Home Blog Page 3362

ঈদে মিলাদুন্নবী (সা.) এর আনন্দ শোভাযাত্রা রাজধানীতে

0

ইবাদত-বন্দেগি, মিলাদ, জসনে জুলুস, আলোচনা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের ধর্মপ্রাণ মুসলমান আজ উদ্‌যাপন করছেন ঈদে মিলাদুন্নবী।

প্রতিবছরের মতো এবারও আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জশনে জুলুস আনন্দ শোভাযাত্রা। আজ রবিবার পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (স.) উদযাপন শেষে আওলাদে রাসুল (স.), সৈয়দ নজিবুল বশর আল্ হাসানী আল্- মাইজভান্ডারির নেতৃত্বে রাজধানীর শাহজানপুর থেকে হাজার হাজার মানুষ নিয়ে এক বিশাল জশনে জুলুস আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ ছাড়া সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর এক নম্বরে জশনে জুলুস শুরু হয় এবং বাঙলা কলেজ মাঠে এসে শেষ হয়। মাইজভাণ্ডার দরবার শরিফের সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানীর নেতৃত্বে মাইজভাণ্ডারিয়ার অনুসারীরা জশনে জুলুসে অংশ নেন। বিগত বছরগুলোতে এ সংগঠনটির উদ্যোগে রাজধানীর শাহবাগ এলাকায় জশনে জুলুসের আয়োজন করা হতো। এবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের সম্মেলন থাকায় মিরপুরে জশনে জুলুস হচ্ছে বলে জানান দরবারের গণমাধ্যম সমন্বয়ক মো. ইব্রাহিম।

জশনে জুলুস শেষে সরকারি বাঙলা কলেজ মাঠে আনজুমানে রহমানিয়ার মইনিয়া মাইজভাণ্ডারিয়ার উদ্যোগে শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দরবার শরিফের সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানীর সভাপতিত্বে সমাবেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের উপস্থিত থাকার কথা রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। গতকাল শনিবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ধর্মসচিব মো. আনিছুর রহমান। উদ্বোধন শেষে বাদ এশা ওয়াজ করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান ও তেজগাঁও মদিনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী।

হিজরি সনের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস হিসেবে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে।

‘বিতর্কিতদের আওয়ামী লীগের সব কমিটি থেকে বাদ দিতে হবে’

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের বিতর্কিত ও খারাপ ব্যক্তিদের সব কমিটি থেকে বাদ দিতে হবে।

আজ রবিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাদের এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানের প্রেক্ষাপটে দলের যে কোনো শাখার বিতর্কিত ব্যক্তিদের বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দল অনেক বড়, ভেতরে অনেক সমস্যা রয়েছে। কিন্তু, নেত্রীর আহ্বানে সাড়া দিয়ে দলের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তা আমরা সমাধান করবো। এ কারণে শুদ্ধি অভিযানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিতর্কিত ব্যক্তিদের দল থেকে বাদ দিতে হবে।’

ভারতের বাবরি মসজিদ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সেতুমন্ত্রী বলেন, বাবরি মসজিদের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, এটি ভারতের উচ্চ আদালতের রায়, যা তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর প্রয়োজন আমরা মনে করি না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

সেন্সরে আসিফ আকবরের ‘গহীনের গান’

0

সবগুলো গান এককভাবে গাওয়া, সেই নয়টি গানের মেজাজের ওপর ভিত্তি করে লেখা হয়েছে চিত্রনাট্য আর তাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট সংগীতশিল্পী আসিফ আকবর। শুটিং ও সম্পাদনার পর আসিফ অভিনীত ‘গহীনের গান’ নামের পূর্ণ্যদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্মটি এখন আছে সেন্সরবোর্ডে।

বাংলাঢোল প্রযোজিত ছবিটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ডিসেম্বরে। গত সপ্তাহে এটি জমা দেয়া হয়েছে সেন্সর ছাড়পত্রের জন্য। পৌনে দুই ঘণ্টা ব্যাপ্তির ছবিটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সাদাত হোসাইন।

‘গহীনের গান’ নিয়ে আসিফ আকবর বলেন, ‘বাংলাঢোলের আন্তরিক প্রচেষ্টায় চলচ্চিত্রে অভিনয় করেছি। এটি গড়পরতা কোনো ছবি নয়। সেন্সরের পর ডিসেম্বরে মুক্তি পেলেই বোঝা যাবে এর ভিন্নতা। আমার বিশ্বাস, এটি সবার মন ছুয়ে যাবে।’

সাদাত হোসাইন বলেন, ‘এটি গানের ছবি, একইভাবে গল্পেরও। ছবিটিতে গান ও অভিনয় মিলিয়ে এক নতুন আসিফ আকবরকে আবিস্কার করবেন সবাই। আমার বিশ্বাস সেন্সরবোর্ড প্রশংসা কুড়োবে এটি’।

‘গহীনের গান’-এ আসিফের সাথে অভিনয় করেছেন হাসান ঈমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা প্রমুখ। ছবির ৯টি গানের বেশির ভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুন মুন্সী। দুটি গান লিখেছেন রাজীব আহমেদ আর একটি লিখেছেন পরিচালক নিজে। ‘বন্ধু তোর খবর কি রে’ গানটির সুর করেছেন পল্লব স্যানাল ও সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার।

বুলবুলে চার-পাঁচ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, সরকারি হিসাবে নিহত ২

0

সরকারি হিসাবে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে চার থেকে পাঁচ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সরকারের পরিসংখ্যান অনুযায়ী দুজন নিহত ও আহত হয়েছেন ৩০ জন।

আজ রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এ তথ্য জানান।

এদিকে খুলনা জেলা প্রশাসন ও দাকোপ উপজেলা প্রশাসন জানিয়েছে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে খুলনার কয়রা ও দাকোপ উপজেলায় প্রায় দুই হাজার ২৬৫টি ঘর বিধ্বস্ত হয়েছে। পানিতে তলিয়ে গেছে পাঁচ শতাধিক পুকুর ও মাছের ঘের।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎবিহীন রয়েছে গোটা খুলনা জেলা। মহানগরীতেও অনেক বাড়িঘর ও গাছপালা ভেঙে গেছে। গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে খুলনা-মোংলা মহাসড়কসহ আরও অনেক সড়কে।

কে এই রামলালা? কোন যুক্তিতে জমির মালিকানা পেল রাম জন্মভূমি ন্যাস?

0

পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের রায়, শর্তসাপেক্ষে বিতর্কিত জমি দেওয়া হল রাম জন্মভূমি ন্যাসকে। অন্যদিকে অযোধ্যাতেই ৫ একর বিকল্প জমি দেওয়া হবে মুসলিম পক্ষ বা সুন্নি ওয়াকফ বোর্ডকে। তবে খারিজ করে দেওয়া হয় আরেক মামলাকারী নির্মোহী আখড়ার দাবি।
১৯৯৩ সালের অযোধ্যা আইনের আওতায় তিন মাসের মধ্যে কেন্দ্রকে ট্রাস্ট গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কীভাবে এই বিতর্কিত জমি রাম জন্মভূমি ন্যাসকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল? রামলালাই কেন এই জমির মালিকানা পেলেন? কে এই রামলালা? চলুন জেনে নেওয়া যাক।
আইন অনুযায়ী, হিন্দু দেবতাকে এই মামলায় বিচারাধীন ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। এই মামলায় ছোট্ট রামলালা বিরাজমান বাদী পক্ষ হিসেবে সামনে আসে। অযোধ্যার দেবতা রামের শিশুরূপ রামলালা আইনের চোখে নাবালক। তবে হিন্দু দেবতাকে বাদী পক্ষ হিসেবে তুলে ধরাটা নজিরবিহীন। মনুষ্যরূপী রামের মকদ্দমাকারীদের অন্যতম ছিলেন তৎকালীন ভিএইচপি কার্যকরী প্রেসিডেন্ট দেওকী নন্দন আগরওয়াল। ১৯৮৯ সালে তাঁর হাত ধরেই রামলালার হয়ে মামলা শুরু হয়। বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম নেতা ত্রিলোকীনাথ পাণ্ডে ছিলেন রামলালার পাশে। ২০০২ সালে মামলার দায়িত্ব নেন তিনি।
এদিন শীর্ষ আদালত বলে, ওই স্থানকে যে হিন্দুরা ভগবান রামের জন্মস্থান হিসেবে বিশ্বাস করেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। রাম জন্মভূমিতে যে ১৮৫৭ সালের আগেও হিন্দু পুণ্যার্থীরা যেতেন, তার প্রমাণ মিলেছে। বিতর্কিত জমির বাইরের অংশে যে হিন্দুরাই পূজার্চনা করতেন, সে প্রমাণও খুব স্পষ্ট। কিন্তু সুন্নি ওয়াকফ বোর্ড এই মামলায় এমন কোনও প্রমাণ পেশ করতে পারেনি, যাতে বলা যায়, ১৮৫৭ সালের আগে বিতর্কিত জমির দখল পুরোপুরি তাঁদের হাতে ছিল। বিতর্কিত জমির উপরে রামলালার অধিকার স্বীকার করে নেওয়া আইন-শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রশ্নের সঙ্গে সম্পৃক্ত।
বিতর্কিত জমি রামলালার। এই ঘোষণার পরই সেলিব্রেশন শুরু করে দেন রামলালা বিরাজমানের পক্ষের আইনজীবীরা। সিনিয়র আইনজীবী পিএস নরসিমা বলেন, ‘মসজিদ তৈরির আগে হিন্দুরা রাম জন্মভূমিতে প্রার্থনা করতেন। এখনও সেই রীতি চলছে। এটা অত্যন্ত ভাল রায়। এতদিনে ঐতিহাসিক ভুল শোধরানো গেল।’
তথ্যসূত্র : ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব পরীক্ষা স্থগিত

0

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের (১১ নভেম্বর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আজ রবিবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়জুল করিম এ তথ্য জানান। এসব পরীক্ষার সূচি পরে জানানো হবে বলে জানান তিনি।

ফয়জুল করিম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা সারা দেশের ২৯৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সোমবার। ৩১টি বিষয়ে ৭৯৭টি কলেজের ৪ লাখ ৩২ হাজার জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল এতে। কিন্তু ঝড়ের কারণে সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এর আগে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন গতকাল শনিবারের (৯ নভেম্বর) সব পরীক্ষাও স্থগিত করা হয় একই কারণে। এসব পরীক্ষার সূচিও পরে জানানো হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ওই কর্মকর্তা।

‘সরকারের প্রস্তুতিতে বুলবুলে ক্ষতি হয়নি, নির্ঘুম রাত কাটিয়েছেন প্রধানমন্ত্রী’

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ জানিয়েছেন, সরকারের প্রস্তুতির কারণেই ঘূর্ণিঝড় ‘বুলবুল’ কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি। তিনি জানান, ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার পর নির্ঘুম রাত কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় হাছান মাহমুদ এসব বিষয় জানান।

তথ্যমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’র ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে ঘূর্ণিঝড় আঘাত হানার পর নির্ঘুম রাত কাটিয়েছেন তিনি।

হাছান মাহমুদ জানান, সরকারের প্রস্তুতির কারণেই ঘূর্ণিঝড় বুলবুল কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের মন্তব্যের নিন্দা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আয়নায় আগে নিজেদের মুখ দেখুন। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় যে ঘূর্ণিঝড় হয়েছিল তাতে পাঁচ লাখ মানুষ মারা গিয়েছিল। এরপর তারা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, সরকারের প্রস্তুতির কারণে যত লোক মারা যাওয়ার কথা ছিল তত মারা যায়নি।

নূর হোসেন সম্পর্কে হাছান মাহমুদ বলেন, নূর হোসেনসহ স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যায়নি। তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সেইসঙ্গে ভাত ও ভোটের অধিকার পেয়েছে।

বাবরি মসজিদ মামলার রায় শুনেই মমতাকে ফোন অমিত শাহর

0

বাবরি মসজিদ বা অযোধ্যা মামলার রায় বের হওয়ার পরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গেছে, পশ্চিমবঙ্গের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খোঁজখবর নেন তিনি। কয়েক মিনিট কথা হয়েছে দুজনের মধ্যে। বাংলার সীমান্তবর্তী এলাকাগুলিতে বিশেষ করে ‘স্পর্শকাতর’ এলাকায় প্রশাসনিক নজরদারি যাতে ঠিকমতো থাকে সেই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষে রাজ্যকে সতর্ক করা হয়েছে।

জানা গেছে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই নয় প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছেন অমিত শাহ। কোনও রাজ্য চাইলে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। ইতিমধ্যেই একাধিক রাজ্যের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। কলকাতা বিমানবন্দর সহ বিভিন্ন রেল স্টেশন গুলি যেমন হাওড়া, শিয়ালদা প্রত্যেকটি জায়গাতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সদা সতর্ক প্রশাসন।

শনিবার সকালে বিতর্কিত অযোধ্যা মামলায় এই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির হবে। বিকল্প পাঁচ একর জমি পাবে মুসলিমদের পক্ষের ‘সুন্নি ওয়াকফ বোর্ড’। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় বলে আদালত সূত্রে খবর।

রায়ে শীর্ষ আদালত জানিয়েছে, বিতর্কিত মূল বিতর্কিত জমি পাবে ‘রাম জন্মভূমি ন্যাস’। এই জমিতে মন্দির তৈরিতে কোনও বাধা নেই। তবে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নির্দেশ তিন মাসের মধ্যে একটি ট্রাস্ট গঠন করতে হবে। ওই ট্রাস্টের তত্ত্বাবধানেই থাকবে বিতর্কিত মূল জমি। কী ভাবে, কোন পদ্ধতিতে মন্দির তৈরি হবে, তারও পরিকল্পনা করবে ট্রাস্ট।

অন্যদিকে সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। নির্দেশে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ কোনও জায়গায় ওই জমির বন্দোবস্ত করতে হবে সরকারকে। রায়ে উল্লেখ করা হয়েছে, বাবরের সেনাপতি মির বাকিই যে মসজিদ তৈরি করেছিলেন, তার প্রমাণ রয়েছে। তবে সেটা কোন সালে, তা নির্ধারিত নয় এবং তারিখ গুরুত্বপূর্ণও নয়।

এই রায় ঘোষণার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা রায় পরবর্তীতে শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছিলেন। বৃহস্পতিবার দলের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে বাংলার মুখ্যমন্ত্রীও একই আবেদন জানিয়েছিলেন। সেই সঙ্গে বলেছিলেন, রায় দেখে যা বলার বলব।” দলের নেতাদের উদ্দেশে বার্তা দিয়ে বলেছিলেন, তিনি ছাড়া কেউ যেন অযোধ্যা নিয়ে কোনও মন্তব্য না করেন। যদিও এদিন সকাল সাড়ে এগারোটার মধ্যে রায় স্পষ্ট হয়ে যাওয়ার পরও বিকেল সাড়ে তিনটে পর্যন্ত তৃণমূলের তরফে অযোধ্যা রায় নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

বাবরি মসজিদের নীচে মন্দির ছিল? বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক

0

গতকাল শনিবার ভারতের বহুল আলোচিত বাবরি মসজিদ মামলার রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্ট বলেছে, ধর্মীয় বিশ্বাস, বা জনতার আবেগের ভিত্তিতে নয়, রায় দেওয়া হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের পর্যবেক্ষণের ভিত্তিতে। ২০০৩ আগস্টে এএসআই–এর ৫৭৪ পাতার এই রিপোর্ট জমা পড়েছিল এলাহাবাদ হাইকোর্টে। সেখানে বলা হয়েছিল, অযোধ্যার বিতর্কিত জমিতে মসজিদের নিচে, মাটির গভীরে প্রাচীনতর এক ইমারতের অবশেষ খুঁজে পাওয়া গেছে। কিন্তু তা আদতে কোনও মন্দির কি না, সে সম্পর্কে এএসআই–এর বিশেষজ্ঞ পুরাতাত্ত্বিকদের মধ্যে দ্বিমত আছে। মন্দিরের অস্তিত্ব সম্পর্কে সবাই নিশ্চিত নয়। এমনও হতে পারে, যে সেটা আরও পুরনো কোনও মসজিদেরই ধ্বংসাবশেষ।

এএসআই অযোধ্যার জমিতে যখন খনন করেছিল, সুন্নি ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে দুই পুরাতাত্ত্বিক সুপ্রিয়া ভার্মা এবং জয়া মেনন পর্যবেক্ষক হিসেবে তখন উপস্থিত ছিলেন। ২০১০ সালে ‘‌ইকনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি’ পত্রিকায় লেখা এক নিবন্ধে তাঁরা জানান, কেন তাঁরা এএসআই–এর সিদ্ধান্তের সঙ্গে সহমত হতে পারেননি। এর সব চেয়ে বড় কারণ, তাঁদের মনে হয়েছিল, এএসআই–এর কিছু পুরাতাত্ত্বিক এমন এক পূর্বসিদ্ধান্ত নিয়েই খননের কাজ শুরু করেছিলেন যে মসজিদের তলায় মন্দিরই আছে। তঁাদের কাজ সেটাই খুঁজে বের করা। যে পুরনো পদ্ধতিতে তখন কাজ করেছিল এএসআই, সে নিয়েও প্রশ্ন তুলেছিলেন ভার্মা এবং মেনন। তার পরেও যে আদালতে এএসআই–এর রিপোর্টটি কেউ চ্যালেঞ্জ করেনি, তার কারণ সম্ভবত ভারতে যে কোনও পুরাতাত্ত্বিক কাজ করার ক্ষেত্রে এএসআই–এর সর্বময় কর্তৃত্ব। কোনও নিরপেক্ষ দ্বিতীয় পক্ষ কোনও পুরাতাত্ত্বিক সত্য যাচাইয়ের জন্য ভারতে কোথাও খনন করতে চাইলে আগে এএসআই–এর অনুমতি নিতে হয়। সেই কর্তৃত্বও বিনাপ্রশ্নে স্বীকৃত। তার বাইরের কেউ তাই এএসআই–এর গবেষণার পদ্ধতি বা ফলাফল নিয়ে প্রশ্ন তোলে না।

কিন্তু কেন প্রশ্ন তোলা উচিত ছিল, সেই যুক্তি দিয়েছেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের প্রধান সুপ্রিয়া ভার্মা। এক, মসজিদের নিচে মন্দিরের অস্তিত্বের পক্ষে এএসআই পশ্চিমের দেওয়ালের কথা বলেছে। কিন্তু ভার্মার যুক্তি, মন্দিরে নয়, বরং মসজিদেই পশ্চিমদিকে দেওয়াল থাকে, যার সামনে নমাজ পড়া হয়। মন্দিরের গঠনশৈলী আলাদা হয়। পশ্চিমে দেওয়াল থাকাটা সেখানে আবশ্যিক নয়। দুই, পঞ্চাশটি স্তম্ভ দিয়ে তৈরি এক ভিতের কথা বলেছে এএসআই, যা নাকি মন্দিরের অবশেষ। ভার্মা বলছেন, এই দাবি ঠিক নয়। একাধিকবার আদালতকে জানানো হয়েছিল, যে এএসআই যেগুলোকে ভাঙা স্তম্ভ বলছে, সেগুলো আসলে জমে থাকা ইট, যার ভেতরে মাটি জমা হয়ে ছিল। তিন, এএসআই ১২টি ভাঙা টুকরো নমুনা হিসেবে দেখিয়েছে, যা নাকি ভাঙা মন্দিরের অংশ। ভার্মা যেহেতু খননের সময় আগাগোড়া হাজির ছিলেন, তিনি দাবি করছেন, ওই ভগ্নাংশগুলি একটিও মাটি খুঁড়ে পাওয়া নয়। বরং মসজিদের মেঝেতে জমে থাকা ধ্বংসস্তূপ থেকে ওগুলি সংগ্রহ করা হয়েছিল। মন্দিরের অস্তিত্বের প্রমাণ হিসেবে যা আদৌ যথেষ্ট নয়। সত্যিই কোনও মন্দির ভাঙা হয়ে থাকলে অনেক বেশি নমুনা পাওয়া যাওয়ার কথা। মাত্র ১২টি নয়।
অযোধ্যার ওই বিতর্কিত জমিতে তার আগেও যে খনন হয়েছিল, তার উল্লেখ করেছেন সুপ্রিয়া ভার্মা। প্রথমবার ১৮৬১ সালে। এএসআই–এর প্রথম ডিরেক্টর জেনারেল আলেকজান্ডার কানিংহ্যাম–এর তত্ত্বাবধানে সেই খনন হয়। ওই জমির নিচে তিনটি ঢিবির সন্ধান পায় এএসআই, যার দুটি আকারে বৌদ্ধ স্তূপের মতো এবং তৃতীয়টির আকৃতি বৌদ্ধ বিহারের ধাঁচের। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে কানিংহ্যাম জেনেছিলেন, ওই অঞ্চলে কিছু মন্দিরও ধ্বংস হয়েছিল। কিন্তু তার সপক্ষে কোনও প্রমাণ না মেলায় তিনি চূড়ান্ত রিপোর্টে বিষয়টি উল্লেখ করেননি। এর পরের খনন ১৯৬৯ সালে, করেছিল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগ। বাবরি মসজিদের লাগোয়া জমিতে সেই খননে প্রমাণ পাওয়া গিয়েছিল যে মধ্যযুগে, এমনকী সম্ভবত নথিভুক্ত ইতিহাসেরও আগের সময়ে ওই এলাকায় জনবসতি ছিল। এর পর, ১৯৭৫ থেকে ১৯৮০ সালের মধ্যে ওই একই জায়গায় খোঁড়াখুঁড়ি করেন এএসআই–এর তৎকালীন অধিকর্তা বি বি লাল। তঁার অনুসন্ধান আগে পাওয়া তথ্যকে আর খুব বেশি পুষ্ট করতে না পারলেও তঁার কাজের এক অন্যতর গুরুত্ব আছে।

১৯৮৮ সালে বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যা, মথুরা এবং বারাণসী, এই তিন জায়গায় হিন্দু মন্দির ধ্বংস করে মসজিদ তৈরি হওয়ার বিষয়টি নিয়ে শোরগোল শুরু করে। সেই বছরই বি লাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ‘‌মন্থন’ পত্রিকায় নিজের একটি লেখায়, বাবরি মসজিদের ভিতের কাছে সারিবদ্ধ ‘’স্তম্ভ’‌–র ছবি দিয়ে জানান, ৭৫ থেকে ৭৮ সালের মধ্যে যে খনন হয়েছিল, তখনই তিনি এই স্তম্ভগুলির ছবি তোলেন। ওই বছরেই ক্রোয়েশিয়ায় বিশ্ব পুরাতত্ত্ব কংগ্রেসে তিনি ওই একই ছবি দিয়ে দাবি করেন, বাবরি মসজিদের জমি খুঁড়লে মাটির তলায় মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যাবে। এর পরই বিজেপি রামমন্দিরের ইস্যুটি হাতে নেয়, ক্রমশ মন্দির ভেঙে মসজিদ তৈরির তত্ত্ব প্রতিষ্ঠা পেতে থাকে এবং ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙা হয়।
১৯৯৯ সালে ক্ষমতায় আসে এনডিএ এবং রামমন্দির আন্দোলন আরও জোরদার হয়। ২০০২ সালে এএসআই–কে আবারও খননের নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট।

২০০৩ সালে হাইকোর্টে জমা পড়া এএসআই–এর রিপোর্ট সম্পর্কে সু্প্রিয়া ভার্মা বলছেন, এতে আরও তিনটি বিষয় আলাদাভাবে নজর করা উচিত। এক, অযোধ্যার ওই জমি খুঁড়ে একাধিক নরকঙ্কালের অবশেষ পাওয়া গিয়েছিল। চূড়ান্ত রিপোর্টে তার কোনও উল্লেখ নেই। দুই, রিপোর্টের প্রতিটি পরিচ্ছেদে উল্লেখ করা আছে, কোন পুরাতাত্ত্বিক সেই অংশটি লিখেছেন। রিপোর্টের শেষ পরিচ্ছেদে কিন্তু কারও নাম নেই। এবং তিন, পশ্চিমের দেওয়াল এবং ৫০টি স্তম্ভের অবশেষের কারণে মসজিদের নিচে হিন্দু মন্দির থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে আক্ষরিকভাবেই মাত্র তিন লাইনে। বাকি রিপোর্টে কিন্তু মন্দিরের কোনও উল্লেখ নেই। ‌

অবশেষে মুক্তি পেলেন লুলা ডি সিলভা

0

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা মুক্তি পেয়েছেন। প্রায় দেড় বছর পর মুক্তি পেলেন এই বামপন্থী নেতা। তাকে স্বাগত জানাতে কারাগারের বাইরে হাজারো সমর্থক উপস্থিত হয়েছিলেন।ফুলেল শুভেচ্ছা নিয়ে জেল থেকে বেরিয়ে মুষ্টিবদ্ধ হাত আকাশে ছোড়েন লুলা। সে সময় তিনি বলেন, ‘আইএম ব্যাক।’

ব্রাজিলের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের প্রেক্ষিতে ব্রাজিলের সাধারণ মানুষের কাছে তুমুল জনপ্রিয় ৭৪ বছর বয়সী লুলা গতকাল জেল থেকে মুক্ত হন।

ব্রাজিলের নিম্ন আদালত দুর্নীতির দায়ে ১২ বছরের কারাদণ্ড দিয়েছিল তাকে। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের শাসক ছিলেন লুলা। তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ আনেন বিরোধীরা। ‘অপারেশন কার ওয়াশ’ নামে ওই কেলেঙ্কারিতে জেল হয় ব্রাজিলের অনেক ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারও।

এদিকে, ওইসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন লুলা ডি সিলভা। কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হওয়ায় নিম্ন আদালত তাকে ১২ বছরের কারাদণ্ড দেয়।