Home Blog Page 3361

বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের পদত্যাগ

0

বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস পদত্যাগ করেছেন। রবিবার এক ভাষণে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি। এ সময় বলিভিয়ায় সহিংসতা ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেয়ার জন্য সরকার বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন তিনি।

সম্প্রতি বলিভিয়ায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী কার্লোস মেসাকে পরাজিত করে পুনর্নির্বাচিত হয়েছিলেন প্রেসিডেন্ট মোরালেস। কিন্তু কার্লোস মেসা কারচুপির অভিযোগ তুলে ওই ফলাফল প্রত্যাখ্যান করেন। এরপর সরকার বিরোধী আন্দোলনের ডাক দেন কার্লোস মেসা। বলিভিয়ার সরকার বিরোধী এই নেতা মার্কিনপন্থি রাজনীতিবিদ হিসেবে পরিচিত।

রবিবার বিকেলে প্রেসিডেন্ট মোরালেস জাতির উদ্দেশে দেয়া টেলিভিশন ভাষণে দেশে আবার প্রেসিডেন্ট নির্বাচন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার কয়েক ঘণ্টা না যেতেই তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রুডরিগেজ পদত্যাগকারী প্রেসিডেন্টের প্রতি সমর্থন ঘোষণা করে বলেছেন, ইভো মোরালেসকে ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট মোরালেস মার্কিন সাম্রাজ্যবাদ-বিরোধী নীতি গ্রহণ করার কারণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তীব্র চাপের মুখে ছিলেন। ২০০৬ সাল থেকে বলিভিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

সূত্র : বিবিসি, পার্স টুডে

নতুন রেকর্ড করে দেশে ফিরছেন বিশ্বজয়ী নাজমুন

0

বিশ্বজয়ের নতুন রেকর্ড নিয়ে দেশের পথে রওনা দিয়েছেন বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্বজয়ী নাজমুন নাহার।

নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট থেকে ১০ নভেম্বর রবিবার নিউইয়র্ক সময় রাত ১১ টা ৩০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নাজমুন নাহার। তুরস্কে দেড় ঘণ্টা ট্রানজিটের পর একই এয়ারলাইন্স এর ৭১২ নম্বর ফ্লাইটে তিনি বাংলাদেশে পৌঁছাবেন ১২ নভেম্বর মঙ্গলবার সকাল ছয়টায়। নাজমুন নাহার কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকাল দশটায় তিনি জাতীয় শিশু একাডেমিতে আন্তর্জাতিক গার্লস ডে উপলক্ষে মূল বক্তা হিসাবে বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরবেন শিশু-কিশোরদের সামনে।

সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রে অর্জন করেছেন বহু সমাদৃত আন্তর্জাতিক পিস টর্চ অ্যাওয়ার্ড। প্রথম বাংলাদেশি হিসেবে নাজমুন ১৩৫টি দেশ ভ্রমণের ঐতিহাসিক রেকর্ড গড়ছেন ইতিমধ্যেই। ১৩৫ তম দেশ হিসেবে তিনি ভ্রমণ করেন কোস্টারিকা।

বাংলাদেশের লাল-সবুজের পতাকা হাতে দেশ ভ্রমণের ইতিহাস গড়লেন তিনি। এছাড়াও নাসাউ কলোসিয়ামের ফোবানা সম্মেলনে নাজমুনকে সম্মানিত করা হয়েছিল ‘মিস আর্থ কুইন অ্যাওয়ার্ড’ ও ইয়ুথ কনফারেন্সে ‘গ্লোব অ্যাওয়ার্ড’ দিয়ে।
ইতিপূর্বে তিনি পেয়েছেন অনন্যা অ্যাওয়ার্ড, অতীশ দীপঙ্কর গোল্ড মেডেল অ্যাওয়ার্ড, জন্টা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, রেড ক্রিসেন্ট মোটিভেশনাল অ্যাওয়ার্ড।

দেশে ফেরার পর তিনি ১৫ দিনের সফরে তিনি যোগ দিবেন তাকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের শুটিং ও বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের মোটিভেশনাল কর্মশালায়।

এবার দেশে সফর শেষে তিনি অভিযাত্রা করবেন মধ্য এশিয়ার সিল্ক রুটের দেশগুলোতে।

কলকাতায় ৯ম বাংলাদেশ বইমেলা শেষ হলো

0

কলকাতায় বাংলাদেশের বই নিয়ে আয়োজিত বাংলাদেশ বইমেলার সমাপ্তি ঘটল রবিবার। গত ১ নভেম্বর শুরু হয়েছিল বইমেলাটি।

গতকাল রবিবার বইমেলার সমাপনী অনুষ্ঠানে মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলকাতার বাংলাদেশ উপদূতাবাস প্রধান তৌফিক ও কমার্স শাখার প্রথম সচিব কমার্স শামসুল আরিফ, কলকাতার সাংবাদিক দেবাশিষ ভট্টাচার্য ও আশিষ চট্টোপাধ্যায়, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ ও নির্বাহী পরিচালক মনিরুল হক, ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ইমানুল হকসহ বিশিষ্টজনেরা।

গতকাল রবিবার ছিল ৯ম বাংলাদেশ বইমেলার শেষ দিন ছিল। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শেষ দুদিন মেলাটি তেমন জমেনি। তার পরেও বিক্রেতারা সন্তুষ্ট। আয়োজকরা বইমেলাটিকে শুধু মেলা হিসেবেই দেখছেন না, দুই বাংলার সাংস্কৃতিক বিনিময়ের একটি উপায় হিসেবেও দেখছেন।

এবার নবম বর্ষে পা দিয়েছে এই বইমেলা। ২০১১ সালে বাংলাদেশ বইমেলার পথচলা শুরু। টানা তিন বছর মেলাটি রবীন্দ্রসদনের পশ্চিম পাশে মোহরকুঞ্জ প্রাঙ্গণে হয়ে আসছে।

এবারের ৯ম বাংলাদেশ বইমেলার আয়োজক হিসেবে ছিল ‘বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি’। সহযোগিতায় ছিল ‘বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো’ ও মূল ব্যবস্থাপনায় ছিল কলকাতাস্থ ‘বাংলাদেশ উপদূতাবাস’। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কলকাতার ‘ভাষা ও চেতনা সমিতি’র সহায়তা ছিল।

এবারে মেলায় ৬০টি স্টলে সরকারী ও বেসরকারী মিলিয়ে মোট ৮০টি বাংলাদেশের প্রকাশনা ৩০ হাজারের বেশিবই কলকাতার পাঠকদের কাছে হাজির করা হয়েছিল।

এর আগে গত ১ নভেম্বর প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, এমপি।

যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

0

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার (১১ নভেম্বর)। ১৯৭২ সালের এই দিনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মধ্য দিয়ে গঠিত হয় যুবলীগ। সংগঠনটি গড়ে তোলায় মূল ভূমিকায় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনি।

আজ নানা কর্মসূচি হাতে নিয়েছে যুবলীগ। ভোর ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। পরে বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণিসহ ৭৫ এর ১৫ আগস্ট নিহত সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ এবং মোনাজাত হবে।

সাব্বির-মুশফিকের রেকর্ড ভাঙলেন নাইম শেখ

0

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা সাব্বির-মুশফিকদের রেকর্ড ভাঙলেন তরুণ ওপেনার নাইম শেখ। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে এ রেকর্ড গড়েন তিনি।

এদিন ভারতের ছুড়ে দেওয়া ১৭৫ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই লিটন-সৌম্য ফিরে গেলেও ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই অভিষেক ফিফটি তুলে নেন নাইম। তাও আবার মাত্র ৩৪ বলে।

পরবর্তীতে মিথুনের সাথে দারুণ জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন নাইম। মিথুনও দলীয় রানের চাকা সচল রাখেন। এমতাবস্থায় ২৭ রান করে ক্যাচ আউটে ফিরে যান মিথুন। তবে আউট হওয়ার আগে দলের জয়ের ভিত দাঁড় করিয়ে যান। এরপরে মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত মুশফিকও রানের খাতা না খুলতেই আউট। তবে দারুণ ব্যাটিং করতে থাকেন নাইম। দলীয় ১২৬ রানে ৪৮ বলে ৮১ রান করে আউট হন তিনি।

এর আগে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল সাব্বির রহমানের। ২০১৮ সালে কলোম্বোতে ৭৭ রান করেছিলেন তিনি। আর দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড হচ্ছে মুশফিকের।

যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে ১১ নভেম্বর

0

আমেরিকান সৈনিক দিবস উপলক্ষে আগামীকাল সোমবার, ১১ নভেম্বর যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে।

আমেরিকান সৈনিক দিবস আমেরিকার জাতীয় ছুটির দিন।

তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।

বেদম পিটুনি খেলেন মুস্তাফিজ-আফিফ

0

আফিফ হোসেনকে বাদ দিলে ভারতের বিপক্ষে আজকের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলারটির নাম মুস্তাফিজুর রহমান! তরুণ আফিফ এক ওভারে তিন ছক্কা খেয়ে ২০ রান দিয়েছেন। আর পূর্ণ ৪ ওভার বোলিং করা প্রতিষ্ঠিত বোলার মুস্তাফিজ দিয়েছেন ৪২ রান! পুরো সিরিজেই তিনি এভাবেই বোলিং করে গেলেন। পরিসংখ্যানের হিসেবে আজ সবচেয়ে খারাপ বোলিং করেছেন একসময়ের প্রতিভাবান এই পেসার। ভুগতে হয়েছে সাকিববিহীন বাংলাদেশকে।

চলতি সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ২ ওভারে ১৫ রান দিয়ে উইকেট পাননি মুস্তাফিজ। গত বৃহস্পতিবার রাজকোটে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ৩.৪ ওভারে দেন ৩৫ রান। যথারীতি এবারও তিনি ছিলেন উইকেটশূন্য। আজ সিরিজের তৃতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখেন তিনি। অর্থাৎ, পুরো সিরিজেই তিনি একটি উইকেটও তুলে নিতে পারেননি। আরও আশংকাজনক ব্যাপার হলো, এ বছর এখন পর্যন্ত খেলা ৬টি টি-টোয়েন্টিতে ৪৩.৭৫ গড় ও ৩১.০ স্ট্রাইক রেটে মুস্তাফিজের সংগ্রহ মাত্র ৪ উইকেট।

পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, মুস্তাফিজকে আর উদ্বোধনী বোলার হিসেবে ব্যবহার করার সাহস পান না অধিনায়ক কিংবা কোচ। যদিও এককসময় মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে বাংলাদেশের প্রধান পেস অস্ত্র হিসেবে দেখা হতো মুস্তাফিজকে। আজ কোনো ছক্কা না খেলেও ৬টি বাউন্ডারি হজম করতে হয়েছে তাকে। ওয়াইড দিয়েছেন ২টি। ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেওয়া সৌম্য সরকারই আজ বাংলাদেশের সবচেয়ে সফল বোলার। তার দুটি উইকেটই এসেছে খুব প্রয়োজনের মুহূর্তে। ২ উইকেট নেওয়া অপর পেসার শফিউল ফিরিয়েছেন রোহিত-ধাওয়ানের মতো গুরুত্বপূর্ণ দুই ব্যাটসম্যানকে।

বাবরি মসজিদ রায় নিয়ে বিভক্ত ভারতের মুসলিম নেতৃত্ব

0

ভারতে বাবরি মসজিদ-রামমন্দির মামলায় সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর প্রায় দেড়দিন হতে চললেও কীভাবে এই রায়ে প্রতিক্রিয়া জানানো হবে, তা নিয়ে দেশের শীর্ষ মুসলিম সংগঠনগুলোর মধ্যে তীব্র বিভক্তি দেখা যাচ্ছে।

মামলার অন্যতম পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ড এই রায় মেনে নেওয়ার কথা ঘোষণা করেছে।

কিন্তু তাদের আইনজীবীরা এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আবার এর বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করার কথা বিবেচনা করছেন।

অযোধ্যারই অন্যত্র মসজিদ বানানোর জন্য সুপ্রিম কোর্ট যে পাঁচ একর জমি বরাদ্দ করেছে তা নিয়েও মুসলিম সমাজের নেতারা একমত নন।

তারা কেউ বলছেন এই ‘দয়ার দান’ প্রত্যাখ্যান করা উচিত, কেউ আবার মনে করছেন ওই জমি নিয়ে সেখানে স্কুল-কলেজ বা হাসপাতাল গড়া দরকার।

বস্তুত সাতাশ বছর আগে অযোধ্যার যে বিতর্কিত ধর্মীয় স্থানে বাবরি মসজিদ নির্মিত হয়েছিলো, ঠিক সেখানেই রামমন্দির বানানোর জন্য সুপ্রিম কোর্টের রায়কে ভারতের এক একটি প্রভাবশালী মুসলিম সংগঠন এক একভাবে দেখছে।

অন্যতম মামলাকারী সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জাফর আহমেদ ফারুকি যেমন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘আমরা বিনম্রতার সঙ্গে এই রায়কে স্বাগত জানাচ্ছি।’

‘যদি কেউ এই রায়ের বিরুদ্ধে রিভিউ করার কথা বলেন, সেটা তার ব্যক্তিগত মত – ওয়াকফ বোর্ডের নয়।’

‘দেশের হিত ও শান্তি বজায় রাখার স্বার্থে আমরা এই আকারেই রায়টি কবুল করে নিচ্ছি।’

অথচ রায় ঘোষণার ঠিক পর পরই বোর্ডের অন্যতম আইনজীবী ও বাবরি মসজিদ অ্যাকশন কমিটির নেতা জাফরইয়াব জিলানি কিন্তু সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলেছিলেন।

তিনি জানিয়েছিলেন, রায়ের ভেতর অনেক ‘স্ববিরোধিতা’ আছে বলে তারা মনে করছেন এবং এর বিরুদ্ধে রিভিউ পিটিশন কীভাবে করা যায় সেটা বিবেচনা করা হচ্ছে।

বস্তুত রায় পর্যালোচনার সেই প্রক্রিয়া এখনও জারি আছে, মজলিস বাঁচাও তেহরিকের মতো কয়েকটি সংগঠন তো এই রায়ের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের দ্বারস্থ হওয়ারও পরামর্শ দিচ্ছে।

মামলায় মুসলিমদের পক্ষে আর এক আইনজীবী এম আর শামসাদও বলেছেন, ‘রায়ের বেশ কয়েকটি দিক নিয়ে আমাদের আপত্তি আছে।’

‘সিনিয়র আইনজীবী রাজীব ধাওয়ান-সহ অন্যরা এখন খতিয়ে দেখছেন এক্ষেত্রে কোন আইনি পথটা নেওয়া যুক্তিযুক্ত হবে।’

রায়ে যে তারা খুশি নন, তা স্পষ্ট করে দিয়েছেন অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের সচিব মৌলানা ফজরুর রহমান মুজাদ্দেদিও।

ভারতীয় মুসলিম সমাজে সম্ভবত সবচেয়ে ক্ষমতাশালী এই সংগঠনটির আর এক প্রবীণ সদস্য কামাল ফারুকি আবার বলছেন, বাবরি মসজিদ যেখানে ছিল সেই এলাকার বাইরে ৫ একর জায়গা দিতে চেয়ে আদালত আসলে দেশের মুসলিমদেরই অপমান করেছে।

ফারুকির কথায়, ‘আমি তো আপনাদের আগেই বলেছি অন্য জায়গায় আমাদের একশো একর জমি দিলেও কোনও লাভ নেই।’

‘মুসলিমদের ৬৭ একর জমি তো কবে থেকেই অধিগ্রহণ করে রেখেছে, তো কীসের আবার দান?’

‘৬৭ একর জমি আগেই ছিনিয়ে নিয়ে এখন আবার ৫ একর দিতে চাইছেন, এটা কেমন বিচার?’

হায়দ্রাবাদের এমপি ও অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদউদ্দিন ওয়াইসি গতকালই বলেছিলেন, মুসলিমরা দুর্বল হলেও অতটাও গরিব নয় যে নিজেরা চাঁদা তুলে আল্লাহর ঘর বানানোর জন্য পাঁচ একর জমি কিনতে পারবে না।

এই ‘খয়রাতির দান’ ফিরিয়ে দেওয়ারই পক্ষপাতী তিনি – কিন্তু বলিউড লেজেন্ড ও শোলে-সহ বহু সফল ছবির চিত্রনাট্যকার সেলিম খান (সালমান খানের বাবা) কিন্তু মনে করেন ওই জমি মুসলিমদের অবশ্যই গ্রহণ করা উচিত।

সেলিম খান বলছেন, ‘মুসলিমদের প্রতি আমার পরামর্শ হবে জমিটা নিন, কিন্তু ওখানে মসজিদ বানাবেন না।’

‘তার বদলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা হাসপাতাল বানান – পাঁচ একর কিন্তু খুব কম জায়গা নয়।’

‘আমাদের মসজিদের আর দরকার নেই, নামাজ তো আমরা ঘরে বসে বা ট্রেনে-বাসে-প্লেনে যেখানে খুশি পড়তে পারি – কিন্তু আমাদের শিশুদের সবার আগে দরকার শিক্ষা।’

হিন্দি সিনেমা জগতের এই প্রবীণ চিত্রনাট্যকারের কথায়, সুপ্রিম কোর্টের গতকালের রায়ের পরই মসজিদ-মন্দির নামক এই পিকচারের ‘দ্য এন্ড’ হয়ে যাওয়া উচিত।

তবে ভারতীয় মুসলিম সমাজের নেতারা সবাই যে অন্তত সেভাবে ভাবছেন না, সেটাও কিন্তু পরিষ্কার।

ভারতের দিল্লি জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি বাবরি মসজিদ বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় মেনে নিয়ে বলেছেন, বিষয়টি নিয়ে আর বিতর্ক তৈরি করে বাড়াবাড়ি করা উচিত না।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

সৈয়দ আহমেদ বুখারি বলেন, ভারতের মুসলিমরা শান্তি চায়। এরইমধ্যে তারা বলেছেন আদালতের রায় মেনে নেবেন। আমরা রায় মেনে নিয়েছি। দীর্ঘদিন ধরে চলা হিন্দু-মুসলিম বিরোধের অবসান হওয়া উচিত।

শনিবার বাবরি মসজিদ মামলার রায়ে ভারতের সর্বোচ্চ আদালত অযোধ্যার জমিতে মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছেন। এই জমির পরিবর্তে মুসলিমরা অযোধ্যার অন্য কোথাও মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি পাবেন।

অযোধ্যার এই স্থানটিকে হিন্দুরা রামের জন্মভূমি হিসেবে পবিত্র মনে করে থাকেন। সেখানে প্রায় ৭০০ বছর আগে বাবরি মসজিদ নির্মাণ করা হয়। ১৯৯২ সালে মসজিদটি ভেঙে দেওয়া হয়। সেসময় সাম্প্রদায়িক দাঙ্গায় দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

শনিবার দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ ঐতিহাসিক এ মামলার রায় দেন।

বাবরি মসজিদ ধ্বংসকারী সেই বলবীর সিং এখন মুসলিম!

0

২৭ বছর আগে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের মাথায় উঠে যারা শাবল দিয়ে আঘাত করেছিলেন তাদের একজন বলবীর সিং। এক সময় শিবসেনার সক্রিয় এই কর্মী আজ একজন মুসলিম। নাম পাল্টে হয়েছেন মোহাম্মদ আমির। মুখো লম্বা দাড়ি রেখে আল্লাহর নাম জপেন সব সময়। ভোরে আজান দেন নিয়মিত। শুধু তাই নয়, বিভিন্ন স্থানে ভেঙে পড়া শ’খানেক মসজিদ মেরামত করতে চান তিনি। যেন প্রায়শ্চিত্ত! চলতি বছরের ১৪ জানুয়ারি ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এমনটাই বলা হয়।

প্রতিবেদনের বলা হয়, বাবরির মাথায় শাবলের ঘা দেওয়ার পর সব খুইয়েছিলেন বলবীর। বাবা বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। না, স্ত্রীও সেই সময় তাঁর হাত ধরে বেরিয়ে আসেননি। বাবার মৃত্যুর পর বাড়ি ফিরে শুনেছিলেন, বাবা নাকি বলে গিয়েছিলেন, তার দ্বিতীয় সন্তানের (বলবীর) মুখ যেন বাড়ির কেউ আর না দেখেন। এমনকী, বলবীরকে যেন তাঁর বাবার মুখাগ্নিও করতে না দেওয়া হয়।

বদলের আরেক নাম যোগেন্দ্র পাল। বলবীরের বন্ধু। ২৫ বছর আগে যিনি বলবীরের সঙ্গেই উঠেছিলেন বাবরির মাথায়। শাবলের ঘায়ে ভেঙেছিলেন মসজিদ। বহু দিন আগেই যিনি হয়ে গেছেন পুরোদস্তুর মুসলিম।

এই বদলে যাওয়াটা সম্ভব হল কীভাবে?
বলবীর বলছেন, সেটাই স্বাভাবিক ছিল। কারণ, তার পরিবার কোনও দিনই উগ্র হিন্দু ছিলেন না। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান আর ইংরেজি, এই তিনটি বিষয়ে এমএ ডিগ্রি পাওয়া বলবীর তার মা, বাবা, ভাই, বোনদের নিয়ে ছোটবেলায় থাকতেন পানিপথের কাছে খুব ছোট্ট একটা গ্রামে। বলবীরের বয়স যখন ১০ বছর, তখন তিনি ও তার ভাইদের পড়াশোনার জন্য বলবীরের বাবা দৌলতরাম তাদের নিয়ে চলে যান পানিপথে।

বলবীর ‘মুম্বাই মিরর’কে বলেছেন, ‘আমার বাবা বরাবরই গান্ধীবাদে (মহাত্মা গান্ধী) বিশ্বাসী। তিনি দেশভাগ দেখেছিলেন। তার যন্ত্রণা বুঝেছিলেন। তাই আমাদের আশপাশে যে মুসলিমরা থাকতেন, উনি তাদের আগলে রাখতেন সব সময়। কিন্তু পানিপথের পরিবেশটা ছিল অন্য রকম। হরিয়ানার প্রত্যন্ত গ্রাম থেকে আসা লোকজনরা তেমন মর্যাদা পেতেন না পানিপথে।’

ফলে একটা গভীর দুঃখবোধ সব সময় তাড়িয়ে নিয়ে বেড়াত বলবীরকে। সেই পানিপথেই একেবারে অচেনা, অজানা আরএসএসের একটি শাখার কর্মীরা বলবীরকে দেখা হলেই ‘আপ’ ‘আপ’ (আপনি, আপনি) বলে সম্বোধন করতেন।

বলবীর বলছেন, ‘সেটাই আমার খুব ভালো লেগেছিল। সেই থেকেই ওদের (আরএসএস) সঙ্গে আমার ওঠা বসা শুরু হয়। শিবসেনা করতে করতেই বিয়ে করি। এমএ করি রোহতকের মহর্ষি বিশ্ববিদ্যালয় থেকে। ওই সময় প্রতিবেশীরা ভাবতেন আমি কট্টর হিন্দু। কিন্তু বাবা কোনও দিনই মূর্তি পূজায় বিশ্বাস করতেন না। আমরা কোনও দিনই যেতাম না মন্দিরে। বাড়িতে একটা গীতা ছিল ঠিকই, কিন্তু আমি বা আমার ভাইয়েরা কেউই সেটা কখনও পড়িনি। পানিপথে কেউ বাঁ হাতে রুটি খেলেও তখন তাকে ‘মুসলিম’ বলে হেয় করা হয়।’

শিবসেনার লোকজনদের কাছ থেকে ‘সম্মান’ পেয়ে তাদের ভালো লেগে যায় বলবীরের। শিবসেনাই তাকে অযোধ্যায় পাঠিয়েছিল বাবরি ভাঙতে। পাঠিয়েছিল বলবীরের বন্ধু যোগেন্দ্র পালকেও। তারা হয়ে যান করসেবক।

বলবীর জানিয়েছেন, বাবরি ভেঙে পানিপথে ফিরে যাওয়ার পর সেখানে তাকে ও যোগেন্দ্রকে তুমুল সংবর্ধনা জানানো হয়। তারা যে দু’টি ইট এনেছিলেন বাবরির মাথায় শাবল চালিয়ে, সেগুলি পানিপথে শিবসেনার স্থানীয় অফিসে সাজিয়ে রাখা হয়।

কিন্তু বাড়িতে ঢুকতেই রে রে করে ওঠেন বলবীরের বাবা দৌলতরাম। বলবীরের কথায়, ‘বাবা আমাকে বললেন, হয় তুমি এই বাড়িতে থাকবে, না হলে আমি। তো আমিই বেরিয়ে গেলাম বাড়ি থেকে। আমার স্ত্রীও বেরিয়ে এল না। থেকে গেল বাড়িতেই।’

ওই সময় ভবঘুরের মতো জীবন কাটিয়েছেন বলবীর। জানিয়েছেন, লম্বা দাড়িওয়ালা লোক দেখলেই ভয়ে আঁতকে উঠতেন তখন। বেশ কিছু দিন পর বাড়িতে ফিরে জানতে পারেন, বাবা মারা গেছেন। তিনি বাবরি ভাঙায় যে দুঃখ পেয়েছিলেন বাবা, তাতেই নাকি তার মৃত্যু হয়েছে।

এরপর পুরনো বন্ধু যোগেন্দ্রের খোঁজ-খবর নিতে গিয়ে আরও মুষড়ে পড়েন বলবীর। জানতে পারেন, যোগেন্দ্র মুসলিম হয়ে গেছেন। যোগেন্দ্র নাকি তখন বলবীরকে বলেছিলেন, বাবরি ভাঙার পর থেকেই তার মাথা বিগড়ে গিয়েছিল। যোগেন্দ্রর মনে হয়েছিল পাপ করেছিলেন বলেই সেটা হয়েছে। প্রায়শ্চিত্ত করতে গিয়ে তাই মুসলিম হয়ে যান যোগেন্দ্র।

এর পরেই আর দেরি না করে সোনেপতে গিয়ে মাওলানা কালিম সিদ্দিকির কাছে মুসলিম ধর্মে দীক্ষা নেন বলবীর। হয়ে যান মোহাম্মদ আমির।

‘প্রায়শ্চিত্ত’ করতে কী কী করতে চান বলবীর সিংহ ওরফে মহম্মদ আমির? বলবীরের কথায়, ‘কম করে ভেঙে পড়া শ’খানেক মসজিদকে মেরামত করতে চাই।’

বলবীরের দাবি, ১৯৯৩ থেকে ২০১৭, এই ২৪ বছরে উত্তর ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষ করে মেওয়াটে বেশ কিছু ভেঙে পড়া মসজিদ খুঁজে বের করে সেগুলির মেরামত করেছেন তিনি। উত্তরপ্রদেশের হাথরাসের কাছে মেন্ডুর মসজিদও নাকি মেরামত করেছেন বলবীরই। সেই কাজে মুসলিমরাই তাকে এগিয়ে এসে সাহায্য করেছেন, দাবি বলবীরের।

সূত্র: আনন্দ বাজার পত্রিকা

আমাদের কোনোভাবেই ধৈর্যহারা হলে চলবে না : গয়েশ্বর

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম, একটি বটগাছ। ক্লান্ত শরীর নিয়ে মানুষ এখানে আসবে বিশ্রাম নিবে পিপাসা মেটানোর পরে আবার চলে যাবে- এটাই স্বাভাবিক। এদেরকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমাদের বিচলিত হওয়ারও কিছুই নেই।

আজ রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, আমাদের নেতাকর্মীদের ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে বেগম খালেদা জিয়া যে সরকার গঠন করেছিলেন তখন অনেক নামিদামি নাদুসনুদুস নেতারা আমাদের দলে এসেছেন। তাদের মনে হয় দেশের এমন পরিস্থিতিতে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আর সহ্য হচ্ছে না। সেই কারণে তারা প্রস্থান করতে চায় এগুলো নিয়ে মনে হয় বিচলিত হওয়ার কিছুই নেই।

তিনি বলেন, দেশে গণতন্ত্র নাই। মানুষের স্বাধীনতা নাই। মানুষের বেঁচে থাকার অধিকার নাই। যার কারণে দেশে অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তারপরেও কিন্তু খেলা থেমে নেই। আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা।

তিনি বলেন, আগ্রাসী শক্তির হাত থেকে দেশকে মুক্ত করাই ছিল ৭ নভেম্বরের চেতনায় চেতনাবোধ। আজকে আগ্রাসী শক্তির কাছে আমরা যেন মাথা বিক্রি করে দিছি। যেনতেনভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বার্থ সম্পদ সব বিক্রি করে দেয়া হচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা কোনোভাবেই যেন ধৈর্যহারা না হই।

বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য এসকে সাদীর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।