নয়ন ও নিরাপত্তার লক্ষ্যে।

ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তেমনিভাবে ‘ঢাকা গ্লোবাল ডায়ালগ-২০১৯’ পরিবেশবান্ধব শান্তি ও সমৃদ্ধি অর্জনের পথে এই অঞ্চলের দেশগুলোর একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তিনি বলেন, এই ডায়ালগে যেসব সুপারিশ প্রদান করা হবে তা এ অঞ্চলের প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, সহযোগিতা জোরদারে এবং সর্বোপরি এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে আমি মনে করি।

এতে অর্জিত সাফল্য থেকে এই অঞ্চলের বাইরের দেশগুলোও শিক্ষা গ্রহণ করবে এবং উপকৃত হবে- এই আমার বিশ্বাস,’যোগ করেন তিনি।

এই অঞ্চলের দেশগুলোর ‘কমন এনিমি’ হিসেবে দারিদ্রকে চিহ্নিত করে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য আমাদের প্রধান শত্রু। কাজেই আমাদের সকল কাজের প্রধান লক্ষ্য হওয়া উচিত মানুষের দারিদ্র্য দূর করে তাদের সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করা।

জলবায়ু পরিবর্তনে তেমন কোন ভূমিকা না থাকলেও বাংলাদেশকে এর প্রভাবে অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে আখ্যায়িত করে সরকার প্রধান বলেন, এর ফলে সৃষ্ট বন্যা, ঘূর্ণিঝড়, খরা, নদী ভাঙ্গনসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগকে সঙ্গে নিয়েই আমাদের বসবাস করতে হয়।

এ প্রসঙ্গে তিনি অতি সম্প্রতি ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রসঙ্গ টেনে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা অর্জনেরও উদাহরণ দেন।
শেখ হাসিনা বলেন, আপনারা দেখেছেন বিরাট এক ঘূর্ণিঝড় আমাদের আক্রমণ করতে এসেছিল। এরকম প্রতিনিয়তই আমাদের মোকাবেলা করতে হয়। তবে, দুর্যোগ মোকাবেলায় আমরা এখন যথেষ্ট সচেতন এবং দুর্যোগকালীন করণীয় বিষয়েও আমরা যথাযথ পদক্ষেপ নিয়ে থাকি। আর প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন কর্মসূচিও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি।

তাঁর সরকার নিজস্ব অর্থায়নে ‘ট্রাস্ট ফান্ড’ গঠনসহ বেশকিছু অভিযোজন এবং প্রশমনমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে শতবর্ষ ব্যাপী ‘ডেল্টা প্ল্যান-২১০০’ গ্রহণ করা হয়েছে।

যেহেতু বাংলাদেশ একটা ব-দ্বীপ। তাই এই ব-দ্বীপ অঞ্চলের পানি সম্পদের সুষ্ঠু ও যথাযথ ব্যবহার করার মাধ্যমে খাদ্য নিরাপত্তা, নিরাপদ পানির নিশ্চয়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ টেকসই উন্নয়ন নিশ্চিত করাই এই পরিকল্পনার লক্ষ্য, বলেন তিনি।

ভৌগোলিক কারণে ভারত মহাসাগরের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই স্থান দিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ অতিক্রম করেছে, যা এশিয়ার বৃহৎ অর্থনীতিসমূহের জ্বালানি ও রসদের যোগান দেয়।

শেখ হাসিনা বলেন, বিশ্বের কনটেইনার শিপমেন্টের অর্ধেক এবং সমুদ্রবাহিত তেল বাণিজ্যের শতকরা ৮০ ভাগ অতিক্রান্ত হয় ভারত মহাসাগর দিয়ে। বিশ্বের প্রমাণিত তেল মজুদের শতকরা ১৬ দশমিকব ৮ ভাগ ও প্রাকৃতিক গ্যাস মজুদের শতকরা ২৭ দমমিক ৯ ভাগ এই মহাসাগর ও তৎসংলগ্ন সাগরসমূহে অবস্থিত।

এই অঞ্চলে সারা বিশ্বের শতকরা ২৮ ভাগ মৎস্য আহরিত হয় উল্লেখ করে তিনি বলেন, এই বিপুল সম্পদের উৎস এবং কৌশলগত কারণে ভারত মহাসাগর বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

প্রধানমন্ত্রী বলেন, আর্থ-সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধি বিবেচনায় বর্তমান শতক ‘এশিয়ার শতক’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে এই অঞ্চলের সমৃদ্ধির স্বার্থে শান্তি-সৌহার্দ বজায় রাখা আবশ্যক।

বাংলাদেশের বহির্বাণিজ্যের শতকরা ৯০ ভাগই সমুদ্রপথে হয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন, এই সমুদ্র বাণিজ্যপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিষ্পত্তির পর বঙ্গোপসাগরের ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার এলাকার উপর বাংলাদেশের নিরঙ্কুশ সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। ২০০ নটিক্যাল মাইল অর্থনৈতিক অঞ্চলসহ সমুদ্রসীমার বিশাল এলাকা বাংলাদেশের জন্য বিপুল সম্পদের উৎস। দেশের অর্থনৈতিক উন্নয়নে এই সম্পদের সদ্ব্যবহার অনেকাংশে নির্ভর করে এ অঞ্চলের স্থিতিশীলতার উপর।

তিনি বলেন, গ্যাস ছাড়াও ভারত মহাসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ মৎস্য, খনিজ ও অন্যান্য সম্পদ আছে। সুষ্ঠু ও পরিবেশসম্মত পরিকল্পনা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সম্পদ এই এলাকার দেশসমূহের অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, একটি হিসেবে দেখা গেছে, বাংলাদেশ তার সমগ্র ভূ-খণ্ডে যে পরিমাণ সম্পদ উৎপাদন করে, তার প্রায় সমপরিমাণ সম্পদ বাংলাদেশের সমুদ্রসীমার মধ্য থেকে আহরণ করা সম্ভব।

তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, ভারত মহাসাগরকে ঘিরে মোট ৪০টি উন্নয়নশীল দেশের অবস্থান। সেখানে বাস করে বিশ্বের জনসংখ্যার ৩৫ শতাংশ। বঙ্গোপসাগরকে ঘিরে আছে ৬টি দেশ। আরও কয়েকটি দেশ যেমন: নেপাল, ভূটান, মালদ্বীপ, মালয়েশিয়া ও সিঙ্গাপুর যদিও বঙ্গোপসাগরের তীরে অবস্থিত নয়, তবুও তাদের অর্থনীতিতে বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের তীরবর্তী ও নির্ভরশীল দেশগুলোর অর্থনীতি ও তাদের বিপুল জনগোষ্ঠীর জীবন এই সাগর ও মহাসাগর দ্বারা নানাভাবে প্রভাবিত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সাগর ও মহাসাগরের সম্পদ, পরিবেশ, বাস্তুসংস্থান সরাসরি এই দেশগুলোর অর্থনীতি ও নিরাপত্তাকে প্রভাবিত করে।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণের শুরুতে স্বাধীনতার পর পরই যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন যুগান্তকারী উদ্যোগের উল্লেখ করে বলেন, জাতির পিতা কেবল একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নই দেখেননি, তিনি ১৯৭৪ সালে জাতিসংঘে দাঁড়িয়ে একটি দারিদ্র্য, ক্ষুধা ও সংঘাতমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানিয়েছিলেন।

মানব কল্যাণের স্বার্থে বিশ্বশান্তি ও নিরাপত্তার উপর বিশেষ জোর দিয়েছিলেন বঙ্গবন্ধু, বলেন তিনি।

প্রধানমন্ত্রী তাঁর সরকারের শাসনে বিগত সাড়ে ১০ বছরে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের উল্লেখযোগ্য দিক তুলে ধরে বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ আজ প্রায়শঃই ‘উন্নয়নের বিস্ময়’ হিসেবে অভিহিত হচ্ছে এবং আজ বাংলাদেশ বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর অন্যতম।

তিনি বলেন, বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশ বর্তমানে এশিয়ায় দ্বিতীয় ও বিশ্বের পঞ্চম দ্রুত বর্ধনশীল অর্থনীতি।

চলতি বছর বাংলাদেশের অর্থনীতি ৩০০ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে। আইএমএফ-এর হিসেব অনুযায়ী পিপিপি’র ভিত্তিতে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন সারা বিশ্বে ৩০তম, বলেন তিনি।

আওয়ামী লীগে দুঃসময়ের কর্মী চাই, বসন্তের কোকিল না

0

আওয়ামী লীগে বসন্তের কোকিল দরকার নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বসন্তের কোকিলদের নিয়ে দল ভারী করার প্রস্তাব করবেন না। আমরা বিশ্বাসী, সাহসী এবং ত্যাগী কর্মী চাই, বসন্তের কোকিলদের চাই না।

আজ সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, লুটেরা, সন্ত্রাসীরা সাবধান। আপনারা কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতা চিরস্থায়ী নয়।

তিনি বলেন, আমাদের কোনো খারাপ লোকের দরকার নেই। খারাপ কর্মীরা দলের দুর্নাম ডেকে আনে। খারাপ কর্মীদের দলের দুঃসময়ে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়ে খুঁজে পাওয়া যায় না। আওয়ামী লীগে দুঃসময়ের কর্মী চাই, বসন্তের কোকিল চাই না।

ওবায়দুল কাদের বলেন, আমি আমাদের প্রতিটি সংগঠনের নেতাকর্মীদের বলতে চাই, দলে কোনো দূষিত রক্ত চাই না। দলে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে। ক্লিন ইমেজের কর্মীদের সংগঠনে যুক্ত করতে হবে।

তিনি জানান, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদকের নাম আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে ঘোষণা করা হবে।

এর আগে, অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ। সম্মেলনে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বাবু দেবাশীষ বিশ্বাস, পরিচালনা করেন সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাহ হোসেন সাচ্চু।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম প্রমুখ।

ফের চার দিনের রিমান্ডে কাউন্সিলর রাজীব

0

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীববে ফের চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

অস্ত্র মামলায় আজ সোমবার (১১ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-২ এর এসআই প্রণয় কুমার প্রামাণিক অস্ত্র মামলায় রাজীবের ফের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ড আবেদনে বলা হয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজীব বিভিন্ন ধরনের অপরাধ সংঘটন করেছেন। মোহাম্মদপুর থানা এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় অস্ত্র-গুলি, মাদক ব্যবসা, অবৈধ দখলদারিত্বের মাধ্যমে রাজীব অপরাধ জগতের সুলতান হিসেবে অভিহিত হন। তাই অস্ত্র মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও অন্য আসামিদের গ্রেফতারের জন্য তাকে ফের ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

এর আগে, গত ৪ নভেম্বর পর্যন্ত পৃথক দুই মামলায় ১৪ দিন রিমান্ডে ছিলেন কাউন্সিলর রাজীব। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ১৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে কাউন্সিলর রাজীবকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ৭ বোতল বিদেশি মদ ও নগদ ৩৩ হাজার জব্দ করা হয়।

এরপর রাজীব নিয়ে মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসায় অভিযান চালানো হয়। একই দিন তার অফিসে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে পাঁচ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক বই জব্দ করা হয়।

২০ অক্টোবর বিকেলে ভাটারা থানায় অস্ত্র ও মাদক আইনে রাজীবের বিরুদ্ধে দুটি মামলা হয়। এ ছাড়া গত ৬ নভেম্বর তাঁর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

স্বেচ্ছাসেবক লী‌গ দক্ষিণের কমিটি ঘোষণা ১৬ নভেম্বর

0

স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপ‌তি ও সাধারণ সম্পাদ‌কের নাম আগামী ১৬ নভেম্বর সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনের দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (১১ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ‌স্বেচ্ছা‌সেবক লী‌গ দক্ষিণের সম্মেলন উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কা‌দের বলেন, আমরা স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর-এর নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আরও সময় নিতে চাই এবং বিচার বিশ্লেষণ করতে চাই। সেজন্য আমরা চাচ্ছি আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে, সেখানে উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

২০০৬ সালের ৩১ মে সর্বশেষ সম্মেলন হয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের।

তুরিন আফরোজকে ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে অব্যাহতি

0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে অপসারণ করা হয়েছে ড. তুরিন আফরোজকে।

আজ সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।

পেশাগত অসদাচরণ, শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে প্রসিকিউটর ড. তুরিন আফরোজের বিরুদ্ধে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে অপসারণ সংক্রান্ত একটি চিঠি এর আগে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর স্বাক্ষসহ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।

চিঠিতে বলা হয়, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বেগম তুরিন আফরোজকে শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গ এবং গুরুতর অসদাচরণের দায়ে এ বিভাগের ২০/০২/২০১৯ খ্রি. তারিখের নং-…. প্রজ্ঞাপনে প্রদত্ত নিয়োগ বাতিলক্রমে প্রসিকিউটর-এর পদ হতে অপসারণ করা হলো।’

গত বছরের মে মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে ট্রাইব্যুনালের সব মামলার কার্যক্রম থেকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলার প্রভাবশালী আসামি জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক ডিজি মেজর (অব.) ওয়াহিদুল হকের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে এই প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে অনৈতিকভাবে আসামির সঙ্গে গোপনে বৈঠক করার অভিযোগ তদন্তের জন্য আইন মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার আবেদনও করা হয়।

রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান করুন

0

‘নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১১ লাখ রোহিঙ্গা শুধু বাংলাদেশের জন্য নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি। এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এ সমস্যার আশু সমাধান প্রয়োজন।’

আজ সোমবার (১১ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘ঢাকা গ্লোবাল ডায়লগ-২০১৯’ এ প্রধান অতিথির বক্তব্যে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়-এই পররাষ্ট্র নীতিতে আমরা বিশ্বাসী এবং আমরা এটাই মেনে চলি। এ কারণে পৃথিবীর সব দেশের সঙ্গে বাংলাদেশের চমৎকার সম্পর্ক রয়েছে। এমনকি মিয়ানমার থেকে ১১ লাখ রোহিঙ্গা আসার পরও তাদের সঙ্গে আমরা ঝগড়ায় লিপ্ত হইনি। সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করে যাচ্ছি।

আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১১ লাখ রোহিঙ্গা শুধু বাংলাদেশের জন্য নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি। এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এ সমস্যার আশু সমাধান প্রয়োজন।’ তিনি বলেন, ‘বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগর বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এ অঞ্চলে সবচেয়ে বড় শত্রু দারিদ্র। সেটি একসঙ্গে মোকাবিলা করতে হবে। শিক্ষা শান্তি ও নিরাপত্তা ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারে না।’

প্রথমবারের মতো তিনদিনব্যাপী এই ডায়লগের আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) ও অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ)।

বুলবুলের প্রভাবে বাড়তে পারে ডেঙ্গু প্রকোপ

0

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলায় অশনি সঙ্কেত দেখছে কলকাতা পৌরসভা। মাত্র ১০ দিনের মধ্যেই রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৪ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৫ হাজার।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ কলকাতায় কী প্রভাব ফেলে তা নিয়ে আশঙ্কায় ছিল কলকাতা পৌর দপ্তর। তবে, তেমন কিছুই ঘটেনি, ঝড় সরে গেছে বাংলাদেশের দিকে। রোদের মুখ দেখেছে কলকাতা, কেটেছে দুর্যোগও। কিন্তু, এই বুলবুলের প্রভাবে প্রবল বৃষ্টিতে ডেঙ্গুর ছোবল আরো জোরালো হবে বলে মনে করছেন পৌর কর্মকর্তারা। ইতিমধ্যেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় কপালে ভাঁজ পড়েছে রাজ্য সরকারের।

গত ৩০ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ২৪ হাজার। এবং ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৩। শনিবার মুখ্যসচিব রাজীব সিংহের নেতৃত্বে পর্যালোচনা বৈঠকের পরে রাজ্য সরকার জানায়, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪,৮৫২ জন। ডেঙ্গুর এই প্রকোপ ঘিরেই একটি বৈঠক ডাকা হয়। এ দিনের বৈঠকে হাজির ছিলেন স্বাস্থ্যসচিব সংঘমিত্রা ঘোষ, স্বাস্থ্য কর্মকর্তা অজয় চক্রবর্তীসহ কলকাতা পৌরসভা, দুই ২৪ পরগনা এবং হাওড়ার প্রতিনিধিরা।

গত এক সপ্তাহে কলকাতা পৌর এলাকা, হাওড়া গ্রামীণ এবং হুগলির বিস্তীর্ণ এলাকায় ডেঙ্গুর প্রকোপ উত্তরোত্তর বেড়েছে। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তার বলেন, ‘নতুন করে তিনটি এলাকায় ডেঙ্গুর প্রবণতা বেড়েছে। ফলে উদ্বেগে রয়েছে স্বাস্থ্য দপ্তর। ওই তিন এলাকা ছাড়াও সর্বত্র সচেতনতা বাড়ানোর জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে।’

সূত্রের খবর, কলকাতা পুরসভার পর্ণশ্রী, ধাপা, পিকনিক গার্ডেন, তিলজলা প্রভৃতি এলাকায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। অন্যদিকে উত্তর ২৪ পরগনার বনগাঁর চৌবেরিয়া ১, ২, নৈহাটি পৌরসভার অন্তর্গত গরিফা, হাজিনগরে এবং খড়দহের রহড়ায় বিশেষ নজর রেখেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। হুগলির ডেঙ্গু উদ্বেগের কারণ হলো রিষড়া পৌরসভা। হাওড়ার ডোমজুড় ব্লক এবং বাঁকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতেও বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

এই পরিস্থিতিতে বৈঠকে জোর দিতে বলা হয়েছে মশার লার্ভা নিধন, জঞ্জাল সাফাই, বাড়ি বাড়ি পরিদর্শনের ওপরে। ডেঙ্গি নিয়ন্ত্রণে মগরাহাট ১, ২ এবং মথুরাপুর ১, ২ নম্বর ব্লকে কর্মীর সংখ্যা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে পৌরসভাগুলোর পরিষেবার গতিও বাড়ানোর নির্দেশ দেন মুখ্যসচিব।

আগামী বছরের জন্য ডেঙ্গু পরিস্থিতি তৈরি হওয়ার আগে কীভাবে প্রস্তুত থাকা যায়, তার একটি নীল-নকশা চান মুখ্যসচিব। নভেম্বরেও যেভাবে একের পর একের ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু ঘটছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য সরকার। এক কর্মকর্তার কথায়, ‘প্রায় প্রতিবছর ডেঙ্গু প্রকোপ বাড়ার পরে টনক নড়ে সংশ্লিষ্ট দপ্তরের। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার পর প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ করা হয়। এই পরিস্থিতিরই বদল চাইছে রাজ্য।’

পরিস্থিতির বদল চেয়ে এ দিন উন্নয়ন ভবনের পক্ষ থেকে কেএমডিএ’র আবাসনগুলি নিজ উদ্যোগে পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। ডেঙ্গু প্রতিরোধ অভিযান নিয়ে কলকাতা পৌরসভা ও কেএমডিএ’র মধ্যে চাপান-উতোর এর আগেও ঘটেছে। পৌর কর্তৃপক্ষের অভিযোগ, কেএমডিএর নিজস্ব আবাসন ও বাজার পরিষ্কার করে না। অন্যদিকে, কেএমডিএ কর্তৃপক্ষের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল পৌরসভার যে পরিকাঠামো রয়েছে তা তাঁদের নেই।

রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলেন, ‘কেএমডিএ-কে তাদের আবাসন পরিষ্কার রাখতে হবে। পৌরসভা আবাসনের বাইরে কাজ করে। শুধু কেএমডিএ-ই নয়, অন্য দপ্তরগুলোও যাতে তাদের বাড়ির ভেতর পরিষ্কার রাখে সেই বিষয়েও আমি নির্দেশ দিয়েছি।’

অবশেষে বিদেশে যাওয়ার অনুমতি মিলল নওয়াজের

0

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। এ জন্য তাকে জরুরি ভিত্তিতে বিদেশে নেয়া প্রয়োজন। নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য প্রথমে বিদেশ যেতে বাধা দেয়া হলেও অবশেষে অনুমতি দিয়েছে সরকার।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ কে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশী বলেছেন, নওয়াজ শরিফের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। যেহেতু চিকিৎসকরা জানিয়েছেন, তার জীবন বাঁচাতে বিদেশে চিকিৎসা করানোটা জরুরি তাই তার বিদেশ সফরে আর কোনো বাধা থাকছে না।

তিনি বলেন, সরকার চিকিৎসকদের মতামতের গুরুত্ব দিচ্ছে। আমরা তার সুস্থতা কামনা করি। তিনি যেন আবারও সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন এবং রাজনীতিতে অংশ নিতে পারেন সেই কামনাই করি।

প্রথমদিকে স্বাস্থ্যগত কারণে নওয়াজকে জামিন দেয়া হলেও তার বিদেশ সফরে নিষেধাজ্ঞা ছিল।

প্রসঙ্গত, পাকিস্তানের দীর্ঘ সময়কার প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরিফ। ২০১৭ সালে তৃতীয় দফা ক্ষমতায় থাকাকালীন তিনি দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

উন্নত চিকি‍ৎসার জন্য লন্ডন যেতে বাধা নওয়াজ শরিফের

0

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গুরুতর অসুস্থ। কিন্তু উন্নত চিকি‍ৎসার জন্য লন্ডন যেতে পারছেন না তিনি। উন্নত চিকি‍ৎসার জন্য যাতে বিদেশে যেতে পারেন, সেই কারণে দুর্নীতি মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছিল আদালত। জামিন পেয়েই চিকি‍ৎসার জন্য লন্ডনে উড়ে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। কিন্তু লাহোর বিমানবন্দরে থাকা ‘নো-ফ্লাই’ তালিকায় নাম থাকায় রবিবার লন্ডনে যেতে পারলেন না নওয়াজ শরিফ।

ওই বিষয় নিয়ে বিতর্কের ঝড় উঠতেই পাকিস্তানের প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, ‘ওই তালিকা (নো-ফ্লাই) থেকে নাম সরানোর ক্ষমতা রয়েছে শুধু ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) চেয়ারম্যানের। তিনি না থাকায় নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া যায়নি।

গত কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ নওয়াজ শরিফ। দেশে থেকে চিকি‍ৎসা সম্ভব নয় বলে জানিয়ে দেন চিকি‍ৎসকরা। কিন্তু চিকি‍ৎসার জন্য প্রথমে বিদেশে যেতে রাজি ছিলেন না তিনি। শেষ পর্যন্ত চিকি‍ৎসকদের এবং পরিজনদের কথা ভেবে চিকি‍ৎসার জন্য লন্ডনে যেতে রাজি হন।

রবিবার সকালেই পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইসেন্সের বিমানে তাঁর লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করতে হয়। দুর্নীতি মামলায় অভিযুক্ত থাকায় দেশের বিভিন্ন বিমানবন্দরে ‘নো-ফ্লাই’ তালিকায় নাম রয়েছে শরিফের। নাম না মোছা পর্যন্ত তাঁকে বিদেশের বিমানে উঠতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

শরিফের লন্ডন যাওয়া বাতিল হতেই ইমরান খানের সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠতে শুরু করে। একজন অসুস্থ মানুষের বিরুদ্ধে কেন রাজনৈতিক প্রতিহিংসা মেটানো হচ্ছে, সেই প্রশ্নও তোলেন অনেকে। সমালোচনার মুখে পড়েই নড়েচড়ে বসে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর কর্মকর্তারা। তড়িঘড়ি করেই শরিফের চিকি‍ৎসা সংক্রান্ত নথিপত্র চেয়ে পাঠান তাঁরা।

সূত্রের খবর, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিষয়টি দেখছে পাক প্রশাসন। ফলে যে কোনও মুহূর্তে তাঁকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া হতে পারে।

তবে শরিফের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সচিব ফিরদৌস আশিক খান।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান স্পষ্টই জানিয়ে দিয়েছেন,রাজনীতি ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে সম্পূর্ণ আলাদা করেই দেখা হবে।

বাবরি মসজিদ রায় ঘোষণায় ছিলেন এই ৫ বিচারপতি

0

অবশেষে শনিবার বিতর্কিত বাবরি মসজিদ মামলা বা অযোধ্যা মামলার রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। দীর্ঘ কয়েক দশক পেরিয়ে এই রায় ঘোষণা করা হয়। এই রায়ের ফলে অযোধ্যার বিতর্কিত জমি যাবে রাম মন্দির কর্তৃপক্ষের কাছে। আর ৫ একর জমি পাবে সুন্নি ওয়াকফ বোর্ড। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ৫ সদস্যর বেঞ্চ রায় ঘোষণা করেন।

এবার এক নজরে দেখে নেওয়া যাক কারা ছিলেন এই বিতর্কিত ও ঐতিহাসিক মামলার রায়দানের পেছনে।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ

রঞ্জন গগৈ সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি। তিনি আসামের নাগরিক। সুপ্রিম কোর্টের দায়িত্ব নেওয়ার আগে তিনি গুয়াহাটি হাইকোর্ট, পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে প্র্যাকটিস করেছেন। এছাড়াও তিনি ২০১২ এপ্রিলে সুপ্রিম কোর্টেও কাজ করেছেন। তিনি তাঁর কর্মজীবনের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে রায় দিয়েছেন। আগামী ১৭ নভেম্বর অবসর গ্রহণ করবেন তিনি ।

বিচারপতি শরদ অরবিন্দ বোবদে

সুপ্রিম কোর্টের আগামী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন শরদ বোবদে। তিনিও এই ৫ সদস্যের মধ্যে ছিলেন। বিচারপতি বোবদে অ্যাডিশনাল বিচারপতি হিসেবে ২০০০ সালে বোম্বে হাইকোর্টে দায়িত্ব পালন করেছেন। রঞ্জন গগৈয়ের পরে আগামী ১৮ মাসের জন্য তিনি এই পদ সামলাবেন। এই সংবেদনশীল বিষয়ে রায় দেওয়ার জন্য তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়

বিতর্কিত অযোধ্যা মামলাতে রায় দেওয়ার জন্য তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁকে ২০১৬ সালের মে মাসে সুপ্রিম কোর্টে নিয়োগ দিয়েছিলেন বিচারপতি হিসেবে। তিনি এলাহাবাদ হাইকোর্ট ও বোম্বে হাইকোর্টেও কাজ করেছেন।

বিচারপতি অশোক ভূষণ

৫ সদস্যের বেঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। এর আগে তিনি এলাহাবাদ হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করেছেন। পরবর্তীকালে ২০০১ সালের এপ্রিল নাগাদ বিচারপতি পদে উন্নীত হন। তিনি ২০১৪ সালে কেরালা হাইকোর্টেও কাজ করেছিলেন। ২০১৬-১৩ মে তাঁকে সুপ্রিম কোর্টে নিযুক্ত করা হয়।

বিচারপতি আবদুল নাজির

আইনজীবী হিসেবে তিনি ১৯৮৩ সাল থেকে প্র্যাকটিস শুরু করেন। ২০ বছর ধরে কেরালা হাইকোর্টে কাজ করেছিলেন। পরবর্তীকালে অ্যাডিশনাল বিচারপতি হন। পাঁচ সদস্যর বেঞ্চে তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তিন তালাক মামলাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। একজন মুসলিম হিসেবে এই মামলাতে তার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ।

মন্তব্য